২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যায়ের প্রতিবাদে বলিষ্ঠ হওয়ার ডাক

জুননু রাইন

Published : 09 Apr 2014, 11:41 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

'যারা ডিজিটাল বাংলাদেশের কথা বলেন, তাদের কেউ কেউ যখন মিডিয়া নিয়ন্ত্রণের স্বপ্ন দেখেন তখন খুব দুঃখ হয়। কি বোকার স্বর্গেই না বসবাস তাদের। নিউজ এজেন্সি উইকিলিকসের সাম্প্রতিক রিপোর্ট দেখেও কি দুঃস্বপ্নের ঘোর থেকে তারা বাস্তবে ফিরবেন না?'
উল্লিখিত অংশটুকু 'কিছু ভাবনা কিছু কথা' গ্রন্থের 'কণ্ঠরোধের পশ্চাৎমুখী তোড়জোড়' শিরোনামের নিবন্ধ থেকে নেয়া। লেখক সাইফুল আলমের বইয়ের নামকরণে আছে সারল্য। তবে এই সারল্য গ্রন্থের তাৎপর্য বহনে সারল্যের প্রমাণ না দিয়ে দিচ্ছে পাঠককে আপন করে নেয়ার হাতছানি। হয়ে উঠতে চাচ্ছে সবার কথার বাহন।
ই-মিডিয়া বা সংবাদপত্রে যাপিত জীবনের ঘটনাবলী নিয়ে লেখা দৈনন্দিন সংবাদ, কলামের মধ্যে আমরা যেটুকু সাহিত্যরস পাই তা অনেক ক্ষেত্রে পরের দিনগুলোয় সেই স্বাদ নিয়ে টিকে থাকে না । কিন্তু কিছু তাৎক্ষণিক ঘটা বিষয় নিয়ে লেখা কলাম বা সংবাদ ভাষ্য অনেক ক্ষেত্রে অনেক বছর তার তাৎপর্য বহনে সক্ষম। আধুনিক যুগে মিডিয়ার ইতিহাস মানুষের অগ্রগতির ইতিহাস। বিজ্ঞানের ক্রমাগত উন্নতি নতুন নতুন সৃষ্টিতে সংবাদ মাধ্যমের উৎসাহব্যাঞ্জক সমর্থন পরামর্শ যেমন রয়েছে, ইতিহাস-ঐতিহ্য প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় মানুষকে সচেতন করার দায়িত্বেও মিডিয়ার ভূমিকা উজ্জ্বল। মানুষকে মানবিক করে তোলায়ও রয়েছে তার সমান অবদান। আজকের একুশ শতকে এসে মিডিয়া হয়ে উঠেছে মানুষের বিবেকের দর্পণ। 'কণ্ঠরোধের পাশ্চাৎমুখী তোড়জোড়' শিরোনামের লেখায় লেখক এই বিষয়গুলোকেই বিস্তারিত ব্যাখ্যায় এর অবদান এবং প্রয়োজনীয়তার দিকগুলো তুলে ধরেছেন তার সহজ এবং হালকা কাব্যময় গদ্য ভাষায়। রাষ্ট্রীয় নীতিমালায় সংবাদপত্রের তথ্যপ্রবাহের অধিকারে বিঘ্ন ঘটানোর এই চেষ্টায় লেখক রবীন্দ্রনাথের 'সত্য যে কঠিন/ কঠিনেরে ভালোবাসিলাম' পঙ্তির উদ্ধৃতি দিয়ে হতাশা প্রকাশ করলেও একই সঙ্গে গণমাধ্যমকে যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণ্য করা হয় মনে করিয়ে কর্তাদের দেখিয়েছেন এই অপচেষ্টার ব্যর্থতার ইতিহাসও। বলেছেন, ব্রিটিশ পাকিস্তান শাষণ-শোষণের বিরুদ্ধে লড়াই করে আজ আমরা যে মুক্তির আলোয় দেশের মানুষকে নিয়ে শান্তি ও কল্যাণের দিকে ধাবিত হবো, সেখানে বাধা দেয়ার চেষ্টা পুরনো অন্ধ ভুতুড়ে সেকেলে অপসংস্কৃতির ধোঁয়ায় আচ্ছন্ন করে রাখার মতোই।

'কণ্ঠরোধের পাশ্চাৎমুখী তোড়জোড়' শিরোনামের লেখায় যুক্তি এবং দলিল-দস্তাবেজ নিয়ে নীতিনির্ধারকের গতিরোধ করবার মতো দৃঢ় মানবিক শক্তির সঞ্চার দেখতে পেলেও অন্যত্র এই লেখককে ক্লান্তির স্রোতহীন নদীর মতো বয়ে চলা আর অপরাধের আঘাতে কুয়াশায় হারিয়ে অসহায় পথহীন পথিকের মতোই নিজেকে খুঁজতে দেখা যায়। সেখানে অপরাধীকে চিহ্নিত করতে গিয়ে তার অভিমান যেন নিজেকেই অপরাধের ভারে আক্রান্ত করে ফেলে। যেটা দেখতে পাই লেখকের 'আর কত গণখুন!' শিরোনামের লেখায়। তিনি লিখেছেন, 'সিঙ্গেল কলাম, ডাবল কলাম, থ্রিসি, ফোরসি, বক্স নিউজ, স্কুপ নিউজ, লিড, সেকেন্ড লিড– এসব পেশাগত শব্দের দাঁড়িপাল্লায় আমরা সব ঘটনা-দুর্ঘটনাকে মাপি। প্রায়ই এমন ঘটনা ঘটে, যা এসব শব্দবন্ধ ছাপিয়ে যায়। আমাদের মোটা চামড়ার সহনশীলতাকে অতিক্রম করে যাওয়া যেসব ব্যতিক্রমী দুর্ঘটনা আমাদের নির্বাক করে দেয়। এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর গতকালের পত্রিকায় ছাপা হয়েছে।'

লেখক সাইফুল আলম দীর্ঘদিন মিডিয়ার সঙ্গে যুক্ত। পালন করেছেন একাধিক জাতীয় প্রধান দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমানে প্রথম শ্রেণীর একটি অন্যতম প্রধান জাতীয় দৈনিকের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে থাকা এই লেখকের দৈনন্দিন কাজের শব্দবন্ধের মাধ্যমে তার বিবেকের অস্বস্তির কথাই বুঝতে পারি। একই প্রবন্ধে অন্যত্র তিনি লিখেছেন–
'যখন কিছু মানুষ অনেক মানুষকে নির্বিচারে হত্যা করে, ধর্মের নামে, বর্ণের নামে অন্য দেশ ও তার সম্পদ লুণ্ঠনের জন্য তখন আমরা তাকে গণহত্যা বলি। আর যখন অনেক মানুষ মিলে একজন মানুষকে হত্যা করে তখন তাকে কি বলব, গণখুন? সংবাদপত্রের ভাষায় আমরা বলি গণপিটুনিতে নিহত! কিন্তু গতকালের সংবাদটিকে তা বলা দুঃসহ। বরং বলা উচিত গণখুনিদের হাতে গণখুন সংঘটিত!'

১২ সেপ্টেম্বর ২০১২ সালের একটি মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে লেখা এ নিবন্ধটির মূল বিষয়টি কেবলমাত্র একটি মর্মান্তিক হত্যাকাণ্ডে সীমাবদ্ধ থাকেনি। লেখাটিতে সামগ্রিক খুনি অপসংস্কৃতির ঘৃণ্যতার বিশ্লেষণ যেমন হয়েছে, তেমনি দেখা গেছে প্রত্যেক মানুষের মধ্যে বাস করা খুনিটাকেও। নিবন্ধটিতে লেখক দেখিয়েছেন বাচ্চা চুরির সন্দেহে জনবহুল রাস্তায় ফেলে নিরীহ একজন অসহায় নারীকে বহু মানুষ দ্বারা হত্যার উৎসব। যে কোনো মৃত্যুই অনাকাঙ্ক্ষিত, সে যত বড় অপরাধীই হোক। কেননা জীবন ফেরত পাওয়া সম্ভব নয়, কেউ দিতে পারে না। আইনের দৃষ্টিতে যখন কারও মৃত্যুদণ্ড হয় তখন তা শুধু ওই অপরাধীকে প্রাণনাশের জন্য কার্যকর করা হয় না, করা হয় একটা আইন মান্য করা, দৃষ্টান্ত তৈরি করা অন্যদের কাছে এবং অন্যদের সতর্ক করা এই বলে যে অন্যায় কর না, পার পাওয়া যাবে না।

লেখকের গভীর পর্যবেক্ষণ-শক্তির প্রকাশ পাওয়া যায় 'আর কত গণখুন' শিরোনামের এই লেখার বিশ্লেষণে তুলে আনা বিষয়টি যখন মানুষের বিবেকে কুঠারাঘাত করতে সক্ষম হয়। একই সঙ্গে মানুষের এই রুঢ় হয়ে ওঠার পেছনের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সীমাবদ্ধতার একটা আভাস দিতে সক্ষম হন যা অপরাধ অথবা অপরাধীকে বিন্দুমাত্র সমর্থন না করেও সমাজ রাষ্ট্রের প্রতিবন্ধকতার কথা জানান দিতে সক্ষম। একজন সার্থক লেখক তার লেখনীতে যা বলতে চান তিনি তার অজান্তে তারও বেশি বলেন, বলতে পারেন অন্য আরও অনেক কিছু। এই লেখায় সাইফুল আলম তেমনটিই করতে সক্ষম হয়েছেন।

'অদ্ভুত আঁধার এক : রক্তজরা অশ্রুভাঙা ভাষা' শিরোনামের বিবেককে নাড়া দেয়ার মতো আরেকটি লেখায় দেখতে পাই অবরোধের দিন কর্মস্থলে যাওয়ার পথে বিএনপি অফিসের সামনে থেকে হোটেল ম্যানেজার রিপন খন্দকারকে সন্দেহবশত গ্রেফতার করে ৫৪ ধারায় চালান দেয়া হয়। ঘটনা জানতে পেরে তাকে দেখতে তার স্ত্রী তাদের পুত্র এবং কন্যাসন্তান নিয়ে কারাগারের উদ্দেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। এ খবর জানতে পেরে রিপন খন্দকার অনুরোধ করেছিল স্ত্রীকে শেষবারের মতো দেখতে সুযোগ দেয়ার জন্য। তার সেই অনুরোধ কেউ শোনেনি। লেখকের ভাষায়– 'কোনো কারণ বা অপরাধ সংঘটনের প্রয়োজন নেই। শুধু সন্দেহ, শুধু ইচ্ছা, রাগ কিংবা বিরাগের বশবর্তী হয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে একজন ক্ষমতাপ্রাপ্ত মানুষ অন্য একজনের অধিকার হরণ করতে পারেন এ আইনটিকে ব্যবহার করে'। রিপন খন্দকারের বেলায়ও ব্যবহার করা হয়েছে এই আইন।

এই আইন এবং আইন প্রয়োগকারীর কাছে লেখকের প্রশ্ন– 'স্ত্রীর জানাজায় যোগ দিতে পারেননি স্বামী রিপন। কারণ তিনি এমনই ভয়ংকর অপরাধী(?) যে, তাকে প্যারোলেও মুক্তি দেয়া যায়নি। প্রশ্ন রিপনের অপরাধ কি মানবতাবিরোধী কর্মকাণ্ডে বিচারাধীন আসামিদের চেয়েও বেশি? রিপনের অপরাধ কি দেশদ্রোহিতার চেয়েও গুরুতর?

লেখকের এই প্রশ্ন আইন এবং আইন প্রয়োগকারীর প্রতি হলেও এর অন্তর্গত ডাক মানুষের বিবেককে জাগানোর কাজটাই বেশি করেছে। সাইফুল আলমের এই বইয়ের প্রায় প্রত্যেকটি লেখায়ই এই গুণের উপস্থিতি রয়েছে।

রাষ্ট্র, রাষ্ট্রনীতি, দেশাত্মবোধ, মানবিকতা এবং অন্যায়ের প্রতিবাদে বলিষ্ঠ হওয়ার সাহসে সমৃদ্ধ হয়ে ওঠার মতো এই গ্রন্থের সবকটি নিবন্ধ। গ্রন্থের নাম 'কিছু ভাবনা কিছু কথা' হলেও লেখাটির বিষয়বৈচিত্র্য এবং সময়োপযোগিতা অনেক ভাবনা অনেক কথার আধার করে তুলেছে বইটিকে।

কিছু ভাবনা কিছু কথা
লেখক : সাইফুল আলম
প্রচ্ছদ : রাজীব রায়
প্রকাশক : জাগৃতি প্রকাশনী
পৃঃ ৮০; মূল্য : ১৫০ টাকা।