২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল মান্নান সৈয়দ : একটি অন্তরঙ্গ পাঠ

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 06 Sep 2012, 02:50 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

একজন নিমগ্ন কবি। অসাধারণ ছোটগল্পকার। অগ্রবর্তী প্রবন্ধকার। কাব্যনাট্য, গদ্যনাট্য, উপন্যাসের বিচিত্র জগতেও তাঁর বিচরণ অসাধারণ দক্ষতার সঙ্গে। এমন একজন বহুচারী লেখকের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা একটু কঠিনই বটে। কারণ এমন লেখকের সৃষ্টিভাণ্ডার থাকে বিপুল, সৃষ্টির বিচিত্র কোণে তিনি আলো ফেলেন। আবদুল মান্নান সৈয়দকে নিয়ে এ অনায়াসে কথা বলা যায়।

ষাটের দশক থেকে আধুনিকবাদী কবিতা চর্চার জোয়ার শুরু হয়েছিল। তখন থেকেই আমাদের কাব্যজগতের অন্যতম শীর্ষস্থানটি দখল করেছিলেন আবদুল মান্নান সৈয়দ। বাংলা সাহিত্যের একজন অগ্রগণ্য কবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পাশাপাশি প্রবন্ধ রচনায়, বিশেষত বাংলা সাহিত্যের কয়েকজন দিকপালের সাহিত্যকর্মের মূল্যায়নের ক্ষেত্রে তিনি বিশেষ একটি স্থান পেয়েছেন। লিখেছেন প্রচুর ছোটগল্প, নাটক, উপন্যাস, সমালোচনা-সাহিত্য। ছিলেন একাধিক সাহিত্য-কাগজের সম্পাদক। অনেক বইও সম্পাদনা করেছেন তিনি।


মান্নান সৈয়দের সামগ্রিক সাহিত্যকর্মের মূল্যায়ন- অন্য কথায়, সাহিত্যের প্রতি তাঁর নিমগ্নতাকে তুলে ধরেছেন ক'জন? অবশ্যই খুব বেশি নয়। তবে তেমন একটি প্রয়াস চালিয়েছেন শিশুসাহিত্যিক, প্রাবন্ধিক-সমালোচক আহমাদ মাযহার — প্রয়াত এই সাহিত্যিকের বহুচারিতার বিষয়টি তুলে ধরেছেন তাঁর আবদুল মান্নান সৈয়দ সর্বসত্তানিমগ্ন সাহিত্যিক বইটিতে। মনোযোগী পাঠক মাযহারের বর্ণনার মধ্যেই আবদুল মান্নান সৈয়দের সৃজনশীলতার একটি বিবরণ পাবেন। সেই সঙ্গে মান্নান-মাযহার দুই অগ্রজ-অনুজ সাহিত্যিকের তিন দশকের বর্ণিল বন্ধুত্বের ছবিটিও পাঠকের চোখে স্পষ্ট হবে।

আবদুল মান্নান সৈয়দের সাহিত্যকর্মের সামগ্র্যকে তুলে ধরা যে কারও পক্ষেই সম্ভব নয়। আহমাদ মাযহারের সঙ্গে কবির পরিচয় ত্রিশ বছরের। পাশাপাশি মান্নানের সাহিত্যের একজন অন্তরঙ্গ পাঠক তিনি। তাই অগ্রজ সাহিত্যিককে মূল্যায়নের চেষ্টা তাঁর পক্ষেই করা সম্ভব। আলোচ্য বইটি তেমনই একটি প্রয়াস। অগ্রজ লেখকের সাহিত্যকর্ম সম্পর্কে মাযহার লিখেছেন- ''সাহিত্যের প্রতিই ছিল আবদুল মান্নান সৈয়দের যত নিমগ্নতা।….. ছিলেন এক গভীর আবেগসম্পন্ন্ মানুষ। গল্প কবিতা উপন্যাস যা-লিখেছেন সব যেন সম্ভব হয়েছে অপরিসীম আবেগের তাড়নায়।…..তাঁর লেখা বাজারচলতি ছিল না কখনওই। ছিল খনির গভীর থেকে তুলে আনা অমূল্য হিরে।''

বইটি কয়েকটি ভাগে বিভক্ত। পূর্বকথা, শোকোলেখন, স্মৃতিকথা, মূল্যায়ন, সাক্ষাৎকার এবং পরিশিষ্ট। 'পূর্বকথা'য় লেখক বর্ণনা করেছেন যৌবনের শুরু থেকে মান্নান সৈয়দের লেখালেখির সঙ্গে তাঁর নিবিড় পরিচিতির কথা। সেই সঙ্গে বইয়ের প্রবন্ধগুলোর ছোটখাট পরিচিতি। 'শোকোলেখন' ও 'স্মৃতিকথা'য় রয়েছে বিভিন্ন জাতীয় দৈনিক-সাপ্তাহিক-জার্নাল ও অনলাইন সংবাদপত্রে নানা সময়ে প্রকাশিত মান্নান সৈয়দকে নিয়ে মাযহারের লেখাগুলো। সে সব লেখালেখি এই বইয়ের একটি সমৃদ্ধ অংশ। প্রতিটি লেখাতেই রয়েছে অগ্রজ সাহিত্যিকের সামগ্রিক কর্মের, তাঁর বিচিত্র ভাবনার গভীর মূল্যায়ন। তাঁর সঙ্গে নানা সম্পর্কের বাঁধনে জড়িয়ে পড়ার কথা।

তবে অগ্রজ সাহিত্যিকের কবিতার প্রতি মাযহারের নিমগ্নতা সবচেয়ে বেশি। তিনি পাঁড় নেশাগ্রস্তের মতোই মান্নান সৈয়দের কবিতার রস আস্বাদন করেন। এক জায়গায় তিনি লিখেছেন, ''সেই কৈশোরোত্তীর্ণ কাল থেকে আবদুল মান্নান সৈয়দের সৃষ্টিকর্ম আস্বাদ করে আসছি। আজ পেছন ফিরে তাকিয়ে দেখছি তিনি আমার কাছে ছিলেন বিস্ময়ের আধার, তাঁর কবিতা এমন এক বিস্ময়ের সামগ্রী যার স্মৃতি অবিরাম তাড়া করে ফেরে।'' বইয়ের 'মূল্যায়ন' নামের অংশে বিস্তৃত বর্ণনা রয়েছে অগ্রজ সাহিত্যিকের কিছু বিখ্যাত কাব্যগ্রন্থের। গত শতকের আশির দশকে লেখা মান্নান সৈয়দের কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড নামের কাব্যগ্রন্থের মুদ্রণ-সৌকর্যের নতুনত্বের বিবরণ যেমন আছে, তেমনই রয়েছে মান্নানের কাব্যপ্রতিভার বিশিষ্টতার পরিচিতি।

পরের পরিচ্ছদ 'মান্নানের মাছগুলি খেলা করে প্রবল উচ্ছ্বাসে…….।' উপজীব্য মান্নান সৈয়দের লেখা মাছ সিরিজ নামের কাব্যগ্রন্থ। এই পরিচ্ছদে অগ্রজের কবিতার পরাবাস্তবতার দিকে ঝোঁক নিয়ে বলেছেন মাযহার। তাঁর বোধে কীভাবে নাড়া দিয়েছে মান্নানের মাছগুলো– সে ঘটনা বর্ণনার ভাষাটি চমৎকার — ''আবদুল মান্নান সৈয়দের মাছ সিরিজ-এর কবিতাগুলো আবার পড়তে গিয়ে অনুভব করলাম আমার মনের এ্যাকুরিয়াম জুড়ে তার 'লাল-নীল মাছগুলি কলরোল করে' কিংবা 'ঝর্না থেকে নেমে এসে সাঁৎরে চলে বিভিন্ন নদীতে' অথবা 'মাছগুলি খেলা করে প্রবল উচ্ছ্বাসে।' ''

বাংলাদেশের সাহিত্যে বহুচারী লেখক মান্নান সৈয়দের অবদানকে কীভাবে মূল্যায়ন করা যেতে পারে? 'প্রবন্ধের বিস্তীর্ণ জগৎ' পরিচ্ছদে মাযহার মন্তব্য করেছেন- ''লেখকজীবনের শুরু থেকেই তিনি কবিতা-গল্প-উপন্যাসিকা-প্রবন্ধ-সমালোচনা লিখে এসেছেন।….. কিন্তু সবকিছু বিবেচনা করে রচনার প্রাচুর্য এবং বৈচিত্র্য যদি গুরুত্ব পাবার অধিকারী হয় তাহলে তাঁকে হয়তো প্রধানত প্রবন্ধকারই বলতে হবে। কারণ বৈচিত্র্যে ও বৈশিষ্ট্যে, রচনা সংখ্যায় ও গুণগত মানে প্রাবন্ধিক হিসেবেই তিনি বহুপ্রজতর; বাংলাদেশের সাহিত্যেই কেবল নয়, সমগ্র বাংলাভাষার সাহিত্যেই প্রবন্ধ রচনায় অনুপেক্ষণীয় কৃতি রয়েছে তাঁর।'' অগ্রজের সাতিহ্য-সাধনাকে এভাবেই দেখতে চাচ্ছেন অনুজ লেখক।

পাশাপাশি জানাচ্ছেন, তাঁর অগ্রজ কবির লেখা প্রবন্ধগুলোতে বাংলাসাহিত্যের দিকপাল লেখকদের সাহিত্যচর্চার মূল্যায়ন রয়েছে ব্যাপকভাবে। রবীন্দ্রনাথ-নজরুল-জীবনানন্দ-ফররুখ-মোহিতলাল-রোকেয়া, এমন অনেক লেখকের সৃষ্টি নিয়ে ভিন্নপাঠের সূচনা করেছেন মান্নান সৈয়দ। ২০০১ সালে রবীন্দ্রনাথ নামের বইতে বিশ্বকবির সৃষ্টির সমগ্রতাকে তুলে ধরেছেন তিনি। আর জীবনানন্দ? একসময় জীবনানন্দের দুষ্প্রাপ্য লেখালেখিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছিলেন মান্নান সৈয়দ। এ জন্যই ১৯৭২ সালে লিখলেন শুদ্ধতম কবি । তাই কবিতার বাইরে মান্নান সৈয়দের বড় পরিচিতি জীবনানন্দ-চর্চার জন্য। যেন জীবনানন্দ চর্চা আর মান্নান সৈয়দ সমার্থক শব্দ। মাযহার যার বর্ণনা দিচ্ছেন এভাবে, ''জীবনানন্দ-চর্চা হল তাঁর জীবনেরও আনন্দ।''

বইয়ের একাধিক পরিচ্ছদে অগ্রজ সাহিত্যিকের লেখালেখিতে পরাবাস্তবতার দিকে ঝোঁক নেয়াকে তুলে ধরেছেন মাযহার। জীবনানন্দ ছিলেন পরাবাস্তবতার কবি। মান্নান সৈয়দও তাই। জীবনানন্দ-চর্চা যেমন এই সাহিত্যিকের সাহিত্যকর্মের বড় একটি অংশ তেমন জীবনানন্দের পর বাংলা সাহিত্যে পরাবাস্তবতার পৃথিবীটাকে সমৃদ্ধ করেছেন তিনিই। মাযহারের ভাষায়, ''জীবনানন্দ দাশের সূত্রে পরাবাস্তবতা বাংলা কবিতার অনুষঙ্গী হয়ে উঠলেও বাংলাদেশের কবিতায় পরাবাস্তবতা ও আবদুল মান্নান সৈয়দ ছিলেন প্রায় সমঅর্থী; কারণ কবিতায় স্বতন্ত্র ও সম্পন্ন এক পরাবাস্তব জগৎ তিনি নির্মাণ করেছিলেন।'' কবিতায় শুধু নয়, মান্নান সৈয়দের গদ্যে দেখা যায় এই পরাবাস্তবতার ছাপ যা তাঁর গদ্যকে বিশিষ্টতা দান করেছে। মাযহার সে কথা তুলে ধরেছেন এভাবে ''তাঁর ছোটগল্পে প্রাপ্তব্য হয় পরাবাস্তব-চিত্রকলা অনুষঙ্গী কবিতাপরিচর্যিত ও উপমাবহুল গদ্যভাষা, চলচ্চিত্রিক দৃশ্যকল্পিত ঘটনাসংগঠন-যা সমগ্র বাংলাসাহিত্যেই অনভিজ্ঞতাপূর্ব।''

বইটির অন্যতম চিত্তাকর্ষক দিক হল চ্যানেল আই-তে প্রচারিত মান্নান সৈয়দের সাক্ষাৎকার। ২০০৯ সালের ২৮ এপ্রিল 'বই এবং বই' নামের একটি সাহিত্য-বিষয়ক অনুষ্ঠানে মান্নান সৈয়দের একটি সাক্ষাৎকার নেন মাযহার। সে অনুষ্ঠানে অগ্রজের লেখা ব্যতিক্রমধর্মী বই ডায়েরি ১৯৭৮-২০০৮ প্রসঙ্গে আলাপচারিতা করেন। আলোচ্য বইয়ে অত্যন্ত সমৃদ্ধ এই আলাপচারিতাটি তুলে দেওয়া হয়েছে। সেখানেও চেনা যায় মান্নান সৈয়দকে। জানা যায় তাঁর বই লেখালেখি, দিনলিপি রক্ষাসহ শিল্প ও সাহিত্যের নানা দিক নিয়ে তাঁর ভাবনার কথা। সেখানে বলেছেন ব্যক্তিজীবনের অজানা কথাও।

অগ্রজ সাহিত্যিককে নিয়ে লেখা মাযহারের একটি কবিতা বইয়ের আকর্ষণ বাড়িয়েছে। কারণ এটি রচনার পেছনে একটি গল্প রয়েছে। ১৯৮৬ সালে মান্নান সৈয়দ সম্পাদিত একটি সাহিত্য সাময়িকীতে একটি চিঠি প্রকাশের বিষয়কে কেন্দ্র করে মান্নান সৈয়দের সঙ্গে মাযহারের দ্বন্দ্ব তৈরি হয়। এরপর থেকে বেশ ক'দিন মাযহার তাঁর ডায়েরিতে অগ্রজ কবির ক্ষুদ্রতা-দুর্বলতা ইত্যাদি সম্পর্কে তাঁর ভাবনার কথা তুলে ধরেন। সেই দিনলিপির কয়েকটি পাতার এখানে সংযুক্তি পাঠকদের কৌতূহলী করতে পারে। একজন বড় সাহিত্যিকের মানবীয় দুর্বলতা, অথবা যদি বলি স্বাভাবিকতা- সেটাও স্পষ্ট হয়। একই সময়ে মাযহার কবিকে নিয়ে একটি কবিতাও লিখে ফেলেন। নাম দেন, 'কোনও এক আত্মপ্রেমিকের প্রতি।' কবিতাটি পরে মাযহারের প্রথম কবিতার বইতে অন্তর্ভুক্ত হয়েছিল যেটির ফ্ল্যাপ লিখে দিযেছিলেন স্বয়ং মান্নান সৈয়দ। তখন মাযহারকে তিনি বলেছিলেন, 'এটিই এই বইয়ের সেরা কবিতা।' দুই লেখকের এই টক-ঝাল-মিষ্টি সম্পর্কটিও বেশ হৃদয়গ্রাহী। বইতে সেই কবিতাটিও এসেছে প্রসঙ্গক্রমেই। রয়েছে সেই চিঠিটিও, দুজনের দ্বন্দ্বের সূত্রপাত যেটি নিয়ে।

বইটির একটি দুর্বলতা সম্ভবত মান্নান সৈয়দের ছোটগল্প, উপন্যাস, কাব্যনাট্য ও গদ্যনাট্য সম্পর্কে ব্যাপক আলোচনার অনুপস্থিতি। তাঁর কবিতা ও প্রবন্ধ নিয়ে আলাদা আলাদা পরিচ্ছদে যেভাবে নানামুখী বিশ্লেষণ রয়েছে, তেমনটা তাঁর সাহিত্যচর্চার প্রথমোক্ত ধারাগুলো নিয়ে নেই। এই অনুপস্থিতি কিন্তু সতৃষ্ণ পাঠককে অতৃপ্ত করবে। একটি মান্নান-সমগ্র রচনার কৃতিত্ব তাই লেখক দাবি করতে পারেন না। সুখের বিষয়, 'পূর্বকথা'য় লেখক মাযহার নিজেও বইয়ের এই দুর্বলতার কথা স্বীকার করেছেন। লেখক আশা করছেন, সংকলনের এই সীমাবদ্ধতা আগামীতে কাটিয়ে উঠবেন।

আবদুল মান্নান সৈয়দের সমগ্রতাকে খুব স্বল্প পরিসরে তুলে ধরা সহজ কাজ নয়। আহমাদ মাযহার সে সত্যটি জানেন। তবে বহুচারী লেখককে ব্যক্তিমানুষ হিসেবে তুলে ধরার পাশাপাশি তাঁর সৃষ্টির ভাণ্ডারে একটু উঁকি দেওয়ার দুরূহ কাজটি করতে পেরেছেন তিনি– সেটিই-বা কম কিসে?

আবদুল মান্নান সৈয়দ সর্বসত্তানিমগ্ন সাহিত্যিক

লেখক : আহমাদ মাযহার
প্রকাশক : পাঠক সমাবেশ
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১২
মূল্য : ২৮৫ টাকা