২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

থরোর পৃথিবী: প্রকৃতির কবি বা জীবনের শিল্প

কুমার চক্রবর্তী কুমার চক্রবর্তী

Published : 12 Jul 2020, 11:37 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


১.
মানুষের জন্য কোন জীবন শ্রেয়? কোন জীবন আসলে সে কাঙ্ক্ষা করে, বা কোন জীবনকে সে ফুটিয়ে তুলতে চায় একটি অন্ধ রাগের মতো, একটি কনচের্টোর কাডেনজার মতো, আপন প্রেমের ও প্রেরণার মহিমায়! বিটোফেন কেন এবং কীভাবে বধির হয়েও রচনা করলেন তাঁর সবচেয়ে দীর্ঘ সোনাটাটি, দীর্ঘ সিম্ফনিটি, কোরাল মিউজিক বা স্ট্রিং কোয়ার্ট্রটেটি! সময়ের চেয়ে এগোনো এসব শিল্প কি সময়ে আবদ্ধ মানুষদের দ্বারা রচিত হওয়া সম্ভব, হলে তার রহস্যবিন্দুটির স্বরূপ কী! এর উত্তর কঠিন, হয়তো অসম্ভবও। আর এর উত্তর দিতে অধিকাংশ মানুষ প্রস্তুতও থাকেন না। যাঁরা উত্তর খোঁজেন তাঁরা গলদ্ঘর্ম হন, অসহায় বোধ করেন, প্রাণ ত্রাহি ও ত্রাসিত হয়ে ওঠে, এবং, অবশেষে অপারগ হয়ে পড়েন। কিন্তু চিন্তাশীল, ভাবুকজন এই প্রশ্নের উত্তর যে মনে মনে হলেও খুঁজবেন তা তো স্বাভাবিক। এমনকি সাধারণ ধার্মিকও এর উত্তর খোঁজেন। উত্তর আসে, আবার হারায়ও। তবে উত্তরে পৌঁছতে হয় ক্ষণকালের জন্য হলেও। ফলে ধর্মপ্রচারক থেকে দার্শনিক, কবি থেকে শিল্পী, কেউ কেউ, কখনও কখনও, এ প্রশ্নের উত্তর রেখে গেছেন সহজ বা কঠিনভাবে। স্পিনোজা মনে করতেন, সম্পদ বাড়লে সুখ বাড়ে বটে কিন্তু তা আবার সম্পদের স্পৃহাকে বাড়িয়ে সুখকে নষ্ট করে দেয়; তাই শাশ্বতের প্রতি ভালোবাসাই সুখী হওয়ার পথ যা অর্জিত হয় জ্ঞানের মাধ্যমে। রাসেল বলেছেন, জ্ঞানের দ্বারা নির্দেশিত আর প্রেমে উদ্বুদ্ধ জীবনই সুখী জীবন। বৌদ্ধদর্শন প্রবহমাণ অস্তিত্বকে বিবেচনায় এনে, সকল অধিবিদ্যাবাদী আলোচনাকে নিষ্ফল ঘোষণা করে, অস্তিত্বের বাস্তব সংকটকে চিহ্নিত করে তার থেকে রক্ষা পাওয়ার জন্য চারটি আর্যসত্যের কথা বলে, যার ভিত্তি হলো দুঃখ। দুঃখের উদ্ভব এবং তার নিবৃত্তির পথনির্দেশ করাই বুদ্ধশিক্ষা। আর সেই জীবনকেই শ্রেষ্ঠ বলা হয়েছে যে-জীবন দুঃখ থেকে চিরতরে মুক্তি পায়, সেই মুক্ত ব্যক্তিকে বলা হয় অর্হৎ: যিনি কলুষমুক্ত, পবিত্র জীবনযাপনকারী, লক্ষ্যে পৌঁছনো, বন্ধনমুক্ত, পরমজ্ঞানী, এবং অবশেষে মুক্ত।

ফ্রিজিয়ার রাজা মিদাস একবার এমনই এক প্রশ্ন করে বসলেন আসবদেবতা দিয়োনুসুস-এর সঙ্গী সিলেনুসকে। সিলেনুস মাতাল অবস্থায় ভবিষ্যদ্বাণী করতে পারতেন, কারণ তখন রহস্যময় জ্ঞানের অধিকারী হয়ে পড়তেন তিনি। মিদাস একবার ঝরনার ধারে মাতাল সিলেনুসকে পাকড়াও করে জানতে চাইলেন, মানুষের জন্য কোন ধরনের নিয়তি শ্রেয়। তখন সিলেনুস তাকে বললেন: ক্ষণিকের জীবন, কষ্টের ও নিয়ত যুদ্ধের জীবন মানুষের, মানুষের জন্য সবচেয়ে ভালো হতো না-জন্মানো কিন্তু তা যেহেতু হওয়ার জো নেই তাই তার জন্য শ্রেয়তর হচ্ছে তাড়াতাড়ি মরে যাওয়া। এই উত্তর, বোঝা যায়, এক হতাশাবাদী উক্তি–মানুষের জন্য কোনো জীবনই শ্রেয় নয়। জন্মই শুধু মানুষের জীবননিয়তি, জীবনের জন্য বস্তুত একবাক্যে শ্রেয় বলতে কিছু নেই, তবে পছন্দের জীবন থাকতে পারে মানুষের। পছন্দের জীবন যাপন করা গেলেই শ্রেয়লাভ হয় মানুষের।

শ্রেয় বা অশ্রেয় যা-ই হোক না কেন, কেমন হবে জীবন, মানুষের কাছে তার পছন্দশর্তই-বা কী, কীভাবে তা থাকবে প্রবহমাণ, কেমনে তাতে ফুটবে জীবনফুল–কারও কারও জীবনই যেন এর সম্ভাব্য উত্তরের ঝাঁপি। কেউ কেউ এ প্রশ্নের উত্তর না-দিয়ে বা না-খুঁজে রেখে গেছেন তাঁদের জীবনাচরণ ও আত্মদর্শনকে যার মধ্যেই পাওয়া যায় নিজ জীবনের শ্রেয়তার ইঙ্গিত, যা উপচে পড়ে অন্য জীবনের গুহা-গহ্বর-ডালপালায়।
যাপিত জীবনই যেন একমাত্র শ্রেয়স্কর অন্বেষণ ছিল তাঁদের, যা হবে মুক্তবেগসম্পন্ন, যা হবে জীবন-ইঙ্গিতে দূরগামী।

২.
তাঁর জীবন অনুপমেয়–চিন্তা, যাপন এবং উপলব্ধিতে, কেননা তা ছিল একক সৌন্দর্যে অনুপম, আর এসব বৈশিষ্ট্য তাঁকে এমনভাবে স্বতন্ত্রমণ্ডিত করেছে যে, এর নজির আর দ্বিতীয়টি নেই। যেন জন্মেছেন পথিকব্রত নিয়ে, যে-পথিক তাঁর জীবনকে বাঁধবেন–পথ, অরণ্য এবং তাতে তাঁর অবস্থানের মাধ্যমে। জীবন যেন চলা, তা শুধু দার্শনিক অর্থে নয়, শারীরিক ও মানসিক অভিগমনেও। প্রতিটি ঋতুতে, প্রতিটি মাসে, প্রতিটি দিনে, প্রতিটি পলে জগতের বস্তু এবং ভাবানুসঙ্গকে, আর তার পরাপরিবর্তনকে, ঘুরে ঘুরে পর্যবেক্ষণ ও আত্মস্থকরণই যেন হয়ে উঠেছিল তাঁর জীবনের অনুজ্ঞা। তাঁর এই জীবনকে তিনি বলেছেন নিয়মনীতিহীন জীবন: আ লাইফ উইথাউট প্রিন্সিপলস। নিয়মনীতি কাকে বলে, যে-কিনা নিয়ন্ত্রণ করতে চায় শিল্পমনকে, জীবনশিল্পের রংতুলি-ক্যানভাসকে! জর্জ বারনাড শ একবার বলেছিলেন–জীবনের সত্যিকার আনন্দ নিহিত থাকে আত্মস্বীকৃত কোনো মহৎ কাজে সত্তার নিয়োজনে, আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হওয়ার আগ পর্যন্ত নিজেকে নিঃশেষ করে দেওয়া; দুঃখ এবং অসুস্থতার অস্থির, স্বার্থপর ঢেলায় পরিণত না-করে প্রকৃতির এক শক্তি হয়ে ওঠা যাতে করে এসব অশুভতা না-বলতে পারে যে, জগৎ তোমাকে অসুখী করবে।

এমনই একটি স্বপ্রণোদিত জীবন, সুন্দর বেঁচে থাকার প্রাকৃতিক শক্তি হয়ে উঠেছিলেন তিনি। সময়ের বিচারে বেশি দিন বাঁচেননি, মাত্র চুয়াল্লিশ বছর, যক্ষ্মায় মারা যান তিনি, কিন্তু এই সীমিত জীবনই যেন অসীম হয়ে উঠেছে নানাবিধ অনন্যতায়। লিখে রেখে গেছেন এমন-সব বিষয় যা চিরায়ত এবং স্বতন্ত্র এবং উদ্ভিন্নমান। কিন্তু শুধু রচনায় নন, জীবনেও তিনি ছিলেন স্বাধীন, সংগ্রামী, স্বাধীনতাকামী। নানা অধিকার রক্ষায় আর সামাজিক বৈষম্য দূরীকরণে ছিলেন বিপ্লবী।
জীবন এবং কর্মের সেতুসম্ভব একটি যোজন, যা-ছিল তাঁকে অনুধাবনের বিশিষ্টতা, আর এই বিশিষ্টতাকে তিনি নিরন্তর মাত্রা দিয়ে গেছেন সারাটিজীবন।

৩.
তিনি, ডেভিড হেনরি থরো, ১৮১৭ সালের জুলাই মাসে বোস্টনের নিকটবর্তী ছোটো শহর কনকর্ডে জন্মগ্রহণ করেন। এক পেনসিল প্রস্তুতকারকের তৃতীয় সন্তান ছিলেন তিনি। হার্ভাডের কৃতী ছাত্র ছিলেন, সাম্মানিক ডিগ্রির পর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন, কিন্তু তার স্থায়িত্ব ছিল সবেধন পনেরো দিন মাত্র। ছাত্রদের ওপর শারীরিক শাস্তি দেওয়ার বিধানের বিরুদ্ধে তিনি আপত্তি জানিয়েছিলেন আর চেয়েছিলেন– দীর্ঘ সময় একসাথে হাঁটতে হাঁটতে ছাত্ররা তাঁর কাছ থেকে শিক্ষাগ্রহণ করুক। কিন্তু তা হবার ছিল না, ফলে এই দ্রোহী এবং স্বাধীনচেতা মানুষটি চাকরি ছেড়ে দিয়ে পারিবারিক পেনসিল কারখানায় কাজ করতে লাগলেন। ১৮৩৭ সালে তিনি তাঁর পিতৃদত্ত নাম আগপাছ করে রাখলেন হেনরি ডেভিড থরো, আর শুরু করলেন জার্নাল লেখা যা চালু রেখেছিলেন আজীবন, যা পরে বত্রিশ খণ্ডে প্রকাশিত হয়। ১৮৩৮ সালে ভাইকে নিয়ে একটি বেসরকারি বিদ্যালয় স্থাপন করলেন কিন্তু অভিজ্ঞতা সুখকর হলো না। বিখ্যাত এমারসনের গৃহে 'হরফন-মৌলা' বা সকল কাজের কাজি হিসেবে যোগদান করলেন তিনি, এমারসনের সব ধরনের লেখার কাজে সহযোগিতা করাই ছিল তাঁর দায়িত্ব। কিন্তু এই কাজ ছেড়ে দিয়ে এমারসনের ভাইপোর গৃহশিক্ষক হিসেবে তিনি চলে গেলেন নিউ ইয়র্কের স্টাটেন দ্বীপে, কিন্তু সেখানেও এক বছরের বেশি থাকলেন না। এর পর তিনি শুরু করলেন তাঁর বিখ্যাত সেই রূপকথাসদৃশ অভিযান: ১৮৪৫ সালের মার্চ মাসে তিনি ম্যাসাচুসেট্সের কনকর্ডের 'ওয়ালডেন পন্ড'-এর কাছে একটি কুটির নির্মাণ শুরু করলেন, যেখানে এমারসন এক টুকরো জমি কিনে রেখেছিলেন। এই একক বাস ছিল তাঁর যাপনের এক ধরনের দার্শনিক প্রপঞ্চ, বা স্বাপ্নিক উদ্যোগ। কেননা এই স্থানেই তিনি পরবর্তী দু-বছর একাকী কাটিয়ে দেবেন। শুধু কাটিয়েই দেবেন না, এর অভিজ্ঞতা এবং অন্তর্বীক্ষণকে নিয়ে পরে লিখবেন বিখ্যাত রচনা ওয়ালডেন। দু-বছর দু-মাস এখানে অবস্থান যেসব দর্শনচিন্তার জন্ম দিয়েছিল, তার ফলাফল এই বই। কিন্তু এখানে অবস্থানের কারণটিও ছিল অন্যরকম: জীবনের প্রধান সত্যের মুখোমুখি হয়ে তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং আত্মজীবনব্রত সাধন করা। তিনি চেয়েছিলেন অরণ্যচারীর জীবন কাটিয়ে তার থেকে সত্যকে জুঝে নিতে। এ অবস্থানের সময়ে তাঁর বিখ্যাত দিনলিপির অনেক ভুক্তি লেখেন তিনি। এই বিবিক্ত জীবন তাঁকে প্রভাবিত করেছিল নানাভাবে। জীবজগৎ আর উদ্ভিদজগতের মাঝে একা থাকা অবস্থান, এবং তাদের নানাভাবে পর্যবেক্ষণ তাঁকে ভেতর থেকে বদলে দিয়েছিল। একাকিত্ব এবং নির্জনতার মাঝে থাকা-খাওয়া-হাঁটা, ওলন দড়ি দিয়ে হ্রদের গভীরতা মাপা, বই পড়া, বই লেখা ইত্যাদি নানাবিধ কর্মতৎপরতা তাঁকে দার্শনিক উপলব্ধি যে জুগিয়েছে তাতে সন্দেহ নেই: 'অনন্তকালের দুটো ভাগ, অতীত এবং ভবিষ্যৎ; এই দুয়ের মিলনবিন্দুটি হলো বর্তমান। এই দুই অনন্তের সন্ধিবিন্দুটিতে দাঁড়িয়ে অধীর প্রতীক্ষায় দিন কেটেছে আমার।' আরও ভাবছেন: 'মানুষের প্রশংসা পাওয়া এবং সার্থক করে গড়ে তোলা জীবন এক জিনিস। কিন্তু আরও যে রকমদারি জীবন আছে তাকে উপেক্ষা করে একটা রকমকে কেন বড়ো করে দেখব?' কিন্তু ১৮৪৬ সালে তিনি এই ওয়ালডেন পন্ডের কুটির থেকে গ্রেফতার হয়ে যান। কারণ ছিল, ম্যাক্সিকো-আমেরিকান যুদ্ধের বিরুদ্ধে এবং সরকার দাসপ্রথা রহিত না-করার কারণে প্রতিবাদস্বরূপ তাঁর ওপর ধার্য করা বকেয়া কর দিতে তিনি অস্বীকার করেছিলেন। অভিযোগ ছিল 'সিভিল ডিসয়োবিডিয়েন্স'-এর–সরকারি আদেশ অমান্যের। কিন্তু তাঁকে জেলে মাত্র একরাত্রি থাকতে হয়, কারণ তাঁর একজন শুভানুধ্যায়ী, মনে করা হয় তাঁর মাসি, তাঁর পক্ষে বকেয়া কর পরিশোধ করে দিয়েছিলেন।

১৮৪৭-এর জুলাই মাসে তিনি ওয়ালডেন ছেড়ে যান। এক বছর এমারসনের গৃহে বাস করেন। তারপর নিজের ঘরে ফিরে এসে ভূমি-জরিপকারীর কাজ করতে থাকেন। এর ফাঁকে বেশ কয়েকবার কুইবেক, নিউহ্যাম্পশায়ার, হোয়াইট মাউন্টেন ভ্রমণ সেরে নেন, সেখানকার আদিবাসীদের সাথে সংযোগও স্থাপন করেন। আর দাসপ্রথা বিলোপের জন্য তাঁর সংগ্রামও আজীবন জারি রেখেছিলেন তিনি।

ওয়ালডেনে তাঁর অবস্থান একই সাথে ছিল শারীরিক ও মানসিক ভ্রমণে পূর্ণ। শারীরিক ভ্রমণ শেষ হলে শুরু হতো মানসিক ভ্রমণ। প্রতিদিনই বাস্তব অর্থে হেঁটে হেঁটে ঘুরে বেড়িয়েছেন তিনি: দেখেছেন অরণ্যের শীতকাল, তার জলাশয়, বসন্তকাল, শিমখেত, জীবজন্তু, শীতের পাখি ইত্যাদি; অনুভব করেছেন ধ্বনি, নির্জনতা, আর পাঠ করেছেন প্রিয় বইগুলো। অর্থাৎ সংবেদন এবং ইন্দ্রিয়গ্রাহ্যতা দুটোই ঘটেছে তাঁর জীবনে, সেখানে। বাহ্যিক জগৎকে ইন্দ্রিয়ের মাধ্যমে ভেতরে নিয়েছেন তিনি আর ভেতরের জারিত অনুভূতি জন্ম দিয়েছে ভাবনার যা পরে লেখা হিসেবে প্রকাশিত। লিখেছেন: 'সমস্ত কিছু যেন একটি ইন্দ্রিয় হয়ে প্রতিটি রোমকূপ দিয়ে আনন্দকে তুলে নিচ্ছে।' আসলে তিনি মুখোমুখি হয়েছিলেন এক অখণ্ড ও ব্যাপ্ত সময়ের সাথে যে-সময় তাঁকে করে তুলেছিল এক ঝরঝরে চিন্তক, তাই তো অশরীরী সংগীতধ্বনি শুনতে কোনো সমস্যা হয়নি তাঁর। উপলব্ধি করেছেন মানবীয় একাকিত্বের অবস্থাটিকে, নিজের মতো করে: 'সঙ্গ অনেকটাই হাস্যকর ব্যাপার। ঘন ঘন দেখাশোনা হচ্ছে ঠিকই কিন্তু পরস্পর আত্মীয় হয়ে ওঠার সময় হয় না আমাদের।' চুয়াল্লিশ বছর বয়সে মরে যাওয়ার আগে তিনি এই অভিজ্ঞতাকে পুঁজি করে লিখে রেখে গেছেন তাঁর বিশাল-বিখ্যাত দিনলিপি, ওয়ালডেন অবস্থানের অভিজ্ঞতার ওপর লেখা অসাধারণ জাদুময় পুস্তক ওয়ালডেন, আর হাঁটার ওপর লেখা অনন্যচিত্তের রচনা ওয়াকিং।
ওয়ালডেন তাঁর ভ্রমণের অনুচিন্তন। পথিকের যে অন্তঃসার পথ-চলাতে গড়ে ওঠে, বা তাতে যে অন্তরতম ঘনিষ্ঠতা তৈরি হয় মহাপ্রকৃতির সাথে, তার প্রতিফলনই এ ধরনের লেখার সারাৎসার। ১৮৪৭ সালের ৬ সেপ্টেম্বর 'ওয়ালডেন পন্ড' ছাড়ার আগ পর্যন্ত থরো ঘুরেছেন অবস্থানের বাহ্যিকতায় এবং অস্তিত্বের অন্তঃস্থতায়। পথ ধরে ভ্রমণ করেছেন, আবার পথ তৈরিও করেছেন: 'পথ হারিয়ে না-ফেলা পর্যন্ত নিজের পথ ধরা দিতে চায় না, অধরা থাকে নিজ-অবস্থান, আর এজন্য নিজের এই যোগাযোগ যেন-এক অসীম-বিস্তার।' কিন্তু এই ভ্রমণ, বাইরে বাইরে এত পথচলা, কী শীত কী গ্রীষ্ম, কী বরফ, কী বালি, কী রোদ–শারীরিক এই ভ্রমণ যখন বিরতিতে যেত, তখনই তার সমাপ্তি হতো না কিন্তু। বরং এই বিরতি যেন ছিল আরেক ভ্রমণের আরম্ভক্ষণ: এক মানসিক ভ্রমণের উড্ডয়ন। মানসিক ভ্রমণ হলো বাস্তব ভ্রমণের অন্য-এক পরিণতিকরণ, অথবা অবাস্তব বা না-হওয়া ভ্রমণের কল্পনায়ন। থরোর ক্ষেত্রে ওয়ালডেন অবস্থানের সময়টায় হয়তো দুটোই ঘটত।

শুধু ওয়ালডেনে অবস্থানকালীন নয়, ভ্রমণ ছিল তাঁর সত্তার মৌল সঞ্চরণ। সাহসী ভ্রামণিক ছিলেন তিনি, ভ্রমণ করেছেন বনে-বাঁদাড়ে, পথেঘাটে, এদিক-ওদিক–মাইনে-র বনে, কুইবেক এবং নিউ হ্যাম্পশায়ারেও ছিল তাঁর ভ্রমণব্যাপ্তি। এছাড়া প্রতিদিন হাঁটতেন তিন থেকে পাঁচ ঘণ্টা, আর এ হাঁটা নিশ্চয় ছিল না সাধারণের হাঁটা: 'কল্পনায় উদ্ভাসিত সেই পরম মনোরম দৃশ্য যেন এক মহাসুখ, আর এখনও প্রতিটি বিকালেই আমি তার স্বাদ পাই। দুই অথবা তিন ঘণ্টার ভ্রমণ আমাকে অপ্রত্যাশিত কোনো পল্লিগ্রামে নিয়ে যায়। একটি অদেখা খামারবাড়ি যেন রাজা দাহোমেয়-র রাজ্য থেকেও উৎকৃষ্ট।' অর্থাৎ ভ্রমণে তিনি দেখা পেতেন অমর্ত্যলোকের, আর তা উদ্ভাসিত হতো আত্মআবিষ্কারের রসায়নে। ওয়াকিং রচনায় তিনি জানান দেন–দশ-পনেরো-বিশ মাইল বা যে-কোনো দূরত্বের পথ হাঁটতে পারেন তিনি, আর কাজটি সহজ হয় নদী বা নির্ঝরিণীর পার, প্রান্তর অথবা বনের ধার ধরে হলে। অর্থাৎ জল, অরণ্য আর প্রান্তর তাঁকে জোগাত শক্তি ও সৌন্দর্য। তিনি কল্পনা বিস্তার করতে পারতেন এসবের কাছ দিয়ে হেঁটে যেতে যেতে; এর কারণও স্পষ্ট: জল, প্রান্তর আর অরণ্য, এ তিনেরই রয়েছে অসীমতা ও গভীরতা, আর সৌন্দর্য সৃষ্টির অসম্ভব ক্ষমতা যা ভ্রামণিককে মুহূর্তেই করতে পারে চিন্তাশীল ও গভীরতাসন্ধানী। দৃশ্যাবয়বের দিক থেকে এদের জুরি মেলা ভার। শাশ্বত সৌন্দর্যের প্রতীক হিসেবে এদের উদ্ভাসন চিরন্তন।

৩.
বস্তুত সব হাঁটা ভ্রমণ হয়ে ওঠে না, ভ্রমণের জন্য দরকার সৃষ্টিশীল অন্তর্বীক্ষণ এবং বহির্বীক্ষণ। ভ্রমণ আসলে যতটা না শারীরিক তার চেয়েও মানসিক। নিছক হাঁটা ব্যাপারটা শারীরিক, কিন্তু ভ্রমণ এমন এক যোগক্রিয়া যা ব্যক্তিকে নতুন করে তোলে। পথ ধরে শুরু হলেও ভ্রমণ অবশেষে অদৃশ্য পাথেয়তে উপনীত হতে চায়। ভ্রমণে পথ লুপ্তও হয়ে যায়। থরো এসব করেছেন, ভ্রমণের বিবরণ লিখেও রেখেছেন। রোমান্টিকদের মতো পকেটে হাত রেখে যে-অলসভাবে ঘুরে বেড়ানো, তা-ও করেছেন তিনি। ইংরেজিতে যাকে বলে 'স্ট্রলিং', উদাসীনভাবে ঘোরা, তা এক উৎকৃষ্ট ভ্রমণ, কেননা তার ভিত্তি পুরোটাই মানসিক। শরীর যেন লুপ্ত থাকে তখন, মন হয়ে ওঠে ভ্রমণশীল; জন্ম হতে থাকে ভাব, চিন্তা, কাব্য, দর্শনের স্ফুলিঙ্গের। থরো ছিলেন প্রকৃতির কবি, বা নিসর্গসাধক। বিশেষ ধরনের ভ্রমণকে বোঝানোর জন্য তিনি বলেছেন: 'হাঁটার সময় সাধারণত আমরা মাঠে বা বনের দিকে গমন করি: কেবল বাজারে বা বাগানেই যদি আমরা হাঁটতাম তাহলে কি কিছু হতো আমাদের?' ১৮৫১ সালে তাঁর লেখা বিখ্যাত হাঁটা রচনা তিনি শুরুই করেন এই বলে যে, 'নিসর্গের জন্য, পুরোপুরি স্বাধীনতা ও বন্যতার জন্য, একটু বলতে চাই।' তিনি হাঁটাকে যুক্ত করতে চাইছেন জৈব প্রপঞ্চের সাথে, জানাতে চাইছেন স্বাধীন হওয়ার গুহ্য মন্ত্র। আরও বলছেন, জীবনে দু-তিন জনের বেশি কাউকে পাননি যারা হাঁটার শিল্পটা জানত, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে ঘোরার মন্ত্রটি জনত। তিনি যে বস্তুতই ছিলেন প্রকৃতির কবি, এ কথা থেকেই তা স্পষ্ট হয়ে যায়। এর পরেই যা বলছেন তা আরও চমকে ওঠার মতো তার অন্তর্লীন দার্শনিকতায়: 'ছোটো পথ ধরে সামনের দিকে আমাদের যাওয়া উচিত, হঠাৎ করেই, কোনো সজীব অভিযানের তাড়নায়, কখনও না-ফেরার উদ্দেশ্য নিয়ে…বাবা-মা, ভাইবোন, স্ত্রী-সন্তান আর বন্ধুবান্ধবকে ছেড়ে দেওয়ার জন্য তৈরি থাকা, আর তাদের দেখার বাসনা একেবারে ত্যাগ করতে পারা, যদি দেনা-পাওনা পরিষ্কার থাকে, সংকল্প যদি ঠিক থাকে, সব দায়-দায়িত্ব সম্পন্ন হয়ে থাকে, আর যদি মুক্ত মানুষ হতে চায় কেউ, তবেই ভ্রমণের জন্য সে উপযুক্ত।' বোঝা যাচ্ছে, তিনি ভ্রমণের গুপ্ত এবং একান্ত সূত্র নির্ধারণ করে দিচ্ছেন। প্ররোচিত করছেন এমনভাবে যেন দরকারি শর্তগুলো থাকে স্পষ্ট, উন্মুক্ত। তারপরই বলছেন, যে, 'প্রকৃত পথিক হতে গেলে জন্মাতে হবে পথিকের ঘরে।' বলছেন, 'তোমাকে পথ চলতে হবে উটের মতো, উটই একমাত্র প্রাণী চলার সময় যে জাবর কাটতে কাটতে হাঁটে। একবার একজন পথচারী যখন ওয়ার্ডসওয়ার্থের ভৃত্যাকে জিজ্ঞাসা করল তাকে তার মনিবের প্রধান অধ্যয়নক্ষেত্র দেখানোর জন্য, তখন ভৃত্যা উত্তর দেন, ''এই তো তাঁর পাঠাগার, কিন্তু তাঁর প্রকৃত অধ্যয়ন চলে বাইরের জগতে।'' ' থরো শারীরিক ভ্রমণের সাথে মানসিক ভ্রমণের বিষয়টির ইঙ্গিত দিয়েছেন, বলেছেন, ভ্রমণ বা হাঁটা থেকে অন্য প্রাপ্তির বিষয়টি। তাঁর ওয়ালডেন অবস্থান নানা ধরনের পথচলায় ব্যাপৃত ছিল। কখনও স্বল্পমেয়াদি কখনও-বা দীর্ঘমেয়াদি ছিল তাঁর ভ্রমণগুলো। কিন্তু এই ভ্রমণগুলো জন্ম দিত নানা অনুভ্রমণের। তাঁর অসাধারণ পর্যবেক্ষণ, মনোপলব্ধি বা বোধিকে বলা যায় এই সব অনুভ্রমণ। বোধিত হয়েছেন তিনি দৃশ্যমান ও অদৃশ্যমান নানা অবস্থা ও প্রপঞ্চের প্রকাশে। প্রকৃতির আবির্ভাব এবং দৃশ্যায়ন তিনি নিখুঁতভাবে অবলোকন করতেন। তাঁর ভ্রমণ শুধু প্রাকৃতিক বা অনুভূতিগত নয়, জ্ঞানান্বেষণমূলকও। ওয়ালডেন-এর শীতের জলাশয় অধ্যায়ের শেষে দেখি, তিনি ভগবদ্গীতা অধ্যয়ন করছেন: 'ব্রাহ্মমুহূর্তে আমি ভগবদ্গীতার ব্যাপক বিশ্বরূপ দর্শনে চিন্তাকে অবগাহন করাই।' আমরা জানি, শুধু গীতা নয়, অন্য অনেক বই-ই তিনি তখন পড়তেন।

এমারসন আমাদের স্মরণ করিয়ে দেন, থরো হাঁটায় যে-সময় দিতেন লেখায় ততটা নয়। থরোর কাছে হাঁটা হলো মানুষের চিরন্তন অন্তর্গত এক সংরাগ। বলেছেন–জীবনযাপনের জন্য না-দাঁড়িয়েই লেখার জন্য বসে যাওয়া কত-না অর্থহীন। যাপনের মৌল প্রবর্তনা হিসেবে তিনি হাঁটা বা ভ্রমণকে গ্রহণ করেছিলেন। মনে হয়, তিনি ঘুমাতেন জেগে ওঠার জন্য, আর জেগে উঠতেন ভ্রমণের জন্য। সকালের বাতাস তাঁর প্রিয় ছিল। সকালে হাঁটা মানে পৃথিবীর জেগে ওঠার সাথে নিজেকে যুক্ত করা:
প্রত্যুষের প্রেমে পড়া মানে স্বাস্থ্যের সুব্যবস্থা করা। মনে রেখো: আমার জন্য প্রত্যুষের এক ঢোক সতেজ বাতাসের বন্দোবস্ত রাখতে হবে। আহা, সকালের বাতাস! দিবসের শুরুতেই মানুষ যদি সতেজ বাতাস পান না-করে, তাহলে, কেন আমরা তা বোতলজাত করে করে দোকানে দোকানে বিক্রি করব তাদের উপকারের জন্য, যারা পৃথিবীর ভোরের সময়টার গ্রাহক হওয়ার টিকিটটা হারিয়ে ফেলেছে।

তাঁর এই সকালপ্রীতি ধরা পড়েছে বসন্তের সময়টাতে। তিনি বলছেন, প্রতিদিন প্রত্যুষে অগভীর জল গভীর জলের থেকে দ্রুত উষ্ণ হতে থাকে, আবার সন্ধ্যা থেকে সকাল অব্দি আরও দ্রুত শীতল হয়ে যায়। আসলে তিনি হয়ে উঠেছিলেন সময়নিরীক্ষক, প্রকৃতিপাঠক। তিনি যখন বলেন– দিন হলো বছরেরই সংক্ষিপ্ত রূপ, দিনের রাতটা শীতকাল, সকাল আর সন্ধ্যাটা হলো যথাক্রমে শরৎ বসন্ত আর শরৎকাল, দুপুরটা হলো গিয়ে গ্রীষ্ম–তখন বলার অপেক্ষা রাখে না যে তিনি একজন কালনিরীক্ষক। সব ঋতুতেই তিনি ভ্রামণিকের অতিন্দ্রীয়তা নিয়ে হেঁটে বেড়িয়েছেন ওয়ালডেনজুড়ে। শীতে দেখেছেন বরফ-জমা আর বসন্তে বরফ-ভাঙা। বসন্তের আবির্ভাব কীভাবে ঘটে তা লক্ষ করার জন্য তিনি ওয়ালডেনে যাওয়ার আগে থেকেই ছিলেন আগ্রহী।

৪.
এই যে পথিকের জীবন, এটা কেউ কাউকে দিতে পারে না, চাপাতে পারে না; এই জীবন নিজের জীবন যা নিজ পছন্দের দ্বারা নিরূপিত এবং গৃহীত। পৃথিবীর যাবতীয় বৈষয়িক প্রাপ্তি, সকল কামনাকে ত্যাগ করে অজানার, অচেনার দিকে ঘুরিয়ে দেওয়া এ জীবন। অর্থ নয়, খ্যাতি নয়, প্রেম নয়, চাই সত্য–থরো বলেছেন এ কথা। বলা হয়ে থাকে, এক পাদরি, তাঁর মৃত্যুক্ষণে, বিছানার পাশে এসে ধর্মীয় রীতিমোতাবেক পরকালের বিষয় উত্থাপন করে ধর্মবিষয়ে তাঁকে আগ্রহান্বিত করার চেষ্টা করলে তিনি নাকি পাদরিকে শুনিয়ে দিয়েছিলেন: 'সুহৃদ, এক জীবনে এক জগৎই কাম্য।' বোঝা যায়, প্রাপ্ত জীবনের অম্লজান আর অমরতাকেই তিনি শিরোধার্য করেছিলেন জীবনের দান হিসেবে। জীবন তাঁর কাছে এক আত্মযাত্রা, প্রকৃতির ভেতরে নিজের আত্মসমর্পণ, নিজের ভেতরে প্রকৃতির প্রকৃত আবাহন।

থরো ছিলেন প্রকৃতির কবি, তাঁর ওয়ালডেন দীর্ঘ-এক প্রাকৃতিক কবিতাময় গদ্য, এবং এতে তাঁর জীবনবোধ এবং পরিক্রমণ শিল্পসম সৌন্দর্য বিস্তার করে রেখেছে। বাইরের সৌন্দর্য পরিণত হয়েছে যেন ভেতরের সৌন্দর্যে, আর ভেতরের সৌন্দর্য বাইরের। শোপেনহাওয়ার বলেছেন, 'the world is my representation: this is a truth valid with reference to every living and knowing being, although man alone can bring it into reflective, abstract consciousness. শোপেনহাওয়ার যেমন বলেন–জগৎই আমার ভাব, তেমনই থরোও বলেন–প্রকৃতিই আমার ভাব। তিনিই প্রকৃতিকে তাঁর জীবন এবং দর্শন দ্বারা চিন্তন এবং বিমূর্ত চেতনে পরিণত করেন, আর তিনিও যেন প্রকাশিত, পুনর্জন্মিত, রূপান্তরিত, এর মাঝেই।