২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাউল ব্রিতো: একিলিসের আদর্শ নিয়ে লেখকের ভাবনা

রাজু আলাউদ্দিন

Published : 14 Sep 2019, 08:13 AM

Updated : 23 Jun 2022, 04:00 PM

মূল লেখকের ভূমিকা

শৈশব থেকেই একিলিস ও কচ্ছপ বিষয়ক বিখ্যাত কূটাভাসটি আমার মধ্যে বহু প্রশ্নের জন্ম দিয়েছিল, সবসময়ই আমি এ নিয়ে লিখতে চেয়েছি, কিন্তু মিতাখ্যান-(microrrelato)এর দেখা পাওয়ার আগ পর্যন্ত আমি লিখবার যথাযথ কাঠামোটা খুঁজে পাচ্ছিলাম না। আবিস্কারের লক্ষ্যে সাহিত্যের এই শাখাটিকেই আমার কাছে আদর্শ বলে মনে হয়েছিল। কারণ এর মাধ্যমে—স্বয়ংক্রিয় পাইলটের সঙ্গে থাকলে যেমনটা হয় আরকি—প্লট ও চরিত্র নিয়ে মাথা ঘামাতে হয় না। ধারণা, কূটাভাস, স্ববিরোধ, বিমূর্ত বিষয়সমূহ এবং সরল রেখার পেছনে থাকা—যেমনটা বলতে শুনবো বোর্হেসকে—সব ধরনের মননশীল গোলকধাঁধার বয়ান ও আবিস্কারের উপর আমি চোখ রাখতে পারবো।

পৃথিবী সম্পর্কে বহুদিন যাবৎ তৈরি করা আমার ব্যক্তিগত তত্ত্বই এই বইটিকে পুষ্টি যুগিয়েছে এবং আমি একে ধারাবাহিকতার তত্ত্ব বলে অভিহিত করি। যে-চারটি বিষয়কে কেন্দ্র করে বাস্তবতা সম্পর্কিত দৃষ্টিভঙ্গিটি তুলে ধরা হয়েছে সেগুলো হচ্ছে ঘটনা-পরম্পরা, ধারাবাহিকতা, সম্প্রসারণ এবং তীব্রতা। কচ্ছপকে ছোঁয়ার প্রতিযোগিতা যখন চলছে তখন বিশেষভাবে যে-বইটি আমাকে কেন্দ্রীভূত থাকতে সাহায্য করেছিল সেটা হচ্ছে আর্থার শোপেনহওয়ারের The World as Will and Representation নামক দুটি খন্ড, যে-বইটি—সবাই জানেন—ভারতীয় সেই বিশ্বাস দ্বারা পুষ্ট যাতে বলা হয়েছে সব কিছুর মধ্যে একটা অন্তর্নিহিত ঐক্য রয়েছে।

এটা সত্যি যে আমার বইটির দুটো দিক আছে: বৈচিত্র্য আর বহুত্ব, কিন্তু তা সত্ত্বেও এরা স্পষ্টভাবেই এককেন্দ্রিক। সকল ভাষ্য ও ঘটনাবলী একক যে-দৃষ্টিকোন থেকে কখনোই বিচ্যুত হয় না সেটা হচ্ছে একিলিস ও কচ্ছপের কূটাভাস। দার্শনিক ধাঁধার মাধ্যমে জেনো গতি( গতিকে তিনি বহু বিন্দুর এক সমন্বয় হিসেবে কল্পনা করেছেন) সম্পর্কে প্রশ্ন তুলেছেন এবং এটাকে তিনি বিভ্রম বলে মনে করতেন। গুরুত্বপূর্ণ এবং বাস্তব ব্যাপার হলো একটি মাত্র বিন্দু সবকিছুকে ধরে রেখেছে, যেমনভাবে অক্ষ ধরে রাখে পরিধিকে। জেনো আমাদেরকে প্রশ্ন করেন, একটা তীর কিভাবে লক্ষে গিয়ে বিদ্ধ হবে যদি তাকে সবসময় মধ্যবর্তী বিন্দু পার হতে হয়? দৈব যে-সুতোটি সবগুলো বিন্দুকে একত্রিত করে এবং সবগুলো মিলে যখন একটি হয়ে ওঠে তখনই কেবল সেটা সম্ভব। যে-একিলিস দূরবর্তী এক অতীতের বিন্দু, সেই একিলিসই মানবজাতির সূচনা এবং সেই একিলিসই আজ সকালে আমাদের দরজার টোকা দিয়েছে। এসবের নিচেই রয়েছে সেই অভিন্ন প্রবাহ, একই ব্রক্ষ্মা নিজের দেখা পেতে স্বপ্ন দেখছে সব কিছুর।

অনুগল্পগুলোকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে অন্য এক স্বজ্ঞাও আমাকে সাহায্য করেছে, যেহেতু প্রথমটিই হচ্ছে গ্রন্থের শিরোনাম। আমি জানতাম না–'একিলিসের আদর্শ'—এই শব্দ দুটি কী কারণে এসেছিল , আমার অপরিণত মন থেকেই উৎসারিত হয়েছিল এই শিরোনাম, যদিও এটি দিকনির্দেশকের ভূমিকা পালন করছে। প্রতিটি লেখার মাধ্যমে আমি বারবার নিজেকেই প্রশ্ন করেছিলাম এই 'আদর্শ'-এর মানে কী। উত্তরটা হয়ে ওঠে আরেক বিরাট কূটাভাস , অর্থাৎ বাস্তবতাই হচ্ছে আদর্শ। স্বপ্ন এবং বাস্তবতা—এই দুয়ের মিশ্রণ আমাকে ভারতীয় সংস্কৃতির সাথে সরাসরি যুক্ত করে দেয়: ব্রক্ষ্মার স্বপ্ন ও মায়ার অবগুন্ঠন, যে-দুয়ের উপস্থিতি রয়েছে শোপেনহাওয়ারের দর্শনে আর বোর্হেসের আবেশসমূহে(আমার বইটির অন্য এক ঋণ)।

বইটিতে যে-ধারণা সক্রিয় তা হলো এই: বাস্তবতা বাইরে অবস্থান করছে যা পূর্ণাঙ্গ, ঘনীভূত আর স্বয়ংসম্পূর্ণ। আমরা এর যেসব ব্যাখ্যা দিয়ে থাকি তা সবসময়ই অনুমান, ফলে তা আংশিক এবং দৃষ্টিভঙ্গিগুলো পরস্পরের মধ্যে দুর্বল সংযোগ গড়ে তোলে আমাদের ভেতর, অনেকটা স্বপ্নের মতো–জেগে ওঠা মাত্র আমরা যা ভুলে যেতে শুরু করি। এই অর্থে, ধারণা ও অনুমানগুলো—যোগফলের বাইরে—যদি একটি সমতায় পৌঁছাতে চায় তাহলে আরও একটি উপাদানের প্রয়োজন হয়, আর সেটা হচ্ছে অযুক্তিসিদ্ধ ও স্বজ্ঞামূলক এক সংকেত যা গোটা অভিযানটিকে দেবে সম্পূর্ণতা। ঠিক এটাই হচ্ছে একিলিসের আদর্শের এক কূটাভাস, অর্থাৎ এমন এক বাস্তবতাকে ছোঁয়া যা সবসময়ই বাস্তব থেকে দূরে অবস্থান করছে।


পরোক্ষতা হচ্ছে উপস্থাপনের এমন এক ধরন যা আদর্শ ও বাস্তবতা, স্বপ্ন ও জাগরণ, বহিরঙ্গ ও অন্তর্গতের এক মিশ্র রূপ। 'দিগংশ' নামের অনুগল্পটি আমি শুরু করেছি একটা সাধারণ ধারণা দিয়ে: যখন আড়চোখে তাকানো যায় তখনই কেবল চোখ সাফল্যের সাথে দূরবর্তী ও প্রচ্ছন্ন বিষয়গুলো দেখতে পায়। মনের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে, কেবল তির্যক ভঙ্গিতে তাকালেই মন সবচেয়ে প্রচ্ছন্ন বাস্তবতাকে ধরতে পারে। তির্যকতা হচ্ছে এমন এক দৃষ্টি যা পুরোপুরি বহিরাঙ্গিক হওয়ার সিদ্ধান্তকে তুলে ধরে না, ববং তাকে শুরুই করতে হবে পেছন থেকে সামনে যাওয়ার জন্য। 'তির্যক দৃষ্টিপাত'—এই প্রকাশটি এমন এক পশ্চাদপদ ‍দৃষ্টিভঙ্গির পরোক্ষ উল্লেখ যা প্রথমে নিজেকে দেখে। এই দেখাটা তির্যক হতে চেষ্টা করে এবং একই চোখকে সে পর্যবেক্ষণ করে বহুগুণে বাড়াবার লক্ষ্যে, সূচকীয় বৃদ্ধির উদ্দেশ্যে। ঘনীভূত এই ঘটনা থেকেই সচেতনমনের উত্থান, বাস্তবতাকে দেখার পাশাপাশি একই সাথে নিজেকে দেখার সামর্থ্য থেকেই চেতনার সূচনা। যুক্তিসিদ্ধ (razonamiento) মনের সর্বোচ্চ প্রকাশটি যেরকম হবে তা এই: দূরবর্তী নক্ষত্রকে দেখার জন্য যদি আড়চোখে তাকাবার দরকার হয়, দৃষ্টির সবচেয়ে আড়ালে থাকা নক্ষত্রগুলো দেখার জন্য যদি আরও বেশি তির্যক দৃষ্টিপাতের প্রয়োজন হয়, তাহলে পুরোপুরি আদর্শ, ব্রক্ষ্মার মতোই পুরোপুরি অন্তর্গত, এক দৃষ্টিপাতের প্রয়োজন হবে বিশ্বজগতকে অবলোকনের জন্য।

বইটি লেখার শুরুতে আমি প্রতিদিন পাঁচটি অনুগল্প লিখতাম, পরে সেটা কমে এসে কয়েক ফোটায় গিয়ে দাড়ালো। বহুবার আমার মনে হয়েছে এ যেন একিলিসের মতোই এক অসম্ভব প্রতিযোগিতা, কারণ আমি যত বেশি ১০১টি অনুগল্প লেখার লক্ষ্যের দিকে এগিয়ে গেছি, তত বেশি আমাকে বর্জন করতে হয়েছে এবং আমাকে আবার নতুন করে লিখতে হয়েছে। একাধিক মুহূর্তে আমি ও আমার বইয়ের কাঠামো কূটাভাসেরই নামান্তর হয়ে উঠেছি। যেন কূটাভাস সবকিছুকেই গ্রাস করে ফেলছিল। জানতাম যে এটা বইয়েরই একটা অংশ, আমি নিজেই যেন ধাঁধার সেই একিলিস হওয়ার দ্বৈরথে লিপ্ত হয়েছি। আমার শ্রম হয়তো সাফল্যের মুখ দেখবে না, কিন্তু তার পরেও এটি অন্তত একটি পথ, একটি দিকরেখা হয়ে থাকবে।
আজ আমার জন্য এটা আনন্দের এই কারণে যে আমার বইটি গৃহীত হয়েছে বহু দূরের এমন এক দেশে যা একই সঙ্গে আত্মিক ও মননের দিক থেকে খুবই নিকটবর্তী। হয়তো এর অর্থ দাড়ায় গতি বলে কিছু একটা আছে, তবে তা কেবল প্রারম্ভে ফিরে আসার জন্যই। ধন্যবাদ অনুবাদের কুহকী শক্তিকে, অনুবাদের কারণে অন্য ভাষায় ও অন্য সংস্কৃতিতে রচিত একটি বই দূরবর্তী এমন এক পাঠককে স্পর্শ করতে সক্ষম যে কিনা, বোর্হেসের ভাষায়, সকল পাঠক এবং সকল মানুষ।
বন্ধুগণ, স্বাগতম, আপনাদের নিজস্ব আলয়ে।

একিলিসের আদর্শ থেকে কয়েকটি মিতাখ্যান

মূল: পাউল ব্রিতো
স্প্যানিশ থেকে অনুবাদ: রাজু আলাউদ্দিন

১০১ মিটার

কূটাভাসটা হচ্ছে এরকম: হাল্কা পায়ের একিলিসকে এক প্রতিযোগিতায় নামতে হয়েছিল কচ্ছপের বিরুদ্ধে । যেহেতু সে ছিল দ্রুতগামী তাই সে কচ্ছপকে একটা সুযোগ দিয়েছিল।
ট্রাম্পেটে বেজে উঠলো প্রতিযোগিতার সূচনা ।
একিলিস একশ মিটার দৌড়েও কচ্ছপের পিছনেই পড়ে রইলো, কারণ ইতিমধ্যে এক মিটার এগিয়ে গেছে। একিলিস যখন ওই এক মিটার পার হলো, কচ্ছপ ততক্ষণে এক সেন্টিমিটার এগিয়েছে। বীর একিলিস যখন ওই এক সেন্টিমিটার এগুলো, কচ্ছপ ততক্ষণে তাকে দশ মিলিমিটার পেছনে ফেলে এগিয়ে আছে।
উপসংহার: একিলিস কখনোই কচ্ছপকে ছুঁতে পারবে না, যেহেতু কচ্ছপ সবসময়ই তার আগে থেকে যাবে…এই ব্যবধান ঘুচতো যদি শুরুতেই একিলিস ১০১ মিটার দৌড়াতো।

অতিরিক্ত ফোটা

যে-একশ মিটার একিলিসকে কচ্ছপ থেকে আলাদা করে রাখে তা অনেকটা একখানি পান-পাত্রের মতো। একিলিস যদি একশ মিটার দিয়ে পাত্রটি পূর্ণ করে, তাহলে তা উপচে পরবে না। পাত্রটি উপচে পরতে হলে এক মিটার বেশি দিতে হবে যাতে করে অতিরিক্ত ফোটা উপচে গিয়ে মেঝেকে স্পর্শ করতে পারে।

নিখুঁত

থেটিস তার সন্তান একিলিসকে স্টিক্স নদীর স্রোতে ভিজিয়েছিল অজেয় করার লক্ষ্যে। ডান পায়ের যে-গোড়ালি ধরে ভিজিয়েছিল ঠিক সেই জায়গাটাই থেকে গেল দুর্বল। ঠিক সেই কারণে বীরের ডান পায়ের গোড়ালি বাম পায়ের মতো নিখুঁত হয়নি, ওটায় সামান্য অসম্পূর্ণতা থেকে গেছে। ওই অসম্পূর্ণতাই ধ্বংসের পরিপূর্ণতার এক খুঁত হিসেবে যুক্ত হলো। অসীমতা আসলে ঘাটতির যোগফলের চেয়ে বেশি কিছু নয়। কেবল নিখুঁত হতে পারলেই একিলিস লক্ষ্যে পৌঁছাতে পারতো।

যে-চোর চোরের কাছ থেকে চুরি করে

প্রতিযোগিতা যখন প্রায় শুরু হতে যাচ্ছে, কচ্ছপকে দৌড়ে ধরার জন্য একিলিসের মাথায় একটা লাগসই খেয়াল চাপলো: শুরুর ঘন্টা বাজার আগেই সে গোপনে এক মিটার এগিয়ে থাকলো। এইভাবে, একিলিস যখন ১০০ মিটার দৌড়াবে তখন আসলে কচ্ছপ থেকে তার একটা দূরত্ব হয়ে সেটা গিয়ে দাড়াবে ১০১ মিটার-এ, যা কিনা ইতিমধ্যে কচ্ছপের ১ মিটার এগিয়ে থাকার সমান হবে।
এইটুকু এগুনোর পরপরই একিলিস লক্ষ করলো কচ্ছপ এক সেন্টিমিটার এগিয়ে আছে। এগিয়ে থাকা ওই সেন্টিমিটার কচ্ছপ আসলে শুরুতেই চুরি করে নিয়েছিল।

ধারাবাহিকতা

একেবারে সহজতম যুক্তি আমাদের এ কথা বলে যে লক্ষ্যে পৌঁছার আগে একিলিসকে মধ্যবর্তী একটা বিন্দু পার হয়ে যেতে হবে। এই বিন্দুতে আসার পর সর্বশেষ বিন্দুর আগের মধ্যবর্তী অন্য একটি বিন্দুতে আসতে হবে, এবং এভাবে পরবর্তীগুলো বিন্দুগুলো পর্যন্ত চলতে থাকবে।
কিন্তু বাস্তবতা আমাদেরকে বিপরীতটাই শেখায়: একেবারে সাধারণ গতিকে কার্যকর করার লক্ষে পৃথিবী প্রতিনিয়ত যুক্তিকে লঙ্ঘন করে। বাস্তবের এক বিন্দু ও অন্য বিন্দুর মাঝখানের এই রহস্যময় ধারাবাহিকতাকে যুক্তি ব্যাখ্যা করতে পারে না। সে যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ততই সে নিজেরই পুনরুক্তি করে।

একিলিসের গোড়ালি

বীর হিসেবে ইতিহাসে জায়গা করে নিতে একিলিস সম্ভাব্য সবকিছু করেছিল। আর দেবতারাও তাকে সাহায্য করেছিল। কিন্তু এক হুজুগে কূটাভাস প্রয়োগের মাধ্যমে সামান্য নশ্বর জেনো একটা বাজে চাল চাললেন। এটা তার সেই বিখ্যাত ক্রোধের কারণ হয়ে দাড়ালো, কারণ এখন সে চিরকালের জন্য হাস্যকর হয়ে পরলো।
ওই অসংশোধনীয় স্ববিরোধই ছিল, যেমনটা তারা বলে, তার দুর্বলতা।

প্রেমের অভাব

একিলিস ভাবলো সে যে কচ্ছপকে ছুঁতে পারেনি–সেটা প্রেমবোধের অভাবের কারণেই। প্রেমই হচ্ছে একমাত্র চিজ যা উভয়কে সত্যিকার অর্থেই একত্রিত করতে পারে। তখন তার খেয়াল চাপলো কচ্ছপকে জয় করার। একিলিস তাকে পাঠাতে লাগলো চিঠিপত্র আর পদাবলী, কিন্তু কচ্ছপ ওসবের উত্তরে ছিল উদাসীন। ওই উপেক্ষা একিলিসের হৃদয়ের গভীরে এতটাই প্রবেশ করলো যে সে সত্যি সত্যি কচ্ছপের প্রেমে পড়ে গেল। তবে সে যেটা অনুমান করেনি তা হলো কচ্ছপ ইতিমধ্যে অন্য এক কচ্ছপের প্রেমে পরেছে যে কিনা তার গোড়ালির কাছে চলে এসেছে।