২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আন্ডারগ্রাউন্ড’: কাললগ্নের শিল্পপ্ররোচনা

মাহমুদ হাফিজ

Published : 22 Jun 2021, 01:34 AM

Updated : 23 Jun 2022, 03:57 PM


উপন্যাসশিল্পের প্রথাশাসিত গৎবাঁধা সংজ্ঞা মানার বাধ্যবাধকতা ও দায় আধুনিক কথাশিল্পীর কতোটা, তা গবেষণার বিষয়। প্রথা ভেঙে শিল্প-সাহিত্য তৈরি করে নেয় নতুন পথ। সংজ্ঞাশাসনের আলাপে না গিয়ে লেখক মাসরুর আরেফিন এর আলোচিত উপন্যাস 'আন্ডারগ্রাউন্ড' পাঠ-আলোচনা করা যেতে পারে। প্রতিভার অভিজ্ঞতাকেন্দ্র ও আবিস্কারশক্তির নির্যাস না জেনে তাঁর উপন্যাসের বিচ্ছিন্ন-বিবেচনা আংশিক, ভাসা ভাসা, শিল্পের প্রতি অবিচার। লেখকের ইতিহাসজ্ঞান, জীবনঅভিজ্ঞতা, কাললগ্নমনের ঐক্যবিন্দু তাঁর সৃষ্টির নিগূঢ় সত্য। শিল্পরূপটি তাই বুঝতে লেখক-শিল্পীর মানসগঠনের খনন জরুরি।

মাসরুর আরেফিনের চেতনালোক মেধা, ক্যাডেটকলেজ ও বিদেশে অধ্যয়ন, শীর্ষব্যাঙ্কারের জটিল নিকেশ ও কর্পোরেটজগতের চমকরঙিন অভিজ্ঞতায় শুধু সীমায়িত নয়। বাণিজ্যের যোগবিয়োগের পর দিনশেষে তিনি পাঠকক্ষে অভিনিবেশমুগ্ধ ভিন্ন মানুষ। তাঁর সৃষ্টিক্ষমপ্রজ্ঞার প্রাণসূত্র একদিকে জন্মজাত; অন্যদিকে পরিমাপের গন্ডি পেরুনো, বিস্তৃত। বিশ্বাসমুগ্ধ শোনিতপ্রবাহ ধারন করে জন্ম-বেড়েওঠা হলেও তাঁর শিক্ষার্থীকাল বাম আদর্শ বা সমাজতন্ত্রের মুগ্ধতাগ্রাহী। কয়েকশ' বছরে দু'দুটি বিশ্বযুদ্ধ, পশ্চিমা গণতন্ত্র, ধনবাদের ভোগমুখী জীবন, ইউরোপীয় রেনেসাঁসস্নাত মানবতাবাদের বিস্তার, মিথাশ্রয়ী ভূভারতের নবজাগরণ, চীন-রাশিয়ার কমিউনিস্ট বিপ্লব, ফরাসি বিপ্লব, ভারতীয় জাতীয়বাদ, দ্বিজাতিতত্ত্ব, দেশভাগ, শিল্পবিপ্লব, প্রযুক্তিবিপ্লবের মতো নানা ঘটনার-দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্বসমাজ। মাসরুর এই প্রত্যক্ষদর্শনের অংশ কিংবা উত্তরাধিকার। এসব ঐতিহাসিক-সামাজিক জ্ঞান লেখকমানসসংগঠনের ভিত্তিমূল। মাসরুরে মিলেছে আরও তাঁর প্রথাবিরুদ্ধ জীবনজিজ্ঞাসা-আত্মব্যকুলতা, দেশকালভাষা নির্বিশেষে সাহিত্যের বিপুলবিশালপাঠ। ফলে তাঁর চেতনালোক ও প্রেক্ষণবিন্দু নির্মোহ, সংস্কারমুক্ত, আন্তর্জাতিক ও বহুবিস্তৃত। গ্রামজ শহরে বেড়েওঠা আর বাংলাসাহিত্যের জীবনানন্দ, বিভূতিভূষণ, কমলকুমার, তারাশঙ্কর, মণীন্দ্রগুপ্তে মতি তাকে যেমন করেছে তৃণমূলবুঁদ; তেমনি বিশ্বসাহিত্যের কাফকা, বোর্হেস, দান্তে, ভার্জিল, চেখভ, গোগোল, গোর্কি,সেবাল্ট, হেমিংওয়ে, সমারসেট মম প্রমুখের বিপুল বৈভব করেছে আন্তর্জাতিকতায় ঋদ্ধ, সীমান্তঅতিক্রমী।
পাঠ করে ধারণা করি, সমাজ ক্রমবিকাশের জটিল প্রবাহে বিশ্বময় হত্যা, হানাহানি, নৈরাজ্য, কমিউনিজমের পতনজনিত হতাশায় তাঁর মানসচেতনা দ্বন্দ্বক্ষুব্ধ, চঞ্চল, অমীমাংসিত।

সমাজসংসারের মধ্যবিত্তধর্মী মিষ্টি বিশ্লেষণ করে পাঠকতুষ্টিতে তাঁর নিরাসক্তি ও অনাগ্রহ। বরং তাঁর কাছে তা সনাতন, বিপজ্জনক, কাপুরুষোচিত আত্মপ্রবোধ। তাঁর সৃজনশীলতার শক্তিকেন্দ্র দ্বন্দ্বমুখর, থমকেথাকা বলে তা তাড়িত ও উদ্যমরত – অনন্তসময়ের মধ্যে গড়ে ওঠা সভ্যতার সিস্টেম, রাষ্ট্র, ক্ষমতার অন্তরালসন্ধানে। কাজে কাজেই জীবনভাবনায় মাসরুরের সতত বিকাশশীল চেতনালোকের এই ইন্টারিমে যেসব লেখা পাবো, তা কার্যত সময়-সভ্যতার রূঢ় ইতিহাস বোধের নিগূঢ় সংমিশ্রনের শিল্পরূপ। প্রথাপরিবেষ্টিত উপন্যাসের আখ্যান, প্রেম-রোমান্টিকতা, নায়ক-নায়িকার মিষ্টি বা ট্রাজিক পরিণতি তাঁর অন্বিষ্ট নয়। মাসরুরের রূপকী প্লট, চরিত্র, ভাষাভঙ্গি, চরিত্রচিত্রণ- সমকালচেতন। সমাজরাষ্ট্রের পাতালপ্রণালির নির্মমতা সম্পর্কে ওয়াকিফহাল থাকতে শিল্পমোড়কে তা ভোক্তাপাঠককে নিয়ত প্ররোচনা দিতে থাকে, মীমাংসা দিয়ে থিতু করে না। মীমাংসা দেয় না বলে তা আরোপদুষ্ট অভিযোগের উর্ধ্বে। উপর্যুক্ত বিষয়গুলোকে সামনে রেখে 'আন্ডারগ্রাউন্ড'পাঠে ব্রতি হলে এর শিল্পরূপটি ধরা যাবে।

লেখক উপন্যাসের পরিকল্পিত পরিণতিকে চিত্রিত করতে আখ্যান শুরু করছেন মস্কো শহর থেকে। সংক্ষেপে প্লটটি হচ্ছে, কথাকার উত্তমপুরুষ নায়ক 'আমি' পেশায় সাংবাদিক-ঢাকার পত্রিকার তরুণতম সম্পাদক, মস্কো এসেছে সাংবাদিকদের আন্তর্জাতিক এক সম্মেলনে যোগ দিতে। ছাব্বিশ বছর আগে আন্ডারগ্রাউন্ড রাজনীতির তরফে রাশিয়ায় পাড়ি জমানো পরিবারবিচ্ছিন্ন অগ্রজ শামসুল আরেফিনকে খুঁজে বের করাকে মিশন হিসাবে নিয়েছে। হারানো ছেলের সঙ্গে মায়ের কথা বলার আকুতি নায়ককে এই মিশন নিতে প্রণোদিত করেছে। সে ঢাকার সাংবাদিক বন্ধু রাহাতের অনুজ রাশিয়াপ্রবাসী সাদাতের সাহায্য নেয়। কমিউনিজম ও রুবলের পতনে দেউলিয়া সাদাত বিষাদগ্রস্থ ও আত্মহনোন্মুখ। তার স্ত্রী বাঙালি-রাশান শংকর সুন্দরী ভ্যালেন্তিনা ইলেকট্রিনক মিডিয়ার সাংবাদিক। বরিশালের ভাটিখানায় একসঙ্গে বেড়ে ওঠা নায়কের বাল্যবন্ধু কামাল রাশিয়ায় বিলিওনিয়ার। সে প্রতাপশালী শাসক ভ্লাদিমির পুতিনের ৩৫ নম্বর সার্কেলের লোক। ভাইয়ের অনুসন্ধানের সুবাদে সাদাত-ভ্যালেন্তিনার সঙ্গে নায়েকের পরিচয় ও ঘনিষ্ঠতা। তারা নায়কের কাছে ধন্যাঢ্যপ্রবাসী কামাল প্রসঙ্গ ওঠায়। কামালের সঙ্গে কথোপোকথনে সমকামতর হিন্দু গৃহশিক্ষক প্রদীপ বসাকের সম্প্রদায়সঙ্কট ও মৃত্যুর স্মৃতিময়তা উথলে ওঠে। একরাতে কামাল নায়ককে মস্কো আন্ডারগ্রাউন্ড' নামের এক উদ্ভট-দুনিয়া দেখায়। পৃথিবীর অদেখা সিস্টেমের নাড়িভুড়ি উন্মোচিত হয় সেখানা থেকে। ভাতৃসাক্ষাৎ সাদামাটাভাবে শেষ করে নায়ক মনোনিবেশ করে রাশিয়ার প্রখ্যাত কবি ওসিপ মান্দেলশ্তাম হত্যাকান্ড রহস্য উন্মোচনে। কবির মস্কোর ফ্ল্যাট-যা এখন জাদুঘর- দেখতে যায় নায়ক, সাদাত ও ভ্যালেন্তিনা। ওসিপ এক্সপার্ট চেচেনযোদ্ধা তকদিরভ, মারা ভোরহিস, প্রিসবিলস্কি, তারানোভস্কি, পিনখোস, দিমিত্রসহ নানা চরিত্রের সঙ্গে মিথস্ক্রিয়া, পুলিশী জেরা, অভিনয় ও ফিল্মের মাধ্যমে কবির জীবনকৃতি উঠে আসে। নায়কসহ দর্শণার্থীরা নাটকীয়ভাবে প্রাতিষ্ঠানিক ডাকাতির শিকার হয় এখানে। পরে ঘনিষ্ঠ হয়ে ওঠা ভ্যালেন্তিনা হোটেলের নায়কের কক্ষে এলে নায়ক ভোগলিপ্সায় মেতে ওঠে এবং তরমুজ খেয়ের এর সমাপ্তি টানে। রাতে গাইড দিমিত্রির কাছ থেকে নায়ক কবি মান্দেলশ্তামের মৃত্যুর ফাইলটি কব্জা করে এবং রহস্যের জট একটার পর একটা খুলতে থাকে। ঢাকা ফেরার দিন তাকে এয়ারপোর্টে আটকে আন্ডারগ্রাউন্ড সম্পর্কে জেরা করা হয়। জেরার উত্তরে পৃথিবীর সিস্টেম এবং ওসিপের মৃত্যুর নেপথ্য উঠে আসে।

২.
বার্তামুখ্য রাজনৈতিক উপন্যাসের-যা রাষ্ট্রীয় নিপীড়নের প্রমাণ অনুসন্ধানে এগোবে-আখ্যান জমজমাট করা বা ঘটনাসংগঠন জটিল। বক্তব্যের তাগিদে গল্পের নান্দনিকতা ক্ষুন্ন হওয়া স্বাভাবিক। মাসরুর আরেফিন দেশি-বিদেশি উপন্যাসশিল্পের অন্দরমাড়ানো মানুষ বলে জটিলকে করে তুলেছেন জলবৎ। দক্ষ ঔপন্যাসিক ঘটনা পরম্পরাকে সুক্ষ্ণ অন্তর্বয়নের মাধ্যমে জীবনের নিগূঢ় সত্যে প্রস্ফূটিত করে তোলেন। আন্ডারগ্রাউন্ডে গল্পের গতি, বলার মুন্সিয়ানা, ঘটনাস্রোতের মধ্যে ভাবালুতাময়ফ্ল্যাশব্যাক, নাটকীয়তাসৃজন, চরিত্রচিত্রণ- সব মাপকাঠিতে লেখক শিল্পসিদ্ধির প্রমাণ দিয়েছেন। এতে সজীব-চলমান চরিত্র চেচেন মুসলিম তকদিরভ, রাশান গাইড দিমিত্রি, স্বাধীনতাত্তোর বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রাজনীতির বলি শামসুল আরেফিন, ওসিপ জাদুঘরের মারা ভোরহিস, ইমিগ্রেশন পুলিশ দ্রাজদাপারমা নিজ নিজ শ্র্রেণীর প্রতিনিধি। নব্য ধনী ও প্রতাপশালী মাফিয়াশ্র্রেণীর প্রতিনিধি কথকের বন্ধু কামাল, কমিউনিজমপতনে আর্থিক দেউলিয়াত্বে বিপন্নমানস যুবার প্রতীক সাদাত, বিপন্ন স্বামীর স্ত্রী হিসাবে লক্ষ রাশান নারীর প্রতীক ভ্যালেন্তিনা উপন্যাসের গল্পকে টানটান করে এগিয়ে নেয়। আন্ডারগ্রাউন্ড নামের উদ্ভট পাতালজগতের জেনারেল ফ্লাইশটারমেশ্টার, খাম খাম, খ্যাঁক সেআল, টানাপার্টির বোগলি, ওলগাসহ নানা চরিত্র ; অদৃশ্য, রহস্যময় ও চমৎকার চরিত্র 'মিকি', ড্রাগন ও 'সেবাস্তিয়ান' নির্জীব হলেও আখ্যানের মাধুর্য বাড়ায়। প্রয়াত মান্দেলশ্তাম উপন্যাসকে চালিত করলেও ঐতিহাসিক বা রেফারেন্স চরিত্র মাত্র। নায়ককে সারাক্ষণ সঙ্গ দিয়ে যায় সাহিত্যজ্ঞানদীপিত নায়িকা ভ্যালেন্তিনা- উদ্ভিন্নযৌবণা, ফ্রেগ্রেন্সপ্রিয়, বাঙালি-রাশান সুন্দরী। ঐতিহাসিক ঘটনার পারম্পর্য রক্ষা, আখ্যানের বিকাশ ও বক্তব্যময়তার একঘেঁয়েমি কাটাতে চরিত্রগুলো সজীব, চলমান ও সংলাপমুখর। চরিত্রচিত্রণ এ উপন্যাসের বড় এক সাফল্য।

মনীষীগণ বলেন 'উপন্যাস হচ্ছে জীবনার্থের রূপান্বিত রূপক'। 'পরীক্ষাপরিশীলিত চেতনাস্রোতের শব্দনির্মিত রূপকল্প'ই উপন্যাস (প্রফেসর সৈয়দ আকরম হোসেন)। ঔপন্যাসিকের আত্মবোধের সমগ্রতায় আবিস্কৃত জগৎ-জীবনের পরমার্থ উপন্যাসশিল্পের অন্বিষ্ট। আগেই বলেছি, নিয়ত পরিবর্তনমান পৃথিবীতে জটিল জীবনবাস্তবতাকে শিল্পে তুলে আনতে আধুনিক ঔপন্যাসিক সংজ্ঞার ঘেরাটোপ মানবেন কিনা সেটা এক প্রশ্ন। কারণ আধুনিক লেখকের আত্মবোধে জীবনার্থ যেখানে অমীমাংসিত, নিয়তসন্ধানশীল- তিনি উপমহাদেশীয় আদলে জীবনের পরমার্থের সন্ধান কেন দেবেন? রবীন্দ্রনাথের নায়করা পারিবারিক-সামাজিক দ্বন্দ্বের মধ্যেই ব্যক্তিচেতনাকে সমুন্নত রেখে জীবনসন্ধানী। মাসরুরের নায়ক জীবনের অর্থ নিয়েই দ্বিধাময়। জীবনার্থে দোদুল্যমানতা, পরিণতির বহতার জন্য-হতে পারে চেখভপ্রভাবিত- মাসরুরের 'আন্ডারগ্রাউন্ড' প্রথাফাড়া, বিরলব্যতিক্রমী, স্রোতবিপরীত উপন্যাস। তা লেখকের উপলব্ধিকে অন্যের ওপর আরোপ করে না, পাঠককে উস্কে দেয়, ভাবিত করে। বৃত্তাবদ্ধ প্রশমিত নির্দ্বন্দ্ব জীবনসত্যে থমকানোর বদলে এতে চলমানতার চমক-
সে বুঝল এখানকার তিনজনই আমরা নানা ধরনের জীবনযন্ত্রণার করুণ গল্পের সামনে বিস্রস্ত বিভ্রান্ত এবং বাংলাদেশ থেকে কাজে মস্কো আসা এই চেনা ভদ্রলোকের হাত তার স্ত্রীকে হয় অভয় দিচ্ছে, না হয় তাকে সাহস জোগাচ্ছে এ রকম খুনে ও মাত্রাজ্ঞানহীন এক সময়ে বেঁচে থাকা নিয়ে। (পৃষ্ঠা-২৯)।
জীবনের মানে বোঝার জন্য যেমন চেখভ পড়া জরুরি, জীবনের মানেহীনতাকে উপলব্ধি করার জন্যও তাই। ….কারো জীবন হয়তো অনেক বেশি গোছানো, সার্বিক বিচারে সংহতি ও সঙ্গতিপূর্ণ, জীবনের লক্ষ্যগুলোও ধাপে ধাপে বিন্যস্ত করা আর কোনো একটা প্যাটার্ণ মেনে সুন্দরও, তার মানে অফিশিয়ালি সেই লোকের জীবন মিনিংফুল…(পৃষ্ঠা-৩৩)
আমি কথাটা বলতে চাচ্ছিলাম জীবনের মিনিং নিয়ে। সিম্পল কথা এই ছিল যে, কারো জীবন দেখা গেল হয়তো ফরম্যালি মিনিংফুল, কিন্তু সেই জীবনের মরাল কন্টেন্ট ফাঁপা, তুচ্ছ, কদর্য…তিনি (চেখভ) বহুগল্পে একই মানুষের জীবনে মিনিংয়ের এই দুই বিপরীতমুখী ধারা থাকবার কথাটা অনেকবার বলেছেন(পৃষ্ঠা ৩৪-৩৫)।
মানে, কারো কাছে জীবনের মানে হয়তো ক্ষমতা থাকা, কারোর কাছে ধন, কারোর কাছে ভালোবাসার উপস্থিতি, সম্মান,
স্বাধীনতা ইত্যাদি; আবার কারোর কাছে এর মানে একটা প্রাণখোলা হাসি, কিছু প্রবল-প্রগাঢ় জীবনাভিজ্ঞতা, দেশের জন্য
কিছু করা, আত্মত্যাগ; আবার অন্য কারো কাছে তা জীবনে খোদার উপস্থিতি
(পৃষ্ঠা-৩৫)।
নামস্বার্থকতা উপন্যাসে শিল্পসিদ্ধির একটি উপাদান। এখানে সাংবাদিক হিসাবে নায়ক কনফারেন্সে যোগ দিতে মস্কো গেলেও 'মিশন' হিসাবে চিহ্নিত করা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রাজনীতির জেরে মস্কো পাড়ি জমানো অগ্রজকে খুঁজে বের করা, দেশে ফিরিয়ে আনা, সন্তানপ্রাণ বৃদ্ধা মায়ের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেয়াকে। মস্কোপ্রবাসী বাল্যবন্ধু কামাল ' মস্কো আন্ডারগ্রাউন্ড' নিয়ে গেলে বিভিন্ন চরিত্রের সঙ্গে কথোপোকথন ও দৃশ্যের মধ্য দিয়ে রাষ্ট্র ও সিস্টেমের অন্তর্গত রহস্য ভেদ হয়। আবার রাষ্ট্রীয়ভাবে নিগৃহীত কবি ওসিপ মান্দেলশ্তামের মুত্যু রহস্যের ফাইলটিও আন্ডারগ্রাউন্ড থেকে আবিষ্কার করে আলোয় আনা হয়েছে। 'আন্ডারগ্রাউন্ড' নামটি তাই সফল।

উপন্যাসটির চমক এর গদ্য। ওয়াডালি ব্রাদার্সের ঠুমরির তানের মতো এর গতি গীতলগদ্যস্নিগ্ধ। তা সতত তরঙ্গের মতো ওঠানামা করে। ঘটনা-অনুঘটনার জটিল বিন্যাস তর তর করে উঠে যায় স্বরলিপির নি সা'র ক্লাইমেক্সে, পরক্ষণে নেমে আসে 'সা রে' র নষ্টালজিয়ামুগ্ধ শৈশবের তৃণমূলে। বর্ণনায় লেখককে শব্দ হাতড়ে ফিরতে হয় বলে মনে হয় না।-
বলা হতো, ভাটিখানার সবার গায়ে কূপ পাখির ছায়া পড়েছে। …ওই আঁধার ফুঁড়ে সে ডাকত তার থরথরে অসুখাবহ ডাক-কূউপ, কূউপ। আমরা সেই ডাক শুনে স্নায়ুবিবশ চেহারা নিয়ে একে অন্যকে বলতাম, হুমম, কেউ না কেউ সামনেই মারা যাবে……কিন্তু ঘর থেকে ঘরে ঠিকই ছড়িয়ে পড়ত এমন কথা যে, লাশ বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে আমানতগঞ্জের বিলে কিংবা মাটি চাপা দেওয়া হয়েছে গোরখ ফুল ও ছাতিম-কদমের ঝাড় পার হয়ে যে মান্দারের পাষাণঝাড়, সেখানে… (পৃষ্ঠা-৯)।
…আমাদের এই আপাত সুখী পরিবারটা-লালভাঁট, বনজুঁই, টমেটো, পাতাবাহার, মোরগফুল, গন্ধরাজ ও শেফালির ঝাড়ে ঘেরা একতলা দালানে কষ্টেসৃষ্টে হাসতে হাসতে দিন কাটানো পরিবারটা-সোজা নিক্ষিপ্ত হলো এক শোকের মধ্যে-(পৃষ্ঠা-১৩)
মনে হলো, আমি চারপাশের এই রোদচঞ্চল সময়ের পাথরস্তূপের ওপরে দাঁড়িয়ে নিজের মৃত এক স্থির অতীতের সঙ্গে কথা বলতে চেষ্টা করছি শুধু, অর্থ্যাৎ উন্মাদের মতো নিজের হারিয়ে যাওয়া কন্ঠস্বরেরই প্রতিধ্বণি তুলছি এতক্ষণ (পৃষ্ঠা-১৪)।
আমার বোধের জগতে খাড়া হতে চাইল যা কিছু 'রাশিয়ান' তার সব-বলশয় থিয়েটারের গায়ে 'সোয়ান লেক' এর বিজ্ঞাপনের অপার্থিব আলোর ঝলক; রেড স্কয়ারে সেন্ট বাসিল ক্যাথড্রালের রঙিন পেঁয়াজের মতো গম্বুজে বিচ্ছুরিত সূর্যালোক;মেট্রোপল হোটেলের সামন চার বন্ধুর হা হা হাসি, যার মধ্যে একজন পরিস্কার মিথ্যা বলছে; আমার হাতের ডানে কাচে ঘেরা রেস্তোরাঁর কোনার টেবিলে এক গ্লাস রাশিয়ান বিয়ার ও তার সোনালি রং; গাছের পাতায় বাঁকা হয়ে বসা একটা একশ রং-পাখি;আর সুন্দর এক রাশিয়ান তরুণীর মাটিকে ঝুঁকে পড়ে কেডসের ফিতা বাঁধা, যার ফলে অন্ধকার এক টানেলের মতো দেখাল তার দু বুকের মাঝখানের শূণ্যতাটুকু(পৃষ্ঠা-২৫)।

আহা! কলেবরবৃদ্ধির রাশ টানতে বেশি উদ্ধৃতি না দিলেও বলতে পারি, বলকে বলকে উথলে ওঠা শৈশবের এই 'ভাটিখানা', 'আমানতগঞ্জের বিল', 'কূ উ প পাখি', 'ছাতিম-কদম', 'মান্দার', 'লালভাট','বনজুঁই', 'পাতাবাহার', 'গন্ধরাজ' , 'শেফালি', 'একতলা দালান' একদিকে লোকায়ত জীবনউৎসারিত, অন্যদিকে সীমান্তঅতিক্রমী আখ্যানস্পর্শী বলে আন্তর্জাতিকও। ওপরের উল্লেখসমূহ বাদেও গীতলগদ্য স্বপ্নরঙিন পাখা মেলেছে উপন্যাসের নায়িকা ভ্যালেন্তিনার চরিত্রচিত্রণ ও উপস্থিতির মুহুর্তসমূহে। ভ্যালেন্তিনা চরিত্রটি বক্তব্যবহুল উপন্যাসটিতে আগাগোড়া নায়কের সঙ্গেই শুধু লেপটে থাকে না, পাঠককে কুহকময় ঘোরে রেখে পাঠপ্রশান্তির প্রণোদনা দিয়ে যায়। সুন্দরী ভ্যালেন্তিনাকে বাদ দিয়ে এ উপন্যাস কল্পনা করা যায় না। তাঁকে ঘিরে নায়কের রোমান্সঘোর অতুলনীয়, লোভনীয় ও লেখকের মনোযোগনিষ্ঠ।-
আমি ভ্যালেন্তিনার বৈকাল লেকের স্বচ্ছ জলের মতো তরঙ্গিত হাসির সামনে চন্দ্রগ্রস্থ হলাম এক মুহূর্তের জন্য।(পৃষ্ঠা-২৬)।
আমি ভ্যালেন্তিনার চোখ দেখতে পেলাম প্রথমবারের মতো-টানা আয়তাকার, যেমন হয় সুন্দরী রাশিয়ান-পোলিশ-ইউক্রেনিয়ান মেয়েদের, আর তাতে ঘুম না হবার ক্লান্তি ও সমস্ত বাস্তবতাকে উপেক্ষা করে পাহাড়ে বেড়াতে যাবার ইচ্ছার ঝলকানি"
"আমি তাকিয়ে আছি ভ্যালেন্তিনার চোখের দিকে এমনভাবে যেনবা ও দুটোর ভেতরেই কোথাও আছে ইরকুতস্কের রেলস্টেশন, যেখানে নামলে পরে যাওয়া যায় বৈকাল হ্রদের পাড়ে
(পৃষ্ঠা-২৮)।
আমি দেখলাম, ভ্যালেন্তিনার হাত কেমন ভেজা-ভেজা, আর সে নিশ্চয় দেখল যে, আমার হাত শক্ত…(পৃষ্ঠা-২৯)।
আমি ভ্যালেন্তিনার মুক্তোদানার মতো ঝকঝকে সাদা দাঁত দেখতে লাগলাম। দাঁতের ওপরে স্ফটিকের মতো স্বচ্ছ সূক্ষ্ম দুই জলবুদ্বুদও দেখলাম। এত সুন্দর ছিল ওই বুদ্বুদ দুটো যেমন কিনা আমি পুরো জীবনে আর দেখিনি(পৃষ্ঠা-৩১) ।
আমি তার চুলের থেকে এবং গায়ের থেকে আসা পারফিউমের এক আজব গন্ধ পেলাম-গন্ধটা পুডিংয়ের, অনেক লবঙ্গ মেশানো পুডিং; গন্ধটা নেশা ধরানো, গন্ধটা সন্ধা রাতের, গন্ধটা প্রাদোষিক… (পৃষ্ঠা-৩২)।
আমি দেখতে লাগলাম তার সুদীর্ঘ আঙুল এবং টকটকে লাল নেলপলিশ লাগানো কনিক্যাল শেপের নখগুলো, আর বিশেষ করে তার হাতজুড়ে অনেক ছোট সোনালি রোম, সে কী মারাত্মক সোনা ঝরানো রোম তারা (পৃষ্ঠা-৩৩)।
…আমি এমনকি ভ্যালেন্তিনার মুখের বেশি কাছে চলে এসেছি,…এমনকি দেখে ফেলেছি যে, তার দাঁতের সামনের দিকে ঠোঁটের নিচে লুকানো দুটো ছোট-কুকুর দাঁত বা বিউটি-টুথও আছে, এমনকি দেখেছি যে, তার বুকের মাঝখানের টানেলটার গায়ে প্রতিফলিত হচ্ছে আকাশের ময়ূরকন্ঠী নীল এবং সেই টানেল ধরে উড়ছে অস্থিরতার অসংখ্য প্লেন (পৃষ্ঠা-৪৫)।
ভ্যালেন্তিনার বৈকাল হ্রদের মতো গভীর চোখের দিকে তাকিয়ে ভেসে যেতে লাগলাম নিপীড়িত-উৎপীড়িত রাশিয়ার মালভূমি ও পাহাড়গুলোর ওপর দিয়ে-এর ভলগা নদীতে ভেসে চলা নৌকা, এর নোভোসিবিরিস্কের সেন্ট, নিকোলাস চ্যাপেল, আবখাজিয়ার স্তেপে ক্লান্ত ঘোড়ার দল, কাজান শহরের বাসস্টেশন, স্মোলোনেস্কের 'শিখা অনির্বাণ' স্মৃতিসৌধ, কামচাটকার আগ্নেয়গিরি আর সেন্ পিটার্সবার্গে ভ্লাদিমির নবোকভের পৈতৃক প্রাসাদ, এইসব কিছুর ওপর দিয়ে আমি উড়তে লাগলাম এক মায়াভরা চোখের ভেতরে পৃথিবীর প্রারম্ভ ও কালগ্রাসকে দেখতে দেখতে। কেবল নারীর চোখই পারে পুরুষকে এভাবে সময়ের বৃত্তের ওপারে নিয়ে যেতে,..(পৃষ্ঠা-৪৭)।
…ও ভ্যালেন্তিনা, মস্কোর রোদ কেমন কলহাস্যেভরা, দিঘল;ও ভ্যালেন্তিনা, উত্তর মেরুতে রাতগুলো যখন নামে তখন ফ্লেমিঙ্গো পাখিগুলো লেকের পাড় গুলজার করে ছাড়ে; ও ভালোবাসা, তুমি একই সঙ্গো তোরাহ ও ত্রিপিটক, দুই ঊরুর কাছাকাছি মসৃণতা, আর আমরা অদূষিত ওই মিলনগুলোর শেষে অদূষিত ঘুমের মধ্যেই হারিয়ে যাই; ও ভ্যালেন্তিনা, সে অর্থে প্রেম ও মৃত্যু কাছাকাছি সময়েই আসে (পৃষ্ঠা-১১১)।
আমি লক্ষ্য করলাম, ট্যাক্সির ভেতর ভরে গেছে ভ্যালেন্তিনার দীর্ঘ কালো চুলে আজ সকালে লাগানো শ্যাম্পুর সুবাসে। সেই গন্ধ সুখী, আনন্দঘন ও স্বাধীনতাপ্রাপ্তির ভোররাতে ঘুমের শেষে নিশা অবসানের গন্ধ, যার মধ্যে তাম্রযুগের পৃথিবীর প্রথমাবস্থার টোন ও ডেফিনেশন বিদ্যমান(পৃষ্ঠা-১৯৫)।
ভ্যালেন্তিনা নামের মাদকতাময় মেয়ে লেপ্টে থাকে প্রেম-কাম, রোমান্স আর মায়াময় সৌন্দর্যের প্রতিভূ হয়ে শেষাবধি। বর্ণনাসমূহ ঔপন্যাসিকের গভীর জীবনদৃষ্টি ও অনুপূঙ্খ বয়ানকৃতির প্রমাণবহ।

৩.
আধুনিক ঔপন্যাসিক রবীন্দ্রনাথ চরিত্রের বেদনা ও মনস্তাত্ত্বিক সঙ্কট ও বিশেষ মুহূর্তকে প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিয়ে অপরূপ শিল্প সৃজন করেছেন। রবীন্দ্রনাথের শিল্পকৌশলটি চেতন-অবচেতনে ব্যবহৃত হতে দেখি এখানে। মাসরুরের অন্যতম শিল্পরূপ বুঝতে ওই টেকনিকটি স্মরণে রাখতে হবে। নায়ক ও ভ্যালেন্তিনাকে রেখে সাদাত পানি বা কোক আনতে গেলে অন্তর্বাস সমস্যায় একহাতে জ্যাকেট ধরে অন্যহাতে বুক-পিঠ চুলকাতে থাকে ভ্যালেন্তিনা। এই অস্বস্তি ছড়িয়ে যায় আকাশনীলে…
এ মুহূর্তে আকাশ বেয়ে বহুদূরে, এমন যে, অন্য আকাশের গা ধরে কোনাকুনি, উড়ে যেতে লাগল চার চারটে প্লেন, সাদা ধোঁয়া ছড়িয়ে আর নি:শব্দে। দূরে একটা গাছ , বোঝাই যাচ্ছে উইপিং সাইপ্রেস, মাত্র একখানা। ….আকাশে প্লেনগুলো এক পাক খেয়ে এদিকে ফিরে আসছে। তাদের দেখে মনে হচ্ছে তারা যেন নীলকে তাড়াচ্ছে, নীলকে ধোঁয়ায় সাদা করে দেবার খেলা খেলছে একরকম (পৃষ্ঠা-৪৪)।
মস্কো আন্ডারগ্রাউন্ড দেখার ঘোর থেকে বের হয়ে নায়ক যখন আবিষ্কার করে কামালসহ রাতে তারা নোভিনস্কি বুলভারসংলগ্ন যে গলির মধ্যে বেন্টলি গাড়ি বা ফোর ডাইমেনশন গেমের কনসোলের কাছে এসেছিল-সেখানেই দাঁড়িয়ে আছে। নায়কের হতচকিত, হতভম্ব মূহূর্তের পরিপার্শ্ব:
আমি একবার গাড়িটার দিকে তাকালাম, একবার কামালের দিকে, আরেকবার পায়ের নিচের পিচ ও সামনের বড় হাইওয়েটার দিকে, যেখানে অজস্র গাড়ি এ মুহূর্তে পড়িমরি ছুটে যাচ্ছে রাতের বিশ্রামের খোঁজে (পৃষ্ঠা-১০১)।
হোটেলকক্ষে প্রেমহীন দেহকর্মের পর নায়ক ও ভ্যালেন্তিনা ক্লান্ত, অবসন্ন, নৈ:শব্দের ভিক্টিম। প্রকৃতি-পরিপার্শ্ব জেগে ওঠে:
বাইরে দূরে হোটেলের গাড়িগুলো রাস্তার ওদিক থেকে ছুটে হোটেলের দিকে এসে এই হোটেলের গায়ে বাড়ি খেয়ে অন্যদিকে সরে সরে যাচ্ছে পিচ্ছিল এক ঢঙে, আর রাতের আলো চাঁদের সরে যাওয়ার সঙ্গে তাল মিলিয়ে সরে যাচ্ছে একই দিকে (পৃষ্ঠা-১৬৮)।
ওসিপ নিগ্রহ ও মৃত্যুর নথি হাতে পাওয়ার পর নায়ক একের পর এক ঘটনা উদ্ঘাটনে অস্থির, নির্ঘুম দেশে ফেরার তাড়ায় শশব্যস্ত। এমন এক রাতে ভ্যালেন্তিনার কাছ থেকে ক্ষুদেবার্তা আসে রাশিয়ার সবচেয়ে ভাল পিস্তল মাকারভ নিয়ে। সে রাতে ডেকে ওঠে ভাটিখানার ডগা নামের কুকুর:
বাইরে স্মোলেনেস্কায়া স্টেশনের দিকে আমাদের ভাটিখানার ডগা নামের কুকুরটা ডেকে উঠল ঘেউ ঘেউ করে। আমি জানালার দিকে গেলাম। রাস্তার আলোর রিফ্লেকশন হোটেল রুমের জানালার পুরোটা জুড়ে, তাই আমাকের অনেক্ষণ ধরে খুলতে হলো জানালাটা…(পৃষ্ঠা -১৭৯)।

৪.
মাসরুর আরেফিনের সাহিত্যের নিগূঢ় লক্ষ্য ও বক্তব্য একটিই: সভ্যতা, সমাজ-রাষ্ট্রের সিস্টেমের কদর্যরূপ সম্পর্কে সচেতনতার প্ররোচণা। এবং তা নৈতিক বা আদর্শগত কোন অবস্থান না নিয়েই। বিশ্বশিল্পীদের মতো কালের কোপানল থেকে বাঁচতে তিনি গ্রহণ করেন সার্কাসের লাফিয়ে চলা বালকের বেশ, আশ্রয় নেন নির্মম ঐতিহাসিক ঘটনার। বার বারই বলছি,তাঁর উপজীব্য ভূতলবিশ্বের অন্ত:সলিলে বহমান রক্তপাতপ্রবণ সিস্টেমের খোলনলচে অনুসন্ধান। নিগ্রহ, বাকস্বাধীনতা, কমিউনিজমের পতন, ধনী-দরিদ্রের চিরায়ত বৈষম্য, বিকৃত সমকাম, সংখ্যালঘুর শঙ্কিত মনস্তত্ত্ব,হত্যা, প্রেমহীন পরকিয়ার মতো সমকালীনতায় ডুব দিয়ে সময় ও সিস্টেমকে তুলে আনা এ লেখার উদ্দিষ্ট। উপন্যাসের অর্ধেকাংশের পর গল্পকেন্দ্রে কর্তৃত্ব করা ওসিপ নিগ্রহরহস্য উদ্ঘাটন কার্যত: সমকালের গালে তীব্রবেগ চেপেটাঘাতের শিল্পান্তর। বলার কথাটি সর্বত্রই পাড়া হচ্ছে। লেখকের বাকপ্রতিমা কখনো পৃথিবীর সিস্টেমসন্ধানে ব্রতি, কখনো কমিউনিজমে ডিল্যুশন ও পতনজনিত হতাশায় মোড়া। কথা একবাক্যেরই : পৃথিবীর সামনের উঠোনে পাতাবাহারের গাছ, পেছনের জঙ্গলে বাচ্চা মেয়ে খাম-খামের কান্না।

আমার মনে কেন যেন এই্ প্রশ্ন জাগল যে, আগে যেমন পুরো মানবজাতির আশা ও আশাহীনতাকে দুই মেরুর দিকে ঠেলে দিয়ে পৃথিবীকে টানটান করে ধরে রেখেছিল মার্কসবাদ, সেই দিনের কি আজ সম্ভবত শেষ? এখনকার সবচেয়ে বড় কম্যুনিস্টও তো আর আমাদের মানে কোনো আশার আলো জাগান না …আমি নির্বোধের মতো আমাকে ধরে টানতে থাকা সাদাতকে বললাম, প্রলেতারিয়েতের অবস্থাই জীবনের 'সত্য', মানলাম, ওই কথা আমি নিজেও মানি, ওই কথা মানবার মধ্যই জীবনের একটা মানে খুঁজে পাওয়া যায়, কিন্তু ওই 'সত্য'কে স্টার্টিং-পয়েন্ট ধরে বাকি সব যাত্রা শুরু করার যে আকাঙ্ক্ষা ব্যক্ত ছিল অত অত বইয়ে, সেসব বই আজ আর পড়াও যায় না, খুলেও দেখা যায় না (পৃষ্ঠা-৪০-৪১)।
রাশিয়া বুঝল যে, এই পৃথিবীর সবচাইতে বড় সমস্যা, এর নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে-বিপ্লবের পরে কী সমাজ হবে তা এ্যাকুরেটলি বলতে না পারার সমস্যা। হা- হা। আসল সত্যটা শুনবি? কম্যুনিজম চইলা যাইতে যাইতে রাশিয়া বুঝল, বিপ্লবের পরে কী তা বলতে পারা কোনো সমস্যাই না। ওইটা বলা আর করা আসলে সহজ, অনেক সহজ। বিপ্লবের পরে আবার বিপ্লবের আগেরই সমাজ(পৃষ্ঠা-৬৯)।
আমি বললাম, 'সিস্টেমের ডেফিনেশনে যা সমাজের সত্য, তা আমাদের এমন এক ধোঁকা দেয় যে, আমার বাইরে অন্য সত্য নেই। বলে যে, তোমার অন্য কোন সত্য মানার অর্থই হবে পৃথিবীতে তোমার না-টেকা, না-থাকা। এইটা হুমকি, মানে এমন যে, সিস্টেমকে বিশ্বাস করো, তা হলে তুমি থাকবে (পৃষ্ঠা-১২২)।
এই পৃথিবী কোনো রকম কোনো আহ্লাদের জায়গা নয়। অসম্ভব। এইটা অসম্ভব রকমের এক বড় বোরিং মিশনের মাটিতে সামান্য ফাটা পেলেই ভেতরে ঢুকে যাবার জায়গা; আর সেই ঢোকার পদ্ধতির নাম সভ্যতা;এবং ঢোকাটা যে-প্রোডাক্ট তার প্যাকেজ করা নাম সিস্টেম;আর ভেতরে ঢুকে পর ছিদ্রস্থিত হওয়ার, গতে বসানোর, বসে যাওয়ার নাম-সময়। আমাদের কাজ ওই সময়ের, ওই কালের প্রবাহের পেছনে ছুটতে থাকা, ছুটতে ছুটতে ওর আওয়াজ, বাওয়াজ ও বিকাশের ছটফটানিকে শোনা (পৃষ্ঠা-১৬৯)।
বিশ্বভূগোল, অনন্ত সময় ও গড়ে ওঠা সভ্যতাকে সরলরেখায় ভাবার প্রবণতা আছে উপন্যাসে। হতে পারে তা লেখকের জীবনদৃষ্টির বড় একটি দিক। এই সরলীকরণে তিনি অনায়াস বলে মস্কো আন্ডারগ্রাউন্ডে যে জগত দেখেন, তা হয়ে ওঠে ছাদ-মেঝেহীন বৃত্তাকার পাথুরে প্রান্তর। সময়, সভ্যতা ও রাষ্ট্রীয় সিস্টেমকে সরলরেখায় ভাবতে পারা বড় ব্যাপার।
"মনে হলো ফোনের অন্য পাশে আছেন বুঝি ইউরি গ্যাগারিন- …আছেন এই সময় পেরিয়ে অন্য সময়ে, যেখানে অতীত, বর্তমান-ভবিষ্যৎ এক মোহনায় এসে স্রেফ এক খাড়া স্থব্ধতা;….কোন আপেক্ষিকতার অবলম্বনহীন এক অনন্তস্থায়ী সময়, যা আসলে কখনও- না সময়
(পৃষ্ঠা-১৪)।
আমি দাঁড়িয়ে পড়লাম ব্যক্তিগত এক যুদ্ধের মুখে, যেখানে অতীত-ছেলেবেলায় আমাদের একসঙ্গে কাটানো অতীত-কোনো গত হয়ে যাওয়া, ইতি হয়ে যাওয়া, মুছে ফেলা লেনদেন নয়, সে বর্তমানের মধ্য দিয়ে সুতোর মতো বয়ে চলা চিনচিন এক ভারী জলের নদী (পৃষ্ঠা-১৫)।
…উদ্বেগ ও মানসিক ক্লান্তির মুহূর্তগুলোতে সময় যেহেতু সরলরেখায় চলে না পিংপং বলের মতো লাফিয়ে লাফিয়ে চলে, যেহেতু তখন প্রতিমুহূর্তের ভবিষ্যৎ বর্তমানের গায়ে হামলে পড়ে পিছল খেয়ে অস্বাভাবিক দ্রততায় পেছনমুখী চলে যায়,…(পৃষ্ঠা-১৬)
মানুষ ও বস্তু তার ইতিহাসের পুরো সময়জুড়ে এক অখন্ড, অপরিবর্তনীয় পুরো মানুষ ও পুরো বস্তুই(পৃষ্ঠা-২৩)
উপন্যাস থেকে উপরি পাওনা কবি ওসিপ মান্দেলশ্তামের দশটি কবিতার অনবদ্য অনুবাদ। আখ্যানের দাবি মেনে তা নানামুখে বসানো। কাল, রাষ্ট্র ও শাসনবিরোধী কবিতাগুলো উপন্যাসে কাব্যের সুষমা দেয়। "এই নেকড়ে-মারা কুকুরের কাল আমার কাঁধে দিচ্ছে থাবা…..আমার সমান যে জন, আমাকে মারবে দেখো সে-ই"। কাব্যের এই ভবিষ্যদ্বাণীও পরিণামে সত্য হয়ে ওঠে তাঁর জীবনে। উপন্যাস হয়ে উঠেছে ওসিপের কবিকৃতির নিখুঁত নির্ঘন্ট।

উপন্যাসের শেষপর্যন্ত কাহিনী অন্তর্বয়নে একাধিক অঘটন ও নাটকীয়তার সন্নিবেশ। দামাদেদোভো বিমানপোতে নায়কের নামার পর থেকে বিমানবন্দর থেকে ত্যাগ করা পর্যন্ত অঘটন। এতে লেখকের নীলদুর্বলতা পাঠমুগ্ধ মাত্রা পেয়েছে। নীল মণিহার, নীল আকাশ, নীল ময়ূরকন্ঠ নিয়ে চমৎকার বর্ণনা আছে। রহস্যময় চরিত্র 'মিকি', 'ড্রাগন' ও 'সেবাস্তিয়ান' এর উপস্থিতি রোমহর্ষক রোমাঞ্চমাত্রা আনে। চরিত্র, ঘটনা, ঘটনার স্থান-কাল, বিকাশমান গল্প কখনো লোকায়ত, কখনো আন্তর্জাতিকতায় রূপ নেয়। বৃহদাকার ক্যানভাস, চিরায়ত মানবিক বোধ ও সভ্যতার বিশ্বপ্রবণতা দেশকাল ছাপিয়ে যায়। ভাষান্তরিত হলে দেশভাষা নির্বিশেষে পাঠক সমান শিল্পরস পাবেন।

বিশ্বখ্যাত রাশিয়ান লেখক নিকোলাই গোগোল,আন্তন চেখভের প্রতি করজোড় ট্রিবিউট আছে এ উপন্যাসে। চেখভের 'লেডি উইথ এ লিটল ডগ' গল্পে নায়ক-নায়িকার 'তরমুজ'ময় সম্পর্ক এখানে অক্ষুন্ন। নিকোলাই গোগোলের 'ডেড সোলস' উপন্যাস যেরকম অসমাপ্ত বাক্য দিয়ে আপাত: শেষ হয়-এটাও সে বাক্যে উল্লেখ করে অসমাপ্ত রাখা। পৃথিবীর সিস্টেম যেহেতু চলমান তাই 'সামনে ভবিষ্যৎ অন্ধকার ঠিকই কিন্তু তারপরও খেলা চলবে' বলে উপন্যাসের যবনিকা টানেননি মাসরুর।

আবার বলি, রাষ্ট্র-সমাজের সংবেদনশীল সিস্টেমকে নাঙ্গা করতে শিল্পীসাহিত্যিকরা রূপক, প্রতীক ও ঘটনার আশ্রয় নেন। এ হিসাবে 'আন্ডারগ্রাউন্ড' সমকালকে বেড় দিয়ে ধরে রাখা শিল্পসৃষ্টি। এর ঘোরলাগা গল্পের শিল্পিতভাষ্যে সমকাল উঠে আসে বার বার-
এই বিশাল কালো পাথুরে প্রান্তর, তার সারা গায়ে দগদগে ঘায়ের মতো চোর-ডাকাত-খুনি-মাতাল-দুবৃত্তের দল ফুটে আছে পলাশফুলের ঝাঁকা হয়ে,…. (পৃষ্ঠা-৮৭)।
আমি বললাম, 'কোনো সন্দেহ আছে যে এই সময়, এই কাল একটা বুনো পশু? আর সেই পশুর মেরুদন্ড ভাঙা? (পৃষ্ঠা-২০১)।
…আর ভালোই গলা উঁচিয়ে বললাম আমার শেষ কথাটুকু: ভাইয়েরা, কিছুই ভুলবেন না। ….ভুলবেন না যে, আমাদের এই কাল, এই সময়, তার মেরুদন্ড ভাঙা (পৃষ্ঠা-২০৫।

৫.
উপন্যাসের জমজমাট গল্পে সমন্বয় ও জুড়ে দেয়ার কিছু কমতি যে চোখে পড়ে না, তা নয়। একে 'অপর্চুনিটি লস' বলতে পারি। এটা পুরোদস্তুর ফিকশন-কিন্তু এয়ারপোর্টের ঢাউস টিভিস্ক্রিনের 'দোলনায় বসা সুখী চেহারার মেয়েটা যেমন…..'দ্রাকোন' 'দ্রাকোন' বলে ছুটে' আসে নায়কের দিকে, তেমনি ফিকশনের অবগুন্ঠনময় 'আমি' নেকাব ছেড়ে জিরাফগলায় বেরিয়ে আসে বাস্তবপৃথিবীর 'আমি'তে। যেখানে একজন মাসরুর আরেফিনকে মান্দেলশ্তামপ্রিয়, সাহিত্যিক ও অনুবাদক হিসাবে সহজেই চেনা যায়। যিনি ফিকশনের 'সাংবাদিক' পরিচয় ও মস্কোয় আগমনের হেতু ভুলে শরির-মানসে 'এনগেজড' হয়ে পড়েন নিজের প্রিয়কবি নিগ্রহের হদিস-হান্টিংয়ে। এর মুখ্য চরিত্র সাদাত, ভ্যালেন্তিনা, কামাল আর এয়ারপোর্টপুলিশ প্রধান দ্রাজদাপারমার মুখে বসানো হয়েছে এমনসব জিজ্ঞাসা-যার জবাবে ফিকশন ও বাস্তবের দুই 'আমি' হয়েই দেয়া যায় বিবৃতিধর্মী দীর্ঘ জবাব।

উপন্যাসের পরিকল্পিত পরিণাম ওসিপরহস্য হলেও 'কথক'কের রাশিয়াগমন অগ্রজ-অনুসন্ধান মিশনে। মেধাবীশাণিত লেখক যদিও পৃষ্ঠাদশকের ভেতরেই সংকেতিত করেছেন আগুয়ান গল্পের গতিপ্রকৃতি:
আর আমাকে এও বুঝতে হবে যে, এই অবিশ্বাস্য কান খুলে পড়া শীতের দেশে, পুশকিন-লেরমন্তভ-ওসিপ মান্দেলশ্তাম ও বুখারিনের রক্তের বন্যায় থকথকে হয়ে থাকা এই মধ্যযুগের পুরাকথার দেশে বসে থেকে তিনি করছেনটাই বা কী?
রহস্য উন্মোচনে দৌড়ে ফেরা, ফিকশনচরিত্র দিমিত্রিগসিপে ওসিপনথি কব্জা, উপন্যাসঅন্তে ঐতিহাসিক দলিলাদি সংযুক্তিতে ফিকশন-বাস্তব-ফিকশন-বাস্তব মিশ্রিত হয়ে পড়েছে। বাংলাসাহিত্যে এরকম দেখেছি বলে মনে পড়ে না। লেখক প্রথা থেকে বেরিয়ে ভিন্ন একটি ঘরানা তৈরি করতে চাচ্ছেন হয়তো। তবে ফিকশনের সাংবাদিকের গায়ে 'অনুসন্ধানী' তকমা লাগিয়ে ওসিপ নিগ্রহের এসাইনমেন্ট দিলেই যৌক্তিকতার ল্যাঠা চুকে যেতো। ফিকশন-বাস্তব মিশ্রণের প্রশ্নও হতো তিরোহিত।
'আন্ডারগ্রাউন্ড'পাঠে আকস্মিক মনে হতে পারে- এই শব্দ, বাক্য, টার্ম কোথায় যেন পড়েছি। যেমন: এনকেভিডি, লাভরেন্তি বেরিয়া, সোনাবাচ্চা, পোল্যান্ডের কাতিন ফরেস্ট, মালতি-বকুল-জুঁই, মোরগফুল, গন্ধরাজ, পাতাবাহার। একদম ঠিক। লেখকের কবিতায়ও তা ব্যবহৃত হতে দেখি এন্তার। ছায়ার মতো তাঁর প্র্রিয়প্রসঙ্গ কবিতা বা উপন্যাসে ঘুরেফিরে বেড়াচ্ছে। স্পষ্ট করি। মস্কো আন্ডারগ্রাউন্ডঘোরের পর লেখকের উপলব্ধি-
আমাকে ঘুরিয়ে আনা হয়েছে বিশ্বপ্রকৃতি ও মানব ইতিহাসের সদর বারান্দা দিয়ে, যার সামনের উঠোনে পাতাবাহারের গাছ, যার ওপরের আকাশে মানুষের প্রতি হুকুমদাতা নীল, আর যার পেছনের জঙ্গলে জাতিগত বিদ্বেষ, শ্রেণীঘৃণা, বর্ণবাদ, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ব্যালান্সশিটের টুকরোটাকরা ধরনের ইট-খোলামকুচি।
নিবিষ্ঠ পাঠকের চোখ এড়ায় না মাসরুরের সাম্প্রতিক কাব্যগ্রন্থ 'পরিস্থিতি যেহেতু আগুন হয়ে আছে'র মোদ্দাকথাতেও যুক্ত তাঁর সাহিত্যচর্চার উপরিল্লিখিত মৌল প্রণোদনাগুচ্ছ। তা সিস্টেমের 'ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট' গোছের। আসলে তা- 'দৃশ্যত ভালো মানুষের কিন্তু বস্তুত অন্তর্ঘাতের ছাপ মারা মুখটাকে অসংখ্য প্লেনযাত্রীর মধ্যে লুকিয়ে ফেলা'র।