২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারিও বার্গাস যোসার নেয়া বোর্হেসের সাক্ষাৎকার: বিলাসিতাকে আমার গ্রাম্যতা মনে হয়

রাজু আলাউদ্দিন

Published : 03 Aug 2020, 02:12 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


ছবি: বোর্হেসকে নিয়ে সদ্যপ্রকাশিত বই হাতে মারিও বার্গাস যোসা ও হোর্হে লুইস বোর্হেস
হোর্হে লুইস বোর্হেসের লেখার সাথে মারিও বার্গাস যোসার পরিচয় লেখক হিসেবে আত্মপ্রকাশেরও বহু আগে। আর্হেন্তিনিয় বোর্হেসের সাথে পেরুর নোবেলজয়ী লেখক মারিওর সরাসরি সাক্ষাৎ ঘটে ১৯৬৩ সালের নভেম্বরে যখন তিনি ফরাসি রেডিও-টেলিভিশনের পক্ষ থেকে সাক্ষাৎকার গ্রহণ করতে যান। নিজের ব্যক্তিগত আগ্রহের পাশাপাশি ফরাসি পাঠকদের আগ্রহের কারণেও বোর্হেসের সাক্ষাৎকার নেয়াটা ছিল স্বাভাবিক। মারিওর ব্যক্তিগত প্রসঙ্গটি আরেকটু বিশদে বলার আগে এই তথ্যটি আমাদেরকে সাহায্য করবে কেন ফরাসি পাঠকরাও আগ্রহী ছিল। ফরাসি লেখক রোজার কাইলোয়া দীর্ঘ সময় কাটিয়েছেন আর্হেন্তিনার বুয়েনোস আইরেসে। কাইলোয়া সেই ৫০-এর দশকেই, বলা যায় ফরাসিদের পক্ষে প্রথম তিনি বোর্হেসকে আবিস্কার করেন। ইংরেজি-ভাষী জগতে অনূদিত হওয়ার আগেই বোর্হেস বহির্বিশ্বে প্রথম যে-ভাষায় গুরুত্বের সাথে অনূদিত ও প্রকাশিত হন সেটা এই ফরাসি ভাষা। ওখানকার পাঠক ও লেখকরা তাকে ব্যাপক শ্রদ্ধা ও তারিফের সঙ্গে গ্রহণ করেছিলেন। মারিওর ভাষ্য থেকে জানা যায় বোর্হেসের জন্মশতবার্ষিকীতে ফ্রান্সে কী ঘটেছিল বোর্হেসকে কেন্দ্র করে:

"ফ্রান্স সর্বোচ্চ মাত্রায় বোর্হেসের জন্মশতবার্ষিকী (1899-1999) উদযাপন করেছে: বোর্হেসসংখ্যা হিসেবে অসংখ্য সাহিত্য পত্রিকা এবং দৈনিক সাহিত্য সাময়িকী্র প্রকাশ, অসংখ্য প্রবন্ধ নিবন্ধ, তার বইগুলোর পুনঃপ্রকাশ– এক লেখকের জন্য পরম গৌরবের বিষয় এটা। দুটি খন্ডের ঘনসন্নিবিষ্ট রচনসম্ভার আর তার সমগ্র জীবনের ছবিসম্বলিত বিশেষ এলবাম নিয়ে প্লেইয়াদে (la Pleiade)-এ এবং অমরদের গ্রন্থাগার (la Biblioteca de los Inmortales)-এ তার অন্তর্ভুক্তি ঘটে। চারুকলা একাডেমিতে (la Academia de Bellas Artes) মারিয়া কোদামা ও বোর্হেস ফাউন্ডেশন-এর(la Fundacion Borges) প্রস্তুতকৃত গোলকধাঁধাতুল্য প্রদর্শনীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লেখকের প্রতিটি পদক্ষেপ, তিনি যেসব বই পড়েছেন এবং লিখেছেন, তার বিভিন্ন সফর, তাকে দেয়া অসংখ্য সম্মাননা ও ডিপ্লোমা তথ্যাকারে তুলে ধরা হয়েছে। জনসমাগমে পূর্ণ জায়গাটি উদ্বোধনীর দিন শীর্ষ বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ– তা সে বোর্হেসের সাথে একমত হোন আর নাই হোন–আর সুন্দরী মেয়েদের গায়ে শোভিত বোর্হেস নামাঙ্কিত পলো সার্টে আলোকোজ্জ্বল হয়েছিল।"
(Medio Siglo con Borges, Mario Vargas Llosa, Alfaguara, April 2020)

এই হলো বোর্হেসের প্রতি ফরাসিদের মুগ্ধতার এক নমুনা। পাশাপাশি মারিওর মুগ্ধতার কারণটি এখান উল্লেখ করলে ফরাসিদের মুগ্ধতার কারণটিও বুঝা যাবে। মারিও বার্গাস যোসা বোর্হেসের সাথে শুধু সাক্ষাৎই করেননি, তাকে নিয়ে লিখেছেন একাধিক প্রবন্ধ, নিবন্ধ আর নিয়েছেন সাক্ষাৎকার। বুমলেখদের অনেকেই বোর্হেস সম্পর্কে লিখেছেন কিংবা প্রসঙ্গক্রমে মন্তব্যও করেছেন, কিন্তু মারিও বার্গাস যোসা ছাড়া আর কেউ-ই তাকে নিয়ে আস্ত একটি বই লেখেননি। এ বছরই এপ্রিলে আলফাগুয়ারা থেকে Medio Siglo con Borges প্রকাশিত বইটিতে বোর্হেসবিষয় সব প্রবন্ধ, নিবন্ধ, কবিতা এবং দুটি সাক্ষাৎকারসহ অন্তর্ভুক্ত হলো। আমি জানি এখানে সংকলিত লেখাগুলোর বাইরেও বোর্হেস সম্পর্কে মারিওর অভিমত রয়েছে আরও কোনো না কোনো সাক্ষাৎকারে– এই মুহূর্তেই মনে পরে যাচ্ছে প্যারিস রিভিউকে দেয়া মারিওর সাক্ষাৎকারেই আছে বোর্হেসের প্রসঙ্গ। নিশ্চিতভাবেই অন্য আরও বহু সাক্ষাৎকারেও আছে বোর্হেস-সম্পর্কিত মন্তব্যগুচ্ছ।
মারিও বার্গাস যোসা বোর্হেসের প্রতি আকৃষ্ট হয়েছেন– আগেই বলেছি–তিনি লেখক হিসেবে আত্মপ্রকাশেরও আগেই। এবং আকর্ষণ প্রবল হওয়ার কারণগুলোর কথা তিনি বোর্হেসকে নিয়ে এই বইটি প্রকাশের বহু আগে থেকেই জানিয়েছেন পাঠকদেরক:
"আমাকে যদি একজনের নাম বেছে নিতে বলা হয় তাহলে আমি বোর্হেসের কথাই বলবো। কারণ তিনি যে-জগৎ তৈরি করেছেন তা আমার কাছে একেবারে মৌলিক মনে হয়। বিপুল মৌলিকতার পাশাপাশি তিনি তীব্র কল্পনাশক্তি আর সংস্কৃতির দ্বারা এতটাই সমৃদ্ধ ছিলেন যে তা একান্তভাবে তাঁর নিজস্ব। আর এছাড়া বোর্হেসের ভাষাতো আছেই, যা আমাদের ঐতিহ্যবাহী পথের বাইরে উন্মোচন করেছে এক নতুন পথের।
স্প্যানিশ হচ্ছে এমন এক ভাষা যার ঝোঁকটা উচ্ছ্বাস, আতিশয্য ও অত্যুক্তির দিকে। আমাদের মহান লেখকরা ছিলেন বাগাড়ম্বরপূর্ণ। সের্বান্তেস থেকে অর্তেগা ই গাসেত, বাইয়ে ইনক্লান কিংবা আলফন্সো রেইয়েস পর্যন্ত। বোর্হেস এর বিপরীতে পুরোপুরি মিতভাষী, সংক্ষিপ্ত এবং যথাযথ। স্প্যানিশ ভাষায় তিনিই একমাত্র লেখক যিনি অসংখ্য শব্দের মতোই অসংখ্য ধারণার (Ideas) অধিকারী। তিনি আমাদের কালের এক মহান লেখক।" (Contemporary literary Criticism, VOL-85, P. 378.)

অসামান্য এই লেখকের সাথে মারিও বার্গাস যোসার একাধিকবার দেখা হলেও সাক্ষাৎকার নিয়েছিলেন দুবার, প্রথমবার প্যারিসে ১৯৬৩ সালের নভেম্বরে। দ্বিতীয়বার পেরুর এক টিভি চ্যানেলের জন্য সাক্ষাৎকার নিয়েছিলেন বুয়েনোস আইরেসে বোর্হেসের বাসায় ১৯৮১ সালের জুনে। দ্বিতীয়বারের সাক্ষাৎকারের অভিজ্ঞতা নিয়ে সঙ্গে সঙ্গেই লিখেছিলেন একটি নিবন্ধ। ৮১ বছরের বোর্হেসের সাথে মারিওর যখন দেখা হয় ততদিনে বোর্হেস এক জগত-বিখ্যাত লেখক। বহু ভাষায় তার রচনার অনুবাদের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন, তেমনি সাধারণ পাঠকদের কাছেও পরিচিত এক নাম। ইতিমধ্যেই জগত-বিখ্যাত হওয়া সত্ত্বেও যাপন করছিলেন কেবল সাদামাটা জীবনই নয়, অবিশ্বাস্য রকমের এক সাত্ত্বিক জীবন।
"তিনি থাকেন বুয়েনোস আইরেসের কেন্দ্রে ডাইনিং রুমসহ দুই কক্ষের একটি ঘরে। সঙ্গে আছে বেপ্পো নামের একটি বেড়াল আর সাল্তা অঞ্চলের একজন গৃহপরিচারিকা যিনি রান্না করেন আর গাইড হিসেবে সহায়তা করেন। অল্প কিছু আসবাবপত্র যেগুলো জরাজীর্ণ আর দেয়ালগুলোতে আর্দ্রতা এঁকে দিয়েছে কালো রংয়ের বৃত্ত। খাবারের টেবিলে একটা ছিদ্র।
…
তার শয়নকক্ষটি দেখলে মনে হবে যেন এক কুঠরি: অপ্রশস্ত, যেখানে একজনের শোয়ার মতো একটি ভঙ্গুর খাট, যেন ছোট্ট কোনো শিশুর শোয়ার জন্য… "(Medio Siglo con Borges, Mario Vargas Llosa, Alfaguara, April 2020)

অনূদিত এই সাক্ষাৎকারটি Medio Siglo con Borges নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হওয়ার পরপরই পেরুর La Republica পত্রিকায় দুই কিস্তিতে প্রকাশিত হয়েছিল, প্রথম কিস্তিটি ১৫ জুন ২০২০ এবং দ্বিতীয় কিস্তিটি ১৬ জুন ২০২০ সালে প্রকাশিত হয়। লাতিন আমেরিকার সাহিত্যবিশেষজ্ঞ রাজু আলাউদ্দিন কর্তৃক স্প্যানিশ থেকে বাংলা তর্জমায় এখানে পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি হাজির করা হলো। বি. স.

স্প্যানিশ থেকে বাংলা তর্জমা: রাজু আলাউদ্দিন


ছবি: সাক্ষাৎকার গ্রহণকালে মারিও বার্গাস যোসা ও হোর্হে লুইস বোর্হেস

মারিও : আমি খুবই বিস্মিত এটা দেখে যে আপনার গ্রন্থাগারে আপনার কোনো বই নেই, একটি বইও নেই।
বোর্হেস: আমি আমার গ্রন্থাগারের খুব যত্ন নেই। শোপেনহাওয়ারের পাশে আমার নিজেকে পংক্তিভুক্ত করার আমি কে ?
মারিও: আপনার সম্পর্কিত বইও তো নেই। দেখতে পাচ্ছি আপনার সম্পর্কে লেখা এত এত বইয়ের কোনটাই এখানে নেই।
বোর্হেস: স্বৈরশাসনামলে মেন্দোসা থেকে প্রকাশিত প্রথম বইটি আমি পড়েছিলাম ।
মারিও: কোন স্বৈরশাসনামলে, বোর্হেস? কারণ দুর্ভাগ্যক্রমে এতগুলো স্বৈরশাসনামল ছিল যে
বোর্হেস: ওই যে … ওটার কথা আমি মনে করতে চাই না।
মারিও : উল্লেখেরও রুচি হয় না।
বোর্হেস: না, তাও নয়। কিছু কথা এড়িয়ে যাওয়াই ভালো। মেন্দোসা প্রদেশের এক অধ্যাপক রুইস দিয়াস এবং বলিভিয় লেখক তামাইয়োর Borges, enigma y clave নামে একটি বই বেরিয়েছিল। ধাঁধাটা(enigma) যেহেতু আমার জানাই ছিল তাই সংকেতটা (Clave) খুঁজে পাওয়া যায় কিনা সেটা দেখার জন্যই আমি ওই বইটা পড়েছিলাম। এরপর আর অন্য কোন বই পড়িনি। আলিসিয়া হুরাদো আমাকে নিয়ে একটি বই লিখেছিলো। আমি কৃতজ্ঞতা জানিয়ে বলিছিলাম, "জানি বইটি ভালো, কিন্তু বইয়ের বিষয়বস্তুতে আমার আগ্রহ নেই কিংবা বলা যায় এটা আমার এতটাই আগ্রহের যে-কারণে আমি ওটা আর পড়বো না।

মারিও: আপনাকে নিয়ে লেখা রদ্রিগেস মনেগালের প্রকাশিত মোটা জীবনীটিও পড়েননি তাহলে।
বোর্হেস: কী বললে? বইটি ভালো?
মারিও: অন্তুত খুবই তথ্যবহুল এবং সত্যিকার অর্থেই আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এবং আপনার কাজ সম্পর্কে গভীর ধারণা থেকে লেখা।
বোর্হেস: হ্যাঁ, আমরা দুজন বন্ধু। সে তো মেলোর( উরুগুয়ের একটি অঞ্চল) অধিবাসী, তাই না? রেপুবলিকা ওরিয়েন্তালের লোক।
মারিও: হ্যাঁ । তার একটা গল্পেও আপনাকে একটা চরিত্র হিসেবে দেখা যায়।
বোর্হেস: মেলো প্রসঙ্গে আমার মনে পড়ছে এমিলিও উরিবের লেখা সুন্দর কিছু পংক্তি যার শুরু হয় সাদামাটাভাবে এবং পরে সেগুলো উচ্চ ও প্রসারিত হয়ে ওঠে: " , ঔপনিবেশিক ঘরবাড়ি ভরা জন্ম আমার মেলোয়"… তো, এটা খুব একটা …, মানে 'ঔপনিবেশিক ঘরবাড়ি", 'ঘরবাড়ি ঔপনিবেশিক' –সামান্যই পার্থক্য । " , ঔপনিবেশিক ঘরবাড়ি ভরা জন্ম আমার মেলোয়, আতঙ্কময় অন্তবিহীন সমতল প্রান্তরে" আর এখন তা আরও বড় হলো এভাবে, "আতঙ্কময় অন্তবিহীন সমতল প্রান্তরে, ব্রাজিলের কাছাকাছি"। কবিতা কেমন করে বড় হয়ে উঠছে , তাই না? কিভাবে প্রসারিত হয়ে যাচেছ!
মারিও: বিশেষ করে আপনি যেভাবে বললেন ।
বোর্হেস: না, তা নয়, কিন্তু … " , ঔপনিবেশিক ঘরবাড়ি ভরা জন্ম আমার মেলোয়"—এটুকু তেমন কিছু না। তারপরে , "আতঙ্কময় অন্তবিহীন সমতল প্রান্তরে, ব্রাজিলের কাছাকাছি", এখন তুমি কবিতার শেষে একটা সাম্রাজ্যকে দেখতে পাচ্ছ। এটা সুন্দর । এমিলিও উরিবে।
মারিও: হ্যাঁ, খুব সুন্দর। বোর্হেস, আমাকে বলুন তো, বহু বছর ধরেই একটা বিষয়ে আপনাকে প্রশ্ন করতে চেয়েছি। আমি উপন্যাস লিখি, আপনার একটি সুন্দর উক্তি কিন্তু ঔপন্যাসিকের জন্য খুবই আক্রমণাত্মক, যা আমাকে খুবই আহত করেছে, উক্তিটা মোটামুটি এরকম: "যা মাত্র একটা বাক্যে তুলে ধরা যায় তাকে পাঁচ শ পৃষ্ঠায় বিস্তৃত করে উপন্যাস লেখার ইচ্ছাটা এক নিঃস্ব বিকারমাত্র। "
বোর্হেস: হ্যাঁ, তবে এটা একটা ভুল, আমারই সৃষ্ট ভুল। কুড়েমি, বুঝলে তো? অথবা বলতে পার অযোগ্যতা।
মারিও: আপনি তো উপন্যাসের এক বিরাট পাঠক এবং বহু উপন্যাসের এক চমৎকার অনুবাদক।


ছবি: বাদিক থেকে হোর্হে লুইস বোর্হেস, মারিও বার্গাস যোসা এবং আলিসিয়া হুরাদো
বোর্হেস: না, না। আমি খুব কম উপন্যাসই পড়েছি।
মারিও: যাইহোক, আপনার কাজে উপন্যাসের দেখা মেলে, সেগুলোর উল্লেখ আছে, অথবা এমনকি উদ্ভাবিত উপন্যাসের কথাও আছে সেখানে।
বোর্হেস: হ্যাঁ, তবে থেকারে আমাকে হতাশ করেছে। ডিকেন্স আমার খুব পছন্দের।
মারিও: Vanity Fair বেশ বিরক্তিকর মনে হয়েছে।
বোর্হেস: Pendennis তবু জোর করে পড়া যায়, কিন্তু Vanity Fair পড়তে পারিনি।
মারিও: যেমন কনরাড তো আপনার প্রিয় লেখক, ওনার উপন্যাসগুলো কি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি ?
বোর্হেস: হ্যাঁ, অবশ্যই । সে জন্যই তো অল্প কিছু ব্যতিক্রমের কথা বলেছি। যেমন হেনরি জেমসের কথাই ধরা যাক, তিনি ছিলেন অন্য উচ্চতার, এক মহান ছোটগল্পকার ও ঔপন্যাসিক ।
মারিও: কিন্তু গুরুত্বপূর্ণ লেখকদের মধ্যে কোন ঔপন্যাসিক কি নেই?
বোর্হেস:…
মারিও: আপনার বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ লেখকদের মধ্যে কোনো ঔপন্যাসিক থাকলে তার নাম বলবেন কি ? অথবা সর্বোপরি কবি ও প্রাবন্ধিক?
বোর্হেস: এবং গল্পকার।
মারিও: হ্যাঁ, গল্পকার বটে।
বোর্হেস: সহস্র এক আরব্য রজনী মনে হয় উপন্যাস নয়, তাই না? এটা এক অন্তহীন সংকলন।

মারিও: তবে উপন্যাসের সুবিধা হচ্ছে এই যে সবকিছুই উপন্যাস হয়ে উঠতে পারে। মনে হয় এটা এমন এক ক্যানিবাল জনরা(genre) যা অন্যসব জনরাকে গিলে ফেলে ।
বোর্হেস: 'কানিব্যাল' প্রসঙ্গে যেহেতু এলো, আপনি কি জানেন এই শব্দটার উৎস?
মারিও: না, জানি না তো। এটার উৎস কী?
বোর্হেস: খুব সুন্দর । কারিবে(Caribe) থেকে কারিবাল (caríbal) এবং কানিব্যাল (cannibal) শব্দটি।
মারিও: আচ্ছা, শব্দটির উৎস তাহলে লাতিনআমেরিকা।
বোর্হেস: হ্যাঁ, তবে লাতিন(Latino)হীন । তারা ছিল আদিবাসী, ক্যারিবিয় অঞ্চলের অধিবাসী, এটি আদিবাসী শব্দ, ওখান থেকেই ক্যানিবাল এবং শেক্সপিয়রের কালিবান।
মারিও: বিশ্ব অভিধানে আমেরিকার কৌতূহলোদ্দীপক আবদান।
বোর্হেস: আরও অনেক আছে। চকলেট(Chocolate) যার আদি রূপ ছিল ছকোআতল(xocoatl), তাই না? ওই শব্দটা থেকে tl হারিয়ে গেছে। পাপা (Papa) শব্দটাও ।


ছবি: মারিও বোর্হেস কোলাজ
মারিও: আমেরিকার সাহিত্যে কোনটাকে আপনি শ্রেষ্ঠ অবদান বলে অভিহিত করবেন? মানে স্প্যানিশ এবং পর্তুগিজ আমেরিকা যদি বলি.. কোনো লেখক, কোনো বই কিংবা কোনো বিষয়—কোনটা?
বোর্হেস: সাধারণভাবে আমি বরং আধুনিকতাবাদের কথা বলবো। সেটা ছিল স্প্যানিশ ভাষার সাহিত্যকর্ম, এবং তা এই ভূখণ্ড থেকে উঠে এসেছে, যেমন মাক্স এনরিকেস উরেনঞা উল্লেখ করেছেন। হুয়ান রামোন হিমেনেস-এর সাথে আমার কথা হয়েছিল এবং ১৮৯৭ সালে প্রকাশিত Las montañas del oro-এর একটি কপি গ্রহণ করার পর তিনি আমাকে আবেগ থেকে সে কথা বলেছিলেন। স্পেনের মহান কবিদের মধ্যে রয়েছে তার (Las montañas del oro-এর লেখক লেওপোলদো লুগোনেস–অনুবাদক) প্রভাব। আধুনিকতাবাদের উত্থান এই অঞ্চলে। কৌতূহলজনকভাবেই এখানে আমরা – ভৌগোলিক অর্থে নয়—স্পানঞলদের তুলনায় ববং ফ্রান্সের অনেক নিকটবর্তী। স্পানঞায় লক্ষ করেছি আমি ইংল্যান্ডের প্রশংসা করতে পারতাম, ইতালির প্রশংসা করতে পারতাম, জার্মানির প্রশংসা করতে পারতাম, এমনকি উত্তর আমেরিকার প্রশংসাও করতে পারতাম, কিন্তু যখনই ফ্রান্সের কথা বলতাম সবাই কেমন যেন অস্বস্তি বোধ করতেন।
মারিও: যে-কোনা জায়গাতেই জাতীয়তাবাদের উচ্ছেদ করাটা খুব মুশকিল।
বোর্হেস: আমাদের কালের সবচেয়ে খারাপ জিনিসগুলোর একটি ।
মারিও: বোর্হেস, এই বিষয়ে একটু কথা বলতে চাই, কারণ… আশা করি, পুরোপুরি অকপটেই বলতে পারি।
বোর্হেস: হ্যাঁ বলতে পার। তাছাড়া বলতে চাই যে এটা এমনই এক খারাপ জিনিস যা ডান এবং বাম—উভয় দিকেই রয়েছে।

মারিও: আপনার কিছু কিছু রাজনৈতিক বিবৃতি আমাকে বিভ্রান্ত করে, তবে আপনি যখন বলেন তখন তাতে এমন একটা দিক থাকে যাতে আমার রয়েছে পুরোপুরি একাত্মতা, আমার পরিপূর্ণ শ্রদ্ধা এবং সেই ব্যাপারটা হচ্ছে এই জাতীয়তাবাদ। আমি মনে করি আপনি সবসময়ই এই বিষয়ে অসামান্য স্বচ্ছতার সাথে কথা বলেছেন কিংবা বলা ভালো জাতীয়তাবাদের বিরুদ্ধে বলেছেন।
বোর্হেস: যদিও এতে আমার দুর্ভোগও হয়েছে।
মারিও: তবে এখন, এই শেষের দিনগুলোয়…
বোর্হেস: বুয়েনোস আইরেসের প্রান্তীয় অঞ্চল সম্পর্কে বলার কারণে, পাইয়াদোরদের(payadores) জানার কারণে, ছুরিবাজদের চেনার কারণে আমার সাহিত্যে তাদের ব্যাবহার করেছি। আমি মিলোঙ্গা সঙ্গীত লিখেছি।… সাহিত্যে সবই আসতে পারে। দেশজ (vernáculos) বিষয়বস্তুও কেন নয়?
মারিও: আমি রাজনৈতিক জাতীয়তাবাদের কথা বলছিলাম।
বোর্হেস: এটা একটা ভুল, কারণ কেউ যদি অন্য একটির বিরুদ্ধে কিছু একটা করতে চায় তার মানে হলো সে আসলেই তা চায় না। যেমন আমি যদি ইংল্যান্ডের বিরুদ্ধে গিয়ে ফ্রান্সকে পছন্দ করি—এটা একটা ভুল, আমার সামর্থের মধ্যে দুটো দেশকেই আমার ভালোবাসা উচিৎ।


ছবি: হাসিমুখে হোর্হে লুইস বোর্হেস
মারিও: আর্হেন্তিনা এবং চিলের মধ্যেকার যে-কোনো সম্ভাব্য বিরোধ প্রশমনে আপনি অনেক বিবৃতি দিয়েছেন।
বোর্হেস: আরও বেশি। আমি আসলে ক্ষত্রিয় কুলের নাতি পুতি এবং দূর সম্পর্কে কোনকিস্তাদোরদেরও, যাদের প্রতি আমার কোনই আগ্রহ নেই, তাদের আত্মীয় হওয়া সত্বেও, আমি শান্তিবাদী। আমি মনে করি সব যুদ্ধই আসলে অপরাধ। অধিকন্তু, যদি ন্যায় যুদ্ধকেও স্বীকার করে নেয়া হয়, নিঃসন্দেহে তেমন তো ঘটেছেই,–যেমন, 'ছয় দিনের যুদ্ধ'—যদি আমরা একটা ন্যায় যুদ্ধের অনুমোদন দেই, কেবল একটি যুদ্ধ, তাহলে সেই যুদ্ধটা ইতিমধ্যে অন্য যে-কোনো যুদ্ধের দরজা খুলে দেবে আর সেই যুদ্ধটাকে বৈধতা দেয়ার জন্য যুক্তির কোনো অভাব হবে না কখনোই, সর্বোপরি, ওই সব যুদ্ধ যদি তাদের উদ্ভাবিতও হয় এবং ভিন্ন মতাবলম্বীদেরকে বিশ্বাসঘাতক বলে জেলেও ঢুকানো হয়। আমি আগে লক্ষ্য করিনি যে বার্ট্রান্ড রাসেল, গান্ধী, আল্বের্দি এবং রোমাঁ রোলাঁ যুদ্ধ-বিরোধিতার ক্ষেত্রে সঠিক অবস্থানেই ছিলেন। আর মনে হয় এখন যুদ্ধে অংশগ্রহণ বা যুদ্ধের পক্ষে কথা বলার চেয়ে এর বিরোধিতা করার সাহসটা বেশি প্রয়োজন।
মারিও: এখানটায় আমি আপনার সাথে একমত। আমার মনে হয় যা বলেছেন তা খুবই সঠিক। বোর্হেস, আপনার কাছে কোন রাজনৈতিক শাসনব্যবস্থাকে আদর্শ বলে মনে হয়? কোন ব্যবস্থাকে আপনি আপনার দেশ এবং লাতিন আমেরিকার জন্য পছন্দ করবেন? আমাদের জন্য কোন শাসন ব্যবস্থাকে অনেক বেশি যথাযথ বলে মনে করবেন?
বোর্হেস: আমি হচ্ছি স্পেন্সারপন্থী প্রবীণ নৈরাজ্যবাদী এবং আমি মনে করি রাষ্ট্র হচ্ছে বদ, কিন্তু এ হচ্ছে এক প্রয়োজনীয় বদ। আমি যদি স্বৈরাচারী হতাম তাহলে পদত্যাগ করে আমার বিনীত সাহিত্যকর্মে ফিরে যেতাম, কারণ সমাধান দেয়ার মতো আমার কাছে কোনো কিছু নেই। আমার দেশের অন্য সবার মতোই আমি এক বিস্রস্ত এবং মর্মাহত এক ব্যক্তি।
মারিও: কিন্তু আপনি তো নিজেকে নৈরাজ্যবাদী বলে মনে করেন। আপনি মূলত এমন এক মানুষ যিনি রাষ্ট্রের বিপক্ষে ব্যক্তির সার্বভৌমত্বের পক্ষে থাকেন।
বোর্হেস: হ্যাঁ, সে যাইহোক, জানি না আমরা যোগ্য কিনা। আমার মনে হয় না এই দেশ গণতন্ত্র বা নৈরাজ্যবাদের যোগ্য । সম্ভবত অন্য দেশগুলোয় হতে পারে, জাপানে কিংবা স্ক্যান্ডিনেভিয় দেশগুলো। এখানে নিশ্চিতভাবেই নির্বাচনগুলো হবে অসাধু, তার ফলে ফ্রন্দিসি বা অন্যরা (ক্ষমতায়) আসবে।
মারিও: শান্তি সম্পর্কে আপনার আশাবাদী কোনো কোনো বিবৃতি, সুনির্দিষ্টভাবে বলতে গেলে যুদ্ধবিরোধী, এবং শেষের দিকে নির্যাতন ও সব রকম দমনপীড়নের বিরুদ্ধে এই সংশয়বাদের কোনো বিরোধ নেই।


ছবি: বিশেষ ভঙ্গিতে বোর্হেস
বোর্হেস: হ্যাঁ, তা জানি। কিন্তু জানি না এটা কাজে আসবে কিনা। আমি এসব বিবৃতি দিয়েছি নৈতিক কারণে, তবে মনে হয় না এসব কোনো কাজে আসবে, কারোর কোনো কাজে লাগবে বলে মনে হয় না। আমার বিবেককে শান্ত করার জন্য কাজে লাগতে পারে, এর বেশি কিছু নয়। তবে হ্যাঁ, আমি যদি সরকার হতাম, জানি না কী করতাম, আমরা একটা কানাগলির মধ্যে আছি।
মারিও: বছর পঁচিশ আগে প্যারিসে আপনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম এবং তাতে একটা প্রশ্ন করেছিলাম…
বোর্হেস: পঁচিশ বছর… পঁচিশ বছর আগের বিষয় নিয়ে কথা বলা কী বিষন্ন ব্যাপার…
মারিও: আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আর তা হলো রাজনীতি বিষয়ে আপনার কী অভিমত। জানেন, আপনি কী বলেছিলেন? এটা হচ্ছে একঘেয়েমির এক ধরন।
বোর্হেস: আচ্ছা। ঠিকই তো আছে।
মারিও: উত্তরটা খুব সুন্দর। জানি না আজও আপনি সেটারই পুনরুক্তি করবেন কিনা। এখনও কি মনে করেন ওটা একঘেয়েমিরই একটা ধরন?
বোর্হেস: হুম, একঘেয়েমি শব্দটা একটু কোমল, বলা যায় বিরক্তিকর। একঘেয়েমি শব্দটা খুব…একটা ন্যূনোক্তি..

মারিও: সমসাময়িক এমন কোনো রাজনীতিবিদ কি আছেন যাকে আপনি পছন্দ করেন, সম্মান করেন?
বোর্হেস: জানি না রাজনীতিবিদদেরকে কারো পক্ষে পছন্দ করা সম্ভব কিনা, যারা কিনা একমত হতে, ঘুষ নিতে, হাসতে, চিত্রিত হতে যারা নিবেদিত, মাফ করবেন, জনপ্রিয় হওয়ার…
মারিও: কী ধরনের মানুষ আপনার পছন্দ, বোর্হেস? অভিযানপ্রিয়…
বোর্হেস: হ্যাঁ, তাদেরকে আমার খুব পছন্দ ছিল, তবে এখনকার কথা বলতে পারবো না। ব্যক্তিধর্মী অভিযানপ্রিয় হতে হবে।
মারিও: যেমন? এমন কোনো অভিযানপ্রিয় কারোর কথা মনে পড়ে যা আপনি হতে চেয়েছিলেন?
বোর্হেস: না, অন্য কেউ হতে চাই না।
মারিও: বোর্হেসের নিয়তি নিয়ে আপনি তৃপ্ত।
বোর্হেস: না , আমি তৃপ্ত নই, তবে অন্য নিয়তি নিয়ে অন্য কোনো ব্যক্তি হতে হবে। স্পিনোজা যেমন বলেছেন, " প্রতিটি বন্তু চায় তার সত্তার নিঃসঙ্গতা। " আমি বোর্হেস হওয়াতেই জোর দেবো, জানি না কেন।
মারিও: আপনার একটা কথা মনে পড়ছে: "পড়েছি অনেক আর তা জীবনে যাপন করেছি অল্পই।" একদিক থেকে এটা খুবই সুন্দর আর অন্যদিকে, মনে হয় স্মৃতিকাতর…
বোর্হেস: খুবই বিষাদময়।
মারিও: মনে হয় আপনি আক্ষেপ করছেন ।
বোর্হেস: আমার বয়স যখন তিরিশ তখন এটা লিখেছিলাম এবং আমি লক্ষ্যই করিনি যে পড়া মানে বেঁচে থাকারও একটা ধরন।
মারিও: কিন্তু বিশুদ্ধভাবে বুদ্ধিবৃত্তিক জীবনে এত সময় ব্যয় করার কারণে অন্য কিছু না-করার জন্য আপনার মধ্যে একটা স্মৃতিকাতরতা নেই?


ছবি: বোর্হেসকে নিয়ে সদ্য প্রকাশিত মারিও বার্গাস যোসার গ্রন্থ
বোর্হেস: মনে হয় না। আমি মনে করি শেষ পর্যন্ত মানুষ কার্যত সব কিছুতেই বাঁচে, আর অভিজ্ঞতাটা গুরুত্বপূর্ণ নয়, বরং ওগুলো নিয়ে মানুষ যা করে সেটাই গুরুত্বপূর্ণ।
মারিও: ধারণা করি এই ব্যাপারটা আপনাকে বস্তুগত বিষয়গুলো থেকে বড় ধরনের দূরত্বে নিয়ে গেছে। এটা আপনার বাসায় এসে যে-কেউ বুঝতে পারে। আপনি কার্যত সন্তের মতো জীবন যাপন করেন। আপনার বাসাটা সাংঘাতিক রকমের অনাড়ম্বর। আপনার ঘুমাবার ঘরটিকে মনে হয় সাত্ত্বিক মানুষের ছোট্ট কুঠুরি। অসামান্য প্রশান্ততা।
বোর্হেস: বিলাসিতাকে আমার গ্রাম্যতা মনে হয়।
মারিও: বোর্হেস, আপনার জীবনে অর্থকড়ির গুরুত্ব কতটা?
বোর্হেস: বইপত্র, ঘোরাঘুরি আর উন্নতির সম্ভাবনা।
মারিও: কিন্তু টাকাপয়সার প্রতি আপনার কখনো আগ্রহ তৈরি হয়নি? টাকা কামাবার জন্য কখনো কাজ করেননি?
বোর্হেস: সে রকম হলেও সফল হয়তো হইনি। অবশ্যই, নিঃস্ব হওয়ার চেয়ে ধনদৌলত থাকা ভালো, বিশেষ করে গরীব এলাকায় যেখানে সারাক্ষণ টাকার চিন্তা করতে বাধ্য। ধনী লোক অন্য কিছু নিয়ে ভাবতে পারে। আমার পূর্বপুরুষরা ধনী ছিলেন, আমাদের জায়গাজমি ছিল, কিন্তু সেসব আমরা হারিয়ে ফেলেছি, বাজেয়াপ্ত করা হয়েছে। যাইহোক, মনে হয় এসবের খুব একটা গুরুত্ব নেই।
মারিও: আপনি জানেন যে এই ভূখণ্ডের বেশির ভাগ দেশই আজ টাকার কর্মকাণ্ডের উপর বেঁচে আছে,বস্তুগত উন্নতিই হচ্ছে এর উদ্দীপনা।


ছবি: বুয়েনোস আইরেসের বাসায় বোর্হেস
বোর্হেস : নিশ্চয়ই, দারিদ্র যদি থাকে তাহলে এরকম হওয়াই স্বাভাবিক। টাকাপয়সা আর খাবার ছাড়া একজন ভিক্ষুক অন্য কী আর ভাবতে পারে। আপনি যদি খুব গরীব হন তাহলে টাকার কথাই ভাববেন। ধনী লোক অন্য কিছু ভাবতে পারে, কিন্তু গরীব লোক তা পারে না। একইভাবে একজন অসুস্থ লোক সুস্থতার কথা চিন্তা করতে পারে। যার যেটার অভাব সে সেটার কথাই ভাবে, যা আছে সেটার কথা ভাবে না। আমার যখন দৃষ্টিশক্তি ছিল তখন এটাকে সুবিধা হিসেবে ভাবিনি। বরং আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে আমি যে-কোনো কিছু দিয়ে দিতে পারি এবং বাসা থেকে বের হবো না।
মারিও: বোর্হেস, আপনি যে-বাড়িতে বাস করছেন তা আমাকে বিস্মিত করেছে, বিশেষ করে এই আপনার ঘুমাবার ঘরের অনাড়ম্বরতা, এই ঘরে অল্প যা-কিছু আছে তাতে দেখতে পাচ্ছি Condecoración de la Orden del Sol নামক সম্মাননা যা আপনাকে পেরু সরকার দিয়েছে।
বোর্হেস: চার প্রজন্মের পর আমাদের পরিবারে এই সম্মাননা আবার ফিরে এসেছে।
মারিও: সেটা কিভাবে, বোর্হেস?
বোর্হেস: আমার প্রপিতামহ কর্নেল সুয়ারেস এটি পেয়েছিলেন যিনি হুনিনে পেরুর অশ্বারোহী বাহিনীর দায়িত্বে ছিলেন। তখন তিনি এই সম্মাননা পান এবং (সিমোন) বলিভার কর্তৃক ক্যাপ্টেন থেকে কর্নেল পদে উত্তীর্ণ হন। পরে সম্মাননা স্বারকটি গৃহযুদ্ধের সময় হারিয়ে যায় । আমার পরিবার যদিও উনিতারিয়াপন্থী (unitaria) , আমি রোসাস-এর দূরসম্পর্কের আত্মীয়—-প্রায় জনমানবশূণ্য এই দেশে আমরা সবাই আত্মীয়। চার প্রজন্মের পর এটি ফিরে এলো, সাহিত্যিক কারণে। মায়ের সাথে আমি লিমায় গিয়েছিলাম, মা কেঁদে ফেললেন কারণ আমার প্রপিতামহের প্রতিকৃতিতে এই সম্মাননার দৃশ্যটা তার মনে পড়ে গিয়েছিল, আর এখন কিনা সেটি তার হাতে, তার ছেলের জন্য। আমি খুবই আবেগ আপ্লূত হয়ে পরেছিলাম।

মারিও: আচ্ছা, তার মানে, পেরুর সাথে আপনাদের সম্পর্ক তাহলে কয়েক প্রজন্ম ব্যাপী।
বোর্হেস: হ্যাঁ, চার প্রজন্মের। না, তারও আগে, আমি বলছি তোমাকে, আমি ছিলাম… না, না, দাঁড়াও … হ্যাঁ, আমি কুসকোতে ছিলাম, সেখানে একটা বাড়িতে ছাগলের মাথা খোদাই করা একটা ফলক দেখতে পাই, ওখান থেকেই হেরোনিমো লুইস দে কাব্রেরা চারশ বছর আগে এসেছিল ইকা নামের এক শহর প্রতিষ্ঠা করার জন্য, আমি জানি না এটা ঠিক কোথায়। আর্হেন্তিনায় কর্দোবা শহরও তারই প্রতিষ্ঠিত। অর্থাৎ, সম্পর্কটা পুরোনো।
মারিও: তার মানে এক অর্থে আপনিও পেরুর।
বোর্হেস: হ্যাঁ, অবশ্যই।


ছবি:গ্রন্থাগারিক হোর্হে লুইস বোর্হেস
মারিও: লিমা যাওয়ার আগে পেরু সম্পর্কে আপনার কী ধারণা ছিল?
বোর্হেস: খুব ঝাপসা একটা ধারণা, মনে হয় সেটা মূলত প্রেসকট-এর ভিত্তিতেই।
মারিও: প্রেসকট-এর la Historia de la conquista del Perú বইটির কথা বলছেন? এই ইতিহাস আপনি কখন পড়েছিলেন?
বোর্হেস: তখন আমার বয়স নিশ্চয়ই সাত কি আট হবে। আমার জীবনে পড়া ওটাই ইতিহাসের প্রথম বই। পরে পড়লাম বিসেন্তে ফিদেল লোপেসের Historia de la República Argentina, আরও পরে রোম ও গ্রিসের ইহিহাস। তবে বলতে গেলে আগাগোড়া যে বইটি আমি সেটা ওই বইটা।
মারিও: পেরু সম্পর্কে আপনার কী ধারণা হয়েছিল তখন, সম্ভবত এক পৌরাণিক দেশ?
বোর্হেস: কিছুটা পৌরাণিক, হ্যাঁ। পরে আমি পেরুর আরেকিপার লেখক আলবের্তো ইদাল্গোর বন্ধু হয়েছিলাম, তোমাদের কাছে তিনি নিঃসন্দেহে বিস্মৃত।
মারিও: তিনি আর্হেন্তিনায় বহু সময় কাটিয়েছেন, তাই না?
বোর্হেস: হ্যাঁ, তিনি আমাকে এমন কবির কথা বললেন যার অনেক লেখা আমার মুখস্থ ছিল।
মারিও: কোন কবি, বোর্হেস?
বোর্হেস: এগুরেন।
মারিও: হোসে মারিয়া এগুরেন।
বোর্হেস: হ্যাঁ, ঠিক । বইটার নাম ছিল "La niña de la lámpara azul", তাই না?
মারিও: এটা আসলে একটি কবিতা, এগুরেনের সুপরিচিত কবিতাগুলোর একটা।
বোর্হেস: হ্যাঁ, আরেকটা ছিল… ঝাপসাভাবে মনে পড়ে একটা জাহাজ আর মৃত এক ক্যাপ্টেনকে নিয়ে জাহাজটা ভেসে যাচ্ছে। কবিতার পংক্তিগুলো মনে নেই।
মারিও: ভীষণ উদ্ভাবনাময় ও সুক্ষ্ণতাপূর্ণ এক প্রতীকবাদী কবি।
বোর্হেস: ভীষণ সুক্ষ্ণ। জানি না উদ্ভাবনাময় কিনা। আমার ধারণা স্বেচ্ছাকৃত সরল।
মারিও: উদ্ভাবনাময় বলছি নিন্দাসুচক অর্থে নয়।
বোর্হেস: না, না। উদ্ভাবনা একটা গুণ, অবশ্যই।
মারিও: উনি পেরুর বাইরে কখনো যাননি এবং আমার ধারণা, লিমার বাইরেও নয়। তার লেখার একটা বিরাট অংশ নর্ডিক জগত নিয়ে, নর্ডিক রূপকথা এবং তার জন্য বিশেষভাবে অদ্ভুত বিষয়।
বোর্হেস: স্মৃতিকাতরা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।
মারিও: সম্ভবত আপনার এবং এগুরেনের মধ্যে এটা কিছু সাদৃশ্য তুলে ধরে।
বোর্হেস: হ্যাঁ, এটা ঠিক যে আমি এমন কিছু দেশের কথা ভাবছি যে-দেশগুলো আমি চিনি না কিংবা অনেক পরে চিনেছি। চিন কিংবা ভারত দেখার খুব ইচ্ছে। … যদিও সাহিত্যের মাধ্যমে অনেকটাই জানি।
মারিও: কোন দেশ আপনাকে বেশি আপ্লুত করেছে, বোর্হেস?
বোর্হেস: জানি না, বলা যায় জাপান, ইংল্যান্ড এবং …
মারিও: যেমন আইসল্যান্ড?
বোর্হেস: আইসল্যান্ড অবশ্যই। কারণ আমি নর্ডিক ভাষা শিখছি যা কিনা সুইডিস, নরওয়েজিয় , ডেনিস এবং অংশত ইংরেজি ভাষারও মাতৃভাষা।
মারিও: কত শতাব্দী আগে মানুষ এই ভাষায় কথা বলা বন্ধ করে দিয়েছে?
বোর্হেস: না, না, সমসাময়িককালে আইসল্যান্ডে এই ভাষায় কথা বলা হয়। আমার কাছে ক্লাসিকস কিছু সংস্করণ আছে, ১৩ শতকের রচনাসম্ভার, এই সংস্করণগুলো আমাকে কেউ না কেউ উপহার দিয়েছেন কিংবা রেইকিয়াভিক-এ কিনেছি। এই সংস্করণগুলোতে কোনো নির্ঘন্ট নেই, এমনকি না আছে ভূমিকা না নোটস।
মারিও: তার মানে এই ভাষা বিবর্তিত হয়নি, আট শতাব্দিব্যাপী একই রকম রয়ে গেছে।
বোর্হেস: আমার ধারণা উচ্চারণ বদলেছে। তাদের ক্লাসিকসগুলো তারা পড়তে পারে, উদারণ স্বরূপ যেমন ইংরেজরা পড়তে পারেন ডানবার, চসার কিংবা আমরা যেমনভাবে পড়তে পারি Cantar de Mío Cid কিংবা ফরাসিরা যেমন La Chanson de Roland পড়তে পারে।


ছবি: ভক্ত পরিবেষ্টিত হোর্হে লুইস বোর্হেস
মারিও: কিংবা গ্রিকরা পড়তে পারে হোমার ।
বোর্হেস: হ্যাঁ, ঠিক তাই। তারা তাদের ক্লাসিকস নির্ঘন্ট, টিকাটিপ্পনী ছাড়াই পড়তে পারে, নিসন্দেহে ভিন্ন উচ্চারণে। তবে, উদাহরণ স্বরূপ বলা যায়, ইংরেজি ভাষার উচ্চারণও অনেক বদলে গেছে। আমরা বলি To be or not to be, মনে হয় যেন শেক্সপিয়র। ১৭ শতকেও ওরকম বলা হতো, স্যাক্সনীয় স্বরবর্ণকে উন্মুক্ত রেখেই: Tou be or nat tou be– এটা অনেক বেশি শ্রুতিমধুর, একেবারেই ভিন্ন রকম। কিন্তু আজকের দিনে ওরকম উচ্চারণ প্রায় কৌতুককর শুনাবে।
মারিও: বোর্হেস, এই কৌতূহল, কিংবা বলা ভালো, কৌতূহলের চেয়েও বেশি কিছু, বিচিত্র ধরনের সাহিত্যের প্রতি আপনার মুগ্ধতার…
বোর্হেস: জানি না ঠিক বিচিত্র কিনা…
মারিও: আমি বলতে চাচ্ছি নর্ডিক বা এংলোস্যাক্সন সাহিত্যের প্রতি আপনার আগ্রহ।
বোর্হেস: হ্যাঁ, এংলোস্যাক্সন হচ্ছে প্রাচীন ইংরেজি সাহিত্য।
মারিও: আপনি মনে করেন এর সাথে কোনো সম্পর্ক রযেছে…
বোর্হেস: স্মৃতিকাতরতার?
মারিও: আর্হেন্তিনার সাথে। সত্যিকারের ঘটনা হলো আর্হেন্তিনা পুরোপুরি আধুনিক এক দেশ, প্রায় অতীতবিহীন।
বোর্হেস: আমার তাই মনে হয়। এবং সম্ভবত আমাদের সমৃদ্ধির একটা হচ্ছে স্মৃতিকারতা। ইউরোপের জন্য স্মৃতিকাতরতা, সর্বোপরি, একজন ইউরোপীয় সেটা অনুভব করতে পারে না, কারণ একজন ইউরোপীয় নিজেকে ইউরোপীয় বলে অনুভব করে না, বরং বলা যায় ইংরেজ, ফরাসি, আলেমান, স্পানঞল, ইতালীয়, রুশ…
বুয়েনোস আইরেস, জুন, ১৯৮১