২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড়ো বেদনার মতো বেজেছ: যে বাণী সুর তোলে বিষণ্ণ বেহালায়

লিপি নাসরিন

Published : 14 Aug 2021, 01:46 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


তাঁর বই নিয়ে লিখতে বসে কেবলই আমার শঙ্কা হয় পাছে কী লিখতে কী লিখি। বোদলেয়ারের কথা ধার করে বলতে হয় 'সে আমার উজ্জ্বল উদ্ধার'- যদি সে ঔজ্জ্বল্য বিন্দুমাত্রও ম্লান হয়ে যায় কোন অযাচিত শব্দের পালক স্পর্শে তাই নিজের গভীরে ডুব দিয়ে নিজেকে আশ্বস্ত করি প্রাবন্ধিক, অনুবাদক, সমাজ নিরীক্ষক ও বিশ্লেষক ড. আবেদীন কাদেরের প্রবন্ধ সংকলন 'বড়ো বেদনার মতো বেজেছ' নিয়ে লিখতে বসে। লেখক আমাদের শুরুতেই জানিয়ে রেখেছেন এই বইয়ের প্রবন্ধগুলো প্রায় চার দশক ধরে ছাপা হয়েছিল সংবাদ সাময়িকী এবং কালি ও কলমে। প্রবাসী এই লেখকের ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও কিছু লেখাও ঠাঁই পেয়েছে এই বইটিতে। মোট সতেরটি প্রবন্ধের বেশিরভাগই জগৎখ্যাত ব্যক্তিত্বদের কাজ ও দর্শনচিন্তাকে ঘিরে। সেখানে ওঁর প্রিয় কবি ডোম মোরেস থেকে নোবেল লরিয়েট অমর্ত্য সেন যেমন আছেন তেমনি আছেন মাদাম দ্যু দিফি নামের এক সম্ভ্রান্ত ফরাসি নারীর অন্তর্গত হাহাকারের আর্তি; তেমনি দূর প্রবাসে- এক কথায় নির্বাসিত লেখকদের দূরে থাকার বেদনা থেকে একাকী নিঃসঙ্গ জীবনে থাকতে না পারার রক্তক্ষরণ। আইজিয়া বার্লিনের মতো দার্শনিকের লেখার নান্দনিকতা যেমন বর্ণিত হয়েছে তেমনি ওঁর একজন প্রিয় অধ্যাপক,লেখক অ্যাসিমানের সাথে নাটকীয় পরিচয়, হৃদ্যতা ও তাঁর বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনাও স্থান পেয়েছে। এই বইটিতে পাঠকের বাড়তি আনন্দ হিশেবে ডোম মোরেসের কয়েকটি কবিতার অনুবাদ রয়েছে, আমরা যারা ডোম মোরেসের কবিতার পাঠক নই তাদের তৃষ্ণা বাড়বে সেসব পাঠে। গ্রিক কবি নিকোস অ্যালেক্সিওর একটি কবিতার অনুবাদসহ কবিতা নিয়ে আলোচনা। লেখকের কবি সিজার ভ্যায়াহো এবং আইজিয়া বার্লিনকে নিয়ে লেখা 'বেদনার ঘূর্ণাবর্তে সৃষ্টির সংরাগ' ও ' অনন্ত জ্যোৎস্নায় ধূলিদীর্ণ পাণ্ডুলিপি ' পড়তে গিয়ে এক অদ্ভুত আবেগতাড়িত যেমন হতে হয়, তেমনই ' তোমার স্মৃতিও জানি সেইমতো হারাবে ধূলায়'- ওঁর প্রিয় অধ্যাপককে নিয়ে লেখা যা পূর্বে উল্লেখ করেছি, পড়তে গিয়ে বুকের মধ্যে সুখ আর দুঃখের মিলিত ঘূর্ণি ওঠে। তার একমাত্র কারণ আমি ভেবেছি পরে, সেটি ড. আবেদীন কাদেরের প্রাণছোঁয়া ভাষার অবিরাম ছন্দায়ন। তাঁর লেখাতে ব্যক্তিক আবেগময়তার সাথে চিত্রিত হয়েছে সামাজিক দর্শনের এক অপূর্ব মেলবন্ধন যে কারণে প্রতিটি প্রবন্ধ আঙ্গিকের এবং প্রকরণের অনবদ্য সম্ভার যা খুব কম লেখার মধ্যে দেখা যায়। সাধারণত পাশ্চাত্য প্রায় সর্ববিশারদ মনীষীদের লেখাতে এই ভিন্নধর্মী ভূগোলের মানচিত্র ভেসে ওঠে। প্রাচ্যের অনেক নাম করা লেখকদের মতো এটি সম্ভব হয়েছে ওঁর প্রাচ্য এবং পাশ্চত্য শিক্ষা ও সংস্কৃতির দুটি রূপই মনোযোগের সাথে আত্মস্থ করার জন্য। এই যে উপলব্ধি তা তাঁর লেখাকে দিয়েছে এক ভিন্নতর দীপ্তি। 'দূরে থাকার বেদনা দূরে থাকতে না পারার রক্তক্ষরণ' প্রবন্ধে যেমন শেকড় উপড়ানো লেখকের ক্ষরণ নিয়ে লিখতে গিয়ে বিখ্যাত লেখক, প্রাবন্ধিক ও গবেষকদের অন্তঃক্ষরণ, ভিন্ন ভূমিতে নিজেদের পুনরায় স্থাপন, সেসব দেশের ভাষা নিখুঁতভাবে আয়ত্তে এনে কালজয়ী সৃষ্টিকর্মের পরিস্ফুরণ কিভাবে তাঁরা ঘটিয়েছিলেন এমনকি নেটিভদের চেয়েও অত্যন্ত দক্ষতার সাথে সে সবের শিল্পঘন বর্ণনা রয়েছে। লেখকের ভাষায় -' এঁদের মধ্যে ইভা হফম্যান থেকে ভারতী মুখার্জি পর্যন্ত প্রায় সকলেই, নিজেদের আনন্দের বাইরে, ইচ্ছের বাইরে, নিজের ভেতরেই এই ভাষা থেকে একটা দূরত্ব সৃষ্টি করে নিয়েছেন। যদিও মনে করা যেতে পারে তাঁদের সৃষ্টি সেই 'দূরত্বের' মাঝেই নির্বাসিত আত্মার বিরামহীন ঘূর্ণন।'
অন্যখানে তিনি লিখছেন ' প্রতিটি অসাধারণ বাক্য লিখে ফেলেই নির্বাসিত লেখক ভাবেন তিনি হয়তো এটা নিরাপত্তাহীনতার কারণে, 'নিরাপত্তার' জন্য লিখতে সমর্থ হয়েছেন, হয়তো তিনি এর ফলে এটা ভেবে আনন্দ লাভ করে থাকেন যে, পাঠক তাঁকে এ ভাষারই একজন ভাবছেন। …এর ফলে এটাও বোঝা যায় যে, নির্বাসন তাঁদের যেমন ভঙ্গুর করেছে, তেমনি চতুরও করেছে'।

মরীচিকায় শৃঙ্খলিত নিয়তি- এই প্রবন্ধে সিটি বিশ্ববিদ্যালয়ে নোবেল লরিয়েট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটি সেমিনারে ভাষণ শোনার অভিজ্ঞতা লিখেছেন। অধ্যাপক সেনের 'আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স' গ্রন্থের মনস্তাত্ত্বিক আলোচনায় ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, খাদ্যাভাস, চিরাচরিত ধর্মীয় পরিচিতি ও তার স্বরূপ ফুটিয়ে তুলেছেন এক ক্ষুরধার বিশ্লেষণাত্বক কিন্তু নরম কোমল বয়ানে।

'বেশ ক-বছর আগে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়া বেশ স্বৈরাচারী ও সবজান্তার ভঙ্গিতে দাবী করেছিলেন যে, উদারনীতি বা লিবারেলিজম 'পশ্চিমা মূল্যবোধ'এবং সেটা এশিয়া বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষের চিন্তায় সৃষ্টি হয়নি। তখন অধ্যাপক সেন বিষয়টির সমালোচনা করে ইতিহাস ও সাহিত্য থেকে উদহারণ দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে, বিষয়টি ভারতে বা ঐ এলাকার জনগোষ্ঠীর মধ্যে, তাদের চিন্তা ও সমাজচেতনায় বহু শতাব্দী আগে থেকেই বিরাজ করছিল। উদহারণস্বরূপ তিনি উল্লেখ করেছেন যে, স্পেনীয়রা যখন ধর্মীয় ভিন্নমতালম্বীদের হত্যা করছিল, তখন সম্রাট আকবর ভারতে তাঁর প্রজাদের মধ্যে যারা ভিন্নধর্মে বিশ্বাসী, তাদের শান্তিতে ধর্ম পালনের জন্য আইন করেছিলেন'। ( প্রবন্ধ থেকে উদ্ধৃত)
এই রকম সমাজ, ধর্ম, ইতিহাস বিশেষ করে কলোনিয়াল যুগে ভারতবর্ষের অনেক চিত্র এই প্রবন্ধে অঙ্কিত হয়েছে।
এই প্রবন্ধের শেষের অংশটুকু বেদনাবিদ্ধ।
ড. আবেদীন কাদের লিখছেন তিনি নীরবে বেরিয়ে এলেন ,বাইরে তখন বৃষ্টি। বৃষ্টির পতন কুয়াশার মতো। অজানা বিষাদে ভরা ওঁর হৃদয়ে ভর করলো সুধীন দত্তের কবিতা। এই বিরূপ বিশ্বে প্রতিটি মানুষই নিয়ত একাকী নিজের কাছেই যেন অচেনা। মন কেমন করে ওঠে। ওঁর বিষণ্ণতা পাঠককেও ছুঁয়ে যায় কুয়াশা কুহক বৃষ্টির মতো।

এলফ্রিডে ইয়েলিনেক (জার্মান ভাষায়: Elfriede Jelinek) (জন্ম: ২০শে অক্টোবর, ১৯৪৬) প্রখ্যাত অস্ট্রীয় নাট্যকার ও ঔপন্যাসিক। তিনি ২০০৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হচ্ছে ডি ক্লাভিরস্পিলারিন, আন্তর্জাতিক পরিমণ্ডলে যা 'দ্য পিয়ানো টিচার' নামে পরিচিত। এই উপন্যাস থেকে ২০০১ সালে মিখায়েল হানেকে ফরাসি ভাষায় একটি সিনেমা নির্মাণ করেছেন। দ্যা পিয়ানো টিচার উপন্যাসের অনবদ্য এক আলোচনা তুলে এনেছেন 'নিঃসঙ্গতা, অবদমন ও ধ্রুপদি সোনাটা' প্রবন্ধে।

লেখকের বর্ণনায় এক লহমায় উপন্যাসের বিষয়বস্তু সম্পর্কে একটা সার্বিক চিত্র পাওয়া যায়। এরিকা কোহুট এবং তার বিধবা মায়ের দৈনন্দিন আচরণ বা ঠোকাঠুকির মধ্যে মানুষের মনস্তাত্ত্বিক যে অসহায়ত্ব এবং সামাজিক নিরাপত্তার নিরঙ্কুশ আকাঙ্ক্ষা সেটি লেখকের পাঠ বিশ্লষণের বর্ণময়তায় যে কোন পাঠক জীবনের বাস্তবতার নিরিখে ভিন্নভাবে ভাবতে শিখবে।
প্রবন্ধের মাঝে মাঝে কিছু লাইনের ভিতর দিয়ে গেলে দেখা যায় মা ও প্রাপ্ত বয়স্ক মেয়ের জীবনের জটিল মনস্তাত্ত্বিক চালচিত্র। "রাতে যখন সব কিছু ঘুমের কোলে ঢলে পড়ে, তখন এরিকা একা জাগে,জেগে জেগে ভাবে। অদ্ভুত এই মা ও মেয়ের জুটির অন্যজন অর্থাৎ 'মা' স্বর্গীয় প্রশান্তিতে স্বপ্ন দেখেছেন নতুন উপায়ে মেয়েকে কী করে আঘাত দেওয়া যায়। আর মা যখন স্বপ্ন দেখেন, তখন এরিকা জেগে ওঠে, আলমারি খুলে ওর গোপন স্বপ্নের জামা-কাপড়গুলো ছুঁয়ে দেখে।" শেষমেষ এরিকা তার একাকী, প্রেমহীন, যৌনক্ষুধা তাড়িত জীবনে তার এক ছাত্রের প্রেমে পড়ে। মানব জীবনের এই যে জটিল টানাপোড়েন তা অসাধারণ দক্ষতায় নিজের বিশ্লেষণী ক্ষমতার প্রয়োগ করেছেন প্রাবন্ধিক। হয়তো এই প্রবন্ধে আমরা লেখকের অন্তর্গত বেদনার রামধনুও দেখতে পাই কিছুটা আবছায়া সন্ধ্যায়।

"শেষ তারাটি মুছে ফেলো।
দ্বীপপুঞ্জে কোন আলো নেই,
নেই পর্বতমালায়। বিপুলাকায় রাজপথে
নীরবতার দীর্ঘতর প্রতিধ্বনি
নিজেকে সংগীতে রূপ দেয়
সীমান্তের প্রেতাত্মারা চারিদিক,"
ডোম মোরেসের 'বিরাম' শিরোনামে কবিতার কয়েকটি লাইন। (অনুবাদক, প্রাবন্ধিক ড.আবেদীন কাদের অনূদিত।)
তাঁর এ প্রবন্ধটিও অত্যন্ত আলোকপ্রদ। বড় বাক্যপরিক্রমায় এঁকেছেন ওঁর প্রিয় লেখক,কবি, বিখ্যাত সাংবাদিক ও সম্পাদক ডোম মোরেসকে নিয়ে। এই প্রবন্ধটি কবি ডোম মোরেসের একটি সংক্ষিপ্ত জীবনপঞ্জি বললে অত্যুক্তি হয় না। ডোম মোরেসের ছোটবেলা থেকে তার ব্যক্তি জীবন, কর্মপরিধি ,প্রেম, বিয়ে কিংবা নিঃসঙ্গতা লেখক সবিস্তারে বর্ণনা করেছেন তার স্বভাবসুলভ মোহনীয় বাক্যবন্ধনিতে। বড়ই চমৎকার, বড়ই হীরকোজ্জ্বল দ্যুতি তার। পড়তে পড়তে অন্য ভাবনা ঘিরে ধরে। সময় যেন হেঁটে হেঁটে চলে বাক্যের সাথে পাঠকের একাগ্রতায়। কবিরা একটু ভিন্ন মানুষ। প্রেমহীনতা ,নিঃসঙ্গতা তার শিল্প ক্ষুধাকে এক অনন্যমাত্রায় নিয়ে যায়। ভিতরের অন্তর্দহন তাকে উদ্ভাসিত করে ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে, কিন্তু তাঁকে পুড়িয়ে মারে এক নীল বেদনার বিষে। কবি ডোম মোরেসের বেলায়ও তার অন্যথা হয়নি। বেদনাক্লিষ্ট জীবনে এসে জোঁড়া বেঁধেছিলেন ত্রিশ বছরের ছোট সারায়ু স্রিভাটসারের সাথে। সারায়ুর সাথে ডোম মোরেসের দেড় দশকের জীবন ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ লেখা হয়েছে এই সময়টিতে। ২০০২ সালে কবির শরীরে ক্যান্সার ধরা পড়লে জীবনের বাকি কাজগুলো খুব দ্রুত সেরে নেওয়ার প্রয়োজন বোধ করেন। এই প্রবন্ধ থেকে দুটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়- একটি লন্ডন টাইমসে ইন্দোনেশিয়ার লেখক, ঔপন্যাসিক, গণতান্ত্রিক আন্দোলনের কর্মী প্রমোদজা অনন্ত তোয়েরের- যিনি দীর্ঘ চৌদ্দ বছর ওলন্দাজ ও স্বৈরশাসক সুহার্তের শাসনকালে বন্দী যাপন করেছেন, সাক্ষাৎকার যার প্রেক্ষিতে সুহার্ত সাত হাজার রাজবন্দিকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন।
আরেকটি উল্লেখ্য ঘটনা ছিলো ব্রিটেনের সমারসেটের এক ইংরেজ পরিব্রাজককে নিয়ে, যিনি মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন কিন্তু যথাযোগ্য সম্মান না পেয়ে ভগ্ন হৃদয়ে ফিরে যান এবং সুরাটে মৃত্যুবরণ করেন। সুরাটের একটি গ্রামে তাঁকে সমাধিস্থ করা হয়। যেহেতু ডাক্তারের কথানুযায়ী ডোমের আয়ু ছিলো অল্প তাই অত্যন্ত দ্রুততার সাথে গবেষণা শেষ করে, শেষ করেন তাঁর বিখ্যাত 'দ্যা লং স্ট্রাইডার' বইটি। কবি ডোম মোরেস ছিলেন জীবনভর কবি যদিও অনেক অত্যুজ্জ্বল গদ্য তিনি লিখেছেন। একজন কবি বা শিল্পীকে বিচার করে মহাকাল, মানুষ কেবল তার সৃষ্টিকর্মের অনাবিল সৌন্দর্যের সাথে পরিচিত হয়। ডোম মোরেসের কবিতা পড়লে তাঁর জীবনের অলক্ষ্যে বেজে ওঠা সেই বেদনা কেবল ধ্বনিত হয়। প্রাবন্ধিক ড.আবেদীন কাদেরের এই অসামান্য বাক্যচ্ছটার রশ্মিতে আমরা রঙিন হয়ে উঠি এই প্রবন্ধ পাঠে।

'Bad times produce good books কথাটি স্পেনের জন্য সত্যি নয়। অদ্ভুত আঁধারে ঢাকা এক ক্রান্তিকালের ভেতর দিয়ে এগোচ্ছিল স্পেনের জনগণ ও স্প্যানিশ ভাষার সাহিত্য।"
এই অংশটুকু তাঁর দীর্ঘায়তনের 'সিজার ভ্যায়াহো: বেদনার ঘূর্ণাবর্তে সৃষ্টির সংরাগ' নামক প্রবন্ধ থেকে আমি উদ্ধৃত করেছি। প্রকৃতপক্ষে তাঁর এই প্রবন্ধগুলি এক নিমিষে বিশ্ব সহিত্যজগতে পাঠককে ঘুরিয়ে নিয়ে আসে। পাঠকের মনে ইউরোপীয় কিংবা ল্যাটিন আমেরিকার সাহিত্য সম্পর্কে অনুসন্ধিৎসা জাগায় যদি পাঠক সমঝদার হয়। এর মধ্যে বলে রাখি এই বই চটুল গল্প,উপন্যাস পাঠ করা বা ক্লেদাক্ত রাজনীতিঘাটা কোন সাধারণ পাঠকের জন্য নয়। ইংরেজিতে যাকে বলে Esoteric তাঁদের জন্য।
এই প্রবন্ধের প্রথম অংশে স্প্যানিশ কবি আন্তেনিও মাচাদো, হিমেনিজ, উনামুনো এবং একঝাঁক তরুণ কবি লোরকা, আলবার্তি গিয়েন, স্যালিনাস ও দিয়েগোর কাব্য প্রতিভা, কাব্যের উপাদান আলোচিত হয়েছে প্রখর গভীরতায়। প্রথম বিশ্বযুদ্ধে বা তার পরে কবিদের কবিতার ভাষা রদবদলের গতিপথ লেখক তুলে এনেছেন বিস্তারিত বিন্যাসে।
স্প্যানিশ কবিতায় বিশেষ করে লাতিন আমেরিকার কবিতার ধারাবাহিকতা এবং উত্তরণের ইতিহাসের তথ্যসমৃদ্ধ চমৎকার এই প্রবন্ধে কবিতার সাথে রাজনীতি, সমাজনীতি এবং স্পেনের গৃহযুদ্ধ ও তৎপরবরর্তী, কবিদের নির্বাসিত জীবন, জেলবন্দি অবস্থা ও করুণ মৃত্যু সবই লেখক চিত্রায়িত করেছেন তার পাঠকের জিজ্ঞাসা নিবৃত্তির জন্য।বিশ্বরাজনৈতিক চিত্রপটের পরিবর্তনের ফলে স্পেনের আন্দোলনও দুর্বল হয়ে পড়ে এবং কবি নেরুদা, পাজ, আন্দ্রেইজ ও ভ্যায়াহা মাদ্রিদ ও বার্সেলোনা ত্যাগ করেন। লেখা থেকে আমরা জানতে পারি ইতালির কমিউনিস্ট পার্টির সেক্রেটারি আন্তেনিও গ্রামসির সামাজিক ক্রান্তিকাল সম্পর্কে সেই বিখ্যাত উক্তি, The old is dying, but the new yet not is born- যেটি স্পেনের শিল্প – সাহিত্যের ক্রান্তিকালেও সমভাবে প্রযোজ্য ছিলো। এই প্রবন্ধ পাঠে পাঠকের তৃষ্ণা জেগে উঠবে উল্লেখিত কবিদের কাব্যসুধার স্বাদ পেতে।
দ্বিতীয় অংশে বর্ণিত হয়েছে সাম্যবাদী কবি সিজার ভ্যায়াহো সম্পর্কে বিস্তারিত। তাঁর ছেলেবেলা থেকে শিক্ষাকাল, শ্রমকাল, বিধ্বস্ত সময়ের যন্ত্রণা ও জীবনের বাঁকবদলের ইতিহাস মিলিয়ে একটি সংক্ষিপ্ত জীবনপঞ্জি রচনা করেছেন লেখক। সিজার ভ্যায়াহো শুধুমাত্র কবি ছিলেন না; লিখেছেন নাটক, উপন্যাস এমনকি চিত্রনাট্যও । সিজার ভ্যায়াহোর কবিতার ভাষা, সৌন্দর্য ও শিল্পপ্রভা নিয়ে আলোচনা করেছেন আণুবীক্ষণিক দৃষ্টি নিয়ে।
'সমকালীন স্প্যানিশ ভাষার কবিদের থেকে তিনি শিল্পশৈলী এবং কাব্যাদর্শের দিক থেকে আলাদা ছিলেন। যদিও নেরুদাসহ কারো কারো সঙ্গে তাঁর সৌন্দর্যচিন্তা ও কবিতার বিষয়বস্তুগত সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। কিন্তু ভাষার দিক থেকে ছিলেন একেবারে আলাদা।' লেখক অন্য খানে লিখেছেন,'মহৎ কবিতার যে বৈশিষ্ট্য পাঠককে নিরন্তর ভাবানো এবং বস্তুজগতের অভ্যন্তরে বস্তুর 'অচেনা' রূপকে চিনিয়ে দেয়, সেটা ভ্যায়াহোর কবিতা করে থাকে অত্যন্ত তীর্যক এবং তীব্র বেদনার সাথে।' এভাবেই প্রবন্ধের পৃষ্ঠদেশ জুড়ে আছে লেখকের তীক্ষ্ম বোধের প্রতিফলন।
তৃতীয় অংশে আছে বিভিন্ন গবেষক এবং সমালোচক কর্তৃক ভ্যায়াহোর কবিতার কাব্যসৌন্দর্য ও কাব্যদর্শনের উপর আলোচনা।
প্রাবন্ধিক আমাদের জানাচ্ছেন, ভ্যায়াহোর পাণ্ডুলিপির খসড়া যেগুলো ফটো আকারে বইয়ে ছাপা হয়েছে সেসব দেখলে হঠাৎ করে জীবনানন্দ দাশের কথা মনে পড়ে যায়। এতো কাটাকুটি করতেন যে কোন কোনটিকে সংহত করার জন্য ছয়- সাতবার পরিমার্জন করে নতুন রূপ দিয়েছেন।
সিজার ভ্যায়াহো, নিকোলাস গিয়েন এবং পাবলো নেরুদা এই ত্রয়ীর কবিতা স্পেনের গৃহযুদ্ধকে ঘিরে এক মহাকাব্যিক আয়তন পেয়ছে। মানুষের জীবন ও শরীরকে মাকড়সার সঙ্গে তুলনা করে ভ্যায়াহো যে মহৎ কবিতা রচনা করেছিলেন তার কিছু চরণ আমরা এ প্রবন্ধ থেকে পাই।
"বিরাটাকায় সে মাকড়সাটি আর হামাগুড়ি দিয়ে আসে না;
বর্ণহীন সে মাকড়সাটির শরীর থেকে রক্ত ঝরছে।
মাথা ও তলপেট থেকেও ঝরছে রক্ত
বিরাটাকায় সে মাকড়সাটি যার তলপেট তার
মাথাকে অনুসরণ করা থেকে বিরত করেছে,
এবং আমি, আমি তার চোখকে নিয়ে ভাবছি
ভাবছি এর অসংখ্য পায়ের পাতার কথা,
এবং কী অসহায় ও চিন্তিত আমি এ পথিককে নিয়ে।"( লেখক ড.আবেদীন কাদের অনূদিত)
লেখক থেকে জানতে পারছি ভ্যায়াহোর কবিতার সাথে উইলিয়াম ব্লেকের কবিতার সাদৃশ্য রয়েছে। তাঁর কবিতার ছবি, চিত্রা হরিণের মতো শরীরের বর্ণিল আভা পাঠককে নিয়ে যায় কল্পোলোকে।
এই প্রবাদপ্রতিম কবি পুরুষের স্বল্পায়ু জীবন ছেচল্লিশ বছরে নিভে যায়।

মাদাম দ্যু দিফি ও তাঁর জগৎ- এই প্রবন্ধে আমরা পাই ফ্রান্সের এক সম্ভ্রান্ত মহিলার জীবনালেখ্য। বেনেদিতা ক্রাভারি নামক এক ইতালিয়ান যিনি সমালোচক ও ফরাসি সাহিত্যের অধ্যাপক ছিলেন তিনি এই কম গুরুত্ববাহী নারীর জীবন নিয়ে লিখেছিলেন। তারও একটা উদ্দেশ্য ছিলো নিশ্চয় কারণ উদ্দেশ্যে ছাড়া ইতিহাসে কম গুরুত্ববাহী মানুষের জীবন ইতিহাস লেখার নজির নেই। মাদাম দিফি ছিলেন তেমনই একজন। মাদাম দিফিকে বলা হয় তাঁর সময়ের সবচেয়ে বিতর্কিত এবং মেধাবী মহিলা। তিনি জন্মেছিলেন চতুর্দশ লুইয়ের রাজত্বকালে এবং বেঁচেছিলেন ফরাসি বিপ্লবের মাত্র কয়েক বছর আগ পর্যন্ত। ত্রিশ বছর বয়সে বিধবা হওয়া এই নারী ফ্রান্সের রাষ্ট্রনেতা থেকে শিল্পী- সাহিত্যিক সবার জীবনে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। তিনি ছিলেন তীক্ষ্ম বুদ্ধি আর প্রবল বিশ্লেষণী ক্ষমতার অধিকারী। তাঁর এই ক্ষুরধার বুদ্ধিমত্তা তাঁকে মানুষের বাইরে খোলস থেকে সহজে ভিতরে গভীর মজ্জায় প্রবেশের অনুমতি দিয়েছিল। মাদাম দিফি বন্ধুতা ভালোবাসতেন এমনকি তাঁর থেকে কুড়ি বছরে ছোট হোরস ওয়ালপলের সাথেও ছিলো তাঁর গভীর প্রেম। তাঁর প্রেমিক ছিলেন মনীষী ভলতেয়ার। সহজেই অনুমেয় কেন এক অখ্যাত নারী উঠে এসেছেন বিখ্যাত অধ্যাপকের কলমে। তাঁর মেধার দীপ্তি সম্পর্কে ভলতেয়ার ছিলেন গভীরভাবে আশাবাদী এবং তাঁর সে মেধাকে শিল্পে ব্যবহার করার আকুতি জানিয়ে ভলতেয়ার লিখেছিলেন,' It is a consolation to buy one's mind on paper, confine in the very thing that tames thought your head.' কিন্তু তিনি লিখতে চাননি তাঁর ভাঙা হৃদয়ে গোপনে লালিত সেই বেদনাবিধুর রক্তকথা। ভলতেয়ারের এই আবেদনে মাদাম দিফি কান্নায় ভেঙে পড়েছিলেন। তিনি লিখেছিলেন,'কী শান্তি পাবো আমি আমার ভাবনাগুলোকে লিখে রেখে, লিপিবদ্ধ করে? ভাবনাগুলো শুধুই আমাকে রক্তাক্ত করে, আমার সকল পর্যবেক্ষণ আমাকে এই সিদ্ধান্তে উপনীত করে যে, যিনি যতো কম ভাববেন, ভাবনাকে যত কম প্রতিফলিত করবেন লেখায়, তিনি ততো সুখী।' ভলতেয়ার তাঁর বান্ধবীকে লিখেছিলেন, 'Courage, Resignation to the laws of nature, a profound contempt for all superstition, the noble pleasure of feeling oneself is to be of a different nature to fools, and the exercise of the faculty of thought are true constellation.'
মাদাম দিফির যখন বৃদ্ধাবাস চলছে, স্বাস্থ্য একেবারেই ভগ্ন তখনও ফ্রান্সের কোন রাষ্ট্রীয় অতিথি বা বুদ্ধিজীবী তাঁর সাথে দেখা না করে প্যারিস ছাড়তেন না। এ থেকেই বোঝা যায় ফ্রান্সের সমাজে তাঁর অবস্থান কোথায় ছিলো।
মাদাম দিফি এক শোকার্তি ভরা শূন্য হৃদয়ের পূর্ণ প্রতিচ্ছবি যিনি প্রেমিক আর বন্ধুদের মাঝে খুঁজে নিয়েছিলেন জীবনের পূর্ণতা। গভীর রাতে ভলতেয়ার বা ওয়ালপলকে বিদায় দিয়ে একাকী অন্ধকারে কান্নায় ভেঙে পড়তেন। তাঁর যন্ত্রণাদীর্ণ হৃদয়ের শূন্যতা যেন রাতের নিস্তব্ধতায় বৃষ্টিরেণুর মতো ঝরঝর করে ঝরে পড়তো।
তিনি কোন বন্ধু বা প্রেমিককে স্বামী হিসাবে পেতে চাননি। হয়তো এই পাওয়া দিয়ে তাঁর ভিতরে সযত্নে পুষে রাখা বেদনাকে হারাতে চাননি। লেখক লিখেছেন,' অধ্যাপক ক্রাভারি নিঃসঙ্গ শোকে মুহ্যমান দিফির হাস্যোজ্জ্বল মুখের লাবণ্যের আড়ালে খুঁজতে চেয়েছেন নারীর অসহায়ত্ব ।' প্রেমিকের প্রেমপত্র, মদের মদিরা, শরীরের উষ্ণতা, হৃদয়ভাবনার তপ্ত বিনিময় কিছুই তার ক্ষুধাকে তৃপ্তি দিতে পারতো না। যেন অতৃপ্তিই ছিলো তাঁর নিয়তি
মাদাম দিফি তাঁর কষ্টকিন্নরিত সময়ের বর্ণনা দিয়ে নিজেই লিখেছেন,' I am left to myself, and I cannot be in worse hands.'

মেক্সিকোর আধুনিকায়ন ও পরবাসী মার্সেল প্রবন্ধ দুটি তুলনায়তনে একটু সংক্ষিপ্ত পরিসরের। প্রথমটি লেখকের নিউইয়র্কের ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত নোবেল জয়ী কবি অকটাভিও পাজের একটি সাক্ষাৎকারের অনুবাদ। স্বদেশের অর্থনীতিকে খোলাবাজারে পরিণত করে বিশ্ব অর্থনীতির সাথে সম্পৃক্ত করে কীভাবে মেক্সিকোর আধুনিকায়ন করা যায় সে সম্পর্কে তাঁর চিন্তাভাবনা।
দ্বিতীয়টিতে আলবেয়র কাম্যুর বৈচিত্র্যময় জীবন, শ্রেণিগত অবস্থান, দর্শনচিন্তার একটা মোটদাগে ধারণা পাঠককে দিয়েছেন লেখক তার শৈল্পিক বাক্যের গাঁধুনিতে। ক্যামুর বিখ্যাত প্রবন্ধ 'মিথ অব সিসিপাস', নাটক 'ক্যালিগোলা' এবং বিখ্যাত উপন্যাস 'দ্যা আউটসাইডার' সম্বন্ধে সংক্ষিপ্ত দ্যুতিময় আলোচনায় পাঠকের ঘোর লাগে। লেখকের লেখার সার্থকতা এখানেই। পাঠককে বারবার নিমজ্জিত হতে হয় পাঠে।
একজন কথাশিল্পী ও উপন্যাসে জীবন-জিজ্ঞাসা – এই প্রবন্ধে উপন্যাস কখন শিল্পের রূপ পরিগ্রহ করে সে সম্পর্কে বস্তুনিষ্ঠ আলোচনা করা হয়েছে বিশিষ্ট ঔপন্যাসিকদের উপন্যাসের আলোকে। লেখকের ভাষায় আমরা জানতে পারি অভিজ্ঞতাই শিল্পের কাঁচামাল এবং অভিজ্ঞতা লেখককে অনুভবশক্তি দেয় আর অনুভবশক্তি রূপান্তরিত হয় কল্পনায়। এ কল্পনা পাঠকের মনে বিশ্বাস উৎপাদন করে আর তখন পাঠক সেই উপন্যাসকে সার্থক শিল্প মনে করে। এটাকেই আমরা জানলাম 'ফরমাল রিয়ালিজম' বলে। লেখকের প্রবন্ধগুলির মধ্য এক ধরনের তাত্ত্বিক বোধ ছড়ানো। সাহিত্যের গতিবিধি, বাঁকবদলের ইতিহাস, পঞ্চদশক থেকে সপ্তদশক ও তৎপরবর্তী আমাদের উপন্যাসকে মানুষের জীবন-জীবিকা , ন্যায়বোধ, সামাজিক উপাদান অর্থাৎ যাপিত জীবনের নানাবিধ দিক কীভাবে প্রভাব বিস্তার করেছে সেসব নিয়ে তিনি বিষয়ের সম্ভার সাজিয়েছেন। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের যাপিত জীবন, নীল ময়ূরের যৌবন, হাঙ্গর নদী গ্রেনেড, পদশব্দ, মগ্ন চৈতন্যে শীষ উপন্যাসের বিষয়বস্তু আলোচনা করেছেন সময় ও সামাজিক অবস্থার প্রেক্ষাপটে। চমৎকার সব তথ্য আর বিশ্লেষণে ভরা সেসব নিয়ে আলোচনা করতে গেলে এ লেখার কলেবর বৃদ্ধি পাবে তাই আগ্রহী পাঠক ওঁর বই থেকে সেসব জানবেন বলেই আমার বিশ্বাস।
কবিতার সংগীত কবিতার চিত্রকলা- প্রবন্ধটি পাঠে এক অনিঃশেষ আনন্দ তৈরী হয়। এটিও বেশ বড়। এটি কবিতা নিয়ে ওঁর এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। প্রবন্ধটি ওঁর আরেকটি প্রবন্ধের বই দীপান্তরের গানে আছে।
কবিতার ধ্বনি, বিমূর্ততা, চিত্রময়তা কীভাবে কবিতাকে নিয়ে যায় সংগীতের কাছাকাছি বিখ্যাত কবি ও লেখকদের উদ্ধৃতির সাথে লেখকের নিজস্ব অনুধাবনে তা এক অনুপম পাঠমুগ্ধতায় ভরে আছে।
বোদলেয়রকে রবীন্দ্রনাথ বলেছিলেন 'আসবাবের কবি' , প্রকৃতির নিবিড় সান্নিধ্য থেকে দূরে ঘর-দরজা বন্ধ করে লেখার কবি। আবার নেরুদা এ সম্পর্কে বলেছেন ,'সবাই একভাবে লিখবেন না, এক ধরনের কবি আছেন যাঁরা দরজা খুলে, জানলা খুলে কবিতা লেখেন, তাঁরা দেখেন একটা ডালে একটা পাখি বসে আছে, তাঁরা দেখেন আকাশে মেঘ কিন্তু আরেক ধরনের কবি আছেন যাঁরা দরজা জানলা বন্ধ করে একটি ল্যাম্প জ্বেলে টেবিলে বসে কবিতা লেখেন।'
কবির জন্য শব্দ শুধু সাধারণ শব্দ নয়, word object যেমন বলেছিলেন পল ভ্যালেরি। শব্দ একটা বস্তু — তার বহু রূপ আছে। পৃথিবীতে আছেন নানা ব্যঞ্জনায় কবিতা লেখার কবি। আছেন ফর্মের কবি, আছেন ফর্ম ভাঙা কবিও।ফর্ম ভাঙা কবির কবিতার সাথে পাঠকের একটা দূরত্ব তৈরি হয়ে যায় অর্থাৎ পাঠক কবিকে কীভাবে পাঠ করবেন কিংবা কবিই বা পাঠককে কী বোঝাতে চাইছেন তা বুঝে উঠতে পারে না কেউ। কবিতার এই দুর্বোধ্যতার ব্যাপারটা বেশি ঘটেছিল ফরাসি কবিদের বেলায়। লেখক আমাদের জানাচ্ছেন,'স্প্যানিশ কবিতায় বহুদিন ধরে প্রগতি হয়নি, মধ্যযুগের পর থেকে। এবং রোমান্টিসিজমের যে ধারাটি ইউরোপীয় কবিতায় আসে সেটা স্প্যানিশ কবিতায় ছিলো না। কিন্তু ফরাসি ধারায় সেটি করেছিলেন বোদলেয়র, স্প্যানিশে সেটা রুবেনদারিও করেন। রুবেনদারিও গুয়াতেমালার কবি।বোদলেয়র এবং তাঁর সমকালীন ফরাসি কবিরা যে রকমের কবিতা লিখতেন, সনেট লিখতেন, সেটা ছন্দের কবিতা। যেটাকে স্প্যানিশরা বলেন অ্যালেস্কন্দান্দ্রাইন।' কবিতা বিমূর্ততার দিকে যাবার জন্য পাঠক যে বুঝতে পারছে না তার একটা ভালো সমাধান ছিলো স্প্যানিশ কবিতায়। ফরাসি ভাষার কবিতার প্রগতিকে ধারণ করে কবিতাকে নিয়ে গেলেন পাঠকের কাছে। বুয়েনস আয়ার্সে লোরকা কবিতা পড়ছে হাজার হাজার সাধারণ মানুষ সে কবিতা শুনতে এসেছে। নেরুদা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে এক বৃদ্ধা লোরকাকে দেখার আবেদন জানালেন। বৃদ্ধা যখন ভীড় ঠেলে লোরকার কাছে গেলেন তখন লোরকার মাথায় হাত রেখে বলেন, ফেদেরিকা, ফেদেরিকা,তুমি এতো বড়ো হয়েছো,তোমাকে আমি অনেক ছোট দেখেছি। এই বৃদ্ধা ছিলেন লোরকার ধাত্রীমাতা। অর্থাৎ দুর্বোধ্যতার সমাধান আছে কিন্তু তাই বলে এই নয় যে বিমূর্ততা আছে বলেই অন্যেরা বড় কবি নন। সাধারণ পাঠকের কাছে দৈনন্দিন ভাষা ও বিষয়বস্তু দিয়ে কবিতাকে জনপ্রিয় করে তোলা যায়। পল ভালোরি বলেছেন সাধারণ শব্দ গদ্য। আর গদ্য হচ্ছে হাঁটার মতো এবং কবিতা হচ্ছে নাচের মতো, তার ভেতর একটা ছন্দ এবং একটা ব্যঞ্জনা আছে।'
এই প্রবন্ধে একদিকে সংস্কৃত কবিতার অনুপ্রাস থেকে শুরু করে ,রোমান্টিকসদের ভাষাকে বনেদি ভাব থেকে সহজতর করা কিংবা এজরা পাউন্ডের ডাইলিউটার্স অন্যদিকে মুসলিম বিশ্বের প্রগতিশীল চিন্তাবিদ ইবনে সিনা, ইবনে রুশদ, আলবেরুনি যাঁরা ধর্মকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতেন তাঁদের সাহিত্যকর্ম নিয়েও আলোচনা করেছেন কবিতায় ছবি ও ধ্বনির আপাত অসংগতি আলোচনা প্রসঙ্গে। সমঝদার পাঠক এই প্রবন্ধে কবিতার শারীরিক ব্যাকরণের একটা চিত্র পাবেন যখন লেখক জীবনানন্দ দাশের বনলতা সেনের একটি লাইন ভেঙে অ্যাসোনেন্স বা শ্রুতিকল্প শেখান। অনবদ্য এক সুর ছড়িয়ে রেখেছেন এই প্রবন্ধের লাইনে লাইনে। কবিতা, চিত্রকলা, সংগীত, দর্শন মিলেমিশে পাঠককে নিয়ে যায় মোহময় এক আহিরের নান্দনিকতায়।

এক অদ্ভুত নাটকীয়তার মধ্যে দিয়ে পরিচয় হয়েছিল অধ্যাপক অ্যাসিম্যানের সাথে লেখকের। অধ্যাপক অ্যাসিম্যানের সাথে পরিচয়, জীবন জগতের বিভিন্ন দিক, সাহিত্য, দর্শন এমনকি অ্যাসিম্যানের ব্যক্তিগত প্রেম, বিরহের মতো একান্ত বিষয় উঠে এসেছে লেখকের সাথে কথোপকথনে। সে ভারী আশ্চর্য আর বর্ণিল গল্প যেন। এটাকে লেখকের একখণ্ড আত্মজৈবনিক বললেও ভুল হবে না। অধ্যাপক অ্যাসিম্যানও ছিলেন একজন উন্মূল। তাঁর ফেলে দেওয়া বই কুড়াতে গিয়ে লেখকের সাথে পরিচয় ঠিক যেন সেই প্রবাদের মতো-যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই ,পাইলেও পাইতে পারো মানিক রতন। লেখক সেই রতন যেন কুড়িয়ে পেয়েছিলেন অধ্যাপক অ্যাসিম্যানের দেখা পেয়ে। মিসর থেকে বিতাড়িত হয়ে তাঁর পরিবার আসে রোমে। তাঁর বাবা চাকরির সন্ধানে যান রোমে। এভাবে রোম, প্যারিস করে কাটে তাঁদের সময়। ১৮ বছর বয়সে বৃত্তি নিয়ে হার্ভার্ডে দর্শন ও সাহিত্য নিয়ে পড়তে যান। কিছুদিন নিউ স্কুল বিশ্ববিদ্যালয়ে ও পরে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তিনি অতিপ্রজ লেখক না হলেও অতি সম্মানিত ছিলেন বিদগ্ধ মহলে। খ্যাতির প্রতি ছিলেন মোহহীন। লেখকের ভাষায়- Arbitrage ও counterintuition এ দুটি প্রবন্ধে একটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেটা সম্পূর্ণভাবে প্রুস্তের প্রভাবের ফসল। তা হলো প্রণয়িনী চলে যাবার পর নিজের ভিতরের রক্তক্ষরণকে অত্যন্ত বিজয়ী চেতনায় গ্রহণ করা এবং সে বিষয়ে যখন নিবিড় বর্ণনা দেন তাতে থাকে প্রগাঢ় নৈর্ব্যক্তিকতা এবং 'হারানোতেই মোক্ষ' এ ধরনের এক অতি-দার্শনিক প্রশান্তি। হতাশা, ব্যর্থতা, না পাওয়ার দুঃখ এসব বিষয় চিত্রিত করতে এতটাই দক্ষ অ্যাসিম্যান যে তাঁকে তখন আর প্রাবন্ধিক মনে হয় না, মনে হয় কোন দার্শনিক নিজের অভিজ্ঞতার বিষয়গুলোর সাহায্যে চিরায়ত কোন ধ্রুবকে যুক্তির পর যুক্তি সাজিয়ে 'যুক্তির সীমানাতিক্রান্ত কোন সিদ্ধান্তে উপনীত করছেন নিজেকে এবং পাঠকেও তার অংশভাক করেছেন। এ ব্যাপারে তিনি সত্যিই বড় শিল্পী । বিভিন্ন স্মৃতি বর্ণনায় যখন তাঁর হারানো প্রেম ও প্রিয়ার ছবি আসে তখন তাতে বেশ খানিকটা কমিক এলিমেন্টের মিশ্রণ থাকে, যা সত্যের সাথে মিশে পাঠকের মাঝে সহানুভূতি জাগায় এবং বিষয়টাকে অনেক বেশি রসাগ্রাহী করে তোলে।' প্রেম, নারীর জন্য আকাঙ্ক্ষা এসব নিয়ে অ্যাসিমানের মধ্যে কোন সংকোচ ছিলো না। তিনি লেখককে নিঃসঙ্কোচে সেসব জানিয়েছেন। গ্রিনউইচ ভিলেজের এক রেস্তরাঁর তিনি পঁচিশ বছর আগে এক তরুণীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন ঘণ্টার পর ঘণ্টা। তরুণীটি সেদিন আসেনি কিংবা ফোন করে দুঃখ প্রকাশও করেনি। সেই একই রেস্তরাঁতে নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছেন ডিনারে। রাস্তায় যেতে যেতে সে প্রেম সুষুমার কথা পাঠককে জানিয়ে যাচ্ছেন স্মৃতি মন্থনে। সেই স্মৃতি Tintern Abbey-র মতো তার স্মৃতিকে দোলা দিয়ে যায় বারেবার। লেখক ড. আবেদীন কাদেরের সাথে সহজ- সরল কথোপকথনে কথা বলেছেন তাঁর অতীত ব্যর্থ প্রেম, সাহিত্য, দর্শন এমনকি হার্ভার্ড গ্রাজুয়েট স্কুলের প্রথম সেমিস্টারে সেই মেয়েটির কথা পর্যন্ত যে তাকে ডেকেছিল চায়ের নিমন্ত্রণে। অ্যাসিম্যানের মতে বিশ্ববিদ্যালয়ের সুন্দরী মেয়েগুলো খুব ধূর্ত। এরা মেধাবী ছেলেদের চায়ের নিমন্ত্রণ জানায় টার্ম পেপার লিখিয়ে নেবার জন্য আর দুজনেই তাদের দুর্মর ক্ষুধা নিবৃত্ত করে নেয়। অ্যাসিম্যানের জীবনেও সেই একই ঘটনা ঘটেছিল। Tintern Abbey বিষয়ে মেয়েটি পেপার লিখে দিতে বলেছিল। অ্যাসিম্যানে না বলতেই মেয়েটি ঝরঝর করে কেঁদে দিলো। অ্যাসিম্যান বলেন,' তখন আর না লিখে পারা যায় না।কারণ আমি জগতের শ্রেষ্ঠ নারী -পূজারি, মেয়েদের চোখের জল আমার পক্ষে সহ্য করা সম্ভব নয় …….কিন্তু লেখাটা তখন আর Tintern Abbey সম্পর্কে থাকে না, হয়ে দাঁড়ায় মেয়েটির ও আমার এবং সেই সন্ধ্যায় কাল ও ঘটনার সম্পর্ক।' পরে সেই মেয়েটি অধ্যাপককে কফি বানিয়ে দিয়ে চলে যাচ্ছে সন্ধ্যায় তার ডেট আছে বলে। কী করুণ হাস্যরস! অ্যাসিম্যানের মধ্যে জেগে ওঠে ওয়ার্ডসওয়ার্থ, সেই সন্ধ্যা, সেই মেয়েটি, তাঁর ছেলেবেলা, আলেকজান্দ্রিয়া, প্রুস্তপাঠ।
লেখক ড.আবেদীন কাদেরের সাথে অধ্যাপক অ্যাসিম্যানের কথোপকথন একেবারে জড়তাহীন। তাদের আলাপের ধরণ শুনে মনে হবে দুজন দুজনের অনেক চেনা-জানা মানুষ। একান্তে আলাপ করেছেন সাহিত্য, দর্শন , কাল ও ঘটনার সম্পর্ক বিষয়ে। লেখক প্রশ্নাকারে তাঁর কাছে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন এবং তিনি সেসবের উত্তর দিয়েছেন। লেখক টেপ রেকর্ডারে সেসব রেকর্ড করে নিয়েছিলেন।
এক প্রশ্নের জবাবে অধ্যাপক অ্যাসিম্যান বলছেন,' দেখো আবেদীন, কোন সত্যিকার লেখকের কোন শব্দ, অক্ষর,বর্ণ কোন কিছুই তাঁর অজান্তে ঘটে না। আমারও অজান্তে কিছু ঘটেনি। বলতে পারো এ পদ্ধতি আয়ত্ত করতে আমারও রাশি রাশি ঘাম ঝরেছে। প্রচুর খাটুনির পর যা সৃষ্টি হয়েছে, তাতে তোমার মনে সন্দেহ দেখা দিয়েছে যে, এটা হয়তো আমার অজান্তে ঘটেছে। শুধু এই সন্দেহটুকু জাগাতেই আমার এত পরিশ্রম, নইলে তো তোমার মনে হতো আমি ইচ্ছে করেই এ পদ্ধতি অবলম্বন করেছি। এই ইচ্ছে এবং অজান্তে-র মাঝখানে যে অদৃশ্য রেখাটুকু রয়েছে , সেই আলো-আঁধারি মেশানো রেখাটাই লেখকরা সৃষ্টি করতে চায়। চেতন ও অবচেতন, স্বপ্ন ও জাগরণের মাঝামাঝি স্থানে, যেটাকে ইংরেজিতে বলতে পারো Border line, সেখানে লেখকের অধিবাস।'
তোমার স্মৃতিও জানি সেই মতো হারাবে ধুলায়- প্রবন্ধে উঠে এসেছে অধ্যাপক অ্যাসিম্যানের সাথে লেখকের এক অনবদ্য স্মৃতি উপাখ্যান।প্রবন্ধের জন্য প্রয়োজন পাণ্ডিত্য এবং বিশ্লষণী ক্ষমতা কিন্তু প্রাবন্ধিক,অনুবাদক ড. আবেদীন কাদেরের বিস্তর পাণ্ডিত্য আর প্রবল বিশ্লেষণী ক্ষমতার সাথে যোগ হয়েছে তার বর্ণনার অপূর্ব সৌন্দর্য এবং ভাষার সাংগীতিক হিল্লোল যা প্রবন্ধগুলিকে প্লবতায় ভাসিয়ে রাখে নিচে অতল গভীর জলরাশির প্রচণ্ড ভর, যা পাহাড়ি ঝরনার মৃদুমন্দ গানে এগিয়ে চলে। আমরা শুনতে শুনতে এগিয়ে চলি-
Our cheerful faith, that all which we behold
Is full of blessings. Therefore let the moon
Shine on thee in thy solitary walk;
And let the misty mountain-winds be free
To blow against thee: and, in after years,
When these wild ecstasies shall be matured
Into a sober pleasure; when thy mind
Shall be a mansion for all lovely forms,
Thy memory be as a dwelling-place
For all sweet sounds and harmonies; oh! then,
If solitude, or fear, or pain, or grief,
Should be thy portion, with what healing thoughts… (Tintern Abbey)

একজন তরুণ কবি ও তাঁর কবিতা- প্রবন্ধে কবি কামাল চৌধুরীর কবিতার গতি প্রকৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলা কবিতায় রাজনীতি,সমাজনীতি,আত্মগ্লানি,আনন্দ-বেদনা, নির্জনতা নিয়ে আলোচনা করে বলেছেন,' কবিতা জীবনকে এড়িয়ে চলে না; বরং জীবন অনুভূত সারৎসার,যুগালম্বী প্রজ্ঞা ও বোধি কবিতাকে দান করে মহত্তর শক্তি।'
কবিতা লেখকের ভালোবাসা কিন্তু তাঁর চিন্তা আর বোধকে আচ্ছন্ন করে রাখে রাষ্ট্র এবং সমাজনীতি আর তাই এ তিনের সম্মিলন প্রবন্ধগুলিকে করে তুলেছে সংগীতপাঠ।

আবু সয়ীদ আইয়ুব: দার্শনিক- বিজ্ঞানী-প্রেমিক হৃদয় পূজারি কবিতা শিল্পের- এই প্রবন্ধপাঠে এক নজরে আমরা আবু সয়ীদ আইয়ুবকে চিনে নিই ,পরিচিত হই তাঁর সৃষ্টিকর্মের সাথে। তাঁর কবিতা ভাবনা, দর্শনচিন্তা, মার্ক্সইজম, ঈশ্বরচিন্তা সবকিছু প্রস্ফুটিত হয়েছে। ছিলেন পদার্থবিজ্ঞানের ছাত্র, এম এ করলেন দর্শনে; আগ্রহী হয়ে উঠলেন ইউরোপীয় সাহিত্য বিষয়ে।
এই প্রবন্ধ পাঠককে দর্শন বা ধর্ম সম্পর্কে নতুন বিষয়গত ধারণার সাথে পরিচিত হতে পারবেন যা তাকে নতুন চিন্তার খোরাক জোগাবে।
মার্ক্সবাদকে নবযুগের বিরাট সত্যধর্ম বলে মেনে নিয়েও প্রশ্ন তুলেছিলেন এই সত্যধর্মকে কেবল মার্ক্স, এঙ্গেলস লেনিনের চিন্তা-ভাবনায় আটকে রাখা হবে কেন?
আইয়ুব ১৯৫৭ থেকে পরের দশ বছর ছিলেন 'কোয়েস্ট' পত্রিকার সম্পাদক; মাঝখানে ১৯৬১-তে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে ভারতচর্চা বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন কিন্তু শান্তিনিকেতন থেকে মেলবোর্ন কোথাও অসুস্থতা তাকে থিতু হতে দেয়নি।
লেখক ড.আবেদীন কাদের লিখছেন, জীবনকে যারা প্রত্যাখ্যান করেন, বিতৃষ্ণা বা বিবমিষার প্রকাশে…সংযমের ধার ধারে না তাঁদের কারো কারো শিল্প প্রতিভা যে উঁচু স্তরের আইয়ুব মুক্ত কণ্ঠে স্বীকার করেন।
যদিও প্রথাগত কোন ধর্মীয় বিশ্বাসের প্রতি তিনি টান অনুভব করতেন না কিন্তু 'অনন্ত সম্ভাবনা' ও 'অপার গভীর' রহস্য সম্পর্কে সচেতন ছিলেন।
লেখক বলেন,' যখন নির্জন নদীতীরে কিংবা খোলা বিশাল মাঠে সন্ধ্যা নেমে আসে তখন এমন মানুষের মনে হতে পারে আমরা যেন অন্য-এক জগতে চলে এসেছি, যেখানকার প্রত্যেকটি দৃশ্য একটি কম্পমান যবনিকা, সে সত্তার দেখা পাওয়া যাবে যদি সে- যবনিকা হঠাৎ সরে যায়। প্রেম ও প্রকৃতির মধ্যে এই যে অধরার সূক্ষ্ম ইঙ্গিত, আইয়ুবের কর্ষিত ও স্পর্শকাতর মন তাতে বারবার সাড়া দেয়।' প্রবন্ধে বর্ণিত আছে 'গীতাঞ্জলি' পাঠে আইয়ুবের 'সবিস্ময় অনুভব' এবং ভক্তি, প্রেম ও প্রকৃতি,সমাজচিন্তা নিয়ে মৌলিক রবীন্দ্রপাঠ যা তাঁকে ১৯৭৪-এ এনে দিয়েছিল কালিদাস নাগ স্মৃতিপদক। লেখকের প্রাঞ্জল, ভাবাকর্ষি আলোচনা পাঠকেও টেনে নেয় মর্ত্যলোক ও অমৃতলোকের মধ্যবর্তী সীমানার নিগূঢ় দোলাচলে।

অনন্ত জ্যোৎস্নায় ধূলিদীর্ণ পাণ্ডুলিপি :
ড.আবেদীন কাদেরের প্রবন্ধের বই -বড় বেদনার মতো বেজেছ পড়লে সত্যিই মহাদিগন্ত পরিভ্রমণের একটা সুযোগ পাওয়া যায়। ওঁর মমতানিষ্ঠ আর্দ্র শব্দচ্ছটায় প্রতিটি লেখা হয়ে উঠে একদম জীবন্ত। এটি নিশ্চয়ই শুধু আমার কথা হবে না, যিনি বা যারা এই বই নেড়েচেড়ে দেখেছেন বা দেখবেন তারাও নিশ্চয় অকুণ্ঠ গলা দেবেন আমার এই কথায়। বইটির দুটো বড় পরিসরের প্রবন্ধের একটি উল্লেখিত শিরোনামে বিংশ শতাব্দীর একজন বড় চিন্তাবিদ অক্সফোর্ড দার্শনিক আইজিয়া বার্লিন-কে নিয়ে লেখা প্রবন্ধটি পড়ে বইটি নিয়ে দুটি কথা লেখার ঝোঁক আমাকে প্রচণ্ড পেয়ে বসেছিল তখন থেকে।
১৯০৯ সালে ৬ জুন এই বিখ্যাত মানুষটি জন্মেছিলেন লাটভিয়ার রিগায় এবং মারা যান ১৯৯৭ সালের ৫ নভেম্বর অক্সফোর্ডে নিজগৃহে।
লেখক আইজিয়া বার্লিনের নিজের লেখা,তাঁর জীবন,কর্ম ও লেখা নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ পাঠ করেই ড.আবেদীন কাদের এই প্রবন্ধটি লিখেছেন কিন্তু সবচেয়ে ভালোলাগার যেটি -লিখতে গিয়ে লেখকের যে শব্দচয়ন এবং বাক্যবিন্যাস তা এক কথায় ঈর্ষণীয়। আমি কেবল এই বিদগ্ধ চিন্তকের চিন্তাসূত্রের সাথেই পরিচিত হইনি, পরিচিত হয়েছি লেখকের অভিনব বর্ণনাশৈলির সাথে যেটি আমি বারবার বলে আসছি। সাধারণত দীর্ঘ লেখার ক্ষেত্রে ভাষার সাযুজ্যে বাক্যের গাঁথুনিকে শেষপর্যন্ত সুতোর লাইনে সোজা রাখা একটু কঠিন। গল্প, উপন্যাসের ক্ষেত্রে লেখকের স্বাধীনতা অসীম থাকেই আমি বলবো, কিন্তু প্রবন্ধের ক্ষেত্রে তাল ও লয় ধরে রাখা একটু কঠিন কারণ বিষয়ের বিশ্লেষণী ক্ষমতার মুন্সিয়ানা না দেখাতে পারলে প্রবন্ধের রসটা ঠিক আস্বাদন হয় না। প্রাবন্ধিক ড.আবেদীন কাদের ঠিক সেই কাজটি করে দেখিয়েছেন।
আইজিয়া বর্লিনের খ্যাতি ছিল আকাশচুম্বী বিশেষ করে হীরকোজ্জ্বল বক্তৃতার জন্য। Scholarly hauteur বলে একটা শব্দ আছে যেটি কোনদিন এই তাত্ত্বিক পণ্ডিতের চরিত্রে ছিল না। অত্যন্ত আমুদে, বন্ধুবৎসল,তুখোড় আড্ডা প্রিয় ,কৌতুকপূর্ণ মানুষ ছিলেন বার্লিন।
তাঁর হৃদয় ছিল সঙ্গীতময় কারণ বার্লিনের মা ছিলেন শৌখিন অপেরা শিল্পী তাই সেটি পেয়েছিলেন একেবারে জন্মসূত্রে। লেখক জানাচ্ছেন বার্লিনের জনপ্রিয় লেখাগুলোর মধ্যে অন্যতম ' The hedgehog and the Fox'. টলস্টয়ের 'যুদ্ধ ও শান্তি ' উপন্যাসের ইতিহাস সচেতনতার উপর নির্ভর করে লেখা এই প্রবন্ধটি। শিরোনামটি ছিল গ্রিক কবি আরকিলোকাসের রচনা থেকে নিয়ে – যেখানে বলা হচ্ছে 'শিয়াল জানে অনেক কিছু কিন্তু কাকাতুয়া জানে একটি মহৎ বিষয়'- একই সাথে মনস্তত্ত্ব ও দর্শনের বিষয়টিকে একেবারে নাকের ডগায় এনে ফেলে। বার্লিন তাঁর বিখ্যাত প্রবন্ধ " Two concepts of Liberty" লেখেন ১৯৫৯ সালে যেটিকে রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বে সবচেয়ে বড় অবদান হিসেবে ধরা হয়। তিনি এই প্রবন্ধে নাগরিকদের দুই ধরণের স্বাধীনতার কথা বলেছেন। Negative liberty এবং positive liberty। ঋণাত্মক স্বাধীনতা নাগরিকের একেবারেই নিজস্ব কিন্তু ধনাত্বক স্বাধীনতা রাষ্ট্র কতৃক নাগরিকের উপর আরোপিত।এই প্রবন্ধে লেখক আইজিয়া বার্লিনের একটা পূর্ণ অবয়াবব ধরার চেষ্টা করেছেন এবং তাঁর সে চেষ্টা নিঃসন্দহে শত ফল্গুধারা হয়ে বহমান। লেখকের প্রাঞ্জল বর্ণনায় চোখের সামনে মূর্তিমান দাঁড়িয়ে যান আইজিয়া বার্লিন। মাঝারি দীর্ঘ গড়নের চোখে চশমা আর অনেকগুলো কাপড়-চোপড়ের মধ্যে ভাবুক একজন স্যার আইজিয়া বার্লিন। তিনি ছিলেন ইহুদি তাঁর এই ধর্ম পরিচয় নিয়ে সম্পূর্ণ বিরূপ একটা পরিবেশের মধ্যে দিয়ে তাঁকে জনপ্রিয়তার পথে হাঁটতে হয়েছিল। এ নিয়ে তাঁর রক্তক্ষরণ ছিলো। অনেক পুরস্কার, সম্মাননা, সাম্মানিক ডিগ্রি তাঁর ঝুলিতে ছিল – ছিল ব্রিটেনের রাণী প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা, ছিলেন বৃটিশ রাণীর উপদেষ্টা তারপরও এক হার্ভার্ড গবেষক ও তরুণ দার্শনিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন," তাতে কী হয়েছে, তবুও আমি তো ইংরেজ নই, আর তাই আমি যদি বিনম্র হয়ে না থাকি…
এই পণ্ডিতের জীবন, কর্ম ,তার নিজস্ব জাতি নিয়ে কী ভাবছেন সবই ফুটে উঠেছে লেখকের একেবারে নিজস্ব হৃদয়হারী বর্ণনায় চমৎকারভাবে। লেখক আমাদের নিয়ে যান এক অচেনা মানুষের কাছে- যার, আমাদের অনেকেরই, নাম পর্যন্ত জানা ছিল না। স্যার বার্লিনের জীবনীকার মাইকেল ইগনেটিভ তাঁর উপর একটি দীর্ঘ গ্রন্থে লিখেছিলেন" It is said that he is a rationalist who visits the irrational by day and comes back to rational stockade at night".
জার্মান কবি হাইনে বলেছিলেন'একজন অধ্যাপকের নিঃশব্দ পাঠাগারে গড়ে ওঠা কোন চিন্তা একটা সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। "
যুগে যুগে এভাবে মহৎ চিন্তাশীলরা পৃথিবীর পত্রে এঁকে যান তাঁদের চিন্তা আর উত্তর প্রজন্ম তার ছটায় পথ পেরিয়ে যাবার দ্বার খুঁজে পায়।
ধন্যবাদ ড.আবেদীন কাদের। যদিও লেখক বলেছেন এটি তাঁর কোন গবেষণা নিবন্ধ নয় কিন্তু এ প্রবন্ধের একেবার শেষ পরিসরে তাঁর নিজস্ব যে অতুলনীয় বিশ্লষণ তিনি তুলে ধরেছেন তা তাঁর নিজের এই বক্তব্যকে খণ্ডন করে। এই অসামান্য লেখাগুলো না পড়লে হয়তো স্যার আইজিয়া বার্লিনের মতো চিন্তক- দার্শনিকের কথা কোনদিন জানা হতো না। নিরন্তর শুভকামনা এই গুণী মানুষটির জন্য। সাহিত্যের সাথে সমাজতত্ত্ব, রাজনীতি, দর্শনের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তিনি লিখে যাবেন ঝরনাধারার অবিরাম সুরে যা কোন রৌদ্রকরোজ্জ্বল দুপুরে আমাদের দেবে দীপাবলির রঙ কিংবা কোন বিষণ্ণ সন্ধ্যায় Tintern Abbey-র টুং টাং ছন্দে অধ্যাপক অ্যাসিম্যানের স্মৃতিরোমন্থনের মতো আমরা নিমগ্ন হবো স্মৃতির ধুলিতে।