২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কসবাদী ধার্মিক, বিপ্লবী পুরোহিত এর্নেন্তো কার্দেনাল

রাজু আলাউদ্দিন

Published : 03 Mar 2020, 03:16 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


আশির দশকে শুরুর দিকে অনুবাদক ফারুক মেহদীর অনুবাদে এর্নেস্তো কার্দেনালের কয়েকটি কবিতার একটি সংকলন বেরিয়েছিল, সম্ভবত এর্নেস্তো কার্দেনালের কবিতা শিরোনামে। খুব সম্ভবত ৮২ সালের ফেব্রুয়ারি বইমেলার ভিতরে তিনি একটি টেবিল পেতে বসেছিলেন তার প্রকাশিত অনুবাদের বইটি নিয়ে। তাতে কার্দেনালের কোন কোন কবিতা ছিল, এখন আর মনে নেই। তবে এটুকু মনে আছে, বইটিতে এমন কিছু কবিতা ছিল যা তখন আকৃষ্ট করেছিল আমার মতো একজন পাঠককে। সম্ভবত ওই প্রথম কার্দেনালের কবিতা পাঠ।

তারপর কার্দেনালের কবিতা বাংলা অনুবাদে পড়ার জন্য খুঁজলেও খুব একটা নজরে পরেনি। কেউ কেউ একটা দুটো হয়তো করে থাকতে পারেন। সম্ভবত করেছেন। লেখক বন্ধুদের কাছে কার্দেনাল বেশ পরিচিত তখন থেকেই। তাদের কেউ হয়তো করে থাকতে পারেন। আর আমাদের দেশে বিপ্লবী যেসব বন্ধুদের সাথে আমার পরিচয় তারা কেউ কেউ কার্দেনালের খুবই অনুরাগী তখন। সুতরাং অসম্ভব নয় যে ফারুক মেহদী ছাড়াও অন্য কেউ অনুবাদ করেছেন। যেমন প্রিয় অনুবাদ আলম খোরশেদ অনুবাদ করেছিলেন অনেক আগেই। কিন্তু বই আকারে কার্দেনালের কবিতার বাংলা তর্জমা আর চোখে পরেনি।

নেরুদাকে যে-উচ্ছ্বাস ও আবেগে অনেকেই অনুবাদ করেছেন এ্খানে এবং পশ্চিমবঙ্গে, কিন্তু কার্দেনালের প্রতি তারা ততটা মনোযোগ দেননি। অথচ কার্দেনাল ইস্পানো-আমেরিকান কবিতায় একেবারে নতুন একটি ধরনের প্রবর্তক। যে-ভাষা এবং যে-মহাদেশটিতে রুবেন দারিও, পাবলো নেরুদা, বিসেন্তে উইদোব্রো, সেসার বাইয়্যেহো, হোর্হে কাররেরা আন্দ্রাদে কিংবা নিকানোর পাররার মতো ব্যক্তিত্ব প্রবল প্রতাপে রাজত্ব করছেন সেখানে নিজের একটি স্বতন্ত্র কন্ঠ নিয়ে আবির্ভুত হওয়া সহজ নয়। কিন্তু প্রতিভা কার্দেনালকে নতুন পথের সন্ধান দিয়েছিল।

তার প্রতিভা তাকে ধর্মের গণ্ডি থেকে টেনে নিয়ে গেছে বিপ্লবের দিকে, আর বিপ্লব তাকে নিক্ষিপ্ত করেছে কবিতার উনুনে। সেখানেই তিনি কবিতার লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলে উঠেছেন। সেই প্রজ্জ্বলন অব্যাহত ছিল আমৃত্যু।

লাতিন আমেরিকার কবিদের মধ্যে সেই অল্পকয়েকজন যাজকদের একজন যিনি প্রধানত কবি-পরিচয়ে বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেছেন। তিনি সেই যাজক যার আত্মা প্রেমে ও বিপ্লবে সন্নিহিত হয়ে আছে। তার কবিতা মূলত বিপ্লবের আগুনে সেঁকে নেয়া রুটি যা বিতরণ করেছেন তার প্রেমিকাদের মাঝে। এমন প্রেমিক-কবি লাতিন আমেরিকায় তার আগে আর কেউ-ই ছিলেন না। আর এ কারণেই তিনি বলতে পারেন:

তোমাকে হারিয়ে আমরা আসলে হারিয়েছি উভয়েই:
আমি হারিয়েছি তোমাকে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম
আর তুমি হারিয়েছ আমাকে যে-কিনা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো।
কিন্তু আমাদের দুজনের মাঝে তুমি হারিয়েছ বেশি:
কারণ আমি অন্য নারীকে ভালোবাসতে পারবো যেমনটা তোমাকে বেসেছি
কিন্তু তোমাকে কেউ আমার মতোন ভালোবাসবে না।

কবিতাকে তিনি বিমূর্তকরণের মহিমায় বিশ্বাস করতেন না, বরং বাচনিক ঐশ্বর্যে সমৃদ্ধ করে কিভাবে তাকে গণমুখী করা যায় এই ছিল এই যাজকের লক্ষ্য। এবং কবিতাকে প্রায় তথ্যধর্মী করেও কিভাবে কাবোত্তীর্ণ করা যায়– এই পরীক্ষায় কার্দেনাল কেবল সফলই ছিলেন না, ছিলেন ভিন্ন পথের এক প্রবর্তক। Hora 0 কাব্যগ্রন্থে তিনি আবির্ভূত হলেন সেই ‍নতুন পথের প্রবর্তনা নিয়ে । আরও পরে তিনি কবিতাকে গণতন্ত্রায়নের লক্ষে যোগ দিলেন Exteriorismo নামক কাব্য-আন্দোলনে যেখানে নিকারাগুয়ার হোসে করোনেল উর্তেচো, হোয়াকিন পাসোস, পাবলো আন্তোনিও কুয়াদ্রা, মানোলো কুয়াদ্রা ছাড়াও জড়ো হয়েছিলেন গুয়াতেমালার অত্তো রেনে কাস্তিইয়ো এবং এল সালবাদরের রোকে দাল্তন। Exteriorismo ছিল কবিতাকে অবজেক্টিভিটির দিকে নিয়ে যাওয়া যার দূরস্থিত ইশারা সুপ্ত ছিল উইদোব্রোর ধারণায়। কবিরা এতকাল শুধু গোলাপের স্তব করে গেছেন। উইদোব্রো ঘুরে দাঁড়াতে বললেন কবিদেরকে:
ওহে, কবিকুল, কেন কর তুমি গোলাপের বন্দনা!
বরং তোমার কবিতায় তাকে প্রস্ফূটিত করো!

(Por que cantais la rosa oh poetas!
Hacedla florecer en el poema!)

Exteriorismo-এর কবিরা প্রস্ফূটিত করলেন বাস্তব জীবনের আ্খ্যান ও ঘটনাপু্ঞ্জ যেখানে নিরেট বিষয়ের পাশাপাশি যথাযথ নামধাম, সহি তথ্য আর পরিসংখ্যান, এমনকি উদ্ধৃতিও থাকলো। এই কাব্য-আন্দোলনের কবিরা কেবল কবিতার ঐতিহ্যকেই নয়, চেয়েছিলেন কবিতার মাধ্যমে স্বৈরাচারীদের তৈরি বাস্তবতাকে বদলে দিতে। কার্দেনাল তার Poesia nueva de Nicaragua: Seleccion y prologo de Ernesto Cardenal( Buenos Aires, Lohle, 1974) নামক গ্রন্থে খোলাখুলিই জানিয়ে দিলেন যে
আমি মনে করি একমাত্র যে-কবিতা লাতিন আমেরিকার বাস্তবতাকে প্রকাশ করতে পারে এবং পৌঁছুতে পারে জনগণের কাছে এবং হয়ে উঠতে পারে বিপ্লবী তা এই Exteriorist… কবিতা ভূমিকা রাখতে পারে এমন এক কাজে যা গঠন করবে দেশ, সৃষ্টি করবে নতুন মানবতা, বদলাবে সমাজকে, লাতিন আমেরিকা নামক ভবিষ্যত এক মহৎ দেশের অংশ হিসেবে তৈরি করবে ভবিষ্যত নিকারাগুয়াকে।
এই লক্ষ্যে কার্দেনাল কবিতাকে সর্বতোভাবে গণমুখী করে তুলেছেন। এমনকি, তিনি তার ঈশ্বরকে আসমান থেকে নামিয়ে আনলেন বঞ্চিত গণমানুষের কাতারে। নিজে যাজক হয়েও রক্তমাংশের শরীরি-সংরাগকে উপেক্ষা করেননি।
জানিনা কেন মনে পড়লো নোভালিসের কথা:
"নগ্ন শরীর স্পর্শ মানেই জান্নাতকে ছোঁয়া।

No se por que recorde la frase de Novalis
"Tocar un cuerpo desnudo es tocar el cielo."
কার্দেনালের এই পংক্তিতে জার্মান কবি ও দার্শনিক নোভালিসের উল্লেখের পেছনে যে-কেউ-ই জানেন সেই শরীরী সংরাগের কথা যেখানে তিনি বলেছিলেন: নারী হচ্ছে সবচেয়ে উন্নত এক শরীরী খাবার( "Novalis said that woman is the most exalted corporeal food"–Five works by Octavio Paz, Arcade Publishing , 2012, P-232)। কিন্তুু নোভালিস যদিও মরমীচেতনায় মথিত এক কবি, কিন্তু তিনি শরীরী-সম্ভোগে মরমীবোধের জাগরণ অনুভব করলেও তা ধর্মীয় পরিভাষায় যে জান্নাতেরই সমতুল্য– এই কথা বলার সাহস তিনি করেননি, কিন্তু কার্দেনাল তা করেছিলেন। ক্রিশ্চিয়ানিটি যৌনতা থেকে মানবজাতির আবির্ভাবের কারণে মানুষকে পাপীষ্ঠ ভেবেছে, ফলে তাকে স্বীকারোক্তি দিয়ে পাপমোচন করতে হয়। যৌনতাকে সে কখনোই পুণ্য মনে করে না যদি না তা ধর্মীয় বিধিমোতাবেক হয়। কিন্তু কার্দেনাল ক্যাথলিক হওয়ার পরও ধর্মের গণ্ডি পেরিয়ে প্রবেশ করেছেন এমন এক দ্রোহের জগতে যেখানে যৌনতাকে তিনি পবিত্রতায় মুড়িয়ে দিলেন।

কবি মানেই বিদ্রোহী, কবি মানেই যিশুর মতো শহীদ, কবি মানেই প্রথার খড়কুটো পোড়ানো দাউ দাউ এক আগুন। কবি মানেই নিজেকেও অতিক্রম করার নিষ্ঠুর এক কর্তব্য।

কার্দেনাল রাষ্ট্রের কাঁধে ধর্ম নয়, ধর্মের কাঁধে রাষ্ট্রের জোয়াল চেপে দিতে চেয়েছিলেন। তিনি মরে করতেন ধর্মের কাজ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। এই লক্ষে তিনি খৃষ্টধর্ম ও মার্কসের মধ্যে পার্থক্য খুঁজে পাননি। কার্দেনালের প্রয়াণে আমরা হারালাম এক মহান কবিকে।