মাহবুব আজীজের কবিতা: দার্শনিক জিজ্ঞাসার দীপাবলী
'হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে'–মাহবুব আজীজের কাব্যগ্রন্থ হাতে নিয়ে, বইটির শিরোনাম দেখে মনে পড়ে গেল গানটির কথা। সত্যজিৎ রায় তাঁর কালজয়ী চলচ্চিত্র 'পথের পাঁচালী'র সঙ্গীতায়নে ব্যবহার করেছিলেন কাঙাল হরিনাথের এই গান। গানটির পঙ্ক্তিতে 'সন্ধ্যা' শুধুমাত্র একটি শব্দ নয়, নির্দিষ্ট সময়ও নয়, জীবন ও জগত নিয়ে তা এক নির্মোহ দার্শনিকতা। প্রকৃতির মধ্যে সন্ধ্যা এমনই এক যুগসন্ধি এবং পরমমুহূর্ত, যেখানে প্রেম ও প্রার্থনায় নত হতে হয়; উপলব্ধি করতে হয় নিজেকে, নিজের জীবন ও জগতকেও। মাহবুব আজীজের কাব্যগ্রন্থ ঠিক সন্ধ্যার আগে পাঠশেষে আমাদেরও বোঝাপড়া করতে হয়. নত হতে হয় জীবন ও জগতের রহস্যময় মায়ায়। কেননা কবি মাহবুব আজীজ বলেছেন, 'এ এক আশ্চর্য সময়!'
দিনের অবসানে, দিন ও রাতের মিলনে প্রকৃতিতে প্রতিদিনই জন্ম হয় ছায়াময় এক গূঢ় ও গাঢ় আবহের; অন্ধকার নেমে আসার ওই পূর্ব মুহূর্তটিতে পাল্টে যায় প্রকৃতির রূপ-রস-দৃশ্যমালা, পাল্টে যায় যাপিতজীবনেরও রঙ। ভাবুক প্রকৃতির মানুষ যারা অস্তগামী সূর্যের শেষ ম্লান আলোকচ্ছটায় তারা বিভোর হন, আপ্লুত হন; সন্ধ্যালাগা সেইসব মানুষের মানসপটে ভেসে ওঠে জীবনজগত নিয়ে দার্শনিকতা, জেগে ওঠে জীবনের দর্শন নিয়ে রহস্যময় প্রশ্নমালা। কবি মাহবুব আজীজ তেমন এক ঘোর লাগা মানুষ, তাঁর প্রথম কাব্যগ্রন্থে সহজিয়া ও মরমী দর্শনকে উপস্থিত করেছেন পাঠকের সামনে; বইটির কবিতা পড়তে পড়তে পাঠকের মনেও জেগে ওঠে জিজ্ঞাসা–'সন্ধ্যা কী আয়না?/ নিজেকেই নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়?' বস্তুত, কবিতায় এ-জিজ্ঞাসা শুধু একজন কবির নয়, পৃথিবীর সব মানুষেরও। মাহবুব আজীজ তাঁর কাব্যগ্রন্থে প্রাজ্ঞ ও ধ্যানীর মতো উচ্চারণ করেছেন এমন সব দার্শনিক জিজ্ঞাসার দীপাবলী; তাতে যেমন আলোকিত হয়ে ওঠে তাঁর পঙক্তি, তেমনই প্রজ্বালিত হয়ে ওঠে পাঠকের বোধ ও মনন। মূলত এইসব গূঢ় ভাবনা এবং চৈতন্যের সত্যরূপ আবিষ্কারের মধ্য দিয়েই গড়ে উঠেছে মাহবুব আজীজের কাব্যসৌধ, নির্মিত হয়েছে তাঁর প্রথম কাব্যপ্রয়াস 'ঠিক সন্ধ্যার আগে'।
দুই
প্রথম কাব্যগ্রন্থে অধিকাংশ কবি যখন ইতিউতি তাকান, মাহবুব আজীজ সেখানে ছুঁড়ে দেন তাঁর শাণিত দৃষ্টি। প্রথম যৌবনের গোড়াতে নয়, মাহবুব আজীজের আবির্ভাব তাঁর যৌবনের মধ্যগগনে, অন্যান্য কবিদের চেয়ে একটু দেরিতে, পরিণত ও প্রাজ্ঞ বয়সে; কেননা মাহবুব আজীজের 'সবকিছুইতেই দেরি হয়ে যায়'। দীর্ঘপথ চলার অভিজ্ঞতা এবং বিস্তর জানাশোনার তাঁর সঙ্গী, ফলে কবি মাহবুব আজীজের উচ্চারণ দৃঢ়, দৃষ্টি শাণিত, সুর ও বাণীতে দার্শনিকতা জড়িয়ে।
পরিণত বয়সে আবির্ভাব হলেও, দীর্ঘদিন পর প্রথম বই প্রকাশ করলেও, মাহবুব আজীজ সৃজনশীল লেখালেখি করছেন অনেক বছর ধরে। প্রথম যৌবন থেকেই লিখছেন কবিতা। কবিতা ছাড়াও কাজ করছেন শিল্প-সাহিত্যের নানা শাখায়। তবে কবিতার আয়নাতেই প্রতিফলিত তাঁর প্রকৃত অবয়ব। ফলে এ-কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে যেমন তাঁর কাব্যযাত্রায় এসেছে পূর্ণতা, তেমনই ঘুচেছে পাঠকের দীর্ঘদিনের প্রতীক্ষা। বহুল প্রতীক্ষিত এ-কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ। বইটির আয়তন ও কলেবর ছোট, মাত্র তিন ফর্মার; কবিতার বই এমন পরিসরই যথেষ্ট, যদি বইটিতে পত্রস্থ হয় কিছু উত্তম কবিতা। মাহবুব আজীজ এ-বইটিতে বিভিন্ন সময়ে লেখা কবিতা থেকে বাছাই করে সেরা কবিতাগুলো স্থান দিয়েছেন। কবির সুনির্বাচিত কবিতা নিয়ে এই বই; কয়েকবার তা পাঠশেষে বলা যায়, জীবন ও প্রকৃতি নিয়ে কিছু উত্তম কবিতাই পাঠ করলাম, রস্বাদন করলাম প্রকৃত কবিতারই নির্যাস।
বইটির শুরুতেই খানিক চমক, চমৎকার এক গ্রন্থমুখ লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বইটির পাণ্ডুলিপি পাঠ করে, অল্প-কথনে, কবিতার ভঙ্গিমায় সৈয়দ হক লিখেছেন তাঁর ভালো লাগার কথা; শুভেচ্ছা জানিয়েছেন ৪০ বছরের তরুণতম কবি মাহবুব আজীজকে। স্বাধীনতা-উত্তর প্রজন্মে তাঁর জন্ম, ফলে জন্মের পর থেকেই দেখছেন সামাজিক ও রাজনৈতিক নানা টানাপোড়েন, দেখেছেন সামরিক শাসন, বেড়ে উঠেছেন ওই অস্থিরতায়; হয়তো তাই তাঁর কবিতাতেও উঠে এসেছে সময়ের নানা অস্থিরতা; উঠে এসেছে যাপিতজীবনের নানা টানাপোড়েন।
তিন
মাহবুব আজীজের লেখালেখির প্রারম্ভিকতা থেকে শুরু করলে, আলোচনার সুবিধার্থে বলা যায়, তিনি নব্বই দশকেরই কবি; তাঁর কবিতা এর আগেও আমি পাঠ করেছি। বিশ্ববিদ্যালয়জীবনে তিনি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তখন নব্বইয়ের ওই দিনগুলো থেকেই তিনি নিয়মিত কবিতা লিখতেন; মাহবুব আজীজের লেখালেখির প্রশংসা শুনেছি তাঁর গুরু বরেণ্য নাট্যকার সেলিম আল দীনের মুখেও। দীর্ঘদিন ধরে লিখলেও প্রকাশে তাঁর ছিল বেশ অনীহা। লিখেছেন খুব সামান্য, যতটুকু লিখেছেন, প্রকাশ করেছেন তারচেয়েও কম। শেষপর্যন্ত, তাঁর কবিতার বই প্রকাশ তাই আশান্বিত বিষয় হিসেবে উপস্থিত হলো পাঠকের কাছে।
মাহবুব আজীজের কবিতা পাঠে মনে হয়, কবিতার ভাব ও বিষয় প্রকাশে তিনি 'আড়ালধর্মী' নন, সমসাময়িক এবং প্রথাগত কবিতায় তা বেশ দেখা যায়। মাহবুবের বাহাদুরিটা এই জায়গায় যে, কবিতায় কোনোকিছু আড়াল না করে সরাসরিভাবে সৌন্দর্য সৃষ্টি করেন। সহজ কথা সহজভাবে বলেন। ঘোরানো-প্যাঁচানো কথা নয়, কবিতায় তাঁর উচ্চারণ স্পষ্ট। তবে সহজভাবে বললেও কথাগুলি ঠিক সরল নয়; জটিল এবং অর্থবহ। অনেকের পঙক্তি খুব সহজ হয়, সরলও হয়, কিন্তু অর্থবহ হয় না; মাহবুব সহজ করে লিখলেও তাঁর কবিতায় ধরা দেয় নিজস্ব অর্থময়তা ও সৌন্দর্য, ধরা দেয় কাব্যব্যঞ্জনা। কবিতার তাঁর মুন্সিয়ানাটা এইখানেই। কবিতায় তাঁর এই চিন্তা এই ধারা নানাভাবে সঞ্চারিত।
যাপিতজীবনের অস্থিরতা, রাজনীতি, স্মৃতিকাতরতা, প্রেম, দ্বিধা ইত্যকার নানা বিষয় তাঁর কবিতার প্রধান বিষয়। বস্তুত এইসব অনুষঙ্গের মধ্য দিয়েই তিনি প্রকাশ করেন তাঁর জীবন ও কাব্যদর্শন। কবিতায় তাঁর স্মৃতিকাতরতা শুধু অতীত নিয়ে নয়, ফেলে আসা দিনগুলো নিয়েও, বিশেষ করে ছেলেবেলা নিয়ে। বাবার সরকারি চাকরির সুবাদে তাঁর বর্ণাঢ্য শৈশব কেটেছে দেশের নানা অঞ্চলে। শৈশব-কৈশোরের ওই চোখের দেখা, প্রাণের কথা উঠে এসেছে বেশ কিছু কবিতায়। কে না জানে মানুষের জীবনের শ্রেষ্ঠতম সময় ছেলেবেলা। বিশ্বসাহিত্যে শুধু নয়, বাংলা সাহিত্যেও ছেলেবেলা নিয়ে রচিত হয়েছে কালজয়ী অনেক কবিতা, গল্প ও উপন্যাস। ছেলেবেলার ওই অপাপবিদ্ধ সময়টুকু যখন দেখতে পাই মাহবুবের কবিতায়, টের পাই, যাপিতজীবনের অস্থিরতা ও ব্যস্ততা ফেলে সবার মনই ছুটে যায় ওই অন্তহীন মাঠে।
অতলান্ত সমুদ্রের মতো সেই মাঠ!
গাছ থেকে মাত্র পেড়ে আনা সবুজ পেয়ারা;
একটু ভিজে আছে শিশিরে–
ডাঁশা পেয়ারা হাতের মুঠোয় নিতে কী স্বাদ! কী স্বাদ!
(ধুলোর আস্তর সরিয়ে)
ছেলেবেলা তাঁর কবিতায় শুধু সৌন্দর্য সৃষ্টির লক্ষ্যে দীপ্তমান নয়, সময়টুকু নানা প্রতীক ও ইমেজে গড়া তাঁর নিজস্ব কাব্যভুবন। ছোটবেলায় যে শিশু স্কুলে ভর্তি হওয়ামাত্র বিড়ালছানার মতো পালিয়ে এসেছিল, প্রথাগত বিদ্যালয় থেকে নয়, ওই শিশু পাঠ নিয়েছিল প্রকৃতি থেকে, পরে একটু দেরিতে স্কুলে গিয়েছিল। বেশ বিরতিতে স্কুলে গিয়ে ওই শিশু দেখল, বন্ধুরা সব পড়ে উঁচু ক্লাসে। বোধ হয়, তখনই মাহবুব আজীজের শিশুমনে জন্ম নিয়েছিল প্রতিযোগিতার ভয়।
সবার আগে থাকতে হবে
একমুহূর্ত থেমে থাকলে চলবে না।
লেট সেট গো…দৌড়াই। দৌড়াই।
বিধিনিষেধের জটাজাল, উদ্বাহু দৌড়ের ভিড়ে
ওগো ধীরমধুরহাসিনী–
একমাত্র তুমিই সবুজ হয়ে জ্বলো…।
(সবুজ হয়ে জ্বলো)
শিশুদের এমন দৌড়-মানসিকতার তিনি ঘোরবিরোধী, হয়তো তাই ব্যক্তিজীবনেও ধীর ও সবুজ জীবনের প্রতি তাঁর ভীষণ আকর্ষণ। তাঁর কবিতাতেও উঠে এসেছে সহজজীবনের প্রতি অনুরাগ, উঠে এসেছে প্রকৃতির প্রতি গভীর মমতাবোধ।
প্রকৃতি শুধু নয়, প্রেমেরও জয়মাল্য পরিয়েছেন কবি মাহবুব আজীজ। প্রেমের আকুতি ও নিবেদন প্রকাশে তাঁর মধ্যে দেখা যায় কোমল প্রেমিকসত্তা। খানিক রোমান্টিক, খানিক কল্পনাময়। কবি যখন উচ্চারণ করেন 'তোমার সারাটা শরীর বাজতে থাকে/ রবীন্দ্রসুরের মূর্ছনায়।', তখন বোঝা যায়, কবিতায় তাঁর প্রেমসাধনা গভীরতর অন্তর্নিহিত শক্তির প্রকাশ করে। কবিতায়, অনেকে প্রেমের কথা লিখতে গিয়ে অতিকথন করেন। মাহবুব ওই দলভুক্ত নন, তাঁর কবিতায় অতিকথন বা অতিশয়োক্তির ভার নেই। ফলে অল্পকথায়, চমৎকার চিত্রকল্পের টানে পাঠকের মনে ভেসে ওঠে নির্ভার এবং স্বতঃস্ফূর্ত প্রেমাবেগ। 'আমাকে সঙ্গে নিও', 'অন্তর্নিহিত রহস্য', 'মুর্হূত', 'কবেকার ফুল' ইত্যাদি কবিতায় এমন আবেগের স্ফূরণ দেখা যায়।
কোনোকালেই ছিলাম না
এত শক্তিমান;
সূর্য যার মেঘের প্রতিদ্বন্দ্বী
এত সাহসী আর শক্তিমান আমাকে করল কে?
(অন্তর্নিহিত রহস্য)
পাঠক কবিতাপাঠে তা বুঝতে পারেন, অনুভব করেন ওই শক্তি আর কেউ নয়Ñ'তুমি'। প্রেমাবেগে মাহবুব ভেসে যাননি, তুমুল করেছেন, অন্তর্নিহিত শক্তির প্রকাশ করেছেন।
চার
মাহবুবের কবিতায় ধ্রুপদী ছন্দ–অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত কিংবা স্বরবৃত্তের সঠিক চলনভঙ্গিমা নেই, তথাপি তাঁর মধ্যে রয়েছে ছন্দবোধ। সঠিক ছন্দ না জানলেও, মনে করি, কবিতায় এই ছন্দবোধ থাকাটা জরুরী। কেননা শব্দের মধ্যে যে ধ্বনিমাধুর্য রয়েছে, রয়েছে শব্দের ভেতরকার সুর-লয় তা আবিষ্কার করা সহজ হয়। মাহবুবের কিছু কবিতায় 'ছন্দের একধরনের মেকআপ' রয়েছে, কিন্তু কবিতায় প্রকৃত ছন্দের কাঠামো কিংবা ভিত্তিমূলটা নেই। ছন্দের একধরনের মেকআপ হচ্ছে অন্ত্যমিল, কিন্তু তা-ই ছন্দ নয়। আপাতত এ প্রসঙ্গ থাক। বলছিলাম অন্ত্যমিল নিয়ে, তাঁর কিছু কবিতায় আছে অন্ত্যমিলের চমকপ্রদ ব্যবহার। নিশ্চয় তা আশাজাগানিয়া বিষয়। চতুর্দশপদী কিছু কবিতায় তা উল্লেখ্যমান। এইখানে একটি বিষয় বলা উচিত মনে করি যে, কবিতায় ১৪ পঙক্তি হলেই তা হয়তো চতুর্দশপদী বলতে পারি, কিন্তু প্রকৃতপ্রস্তাবে তা সনেট নয়। কেননা সনেটের কিছু আবশ্যিক শর্ত বিদ্যমান। কেউ কেউ মনে করেন চৌদ্দপঙক্তি হলেই বোধ হয় সনেট; তা নয়, ১৪ পঙক্তির কবিতায় অন্ত্যমিল হলেই সনেট, তা-ও নয়; প্রকৃত সনেট হবে সঠিক ছন্দের খুঁটি; সর্বোপরি হয়ে উঠতে হয় প্রকৃত কবিতা। আমার দৃঢ় বিশ্বাস এই যে, মাহবুবের কবিতায় ছন্দের ভিত্তিমূলটাও একদিন পোক্ত হয়ে যাবে। তাঁর 'উঠান', 'হঠাৎ দরজায়', 'আধো ঘুম' ইত্যাদি কবিতার শেকড়, বলা যায়, এইভাবেই প্রোথিত হয়ে যাবে গভীর ও শক্তজমিনে।
অন্ত্যমিল তাঁর কিছু কবিতায় এসেছে স্বতঃস্ফূর্তভাবে, সাবলীল গতিতে। ফলে কবিতায় তৈরি হয়েছে সাংগীতিক আবহ। সমসাময়িক রাজনীতি, প্রেম, ইতিহাসসহ নানা বিষয়ে তার অন্ত্যমিলের কবিতা লক্ষণীয়।
কেন পুড়িয়ে মারছো আমাকে তুমি?
আমি তো সামান্য মানুষ; বেঁচে-বর্তে
আছি কোনোমতে। আজন্ম চেনা ভূমি
কেন আজ লকলকে আগুনের আবর্তে?
(প্রতিপক্ষ)
বলা বাহুল্য যে, কবির চেনা এই জন্মভূমি আগুনের শিখায় জ্বলছে অপরাজনীতির জন্যই। রাজনীতির নোংরামিও উঠে এসেছে দক্ষভাবে; সমসাময়িক বিষয় নিয়ে কবিতা লেখা সহজ নয়, বেশ কঠিন কাজ বলা যায়। মাহবুব আজীজ সহজ পথ ছেড়ে ওই কঠিনের সাধনায় করেছেন তাঁর কবিতায়।
অন্ত্যমিল প্রকাশের অনুষঙ্গ হিসেবে বারবার উপস্থিত হয়েছে প্রেম ও মানবিক বিষয়সমূহ। কবি নির্বিকারভাবে ওই সম্পর্ককে রাঙিয়েছেন, তুলে ধরেছেন প্রেমের বিন্যাস।
যেন ডুবে যাচ্ছি ক্রমশ জলের গভীরে;
সবুজ জল। নিঃসাড় দেহ-পা; শিরা-উপশিরা।
বন্ধ চোখ। সার নেই পা থেকে শিরে–
নির্বান্ধব, সঙ্গীহীন একা; অনেক মানুষের ভিড়ে।
(আধো ঘুম)
কবিতার প্রথম পর্বের প্রথম পঙক্তির সঙ্গে শেষ পঙক্তির সংযোগ, দ্বিতীয় ও তৃতীয় পঙক্তির মিল নিঃসন্দেহে আনন্দদায়ক। অন্ত্যমিলের ফলে কবিতা যেমন গতিশীল হয়, তেমনই তাতে উঠে এসেছে ভালোলাগা অনুভূতি।
এভাবে বুঝি জীবন যায়? অর্ধঘুম অর্ধজাগরণে–
আমার তাই ভাল্লাগে। আধো প্রেম, আধো আলিঙ্গনে।
(আধো ঘুম)
কবিতায় মুখের ভাষাও এসেছে সাবলীলভাবে, বিশেষ করে, 'ভাল্লাগে' শব্দটির ব্যবহার দুর্দান্ত। সব মিলিয়ে অন্ত্যমিলে মাহবুব আজীজ রেখেছেন গভীর প্রজ্ঞা ও মুনশিয়ানার ছাপ।
পাঁচ
কাব্যালোচনার সূচনাপর্বে উল্লেখ করেছিলাম মাহবুব আজীজের সন্ধ্যাপ্রীতির কথা। সন্ধ্যা শুধু তাঁর প্রিয় নয়, বাংলা সাহিত্যের অনেক কবির প্রিয় অনুষঙ্গ এটি। ভারতের পশ্চিম বঙ্গের খ্যাতিমান কবি রণজিৎ দাশ তাঁর বইয়ের নাম দিয়েছেন 'সন্ধ্যার পাগল'। জীবনানন্দ দাশ 'সন্ধ্যার আঁধারে' খোঁজেন নিজেকে, রবীন্দ্রনাথ ঠাকুরও খুঁজে পান নিজের মরমী সত্তাকে। রবীন্দ্রনাথের কাছে সন্ধ্যা তাই শান্তিময়ী। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চারণ করেন:
ক্ষান্ত হও , ধীরে কও কথা । ওরে মন,
নত করো শির । দিবা হল সমাপন,
সন্ধ্যা আসে শান্তিময়ী ।
(সন্ধ্যা, চিত্রা)
কবি মাহবুব আজীজের কাছে এই সন্ধ্যা যেন দর্পনস্বরূপ, যেখানে প্রতিবিম্বিত হয় তাঁর মানসলোক, সেখানে 'নিজের ছায়া দেখে নিজেই' চমকে ওঠেন তিনি। হয়তো এ-জন্যই মাহবুব সন্ধ্যাকে নানারূপে আবিষ্কার করেন।
আকাশের পশ্চিম কোণ
ডিম গলে যাওয়া কুসুমের লালে লাল।
নীলাভ মেঘেরা একে অন্যকে
জাপটে ধরে, ছেড়ে যায়, আবার ধরে।
মহাসুখে। এখন সন্ধ্যা।
(কুসুম লাল আর নীলাভ মেঘ)
অদ্ভুত এই সময়ে 'অচিন ইশারায় আলো নিভে আসে।' তারপর আমরা অন্যতর এক আলোর ভুবনে প্রবেশ করি, চারদিকে ঘন-অন্ধকার হলেও, আমাদের ওই অন্ধকারের সমুদ্রেই ডুবে যেতে হয় হঠাৎ কোনো একদিন। ভিন্নরকম এই অন্ধকারকে মাহবুব আজীজ তাঁর কবিতায় নানাভাবে উপস্থাপন করেছেন। জীবনের নানা স্মৃতি, হারিয়ে যাওয়া মুখ, ছোট ছোট দীর্ঘশ্বাসও তখন হাজির হয়; মানুষ বুঝে নিতে চায় স্মৃতি-বিস্মৃতির রেখাগুলো।
অন্ধকার নেমে আসার আগে–
সেইসব মুখ দীর্ঘশ্বাসের মতো মনে পড়ে!
আহ্! জীবন এত জটিল কেন?
কত ছোট ছোট দীর্ঘশ্বাসে ভরা এই জীবন
ভেঙে যাওয়া এইসব আলো নীল সম্পর্ক
দুহাত বাড়িয়ে ঠিক সন্ধ্যার আগে
কেন সামনে এসে দাঁড়ায়!
বুঝি না। আমি এইসবের কিছুই বুঝি না।
(অন্ধকার নেমে আসার আগে)
কবির সৃষ্ট এই অন্ধকার শুধু সাঁঝের নয়, রাত্রির নয়, বিস্মরণের–এক অকৃত্রিম অনন্ত বিরহেরও। হাহাকারের মতো একটি নিঃশেষ শূন্যতার মধ্য দিয়ে দীর্ঘশ্বাসের মতো মিলিয়ে গেল কবিতাটি, কিন্তু, তাঁর ক্ষীণ শব্দটিও গেঁথে রইল বুকের মধ্যখানে। বোধ হয়, প্রকৃত কবিতা এমনই।
'এই জীবন অন্য রকম হবার কথা আছে।'–
ঠিক সন্ধ্যার আগে
বাতাস ফিসফিস করে এই কথা বলে!
লোভ জাগে আবার;
এই জীবন অন্য রকম হবার কথা আছে!
(অন্ধকার নেমে আসার আগে)
আশ্চর্যময় এই কবিতা বড় জীবনলোলুপ এবং বাস্তবতাময়। কবির এই লোভ শুধু বেঁচে থাকার নয়, জীবনেরও। মাহবুব আজীজ ওই জীবনেরই সাধনা করেছেন, প্রতিপলে জাগিয়ে তুলেছেন জীবন-জিজ্ঞাসার জয়গান 'একটামাত্র জীবন / নিজের যতটা সাধ্য চুমুকে চুমুকে বাঁচো'। কবির জীবনবোধ একই সঙ্গে গভীর আনন্দানুভূতি এবং বেদনাবোধ নিয়ে গড়া, কখনো তা জাগিয়ে দেয় পাঠকের মনে সূক্ষ্ণ ইন্দ্রিয়বোধ; কখনোবা অতীন্দ্রিয় রহস্যমধুর প্রতিমা। কবি যখন উচ্চারণ করেন, 'এই জীবন অন্য রকম হবার কথা আছে!', তখনই টের পাই তাঁর ভেতরের সৃজনীশক্তি, অনুভব করি সীমাহীন কল্পনার। কেননা প্রকৃত কবিমাত্রই জানেন জীবন অমিত সৃজনক্ষমতাময়। কবি মাহববু আজীজ অন্যরকম জীবনেরই সন্ধ্যান পেয়েছেন–অন্তত তাঁর কবিতায়; তাই, ঠিক সন্ধ্যার আগে কাব্যগ্রন্থটি হয়ে উঠেছে ওই প্রগাঢ় জীবনগৌরবে গরীয়ান এক ভরপুর কাব্যদুনিয়া।
