হেমিংওয়ের নারীরা-৫: নবপ্রেমজালে নতুন আবাসে
ছবি:মার্থা গেলহর্ন
সাংবাদিক মার্থা গেলহর্নের সাথে হেমিংওয়ের প্রথম দেখা হয় দ্বিতীয় স্ত্রী পলিনের সাথে বিয়ের নয় বছর পর। ততদিনে প্রকাশিত হয়েছে তাঁর তিনটি উপন্যাস, চারটি গল্পগ্রন্থ সহ গোটা দশেক বই, অ্যা ফেয়ারওয়েল টু আর্মস সিনেমাও হয়েছে, যেখানে অভিনয় করেছেন গ্যারি কুপার আর হেলেন হেইসের মতো হলিউডের তারকারা। জনপ্রিয়তার তুঙ্গে না উঠলেও হেমিংওয়ে পাচ্ছেন বিশাল পাঠকগোষ্ঠির আগ্রহ, পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি, এগিয়ে যাচ্ছেন আরও বড় অর্জনের দিকে। নোবেল পুরস্কার থেকে তিনি তখনও ১৮ বছর দূরে। এমন এক সময় "ডিসেম্বরের শেষে এক বিকেলে যখন তিনি কাঠের গুঁড়ো দিয়ে সাজানো মনোরম স্লোপি জো'জ থেকে বের হতে যাচ্ছিলেন, তিনজন ট্যুরিস্ট ভেতরে ঢোকেন। তাঁদের একজন আলতোভাবে কাঁধছোঁয়া চমৎকার তামাটে স্বর্ণাভ চুলের এক তরুণী। পরনে একটা সাদামাটা সামারড্রেস, যার সহজ ভাবের কারণে মার্জিত দৃষ্টি চলে যায় তাঁর দীর্ঘ সুগঠিত পায়ের দিকে।" হেমিংওয়ে-মার্থার প্রথম সাক্ষাতের বর্ণনা এভাবেই দিয়েছেন জীবনীকার বার্নিস কার্ট তাঁর দ্য হেমিংওয়ে উওমেন বইতে। উল্লেখ্য স্লোপি জো'জ পানশালাটিকে হেমিংওয়ে প্রায় নিজের ঘরবাড়ি বানিয়ে নিয়েছিলেন। এটির মালিক জো রাসেল ছিলেন হেমিংওয়ের মাছধরার সঙ্গী ও গাইড। তিনজন আগন্তুকের মধ্যে সুদর্শনা এই তরুণী ছাড়াও ছিলেন এক যুবক ও আরেক মহিলা। হেমিংওয়ে ভেবেছিলেন যুবক ও তরুণীটি স্বামী-স্ত্রী এবং মহিলাটি তরুণীর মা। পূর্ব উপকুলীয় বাচনভঙ্গিতে তরুণীটির নিচুস্বরে হাস্কি কণ্ঠের কথাবার্তা শুনছিলেন তিনি মন দিয়ে। ওদের সাথে পরিচিত হতে হেমিংওয়ের দেরি হয়নি। জানতে পারেন বড়দিনের ছুটি কাটাতে মা আর ভাইয়ের সাথে ফ্লোরিডার কী ওয়েস্টে এসেছেন মার্থা গেলহর্ন।
প্রথম দেখার পর থেকেই স্বর্ণকেশী এই তরুণীর সহজাত আকর্ষণে পড়ে গিয়েছিলেন হেমিংওয়ে। আলাপের পর চৌকশ, রাজনীতি সচেতন ও বিদুষী মার্থার পূর্ণ পরিচয় পেয়ে হেমিংওয়ে তাঁর নিজস্ব স্বভাবে পছন্দ করে ফেলেন তাঁর চেয়ে আট বছরের কনিষ্ঠ এই তরুণীকে। কথায় কথায় জানা হয় মার্থাও লেখেন, দুটি বইও বের হয়েছে তাঁর, ফলে তাঁদের আড্ডায় নিজেদের বই, রাজনীতি, যুদ্ধ, কিউবার বিপ্লব, স্পেনের গৃহযুদ্ধ কোনো প্রসঙ্গই বাদ থাকে না। বলাবাহুল্য হেমিংওয়ের ঘনিষ্ঠ নারীদের মধ্যে আর কারও এমন জ্ঞানের গভীরতা ও রাজনীতি সচেতনতা ছিল না।
মার্থার সাংবাদিকতা জীবন শুরু হয়েছিল প্যারিসে নিউ রিপাবলিক পত্রিকার প্রতিনিধি হিসেবে। আমেরিকায় ফিরে গিয়ে ফেডারেল ইমার্জেন্সি রিলিফ অ্যাডমিনিস্ট্রেশনে যোগ দেওয়ার সুবাদে আমেরিকার দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ঘোরার সুযোগ পেয়েছিলেন তিনি। মহামন্দার করাল গ্রাসে আমেরিকার সকল শ্রেণীর মানুষের জীবন যখন বিপর্যস্ত, অপুষ্টি আর দারিদ্র্যে ভোগা সাধারণ মানুষের অবর্ণনীয় দুর্ভোগ খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছিলেন তিনি। এবিষয়ের ওপর লেখা তাঁর বিস্তারিত রিপোর্টটি এতই মর্মস্পর্শী ছিল যে ফার্স্ট লেডি এলেনর রুজভেল্টের কাছে পাঠানো হয়েছিল সেটি। কারণ, মহামন্দার আগ্রাসী থাবায় বিধ্বস্ত বহু মানুষকে ইমার্জেন্সি রিলিফের আওতায় আনার জন্য দেন-দরবার করতেন তিনি। রিপোর্টটি রুজভেল্টপত্নীর হৃদয় স্পর্শ করে যায়, তাই হোয়াইট হাউস থেকে আমন্ত্রণ আসে মার্থার। এখান থেকেই প্রেসিডেন্টপত্নীর সাথে তাঁর দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সূত্রপাত। সেই সুবাদে তাঁদের আমন্ত্রণে কিছুদিনের জন্য হোয়াইট হাউসের আতিথ্যও গ্রহণ করেছিলেন তিনি।
আপাতদৃষ্টিতে সেদিন প্রথমবারের মতো হেমিংওয়ের নিয়মিত এই ঠেকে তাঁদের দেখা হওয়াটা কাকতালীয় মনে হলেও কোনো গবেষকের মতে বাপারটা আসলে ঠিক সেরকম ছিল না। তাঁদের মতে, হেমিংওয়ের লেখার সাথে আগে থেকেই যথেষ্ট পরিচিত ছিলেন মার্থা, শুধু তা-ই নয়, হেমিংওয়ের সাথে দেখা হওয়ার দুই বছর আগে প্রকাশিত তাঁর বই হোয়াট ম্যাড পারস্যুট-এর এপিগ্রাফে তিনি ব্যবহার করেছিলেন অ্যা ফেয়ারওয়েল টু আর্মস উপন্যাসের উদ্ধৃতি "সাহসীদের কখনোই কিছু হয় না।" এই ধারণা এবং পরবর্তী সময় হেমিংওয়ের সাথে মার্থার ঘনিষ্ঠতার নিরিখে গবেষকদের কারও মতে মার্থা সেদিন স্লোপি জো'জ বারে গিয়েছিলেন আর্নেস্টের দেখা পাওয়ার জন্য, কারণ, তাঁর জানা ছিল যে ওখানেই তাঁর প্রিয় লেখকের নিয়মিত পদার্পন ঘটে।
ছবি: স্লোপি জো'জ বারেই প্রথম দেখা হয় দুজনের
এই বারে বসেই একদিন মার্থার সাথে হেমিংওয়ে যখন দীর্ঘ আড্ডায় রত, তাঁর বাড়িতে সেদিন ছিল পার্টির আয়োজন। নিমন্ত্রিত অভ্যাগতদের সবাই চলে এসেছেন, ডিনারের সময় হয়ে এলেও হেমিংওয়ে বাড়ি ফিরছেন না দেখে পলিন একজনকে স্লোপি জো'জ বারে পাঠান তাঁকে সাথে করে নিয়ে আসার জন্য। হেমিংওয়ে বাধ্য স্বামীর মতো তখনই বাড়ি যাননি। যাঁকে পাঠানো হয়েছিল, তিনি ফিরে গিয়ে পলিনকে জানান যে আর্নেস্টকে আটকে রেখেছে "কালো পোশাক পরা এক স্বর্ণকেশী।" যে হেমিংওয়ে তাঁর লেখার কাজের সময় উটকো লোকজনের উপস্থিতি মোটেই সহ্য করতে পারতেন না, সেই তিনিই পরবর্তী উপন্যাস টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট-এর চূড়ান্ত ঘষামাজার কাজ শিকেয় তুলে রেখে কয়েকদিন ধরে সদ্য পরিচিত মার্থার পরিবারের ট্যুর গাইডে পরিণত হয়েছিলেন যেন।
সেযাত্রায় কয়েকদিন কী ওয়েস্টে কাটানোর পর মা আর ভাই ফিরে গেলেও মার্থা থেকে যান আরও কিছুদিন। এসময় হেমিওয়ে তাঁকে বাড়িতে নিমন্ত্রণ করে পরিবারের সবার সাথে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন। মার্থার সাথে হেমিংওয়ের যখন দেখা হয় পলিনের বয়স তখন বিয়াল্লিশ। স্বামীটিকে ভালোই চিনতেন বলে তিনি বুঝতে পারেন ঊনত্রিশ বছরের এই তরুণীর সাথে রূপ এবং যোগ্যতার প্রতিযোগিতায় তাঁর টিকে থাকার সম্ভাবনা কম। তিনি যখন ভোগ পত্রিকার ফ্যাশনদুরস্ত এক সাংবাদিক হিসেবে প্যারিসে গিয়ে উপস্থিত হয়েছিলেন, হ্যাডলির কপালেও ঠিক এমনটিই ঘটেছিল। এবারেও মার্থার সাথে ঘনিষ্ঠ হতে হেমিংওয়ের খুব বেশি সময় লাগেনি। এমনকি হেমিংওয়েদের কী ওয়েস্টের বাড়িতে কয়েকদিনের আতিথ্যও গ্রহণ করেছিলেন তিনি। কী ওয়েস্ট থেকে ফিরে গিয়ে মার্থা একটা সৌজন্যমূলক চিঠি লিখেছিলেন পলিনের কাছে, সেখানে তিনি লেখেন, "তুমি একটা চমৎকার মেয়ে, খুব ভালো যে তোমাদের ঘরের দেয়ালে লাগানো কুডুর [কৃষ্ণসার হরিণ] মাথাটির মতো স্থায়ী সামগ্রীতে পরিণত হয়েছিলাম বলে তুমি কিছু মনে করোনি।" এই চিঠির কোনো জবাব পলিন দিয়েছিলেন বলে প্রমাণ নেই, তবে নাওমি উড তাঁর মিসেস হেমিংওয়ে বইতে নিজ ধারণা থেকে পলিনের মনের ভেতরের সম্ভাব্য চিন্তাটা এভাবেই লিখেছেন, "তার পর থেকে তিনি আর কখনোই কুডুর মাথাটার দৃশ্য উপভোগ করতে পারেননি: ওটার পেঁচানো শিংগুলো তাঁকে লেখিকা, সমর সংবাদদাতা, স্বামী ছিনতাইকারী মিস মার্থা গেলহর্নের কথা স্মরণ করিয়ে দিত। তবে সত্যিই যদি মার্থার মাথা হতো, তাহলে না হয় গজাল মেরে ওটাকে সাজিয়ে রাখা যেতো।"
ফিরে যাওয়ার পর হেমিংওয়ের সাথে সম্পর্কের অগ্রগতিতে মার্থা চমৎকৃত। তাঁর কোনো লেখায় হেমিংওয়ে প্রসঙ্গ প্রথমবারের মতো এসেছিল তৎকালীন মার্কিন ফার্স্ট লেডি এলেনর রুজভেল্টকে লেখা ৮ জানুয়ারি, ১৯৩৭ তারিখের এক চিঠিতে। তিনি লেখেন, "আমি এখন কী ওয়েস্টে: এপর্যন্ত আমেরিকার সবচেয়ে ভালো কিছু পেয়েছি এখানে। . . . বর্তমান সময়ে ইংরেজিতে লিখছেন এমন যে কোনো কারো চেয়ে ভালো ডায়লগ (আমি মনে করি) লিখতে জানেন হেমিংওয়ে। এক অদ্ভুত মানুষ তিনি, খুব আকর্ষণীয়, আবেগে ভরা চমৎকার এক গল্পকার।" সেন্ট লুইসে ফিরে গেলেও মার্থা ও হেমিংওয়ের মধ্যে ফোনালাপ ও চিঠি লেখালেখি চালু থাকে। এসময় মার্থা তাঁর পরবর্তী বইয়ের কাজ মুলতুবি রেখে স্পেনের গৃহযুদ্ধ প্রত্যক্ষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
কাকতালীয়ভাবে হেমিংওয়েও স্পেনের গৃহযুদ্ধ চাক্ষুষ প্রত্যক্ষ করে যুদ্ধ সংক্রান্ত রিপোর্ট পাঠাবার জন্য স্পেন যাওয়ার পরিকল্পনা করছিলেন। কেবল সাংবাদিকসুলভ দৃষ্টিভঙ্গী থেকে নয়, রাজনীতি সচেতন বিশ্লেষণযুক্ত করে ভিন্নধর্মী রিপোর্টিং করার চিন্তা থেকেই এই যুদ্ধ প্রত্যক্ষ করার আগ্রহ জন্মায় তাঁর। স্পেনের বিষয়ে হেমিংওয়ের আগ্রহ নতুন নয়। আমরা জানি বুল ফাইটিং প্রত্যক্ষ করে তার ওপর একটা বই লেখার জন্য ১৯২৪ ও ১৯২৫ সালে তিনি স্পেন ভ্রমণ করেছিলেন। আমরা ইতিমধ্যেই জেনেছি সেই স্পেন ভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি লিখেছিলেন দ্য সান অলসো রাইজেস, যদিও সেটি বুল ফাইটিংয়ের ওপর ছিল না। পরবর্তী সময়ে ১৯৩১ সালে দুদফায় তিনি চার মাসের কাছাকাছি সময় কাটিয়েছেন স্পেনে। এসময় সেখানকার রাজনৈতিক অস্থিরতা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলেন তিনি। সুতরাং স্পেনীয় গৃহযুদ্ধে তাঁর সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং একই উদ্দেশে মার্থা গেলহর্নের স্পেন যাত্রা ছিল নিছকই কাকতালীয়। আমাদের স্মরণে রাখতে হবে মার্থা পেশায় সাংবাদিক এবং হেমিংওয়ের মধ্যেও রয়েছে সাংবাদিকতার প্রতি ঝোঁক, কারণ তিনিও সাংবাদিকতা দিয়েই শুরু করেছিলেন। তবে তাঁদের প্রায় একই সময়ের স্পেন অবস্থানের সময় আকর্ষণীয় ব্যক্তিত্বের এই লেখকটির সাথে মার্থার সম্পর্ক প্রণয়ে পর্যবসিত হতে সময় লাগেনি। গবেষক লারা ফিগেল গার্ডিয়ান পত্রিকার এক নিবন্ধে উল্লেখ করেছেন, মার্থা গেলহর্ন তাঁর বন্ধুদের বলেছিলেন যে তিনি একদল পুরুষের সাথে স্পেন যাচ্ছেন। তাঁর সফরসঙ্গী কারা সেটি জানেন না বললেও সেই দলে যে হেমিংওয়ে আছেন সেটি জানতেন তিনি। এসব কথা প্রচার করলেও তাঁর স্পেনযাত্রার সিদ্ধান্তের পেছনে তাঁদের সদ্য পরিচিতি ও পারস্পরিক আকর্ষণের কোনো বাড়তি ভূমিকা ছিল না। তবে গৃহযুদ্ধের সংবাদ সংগ্রহ করার জন্য তিনি যে স্পেন যাচ্ছেন, আত্মপ্রচারের অভিপ্রায়ে সেই পরিকল্পনা স্থানীয় কাগজের সাংবাদিকের কাছে প্রকাশ করে দিয়েছিলেন মার্থা। তাই সেন্ট লুইস পোস্ট ডিসপাচ নামের কাগজে ১৭ মার্চ, ১৯৩৭ সংখ্যায় যে সংবাদ প্রকাশিত হয়, তাতে লেখা হয়েছিল, "দেশটিতে [স্পেন] ঢোকার চেষ্টারত হেমিংওয়ে এবং অন্যান্য আমেরিকানদের সাথে যোগ দেওয়ার একটা ব্যবস্থা করেছেন তিনি।" (সুত্র: বার্ট পল: ডাবল-এজড সোর্ড: দ্য ম্যানি লাইভস অভ হেমিংওয়েজ ফ্রেন্ড)।
ছবি: হেমিংওয়ে-মার্থা
বিভিন্নভাবে স্পেনযাত্রার কথা প্রচার করলেও যথাসময়ে প্রয়োজনীয় ছাড়পত্র জোগাড় করতে পারেননি মার্থা। ফলে হেমিংওয়েই আগে পৌঁছে গিয়েছিলেন। যাত্রার আগে হেমিংওয়ে যখন নিউ ইয়র্কে, সেসময় মার্থা এক চিঠিতে তাঁকে লিখেছিলেন, "যখন সত্যিকার মহাপ্লাবন শুরু হবে, আমার আশা, দুজন একই নৌকায় উঠতে পারবো আমরা।"
রাজনীতি সচেতন হেমিংওয়ে সাংবাদিকতা করার সময় একাধিকবার জার্মানী সফর করেছিলেন। সেসময় অর্থনৈতিক মন্দায় দেশটির সাধারণ জনগণের অবর্ণনীয় দুর্দশা প্রত্যক্ষ করেছিলেন তিনি। ১৯২৩ সালে যখন হ্যাডলিকে নিয়ে জার্মানী যান, দেশটিতে তখন মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সদাইপাতি করতে গেলে হাতগাড়ি ভর্তি করে টাকা নিয়ে যেতে হতো, তবু নিত্যব্যবহার্য সব পণ্য যে পাওয়া যেত এমন নয়।
বিয়ের পরের বছর যখন হ্যাডলিকে নিয়ে ইতালিতে মধুচন্দ্রিমায়, তখন মুসোলিনি মিলানে অবস্থান করছেন জানতে পেরে রাজনীতিতে আগ্রহের কারণেই সাংবাদিক পরিচয়ে মুসোলিনির একটা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছিলেন হেমিংওয়ে। সে হিসেবে তিনিই সম্ভবত প্রথম আমেরিকান সাংবাদিক যিনি মুসোলিনির সাক্ষাৎ পেয়েছিলেন। সেই সাক্ষাৎকারের বর্ণনা প্রকাশিত হয়েছিল টরন্টো ডেইলি স্টার পত্রিকায় ২৪ জুন, ১৯২২ সংখ্যায়। এটিতে ফাশিস্তি পার্টির পুঞ্জীভুত শক্তির কথা জানিয়ে মুসোলিনি মন্তব্য করেছিলেন, "আমরা সামরিক বাহিনীর মতোই সংগঠিত একটা রাজনৈতিক দল। ইতালির কোনো সরকারের বিরুদ্ধাচরণ করার প্রতিজ্ঞা করিনি আমরা কিংবা আইনের বিপক্ষেও নই, তবে আমাদের বিরোধিতা করা কিংবা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলে যে কোনো সরকারকে উৎখাত করার মতো শক্তি আমাদের আছে।" সাংবাদিকতা পেশা থেকে আসা বুদ্ধিজীবীসুলভ এই নেতার কিছু সদগুণ খুঁজে বের করার চেষ্টা করে হেমিংওয়ে লিখেছিলেন, মুসোলিনি "সবকিছুর ওপর একজন দেশপ্রেমিক। . . . যেভাবে চিত্রিত করা হয় সেরকম দানব নন তিনি।"
কিন্তু মাত্র ছয়মাস পর ইতালিতে এক গণসাক্ষাৎকারের অভিজ্ঞতাপ্রসূত একটা লেখায় এই নেতার প্রতি সম্পূর্ণ বিপরীত মনোভাব প্রকাশ পেয়েছিল তাঁর। তিনি লিখেছিলেন, "মুসোলিনি হচ্ছেন ইউরোপের সবচেয়ে বড় ধাপ্পা। তিনি যদি আমাকে বের করে নিয়ে আগামিকাল সকালে গুলিও করতেন, আমি তাঁকে একটা ধাপ্পা হিসেবে বিবেচনা করতাম। গুলি করাটাও হতো একটা ধাপ্পা। . . . মুসোলিনি বোকা নন, তিনি এক বিশাল সংগঠক। কিন্তু একটা জাতির দেশপ্রেমকে সংগঠিত করা এক বিপদজনক জিনিস, যদি তিনি বিশ্বস্ত না হন . . .।" তিনি এমনও লেখেন যে মুসোলিনি যখন অনেক সাংবাদিককে একসাথে তাঁর সাথে দেখা করার সুযোগ দেন, তাঁর অফিসে ঢুকে দেখা যায়, তিনি এত তন্ময় হয়ে একটা বই পড়ছেন যে তাঁদের উপস্থিতিতেও তাঁর মনযোগ ব্যাহত হয় না। তারপর তিনি লেখেন, "তিনি এমন উৎসুক আগ্রহে কী বই পড়ছেন দেখার জন্য আমি পা টিপে টিপে তাঁর পেছনদিকে যাই। ওটা ছিল একটা ফরাসি-ইংরেজি অভিধান– উল্টো করে ধরা।" ঘটনাটা অতিশয়োক্তির মতো শোনালেও এই বর্ণনায় মুসোলিনির প্রতি তাঁর ব্যঙ্গ প্রকট। সেই লেখায় এই একনায়কটির ভন্ডামির আরো প্রমাণ দিয়েছেন তিনি। (সূত্র: বাই-লাইন আর্নেস্ট হেমিংওয়ে: সিলেক্টেড আর্টিকলস অ্যান্ড ডেসপাচেস অভ ফোর ডিকেডস)।
ছবি:হেমিংওয়ে-মার্থা
পরবর্তী সময়েও নিউ রিপাবলিক কাগজে ইতালির ফ্যাসিস্ট সরকারকে নিয়ে বেশ কিছু বিদ্রƒপাত্মক লেখা লিখেছিলেন হেমিংওয়ে। ফলে তাঁর অ্যা ফেয়ারওয়েল টু আর্মস প্রকাশিত হওয়ার পর ইতালি সরকার দেশটিতে বইটির প্রকাশ নিষিদ্ধ করে দেন। অথচ একই সময়ে ফকনার, সিনক্লেয়ার লুইস, জন স্টাইনবেক প্রমুখ আমেরিকান লেখকদের বই ইতালিয় ভাষায় অনূদিত হয়ে দিব্যি চলছিল দেশটিতে। কেবল মুসোলিনির প্রতি হেমিংওয়ের ব্যঙ্গবিদ্রুপের কারণেই বইটি নিষিদ্ধ হয়নি, এটিতে প্রথম বিশ্বযুদ্ধে ইতালির লজ্জাজনক পরাজয়, ইতালীয় বাহিনীর অমর্যাদাকর পশ্চাদপসরণ এবং সৈনিকদের বীরত্বহীন অযোগ্যতা ও বিশৃঙ্খলা চিত্রিত করাই ছিল মূল কারণ। তাছাড়া তাঁর যুদ্ধবিরোধী মনোভাব, স্পেনের গৃহযুদ্ধে রিপাবলিকানদের প্রতি প্রকাশ্য সমর্থন এবং সর্বোপরি ফ্যাসিস্ট বিরোধী মনোভাব ও প্রচারণাও এই পদক্ষেপের পেছনে ইন্ধন জুগিয়েছিল। কেবল বইটি নিষিদ্ধ করার মধ্যেই হেমিংওয়ের প্রতি ইতালি সরকারের রোষের বহিঃপ্রকাশ সীমাবদ্ধ থাকেনি, বইটি গোপনে অনুবাদ করার অপরাধে ইতালিয় লেখিকা ফের্নান্দো পিভানোকে গ্রেফতারও করা হয়েছিল। দীর্ঘ চৌদ্দ বছর ইতালিতে নিষিদ্ধ থাকার পর মুসোলিনি সরকারের পতন ঘটলে হেমিংওয়ের বই ইতালিতে প্রকাশিত হওয়ার সুযোগ পায়। সেই সুবাদে সরকার পরিবর্তনের একবছরের মধ্যে দ্য সান অলসো রাইজেস-এর প্রথম ইতালিয় সংস্করণ প্রকাশিত হয় ১৯৪৪ সালে।
মুসোলিনির প্রতি হেমিংওয়ের বিতৃষ্ণা সস্পর্কে একটা অসমর্থিত গল্প শোনা যায়। বহু বছর আগে আফ্রিকাতে শিকার করা একটা কুডুর মাথা স্মারক হিসেবে রক্ষিত ছিল হেমিংওয়ের কাছে। ওটা কিনে নেওয়ার জন্য মুসোলিনি নিজের সই করা একটা চেকের খালি পাতা তাঁর কাছে পাঠিয়ে ইচ্ছেমতো টাকার অংকটা বসিয়ে নিতে বলেছিলেন। হেমিংওয়ে চেকটি ফেরত পাঠানোর সময় ওটার ওপর লিখে দেন, "নিজেই একটা শিকার করে নিন।"
অতএব, স্পেনে গৃহযুদ্ধের সংবাদ সংগ্রহের কাজে রাজনীতি সচেতন হেমিংওয়ের অংশগ্রহণ ছিল অবশ্যম্ভাবী, কারণ স্পেন বিষয়ে হেমিংওয়ের দুর্বলতা আগে থেকেই ছিল। যুদ্ধ শুরু হলে দেশটিতে যাওয়ার জন্য সমর-সাংবাদিকেরা দলে দলে প্যারিস এসে পৌঁছাতে শুরু করেন। এসময় জার্মানি আর ইতালির বহু শিল্পী, বুদ্ধিজীবীও এখানে এসে আশ্রয় নেন। তবে তাঁদের সবার উদ্দেশ্য স্পেনযাত্রা নয়, বেশিরভাগই এসেছেন প্যারিসের বিচিত্রমুখী রসের ধারায় অবগাহন করে হেমিংওয়ের ভাষায় এই চলমান ভোজের শহরটিতে কিছুদিন কাটিয়ে যেতে। তবে ব্যতিক্রমী যাঁরা, তাঁদের মধ্যে হেমিংওয়ে কিংবা ব্রিটিশ লেখক জর্জ অরওয়েল ছাড়াও ছিলেন ফরাসি ও জার্মান শিল্পী-বুদ্ধিজীবীদের অনেকেই। মূলত স্পেনের গৃহযুদ্ধের আদর্শগত সংঘাতটির কারণেই এত বেশি সংখ্যক বিদেশী লেখক-শিল্পী এটির সাথে সম্পৃক্ত হয়েছিলেন।
কী ওয়েস্ট থেকে মার্থা ফিরে যাওয়ার পরদিনই নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করেন হেমিংওয়ে। পথিমধ্যে তাঁদের আবার দেখা হয় মায়ামিতে, এখানে একসাথে ডিনার করেন তাঁরা, সাথে ছিলেন মুষ্টিযোদ্ধা টম হিনী। পরে তাঁরা একই ট্রেনে একসাথে জ্যাকসনভিল পর্যন্ত যান, সেখান থেকে হেমিংওয়ে যাবেন নিউ ইয়র্ক এবং মার্থা ট্রেন পালটে যাবেন সেন্ট লুইসের পথে। হেমিংওয়ের যাত্রার আগে একটা বিদায়ী সভার আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন আমেরিকান সাংবাদিক ম্যাথু জোসেফসন। তাঁর বর্ণনা অনুযায়ী ততদিনে কী ওয়েস্টের পরিচিত মহলে জানাজানি হয়ে গিয়েছিল যে হেমিংওয়ের দাম্পত্য জীবন এক সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। পলিনও ধৈর্য্যরে পরীক্ষা দিচ্ছিলেন, স্বামীকে ধরে রাখার চেষ্টারও কমতি ছিল না তাঁর। তার পরও হেমিংওয়েকে ঠেকাতে পারেননি তিনি, তাই বীতশ্রদ্ধ পলিন স্বামীকে বিদায় জানাতে এয়ারপোর্টেও যাননি। সেই বিদায়ী ডিনারে বন্ধু ডস পাসোস আর কেটির সাথে মার্থার পরিচয় করিয়ে দিয়েছিলেন হেমিংওয়ে। প্রথম দর্শনেই মার্থাকে অপছন্দ করেছিলেন কেটি। এই মহিলার সাথে হেমিংওয়ের সম্পর্কের কথা কতখানি জানে পলিন, ভেবে চিন্তিত কেটি। নারীর ভালোবাসার সামনে দুর্বল হয়ে পড়ে তাদের বিয়ে করে ফেলা যে হেমিংওয়ের পরিচিত প্রবণতা, বিষয়টা কেটির অজানা নয়। তাই তাঁর এরকম দশা দেখে কেটির বিরক্তি চরমে উঠেছিল। (সূত্র: ভার্জিনিয়া স্পেনসার কার: ডস পাসোস: অ্যা লাইফ)।
ছবি: দ্য স্প্যানিশ আর্থ ছবির পোস্টার
নিউ ইয়র্কে পৌঁছে হেমিংওয়ে তাঁর প্রকাশিতব্য বই টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট বিষয়ে প্রকাশক স্ক্রিবনারের সাথে কাজকর্ম সারেন, তারপর স্পেনের গৃহযুদ্ধের ওপর রিপোর্ট পাঠানোর ব্যাপারে চুক্তি করেন নর্থ আমেরিকান নিউজ অ্যালায়েন্সের সাথে। প্রতিটি টেলিগ্রাফ রিপোর্টের জন্য ৫০০ ডলার এবং ডাকযোগে পাঠানো প্রতিটি স্টোরির জন্য এক হাজার ডলারের চুক্তি। টাকাটা পাঠাতে হবে পলিনের কাছে। এসময় স্ক্রিবনার প্রকাশনীর সম্পাদক ম্যাক্সওয়েল পারকিনস হেমিংওয়েকে স্পেন না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কারণ, তাঁর অনুপস্থিতিতে বইটির কাজ আটকে যেতে পারে। আর্নেস্ট তাঁকে আশ্বস্ত করেন যে ফিরে এসে প্রুফ দেখা সহ সম্পাদনার কাজটা শেষ করে দেবেন তিনি যথাসময়ে।
এসময় ভার্জিনিয়ার সাথে তাঁর ভগ্নিপতি আর্নেস্টের তুমুল ঝগড়া বাধে। প্রথম দেখা হওয়ার পর দুজনের সম্পর্কের রসায়নে মারাত্মক পরিবর্তন এসেছে বলে পরস্পরকে দোষারোপ করছিলেন তাঁরা। অন্য নারীর প্রতি আসক্তি, নিজের বন্ধুদের খাটো করা, পলিনের বিশ্বস্ততার যথার্থ মূল্যায়ন না করা এবং সর্বোপরি পরিবার ছেড়ে স্পেন যাওয়ার পরিকল্পনা করা– হেমিংওয়ের বিরুদ্ধে এজাতীয় একগাদা অভিযোগ ভার্জিনিয়ার। তাঁর বড়বোনকে বিয়ে না করলে তাঁর সাথেই সম্পর্কটা হতে পারতো– হেমিংওয়ের এরকম ধারণার ব্যাপারেও বিরক্ত ছিলেন জিনি। কেউ কাছে এলেই তার সাথে আটকে যান বলে আর্নেস্টকে সজারুর সাথে তুলনা করেছিলেন জিনি। জবাবে হেমিংওয়ে বলেছিলেন যে কাছে এসে আটকে পড়া সেই একজন আর কেউ নয়, জিনি নিজেই। তাঁদের এই ঝগড়ার খবর পলিনের কাছে পৌঁছায় সারা মারফির মারফত। স্বামীর কাছে নিউ ইয়র্কে লেখা এক চিঠিতে পলিন লিখেছিলেন, "জিনির সাথে এই পরিস্থিতির জন্য আমি দুঃখিত। আমার মনে হয় তোমরা দুজনই দায়ী, কিন্তু একজন মধ্যস্থতাকারী হিসেবে তাতে আমার কোনো ফায়দা হচ্ছে না।" (সূত্র: রুথ হকিন্স: আনবিলিভেবল হ্যাপিনেস অ্যান্ড ফাইনাল সরো: দ্য হেমিংওয়ে-ফেইফার ম্যারেজ)
নিজ পরিবারের অনিচ্ছা সত্ত্বেও স্পেন অভিযানে অটল থেকে ১৯৩৭ সালের মার্চের প্রথমদিকে মাদ্রিদ পৌঁছে আরো কয়েকজন সাংবাদিকসহ হোটেল ফ্লোরিডাতে ঘাঁটি গাড়েন হেমিংওয়ে। এসময় স্প্যানিশ রিপাবলিকান পার্টির প্রতি সমর্থন জানিয়ে আরেক আমেরিকান লেখক জন ডস পাসোসের (১৮৯৬-১৯৭০) সাথে যৌথভাবে "দ্য স্প্যানিশ আর্থ" নামে একটা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র রচনা করছিলেন হেমিংওয়ে। এটির সাথে অনেকের মধ্যে যুক্ত হয়েছিলেন ফরাসি চিত্র পরিচালক জাঁ রেনোয়ার মতো ব্যক্তিত্বও। এসময় নিউজ এজেন্সির জন্য রিপোর্ট পাঠানোর পাশাপাশি তথ্যচিত্রটির শ্যুটিংয়ের অগ্রগতিও দেখাশোনা করতে পারছিলেন হেমিংওয়ে। ছবিটির নির্মাণ ও প্রচারের খরচ সংগ্রহের জন্য স্পেনে আসার আগেই সতীর্থ কয়েকজন লেখককে সাথে নিয়ে একটা মোর্চা তৈরি করেছিলেন তিনি। এই দলে তাঁর সাথে ছিলেন ডস পাসোস ছাড়াও আর্চিবল্ড ম্যাকলিশ (১৮৯২-১৯৮২) এবং নাট্যকার লিলিয়ান হেলম্যান (১৯০৫-১৯৮৪)। ছবিটা তৈরি করার জন্য মোট আঠার হাজার ডলার জোগাড় হয়েছিল, তার মধ্যে হেমিংওয়ে একাই দিয়েছিলেন পাঁচ হাজার। মার্থার ব্যবস্থায় সেবছরের (১৯৩৭) জুলাই মাসে সস্ত্রীক প্রেসিডেন্ট রুজভেল্ট এবং সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে হোয়াইট হাউসে ছবিটার একটা ছোট প্রদর্শনী হয়। এই প্রদর্শনীতে মার্থা ও হেমিংওয়ের সাথে উপস্থিত ছিলেন ডাচ পরিচালক ইওরিস ইভেন্স। হলিউডের গন্যমান্যদের দেখানোর জন্যও ছবিটা নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে চাঁদা পাওয়া গিয়েছিল বিশ হাজার ডলারেরও বেশি। হলিউডের এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ফিটজেরাল্ডও, মৃত্যুর আগে হেমিংওয়ের সাথে এটাই ছিল তাঁর শেষ দেখা। উল্লেখ্য, এই দুই বন্ধু লেখকের মধ্যকার সম্পর্কে চিড় ধরেছে আগেই। পরে হেমিংওয়ের কাছে এক টেলিগ্রাম বার্তায় তিনি লিখেছিলেন, "প্রশংসার অতীত ছিল ছবিটা, তোমার এটিচ্যুডও।" বিভিন্ন মহলে প্রশংসা পেলেও কানেকটিকাট, নিউ জার্সি, রোড আইল্যান্ড সহ বেশ কয়েকটা জায়গায় নিষিদ্ধ করা হয়েছিল ওটা, কারণ স্থানীয় কর্মকর্তাদের মতে আমেরিকাকে যুদ্ধে নামানোর জন্য এটা একটা প্রোপাগান্ডা।
"দ্য স্প্যানিশ আর্থ" বানানোর সময় যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন হেমিংওয়ে, সেসব নিয়ে তিনি লেখেন তাঁর ছোটগল্প "নাইট বিফোর ব্যাটল।" গল্পের এডউইন স্প্যানিশ গৃহযুদ্ধের ওপর নির্মিতব্য একটা সিনেমার শ্যুটিং দলের সদস্য। তাঁর সাথে পরিচয় হয় আল ওয়াগনার নামে রিপাবলিকান বাহিনীর এক ট্যাংক চালকের। হতাশ আল জানায় ওদের কাছে পরদিন যুদ্ধ চালাবার মতোও যথেষ্ট প্রস্তুতি নেই। তরুণ এই ট্যাংকসৈনিক মরণকে ভয় করেন না, তবে কোনো নিষ্ফল আক্রমণে গিয়ে মারা যাওয়ায় তাঁর আপত্তি আছে। রিপাবলিকানদের আক্রমণ যে ব্যর্থ হচ্ছিল, সেটা হেমিংওয়ে গল্পে তুলে এনেছেন এভাবে, "চিকোত'জ-এর ধোঁয়া আর হট্টগোলের মধ্যে বসে আমি বুঝতে পারি যে আক্রমণটা ছিল ব্যর্থ, জনাকীর্ণ বারটিতে প্রথম ড্রিংকটা শেষ করার পর আরো প্রবলভাবে বুঝতি পারি ব্যাপারটা। যখন সবকিছু ঠিক, আর আপনিই কেবল বিষণœ, তাহলে একটা ড্রিংক আপনার মন ভালো করে দিতে পারে। কিন্তু যখন সব পরিস্থিতি সত্যিই খারাপ অথচ আপনি ঠিক, তখন একটা ড্রিংক ব্যাপারটাকে আরো খোলাসা করে দেয়।"
ছবি: হেমিংওয়ে-মার্থা
গল্পটাতে ভবিষ্যতে একটা বড় যুদ্ধের পূর্বাভাষ মেলে এটিতে বহুজাতিক যোদ্ধার সমাবেশ এবং আন্তর্জাতিক রাজনীতির ইঙ্গিতে। "ভাড়াটে সৈন্যগুলো ছয় মাসের জন্য চুক্তি করেছিল। তাদের বেশিরভাগই ফরাসি। পাঁচমাস তারা ভালোই কাজ করেছে, এখন ওরা যা করতে চাইছে সেটা হচ্ছে শেষের মাসটায় প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরতে। এগুলোর এখন কানাকড়িও দাম নেই। সরকার যখন ট্যাংক কিনল, প্রশিক্ষক হিসেবে রাশিয়ানরা ঠিক ছিল। এখন ওদেরকে ফিরিয়ে নিচ্ছে, বলছে চীনের কারণে। স্পেনের নতুনগুলোর কেউ কেউ ভালো।" স্পেনের এই গৃহযুদ্ধ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সুস্পষ্ট মহড়া ছিল, সেটা হেমিংওয়ে তাঁর বিভিন্ন লেখায় ইঙ্গিত দিয়েছেন।
বরাবরের মতোই এই গল্পেও হেমিংওয়ে তুলে এনেছেন তাঁর পরিচিত বার, হোটেল, বয়-বেয়ারা এমনকি হোটেল ফ্লোরিডার নিয়মিত বারাঙ্গনাদেরও। তাই আত্মজৈবনিক এই গল্পের কথক যে হেমিংওয়ে, সেটি বুঝতে কষ্ট হয় না। গল্পটা এসকোয়ার পত্রিকায় ছাপা হয়েছিল ১৯৩৯ সালের ফেব্রুয়ারিতে।
এদিকে ভিসা সংক্রান্ত জটিলতার সুরাহা না হওয়ার কারণে মার্থার যাত্রা ক্রমাগত বিলম্বিত হচ্ছিল বলে বৈধপথে স্পেন যাওয়ার আশা ছেড়ে দেন তিনি। তাই বিকল্প উপায়ে স্পেনে যাওয়ার জন্য যথেষ্ট খাবারদাবার ব্যাগে ভরে ফ্রান্স-স্পেন সীমান্তে গিয়ে পৌঁছান। সেখান থেকে পায়ে হেঁটে পিরেনিজ পর্বত পার হয়ে অবৈধভাবে স্পেনে ঢুকে পড়তে খুব বেশি বেগ পেতে হয়নি তাঁকে, তারপর নানান কায়দায় পৌঁছে যান মাদ্রিদ। হেমিংওয়েসহ অন্যসব সাংবাদিকেরা যেহেতু হোটেল ফ্লোরিডাতে থাকছিলেন, তিনিও সেই হোটেলেই ওঠেন। ততদিনে তাঁর হাতে পৌঁছেছে কোলিয়ারস উইকলি কাগজের সাংবাদিক হিসেবে নিয়োগপত্র। তাঁরা দুজন নিজ নিজ নিয়োগকর্তা প্রতিষ্ঠানের জন্য রিপোর্ট পাঠানোর কাজে আলাদা এলাকায় ঘুরলেও বাকি সময় প্রায় একসাথেই থাকছিলেন। তাঁদের ঘনিষ্ঠতার বিষয়টা গোপন রাখার জন্য দুজনই যথেষ্ট সতর্ক থাকলেও শেষরক্ষা হয়নি। এক রাতে একটা রকেট শেল হোটেলে গিয়ে আঘাত করলে সবাই যে যার রুম থেকে যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছিলেন, সেই মধ্যরাতে মার্থা ও হেমিওয়েকে একই রুম থেকে বের হতে দেখার পর বিষয়টা আর গোপন থাকেনি।
হেমিংওয়ে ও মার্থার মধ্যকার সম্পর্ক প্রণয়ের পূর্ণতা পায় মূলত স্পেনের যুদ্ধক্ষেত্রে, এসময় তাঁরা দুজনই প্রচন্ড গোলাগুলি এবং খাবার ও পানিহীন পরিস্থিতির মধ্যে জীবনের মায়া তুচ্ছ করে চাক্ষুষ করছিলেন মৃত্যুর বিভীষিকা। মার্থার পাঠানো রিপোর্ট প্রকাশিত হচ্ছিল কোলিয়ার্স পত্রিকায় প্রধান শিরোনাম হিসেবে। এসময় হেমিংওয়ে প্রায় আগলে রেখেছিলেন মার্থাকে, তাঁকে শেখাচ্ছিলেন স্পেনিশ ভাষা, বিভিন্ন যুদ্ধাস্ত্রের শব্দ, আত্মরক্ষার কৌশল ইতাদি। কয়েক বছর পর হেমিংওয়ে সম্পর্কে মার্থা লিখেছিলেন, "আমার মনে হয় তাঁর জীবনে সেটাই ছিল একমাত্র সময় যেখানে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন না। দেশটির ব্যাপারে সত্যিই উদ্বিগ্ন ছিলেন তিনি, আর উদ্বিগ্ন ছিলেন যুদ্ধটি নিয়ে। সত্যি বলতে, তা না হলে আমি কখনোই বাঁধা পড়তাম না।" (সূত্র: ডেভিড শেফার: সেইলিং টু হেমিংওয়েজ কিউবা)।
স্পেনে দুই মাসেরও বেশি সময় কাটানোর পর হেমিংওয়ে ও মার্থা প্যারিস ফিরে আসেন। এখানে তাঁদের ঘনিষ্ঠতা গাঢ়তর হয়। তবে অল্প কিছুদিন পর মার্থাকে কোলিয়ার্স কাগজের অ্যাসাইনমেন্ট নিয়ে চেকোশ্লোভাকিয়া রওনা হতে হয়, সেখান থেকে যেতে হবে ইংল্যান্ড। হেমিংওয়ে আবার নিঃসঙ্গ হয়ে পড়েন, মার্থার সাথে সম্পর্কের চূড়ান্ত পরিণতি তখনো অনিশ্চিত। তাই কী ওয়েস্টে পরিবারের কাছে ফিরে যেতে মনস্থ করেন তিনি। যাওয়ার আগে এক বন্ধুর কাছে চিঠিতে লেখেন যে তিনি বাড়ি যাচ্ছেন পলিন আর বাচ্চাগুলোর কাছে, ওরা যেখানে যেতে চায় সেখানে নিয়ে যাবেন ওদের। গত এক বছর খুব বাজেভাবে অবহেলা করেছেন তিনি পরিবারকে, সেটাকে পূরণ করতে হবে। (সূত্র: রুথ হকিন্স– পূর্বোক্ত)।
এদিকে কী ওয়েস্টে পলিনের সময় কাটছিল স্বামীর প্রকাশিতব্য বইয়ের খোঁজ খবর করা আর দরকারি চিঠিপত্র গুছিয়ে রাখার কাজে। আর্নেস্টের সাথে স্পেন না গিয়ে যে একটা ভুল করেছেন, সেটা ততদিনে বুঝতে পেরেছেন তিনি। হেমিংওয়ের বন্ধু বুল ফাইটার সিডনি ফ্র্যাংকলিনের কাছ থেকে হেমিংওয়ের স্পেন জীবন সম্পর্কে যেসব খবর তিনি পাচ্ছিলেন, তাতে তাঁর কাছে প্রায় নিশ্চিত হয়ে ওঠে যে স্বামীটি হাতছাড়া হতে চলেছে। তখন নিশ্চয়ই তাঁর মনে পড়ছিল, ঠিক এরকম পরিস্থিতি তিনি নিজেও তৈরি করেছিলেন হ্যাডলির জন্য। স্বামীকে ভেসে যাওয়া থেকে রক্ষা করার জন্য তিনি এবার স্পেন যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বহুদিনের বন্ধু জে অ্যালেনকে হেমিংওয়ে অনুরোধ করেছিলেন, স্পেনের ভিসা জোগাড় করতে চাইলে পলিনকে যাতে সাহায্য করেন তিনি। জে অ্যালেন তখন স্পেন যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। পরবর্তী সময়ে অ্যালেন লিখেছিলেন যে স্পেনে পৌঁছে তিনি হেমিংওয়েকে পলিনের ইচ্ছের কথা জানালে তাঁর প্রতি স্ত্রীর এই অনুরাগের কারণে বেশ চমৎকৃত হয়েছিলেন তিনি এবং ভিসার ব্যবস্থা করে না দেওয়ায় তাঁর ওপর অসন্তোষ প্রকাশ করেছিলেন।
এর মধ্যে মাদ্রিদে বসে হেমিংওয়ে রচনা করেন তাঁর একমাত্র নাটিকা দ্য ফিফথ কলাম। এটি প্রকাশিত হয় ১৯৩৮ সালের অক্টোবরে। নাটকের দুই প্রধান চরিত্র ফিলিপ রলিংস এবং ডরোথি ব্রিজেস উভয়ই সাংবাদিক, একই যুদ্ধের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত এবং একই হোটেলে অবস্থান করছে দুজনই। তবে সাংবাদিকতাটা ফিলিপের ছদ্মবেশ, সে মূলত সরকারবিরোধী বাহিনীর এক গোয়েন্দা। ডরোথি কসমোপলিটন ম্যাগাজিনের সাংবাদিক। এই চরিত্রটিকে দেখানো হয়েছে এক স্বর্ণকেশী সুন্দরী অন্তঃসারশূন্য বিত্তশালী মহিলা হিসেবে, যাকে ফিলিপ বিয়ে করতে চায়, কারণ, তাঁর রয়েছে 'বিশ্বের সবচেয়ে দীর্ঘ, মসৃণ ও সরল পদযুগ।' ফিলিপের চরিত্রটি এক জেদি অহংকারী সুরাসক্ত রোমান্টিক যুবকের। বিয়ের পর সে ডরোথিকে নিয়ে যেতে চায় ফ্রান্স, কেনিয়া, কিউবা ইত্যাদি জায়গায়, অর্থাৎ হেমিংওয়ে পলিনকে নিয়ে যেসব জায়গায় গিয়েছেন সেখানে। এই চরিত্রযুগলের ভেতর খুঁজে পাওয়া যায় হেমিংওয়ে এবং মার্থাকে। এমনকি মার্থার মতো ডরোথিও যুদ্ধের কালোবাজারে বৈদেশিক মুদ্রা বিনিময় হারের উচ্চমূল্যের বদৌলতে কিনতে চায় একটা ফার কোট। হেমিংওয়ে ও তার প্রেমিকা মার্থাকে এরকম অবিশ্বাস্য অবিকৃত অবস্থায় নাটকটির চরিত্রে উপস্থাপন করার আদৌ কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না। উল্লেখ্য নাটকটি সমালোচকদের সুদৃষ্টি অর্জনে চরমভাবে ব্যর্থ হয়েছিল। নিশ্চিত করে বলা যায়, হেমিংওয়ে না হয়ে অন্য কোনো অখ্যাত নাট্যকার হলে কখনোই আলোর মুখ দেখতো না নাটকটি।
ছবি: হাভানার এমবোস মুন্ডোস হোটেলের বিজ্ঞাপনে হেমিংওয়ে
নাটকটা ব্রডওয়েতে মঞ্চস্থ হয় ১৯৪০ সালের মার্চে। লাইফ ম্যাগাজিনে এটির ওপর যে আলোচনা প্রকাশিত হয়, সেখানে লেখা হয়, "সেরা অভিনেতাদের নিয়ে মঞ্চস্থ নাটকটাকে প্রথম সন্ধ্যার আলোচকরা বলেছেন 'উত্তেজনপূর্ণ' ও 'সাহসী। তাদের সহর্ষ প্রশংসা শোনার জন্য উপস্থিত ছিলেন না হেমিংওয়ে, কিউবায় বসে স্প্যানিশ যুদ্ধের ওপর একটা উপন্যাস লিখছেন তিনি।"
নাটকটিতে ডরোথির ফার কোট কেনার প্রসঙ্গে এখানে উল্লেখ করা প্রয়োজন। পোশাকের ব্যাপারে মার্থার বেশ দুর্বলতা ছিল। এটা প্রমাণ করার জন্য জীবনীকার বার্ট পল উদ্ধৃতি দিয়েছেন সিডনি ফ্যাংকলিনের আত্মজীবনী বুলফাইটার ফ্রম ব্রুকলিন থেকে। মার্থা যখন স্পেন যাওয়ার উদ্দেশে প্যারিসে এসে ভিসার জন্য ধর্না দিচ্ছিলেন, তখন হেমিংওয়ে সিডনিকে অনুরোধ করেছিলেন যাতে মার্থাকে হোটেল থেকে নিয়ে তুলুজগামী ট্রেনে তুলে দেন তিনি। সিডনি তাঁর আত্মজীবনীতে লিখেছেন, হোটেল থেকে নেমে মার্থা গোটা দশেক স্যুটকেস ট্যাক্সিতে তুলে দিতে অনুরোধ করেছিলেন তাঁকে। যদিও আরেক জীবনীকার বার্নিস কার্ট তাঁর দ্য হেমিংওয়ে উওমেন বইতে মার্থাকে উদ্ধৃত করে সিডনির এই তথ্যকে অবাস্তব প্রমাণ করে লেখেন যে সেসময় মার্থার কাছে ছিল একটামাত্র ন্যাপস্যাক, গ্রে ট্রাউজার, সোয়েটার আর গরম উইন্ডব্রেকার এবং পকেটে ছিল মাত্র পঞ্চাশটি ডলার। তবে অন্য একজন জীবনীকার উল্লেখ করেছেন যে স্পেনের অন্য লেখিকারা ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউর অভিজাত দোকান থেকে কেনা মার্থার জামাকাপড় নিয়ে কানাঘুষা করতেন। তাঁদের মতে যুদ্ধসাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ কাজের তুলনায় তাঁর পোশাক ছিল অতিমাত্রায় চটকদার। বার্নিস কার্টের বর্ণনায় যে অল্প জামাকাপড় নিয়ে মার্থা রওনা হয়েছিলেন সে প্রসঙ্গে জীবনীকার কার্ল রলিসন প্রশ্ন তুলেছিলেন, ন্যাপস্যাকে ওঁর ছোট ওয়ার্ডরোবটি কীভাবে ধরেছিল কে জানে।
মার্থার সাথে হেমিংওয়ের ঘনিষ্ঠতার কথা পলিনের কানে এলেও প্রথমদিকে তিনি সেসবে খুব বেশি রকম বিচলিত ছিলেন না, ভেবেছিলেন একজন লেখকের প্রতি কারো আকর্ষণ থাকতেই পারে। তাই স্বামীর চরিত্রের সব দোষত্রুটি উপেক্ষা করে আসছিলেন এতদিন। তাঁর স্মরণে থাকার কথা, আর্নেস্টের এই চারিত্রিক দুর্বলতার কারণেই হ্যাডলিকে পরাজিত করতে পেরেছিলেন তিনি। হেমিংওয়ে যদি খুব স্ত্রীভক্ত স্বামী হতেন, তাহলে তাঁকে জিতে নেওয়া তাঁর পক্ষে সম্ভব হতো না বলেই বোধ করি এসব সহ্য করে যাচ্ছিলেন পলিন। পাশ্চাত্য সভ্যতার বাস্তবতায় চারিত্রিক বিশুদ্ধতার সংজ্ঞাও এখানে প্রণিধানযোগ্য। তাছাড়া তাঁর ধারণা ছিল যে দুটো পুত্র সন্তানের পিতা হওয়ার পর নতুন করে ঘর বাঁধার বাসনা হয়তো হেমিংওয়ের মধ্যে আর অবশিষ্ট নেই। তিনি মনে করতেন, তাঁর রূপ ও বিত্তবৈভব দিয়েই স্বামীকে ধরে রাখা সম্ভব। দীর্ঘ এক দশক ধরে যে স্বামী কিছু বেচাল করলেও নতুন সংসার তৈরি করার পথে যাননি, তাঁর পেশাগত সব অভিজ্ঞতা ও দক্ষতা বিসর্জন দিয়ে যাঁর সব প্রয়োজন মিটিয়ে তাঁকে নিরূপদ্রব একটা জীবন উপহার দিয়ে লেখক হিসেবে বিশ্বখ্যাতির দিকে এগিয়ে যেতে সহায়তা করেছেন–সেই স্বামীর অন্য নারীতে সাময়িক আসক্তির স্বভাবটুকুও হয়তো মেনে নিয়েছিলেন তিনি।
সেই ভরসা ও বিশ্বস্ততার কারণেই বোধকরি হেমিংওয়ে যখন স্পেনে যুদ্ধসাংবাদিক হিসেবে অবস্থান করে তাঁর নতুন প্রেমিকার সাথে বিছানা ভাগাভাগি করে পেশা ও নেশার প্রতি অবিচল সময় পার করছিলেন, তখন পলিন তাঁদের কী ওয়েস্টের বাড়িটিতে নতুন সুবিধা সংযোজন করে মেরামতির কাজ সেরে রাখছিলেন, যাতে স্বামী ফিরে এসে নির্বিঘেœ তাঁর প্রকাশিতব্য বইয়ের (টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট) শেষমুহূর্তের সংশোধনীর কাজগুলো করতে পারেন।
এসব কাজ শেষ করে পলিন পরিকল্পনা করেছিলেন মাদ্রিদ গিয়ে হেমিংওয়েকে চমকে দেবেন। প্রস্তুতি হিসেবে চুলে সোনালী রঙ করিয়ে মার্থার মতো ববকাট করে নিয়েছিলেন তিনি। প্যারিসে গিয়ে যখন তিনি ভিসা জোগাড়ের চেষ্টা করছিলেন, সেসময় হেমিংওয়েও ফিরে আসেন। তাঁদের পরিচিত হোটেল এলিজি পার্কে উঠে দেখেন তাঁর স্ত্রী আগেই সেখানে অবস্থান নিয়েছেন। বলাবাহুল্য তাঁদের এই পুনর্মিলনটি মোটেই সুখকর ছিল না। স্পেনে মার্থার সাথে স্বামীর অগোপন উপভোগ্য দিনগুলোর কথা অজানা নেই তাঁর। বহু মানঅভিমান, অনুযোগ, কান্নাকাটি, রাগারাগি করে পলিন এমনও হুমকি দেন যে হোটেলের ব্যালকনি থেকে লাফিয়ে পড়ে আত্মঘাতী হবেন তিনি। হেমিংওয়ে বুঝতে পারছিলেন না কী করবেন। মাত্রাতিরিক্ত মদ্যপানে যকৃতের ব্যথায় কাহিল অবস্থা তাঁর। এদিকে নর্থ আমেরিকান নিউজ অ্যালায়েন্সও স্পেনে যুদ্ধসাংবাদিকতার চুক্তিটি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে। কারণ, তাদের গ্রাহক নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় তাঁর পাঠানো রিপোর্টগুলো প্রায়ই তাদের অন্য সাংবাদিকের পাঠানো রিপোর্টের সমিল হয়ে যাচ্ছিল। একারণে আর্নেস্টকে বলা হয়েছিল, যুদ্ধের খবরের বদলে তিনি যাতে জনগণের ওপর যুদ্ধের প্রভাব নিয়ে স্টোরি পাঠান। এরকম ফরমায়েশি রিপোর্টে হেমিংওয়ের স্বকীয়তা বাধাগ্রস্থ হয়েছিল বটে, তবু তাঁকে সেটাই করতে হচ্ছিল। সব মিলিয়ে তাঁর শারীরিক ও মানসিক অবস্থা কোনোভাবেই সুবিধার ছিল না।
এবার তাঁদের কী ওয়েস্ট ফেরার পালা। স্বামীকে নিয়ে প্যারিস থেকে আমেরিকা যাওয়ার জাহাজের টিকিট এমনভাবে করেছিলেন পলিন, যাতে নিউ ইয়র্ক অব্দি না গিয়ে নাসাউতে নেমে মায়ামির প্লেন ধরতে পারেন তাঁরা। পলিনের আশঙ্কা ছিল নিউ ইয়র্কে পৌঁছালে মার্থার সাথে চলমান রোমান্সের গুজবটি সত্যি কি না জিজ্ঞেস করার জন্য বন্দরেই আর্নেস্টকে ছেঁকে ধরবে সাংবাদিকেরা।
মূলত: স্পেন যাওয়ার আগেই পলিনের সাথে হেমিংওয়ের সম্পর্কের অবনতি ঘটছিল। তাঁর বিষাদরোগ, নিদ্রাহীনতা, ঘনিষ্টদের সাথে আচমকা আক্রমণাত্মক আচরণ এবং অতিরিক্ত মাদকাসক্তি– সবকিছু মিলিয়ে তাঁর মানসিক অবস্থাকে এক নাজুক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল। এসময় কী ওয়েস্টে আসেন বন্ধু লেখক ডস পাসোস এবং স্ত্রী কেটি। অ্যালিস কুরোওস্কির ব্যর্থ প্রেমে আহত হওয়ার পর হেমিংওয়ে তাঁর শৈশবের বান্ধবী এই কেটির প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন, তবে সেটা কোনো পরিণতির দিকে যায়নি। সুতরাং পাসোসের সাথে কেটিকে দেখে হেমিংওয়ের ভেতরের হতাশা আর ঈর্ষা আরো বেড়ে যায়।
অতএব প্রকাশিতব্য উপন্যাসে (টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট) এক ধনাঢ্য লেখক রিচার্ড গর্ডনের চরিত্র সৃষ্টি করা হয়, যাকে সহজেই শনাক্ত করা যায় লেখক ডস পাসোস হিসেবে। উপন্যাসে গর্ডনকে চিত্রিত করা হয় গরিব মানুষের পক্ষে লেখার কসরৎ করা তৃতীয় শ্রেণীর এক লেখক হিসেবে, যার রয়েছে পরকীয়া প্রেম সহ বিবিধ দুর্বলতা। এই কাজ করতে গিয়ে গর্ডনের স্ত্রী হেলেনের চরিত্রের মধ্য দিয়ে হেমিংওয়ে বিরূপভাবে তুলে এনেছেন প্রথম জীবনের দুর্বলতা কেটিকেও।
বছর দশেক পর এক গাড়ি দুর্ঘটনায় কেটির মৃত্যু হয়, ডস পাসোসও এক চোখ হারান, শৈশবের বান্ধবী কেটির এই মৃত্যুর জন্যও হেমিংওয়ে দায়ী করেছিলেন পাসোসকে। পাসোস কিছুই ভোলেননি। ১৯৫১ সালে প্রকাশিত হয় তাঁর উপন্যাস চোজেন কান্ট্রি। পাসোসের শ্রেষ্ঠ লেখা বলে বইটি বেশ ভালো সাড়া পেয়েছিল, এখানে জর্জি নামে একটা চরিত্র ছিল যার মধ্যে চিত্রিত করা হয়েছিল প্রখম বয়সের নোংরা নখওয়ালা হেমিংওয়েকে। এটা স্পষ্ট বোঝা যায় যে কেটির কাছ থেকেই বালক হেমিংওয়ের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছিলেন পাসোস। বইটি সম্পর্কে আমেরিকান লেখক ও সমালোচক এডমান্ড উইলসন পাসোসকে (১৮৯৫-১৯৭২) বলেছিলেন যে বইটি পড়ে তিনি মুগ্ধ, তবে এটিতে এতগুলো পরিচিত চরিত্র দেখা যাচ্ছে যে ওটার মূল্যায়ন করা তাঁর পক্ষে কঠিন। (সূত্র: স্ট্যান ট্রাইবুলস্কি: দ্য হেমিংওয়ে অ্যাটাক- সামথিং অ্যাবাউট কেটি-হেমিংওয়ে অ্যান্ড জন ডস পাসোস)
পরের দুই বছর মার্থা তাঁর নিজস্ব কাজ নিয়ে নানান দেশে ঘুরে বেড়াতে থাকেন, আর যখনই সময় পেয়েছেন হেমিংওয়ের সাথে কাটিয়েছেন ঘনিষ্ট সময়, কখনো সাঁতার কাটতে গিয়ে, কখনো স্লোপি জো'জ বারে, আবার কখনো হেমিংওয়ের বাড়িতে। ইডাহোর সান ভ্যালি রিসোর্ট তাদের প্রচারের জন্য কিছু সেলিব্রিটি লেখক-শিল্পীকে সেখানে নিঃখরচায় থাকার সুযোগ করে দিয়েছিল, শর্ত ছিল যে সেখানে অবস্থানকালে একজন ক্যামেরাম্যান বিভিন্ন সময় তাঁদের ছবি তুলবেন, যেগুলো পরবর্তী সময়ে বিজ্ঞাপনে ব্যবহার করতে পারবে রিসোর্টটি। সেই সুবাদে হেমিংওয়েও প্রাকবিবাহ অভিসারে সেখানে গিয়ে থেকেছেন। এখানে বসেই ফর হুম দ্য বেল টোলস লেখার আংশিক কাজ করেছেন তিনি। আর মার্থা শেষ করেছেন একটা গল্প। লেখালেখির বিষয় ছাড়াও তাঁদের মধ্যে পারস্পরিক পছন্দের একটা গোপন স্রোত যে বয়ে যাচ্ছিল সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করেননি কেউ। হেমিংওয়ের ভাই লেস্টার মনে করেন যে মার্থাই ছিলেন প্ররোচক। তাঁদের লেখালেখির যোগসূত্র, বিপদজনক সাংবাদিকতার কাজে স্পেন যাওয়া– সবই ছিল মার্থার ইন্ধনে।
ছবি: এসকোয়ার ম্যাগাজিনের ফেব্রুয়ারি ১৯৩৯ সংখ্যায় প্রকাশিত হেমিংওয়ের গল্প
পলিন প্রায় সব খবর পেয়ে যেতেন এবং বুঝতে পারছিলেন যে তাঁদের এক যুগ দীর্ঘ সংসারটি ভেঙে যাচ্ছে, কিন্তু তাঁর পক্ষে কিছুই করার ছিল না। নানান সূত্র থেকে ম্যাক্স পারকিনস আর চার্লস স্ক্রিবনার দুজনই মার্থা ও হেমিংওয়ের মেলমেশা এবং অভিসারের খবর রাখতেন। এই কাজটি তাঁরা করতেন নিছক ব্যবসায়িক স্বার্থে। কারণ, স্ক্রিবনারের লেখক তালিকায় হেমিংওয়ে ছিলেন শাঁসালো একজন। স্পেনীয় গৃহযুদ্ধের খবর সংগ্রহে যাওয়ার সময় হেমিংওয়ের প্রকাশিতব্য বইটির কাজ আটকে যাবে বলে পারকিনস বাধা দেওয়ার চেষ্টা করলেও মার্থার সাথে তাঁর যৌথ অভিযানে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক আগ্রহও কম ছিল না। কারণ, এই অভিযানের অভিজ্ঞতা থেকে যা কিছু লেখা হবে, সেসব দিয়ে ভালো ব্যবসা হতে পারে। পলিনকেও তাই মাঝেমধ্যে স্বামীর খোঁজ পাওয়া এবং মার্থার সাথে অভিসারের খবরের জন্য এঁদের সাহায্য নিতে হতো। (সূত্র: রোজ মারি বারওয়েল)।
আমরা জানি পলিন যখন হেমিংওয়ের সাথে দুর্বার প্রেমে মত্ত ছিলেন, প্রথম স্ত্রী হ্যাডলিকেও তখন অসহায়ের মতো নিষ্ক্রিয় বসে দেখতে হয়েছিল সেই ভাঙনের ফাটলরেখা। পূর্ব নির্ধারিত থাকলেও স্পেনের যুদ্ধ আচমকা নতুন মাত্রা পাওয়ার ব্যস্ততায় আটকা পড়ে পরিবারের সাথে ১৯৩৭ সালের বড়দিন পালন করতে পারেননি হেমিংওয়ে, পলিনের অপেক্ষা বিফলে গিয়েছিল সেবার। পরের বছরের বড়দিন কাটানোর জন্য কী ওয়েস্টের বাড়িতে পৌঁছে দেখেন পলিন ছুটিতে চলে গেছেন নিউ ইয়র্ক। হতাশ আর্নেস্ট একসপ্তাহ ধরে তাঁর নিজস্ব জিনিসপত্র গোছগাছ করেন, সেসবের মধ্যে ছিল নিজের আটশ'র মতো বই, কিছু পেইন্টিং ইত্যাদি। সবকিছু গাড়িতে চাপিয়ে নিয়ে হাভানা চলে যান তিনি। সেদিন তারিখটা ছিল ১৯৩৮ সালের ২৪ ডিসেম্বর। এই খবর পেয়ে সস্ত্রীক এসে হাজির হন পলিনের চাচা গাস ফেইফার। হেমিংওয়ের জীবনে তাঁর এই ধনাঢ্য চাচাশ্বশুরের ভূমিকার কথা উল্লেখ করা দরকার। তাঁদের কী ওয়েস্টের বাড়িটি ছিল এই গাস চাচার দেওয়া উপহার। প্যারিসের অ্যাপার্টমেন্ট, দুটো গাড়ি–এসবও ছিল এই চাচার কিনে দেওয়া। বিয়ের পর পলিনকে নিয়ে যে আফ্রিকান সাফারিতে গিয়েছিলেন হেমিংওয়ে, সেটার জন্য পঁচিশ হাজার ডলার রাহা খরচও দিয়েছিলেন এই চাচাটি। সুতরাং একথা বলা অসঙ্গত হবে না যে হেমিংওয়ের লেখক জীবনে অন্ততপক্ষে আফ্রিকান অভিজ্ঞতাজাত লেখাগুলোর পেছনে ছিল গাস ফেইফারের প্রচ্ছন্ন ভূমিকা।
হেমিংওয়ের গৃহত্যাগের খবর পেয়ে তাঁর মা গ্রেস হেমিংওয়েও ছুটে এসেছিলেন, এবার যদি কিছু করা যায়। ছেলের প্রথম বিচ্ছেদের বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন বলে কিছুই করতে পারেননি সেবার। কী ওয়েস্টে ছয়দিন ছিলেন তিনি, তবে ছেলের বাড়িতে নয়, নিজেদের দাম্পত্য সমস্যা থেকে নিরাপদ দূরত্বে রাখার জন্য একটা বড় হোটেলে মায়ের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন হেমিংওয়ে, যাতে তিনি তাঁদের দ্বিপাক্ষিক বিষয়ে নাক গলাতে না পারেন। কিন্তু মুরুব্বিদের এই হস্তক্ষেপের কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। স্পেনে রিপোর্টিংয়ে যাওয়ার পর থেকেই মূলতঃ হেমিংওয়ের সংসার ভাঙার যে প্রেক্ষাপট রচিত হয়েছিল, মার্থার সাথে দেখা হওয়ার ঠিক দুবছর পর অনুষ্ঠিত হয় তার চূড়ান্ত অঙ্কটি। সেবছরের ফেব্রুয়ারিতে হেমিংওয়ে তাঁর বোট পিলারও নিয়ে যান কিউবাতে। সেই সাথে অনানুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় তাঁদের দীর্ঘ দাম্পত্য জীবন।
শেষবারের মতো ১৯৩৮ সালে কী ওয়েস্টের বাড়ি ছাড়ার পর হেমিংওয়ে আরো একবার পরিবারের সাথে ছুটি কাটিয়েছিলেন পরের বছরের মাঝামাঝি সময়ে। তাঁর দ্বিতীয় পুত্র প্যাট্রিক হেমিংওয়ে ফর হুম দ্য বেল টোলস উপন্যাসের ২০১৯ সংস্করণের মুখবন্ধে এই শেষ পারিবারিক সম্মিলনের একটা মর্মস্পর্শী বর্ণনা দিয়েছেন।
মনে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে আমার মা পলিন আগেভাগেই ইউরোপ থেকে ফিরে এলে ১৯৩৯ সালের গ্রীষ্মে শেষবার আমরা সবাই একত্রিত হয়েছিলাম নর্ডকুইস্টের এল-বার-টি র্যাঞ্চে। তাঁকে বিলিংস এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে কুক সিটির উদ্দেশে রওনা হই আমরা, পাপা তাঁর বড় বুইক কনভার্টিবলটা চালাচ্ছিলেন। দ্রুতই তাঁরা ছোট ছোট ঝগড়ায় লেগে যান, আর সেটা চলে পুরো সপ্তাহ জুড়ে। আটলান্টিক পাড়ির সময় ঠান্ডা লেগেছিল বলে মা রক অ্যান্ড রাই [রাই হুইস্কি আর রক ক্যান্ডির একটা ককটেল] খাচ্ছিলেন। আমার বয়স তখন মাত্র এগারো, এক পরিবার হিসেবে আর কোনো ছুটিতে যাওয়া হবে না আমাদের। তবু ট্রাউট মাছ ধরে, এয়ার রাইফেল দিয়ে গুলি ছুড়ে, ঘোড়ার পিঠে চড়ে র্যাঞ্চের সেই সব বেড়ানোগুলো আমার আর আমার ভাইদের কাছে ছিল চমৎকার সম্মিলন। আমার এটাও মনে আছে যে পাপা উপন্যাসটার জন্য একটা ছোট ডিটেল আমার সাথে আলোচনা করেছিলেন। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়লে কেমন শব্দ হয় সেটা বের করার জন্য বিষয়টা নিয়ে কথা বলেছিলাম আমরা। তিনি নিজের মনে মকশ করে নিয়েছিলেন কীভাবে পাওয়া যাবে 'পাথরের ওপর পাথরের খটখট আর লাফিয়ে উঠে পড়ন্ত ছোট পাথরের টকটক শব্দ,' যা বইটির তেইশতম অধ্যায়ের শুরুতে এগিয়ে আসা অশ্বারোহী শত্রুসেনাদলের ব্যাপারে রবার্ট জর্ডানের প্রতি সতর্ক সংকেত।
আমার বাবা একটিমাত্র বই তাঁর ছেলেদের উৎসর্গ করেছিলেন, সংকলনগ্রন্থ মেন অ্যাট ওয়ার, যার একটা ভূমিকা লিখেছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাঁর অবদান কী জিগ্যেস করলে তিনি বলতে পছন্দ করতেন যে যুদ্ধকালীন সময়ে বাজেয়াফত করার কায়দায় আদায় করা ৮০ শতাংশ হারে আয়কর দিয়ে যুদ্ধের খরচ তুলতে সাহায্য করেছেন তিনি, তাই ফর হুম দ্য বেল টোলস-এর রয়্যালটি বাবদ যা পেয়েছেন তার বেশিরভাগই দিয়ে দিতে হয়েছিল, একই ভাবে যেমন দিতে হয়েছে ওটা নিয়ে সিনেমা বানানোর জন্য প্যারামাউন্ট পিকচার্সের দেওয়া এক লক্ষ ডলার থেকেও।
হাভানাতে গিয়ে সবসময়ের মতো এমবোস মুন্ডোস হোটেলে ওঠেন হেমিংওয়ে। ১৯৩২ সাল থেকে যখনই হাভানায় গিয়েছেন, এই হোটেলের ৫১১ নম্বর রুমটি তাঁর জন্য ছিল বাঁধা। তাঁর গৃহত্যাগের চার মাসের মাথায় মার্থাও হাভানায় এসে যোগ দেন সেখানে। হেমিংওয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মার্থা আসার আগেই একটা বাড়ি কিনে নেবেন তিনি, কিন্তু কার্যতঃ কিছুই হয়নি। আগের মতোই নির্দিষ্ট হোটেলের বাঁধা রুমটিতেই থাকছিলেন তিনি। কেউ যাতে বিরক্ত করতে না পারে, সেজন্য রুমে কোনো টেলিফোন সংযোগ নেই, ঘরভর্তি এলোপাতাড়ি ছড়ানো মাছ ধরার সরঞ্জাম, পত্রিকা, ময়লা কাপড়চোপড়ের ডাঁই সহ গুচ্ছের জিনিস। রিপোর্টিংয়ের কাজে দীর্ঘদিন বিভিন্ন দেশে আজেবাজে জায়গায় থেকে অভ্যস্ত মার্থা, তারপরও হেমিংওয়ের নোংরা চলাফেরা অসহ্য ঠেকে তাঁর কাছে। তাছাড়া এই হোটেল রুমে একসাথে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়, কারণ, নিজের লেখালেখির জন্য তাঁরও একটা আলাদা রুম দরকার। লেখালেখির কাজ বাদ দিয়ে বাড়ি খোঁজার কাজ হেমিংওয়েকে দিয়ে হবে না বুঝতে পেরে মার্থা নিজেই একটা ভাড়া বাড়ির খোঁজ শুরু করেন। অবশেষে পত্রিকায় বিজ্ঞাপন দেখে হাভানা থেকে ষোল মাইল দূরে সান ফ্রান্সিসকো ডি পাউলা গ্রামে পনের একর জায়গার ওপর ফিনকা বিহিয়া নামের এই খামার বাড়িটির সন্ধান পাওয়া যায়। মাসিক একশ ডলারে ভাড়া নিলেও পরবর্তী সময়ে আঠারো হাজার পাঁচশ ডলারে বাড়িটি কিনে নিয়েছিলেন হেমিংওয়ে। (সুত্র: ডেনিস নোবল– হেমিংওয়েজ কিউবা: ফাইন্ডিং দ্য প্লেসেস অ্যান্ড পিপল দ্যাট ইনফ্লুয়েন্সড দ্য রাইটার)।
অন্য কারো দানে নয়, নিজ উপার্জনে কেনা এই বাড়িটিই পরিণত বয়সে এসে হেমিংওয়ের প্রায় শেষ আশ্রয় হয়ে দাঁড়িয়েছিল। সুইমিং পুল টেনিস কোর্ট সহ বিশাল বাড়িটিতে তাঁর বিড়ালগুলোরও যথেচ্ছ ঘুরে বেড়াবার সুবিধা হয়। এখানে এসে তিনি মুক্তি পান শহুরে কোলাহল ও নাগরিক জীবনের যাবতীয় জটিলতা থেকে, লেখার জন্য খুঁজে পান যোগ্য পরিবেশ। এখানেই গ্রামের সাধারণ মানুষের কাছাকাছি আসার সুযোগ ঘটে তাঁর, মিশে যেতে পারেন তাঁদের সাথে, শিখতে পারেন দেশটির বহু রীতি ও জীবনপ্রণালী। জীবনের দীর্ঘতম সময় এই বাড়িতে বাস করে জীবনযাপনের স্বাচ্ছন্দ্য তিনি পেয়েছিলেন বটে, যে জীবন "কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই," পেয়েছিলেন "মধু– আর মননের মধু," সেই "জীবনের এই স্বাদ– সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের" অস্থিরচিত্ত হেমিংওয়েকে কি আদৌ "দুদণ্ড শান্তি দিয়েছিল?"
