‘ইহুদীদের সাথে পোলান্ডের সম্পর্কের দিকে তাকাবার সময় এসেছে’: ওলগা তোকারচুক
সদ্য নোবেলজয়ী পোলিশ লেখক ওলগা তোকারচুকের সাথে হেলেন ব্রাউনের এই কথোপকথনটি প্রকাশিত হয়েছিল Financial Times পত্রিকায় ২০১৮ সালের ৬ এপ্রিল। বিডি আর্টসের পাঠকদের জন্য কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক ফারুক মঈনউদ্দীন হেলেনের লেখাটি ইংরেজি থেকে বাংলা তর্জমা করেছেন। ওলগা পোলিশদের মধ্যে তৃতীয় নারী আর নারী-খেলকদের মধ্যে দ্বিতীয় যিনি নোবেল পুরস্কারে অভিনন্দিত হলেন।
সা
মূল:হেলেন ব্রাউন
ভাষান্তর: ফারুক মঈনউদ্দীন
নিজের পঞ্চম উপনাস ফ্লাইটস এর মাঝপথে গিয়ে ওলগা তোকারচুক তাঁর পাঠকদের সেই সব বেচারাদের করুণা করতে বলেন, ইংরেজি যাদের "মূল ভাষা।" পোলান্ডের সবচেয়ে বহুল অনূদিত মহিলা লেখক খোঁচা দিয়ে বলেন, "একবার ভাবুন তো! দুনিয়ায় কেমন পথহারা অনুভূতির মুখোমুখী হতে হয় ওদের, যেখানে সকল শিক্ষাব্যবস্থা, চরম অর্থহীন গানগুলোর কথা, দুঃসহ সব প্রচারপত্র ও ব্রোশিওর– এমনকি লিফটের বোতামগুলোও– সবকিছুই তাদের নিজস্ব ভাষায় . . . সেসব সবার কাছে এবং সবকিছুর জন্য সুগম।"
এটা সাধারণত বামঘেঁষা মানবতাবাদীদের দিক থেকে একটা প্ররোচণামূলক ও রসাত্মক বিপর্যয়, যারা আজ আমাদের বলছে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচন এবং ব্রেক্সিটের পক্ষে ব্রিটেনের ভোটের কারণে পোলিশ বুদ্ধিজীবীরা আজবভাবে "হাঁপ ছেড়েছে।" "এটা জানা ওদের জন্য উৎসাহব্যঞ্জক যে পপুলিস্ট আন্দোলন সর্বত্রই রয়েছে। এটা জেনে তাদের ভালো লাগে যে অন্যান্য দেশগুলোও ভড়ংহীন হতে পারে।"
যদিও তোকারচুক তাঁর উপন্যাস ফ্লাইটস ম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের তালিকায় অন্তর্ভুক্তি উদযাপনের জন্য লন্ডনে আছেন, বইটি সম্পর্কে আলাপচারিতায় সময় থেকে পিছিয়ে থাকা মনে হয় তাঁকে, কারণ ২০০৭ সালে পোলান্ড থেকে প্রকাশিত হওয়ার পর মহাদেশজুড়ে দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল এটি। আমেরিকান অনুবাদক জেনিফার ক্রফটের করা চমৎকার ইংরেজি তরজমায় উপন্যাসটি বের হতে এক দশক লেগে যায়।
ছাপ্পান্ন বছর বয়সেও তোকারচুক এক দীপিত সত্ত্বার মানুষ, তাঁর কালো চুলের জটায় উজ্জ্বল নীল পুঁতি গাঁথা, চোখে জ্বলজ্বলে ফিরোজা ফ্রেমের চশমা। দমনমূলক কম্যুনিস্ট আমলে বেড়ে ওঠা মানুষের জন্য এটা কী যে স্বাধীনতা, সেই যন্ত্রণার কথা বোঝাতে তিনি ব্যাখ্যা করে বলেন "ফ্লাইটস বেড়ে ওঠে যখন আমি প্রচুর ভ্রমণ করতাম। আমি আমার প্রথম পাসপোর্ট পাই ১৯৮৯ সালে, যখন আমার বয়স ২৮। কি দারুণ!"
দুই সাহিত্য শিক্ষকের মেয়ে বাচ্চা ওলগা বড় হয় টেবিলের নিচে লুকিয়ে প্রাপ্তবয়স্ক কথাবার্তা শুনে, ওরা থাকতো চেকোশ্লোভাকিয়ার সীমান্তের কাছে। টিনএজার হিসেবে প্রথমে ফ্রয়েডের খপ্পরে, তারপর জাংয়ের (কার্ল গুস্তভ জাং ১৮৭৫-১৯৬১, সুইস মনস্তত্ববিদ ও মনোঃসমীক্ষক–অনুবাদক) খপ্পরে পড়ে তিনি আবিষ্কার করে শিহরিত হন যে "নিজের করা প্রতিটি ছোট কাজের একটা গভীর অর্থ আছে . . . এসব ধারণা গোটা দুনিয়াকে আমার পড়া একটি বইতে পরিনত করে।"
একজন ক্লিনিকাল মনোবিজ্ঞানী হিসেবে প্রশিক্ষিত হয়ে প্র্যাকটিস করছিলেন ওলগা, কিন্তু তিনি যে তাঁর "রোগীদের চেয়ে অনেক বেশি ছিটগ্রস্ত" এটা বুঝতে পেরে একজন পুরোদস্তর লেখক হয়ে "বাস্তবতাকে খাওয়ার জন্য ভাষাকে ছুরিকাঁটা হিসেবে ব্যবহারের" মিশনে এই পেশা ছেড়ে দেন। তাঁর আন্তর্জাতিক খ্যাতি বাড়ার সাথে সাথে তাঁর বিমান ভ্রমণের দূরত্বের কাঁটাও বাড়তে থাকে।
তোকারচুক ফ্লাইটস রচনা করেন একটি সমাবেশমূলক উপন্যাস হিসেবে: ভ্রমণে বহনযোগ্য টয়লেট্রিজ থেকে মানব হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন পর্যন্ত সঞ্চরণশীল সকল চিন্তনের একটা উত্তরাধুনিক মোজাইক এটি। জাতীয়, আবেগাশ্রয়ী এবং বৈষয়িক সীমানা লঙ্ঘিত এখানে। একজন অর্ধ-আত্মজৈবনিক বয়ানকারীর ভাবনার সাথে যুক্ত করা এক মানুষের ফিকশনাল রহস্য এটি, যার স্ত্রী ও পুত্র এক ছুটির দিনে হাওয়া হয়ে যায়, এটিতে আছে শপ্যাঁর বন্ধুরা কীভাবে তাঁর আত্মাকে পোলান্ডে গোপনে ফিরিয়ে আনে তার ঐতিহাসিকভাবে নিখুঁত বর্ণনা এবং ফ্লেমিশ শারীরতত্ত্ববিদ ফিলিপ্পো ভেরহেয়েনের জনপ্রিয় কিংবদন্তী যেখানে গুজব আছে যে তিনি নিজেই তাঁর কেটে ফেলা পায়ের ব্যবচ্ছেদ করেছিলেন।
বাস্তব ও ফিকশনের মধ্যকার অস্পষ্টতাটা আন্তর্জাতিক। তোকারচুক আমায় জানান যে তাঁকে প্রায়ই জিজ্ঞেস করা হয় "আমরা মধ্য ইউরোপীয়রা কেন একটা ধ্রুপদী সরল বর্ণনাভঙ্গি অনুসরন করি না, আর আমার জবাব হচ্ছে যে আমাদের এমন কোনো ইতিহাস নেই। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা। একদা পোলান্ড ছিল শক্তিশালী সার্বভৌম একটি দেশ যেটি একশ বছরের বেশি সময় ধরে ইউরোপের মানচিত্র থেকে মুছে গিয়েছিল। দেশটা বিভক্ত হয়ে চলে গিয়েছিল নাজি এবং রাশিয়ানদের দখলে। আমরা আচমকা ফুটে উঠি এবং তারপর হারিয়ে যাই, আর যেটাকে আমাদের বিশ্বাস করতে বলা হয় তার ওপর আস্থা রাখি না।"
সত্যের এই প্রত্যাখ্যানটা তোকারচুক প্রথমবারের মতো বুঝতে পারেন যখন ২০১৫ সালে পোলিশ ভাষায় প্রকাশিত তাঁর উপন্যাস দ্য বুকস অভ জ্যাকব তাঁর জন্য জাতীয়তাবাদীদের কাছ থেকে হত্যার হুমকির কারণ হয়ে দাঁড়ায়। তাঁর ৯০০ পৃষ্ঠার এই বড় কাজটিতে রয়েছে অষ্টাদশ শতাব্দীর পোলিশ ইহুদী ধর্মনেতা জ্যাকব ফ্র্যাঙ্কের কথা, যিনি হাজার হাজার গোঁড়া ইহুদীকে একধরনের খ্রিষ্টীয় মতে ধর্মান্তরিত করেন, যার ফলে তাদেরকে দোষী সাব্যস্ত করে বৈধর্ম্যরে জন্য হত্যা করা হয়।
তিনি বলেন "আমি একটা ইতিহাস উন্মোচন করেছি যেটা বহু দৃষ্টিকোণ থেকে ছিল নিষিদ্ধ: এটা ক্যাথলিক, ইহুদী আর কম্যুনিস্টরা গালিচার নিচে লুকিয়ে রেখেছিল। এরকম ভঙ্গুর ও বিতর্কিত সত্যগুলো গবেষণা করতে আমার আট বছর লেগেছিল।" "কিন্তু আমি যখন নাইকি পুরস্কার (পোলান্ডের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার) পাই, আমি সেসব মানুষের দ্বারা আক্রান্ত হই যারা পোলান্ডের কালো অতীত সম্পর্কে জানতে চায় না," বলে তিনি দীর্ঘশ্বাস ফেলেন।
"পোলিশ সংস্কৃতির মধ্যে একটা শক্তিশালী সেমিটিক বিরোধী চোরাস্রোত ছিল। ছিল ভয়ঙ্কর নিপীড়ন। কিন্তু আমাদের শরীরে যে ইহুদী রক্ত এবং আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে পোলিশ সংস্কৃতি যে মিশে রয়েছে সেটা মেনে নেওয়ার জন্য ইহুদীদের সঙ্গে পোলান্ডের সম্পর্কের দিকে তাকাবার সময় এসেছে। যে ক্রোধ আমি উসকে দিয়েছি সেটা দেখে আমি বিস্মিত, কিন্তু তার পরবর্তী বিশাল সমর্থনের কারণে আমি শিহরিত। মনে হয়, পড়তে পারা এবং পড়তে না পারা মানুষের মধ্যে সমাজটা বিভক্ত হয়ে গেছে!"
"একটা সেকেলে আদর্শের মৃত্যুযন্ত্রণা" হিসেবে জাতীয়তাবাদী আন্দোলনের বৈশ্বিক উত্থানকে বাতিল করে দেন তোকারচুক। "দেশের এইসব পুরোন ধারণাগুলো সম্পূর্ণভাবে উধাও হয়ে যাচ্ছে," বলে হাসেন তিনি। লোকজন অভিবাসী হচ্ছে, ভ্রমণ করছে। অর্থনীতি আর ইন্টারনেট সীমান্তের পরোয়া করে না। আমরা বিভিন্ন নেটওয়ার্ক সরবরাহকারীদের মধ্যে আনাগোনা করি! বিনোদনমূলক শিক্ষাকে স্বাগত জানাই। তিনি উল্লাসভরে তাঁর ফোনের বোতামে আঙুলের টোকা দেন। "আপনি ফ্লাইটস পড়তে পারেন প্রাচীন ইউরোপের শোকগাথা হিসেবে।"
