২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হেমিংওয়ের নারীরা : হেমিংওয়ের গৃহদাহ

ফারুক মঈনউদ্দীন ফারুক মঈনউদ্দীন

Published : 05 Jul 2020, 04:42 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


ছবি: বিয়ের পরপরই তোলা পলিনের সাথে যুগল ছবি

প্রথম স্ত্রী হ্যাডলির সাথে দারিদ্র্য ও আনন্দের মাঝে প্যারিসের সংসারজীবন অতিবাহিত করার এক পর্যায়ে আর্নেস্ট হেমিংওয়ের সাথে প্রথম পরিচয় হয় ভোগ ফ্যাশন ম্যাগাজিনের সাংবাদিক পলিন ফেইফারের। প্রথম দেখায় ফ্যাশানদুরস্ত এই নারীকে তাঁর কাছে ধনীর দুলালী ছাড়া বেশি কিছু মনে হয়নি। এরকম সাজগোজ করা ঠাটের নারী তিনি অনেক দেখেছেন, তাঁর কাছে তখনও নিরাভরন সহজসরল স্ত্রী হ্যাডলিই ছিলেন আদর্শ প্রেমিকা। হ্যাডলি সম্পর্কে হেমিংওয়েকে উদ্ধৃত করে তাঁর জীবনীকার ও বন্ধু অ্যারন এডওয়ার্ড হোচনার লিখেছেন, "আমার জীবনে হ্যাডলি ছিল একমাত্র নারী যাকে গুরুত্ব দিতাম আমি, ওর সম্পূর্ণ শরীর ও স্তন, ওর কাঁধ পর্যন্ত চুল, গোড়ালি পর্যন্ত লম্বা পোশাক, সামান্য কিছু সাজ ও গয়না সহ কিংবা নিরাভরণ, সবকিছু। খুব ভালোবাসতাম ওর চাউনি আর বিছানার সুখানুভূতি। আমি যা ভালোবাসতাম সে-ও সেসবকে ভালোবেসেই ওর জীবন কাটিয়েছে: অস্ট্রিয়াতে স্কি করা, অতেইর রেসের মাঠে পিকনিক, স্যান্ডউইচ আর ফ্লাস্কভর্তি কফি নিয়ে সারারাত জেগে ভেলোড্রোমে সাইকেল রেস . . .।" হাইকিং, স্কি করা কিংবা মাছ ধরাতে হ্যাডলি ছিলেন যোগ্য সঙ্গীনি। হোচনারের কাছে প্রতিভাত হয়েছে, জীবনের উপান্তে এসে হেমিংওয়ে এই উপলব্ধিতে পৌঁছাতে পারেন যে হ্যাডলি ও পলিন এই দুই নারীকে একসাথে ভালোবাসা ছিল তাঁর ভুল।
তাঁদের দাম্পত্য জীবনে পলিনের কৌশলী অনুপ্রবেশের পর হ্যাডলির সাথে সম্পর্কের টানাপড়েন শুরু হলে হেমিংওয়ে চরম মানসিক যন্ত্রণায় ভুগতে শুরু করেছিলেন। হ্যাডলিকে পরিত্যাগ করা যেমন তাঁর কাছে ছিল অসম্ভব, পলিনের সম্মোহন এড়ানোও ছিল কঠিন। এমন মানসিক পরিস্থিতিতে হেমিংওয়ে একবার আত্মঘাতী হওয়ার কথাও ভেবেছিলেন। এই কাজটি যে তাঁর জন্য মোটেই কঠিন ছিল না, সেটি তিনি প্রমাণ করে গেছেন একাধিক অসফল প্রচেষ্টার পর সফল আত্মহত্যার মাধ্যমে। হ্যাডলির সাথে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদের ঠিক আড়াই মাস আগে পলিনের কাছে এক চিঠিতে (২২ নভেম্বর ১৯২৬) তিনি লিখেছিলেন,
গেল হেমন্তে যখন বেশ ভালো সময় যাচ্ছিল, খুব ধীরস্থিরভাবে কোনো ধাপ্পাবাজি না করে আমি বলেছিলাম যে এই খ্রিস্টমাসের আগে যদি এটা মিটে না যায়, তাহলে আমি আত্মহত্যা করব Ñ কারণ এতে বোঝা যাবে যে এটা মিটতে যাচ্ছে না। . . . পরে অবশ্য প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তুমি ফিরে আসার আগে একাজ আমি করব না কিংবা এটা নিয়ে ভাববোও না। কিন্তু এখন আবার সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে . . .। (সিলেক্টেড লেটারস ২২২)।
আর্থিক অস্বচ্ছলতা থাকা সত্ত্বেও প্যারিসে নিজের ছোট পরিবার নিয়ে একটা সুখী জীবনে হেমিংওয়ে দেখতে পাচ্ছিলেন ভবিষ্যতের উজ্জ্বল আভাস। সাহিত্যজীবনে বড় ধরনের কোনো সাফল্য তখনও আসেনি বটে, তবে তাঁর দুটো বই পাঠকমহলে আদৃত হয়েছে, প্রথম উপন্যাসটি তখনও বের না হলেও প্রস্তুতি প্রায় শেষ। স্বামীর এমন প্রাথমিক সাফল্যে হ্যাডলিও বেশ খুশি। সাথে যুক্ত হয়েছিল বাম্বির মতো চমৎকার একটা সন্তান জন্মদানের সাফল্য ও তৃপ্তি। নতুন জুতো কেনার সংগতি না থাকায় তলা ফুটো হওয়া পুরনো জুতো পরে দোকান ঘুরে ঘুরে শস্তায় জিনিসপত্র কেনার জন্য পায়ে হেঁটে চলাফেরার কারণে পুরো শীতকালজুড়ে সর্দি লেগে থাকতো হ্যাডলির। পরিচিত স্বচ্ছল বন্ধুদের সাথে মেলামেশা করতে হতো বহু ব্যবহারে জীর্ন পোশাক নিয়ে। এসব নিয়ে কোনো অভিযোগ নেই হ্যাডলির। একবার বান্ধবী স্যালি বার্ড তাঁর দরজিকে দিয়ে ওঁর জন্য একপ্রস্থ পোশাক তৈরি করিয়ে দিলে প্রবল আত্মসম্মানবোধসম্পন্ন হ্যাডলি বিব্রত হয়ে কেঁদে ফেলেছিলেন, দানটা গ্রহণ করেননি তিনি। কখনো আরেক ফ্যাশনদুরস্ত বড়লোক বান্ধবী মাঝে মাঝে তাঁর কিছু পোশাক বিলিয়ে দিচ্ছেন এমন ভান করে হাডলিকে তার কয়েকটি নিতে রাজী করাতেন। হ্যাডলির এমন দীনহীন অবস্থার জন্য আর্নেস্টকেই দায়ী করতো ওঁদের বন্ধুমহল। হ্যাডলির ৩৪তম জন্মদিনে তাঁকে অবাক করে দেওয়ার জন্য স্ত্রীর পছন্দের একটা পেইন্টিং Ñ স্পেনিশ শিল্পী হুয়ান মিরোর 'দ্য ফার্ম' কিনে ফেলেছিলেন আর্নেস্ট। সেটার দাম মেটাতে গিয়ে অনেকের কাছ থেকে টাকা ধার করতে হয়েছিল বলে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সবার প্রশ্ন, যেখানে বেচারী হ্যাডলির অনেক দরকারি জিনিস কেনা যাচ্ছে না, সেখানে এত দাম দিয়ে পেইন্টিং কেনার বিলাসিতা কীভাবে করে হেমিংওয়ে? (সূত্র: অ্যালিস হান্ট সকোলফ: হ্যাডলি, দ্য ফার্স্ট মিসেস হেমিংওয়ে)।


ছবি: পলিনকে নিয়ে জাহাজে নিউ ইয়র্কের পথে

ঠিক এরকম একটা সময়েই হেমিংওয়ে দম্পতির সাথে পরিচিতি ঘটে পলিন ফেইফার আর তাঁর বোন জিমি ফেইফারের। হ্যাডলি ও পলিন দুজনই সেন্ট লুইসের মেয়ে, কিন্তু একই শহরের হলেও দুজনের মধ্যে আগে কখনোই দেখাসাক্ষাৎ হয়নি। এখানে আরেকটা কাকতালীয় ব্যাপার লক্ষণীয়, পলিন হ্যাডলির চেয়ে চার বছরের ছোট হলেও হেমিংওয়ের চেয়ে চার বছরের বড়। অর্থাৎ প্রথম প্রেমিকা কুরোওস্কি থেকে পলিন পর্যন্ত তিনজনই ছিলেন হেমিংওয়ের চেয়ে বয়সে বড়। একই শহর থেকে আসা প্যারিস প্রবাসী এই দুই নারীর মধ্যে বন্ধুত্ব হতে দেরি হয়নি। হ্যাডলির আমন্ত্রণে প্রথমবারের মতো ওদের গরীবি হালের বাসায় গিয়েছিলেন ধনীর দুহিতা দুই বোন। তাঁরা লক্ষ করেন, হ্যাডলির পুরনো বেশভূষার চেয়ে অধিক অগোছালো উঠতি এই লেখকের ঘরবাড়ি। তখন থেকে পলিন অভিজাত দোকান থেকে বাম্বির জন্য খেলনাপাতি নিয়ে যখন-তখন হেমিংওয়ের বাড়িতে আসা যাওয়া শুরু করেন। মাঝে মাঝে হ্যাডলিকে ফ্যাশন শো কিংবা দামি রেস্তোরাঁয় চা খেতে নিয়ে যেতেন ওরা দুই বোন, কখনোবা আর্নেস্টকে লেখার টেবিল থেকে উঠিয়ে নিয়ে ক্যাফেতে গিয়ে বসতেন। ওদের বড়লোকি চালের সামনে কিছুটা সিঁটিয়ে থাকলেও স্বামীর লেখালেখি ইত্যাদি নিয়েই ছিল হ্যাডলির জগত, তাই এসবে তেমন গা করতেন না তিনি। কারণ, বাম্বির জন্য পলিন মেয়েটির মধ্যে বেশ মায়া দেখতে পেতেন তিনি, বুঝতে পারেননি সেই মায়ার কতখানি আসল আর কতখানি মেকি। বাম্বিকে পলিন কখনো বেড়াতেও নিয়ে যেতেন এদিক সেদিক, এমনকি ওর বাবা মা যদি কোথাও যেতে চায়, বাচ্চাটাকে ওঁর কাছে রেখে যেতে পারে বলেও আশ্বস্ত করেছিলেন তিনি। তবে হেমিংওয়ের অবস্থা তখন এমনই ছিল যে কোথাও বেড়াতে যাওয়ার সঙ্গতি ছিল না ওঁদের, তাই নিজে সেধে পলিনের দেওয়া এই সুবিধা কখনো গ্রহণ করতে হয়নি। একসময় ওদের দুজনকে প্রায়ই ডিনারের নিমন্ত্রণ দিতে শুরু করেন পলিন, জানতেন, বাম্বিকে একা রেখে হ্যাডলি যাবেন না, তাই অগত্যা আর্নেস্টকেই যেতে হতো। (সূত্র: অ্যারন এডওয়ার্ড হোচনার)।
এভাবে পলিন ফেইফার বন্ধুত্বের ছদ্মাবরণে কখন এই দম্পতির সংসারে চুপিসারে ঢুকে পড়েছেন সেটা টের পেতে হ্যাডলির কিছুটা দেরি হয়ে যায়, আর যখন টের পান তখন বুঝতে পারেন যে তিনি হেরে বসে আছেন। হেমিংওয়ে নিজেই যেহেতু ছিলেন পলিনের এই সব আচরনের মূল লক্ষ্য, তিনি বহু আগেই বুঝতে পেরেছিলেন, তবু উপেক্ষা করতে পারেননি কিছু, বরং যেন উপভোগই করেছেন। একথা বলা অশোভন হবে না যে একজন দরিদ্র মানুষের পক্ষে এসব প্রলোভন এড়ানোর জন্য যেরকম মনোবল থাকা দরকার, তার ঘাটতি ছিল হেমিংওয়ের মধ্যে। বিষয়টা তিনি হোচনারের কাছে স্বীকারও করেছেন, "সত্যি বলতে, আমি সম্ভবত এসব পছন্দ করছিলাম: দারিদ্র্য একটা রোগ যা সারাতে হয় টাকার ওষুধ দিয়ে। ডিজাইনারের পোশাক, ট্যাক্সি আর রেস্তোরাঁর পেছনে যেভাবে সে খরচ করতো, মনে হয় সেসব উপভোগ করতাম আমি। পরে যখন বাস্তবতা আমার কাছে ধরা দেয়, আমি বুঝতে পারি অর্থসম্পদ কেন জঘন্য উদ্ভিদরোগের ফাংগাসের মতো, যা টমেটোগুলোকে মেরে ফেলে।"
একসময় হেমিংওয়ের বিভিন্ন বিষয়ে পলিনের নাক গলানো ও প্রভাবের বিষয়টা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। তাঁর গল্পগ্রন্থ ইন আওয়ার টাইম চৌদ্দটি নতুন গল্প নিয়ে পুনঃপ্রকাশিত হলে বইটির ওপর বেশিরভাগ আলোচনাতেই খুব ভালো প্রতিক্রিয়া পাওয়া যায়। তবে কিছু আলোচক তাঁর লেখাকে শেরউড এন্ডারসনের সাথে তুলনা করলে ক্ষেপে যান হেমিংওয়ে। প্রতিবাদ হিসেবে এন্ডারসনের ডার্ক লাফটার-এর একটা ব্যাঙ্গাত্মক প্যারডি লেখেন তিনি, নাম টরেন্টস অভ স্প্রিং। কেবল এন্ডারসনের লেখার কথিত প্রভাবের কারণেই নয়, তাঁর বইটির ওপর একটা আলোচনা লিখতে গারট্রুড স্টাইনের অসম্মতিও হেমিংওয়েকে কুপিত করেছিল। এটিও একমাত্র কারণ নয়, টি এস এলিয়টের ক্রাইটেরিয়ন ম্যাগাজিনে হেমিংওয়ের লেখা প্রকাশের বিষয়ে বিরূপ মতামত জানিয়ে স্টাইনের বক্তব্যও তাঁর ক্ষোভের সাথে যুক্ত হয়েছিল। স্টাইন নাকি এলিয়টকে জানিয়েছিলেন যে হেমিংওয়ের লেখা ছাপতে আরও অপেক্ষা করে দেখা উচিত, কারণ তিনি মাত্র লেখালেখি শুরু করেছেন, তাঁর শক্তি সম্পর্কে এখনই জানার কোনো উপায় নেই। হেমিংওয়ে তাঁর প্যারিস-স্মৃতিতে (অ্যা মুভেবল ফিস্ট) উভয় বিষয় তুলে এনেছেন। "আটলান্টিক মান্থলিতে লিখতে চেয়েছিলেন বলে জানালেন তিনি এবং লিখবেনও কখনো। তারপর বলেন যে এই কাগজে বা স্যাটারডে ইভনিং পোস্ট-এ লেখার মতো যথেষ্ট ভালো লেখক আমি নই, তবে আমার নিজস্ব ভঙ্গিতে নতুন ধরনের এক লেখক হতে পারি আমি।" হেমিংওয়ে এজরা পাউন্ডকে বলেছিলেন যে টরেন্টস অভ স্প্রিং লেখার পেছনে তাঁর উদ্দেশ্য হচ্ছে এন্ডারসন, গারট্রুড, লুইস, ক্যাথারদের সব ঝুটগুলো ব্যঙ্গ করে দেখিয়ে দেওয়া এবং এইসব ভন্ড বেজন্মাদের জলদি অবসরে পাঠানো। (সূত্র: প্যাট্রিক ব্লেয়ার বন্ডস Ñ অভিসন্দর্ভ ট্রান্সআটলান্টিক ব্যাগেজ: এক্সপ্যাট্রিয়েট প্যারিস, মর্ডানিজম অ্যান্ড দ্য অ্যপ্রেন্টিসশিপ অভ আর্নেস্ট হেমিংওয়ে)।
এধরনের প্রতিক্রিয়াপূর্ণ লেখা আগেও লিখেছেন হেমিংওয়ে, হ্যাডলি সেটা জানেন বলে বিষ্ফোরক ঔপন্যাসিকাটি প্রকাশ করা থেকে স্বামীকে বিরত রাখতে চেষ্টা করেছিলেন। আমরা জানি, হেমিংওয়ের লেখালেখির পথ সুগম করার জন্য প্যারিসে আসার সুবুদ্ধিটা শেরউড এন্ডারসনই দিয়েছিলেন। সেদিন তাঁর পরামর্শ শুনে প্যারিসে না এসে নিজস্ব পরিকল্পনামাফিক ইতালি গেলে হেমিংওয়ে এতদূর এসে পৌঁছাতে পারতেন কি না সেটাও ভাববার বিষয়। এই কথাটা হেমিংওয়ের স্মরণে না থাকলেও হ্যাডলি ভোলেননি, তাই বয়োজ্যেষ্ঠ এই লেখককে আঘাত দেওয়া থেকে স্বামীকে বিরত রাখতে তাঁর চেষ্টার ত্রুটি ছিলনা। হেমিংওয়ের অন্য বন্ধুরাও হ্যাডলির সাথে একমত ছিলেন, তাই হ্যাডলির ক্ষীণ একটা আশা ছিল, হেমিংওয়ে রাগের মাথায় ঔপন্যাসিকাটি লিখলেও সেটা প্রকাশ করবেন না। কিন্তু এব্যাপারে হেমিংওয়েকে প্ররোচিত করেছিলেন একমাত্র পলিন, তা না হলে সবার অনুরোধ ঠেলে হেমিংওয়ে এটি প্রকাশ করতে দিতেন না।
এভাবেই হেমিংওয়ের ওপর পলিনের প্রভাব ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে। তাঁদের খোলামেলা বন্ধুত্ব ঢাকা পড়ে যেতে থাকে গোপন অভিসারের অন্ধকারে। তাঁদের শরীরি প্রেম খুব দ্রুত মাদকাসক্তির মতো হেমিংওয়েকে গ্রাস করে নেয়। জীবনীকার হোচনাকে তিনি বলেন "স্বীকার করতে আমার ঘেন্না হচ্ছে, হ্যাডলির সাথে যেরকম, পলিনের সাথেও সেরকম ঘনিষ্ট হয়ে পড়েছিলাম আমি।"


ছবি: পলিন

হেমিংওয়েকে একবার কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল, সেখানেও অনিবার্যভাবে গিয়ে উপস্থিত হয়েছিলেন পলিন। দ্য সান অলসো রাইজেস তখনও বের হয়নি, প্রকাশিতব্য উপন্যাসটি চূড়ান্ত করার সময়ে বিভিন্ন বিষয়ে পলিনের মন্তব্য জানতে চাইতেন তিনি। উল্লেখ্য, প্যারিসবাসের সময় তাঁর প্রথম দিকের লেখালেখিগুলো সম্পর্কে হ্যাডলির মতামতও তিনি নিতেন একসময়, তবে হ্যাডলির তুলনায় সম্পাদনার অভিজ্ঞতালব্ধ পলিনের কাছ থেকে পাওয়া পরামর্শগুলো তাঁর কাছে ছিল অনেক বেশি মূল্যবান। গবেষক ও জীবনীকার এলিস সকোলফকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাডলি স্বীকার করেছিলেন যে আধুনিক সাহিত্য বিষয়ে তিনি খুব আগ্রহী ছিলেন না। একবার এক সাংবাদিকের কাছে হেনরি জেমসকে (১৮৪৩Ñ১৯১৬) তাঁর প্রিয় লেখক বলায় রাগে ফেটে পড়েছিলেন হেমিংওয়ে। তাঁর বন্ধুদের কেউ কেউ এমনও বলেছেন যে হ্যাডলি তাঁর স্বামীর লেখা বুঝতেন না, তাঁর মেধাকেও খুব হালকাভাবে নিয়েছিলেন হ্যাডলি।
সেবারের গ্রীষ্মে বুল ফাইটিং দেখার জন্য স্পেন গিয়েছিলেন হেমিংওয়ে। স্ত্রী হ্যাডলি আর শিশুপুত্র জ্যাক ওরফে বাম্বিরও যাওয়ার কথা ছিল। তবে বাচ্চাটার কাশি হয়েছে দেখে বলে স্পেনের আর্দ্র আবহাওয়ায় ওকে না নেওয়ার সিদ্ধান্ত হয়। এসময় ওঁদের পারিবারিক বন্ধু আমেরিকান আইরিশ চিত্রকর জেরাল্ড মারফি (১৮৮৮Ñ১৯৬৪) আর তাঁর স্ত্রী সারা মারফি সপুত্রক হ্যাডলিকে এই সময়টা ওদের বাড়িতে কাটাবার জন্য আমন্ত্রণ জানান। উল্লেখ্য ধনাঢ্য পিতার ব্যবসায়ে যোগ না দেওয়ার অভিপ্রায়ে এবং পাঁচ বছরের বড় সারাকে বিয়ে করার পর উভয় পরিবারের অসন্তোষ এড়াবার জন্য প্যারিসে চলে এসেছিলেন জেরাল্ড। সেখানে এই দম্পতির বাড়ি ছিল হেমিংওয়ে, ফিটজেরাল্ড, পিকাসো, ডরোথি পারকার, জাঁ ককতো প্রমুখ লেখক-বুদ্ধিজীবীর প্রাণকেন্দ্র। মারফিদের বাড়িতে গিয়ে অসুস্থ বাম্বির চরম ছোঁয়াচে হুপিং কফ ধরা পড়ে ডাক্তারি পরীক্ষায়। ওদেরও দুটো ছেলে আছে, ফলে সে বাড়ি ছাড়তে হয় হ্যাডলিকে। এরকম অবস্থায় বাম্বির জন্য দরকার কোয়ারেন্টিন। ভাগ্যক্রমে সেসময় স্কট ফিটজেরাল্ড সস্ত্রীক কাছের এক সৈকতে ছুটি কাটাচ্ছিলেন। তাঁরা মা-ছেলেকে ওঁদের ভাড়া করা একটা দুই কামরার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। খবর পেয়ে বাম্বির আয়াটিও প্যারিস থেকে ছুটে আসেন সেখানে। এভাবে ওঁরা আড়াইজন মিলে সেই বাড়ির হোম কোয়ারেন্টিনে থাকতে শুরু করেন।
মারফি আর ফিটজেরাল্ড ওঁদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলেও খাবার দাবারসহ দরকারি সব কিছু পাঠাচ্ছিলেন। তবু অনিশ্চয়তা, অসহায়ত্ব আর একাকীত্বের যন্ত্রণায় হাঁপিয়ে উঠলে সেটা প্রশমনের জন্য কখনো বাইরে গিয়ে একপ্রস্থ হুইস্কি খেয়ে আসতেন হ্যাডলি। এর মধ্যে পলিনও এসে ওদের সাথে যোগ দেন সেই বাড়িতে। পলিনের আসার ব্যাপারে একাধিক মত থাকলেও একটি সূত্র থেকে জানা যায়, হ্যাডলি নাকি হেমিংওয়েকে চিঠি লিখে জানিয়েছিলেন যে তিনি পলিনকে আসতে আমন্ত্রণ জানিয়েছেন, কারণ, তাঁরা তিনজন যদি একত্রে সেই রিভিয়েরাতে গ্রীষ্মাবকাশ কাটান, সেটা সবার জন্য হবে এক কৌতুককর ঘটনা। তথ্যটা সঠিক হলে সম্ভবত সেটা ছিল হ্যাডলির ব্যঙ্গাত্মক মন্তব্য। আবার ভিন্ন মতে, হেমিংওয়েই নাকি পলিনকে অনুরোধ করেছিলেন যাতে এই দুঃসময়ে হ্যাডলিকে সঙ্গ দেন তিনি। পলিনের ছোটবেলায় একবার হুপিং কফ হয়ে গেছে বলে তাঁর মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা জন্মে গেছে বলেই এমন অনুরোধ। তবে ভিন্নজনের ভিন্নমত থাকলেও পলিন যে স্বেচ্ছায় ওর নিজ স্বার্থে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন, সেটাই বরং অনেক বেশি গ্রহণযোগ্য কারণ হতে পারে।
কিছুদিনের মধ্যে হেমিংওয়েও স্পেন থেকে ফিরে এসে যোগ দেন ওঁদের সাথে। অর্থাৎ সেই দুই ঘরের বাড়িটিতে গোপন প্রেমিকা, বৈধ স্ত্রী, সংক্রামক রোগাক্রান্ত শিশুপুত্র আর তার আয়াকে নিয়ে একসাথে স্বেচ্ছা অন্তরীণ থাকেন হেমিংওয়ে। সেই দুঃসময়ে মারফি আর ফিটজেরাল্ড শারীরিক দূরত্ব বজায় রেখে তাঁদের নিয়মিত সঙ্গ দিয়েছেন। সন্ধ্যার আগে তাঁরা চলে আসতেন সাময়িক সঙ্গনিরোধক বাড়িটিতে, তারপর বাড়ির সামনে গাড়ি পার্ক করে পানপাত্র হাতে ছোট উঠোনটির বেড়ার বাইরে থেকে ডাক দিতেন হেমিংওয়েকে। তিনি পলিন আর হ্যাডলিকে সাথে নিয়ে গ্লাস হাতে বারান্দায় দাঁড়িয়ে দূর থেকে যোগ দিতেন সেই অভিনব সান্ধ্য আসরে।
স্বেচ্ছা অন্তরীণের বাসিন্দারা যেভাবেই থাকুন না কেন, ব্যবস্থাটা কাজে এসেছিল। বাম্বি সুস্থ হয়ে ওঠে, বাকিদের কেউ আক্রান্ত হননি। কয়েক সপ্তাহ পর তাঁরা সে বাড়ি ছেড়ে দিয়ে তিনজন একটা হোটেলে এসে ওঠেন, আর পুরোপুরি সেরে ওঠার জন্য বাম্বিকে ওর আয়াসহ আরো কিছুদিনের জন্য অন্তরীণ রাখা হয় একটা আলাদা বাড়িতে। পরবর্তী সময়ে হেমিংওয়ে তাঁদের এই অন্তরীণ থাকা বাড়িটি সম্পর্কে বলেছিলেন "লেখার জন্য চমৎকার এক জায়গা।" ধারণা করা যায়, দমবন্ধ করা স্বেচ্ছানির্বাসনের বাড়িটিকে তাঁর 'চমৎকার' লাগার কারণ সম্ভবত গোপন প্রেমিকা পলিন ফেইফারের লোভনীয় উপস্থিতি।
হেমিংওয়ের নিজের বিভিন্ন ভাষ্য এবং জীবনীকারদের সূত্রে জানা যায়, পলিনের সাথে গোপন সম্পর্কের ভার বইতে কষ্ট হচ্ছিল তাঁর। মনের ভার লাঘবের জন্য একদিন ফিটজেরাল্ডের সাথে একান্তে দেখা করেন তিনি। ফিটজেরাল্ড ইতিমধ্যে সবই জেনে গেছেন। তিনি বলেন যে এক মায়াবীনির পাল্লায় পড়েছেন আর্নেস্ট। বলেন, "ও যখন প্যারিসে এসে পৌঁছায়, তখনই রটে গিয়েছিলে যে সে এসেছে একজন স্বামীর খোঁজে। নিজের স্বার্থেই তোমাকে চায় ও এবং তার জন্য সে যে কোনো কিছুই করতে পারে।" হেমিংওয়ে তাঁকে বলেন যে হ্যাডলি আর পলিন দুজনকেই ভালোবাসেন তিনি, জবাবে ফিটজেরাল্ড বলেছিলেন যে ওকে না ছাড়লে ওদের বিয়েটাই ভেঙে দেবে পলিন। তারপর হেমিংওয়েকে পরামর্শ দিয়ে বলেন, "একজন পুরুষ দুজন মেয়েমানুষের মধ্যে ভাগ হলে আখেরে তাদের দুজনকেই হারাতে হয়।" তারপর হেমিংওয়ের হাত ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলেন, "ওর কাছ থেকে ছুটে যাও। এক্ষুনি, ঠিক এখানেই। এটা তিন নম্বর বিপদ সংকেত! এখনই সময়। ওকে বলে দাও।" (সূত্র: হোচনার)
ফিটজেরাল্ডের উপদেশ মান্য করার মতো অবস্থায় ছিলেন না হেমিংওয়ে। কিন্তু তবু সেই শীতে অস্ট্রিয়ান স্কি রিসর্ট শোন্সের একটা শস্তা হোটেল ভাড়া করে পরিবার নিয়ে প্যারিস থেকে সরে গিয়েছিলেন। পলিনের কাছ থেকে দূরে থাকার চেষ্টাটা সফল হয়নি। পলিন ঠিকই তাঁদের ধাওয়া করে সেখানে হাজির হয়ে একই হোটেলে গিয়ে উঠেছিলেন। সেই সাক্ষাতে নির্লজ্জের মতো তাঁকে স্কি করা শেখানোর আবদার করেছিলেন তিনি হেমিংওয়ের কাছে। সেখানে থাকা অবস্থায় প্রকাশকের কাছ থেকে দ্য সান অলসো রাইজেস প্রকাশের চুক্তি স্বাক্ষর করার ডাক পেয়ে নিউ ইয়র্ক যেতে হয় হেমিংওয়েকে। তাই ওদের শোন্সে রেখেই প্যারিস হয়ে আমেরিকা যাওয়ার জন্য রওনা হতে হয়েছিল হেমিংওয়েকে। কারণ, তাঁর পরিবারের জন্য ছিল একটিমাত্র পাসপোর্ট, সুতরাং হ্যাডলির একার পক্ষে অস্ট্রিয়া থেকে অন্য দেশে যাওয়া সম্ভব ছিল না। স্মর্তব্য, ১৯২০ সাল পর্যন্ত আমেরিকায় মহিলাদের পাসপোর্ট করার অধিকার ছিল না, যেমন ছিল না ভোট দেওয়ার অধিকার। পরবর্তী তিন বছরের মধ্যে পাসপোর্ট আবেদনকারীদের মধ্যে ৪০ শতাংশই ছিলেন মহিলা। তবে ১৯২০-এর দশকের পুরোটাই মহিলাদের স্থান হতো স্বামী বা অবিভাবকের পাসপোর্টে।
নিউ ইয়র্কের জাহাজে চড়ার আগে তাঁকে কয়েকদিন প্যারিসে থাকতে হয়। এসময় পলিন এসে হাজির হয়েছিলেন সেখানে, আলাদা পাসপোর্ট না থাকা হ্যাডলিবিহীন সেই কয়েকদিন নির্বিঘœ অন্তরঙ্গতায় কাটান তাঁরা। তাঁর ভাষায় "দেয়াল বেয়ে ওঠা আইভি লতার মতো আমাকে আঁকড়ে ধরেছিল ও।"
নিউ ইয়র্ক থেকে ফেরার পথে প্যারিসে আবারও পলিন তাঁকে পাকড়াও করেন। তাঁর ভাষায়, "নিউইয়র্কে কাজ সারার পর প্যারিস ফেরার সময় গাখ দে-লেস্ট স্টেশন থেকে প্রথম ট্রেন ধরা উচিত ছিল আমার, ওটাতে করে অস্ট্রিয়া যাওয়া যায়। কিন্তু আমি যে মেয়েটিকে ভালোবাসি সে তখন প্যারিসে, তাই আমি প্রথম ট্রেনটা ধরি না, দ্বিতীয় বা তৃতীয়টাও নয়।" (অ্যা মুভেবল ফিস্ট)


ছবি: পলিন

হেমিংওয়ের নিউ ইয়র্ক সফর ছিল তিন সপ্তাহের জন্য। শোন্সে সেই সময়টুকুতে স্বামীর ফেরার পথ চেয়ে প্রায় অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন হ্যাডলি। নিউ ইয়র্ক থেকে ফেরার জাহাজটা কয়েকদিন দেরি করেছিল, কিন্তু ফেরার পথে কিছু টাকা পয়সা জোগাড়ের জন্য হেমিংওয়েকে প্যারিসে যাত্রাবিরতি করতে হবে বলে জানতেন হ্যাডলি। কিন্তু তাঁর জানা ছিল না যে পলিনের সাথে কয়েকদিনের গোপন অভিসারে মিলিত হওয়ার জন্য পরপর তিনটি ট্রেন ছেড়ে দেবেন তাঁর স্বামী। তাঁর মনেও কি অশুভ কিছু কুডাক দিয়েছিল সেদিন?
প্যারিসের অভিসার সাঙ্গ হলে পলিনের হাত থেকে মুক্ত হয়ে অবশেষে হেমিংওয়ে আবার অস্ট্রিয়া পৌঁছান স্ত্রীপুত্রের কাছে। সেসময় তাঁর অনুভূতি ছিল এরকম:
গাদা করে রাখা কাঠের গুঁড়ির পাশ দিয়ে ট্রেনটা স্টেশনে ঢোকার পর আমার স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখি, আমার তখন মনে হচ্ছিল ওকে ছেড়ে আরেকজনকে ভালোবাসার আগে আমার মরণ হলো না কেন? আমাকে দেখে ওর মুখে হাসি, বরফের মধ্যে রোদে পোড়া ওর সুগঠিত চমৎকার মুখের ওপর সূর্যের আলো পড়ছিল, সারা শীতকাল ধরে বেসামাল আর সুন্দরভাবে বেড়ে ওঠা ওর চুল লাল সোনারঙে জ্বলছিল সূর্যের আলোয়। সোনালি চুল আর ছোটখাটো মুখে শ্রীমান বাম্বি সুবোধ ফহালবাখ-বালকের মতো ওর পাশে দাঁড়ানো। (অ্যা মুভেবল ফিস্ট)
শোন্সে ফেরার পর হ্যাডলি আর বাম্বির সাথে চমৎকার কয়েকটা দিন কাটাতে পারেন হেমিংওয়ে। তাঁর মনে হয় পলিনের গ্রাস থেকে আপাতত মুক্ত হতে পেরেছেন বুঝি। কিন্তু প্যারিসে ফিরে আসার পর সবকিছু আবার আগের মতো হয়ে যায়। পলিনের সাথে স্বামীর গোপন প্রণয়ের কথা কিছুটা আঁচ করতে পারছিলেন হ্যাডলি, কারণ, মেয়েরা যে তাঁর প্রতি সহজেই আকৃষ্ট হয় সেটা তো তাঁর অজানা নেই। প্যারিস আসার পথে হেমিংওয়েকে ঘিরে থাকা 'লিওপোল্ডিয়ানা' জাহাজের সহযাত্রী মেয়েগুলোকে দেখার আগে থেকেই তাঁর অজানা ছিল না যে তাঁর রমনীমোহন স্বামীটির আকর্ষণ এড়ানো কঠিন। পলিন গোপনীয়তা রক্ষা করে মেলামেশা করতেন, তাই স্বাভাবিক সামাজিক মেলামেশার ছদ্মাবরণটি একেবারে ঝেড়ে ফেলেননি তখনও। একবার বোন জিনি ফেইফার সহ হেমিংওয়ে পরিবারের সবাইকে নিয়ে লং ড্রাইভে প্যারিসের বাইরে শাঁতে (দুর্গ) দেখতে যাওয়ার পরিকল্পনা করেন পলিন। মাছ ধরা কিংবা স্কি করতে যাওয়া ছাড়া আগে কখনো এরকম বেড়ানোর সুযোগ পাননি হ্যাডলি, তাই বেশ খুশিমনেই গিয়েছিলেন তিনি। এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য পলিনের প্রতি ভেতরে ভেতরে কিছুটা কৃতজ্ঞই ছিলেন বরং, কারণ তখনও পলিনের আসল উদ্দেশ্য সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না তাঁর।
কিন্তু সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন যে পলিনের মেজাজ খুব খারাপ, কথায় কথায় ঝাঁজিয়ে উঠছেন, কখনো অস্বস্তিকরভাবে চুপ করে আছেন। বিষয়টা বেশ আহত করে তাঁকে, নতুন একটা জায়গায় যাওয়ার সব আনন্দ মাটি হয়ে গিয়েছিল তাঁর। সে যাত্রায় এক সন্ধ্যায় জিনিকে তিনি কথায় কথায় আর্নেস্ট আর পলিনের সম্পর্কের বিষয়ে জানতে চান। জিনির জবাবের মধ্যে যে ইঙ্গিত ছিল সেটা বুঝতে অসুবিধা হয়নি তাঁর। জিনি বলেছিলেন যে তাঁরা দুজন পরস্পরকে বেশ পছন্দ করে। এই কথায় তাঁর সন্দেহ আরও পাকাপোক্ত হয়।
প্যারিসে ফিরে আসার পর বিষয়টা নিয়ে স্বামীর মুখোমুখি হলে হেমিংওয়ে ফেটে পড়েছিলেন। কোনো কিছু অস্বীকার না করে বিষয়টা তুলে আনার জন্য উল্টো হ্যাডলিকেই দায়ী করেন তিনি। তাঁর মতে সবকিছু তো ঠিকভাবেই চলছিল, অনর্থক ব্যাপারটা জটিল করার কোনো প্রয়োজন ছিল না। হ্যাডলির যা বোঝার তা বোঝা হয়ে যায়। কিন্তু তবু মানিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। কারণ আর্নেস্ট কখনোই তাঁর সাথে খারাপ আচরণ করেননি, স্বামীর বিবেচনাবোধ কিংবা স্ত্রীর প্রতি মমতা নিয়েও কোনো খেদ ছিল না হ্যাডলির। তিনি বুঝতে পারেন, আর্নেস্ট চাইছিলেন সবকিছু আগের মতো চলুক। তিনি জানেন, তাঁকে ভালোবাসেন আর্নেস্ট, এটাও জানতেন, বোধহয় পলিনের ভালোবাসাকেও উপেক্ষা করতে পারছেন না তিনি। খ্রিস্টধর্মে একসাথে একাধিক স্ত্রী রাখার বিধান থাকলে হ্যাডলিকে যে সতীনের ঘর করতে হতো না, সেকথা জোর দিয়ে বলা যায় না। কিন্তু একজন বিশ্বস্ত স্ত্রী হিসেবে তাঁর পক্ষে এরকম কিছু মেনে নেওয়া ছিল অসম্ভব। এরকম অবস্থায় পলিন একবার আর্নেস্টের মাধ্যমে হ্যাডলির সাথে একান্তে কথা বলার প্রস্তাব দিয়েছিলেন, সে প্রস্তাব গ্রহণ করেননি তিনি। তবু এই ত্রিভূজ প্রেমের সম্পর্ক মেনে নিয়েই হ্যাডলি সপরিবার বন্ধু মারফি এবং পলিনের সাথে স্পেনের প্যাম্পলোনা বেড়াতে গিয়েছিলেন। পলিনের ছুটি শেষ হয়ে যাওয়ায় তাঁকে প্যারিসে ফিরে আসতে হয়, আর্নেস্ট তাঁর পরিবার নিয়ে চলে যান স্যান সেবাস্তিয়ান, সেখান থেকে মাদ্রিদ। পলিনমুক্ত সেই সফরই ছিল একসাথে তাঁদের শেষ ভ্রমণ। সেযাত্রায় ট্রেনে প্যারিস ফেরার পটভূমিতে হেমিংওয়ে 'অ্যা ক্যানারি ফর ওয়ান' গল্পটি লেখেন।
গল্পটিতে এক অনামা কথক তাঁদের প্যারিসগামী ট্রেনযাত্রার বর্ণনা দিয়েছেন। গল্পে হেমিংওয়ের গৃহদাহের চিত্র এসেছে এভাবে, "যখন অন্ধকার হয়ে আসছিল, মাঠের মধ্যে একটা জ্বলন্ত খামারবাড়ি অতিক্রম করে যায় ট্রেনটা। রাস্তায় গাড়িগুলো থেমে আছে, খামারবাড়ির ভেতর থেকে বিছানাপত্র ও অন্যান্য জিনিস ছড়িয়েছিটিয়ে ছিল মাঠের ওপর। অনেক লোক দেখছিল জ্বলন্ত বাড়িটিকে।" তাঁদের ত্রিভূজ সম্পর্কের বিষয়টার প্রতি ইঙ্গিত করতে গিয়ে গল্পের কয়েক জায়গায় তিন সংখ্যাটি ব্যবহারও লক্ষ করার মতো। ". . . দেয়ালের ভেতর থেকে তিনটি বিছানা নামিয়ে নিয়ে পোর্টার ঘুমানোর জন্য পেতে দেয়।" "ভাঙাচোরার মধ্যে পড়ে থাকা তিনটি গাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা। টুকরো টুকরো হয়ে খুলে ছিল ওগুলো, ছাদগুলো ভেতরদিকে দেবে গেছে।" কিংবা "আমেরিকান ভদ্রমহিলা কুক কোম্পানির তিনজন লোকের একজনের কাছে নিজেকে হাওলা করে দেন।" লক্ষ্যণীয়, গল্পটিতে চরিত্রও ছিল তিনটি। হেমিংওয়ের গৃহদাহ, টুকরো হওয়া বৈবাহিক সম্পর্কের ভাঙাচোরা পরিনতি Ñ সবকিছুই গল্পটির সীমিত পরিসরে উঠে এসেছে। সেই পরিনতির আভাষ স্পষ্ট করা হয়েছে গল্পের শেষ বাক্যটিতে, "আলাদা বাসা ঠিক করার জন্য প্যারিসে ফিরছিলাম আমরা।"
গল্পটির শেষ বাক্যে যা আছে, প্যারিসে ফেরার পর ঠিক তা-ই ঘটে। হ্যাডলি ক্লসেরি দেস লিলার কাছে একটা ছোট হোটেলে উঠে যান, আর হেমিংওয়ে গিয়ে ওঠেন চিত্রকর বন্ধু জেরাল্ড মারফির স্টুডিওতে।
বিচ্ছেদপূর্ব এই বিচ্ছিন্নতার সময় মারফি পরিবার পূর্ণ নৈতিক ও আর্থিক সমর্থন দিয়েছিল হেমিংওয়েকে। তাঁর কাছে লেখা এক দীর্ঘ চিঠিতে তাঁদের বিবাহ বিচ্ছেদের পক্ষে যুক্তি উপস্থাপন করা ছাড়াও তাঁকে দেওয়া চারশ ডলারের সাহায্যের কথাও পাওয়া যায়। (সূত্র: লিনডা প্যাটারসন মিলার, জেরাল্ড মারফি অ্যান্ড আর্নেস্ট হেমিংওয়ে Ñ স্টাডিজ ইন আমেরিকান ফিকশন)। হ্যাডলি বুঝতে পারেন যে তাঁদের সংসার ভাঙার জন্য আর্নেস্টকে পরামর্শ দিচ্ছে মারফি দম্পতি। তাঁর কাছে এটাও প্রতীয়মান হয় যে তাঁর তুলনায় আর্থিকভাবে স্বচ্ছল ও ফ্যাশানদুরস্ত পলিনই মারফি দম্পতির কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। হেমিংওয়ে সেসময় মারফি পরিবারের সহায়তা ও পরামর্শ গ্রহণ করলেও বহু বছর পর হ্যাডলিকে হারানোর অনুশোচনার সময় তাঁদের ওপরই সংসার ভাঙার ইন্ধন যোগানোর দায় চাপিয়েছিলেন।
এই বিচ্ছেদে হ্যাডলির পর বেশি আঘাত পেয়েছিলেন তাঁদের বন্ধুরা, সংসারটির ভাঙনোন্মুখ পরিস্থিতি সৃষ্টি করার জন্য পলিনকেই দায়ী করেন তাঁরা। কিন্তু হ্যাডলির কাছে এই টানাপড়েনের চেয়ে আলাদা হয়ে যাওয়াটাই ছিল শ্রেয়তর। স্বামীকে যেভাবে তিনি চিনতেন, তাতে বুঝতে পারেন, নিজে ভালো না বাসলেও অন্যের ভালোবাসার কাছে দুর্বল হয়ে পড়তেন তিনি। তাই স্বামীকে পলিনের ভালোবাসার নিগড় থেকে উদ্ধারের শেষ চেষ্টা হিসেবে তাঁদের একটা অগ্নিপরীক্ষার মুখোমুখি করেছিলেন তিনি। স্বামীর সাথে বাকবিত-ার এক পর্যায়ে একটা কাগজে তিনি লেখেন, "যদি পলিন ফেইফার ও আর্নেস্ট হেমিংওয়ে একশ দিন ধরে পরস্পরের সাথে দেখা না করেন এবং তার পরও যদি আর্নেস্ট বলেন যে তিনি পলিন ফেইফারকে ভালোবাসেন, তাহলে আমি আর জটিলতা না বাড়িয়ে আর্নেস্টকে ডিভোর্স দিয়ে দেবো।" তারপর নিজের নাম স্বাক্ষর করে হেমিংওয়েকেও তাতে স্বাক্ষর করতে বলেন। হেমিংওয়ে বলেন, এটাকে তো মৃত্যু পরোয়ানার মতো মনে হচ্ছে। হ্যাডলি বলেছিলেন, "ওটা মৃত্যু পরোয়ানাই বটে, হয় পলিন, না হয় আমি বেঁচে থাকব।"
এই শর্ত পালন করার জন্য পলিনের দূরে চলে যাওয়া ছাড়া উপায় ছিল না, তাই তিনি আমেরিকা চলে যান। সেখান থেকে হেমিংওয়ের কাছে প্রায় প্রতিদিনই একখানা করে চিঠি লিখতে থাকেন। আর হেমিংওয়ে হ্যাডলির সাথে দেখা করে পলিনের বিচ্ছেদজ্বালার কথা নিবেদন করে তাঁকে বোঝাতে চান যে তাঁর নিষ্ঠুরতার কারণেই পলিন আমেরিকায় নির্বাসিত ও প্রেমিকের কাছ থেকে বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতার কারণেই সম্ভবত হেমিংওয়ে সেবছরের অক্টোবরের মাসে প্রকাশিত গল্পগ্রন্থের নাম দিয়েছিলেন মেন উইদাউড উওমেন, যদিও এই শিরোনামে বইটিতে কোনো গল্প নেই।


ছবি: পলিন ও তিনপুত্রের সাথে বিমিনি দ্বীপে মাছ ধরার পর, ১৯৩৫

ইতিমধ্যে হ্যাডলি নতুন ভাড়া বাসায় গিয়ে উঠেছেন, একটা হাতগাড়িতে করে কয়েক দফায় ওঁর সব ব্যক্তিগত জিনিসপত্র নতুন বাসায় পৌঁছে দিয়ে এসেছিলেন আর্নেস্ট। কাজটা করতে গিয়ে সারা পথ তিনি কেঁদেছিলেন বলে স্বীকার করেছেন পরে। বাবার বাড়ি থেকে নিয়ে আসা হ্যাডলির নিজস্ব জিনিসপত্রের মধ্যে ছিল বিয়ে উপলক্ষে ওঁর ভাইয়ের দেওয়া উপহার, ভারি রূপোরদানী, প্রিয় ড্রেসডেন টেবিলঢাকাগুলো, এমনকি আগের বছর ওঁকে দেওয়া আর্নেস্টের জন্মদিনের উপহার মিরোর পেইন্টিংটিও।
হ্যাডলির বেঁধে দেওয়া একশ দিনের বিচ্ছিন্নতার শর্ত পালনকালে যন্ত্রণা ভুলে থাকার জন্য মদ খেতে খেতে হেমিংওয়ের অবস্থা হয়েছিল দেবদাসের মতো, একমাত্র ফিটজেরাল্ড ছাড়া বিশেষ আর কারো সাথে দেখা করছিলেন না তিনি। ফিটজেরাল্ড তাঁকে বলেন যে তিনি আগেই তাঁকে সাবধান করে দিয়েছিলেন, পলিন তাঁর সংসারটা ভাঙবে। তবে তিনি সান্ত্বনা নার সুরে বলেছিলেন যে শরীর ছাড়াও পলিনের আছে কাঁড়ি কাঁড়ি টাকা, নফর-ভৃত্য, দামী অ্যাপার্টমেন্ট, দামি রেস্তোরাঁয় ডিনার, বিলাসী ভ্রমণ– সব। হেমিংওয়ে এসব কিছুর পরোয়া করেন না বলে প্রতিবাদ করলে ফিটজেরাল্ড তাঁকে বলেছিলেন, "অবশ্যই তুমি করো, হেম। আমি যেমন জীবন যাপন করি, তুমিও তেমন পারবে, যার জন্য তোমার ঈর্ষা ছিল। . . . দারিদ্র্য-ক্লান্ত তুমি। দারিদ্র্য তোমাকে পিষে ফেলছে, ক্ষয় করে ফেলেছে তোমাকে।' তবে তাঁকে সাবধানও করে দিয়েছিলেন তিনি, "তোমার দরকার হ্যাডলির উজ্জ্বল গুণাবলী, ওর প্রাণশক্তি। পলিন কিংবা তার টাকা এসব দিতে পারবে না।" (সূত্র: হোচনার)।
শেষপর্যন্ত হেমিংওয়ে ও পলিনকে একশ দিনের বিচ্ছিন্নতার পরীক্ষা পুরোপুরি দিতে হয়নি। পঁচাত্তর দিনের মাথায় প্যারিসের দূরবর্তী এক শহর থেকে লেখা চিঠিতে হ্যাডলি হেমিংওয়েকে জানান যে তিনি ডিভোর্স দিতে রাজি, যেহেতু সেটাই চাইছেন আর্নেস্ট। এই চিঠি পেয়ে হেমিংওয়ে মুষড়ে পড়েন, কারণ তাঁর একটা ক্ষীণ আশা ছিল, একশ দিন শেষ হলে হ্যাডলি তাঁর মত পরিবর্তন করবেন এবং তাঁরা দুজনই থাকবেন হেমিংওয়ের সাথে। কিন্তু তাঁর সে আশা পূরণ হয়নি। স্বামীর ছলনার কারণ দেখিয়ে হ্যাডলির পক্ষ থেকে করা ডিভোর্সের মামলার চূড়ান্ত রায় হয় ১৯২৭ সালের ২৭ জানুয়ারি তারিখে। ক্ষতিপূরণ হিসেবে হেমিংওয়ে তাঁর প্রথম উপন্যাস দ্য সান অলসো রাইজেস উৎসর্গ করেছিলেন হ্যাডলি ও প্রথম সন্তান জন হ্যাডলি নিকানরকে (বাম্বি)। বইটির যাবতীয় রয়্যালটিও যাতে হ্যাডলি পায় সে ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। বইটি যখন পরবর্তী সময়ে চলচিত্রায়ন হয়, তার রয়্যালটির আয়ও হ্যাডলির প্রাপ্তব্য হয়। আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের চার মাস পর হেমিংওয়ে পলিনকে বিয়ে করে আমেরিকার আরকানসাস চলে যান।
ডেট্রয়েট ফ্রি প্রেস পত্রিকায় যখন হেমিংওয়ের সাথে হ্যাডলির বিচ্ছেদের খবর আসে, সেখানে হেমিংওয়েকে টরন্টোর বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছিল, তাই সেটাকে গুজব হিসেবেই ধরে নিয়েছিলেন তাঁর বাবা ক্ল্যারেন্স হেমিংওয়ে। খবরটা জানার পর তিনি যখন ছেলের কাছে চিঠি লেখেন, ততদিনে আর্নেস্ট পলিনকে বিয়েও করে ফেলেছেন, খবরটা ক্ল্যারেন্সের জানা ছিল না। তিনি ৮ অগাস্ট ১৯২৭ তারিখে লেখেন, "প্রার্থনা করি তুমি যাতে নিজেকে শুধরে নিয়ে স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য ঠিকভাবে আবার শুরু করতে পার। কামনা করি সব প্রেম-দস্যুরা নরকে যাক। আমাদের পরিবারে আগে কখনোই এরকম ঘটনা ঘটেনি, আর আমি বিশ্বাস করি তুমি এখনও সেই একজনের কাছ থেকে বের হয়ে আসতে পারবে, যে তোমার ঘর ভাঙছে।" (সূত্র: রোজ মারি বারওয়েল Ñ দ্য পোস্টওয়ার ইয়ার্স অ্যান্ড দ্য পসথুমাস নোভেলস)।
ছেলের সাথে পুত্রবধুর বনিবনা হচ্ছে না জানতে পেরে হেমিংওয়ের মা আগেই লিখেছিলেন, "তোমার বিয়েটার দুরবস্থার কথা শুনে দুঃখ পেলাম, তবে বেশিরভাগ বিয়ের ক্ষেত্রেই এরকম ঘটতে বাধ্য। বিয়ের ব্যাপারে আমি খুব আধুনিক ও প্রথাবিরুদ্ধ মনোভাব পোষণ করি, তবে সেসব নিজের কাছেই গোপন রাখি।" (২০ ফেব্রুয়ারি, ১৯২৭) (সূত্র: প্রাগুক্ত)।
হ্যাডলি ততদিনে আত্মবিশ্বাসী এক নারীতে রূপান্তরিত হয়েছেন, পলিন যে তাঁর কাছ থেকে হেমিংওয়েকে ছিনিয়ে নিয়ে গেছেন, তার কোনো ছাপ তিনি কাউকে প্রত্যক্ষ করতে দেননি। বরং তাঁর যেন মনে হয়েছে হেমিংওয়ের উড়নচ-ি চলাফেরার সাথে তাল মিলিয়ে চলার সার্বক্ষণিক কসরত থেকে মুক্ত হতে পেরে আরও স্বচ্ছন্দ হয়েছেন তিনি। হেমিংওয়েকে সত্যিকার ভালোবাসতেন বলে তাঁর সান্তনা ছিল এটুকুই যে এবার হয়তো আর্নেস্টকে আর্থিক স্বচ্ছলতা সহ বাড়তি কিছু দিতে পারবে পলিন, যা তিনি দিতে পারেননি। তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদের মাস তিনেক পর বাম্বিকে নিয়ে তিনি আমেরিকা যান। তাঁর চমৎকার ছেলেটিকে সেন্ট লুইসে ওর মাসী, ওক পার্কে ওর ঠাকুরদা ঠাকুরমাকে দেখিয়ে আনেন তিনি। সবার ধারণা ছিল এক ভগ্নহৃদয় হ্যাডলিকে দেখতে পাবে ওরা, কিন্তু ওর মধ্যে একটা ভাঙা সংসারের হাহাকার কিংবা অন্তর্জ্বালার চিহ্নমাত্র ছিল না। এমনকি আমেরিকায় থাকা অবস্থায় পলিনের সাথে আর্নেস্টের বিয়ের সংবাদ পৌঁছালেও তাঁর ভেতর বাহ্যত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
হেমিংওয়ের বিয়ে বিচ্ছেদের কিছুদিন পরেই হ্যাডলির পরিচয় ঘটে সাংবাদিক ও লেখক পল মোরারের সাথে। তাঁর সাথে ছয় বছরের সম্পর্কের পর হ্যাডলি বিয়ে করেন মোরারকে। এই মোরারও হেঁজিপেঁজি কেউ ছিলেন না। ১৯২৯ সালে তিনিও পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন শিকাগো ডেইলি মেইল পত্রিকার বিদেশী সংবাদদাতা হিসেবে। মোরার প্রায় সতের বছর ধরে প্যারিসবাসী। হেমিংওয়ের সাথেও প্রেসক্লাবে সামান্য পরিচয় ছিল তাঁর। মোরারকে পেয়ে হ্যাডলি তাঁর সত্যিকার যোগ্য ধীরস্থির পরিপক্ক একজন মানুষকে আবিষ্কার করেন যেন। ফিটজেরাল্ডের এক চিঠিতে এই বিয়ের খবর পেয়ে হেমিংওয়ের দুঃখবোধ প্রবলতর হয়। কারণ, তিনি কল্পনা করতেন হ্যাডলি আর বিয়ে করবেন না, তিনি পলিনকে ছেড়ে আবার প্রথম স্ত্রী আর প্রথম সন্তানের কাছে ফিরে যেতে পারবেন। সে কারণেই বোধহয় বিবাহ বিচ্ছেদের পরও হ্যাডলির কাছে চিঠি লিখে গিয়েছেন তিনি, সেসব চিঠিতে লিখতেন তাঁকে কতখানি ভালোবাসতেন ইত্যাদি। শেষপর্যন্ত হ্যাডলি যখন তাঁকে লিখে জানান যে এই চিঠি লেখালেখির কারণে নতুন স্বামীর কাছে তাঁকে বিব্রত হতে হচ্ছে, তখন চিঠি লেখা বন্ধ করেন হেমিংওয়ে। (সূত্র: হোচনার)। তবে হ্যাডলির জীবনীকার সকোলফের ভাষ্যে পল মোরার এবং হেমিংওয়ের মধ্যে পরবর্তী সময়ে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল।
বিচ্ছেদের পর হেমিংওয়ের সাথে হ্যাডলির দেখা হওয়া নিয়ে কমপক্ষে তিনজন জীবনীকার লিখেছেন। হেমিংওয়ের জবানীতে হোচনার লিখেছেন বিচ্ছেদের পর তাঁদের প্রথম ও শেষ দেখা হয় প্যারিসে। হেমিংওয়ে প্যারিসের লিপ্স্ ক্যাফের ছাদে ড্রিংক নিয়ে বসেছিলেন, এমন সময় ট্যাক্সি থেকে হ্যাডলিকে নামতে দেখেন তিনি। দেখা হওয়ার পর তাঁকে জড়িয়ে ধরেন হ্যাডলি। তারপর শ্যাম্পেন খেতে খেতে দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়, কারো মধ্যে কোনো খেদ নেই কেবল স্মৃতিচারণ আর কিছু অনুচ্চারিত হাহাকার ছাড়া। হেমিংওয়ের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে হোচনার সেই কথোপকথনগুলো এভাবে তুলে এনেছেন:
-ঈশ্বর, আর্নেস্ট, তুমি একইরকম আছো।
-তোমাকে আরও সুন্দর দেখাচ্ছে।
-তোমাকে পত্রিকায় দেখি। অ্যা ফেয়ারওয়েল টু আর্মস চমৎকার হয়েছে। তুমি যে রোমান্টিক, সেটা জানো তুমি।
-তুমি এখনও কি যেন নাম তাঁর সাথে বিবাহিত আছো?
-হ্যাঁ, আমি এখনও মিসেস কি যেন নাম।
-জানো হ্যাডলি তোমাকে প্রায়ই ভাবি আমি।
-এখনও?
-তুমি যখন তরুণ ও আশাবাদী থাকো তখন দারিদ্র্যের মধ্যে রোমান্টিক কিছু থাকে।
-শোনো আর্নেস্ট, আমাদের মধ্যকার সবকিছু যদি এত ভালো না থাকতো, আমি তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে না-ও দিতে পারতাম। আর, আমি তোমাকে সবসময়ই ভালোবাসব, যেমন বাসতাম ওক পার্কে, যেভাবে বাসতাম এই প্যারিসে।
হ্যাডলিকে ডিনারের আমন্ত্রণ জানালেও পূর্ব নির্ধারিত কাজ আছে বলে সেটা গ্রহণ করেননি তিনি। তারপর হেমিংওয়ে বলেন, "আমি ওর সাথে মোড় পর্যন্ত গিয়ে ট্রাফিক বাতি না বদলানো পর্যন্ত অপেক্ষা করি। একসময় বাতি সবুজ হয়, হ্যাডলি ঘুরে আমাকে চুমু খায়, অর্থপূর্ণ একটা চুমু। তারপর রাস্তা পার হয় ও, আমি ওর চলে যাওয়া দেখি, সেই পরিচিত লীলায়িত ভঙ্গির হাঁটা। সেটাই ওর সাথে আমার শেষ দেখা।"
ওদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলেও চিঠিপত্রে যোগাযোগ অব্যাহত ছিল ওঁদের। ছেলে জ্যাকের (বাম্বি) খবর নেওয়া ছাড়াও পারস্পরিক জীবনযাপনের বিভিন্ন বিষয় থাকত সেসব চিঠিতে। জ্যাক ওর ছুটিগুলোর বেশিরভাগ সময়ই বাবার সাথে কাটাত। সেসময় পলিন জ্যাককে তাঁর নিজের দুই ছেলের মতোই দেখাশোনা করতেন জেনে হ্যাডলি খুশি হন। সকোলফ জানাচ্ছেন, তাঁদের দুজনের দেখা হয় দশ বছর পর পশ্চিমের (সম্ভবত ওয়াইওমিং) এক অবকাশকেন্দ্রে। সেখানে একটা লেকে সারাদিন মাছ ধরে ফিরে আসার সময় আচমকা হেমিংওয়ের দেখা পান তাঁরা। হেমিংওয়ে যাচ্ছিলেন ছেলে জ্যাককে আনতে। সেই দেখাটা বেশ আনন্দের ছিল, সকোলফ তাঁর সংক্ষিপ্ত বর্ণনাটুকু হোচনারের মতো নাটকীয় করে দেননি।


ছবি: হেমিংওয়ের সাথে ফিটজেরাল্ড

আর্নেস্ট ও হ্যাডলির মধ্যে বিচ্ছেদপরবর্তী সাক্ষাৎ সম্পর্কে আরেক সূত্র থেকে জানা যায় বিচ্ছেদের তিনবছর পর প্রথমবারের মতো জ্যাককে সাথে নিয়ে হ্যাডলির বাসায় গিয়েছিলেন হেমিংওয়ে। তাঁদের বিবাহবিচ্ছেদের পর এই প্রথম তাঁরা তিনজন এক পরিবারের সদস্যের মতো মিলিত হন। প্রাক্তন স্ত্রীর জন্য উপহার হিসেবে আর্নেস্ট নিয়ে গিয়েছিলেন নিজের শিকার করা একটা পশুচর্ম। ওটা দিয়ে পরবর্তী সময়ে হ্যাডলি গায়ের চাদর বানিয়েছিলেন। সেসময় হ্যাডলি পল মোরারের সাথে প্রণয়াবব্ধ, কিন্তু পলের সাথে তখনো বিচ্ছেদ ঘটেনি প্রথম স্ত্রীর। এবারে পল মোরার দম্পতির সাথে হ্যাডলি তৈরি করেছিলেন একটা ত্রিভূজ, ঠিক যেমনটি হয়েছিল তাঁর সাথে পলিন ও হেমিংওয়ের মধ্যে। হ্যাডলি পরে আবার একবার আর্নেস্টকে ডেকেছিলেন পল মোরারকে বিয়ে করার ব্যাপারে তাঁর পরামর্শের জন্য। কারণ বিয়েটা হলে জ্যাককে মানুষ করার ব্যাপারে পলেরও ভূমিকা থাকবে। আর্নেস্ট হ্যাডলিকে এ বিয়ের ব্যাপারে উৎসাহিত করে বলেছিলেন যে পল খুব চমৎকার মানুষ। "কয়েক ঘণ্টা পর তিনি [আর্নেস্ট] তাঁর [হ্যাডলি] বাসা থেকে বের হন, হ্যাডলি ব্যালকনিতে দাঁড়িয়ে তাঁর জীবন থেকে চিরতরে চলে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যেতে দেখেন হেমিংওয়েকে। তাঁর জীবদ্দশায় আর একবার তাঁকে দেখেছিলেন তিনি।" (সূত্র: আনবিলিভেবল হ্যাপিনেস অ্যান্ড ফাইনাল সরো: দ্য হেমিংওয়ে-ফেইফার ম্যারেজ Ñ রুথ হকিন্স)
ওয়াইওমিংয়ে পর আর কখনোই দেখা না হলেও হেমিংওয়ের কাছ থেকে শেষ ফোনটা পেয়েছিলেন হ্যাডলি ১৯৬১ সালের মার্চে। তাঁদের প্যারিসবাসের সময় কেউ একজন তরুণ লেখকদের সাথে যথোচিত ব্যবহার করতেন না, তাঁর নামটা জানতে চাইছিলেন তিনি। হ্যাডলি বুঝতে পারেন না কার কথা বলছিলেন আর্নেস্ট। সেই ফোনালাপও ছিল খুবই আন্তরিক। তবু সেই বন্ধূত্বপূর্ণ আলাপের মধ্যেও আর্নেস্টের কণ্ঠস্বরের মধ্যে লুকানো এমন কিছু একটা আঁচ করতে পারেন যে ফোন ছাড়ার পর কেঁদে ফেলেছিলেন হ্যাডলি। এই বুঝতে পারাটা কেবল হৃদয়ের খুব কাছাকাছি থাকা কারো পক্ষে সম্ভব। তিনি কি সেদিন তাঁর সুপ্ত ভালোবাসা দিয়ে মনের অজান্তে বুঝতে পেরেছিলেন যে চারমাস পর এই কণ্ঠ আর কখনোই শোনা যাবে না?