দ্য প্রফেট: বিস্ময়কর এক ছোট্ট বই
আলোকচিত্র: দ্য প্রেফেট-খ্যাত কবি কাহলিল জিবরান
ছোট একটা বই। কালো মলাটের। বিশ হাজার শব্দের। গায়ের দাম আড়াই ডলার। এই বই পাল্টে দেয় সবকিছু। লেখকের আত্মবিশ্বাস। পাঠকের মনোজগৎ। আমেরিকান প্রকাশনার ইতিহাস। এই প্রথম বেস্ট সেলার হয় আরব লেখকের বই। জিবরান নিজেও বিস্মিত। পাঠকের এত মুগ্ধতা, উচ্ছাস! এত আলোচনা, আগ্রহ! ডাকবাক্সে এত চিঠি, ফোন। এসবই প্রফেটের সূত্রে। প্রশংসার বন্যায় ভেসে যাওয়া লেখকের চোখে প্রফেট এক বিস্ময়কর ছোট বই। লেখকের বিশ্বাস ছোট আকারই প্রফেটের সাফল্যের সূত্র।
আদর্শ বই হওয়া উচিত ছোট। যেন এক পাঠে শেষ করা যায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে। বিকেলে হাটতে যাওয়ার আগে, যেন পকেটে নিয়ে বেরিয়ে পড়া যায়।
১৯২৩ সালের সেপ্টেম্বরের শেষে ছাপা হয় প্রফেট। নিউ ইয়র্কের জনাকীর্ন বইয়ের বাজার দখল করে নেয়। কোনও প্রচারণা, আলোচনা নেই। তবুও পৌঁছে যায় হাতে হাতে। বিশ দিনে শেষ হয় প্রথম সংস্করন। প্রথম কিস্তিতে ছাপা হয় ১৩০০ কপি। এর পর যারা এসেছেন, খালি হাতে ফিরেছেন। প্রকাশক আলফ্রেড এ প্নুফ ভেবেছেন এই বই পাঠকের মনযোগের বাইরে থেকে যাবে। মনেই হয়নি দার্শনিক স্বভাবের, রহস্যময় একটি বই এত সমাদৃত হবে। তিনি তরুণ প্রকাশক। প্রকাশনার বয়স আট বছর। এর আগে ছেপেছেন ম্যাডম্যান ও ফোররানার। সেই সম্পর্কের সূত্রেই প্রকাশ তৃতীয় ইংরেজী লেখা। বইয়ের কাটতি প্রত্যাশা ও রেকর্ড ছাড়িয় যায়। আমেরিকার ইতিহাসের সেরা বেস্ট সেলার হয় প্রফেট। এই বই তার প্রকাশক জীবনের সবচেয়ে বড় সাফল্য। এর আগে তার মুখে হাসি ফুটিয়েছে ডব্লিউ এইচ হাডসনের উপন্যান গ্রিন ম্যানসন। ১৯১৯ সাল পর্যন্ত বাজারে এসেছে নয়টি সংস্করন। বিক্রী হয়েছে বিশ হাজার কপি। প্রফেটের সাফল্য সবচেয়ে বেশী। পরের বছর আবারও ছাপেন। এবার বিক্রী আগের চেয়ে দ্বিগুন। ১৯৩৭ সাল পর্যন্ত যুদ্ধের ডামাডোলেও বিক্রী হয় এক লাখ ২৯ হাজার ২৩৩ কপি। ১৯৫৭ সালে বিক্রি মিলিয়ন ছাড়িয়ে যায়। জিবরান বেঁচে থাকতেই বইটি অনূদিত হয় বিশটি ভাষায়। প্রফেট আমেরিকার বইয়ের বাজারে সবচেয়ে বেশি সরবরাহ করা বই। অন্য প্রকাশকদের ঈর্ষা বাড়িয়ে বইয়ের ছাপা, বাধাই, বাজারজাত করার কাজে ব্যস্ত সময় পার করেন প্রকাশনার কর্মীরা। আগের বইগুলো লাভের মুখ না দেখলেও জিবরানের ওপর ভরসা রেখেছেন। জিবরানও তাকে শ্রদ্ধা করেন। প্রকাশকের চোখে প্রফেট সাহিত্যের বিস্ময়, ভাগ্য ফেরানো আলাদীনের প্রদীপ।
একের পর এক চিঠি আসতে থাকে। প্রকাশকের ঠিকানায়, লেখকের ডাকবাক্সে। সেখানে অনেক প্রশ্ন। লেখকের কাছে পাঠকের। তাত্ত্বিক, দার্শনিক, আটপৌরে প্রশ্ন। আল মোস্তাফার কাছে অর্ফালিস দ্বীপের মানুষের প্রশ্নের মতো এসব প্রশ্নও জাগতিক জীবনের সঙ্গে সম্পর্কিত। এই চরিত্রের স্রষ্টার কাছে তারা জানতে চান অনেক কিছু। আলফ্রেড প্নুফ পরের মাসেই দ্বিতীয় সংস্করনের কথা ভাবেন। প্রশ্নগুলো যোগ হবে বইয়ের শেষে। দেখা হলেই লেখককে জানান বিক্রীর খবর। জিবরান হেসে উত্তর দেন, বলেছিলাম না, এই বই পছন্দ করবে পাঠক? এই আত্মবিশ্বাস মেরির মন্তব্যের সুত্রে। মেরির উচ্চাকাঙ্খা আরও মজবুত করে লেখকের বিশ্বাস। মনে হয় এটাই তার জীবনের সেরা লেখা। মেরি বলেছেন,
প্রফেট এ পর্যন্ত লেখা যোকোনো ভাষার সেরা গ্রন্থ। যত দিন যাবে মানুষ তোমাকে তত বেশী ভালোবাসবে। অনেক অনেক বছর পর যখন তোমার দেহ মাটিতে মিশে যাবে, তখনও তারা খুঁজে পাবে তোমাকে। তোমাকে অনুভব করবে। প্রফেটের মাঝে তুমি দৃশ্যমান হবে। যেভাবে দৃশ্যমান ঈশ্বর।
দৃশ্যমান জীবনের বিপরীতে যে অদৃশ্য ইঙিত তাকে তাড়িয়ে বেড়িয়েছে, এই প্রথম তার পূর্বাভাস, প্রত্যাশা সত্য হয়ে ওঠে। চল্লিশ বছর বয়সে প্রফেটের সাফল্যে মনে পড়ে মায়ের ভবিষ্যবানী। ৩৫ বছর বয়সে নিজের ভেতর টের পেয়েছেন সেই সত্তার উপস্থিতি। মা যার কথা বলে গেছেন। এত বছর আগে মা কিভাবে এসব কথা বলতে পেরেছেন! প্রফেট প্রকাশের দুই মাসের মাথায় ১৯২৩ সালের ২৩ ডিসেম্বর মিশরীয় বন্ধু মে জিয়াদেকে জানান এই বই নিয়ে নিজের উপলব্ধির কথা।
মে, প্রফেট হচ্ছে একটা শব্দের প্রথম অক্ষর। আমার বিশ্বাস ছিল এই শব্দটা আমার নিজের। আমার মধ্য থেকেই এই শব্দের উৎপত্তি। তাই এই শব্দটি উচ্চারনে অক্ষম ছিলাম। এই অক্ষমতাই আমার অসুখের কারণ। এমনকি আমার আত্মার বেদনা ও দুর্ভোগেরও এটাই কারণ। এরপর ইশ্বরের ইচ্ছা হয় যে, আমার চোখ খুলে যাক; যেন আলো দেখতে পাই। ঈশ্বর এটাও চান যেন আমার কান সজাগ হয়। যেন মানুষের উচ্চারিত সেই প্রথম শব্দের আওয়াজ শুনতে পাই। ঈশ্বর চান আমার ঠোঁট খুলে যাক। যেন আমি এই শব্দের পুনরাবৃত্তি করতে পারি। প্রথমবারের মতো আমি উপলব্দি করি, অন্য মানুষেরাও গুরুত্বপূর্ণ। আমি সবারই একজন। আলাদাভাবে আমি কেউ নই, কিছু নই।
আমেরিকান পাঠকের মনোজগতে নতুন বার্তা নিয়ে হাজির হয় প্রফেট। পাশ্চাত্যের কাছে প্রাচ্যের বার্তা। আল মোস্তাফার চিন্তা, দর্শন তাদের কাছে নতুন। আল মোস্তাফা যেন এক পথপ্রদর্শক। মানবিকতার পথে হেঁটে যাওয়া দরবেশ। অতি সংবেদনশীল মানুষ। যার আছে যাপিত জীবনের সব অভিজ্ঞতা, মীমাংসার সূত্র। জটিল দ্বিধার উত্তর। এই দরবেশের আলখাল্লার পকেটে হাজারো ইতিবাচক বার্তা; শান্তি, কল্যাণের পথের আহ্বান। যিনি বলেন সঠিক জীবনে চাই ভদ্রতা, ক্ষমা, দয়া, মহত্বের স্পর্শ। আল মোস্তাফা হৃদয়ের দরোজা খুলে দেন পৃথিবীর জন্য, যেন সে দেখতে পারে কি অলৌকিক বিষয়, যাদু আছে চারপাশের রহস্যে। প্রফেটকে তুলনা করা হয় গীতার সঙ্গে। আল মোস্তাফা যেন কৃষ্ণ। আত্ম উপলব্ধি তৈরির পাশাপাশি মনের আত্মিক বিষয়গুলোকেও স্পর্শ করেন। আলো মোস্তাফা যখন বলেন,
আঘাত ছাড়া নিজের একাকীত্ব থেকে কিভাবে মুক্তি সম্ভব?
কিভাবে প্রবেশ করা সম্ভব শান্তির ভেতর দুঃখ ছাড়া?
তখন অনেক প্রশ্নের জন্ম হয়। দার্শনিক প্রশ্ন। অন্ধকার সুড়ঙ্গের ওপাড়ে আলোর রেখা হয়ে দাঁড়িয়ে থাকে উত্তরের আভাস। এই আভাস ও ইঙিতের ভেতর থাকা রহস্যকেই ছড়িয়ে দিতে চেয়েছেন জিবরান। চেয়েছেন রহস্য ভেদ করে প্রশ্নের সেতু পার হয়ে মানুষ পৌঁছে যাক সত্যের কাছে। ছোটবেলায় কীটসের সৌন্দর্যতত্বে প্রভাবিত জিবরান চেয়েছেন সত্যের সৌন্দর্যে মানুষ হয়ে উঠুক আরও মানবিক। সব ভেদাভেদ ভুলে গড়ে উঠুক এক উদার, অসাম্প্রদায়িক পৃথিবী। শুধু ভালো কিংবা মন্দের ধারণাকে প্রত্যাখ্যান করে আল মোস্তাফা মন্দের পক্ষে ওকালতি করেন, সমগ্র মানবজাতির পক্ষ থেকে নিরপেক্ষভাবে। এই বক্তব্য যিশুর সংরক্ষিত বানীর বিরুদ্ধে প্রথম প্রতিবাদ।
অনেকদিক থেকে ভালো হতো পার তুমি
তবে যখন তুমি ভালো নও,
তখনও তোমাকে মন্দ বলা যায় না
কিছুটা অলস বলে গতি কমে গেছে
কচ্ছপকে হরিণ শেখাতে পারে না দ্রুতগতি।
দান্তে যেমন বলেছেন তোমাদের মধ্যে কে আছ অসীম ভালোবাসায় তার উপস্থিতি টের পাও না? দান্তের মতে শয়তান বলে কিছু নেই। শয়তান হলো ঈশ্বরের প্রত্যাশার ভুল নির্দেশনা। এই প্রত্যাশার সীমাবদ্ধতা। জিবরানের ভালো মন্দের চিন্তার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় ওয়াল্ট হুইটম্যানের সংগস অব সাইলেন্স-এর। যা ভালো তা ঠিক আছে। এদিক থেকে পাপও নিখুঁত। একজন পাপির মহত্বর দিকে ছুটে যাওয়ার চেষ্টা এমারসনের মতো জিবরানও সমর্থন করেছেন।
এমনকি এই পথ থেকে যারা শেষ পর্যন্ত পিছু হটে গেছে তারাও মন্দ নয়।
আল মোস্তাফার কণ্ঠ এখানে মৃদু। এখানে জিবরানের প্রথম দিকের আরবী লেখার বিতর্কিত উপকরণ অনুপস্থিত। এমনকি ম্যাডম্যানের ব্যাঙ্গাত্মক উপহাসের প্রবনতাও নেই এখানে। তবে প্রথম দিকের লেখার বিশ্বাসের অসামান্য ব্যাপ্তিকে এখানেও খুঁজে পাওয়া যায়। যেমন ধর্মীয় বিষয়ে কপটতাকে চিহ্নিত করে আনন্দেও প্রার্থনা করার পরামর্শ দেন।
তোমরা শুধুই প্রাথনা করো দু:খে ও প্রয়োজনে
প্রার্থনা করো সুখে ও আনন্দে থাকারও সময়েও
প্রার্থনা হলো নিজেকে বাতাসে ছড়িয়ে দেওয়া
এসব ব্যতিক্রম মানবতাবাদী চিন্তায় মুগ্ধ পাঠক। চিঠি, প্রশংসা, অভিনন্দনে আপ্লুত লেখক। সাহিত্যের আসর, সেমিনার থেকে আমন্ত্রণ আসে। সবাই চান লেখকের কথা শুনতে। আরব অভিবাসীরাও জিবরানের জন্য গর্বিত। নিউ ইয়র্কের পয়েটস ক্লাবে কবিতা পড়েন। মিশিগান থেকে এক নারীর চিঠি আসে। বলেন, জিবরানের ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে বলেই তিনি প্রফেট লিখতে পেরেছেন। শিশুদের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান। বিভিন্ন জায়গায় প্রফেট পড়া হতে থাকে। জিবরান খুশী হন গীর্জায় বই পৌঁছে যাওয়ায়। তার ইচ্ছে ছিল গীর্জায় প্রথম পাঠ করা হোক এই বই। সেই আশা পূর্ণ করেন অভিনেতা বাটলার ডেভেপোর্ট। সেন্ট মার্ক হন গীর্জায় পুরো প্রফেট পাঠ করেন। ধীরে ধীরে নিউ ইয়র্কের বইপাড়ায়, সাহিত্যপ্রেমীদের মাঝে পৌঁছে যায় এই আশ্চর্য বইয়ের খবর। বইয়ের প্রচারনা কতদূর পর্যন্ত পৌছে গেছে তা টের পান একটা চিঠি আসার পর। রোমানিয়ার রানীর চিঠি। কেউ একজন রানীকে পড়তে দিয়েছে জিবরানের সদ্য প্রকাশিত বই। মুগ্ধ রানী রোমানিয়া থেকে চিঠি পাঠান আমেরিকায়। লেখকের প্রসংসা করে। ধন্যবাদ জানিয়ে জিবরান লেখেন রানীর বক্তব্য এই গ্রন্থে রাজকীয় স্বাক্ষর জুড়ে দিয়েছে। মিশরের সাবেক সংস্কৃতি মন্ত্রী, পরে জিবরানের অনুবাদক প্রফেটে শুনতে পান লেখকের প্রকৃত সত্ত্বার প্রতিধ্বনি। বলেছেন, প্রফেট যেন রক্তে লেখা বই। আহত হৃদয় থেকে বেরিয়ে আসা কান্না। গভীর বেদনা এর বাহককে বিপর্যস্ত করে তুলতে পারে। কিন্তু এ থেকে বের হয়ে আসাও সম্ভব। কিন্তু জিবরানের মতো মানুষেরা এমন বেদনাকে শক্তিকে রূপান্তরিত করেন। সেই বেদনা হয়ে ওঠে সৃষ্টিশীল। জিবরান নিজেও মনে করতেন বেদনা সৃষ্টিশীল হতে পারে। অনেক ভোগালেও বেদনা জীবনের গুরুত্বপূর্ন বিষয়। কিছু মানুষ আনন্দের মাধুর্যে বড় কিছু অর্জন করে। কিছু মানুষ, না আনন্দ না বেদনা কোনও কিছুর মাধ্যমেই কোথাও পৌঁছতে পারে না। তারা শুধু এসবের মধ্যে বাঁচে। অধিকাংশ মানুষ বেদনার গভীরতা অনুভব করতে পারে না। আইরিশ লেখক জর্জ রাসেলের মনে হয়, প্রফেট প্রাচ্যের সার্থক কণ্ঠস্বর। রবীন্দনাথ ঠাকুরের গীতাঞ্জলীর সঙ্গে তুলনা করে বলেন, এই বাঙালি কবির পর প্রাচ্যের কথা এত চমৎকারভাবে আর কারও লেখায় আসেনি। তিনি বলেন,
আগে এত চমৎকার চিন্তার বই পড়িনি। প্রফেট পড়ে বুঝতে পেরেছি সক্রেটিস ভোজের সময় চিন্তার সৌন্দর্য বলতে কি বোঝাতে চেয়েছেন। যা প্রচলিত সৌন্দর্য ধারণার চেয়ে অনেক গভীর। মাকে তিনি বলেন, তোমার সন্তানেরা তোমাদের নয়। তারা জীবনের সন্তান। তুমি তাদের ভালোবাসা দিতে পার, তোমার চিন্তা নয়। কারণ তাদের নিজস্ব চিন্তা আছে। তাদের শরীরকে বাসস্থান দিতে পার, তাদের আত্মাকে নয়। কারণ তাদের আত্মা থাকে ভবিষ্যতের ঘরে। যেখানে তুমি যেতে পার না। এমনকি স্বপ্নেও। এভাবে সব পৃষ্টা থেকে উদৃত করতে পারি। প্রতিটি পৃষ্ঠায় এমন অসাধারণ চিন্তা খুঁজে পাওয়া যাবে। ভালোবাসা সম্পর্কে কি অসাধারণ কথা তিনি বলেছেন- যারা স্বাধীনতার নামে কাঁধে জোয়াল ও হাতে হাতকড়া পড়েছে। কারাগারের বন্দীদের চেয়ে এদের স্বাধীনতা কম। তাদের আত্মা শিকলবন্দি।
জিবরান নিয়ে আলোচনা প্রসঙ্গে এর আগেও নানা সময়ে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের নাম। এ প্রসঙ্গে যোগ করা যায় জিবরানের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা হওয়ার প্রসঙ্গ। ১৯২০ সালে আমেরিকা ভ্রমণের সময় দেখা হয় বাঙালি ও লেবানিজ কবির। তাদের আলাপে উঠে আসে প্রাচ্য ও পাশ্চাত্যের নানা প্রসঙ্গ। আমেরিকার বানিজ্যিক মনোভাব নিয়ে নিজের অবস্থানের কথা জানান রবীন্দ্রনাথ। জিবারান তার ছবি এঁকেছেন এমন কথাও প্রচলিত। তবে এর কোনও তথ্যসূত্র নেই। সেই ছবির খোঁজও পাওয়া যায়নি। জিবরানের প্রদর্শনীতে পোট্র্রেট সিরিজেও অনুপস্থিত বাঙালি কবি। স্টুডিওতে এই ছবির খোঁজ পাওয়া যায় নি। তবে বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে দেখা হলে জিবরান তাদের ছবি এঁকেছেন। নোবেল বিজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথকে হাতের হাতের কাছে পেয়েও তার ছবি না আঁকাও তার শিল্পী স্বভাবের বাইরে। ১৯২৩ সালের ২০ ডিসেম্বর মেরির জার্নালে পাওয়া পাওয়া যায় রবীন্দ্রনাথের প্রসঙ্গ। মেরিকে জিবরান লিখেছেন,
আমরা একসঙ্গে রাতের খাবার খেয়েছি। টাগোরকে আমি উপহার দিয়েছি চার্লস ডিকেন্সের বই। তিনি বলেছেন আমেরিকা টাকার পেছনে ছোটা দেশ। যার কোনও দর্শন নেই। তিনি বলেছেন জাগতিক জগতের সঙ্গে আত্মিক বিষয়ের বিরোধ নেই। কিন্তু জীবনের পরতে পরতে আত্মিক বিষয়ের উপস্থিতি রয়েছে। প্রাচ্য এবং পশ্চিমের সংস্কৃতি, সমাজব্যবস্থা, অর্থনীতি নিয়ে অনেক কথা বলেছেন। আমিও বলার চেষ্টা করেছি। আমার মনে হয় আমিও সফলভাবে বলতে পেরেছি। যান্ত্রিকতার মধ্যেও একসময় আত্মার সুস্পষ্ট বিকাশ ঘটবে।
আলোকচিত্র: দ্য প্রফেট-এর প্রথম সংস্করণের প্রচ্ছদ
নিউ ইয়র্কের বাইরে বিভিন্ন শহর থেকে প্রফেট পাঠের প্রস্তাব আসে। সেখানে লেখক নিজের কন্ঠে প্রফেট থেকে পড়ে শোনাবেন দর্শক, শ্রোতাদের। প্রশ্নের উত্তর দেবেন। এমন প্রস্তাব নাকচ করেন দেন লেখক। তার পক্ষে বহু মানুষের সামনে বসে কথা বলা, নিজের লেখা পাঠ করা সম্ভব নয়। এভাবে নিজের প্রচারনার কথা ভাবাও তার স্বভাবের বাইরে। এভাবে জনপ্রিয়তা চাই না তার। এটা তার আত্মার ওপর ভারি বোঝা হয়ে দাঁড়াবে। তার চেয়ে বরং স্টুডিওতে প্রফেট পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কিছু চেনা মানুষের মাঝে। চার্চে বসে পাঠ করা যায়। সেখানেও নিজের বিশ্বাস, লেখার কথা বলতে পারেন। মানুষের সঙ্গে কথা বলতে চান। শিক্ষকের মতো। খুব নিঃসঙ্গ মানুষ জিবরান। তাই শুধুমাত্র তাদের সঙ্গে কথা বলতে চান। যারা তার মতো নিঃসঙ্গ। শিকাগো দারুন এক আলোচনা ছাপে। ভক্ত, পাঠক, বন্ধু, শুভ্যার্থীদের প্রতিক্রিয়ায় মুগ্ধ জিবরান নিউ ইয়র্ক থেকে দূরের শহর জর্জিয়ায় থাকা মেরিকে জানান এসব খবর,
প্রফেট নিয়ে আসা চিঠিগুলো পড়ে আমি আপ্লুত। অধিকাংশ চিঠিই অচেনা মানুষের। বই প্রকাশের বিশ দিনের মাথায় এক সিরিয়ান প্রকাশক বইটি কিনতে যান। নিউ ইয়র্কের বড় বড় বইয়ের দোকানে। কোথাও খুঁজে পাননি। সব কপি শেষ হয়ে গেছে। পোয়েটস ক্লাবে এই বই থেকে পড়েছি। সেন্ট মার্ক গীর্জায়ও পাঠ করা হয়েছে। বাটলার ডেভেপোর্ট আমার সম্মানে পুরো বইটি পড়েছেন। দারুন বিষয়। এই পাঠ থেকে বইটি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছে। তুমি তো জান মেরি, আমি চেয়েছিলাম প্রফেট যেন প্রথমে কোনও গীর্জাতে পাঠ করা হয়।
পাঠকদের মুগ্ধতার বিপরীতে আমেরিকান সমালোচকদের উপেক্ষা চোখে পড়ার মতো। পাঠকদের ভালোবাসা পেলেও সাহিত্য সমালোচকদের মন পায়নি প্রফেট। আমেরিকার আলোচকরা এই আরব অভিবাসী লেখককে বরাবর উপেক্ষা করেছেন। প্রফেটের সাফল্য কিংবা লেখকের মৃত্যুও ভাঙতে পারেনি এই নীরবতা। বহু বছর পরও আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্য হননি জিবরান। অনেক বছর এলিয়ট, ইয়েটস, রিলকেসহ সমকালীন লেখকের তুলনায় অবহেলিত থেকে গেছেন। এ নিয়ে আরব বুদ্ধিজীবীদের উষ্মার শেষ নেই। আমেরিকায় প্রথমদিকে মেডম্যান ও ফোরনারারের তুলনায় খবরের কাগজের কম মনোযোগ পেয়েছে প্রফেট। এটি তার একমাত্র বই যেটা নিয়ে কোনও আলোচনা করেনি নিউ ইয়র্ক টাইমস। তবে পত্রিকাটির গ্রন্থ পরিচিতিতে যেভাবে পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে তাতেও উৎসাহের ঘাটতি দেখা গেছে।
কহলীল জিবরান তৃতীয় একটি বই লিখেছেন। প্রফেট। আগের দুটো বইয়ের মতোই এই বইটির বৈশিষ্ট। বইয়ের বিষয় কিছু পাঠককে ছুঁয়ে গেলেও বাকিরা শীতল আচরণ করবে। এসব সিরিয়াস দর্শন আমাদের সংস্কৃতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে। এই প্রজন্মের অস্থির, অতৃপ্ত মনকে ছুঁয়ে যেতে পারে। নিঃসন্দেহে অনেক পাঠককে বইটি জাগিয়ে তুলবে। এর সৌন্দর্য নয় ঘ্রাণ। কিন্তু এটি অধিকাংশ মানুষের আত্মিক ক্ষুধাকে মেটাতে পারবে না।
আরব বুদ্ধিজীবীরাও জিবরানের প্রাচ্য ধারণার বিরোধী। ১৯১২ সালে ব্রোকেন উইংস প্রকাশের পর থেকেই জিবরানের প্রাচ্য চিন্তার প্রতি তাদের বিদ্বেষ প্রকাশিত হতে থাকে। জিবরানের প্রতি তাদের সমালোচনার ভাষা নিষ্ঠুর। ব্জনপ্রিয় লেবানিজ সাহিত্য পত্রিকা আল মাশরাকি ব্রোকেন উইংস প্রকাশের পরই বইটিকে আক্রমন করে। লেবাননের সাধারণ মানুষের ওপর ধর্মের নামে গীর্জার পাদ্রীদের নিপীড়নের প্রতিবাদ করেছেন জিবরান। এর বিরুদ্ধে জিবরানের মন্তব্যকে নোংরা বক্তব্য বলে মন্তব্য করা হয়। এছাড়া পরাধীন জন্মভূমির স্বাধীনতার পক্ষের অবস্থান তাকে লেবাননের শাসকদের শত্রুতে পরিণত করে।
এরপর শত্রুতা কুড়িয়েছেন কবিতার সূত্রে। মিশরের আল হিলাল পত্রিকায় ছাপা হয় জিবরানের কবিতা পলিটিকাল ফেয়ারওয়েল। এই আরবি কবিতা নিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আলোচনা শুরু হয়। সিরিয়ার পত্রিকায় এই কবিতাটি ছাপা নিষিদ্ধ করে সেন্সর বোর্ড। নিউ ইয়র্ক, দক্ষিন আমেরিকা এবং কায়রো থেকে সিরিয়া আসা কাগজেও নিষিদ্ধ করা হয় কবিতাটি। আল হিলালের সম্পাদনা পরিষদ কবিতার নাম পরিবর্তন করে আবার ছাপেন। নতুন শিরোনাম ইউ হেভ ইউর লেবানন, এন্ড আই হেভ মাই লেবানন। আল হিলাল কর্তৃপক্ষ জানেন, বিকর্ত, নিষেধাজ্ঞার কারণেই কবিতাটির প্রতি আগ্রহী পাঠক। সবাই জানতে চায় কি আছে এই কবিতায়। কবিতায় জিবরান তার লেবাননকে তাদের লেবাননের সঙ্গে তুলনা করেছেন। তার লেবাননের মানুষ অসামাপ্রদায়িক। তাদের বলতে সামাজিক, রাজনৈতিক ব্যক্তি ও ধর্মযাজকদের বুঝিয়েছেন। রাষ্ট্র এবং গীর্জার মধ্যে ক্রীড়ানক হয়ে থাকা সাধারণ মানুষের দুর্ভোগের কথা বলেছেন। আল হিলালের সম্পাদনা পরিষদের প্রধান এমালে জাইদানকে লেখা চিঠিতে বিপ্লবী কবি জিবরান সিরিয়ায় লেখা নিষিদ্ধে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন একই সঙ্গে তার হাসি পাচ্ছে আবার কান্নাও পাচ্ছে। এভাবে তারা নিজেদরই অপমান করল। এখন যেভাবেই হোক পাঠক লেখাটি পড়তে চাইছে। তার চেয়ে কোনও প্রতিক্রিয়া না দেখালে এই কবিতা নিয়ে এত হৈচৈ হতো না। অনেকেই এই লেখার প্রশংসা করেছেন। সেন্সর বোর্ড জিবরানের জনপ্রিয়তার বিষয়ে সজাগ। তারা জানেন জিবরান আরব বিশ্বের জনপ্রিয় কন্ঠ। তবে প্রাচ্যের অনেকের জন্য তার চিন্তা অস্বস্তিকর।
প্রাচ্যের একটা অসুখ আছে। অনুকরনের অসুখ। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার শস্তা জিনিসের অনুকরনে আগ্রহী তারা। আমেরিকার রেল লাইন, পয়োব্যবস্থা বা শিক্ষাপদ্ধতি নয়; তারা অনুকরন করে পোশাক এবং অস্ত্র। প্রাচ্যের মহান দার্শনিক আর পাশ্চাত্যের আগ্রেয়াস্ত্রের মধ্যে বেছে নিতে হলে তারা হাতে তুলে নেবে অস্ত্র। দার্শনিকদের কদর নেই তাদের কাছে। পশ্চিমারা প্রাচ্যের মনোজগৎ ধীরে ধীরে দখল করে নিয়ে নিয়েছে।
নিষিদ্ধ হওয়ার অভিজ্ঞতা এই প্রথম নয়। এর আগের বছরেও সেন্সর বোর্ডের কর্মকর্তারা স্বদেশে পাঠানো তার সব লেখা চিঠি, পোষ্ট কার্ড, এমনকি টাকা চেয়ে পাঠানো চিঠিও খুলে পড়েছেন। অন্য দেশের কাগজে প্রকাশিক তার ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক লেখা সংগ্রহ করে পড়েছে। সেন্সর বোর্ডের একজন সদস্য তাকে একবার এসব জানিয়ে চিঠিও লিখেছেন। ১৯২৩ সালে এসেও জিবরানের প্রতি তাদের গোসসা কমেনি। প্রফেট প্রকাশের পর আল মাশরিকের সমালোচক লুইস চেইকো প্রশ্ন করেন, জিবরান কি একজন কবি? নাকি নির্বোধ মূর্খ? তার বক্তব্য শিশুসুলভ, অন্তসারশূণ্য। ধর্মের জন্য তার মনে কোনও শ্রদ্ধা নেই। স্বদেশের মানুষের বিরোধিতা হজম করা কঠিন হলেও বাস্তবতা মেনে নিয়েছেন।
মাতৃভূমিতে, আরব বিশ্বে আমার যে অবস্থান তা নিয়ে আমার পক্ষে কথা বলা মুশকিল। প্রাচ্যের মানুষ মনে করে আমি সাহিত্যের নতুন স্কুল খুলে বসেছি। এমনটা করে থাকলেও সচেতনভাবে করিনি। লেখক ও সমালোকরা দুটো শব্দের পুনরাবৃত্তি করেন। জিবরানিয়েট ও জিবরানিজম। জিবরানিয়েট শব্দটি ব্যবহার করা হয় ভিন্ন ব্যক্তি বোঝাতে। জিবরানিজম বোঝান স্বাধীনতা অর্থে। আমি জানি আরব বিশ্বে আমাকে নিয়ে যুদ্ধ চলছে। তরুণ আর প্রবীনদের মাঝে। তবে আমি এখনও টিকে আছি তরুণদের জন্য। তাদের এখনও জয় করা যায়নি।
লেবানন বা আরব বিশ্বে নয়, সারা পৃথিবীতে তরুণরাই প্রধান পাঠক। তার আমেরিকান জীবনীকার রবীন ওয়াটারফিল্ড গবেষণার সময় নিউ ইয়র্কসহ বিভন্ন শহরের বইয়ের দোকান ও লাইব্রেরীতে গিয়ে জানতে চান কারা জিবরানের বইয়ের খোঁজ করেন? দোকানিরা জানান, তরুণরাই মূলত জিবরানরে বইয়ের ক্রেতা। আল মাশরাকির বক্তব্যে ক্ষুব্ধ হয় আরব অভিবাসী লেখকদের সংগঠন এরাবিটাহ। জিবরান এর প্রতিষ্ঠাতা, সাধারন সম্পাদক। সংগঠন টিকিয়ে রাখতে অনেক শ্রম দিয়েছেন। লেবাননের স্বাধীনতার পক্ষে আওয়াজ তুলেছেন। স্বদেশী যোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করে লেবাননে পাঠিয়েছেন। এরাবিটাহর জবাবে জল আরও ঘোলা হয়। আল মাশরিক জিবরানের বিরুদ্ধে আরও সোচ্চার হয়। জন্মভূমি থেকে ছুটে আসে আরও বিষাক্ত শব্দ তীর। অভিযোগ ওঠে এই লেখকের লেখা সস্তা, কামোদ্দীপক। জিবরান একজন অনিষ্টকর লেখক। তার লেখা বর্জনের ডাক দেওয়া হয়। এর আগে তার ওপর ক্ষেপেছেন লেবাননের খ্রীষ্ঠান ধর্ম নেতারা। এবার তার বিরোধিতায় নামেন বুদ্ধিবৃত্তিক মানুষেরা, তাকে লেবাননে নিষিদ্ধ ঘোষণা করা হয়। লেখা নিয়ে একই সঙ্গে ভালোবাসা আর শত্রুতা অর্জনের বিরল অভিজ্ঞতা হয়েছে তার। এইসব বাদানুবাদের নীরব দর্শক জিবরান এক সময় কাজে মন দেন। লেখা আর আঁকাই সবকিছুর বিরুদ্ধে একমাত্র উত্তর। এটাই তার যুদ্ধ। যুদ্ধে জয়ের জন্য চাই নিরন্তর কাজ করে যাওয়া। এর মধ্যে পরবর্তী বই সেন্ড এন্ড ফোমের পরিকল্পনা করেন। ১৯২৩ সালের ২৬ নভেম্বর প্রফেটের আরও দুটো পর্ব লেখা ভাবনার কথা জানান মেরিকে। জানান, প্রফেটের ট্রিলজি লিখতে চান। দ্বিতীয় পর্ব হবে দা গার্ডেন অব দা প্রফেট। এখানে দেখানো হবে প্রকৃতির সঙ্গে মানবিকতার সম্পর্ক। শেষ পর্বের নাম হবে দা ডেথ অব দা প্রফেট। এখানে দেখানো হবে মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক।
তোমাকে প্রফেটের দ্বিতীয় এবং তৃতীয় পর্বের কথা বলতে চাই। দ্বিতীয় বইটি হবে দা গার্ডেন অব দা প্রফেট। তৃতীয় বইয়ের রাখব দা ডেথ অব দা প্রফেট। আল মোস্তাফা নিজে দ্বীপে ফিরে যায় এবং বাবা মায়ের বাগানে অনেকটা সময় কাটায়। তার নয়জন শিষ্য আছে, যারা বাগানে তার সঙ্গে কথা বলে। তিনি তাদের বলেন, মানুষের সঙ্গে পৃথিবীর সম্পর্কের কথা, জানান কিভাবে ছোট বিষয়ের সঙ্গে জগতের মহৎ বিষয়গুলো সম্পর্কিত। আল মোস্তাফা শিশিরের কথা বলেন, সমুদ্রের কথা বলেন। বলেন সূর্য এবং নক্ষত্রের পতনের কথা। বাতাস এবং মহাকাশের কথা বলেন। নিজের শিষ্যদের ঋতু, দিন, রাত; আলো অন্ধকারের কথা বলেন। প্রফেটে আল মোস্তফা যেমন দ্বীপের মানুষের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছে দ্বিতীয় পর্বে বিশ্বের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে কথা বলবেন তিনি। তৃতীয় পর্বে জন্মদ্বীপ থেকে ফিরে আসেন। তার কাছে আসা মানুষের সঙ্গে কথা বলেন। বাতাস, পৃথিবী, মেঘ সম্পর্কে। অতীত ও বর্তমান সম্পর্কে। চার ঋতু, জন্ম, মৃত্যু, তুষারপাত। আগুন ও ধোয়া সম্পর্কে। প্রফেটকে বন্দী করে কারাগারে পাঠানো হয়। মুক্তি পেয়ে সে একটি বাজারে যায়, যেখানে তার শরীরে পাথর ছোড়া হয়।
