২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টোমাস মান একটি নক্ষত্রের নাম

দেবব্রত চক্রবর্তী দেবব্রত চক্রবর্তী

Published : 22 Nov 2019, 08:38 AM

Updated : 23 Jun 2022, 04:00 PM


ছবি: টমাস মান
ল্যুইবেক, তাঁর পিতৃশহর কত যে রঙীন! যেন বিচিত্র রঙের অংশুরেখার ওপর দিয়ে পা ফেলা, পা তোলা৷ শক্ত পাথরে বাঁধানো সরু অলিগলি৷ টালি দেওয়া সারি সারি শঙ্কুর মত গৃহশীর্ষ৷ কোথাও চড়াই, কোথাও উৎরাই৷ এইসব গলি থেকে বেরিয়ে এলেই পড়ছে একটা বড় রাস্তা, তার পরই সেই বড় চত্বরটা৷ দুপুরে খাবারের নানান চলমান বিপণি৷ একটু এগিয়ে গেলেই পড়বে ডান হাতে পৌরভবন, আরও একটু এগোলে বাঁ হাতে আছে তাঁর স্মৃতিধন্য জাদুঘর, যেন জাদুরই পাহাড়৷ অতি সম্ভ্রান্ত শহর, অথচ পল্লীজীবনের সঙ্গে তার যেন গভীর যোগাযোগ৷ আরও একটু এগিয়ে বাঁহাতে কোণাচে ক'রে ঘুরলেই গ্যুন্টার গ্রাসের সেক্রেটারিয়েট৷ গ্রাস, যিনি থাকেন হয়তো বাইশ কিলোমিটার দূরে এলবে-ট্রাভে খালের কাছে বেহ্লেনডর্ফ গ্রামে, কিন্তু আসতে হয় তাঁকে মাঝে মাঝেই এই শহরে, কাছের শহর বলতে এটিই৷ এই দুই নোবেলজয়ীরও তাই সহাবস্থান এখানেই৷ শুধু নোবেল-এর বছর দিয়ে তাঁদের তফাতটা এইভাবে বোঝানো যায় : ১৯২৯ আর ১৯৯৯৷ যদিও টোমাস মান গ্রাসের সাহিত্যকর্মের কিছুই দেখে যেতে পারেননি, তবু জার্মান সাহিত্যের এই আশ্চর্য জাদুকরের জাদুতে গ্রাস মুগ্ধ, পূর্বসূরীর কাছে তিনি নতজানু৷


জার্মান সাহিত্যের একটা হেঁয়ালি চিরকাল আছেই যে বড় আঞ্চলিকতা লেগে থাকে তার গায়ে৷ এ নিয়ে লেখকেরা বোধ হয় একটু বেশী পরিমাণেই সচেতন৷ নদী পেরিয়ে সাগরে পৌঁছে যেতে পারি – অথচ উত্তর দিকে সাগর থাকলেও ওপারে যেতে পারি কি না এই নিয়ে বড় একটা আত্মবিশ্বাসের অভাব৷ ফ্রি সিটি বা মুক্ত নগরী হানসেয়াটিক শহর ল্যুইবেক-এ সেই পরিবেশটা বোধ হয় হওয়ার কথা না৷ কারণ উত্তর ইউরোপের দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সূত্রে তো সে এমনিতেই যোগাযোগমুখর৷ বাল্টিক সমুদ্রটা বহির্বিশ্বকে অবিরামই ডাক পাঠিয়েছে৷ "দিবে আর নিবে মিলাবে মিলিবে" এই চর্যায় তার দীক্ষা৷ টোমাস মান-এর ক্ষেত্রে তারই চিহ্নপথ রচিত হয়েছিল তাঁর বুডেনব্রুকস-এর (Buddenbrooks, ১৯০১) হাত ধ'রে৷ সেই ছিল তাঁর প্রথম উপন্যাস যা সর্বগ্রাসী দৈত্যের মত সমস্ত দ্বিধা আত্মসাৎ ক'রে শব্দপ্রপাতের মত সারা পৃথিবীটাকে প্লাবিত করেছিল৷
পাওল টোমাস মান (Paul Thomas Mann: জন্ম ৬ জুন ১৮৭৫-মৃত্যু ১২ আগস্ট ১৯৫৫) জন্মেছিলেন ব্যবসায়ী পরিবারে৷ তাঁর বাবা ছিলেন টোমাস ইয়োহান হাইনরিশ মান (Thomas Johann Heinrich Mann : ১৮৪০-১৮৯১)ও মা ইউলিয়া (Júlia da Silva Bruhns: ১৮৫১-১৯২৩), মা ব্রাজিলের মেয়ে৷ বাবা শস্য ব্যবসায়ী এবং ফ্রি হানসেয়াটিক সিটি-র সেনেটর৷ ১৮৬৩ সালে মাত্র ২৩ বছর বয়সেই তিনি আগের শতকের Johann Siegmund Mann firm –এর কাছ থেকে শস্য ও জাহাজের ব্যবসার উত্তরাধিকারী হন৷ টোমাস পরে তাঁর বাবার কথা বলতে গিয়ে বলেছিলেন, তাঁর বাবা খুব দশাসই চেহারার ছিলেন না বটে, কিন্তু তাঁর মর্যাদাবোধ, সংবেদনশীলতা, ব্যবসায় প্রখর বুদ্ধি ও উচ্চাকাংক্ষা, ব্যক্তিগত ও বৌদ্ধিক বিশিষ্টতা, সামাজিকতা ও রসবোধ তাঁকে বরাবর উদ্দীপ্ত করেছিল৷
টোমাস মান-এর বড় ছেলে ক্লাউস মান (Klaus Mann: ১৯০৬-১৯৪৯) তাঁর স্মৃতিকথা "আমার পিতৃগৃহে" (In Meinem Elternhaus, ১৯৫২)-তে লিখেছিলেন, "এ শহরের সঙ্গে আমার কাজের কোনও সম্পর্ক নেই, তবু প্রাণের টানেই বারবার আসি৷ আমার তো জন্মই হত না, যদি ওখানে বিশেষ একজন সেনেটর হাইনরিশ মান বাস না করতেন, তিনি ছিলেন ফ্রি হানসেয়াটিক সিটি-র এক মহামান্য সেনেটর, যদিও একেবারে সেই অর্থে পুরোপুরি মহামান্যও ছিলেন না, ছিলেন একটু সৃষ্টিছাড়াই৷ ল্যুইবেক শহরে তিনি অভিজাত, পুরোপুরি শিষ্টাচারসম্পন্ন নাগরিক বলতে যা বোঝায় তাই, অথচ এই সেনেটর তাঁর জীবনসঙ্গিনীকে কিনা ল্যুইবেক থেকে বেছে না নিয়ে নির্বাচন করেছিলেন সুদূর ব্রাজিল থেকে … ল্যুইবেক-এ আসবার জন্যে যে পালতোলা জাহাজে তাঁকে পাড়ি দিতে হয়েছিল সেই গল্পের খুঁটিনাটি ছিল আমার কাছে খুবই উত্তেজনার৷ উত্তর জার্মানির এই বিদেশী পরিবেশে ঠাকুমা একটা খুব 'পরিশীলিত' গোছের অ-রোমান্টিক শিক্ষা পেতেন, তাঁর মন দমে যেত খুব, কিন্তু সহজে এবং দ্রুত এই আজব সব সঙ্গিনীদের সঙ্গে তিনি মানিয়ে নিয়েছিলেন৷" ১৮৭৮-এ শহরে রক্ষণশীল শুল্ক ব্যবস্থার যে সূচনা হয় তাতে রাশিয়া থেকে আমদানিকৃত শস্যের ব্যবসায়ে সঙ্কট দেখা দেয় এবং তার ফলে ষ্টেটিন ও কীল শহরের তুলনায় ল্যুইবেক-এর অর্থনৈতিক গুরুত্ব কমতে থাকে৷ বলা বাহুল্য এতে টোমাস মান-এর বাবা আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হন৷ ১৮৯১-এ পিতার মৃত্যুর পর কারবার পুরোপুরি গুটিয়ে ফেলতে হয় এবং টোমাস-এর মা পাঁচ সন্তান — পুত্র হাইনরিশ, টোমাস, ভিক্টর ও কন্যা ইউলিয়া এবং কার্লা-কে নিয়ে মিউনিখ-এ এসে বসবাস করতে শুরু করেন৷ জ্যেষ্ঠ পুত্র হাইনরিশ (Heinrich Mann : ১৮৭১-১৯৫০)-ও বড় হয়ে জার্মানির প্রথিতযশা এক্সপ্রেশনিস্ট পর্বের সাহিত্যিক হিসাবে পরিগণিত হন৷


সুতরাং মান-এর জীবনের পশ্চাদ্ভূমির কথা ভাবলে তাঁর বাবা ও মায়ের এই জাতিগত ভিন্নতা তাঁর সাহিত্যচেতনাকে যে একটু অন্যভাবে পুষ্ট করেছিল, একথা অত্যুক্তি নয়৷ উত্তর জার্মানি ও ব্রাজিল-এর পারস্পরিক প্রভেদ ও মিশ্রণ রক্তের মধ্যে ছিল ব'লেই তাঁর গ্রহীষ্ণু মন এই দ্বন্দ্ব ও জাতিগত বৈচিত্র্যকে উপজীব্য ক'রে তুলেছিল৷ টোনিও ক্র্যোয়গার (Tonio Kröger, ১৯০৩)নভেলা-টির শেষে লিসাভেটা ইভানোভনা-কে টোনিও চিঠিতে লিখছে, "আপনি তো জানেন, আমার বাবার মানসিকতা ছিল একেবারেই উত্তর জার্মানির মানুষের মত : চিন্তাশীল, প্রতিটি বিষয়ে গভীর বোধ, পিউরিটান বলতে যা বোঝায়, নিখুঁত তাই৷ সেই সঙ্গে মনে তাঁর একটা বিষণ্ণতার ভাব৷ মায়ের ধমনীতে ছিল এক বিদেশী জাতির রক্ত, সুন্দরী ছিলেন, বেশ তীক্ষ্ণ ইন্দ্রিয়বৃত্তি ছিল তাঁর, আবার সেই সঙ্গে বড়ই সরল, কিন্তু ভীষণ বেপরোয়া ও আবেগে উত্তাল৷ সাময়িক উত্তেজনার বশে কোনও নীতিবিগর্হিত আচরণ ক'রে ফেলা অসম্ভব ছিল না৷ নিঃসন্দেহে স্বতোবিরোধের একটা মিশ্রণ ছিল, অপরিমিত সম্ভাবনা, অপরিমিত ঝুঁকি, এইসব একসঙ্গে যেন নিজের ভাঁড়ারে সাজিয়ে রেখেছিলেন৷ তার ফল হয়েছিল এই : জন্ম হয়েছিল এক মধ্যবিত্ত বুর্জোয়ার, শিল্পের রাস্তাতেই সে বিপথগামী হল৷ জন্ম নিল এক বোহেমিয়ান, কিন্তু তার শিক্ষিতমনস্কতা এমনই যে ঘরের দিকে তার অদম্য টান, অর্থাৎ এমন এক শিল্পী, যার বিবেক সাধারণ পথ ধ'রে চলে না৷ যেজন্য দেখুন আমার বুর্জোয়া বিবেক অন্যান্য সব শিল্পপথিকের মতই ব্যতিক্রমী মানসিকতা এবং প্রতিভা নিয়ে কাজ করে, অপযশ নিয়ে খেলা করে, আর তাই আমার উপরে সকলের গভীর সন্দেহের ছায়াও ঘনিয়ে আসে৷ এই স্বভাবসারল্য, এই সহজ বিশ্বাস প্রবণতা, এই সাদামাটা ভাব আর অন্যের প্রতি সশ্রদ্ধ হবার মনোভাব, এইগুলোই আমার দুর্বলতা, আর এই দুর্বলতার প্রতি অবিরাম আকর্ষণই আমার মনকে নিরন্তর অধিকার ক'রে আছে৷" তাঁর নিজের জীবনেরই এমন তরবেতর রঙীন ছিটে এই উপন্যাসে ছিটকে চলে এসেছে৷
২

বুডেনব্রুকস-এ (Buddenbrooks, ১৯০১) টোমাস মান ঊনবিংশ শতাব্দীর ল্যুইবেক শহরের একটি অভিজাত উচ্চবিত্ত পরিবারের পতন বা অবক্ষয়ের চিত্র তুলে ধরলেন৷ এখানে শিল্পী ও সাধারণ মানুষের মধ্যেকার দ্বন্দ্ব যেমন উপস্থিত, তেমনি তাঁর আত্মজৈবনিক প্রতিবিম্বও লক্ষণীয়৷ এক ব্যবসায়ী পরিবারকে নিয়ে লেখা এই কাহিনীর মধ্যে যেন এপিকতুল্য এক বিশালতা অনুভব করা যায়৷ উপন্যাসটিতে বর্ণিত এই পরিবারের চারটি প্রজন্মের উত্থান ও পতন যেন একই সঙ্গে একটি যুগের কালানুক্রমিক দলিল এবং মূল্যায়ন৷ হয়তো সেই অর্থে ঊনবিংশ শতকের সাধারণ মধ্যবিত্তের প্রতিচ্ছবি ঠিক স্বাভাবিকভাবে রূপায়িত হয়নি, তবু নির্ভুল প্রচেষ্টায়, অসামান্য বিশ্লেষণী গভীরতায় হানসেয়াটিক ব্যবসায়ীদের বাস্তব জীবনের কতকগুলি সামান্যলক্ষণ, যেমন মধ্যবিত্তসুলভ শ্রেণীসচেতনতা, রাজনৈতিক রক্ষণশীলতা, সহজ নম্রতা ও শ্রদ্ধাবোধ কিংবা মেরুদণ্ডটি সোজা ক'রে রাখবার মানসিকতা প্রভৃতি মহত্ত্বের দিকগুলি উন্মোচিত হয়৷ শোপেনহাউয়ার-এর মতে আর্ট-ই কেবলমাত্র মানুষকে তার আজীবন যন্ত্রণার পাশ ও হতশ্রী বাস্তবতা থেকে সাময়িকভাবে মুক্তি দিতে পারে৷ টোমাস মান-এর বুডেনব্রুকস-এ তারই একটা দিগদর্শন প্রতিফলিত দেখতে পাই৷ একসময়ের মহা প্রাচুর্যের মধ্যে থাকা বণিক পরিবার কিভাবে আর্ট-এর কাছে নিবেদিত-প্রাণ হবার ফলে চার প্রজন্ম ধ'রে নিঃশেষিত হল, ১৮৩৫ থেকে ১৮৭৭ পর্যন্ত হানসেয়াটিক বুর্জোয়া পরিবারের জীবনশৈলী, পালটে যাওয়া মূল্যবোধ ও জার্মানির শিল্পায়নের মধ্য দিয়ে তারই একটি রূপায়ন ঘটেছে এই বুডেনব্রুকস-এ৷ পরিবারের মধ্যে যারাই নিজেদের ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ ক'রে পরিবারের, সমাজের মঙ্গলের জন্য কাজ করেছেন, তাঁরা সেই কাজের মূল্য পাননি৷ তাঁর এই উপন্যাসটির মধ্যে তিনি দেখিয়েছেন যে আর্ট-এর প্রতি আকুলতা মানুষের বণিকবৃত্তিকে কতখানি হ্রাস ক'রে দিতে পারে৷ মাত্র ছাব্বিশ বছর বয়সে প্রকাশিত এই বইটি তাঁর চার বছরের পরিশ্রমের ফসল৷ এই বইটি প্রকাশের পর পাঠকের কাছ থেকে যে বিপুল অভিনন্দন তিনি পান, তা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়৷
বুডেনব্রুকস ঊনবিংশ শতাব্দীর ইউরোপ ও জার্মানির শিল্পসম্মত বর্ণনধর্মিতার ঐতিহ্য ও পরম্পরায় রিয়েলিস্ট-ক্রিটিক্যাল ধারায় রচিত৷ একদিকে স্টর্ম ও ফনটানে, অন্যদিকে টলস্টয়, ডস্টয়েভস্কি ও তুর্গেনেভ-এর দ্বারা মান প্রভাবিত ছিলেন৷ এই উপন্যাসটিই ১৯২৯-এ তাঁকে নোবেল এনে দেয়৷

১৯১৩ সনে প্রকাশিত তাঁর ভেনিসে মৃত্যু (Der Tod in Venedig)নামক নভেলাটি মান-এর বিশিষ্ট রচনাগুলির মধ্যে অন্যতম৷ এর জনপ্রিয়তা এমনই ছিল এবং এখনও রয়েছে যে এই নভেলার একশো বছর পূর্তি উৎসব করেছে জার্মানির এসেন শহরের প্রধান পাঠাগার ২০১২ সালে৷ এর মধ্যে যে ঘটনাপরম্পরা বিধৃত রয়েছে তার জন্য টোমাস মান-কে কোনও কল্পনার আশ্রয় নিতে হয়নি৷ ভেনিসে বেড়াতে এসে মান "ওতেল দে ব্যাঁ (Hotel des Bain)" নামক হোটেলে উঠেছিলেন তাঁর স্ত্রী কাটিয়া ও দাদা হাইনরিশ-কে নিয়ে৷ সেখানে তাদ্ৎসিও নামে অসামান্য সুন্দর বালকটির সঙ্গে তাঁর দেখা হয়৷তাঁর এই অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছে তখনকার কিছু ধ্যানধারণা ও প্রভাব, দার্শনিক মতবাদ, মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ, মিথ এবং তুলনাত্মক সাহিত্যিক উপাদান৷ তবে কিশোর বয়সী এইরকম ছেলের প্রতি মধুর আকর্ষণ পাশ্চাত্য জীবনে প্রকাশ্যে আসা নতুন কিছু নয়, সাহিত্যেও তার ভুরি ভুরি নিদর্শন আছে৷ মান বলেছেন, হয়তো এ তাঁর পক্ষে সঙ্গতিহীন, লজ্জাকর ও অস্বস্তিকর একটি কাহিনীসূত্র, তবু "এ আমার এক লীরিক অভিজ্ঞতা যার প্রাবল্যে আমি এই নিষিদ্ধ মোটিফ তুলে এনেছি৷"
সার্বিক অবনতি সমাজকে কিভাবে ক্রমশ দুর্বল ক'রে তুলছে, তার নিদর্শন আমরা পাই ডেয়ার ৎসাউবারবেয়ার্গ বা জাদুপাহাড় (Der Zauberberg, ১৯২৪)উপন্যাসে৷ এখানে সভ্যতা ও সংস্কৃতি, এনলাইটেনমেন্ট (বা জ্ঞানবিভাস) ও রোমান্টিসিজম, ব্যুৎপন্ন বিবেক ও অবিবেকী বিশৃঙ্খলতা, মিথ-দানবিক রসাতলবৃত্তি এই সমস্ত কিছুই এমনভাবে উপস্থাপিত হয়েছে যে সমাজের অবক্ষয় প্রকাশ্য দিবালোকের মত সেখানে স্পষ্ট হয়ে ওঠে৷ মধ্যবিত্তের পরিচিত পরিধি ছাড়িয়ে সুইৎজারল্যান্ড-এর জাদুপাহাড়ের পাহাড়তলিতে একটি স্যানেটোরিয়াম, সেখানে যে রোগের বিরুদ্ধে সংগ্রাম চলছে, তা আসলে সমাজেরই ব্যাধি৷ উপন্যাসের মধ্যে মান রাজনীতিকে যেন এক অচেনা পৃথিবীর মতই প্রত্যক্ষ করেছেন এবং বিদ্রূপ করেছেন৷ এখানে একটা মোটামুটি স্পষ্ট সঙ্কেতই রয়েছে যে এই উপন্যাসের মূলগত প্রবণতা শিক্ষাদান এবং রাজনৈতিক বক্তব্যগুলিকে সামনে তুলে ধরা হলেও বস্তুত কোনও তৎপরতা গ্রহণ করবার মনস্কতা মানুষের ধার কাছ দিয়েও হাঁটা চলা করে না৷
ইয়োসেফ উন্ড সাইনে ব্রু্য়ডার (১৯৩৩ থেকে ১৯৪২)বা "ইয়োসেফ ও তার ভাইয়েরা" নামক উপন্যাস চতুষ্টয়ে ('ইয়াকব-এর কাহিনী' – Die Geschichten Jakobs, ১৯৩৩, 'যুবা ইয়োসেফ' – Der junge Josef, ১৯৩৪, 'মিশরে ইয়োসেফ' – Josef in Ägypten, ১৯৩৬ ও 'ইয়োসেফ সেই অন্নদাতা' – Josef der Ernäherer, ১৯৪২)-এ রচিত হল এমন এক পৃথিবী থেকে পলায়ন যেখানে মিথ নেই ব'লেই পৃথিবী আজ এত অসহ্য, তবু পৃথিবী যে চলছে সে তার গতানুগতিক ইতিহাসের ছকে৷ ড. ফাউস্টুস-এর (Dr. Faustus, ১৯৪৭)-এর মধ্যে সুপরিণত সমাপ্তির প্রত্যয় নেই, তবু গণতন্ত্রের বিজয়বার্তায় কাহিনী শেষ হয়েছে৷ বস্তুতপক্ষে বুডেনব্রুকস থেকে আরম্ভ ক'রে তাঁর সর্বশেষ রচনা প্রতারক ফেলিক্স ক্রুল-এর স্বীকারোক্তি (Bekenntnisse des Hochstaplers Felix Krull, ১৯২২) পর্যন্ত পাঠকেরা একদিনের জন্যও মান-কে পরিত্যাগ করেননি৷ ফেলিক্স ক্রুল নামক চরিত্রের মধ্য দিয়ে মান দেখিয়েছেন যে শুধু স্বীকারোক্তির মধ্য দিয়েই মানুষের অবক্ষয় ও মর্যাদাচ্যুতি ঠেকানো যায় না রোগ একবার শুরু হয়ে গেলে তা গেড়ে বসে এবং ব্যাপকভাবে সারা সমাজে ছড়িয়ে পড়ে৷

৩

জীবনের শুরু থেকেই যাঁদের প্রভাব টোমাস মান-এর চিন্তাধারা ও সাহিত্যকৃতির মধ্যে পাকাপোক্তভাবে বাসা বেঁধেছিল, তাঁর হলেন গ্যোয়েটে (Johann Wolfgang von Goethe: ১৮৪৯-১৯৩২), শোপেনহাউয়ার (Arthur Schopenhauer: ১৭৮৮-১৮৬০), ভাগনার(Richard Wagner : ১৮১৩-১৮৮৩) ও নীটশে (Friedrich Nietzsche: ১৮৪৪-১৯০০)৷ তাঁর মনে একটা ধারণা গড়ে ওঠে যে শিল্পীই সমাজের আসল প্রতিনিধি, অথচ অধিকাংশ ক্ষেত্রে এই শিল্পীই সমাজের প্রচলিত ধ্যানধারণার কঠোর সমালোচক হয়ে থাকেন৷ ইনিই সেই প্রতিভাবান মানুষ যিনি সমাজের সঙ্গে নিয়ত সংঘর্ষের ফলে নিঃসঙ্গ হয়ে পড়েন এবং অবিরাম যন্ত্রণাভোগই তাঁর নিয়তি হয়ে দাঁড়ায়৷ তাঁর নীতি থেকে সরে আসতে তিনি কোনও মূল্যেই রাজী নন৷ শোপেনহাউয়ার যাকে ইচ্ছাশক্তি (Wille) বলেছেন, নীটশে সেই ইচ্ছাশক্তিরই নীতিগত ও আন্বীক্ষিকী শ্রেষ্ঠতা ("ethical and metaphysical primacy")-র ওপর সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন৷ এইজন্য মানও নীটশে-র কথা উল্লেখ ক'রে বলেছেন তিনি "এয়ারকেনটনিসলীরিকার" ("Erkenntnislyriker") বা প্রত্যক্ষ অনুভবে জারিত একজন লীরিক কবি৷ মান মনে করেন যে প্রত্যক্ষ অনুভবের মধ্যেই শিল্পীর দৃঢ় প্রত্যয়ের অঙ্গীকার থাকে, নিজের কালের জ্ঞান ও অনুভবের সঙ্গে তাকে পা ফেলে চলতে হয় এবং তার মধ্য থেকেই আবিষ্কার ক'রে নিতে হয় তাঁর নিজস্ব সত্য৷ মান আকৃতির প্রতি (Form) কঠোর আনুগত্য রেখেই সমসাময়িক অন্তঃসারশূন্যতাকে বিন্যস্ত করেছেন একটি কূট বিরোধাভাসে(Thesis and Antithesis)এবং জীবন ও বোধের মধ্যে সেই প্রত্যক্ষ অনুভব সঞ্চারিত ক'রে দিয়ে তাঁর নির্ণীত সত্যটি বার ক'রে আনতে চেয়েছেন৷ রিয়েলিস্ট-ক্রিটিক্যাল নভেলের এই ঐতিহ্য ও আদর্শ তিনি খুঁজে পেয়েছেন ফনটানে (Theodor Fontane :১৮১৯-১৮৯৮), ডিকেন্স (Charles Dickens: ১৮১২-১৮৭০), থ্যাকারে (William Thackeray: ১৮১১-১৮৬৩) এবং জোলা (Emil Zola: ১৮৪০-১৯০২)–র রচনার মধ্যে৷


টোমাস মান-এর সাহিত্যে যে বিরোধ আধারিত দেখতে পাই, সেটা হল শিল্প ও বাস্তব জীবনের দ্বন্দ্ব৷ তাঁর রচনার একদিকে যেমন গড়পরতা স্থূলবুদ্ধি সাধারণ মধ্যবিত্ত নাগরিক বা বুর্জোয়া, অন্যদিকে তেমনি প্রচলিত চিন্তাবৃত্তি থেকে ছিন্নমূল, দ্বিধাদীর্ণ ও সদা চিন্তাগ্রস্ত শীর্ণকায় এক শিল্পী – আর তাদের মধ্যেকার সম্পর্কটিও সমস্যাজটিল, দ্ব্যর্থবোধক ও পারস্পরিক আস্থাহীনতার সংশয়ে আক্রান্ত৷ অর্থাৎ সক্রেটিস ব্যবহৃত শব্দ "erotic" গ্রীক "এরস" (Eros) নামক গ্রীক দেবতার সঙ্গে অন্বিত, যে দেবতা দুর্দমনীয় ব্যাকুলতার প্রতীক, যিনি তিক্তমধুর দ্বন্দ্বক্রীড়ায় লীলায়িত৷ গড়পরতা মানুষ হয়তো কিছুটা অবিশ্বাসের মন নিয়েই বুদ্ধিদীপ্ত বিশুদ্ধ সৌন্দর্যকে প্রণতি জানায়, এমন কি যে শিল্প নতশির দাসত্বের গর্ব নিয়ে নীতিভ্রষ্টতাকে আড়াল ক'রে রাখে, তাকেও শ্রদ্ধা জানাতে সে বিমুখ হয় না, কিন্তু প্রকৃত শিল্পী তাকে প্রশ্ন করে এবং নীতিজ্ঞানহীনতা ও দায়িত্বের অভাবকে সে পদে পদে কাঠগড়ায় দাঁড় করায়৷ যাদের জীবনে কোনও স্বপ্ন নেই, কোনও উদ্দেশ্য নেই, যাদের চোখের দৃষ্টি ফাঁকা, তাদের জীবনে সৌন্দর্য কোথায়? মান-এর চারটি গুরুত্বপূর্ণ রচনায় এই শিল্পী-নায়কের লীলা আমরা দেখতে পাই৷ বুডেনব্রুকস-এ হানো বুডেনব্রুকস, ট্রিস্টান-এ ষ্পিনেল, টোনিও ক্রোয়গার-এ টোনিও ক্রোয়গার এবং ভেনিসে মৃত্যু-তে গুস্তাফ ফন আশেনবাখ৷

উপরে উল্লিখিত এই চারজনই সমসাময়িক সমাজ ও পরিবেশের বিরুদ্ধে উদ্বেল, শিল্প ও জীবনের এই সংশয়াত্মক ভাবনা ও দ্বিচারিতা খুব স্পষ্ট হয়ে উঠেছে৷ "…কারণ সৌন্দর্য, শোনো ফেইদ্রুস, লক্ষ করো কথাটা, সৌন্দর্যই একমাত্র ঐশ্বরিক, দৃশ্যতও ঐশ্বরিক, সেইজন্য যাঁরা সংবেদনশীল, যাঁরা শিল্পী, আত্মিক উৎকর্ষের পথে পৌঁছতে গেলে এই তাঁদের পথ৷ এখন বিশ্বাস হচ্ছে তো বৎস যে ওই সংবেদনের মাধ্যমে আত্মিক উৎকর্ষের জায়গায় পৌঁছতে গেলে এই পথেই মানুষের জ্ঞানার্জন এবং যথার্থ মর্যাদা? কিংবা তুমি কি মনে কর (তোমার নিজের বিশ্বাস মত বলবে) যে এই সুখপ্রদ, অথচ ধ্বংসাত্মক পথ একটা সত্যিকারের ভুলের পথ, পাপের পথ, যেটা মাঝে মাঝেই আমাদের ভুল পথে পরিচালিত করে? কারণ তোমার জানা দরকার যে "এরস" আমাদের সঙ্গে না থাকলে, আমাদের চালিত না করলে আমরা কবিরা এই সৌন্দর্যের পথে চলতে পারি না৷ হতে পারি আমাদের কাছে আমরা বীর, আমরা কঠোর যোদ্ধা, কিন্তু আমাদের অবস্থা্ও নারীদের মত, কারণ যন্ত্রণা আমাদের উন্নীত করে, ব্যাকুলতায় আমাদের প্রেমনিষ্ঠ থাকতে হয়… এই আমাদের সুখ, এই আমাদের সর্বনাশ৷ দেখছ না আমরা কবিরা কখনও জ্ঞানী বা মর্যাদাসম্পন্ন হতে পারি না? এই তো, আমরা দরকার হলেই ভুলের পথে যাই, প্রয়োজন হলেই শঠতা দেখাই, অনুভূতি নিয়ে দুঃসাহসিক খেলায় মেতে উঠি৷ রচনাশৈলীতে আমাদের যেসব আধিপত্য, সেসব মিথ্যা পাগলামি, খ্যাতি ও সম্মান, সবই আমাদের ভান, আমাদের ওপর জনসাধারণের আস্থা, সে অতি হাস্যকর৷ শিল্পের মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়ার পদ্ধতিও খুবই আশঙ্কাজনক, এটা নিষিদ্ধ হওয়া উচিত৷ শিক্ষক হবার কী যোগ্যতা তার, যে নিরন্বয় স্খলনের জন্য জন্ম থেকেই বলিপ্রদত্ত? এই স্খলনকে অস্বীকার ক'রে আমরা সম্মানলাভ করতে চাই কিন্তু যেখানেই ঘুরে দাঁড়াই না কেন, সেখানেই সে আমাদের আক্রমণ করে৷ এই কারণে এই স্খলিত, অবসিত জ্ঞানকেই এসো আমরা অস্বীকার করি, কারণ এই জ্ঞান, শোনো ফেইদ্রুস,… এর কোনও শক্তিও নেই, মর্যাদাও নেই৷ এ এক চৈতন্য মাত্র৷ এটা বোঝা যায়, এ থেকে ক্ষমা করবার শিক্ষাও পাওয়া যায়, কিন্তু এর কোনও সঞ্চয় নেই, কোনও আকার নেই, এর সমস্ত সহানুভূতি একাগ্র হয়ে আছে রসাতলের দিকে … আসলে সেই এক মূর্ত রসাতল৷ এসো একে আমরা একজোটে উচ্ছেদ ক'রে দিই, সৌন্দর্যই এখন থেকে আমাদের বসনভূষণ হোক, তার সরলতা, মহত্ত্ব, নবীকৃত কঠোর শৃঙ্খলা, মুক্ত মনন, তার আকৃতি, সমস্ত কিছু মিলিয়েই সে সৌন্দর্যকে এসো আমরা অঙ্গসজ্জা করি৷ তবে আকৃতি ও মুক্ত মনন, শোনো ফেইদ্রুস, এ দুই মানুষকে আবার মোহাবিষ্ট ক'রে দেয়, মনে লোভ জাগায়, যিনি মহৎ, তাঁকে অনিষ্টকর আবেগ-যাপনের গ্রাসে গ্রস্ত করে৷ মহতের যে সুন্দর শৃঙ্খলাবোধ, খোদ তার কাছেই এ আবেগ আবার লজ্জাকর ব'লে পরিত্যক্ত হয়৷ সুতরাং এ যেমন আমাদের রসাতলে ঠেলে দেয়, সে নিজেও তেমনি রসাতলে যায়৷ আমি বলি আমরা যারা কবি, তাদের সে ওইখানেই ঠেলে নিয়ে যায়, কারণ আমরা উৎকর্ষ চাই না, আমরা চাই আতিশয্য৷"… (সূত্র: ভেনিসে মৃত্যু, কলকাতা, ১৯৯৮ [অনুবাদ এই লেখকের], পৃ ৬৫-৬৬)

৪

প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটতেই মান স্বদেশের প্রতি শিল্পীর দায়বদ্ধতা সম্পর্কে সরব হলেন৷ তাঁর এই প্রতিক্রিয়া শিল্পের এক প্রতিনিধির মতই অরাজনৈতিক৷ তাঁর মতে সংস্কৃতি ও রাজনীতি দুইই পরস্পর নির্ভর৷ একটি ছাড়া অন্যের কোনও মূল্য নেই৷ একটি দেশ, সে ইউরোপ হোক বা জার্মানি, তার সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলি সম্পর্কযুক্ত, যেমন গণতন্ত্র, প্রজাতন্ত্র, মানবিক বোধ, সব কিছু সম্পর্কেই তাঁর ধারণা বুদ্ধিবিবেচনা প্রসূত, যুক্তিনির্ভর ও শিল্পসম্মত৷ তাঁর মতে এগুলি দেশের ঐতিহ্য, তার প্রকৃতি ও সমসাময়িক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলে৷ রাজনৈতিক বাস্তবতাকে মান মানবিকতার সঙ্গে অন্বিত ক'রে এমন এক শিল্পগুণোচিত কাব্যিক রূপ দিলেন যার ফলে দেশের আত্মিক ভিত্তি দৃঢ় ও স্থায়ী হয়ে উঠতে পারে৷
১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত প্রকাশিত তাঁর রচনাগুলি হল – "যুদ্ধরত অবস্থার চিন্তাভাবনা" (Gedanken im Krieg: ১৯১৪), "যুদ্ধ সম্পর্কে চিন্তা" (Gedanken zum Krieg: ১৯১৫) ও "এক অরাজনৈতিকের পর্যবেক্ষণ" (Betrachtungen eines Unpolitischen: ১৯১৮) – এই প্রবন্ধগুলিতে মান যুদ্ধের সপক্ষেই কথা বলেছিলেন৷ বলেছিলেন "যুদ্ধ মানুষকে শুদ্ধ করে, মহান করে" ("Krieg verdedelt den Menschen")৷ একটি বিশেষ শিক্ষিত ও কনসারভেটিভ-দের কাছে তিনি এর জন্য সমাদৃত হয়েছিলেন যা ভাইমার রিপাবলিকের তথাকথিত "রক্ষণশীল আন্দোলন" (Ger. Konservative Revolution বা 'Conservative Revolution')-কে হয়তো পুষ্ট করেছিল ৷ গণতন্ত্রের সমালোচনা ক'রে সর্বময় কর্তৃত্ববাদী প্রশাসনকেই তিনি তখন বিশেষ মর্যাদা দিয়েছিলেন৷ তাঁর মতে যুক্তিবাদী রাষ্ট্রযন্ত্রের চেয়ে সৃষ্টিশীল স্বৈরতন্ত্র অনেক বেশী ফলদায়ী এবং দেশীয় সংস্কৃতির উৎকর্ষ নীতিবাগীশ সভ্যতার চেয়ে অনেক বেশী কাম্য৷ তাঁর জাদুপাহাড় ও ড. ফাউস্টুস দুটিকে ওই "এক অরাজনৈতিকের পর্যবেক্ষণ" রচনার নিরিখে পড়লে দুটি উপন্যাসকে অনেক স্পষ্ট ক'রে বোঝা যাবে৷ পাঠক বুঝবেন যে মান-এর ব্যক্তিগত সাংস্কৃতিক ঐতিহ্যের যে দ্বন্দ্ব তাকে এই উপন্যাস দুটি কতখানি নাটকীয়ভাবে উপস্থাপিত করেছে৷ আর "এক অরাজনৈতিকের পর্যবেক্ষণ" পড়বার পর বোঝা যাবে যে মান কৃত সংস্কৃতির যে সমালোচনা তা তাঁর নিজের অতীতের সমালোচনার সঙ্গে কতখানি ওতপ্রোতভাবে জড়িত৷ প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে কাইজার দ্বিতীয় ভিলহেলম-এর সময় জার্মান জাতির উন্নাসিকতা যে ন্যাশনাল সোশ্যালিজম বা নাৎসীবাদের মধ্যে অঙ্কুরিত হয়ে উঠছিল, সেটা তখন তিনি বুঝতে পারেননি৷ সেইজন্য পরে ১৯১৯-এ জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে মান তাঁর দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করেন এবং "গ্যোয়েটে ও টলস্টয়" (১৯২১) ও "জার্মান প্রজাতন্ত্র সম্পর্কে" (১৯২২)- এই দুই বক্তৃতায় খানিকটা দ্বিধাগ্রস্তভাবেই গণতন্ত্রকে সমর্থন করেন৷ তবে একটা কথা সত্য যে প্রথম বিশ্বযুদ্ধ, ভাইমার প্রজাতন্ত্র ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং সেই সময় আমেরিকায় নির্বাসনে থাকাকালে এবং যুদ্ধের পরে ফিরে এসে সুইৎজারল্যান্ড-এ থাকাকালীন তিনি যা বলেছেন তার মধ্যে আগাগোড়া একটা সামঞ্জস্য লক্ষ করা যায়৷ তাঁর বক্তব্যে মানবিকতা ও শিল্পবোধের সঙ্গে রাজনীতির সমন্বয় সাধন একটি অলোকসামান্য রূপ পরিগ্রহ করেছে৷
গোটা জার্মান জাতি যে ক্ষমতা, মর্যাদা, বিত্ত ও গুরুত্বে সর্বশ্রেষ্ঠ জাতি, তার কথা সদম্ভে ঘোষণা ক'রে এবং সেই ঔদ্ধত্যের ওপর ভিত্তি ক'রে আডলফ হিটলার যখন তাঁর রক্ষণশীল এবং সঙ্কীর্ণ জাতীয়তাবাদী চেতনার জয় ঘোষণা করলেন, মান তখন সেটা মেনে নিতে পারেননি৷ ফাশিবাদের মধ্যে তিনি দেখতে পেলেন সহিষ্ণুতা বিদীর্ণ, যুক্তি একদেশদর্শী এবং মানবিকতা সর্বতোভাবে বিপন্ন৷ ১৯৩০-এর ১৭ অক্টোবর "যুক্তির কাছে আবেদন" (Deutsche Ansprache. Ein Appell an die Vernunft)ভাষণে তিনি সংস্কৃতিসম্পন্ন বুর্জোয়া ও সোশ্যালিস্ট শ্রমিকশ্রেণী উভয়কেই সমবেতভাবে নাৎসীদের ভয়াবহ প্রমত্ততার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য ফ্রন্ট গঠনের আহ্বান জানালেন৷ এর পর থেকেই মান তিরিশের গোটা দশকটা ধ'রে জার্মানি, প্যারিস, ভিয়েনা, ওয়ারশ, আমস্টারডাম ইত্যাদি স্থানে নাৎসী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তৃতা দিতে থাকেন৷ সোশ্যালিস্ট ও কম্যুনিস্ট নীতি অনুযায়ী স্বাধীনতা ও মানবিকতার অঙ্গীকারকে তিনি স্বাগত জানান বটে, তবে এদের ভাবাদর্শকে মান কখনও সমর্থন করেননি৷
১৯৪৫-এ তাঁর সত্তর বছর বয়সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার মাত্র তিন সপ্তাহ পরে ওয়াশিংটনে তিনি যে ভাষণ দেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ "জার্মানি ও জার্মানরা: ১৯৩৮-১৯৪৫" (Deutschland und die Deutschen: 1938-1945) নামক এই বক্তৃতায় তিনি জার্মান জাতির প্রখর সমালোচনা করেন, প্রকারান্তরে যা আত্মসমালোচনাই৷ বলছেন: "রাজনীতিকে বলা হচ্ছে 'সম্ভাবনার শিল্প', সত্যি শিল্পের খুব ঘনিষ্ঠ সংসর্গেই সে থাকতে পারে যদি শিল্পের মতই সে মনন ও জীবন, ধ্যান-ধারণা ও বাস্তবতা, প্রার্থনা ও প্রয়োজনীয়তা, বিবেক ও কর্ম, নৈতিকতা ও শক্তিমত্তার সৃষ্টিশীল এক মাধ্যম হিসাবে কাজ ক'রে চলে … ধূর্ত শয়তানের মত রসাতলে গিয়ে, বিকারগ্রস্তের মত মানুষের সঙ্গে শত্রুতাচরণ ক'রে অর্জিত সৃষ্টিশীলতাকে এক কড়া অপরাধীর মত কাণ্ডজ্ঞানহীনভাবে নিষ্ফল ক'রে তোলা যায়, নিজেদের আদর্শ ও বুদ্ধিমত্তার যোগটিকে বিসর্জন দেওয়া যায়, মানুষের নীতিজ্ঞান ও শোভনতার বোধ অস্বীকার করা যায়৷ কিন্তু তখন অনৈতিকতা, মিথ্যা, হত্যা, বঞ্চনা ও হিংসার হীন নীচ স্তরে নেমে যাওয়া ছাড়া আর উপায় থাকে না৷ তার মধ্যে তখন আর শিল্পের লেশমাত্র অবশিষ্ট থাকে না, সৃষ্টিশীল মাধ্যম হিসাবেও আর সে কাজ করে না, কপটাচরণকেই সে কার্যে রূপায়িত করে৷ তখন সে এক অন্ধ, মনুষ্যত্ববর্জিত প্রলাপ, খাঁটি জিনিস তার আয়ত্তে নেই, তার মধ্যে আছে শুধুই ভয়ঙ্কর এক সাফল্য, তাৎক্ষণিক, মুহূর্তেই সে হয়ে ওঠে বিশ্ববিনাশী, শূন্যগর্ভ, আত্মবিধ্বংসী; কারণ যা পুরোপুরি নীতিহীন তা জীবনবিরোধী৷" অন্যের থেকে আমি আলাদা, এই বোধ এবং তার সঙ্গে তার অসম্ভব ভীরুতা জার্মান জাতিকে সঙ্কুচিত ক'রে রাখে৷ মান বলেন যে এই স্বাতন্ত্র্যবোধ আসলে তার মর্মপীড়া সঞ্জাত, আন্তর্জাতিক বলয়ে সে এর জন্যই হীনমন্যতার শিকার হয়৷ এইজন্য তাঁর বক্তৃতার শেষে তিনি বললেন, "গ্যোয়েটে অন্তত মৌখিক কথোপকথনেই বলেছিলেন জার্মান ডিআস্পোরা বা সংখ্যালঘু হয়ে অন্য জাতির সঙ্গে বাস করার কথা৷ তিনি বলেছিলেন 'ইহুদীরা যেমন ছিন্নমূল হয়ে গিয়ে আবার বাসা বেঁধেছে, সারা পৃথিবীতে তারা যেমন ছড়িয়ে গেছে, জার্মানদেরও তাই করতে হবে৷' তার সঙ্গে তিনি এই কথাটুকুও যোগ ক'রে দেন, 'তাদের মধ্যে যে ভাল গুণটা আছে সেটাকে সম্বল ক'রেই জাতির উন্নয়নের জন্য নিজের মনের প্রসার ঘটাতে হবে৷'"
৫

নিজের সাহিত্যকীর্তির জন্য তাঁর একটা স্বভাবনা তো ছিলই, যা অনেক লেখকেরই থাকে৷ কারণ এ তো সর্বজনবিদিত যে মানুষ নিজেকে শুধু তার নিজের জীবদ্দশায় নয়, অনন্তকালের নিরিখে বিচার করতে ভালবাসে, যদি সে এই জীবন ও জগতের ক্ষয়িষ্ণুতা সম্পর্কে সচেতন হয়৷ কত লেখক কত শিল্পী ও কলাকুশলী এসেছেন স্রোতের মত, ভেসে গেছেন চিরতরে৷ যাঁরা ভেবেছিলেন তাঁরা থেকে যাবেন কালের গণ্ডী পেরিয়ে, তাঁরা হারিয়ে গেছেন মানুষের মন থেকে৷ আবার যাঁরা বিশ্বাসই করতে চাননি তাঁদের কাজের কিছুমাত্র যোগ্যতা অবশিষ্ট থাকবে ভাবী কালের মানুষের কাছে, তাঁরা টিকে গেছেন কালোত্তীর্ণ সাহিত্যিক হয়ে৷ আমাদের বাঙালী লেখক বিভূতিভূষণ অনেক সময় নিজের সম্পর্কে সেই সংশয় পোষণ করেছেন৷ সে কি নম্রতা, নাকি জীবন ও জগতের বিশালতার ওপর তাঁর অতিরিক্ত শ্রদ্ধাবনতচিত্ততা?
টোমাস মান-এর কথাতেও মনে পড়ে গেল আমেরিকায় তাঁর একান্ত সচিব কনরাড কেলেন (Konrad Kellen: ১৯১৩-২০০৭)-এর কথা, টোমাস মান-এর স্মৃতিলেখায় বলছেন, "তিনি একবার আমায় বলেছিলেন, 'বিশ্বাস কর আমি এই যে লিখি সে সবই আমার উত্তরপুরুষের জন্যে৷' কথাটার মধ্যে আত্মস্তুতির কোনও আতিশয্য ছিল না৷ বিষাদ একটা ছিল ঠিকই, কিন্তু মন্তব্যের মধ্যে ছিল এক অসম্ভব আত্মপ্রত্যয়৷ একটা বিশ্বাস মনে মনে খুব কাজ করত যে তাঁর প্রিয় জার্মান ভাষা সময়মত ওই উন্মার্গগামীদের হাত থেকে ঠিক মুক্তি পাবে৷" (Konrad Kellen, Reminiscences of Thomas Mann, Yale Review, Winter Issue, March 1987, No. 2, p. 238, Reprinted from Spring 1965)
কবি জীবনানন্দের মৃত্যুর পরও তাঁর প্রতিবেশী ও অকৃত্রিম সুহৃদ সুবোধ রায় স্মৃতিচারণায় লিখেছিলেন, "হঠাৎ কবির বেদনার্দ্র কন্ঠে রাত্রির বিষণ্ণতা নেমে এল৷
"আচ্ছা এত যে লিখেছি – এর একটিও কি সুপ্রিম পোয়েট্রি হয়নি? যা আমার মৃত্যুর পর বেঁচে থাকতে পারে?"
এ কথা শুনে স্তব্ধ হয়ে ব'সে রইলাম কিছুক্ষণ৷ কবির মুখে তাঁর ছোট একটি সাধ, আশার কথা এই প্রথম শুনলাম৷ তা হলে একেবারে নির্লোভ, নিরাকাঙ্ক্ষ নন৷ কিম্বা কে জানে হয়ত ভুলে উচ্চারিত হয়েছে এই একটি গোপনতম বাসনা৷
…শুধু একটি কবিতা৷ কত সীমিত সাধ৷ ভাবনা চিন্তাতেও পরিমিতির উদ্যত চাবুক৷ এই অতি স্বাভাবিক, সামান্যতম আশা পোষণেও তবু কত দ্বিধা৷"
(সুবোধ রায়, জীবনানন্দ-স্মৃতি, মাসিক বসুমতী, ৩৪ বর্ষ অগ্রহায়ন, ১৩৬২, পৃ ১৯২)
গ্যুন্টার গ্রাস তাঁর জীবনের শেষার্ধের শহর ল্যুইবেক-এর টোমাস মান পুরষ্কার নেবার সময় যে বক্তৃতা দিয়েছিলেন, তাতে টোমাস মান সম্পর্কে বলছেন, "এ কথা ঠিক নয়, যে লোকে তাঁকে ভুলে গেছে৷ বেতারে তাঁর রচনা থেকে যখন পাঠ করা হয় তখন সবাই তাঁর কথা খুব আগ্রহ সহকারেই শোনে৷ তার মানে আনুষ্ঠানিক দক্ষতার অভিব্যক্তি দিয়ে তাঁকে উপস্থাপিত করা হয়৷ কিন্তু সেই সঙ্গে একটা মনোভাব সংবরণের বৃত্তিও কাজ করে৷ আমার সহকর্মীরা তাঁর সম্পর্কে যেসব কথা প্রায়ই বলেন তার মধ্যে অসূয়া ও অপ্রেমের একটা চাপা স্বর যে খেলা করে না তা নয়৷ তাঁর সম্পর্কে এঁদের রায়গুলো খুবই শুনতে পাই : 'নিছক আলঙ্কারিক গদ্য…', 'যে ব্যাপারগুলো খুব জীবন্ত, বাস্তব হতে পারত, তা আয়রনি দিয়ে মুড়ে সরিয়ে ফেলা হয়েছে…', 'মোদ্দা কথা দেখুন এই মহৎ সাহিত্যিকের যত সব ক্ষুদ্রাতিক্ষুদ্র অভিযোগ, ভদ্রলোক শ্রেণীর যাবতীয় মুদ্রাদোষ…', 'লোকটার যেন গ্যোয়েটে সাজবার ধান্দা…'
"ঝাঁ চকচকে গুণীরা তাদের যন্ত্রপাতিগুলো তাঁর গায়ে ঘষেই শান দেয়৷ খেলো মস্তিষ্কের কারবারীরা হিসাব বুঝে নেবার সময় বিশাল জাঁকজমক করে৷ অ্যাকাডেমিক স্তরের তীরন্দাজেরা তাঁর পারিবারিক জীবনের ছিদ্রান্বেষণ করে, আর মাছি মারার দল তাঁর রচনার মধ্যে সমকামিতার নিকট পর্যায়ের অংশগুলো ঠুকে ঠুকে ধুলো ঝাড়তে থাকে৷" (বিদেশীর অর্জিত স্থায়ী অভিজ্ঞতা – জার্মান মূল: Die Fremde als andauernde Erfahrung, in Der Schriftsteller als Zeitgenosse, Dezember 1996 S. 309-এই লেখকের বই জার্মানির প্রাজ্ঞতীর্থে রবীন্দ্রনাথ দেখুন পৃ ১০৭-১০৮ )
যুগ পালটায়, মন বদলায়৷ অধঃপতনের সঙ্গে সঙ্গে ছিটকে প'ড়ে যায় যুগ নক্ষত্রপতনের মত৷ ইতিহাস আস্তাকুঁড়ে চ'লে যায় দ্রুত৷ এ জলতরঙ্গ রোধিবে কে?
যাঁকে দিয়ে শুরু করেছিলাম সেই গ্রাসের কাছেই আমায় ফিরে আসতে হল৷ টোমাস মান-এর জন্মশহর দেখবার সুযোগ তিনিই ক'রে দিয়েছিলেন৷ নিমন্ত্রণ করেছিলেন তাঁর এই শহরে ১৯৯৮-তে৷ পরের বছর যখন নোবেল পেলেন তখন ল্যুইবেক-এর পৌরভবনের আমন্ত্রণে গেলাম নোবেল-উত্তর গ্রাসের সম্বর্ধনা-অনুষ্ঠানে৷ এইভাবে ল্যুইবেক, টোমাস মান ও গ্যুন্টার গ্রাস সকলকেই আমি ধরাছোঁয়ার মধ্যে পেয়ে গেলাম৷ আমার সৌভাগ্য আমার অক্ষরজীবনকেও তাঁরা সকলেই এইভাবে নন্দিত ক'রে গেলেন৷