২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেদী মাহমুদ চৌধুরীর ‘গণিত ভাবনা’

হাসান চৌধুরী

Published : 04 Jan 2021, 09:41 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


একজন লেখকের রচনাশৈলী, উপস্থাপনা-কৌশল ও ভাষার সাবলীলতা অনেক গুরুগম্ভীর বিষয়ের লেখাকেও সাধারণ পাঠকের কাছে সুখপাঠ্য করে তুলতে পারে। আমাদের জ্ঞানজগতের যে বিশালতা ও ব্যাপ্তি এবং বিভিন্ন শাখা-প্রশাখায় বিভাজিত হয়ে জ্ঞান-বিজ্ঞান আজ যে সুক্ষ্ণতায় চলে গেছে যে, এমন অনেক বিষয় আছে যার প্রতি কোন বিশেষ গোষ্ঠী আগ্রহী হয় শুধুমাত্র তার উপযোগিতার কারণে। যেমন পদার্থবিদ্যা, যুক্তিবিদ্যা, তাত্ত্বিক দর্শন বা গণিত বিষয়ের লিখিত প্রণালীবদ্ধ বই শুধুমাত্র এ বিষয়ে ছাত্রদের মাঝেই আগ্রহ তৈরী করে; কারণ এ বিষয়গুলোর একটি উপযোগিতা ও মুল্য আছে তার কাছে। যাদের কাছে এ বিষয়গুলোর উপযোগিতা নেই তারা এতে আগ্রহান্বিত হয়না। কিন্তু একজন লেখক যদি যে বিষয়গুলোকে আমরা বলি রসকষহীন ও কাঠখোট্টা সে বিষয়ে লেখার ক্ষেত্রে এমন সৃজনকৌশল অবলম্বন করেন যা পাঠকচিত্তে শুধু রস সঞ্চার করেনা বরং পাঠক আনন্দস্রোতে ভেসে ভেসে জ্ঞানবিজ্ঞানের রহস্যময় জগত পরিভ্রমণ করেন তবে তাকে সফল বা সার্থক না বলে উপায় নেই।

এবার বই মেলায় মেহেদী মাহমুদ চৌধুরী কর্তৃক লিখিত এবং পাঠক সমাবেশ কর্তৃক প্রকাশিত "গণিত ভাবনা" বইটি এ ধরনের একটি ব্যতিক্রমী গ্রন্থ। নাম দেখে বোঝা যায় বইটির মূল বিষয় গণিত। বইটি পড়া শুরু করলে পাঠক বুঝতে পারবেন এর রচনা-কৌশলে যেমন রয়েছে অভিনবত্ব তেমনি তাতে রয়েছে লেখন-কৌশলে লেখকের প্রাতিস্বিকতার পরিচয়। গণিত আলোচনার মূল ফোকাস হলেও লেখক সরাসরি গণিতের আলোচনায় যান না। বরং শিল্প, সাহিত্য, দর্শন, ব্যক্তিগত অভিজ্ঞতার নানা বিষয়ের অবতারণা ও বুদ্ধিদীপ্ত আলোচনার মাধ্যমে পাঠকের চিত্তে রস সঞ্চার ও মননকে উদ্দীপ্ত করে লেখক গণিতের রহস্যময় ও সুশৃংখল জগতে প্রবেশ করেন। বইটির বেশ কিছু পর্ব প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় এবং তাতে পাঠকের প্রতিক্রিয়া থেকে বুঝা যায় লেখাগুলো সুখপাঠ্য হচ্ছে এবং পাঠকপ্রিয়তা পাচ্ছে। মোট ২৮ পর্বে বিভক্ত বইটিতে অত্যন্ত গতিময় ভাষায় লেখক শিল্প সাহিত্য ও গণিত বিষয়ে তাৎপর্যপূর্ণ ও সমৃদ্ধ আলোচনা করেছেন। লেখকের মতে গাণিতিক সক্ষমতা মানুষের অন্তর্গত বৈশিষ্ট। সব সময় মানুষ মনের ভেতর অংক কষে যাচ্ছে কাগজ-কলম কম্পিউটার ছাড়াই। ২য় পর্বে লেখক চমৎকার আলোচনার মাধ্যমে দেখিয়েছেন কীভাবে মানবমস্তিস্কের মাধ্যমে গণিতের ভাষা ও গণিতশাস্ত্রের সৃষ্টি হয়। পিথাগোরাসের উপপাদ্য বিশ্লেষণের মাধ্যমে তিনি দেখিয়েছেন কীভাবে √2 সংখ্যাটি এলো। অত্যন্ত চমৎকার ভাবে গণিতের বেশ কিছু বিষয় তিনি আলোচনা করেছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ভোলানাথের তিনচারে নব্বই যে গণিতে সম্ভব সেটা তিনি দেখিয়েছেন। তবে সাধারণ পাটিগণিতে নয় এটা সম্ভব মডুলার পাটিগণিতে।

কবি উইলিয়াম ব্লেক নিরবধিকালকে হাতের মুঠোয় পেতে চেয়েছিলেন। ঠিক তেমনি অসীমত্বের সন্ধান করতে গিয়ে জার্মান গণিতবিদ গিওর্গ ক্যান্টর সেট থিওরি নামে গণিতের একটি শাখার জন্ম দিয়েছেন।
দার্শনিক বার্টান্ড রাসেল অসীমত্বের আলোচনা করতে গিয়ে এই সেট থিওরিকে গণিত শাস্ত্রে এক বড় আবিস্কার হিসেবে দেখছেন। এছাড়াও বইটিতে গালোয়ার গ্রুপ থিওরি, π (পাই) এর মান, মুলদ ও অমুলদ সংখ্যা, ইউক্লিডের উপপাদ্য, ক্যালকুলাসের সৃষ্টিসহ আরো নানা গাণিতিক বিষয় অত্যন্ত প্রাজ্ঞলভাবে লেখক আলোচনা করেছেন।

বীজগণিতের জনক আল খারিজমির উপর লেখক একটি পর্বে বিশদভাবে আলোচনা করেছেন। এই বিষয়ে লেখক বলেন "বীজগণিত ও দশমিক পদ্ধতিতে গণনা, আল খারিজমির এই দুই অবদান আমাদের জীবনকে যে সম্পূর্ণ বদলে ফেলেছে তাতে কোনো দ্বিমত থাকার কথা নয়"। গণিত যে ভাষায় কথা বলে তা তা আল খারিজমির তৈরি ভাষা । আল খারিজমি কে? তা না জানলেও তিনি যা শিখিয়েছেন তা আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি।

এছাড়া গণিতে বহুল ব্যবহৃত অ্যালগোরিদম শব্দটি যে আল খারিজমির নামের ল্যাটিন ভাষান্তর "আলগোরিদমি" থেকে এসেছে এই তথ্যটি লেখক তুলে ধরছেন।

ভারতবর্ষের বিস্ময়কর গণিত প্রতিভা রামানুজন ও তার গাণিতিক সূত্র বিষয়ে একটি পর্বে লেখক বিশদ আলোচনা করেছেন। মাদ্রাজ বন্দরের একজন কর্মচারী তার আবিস্কৃত কিছু গাণিতিক সূত্রসহ একটি চিঠি লিখেছিলেন বিখ্যাত ব্রিটিশ গণিতবিদ গডফ্রে হার্ডিকে। হার্ডি ভারত বর্ষের এই অসামান্য গণিত প্রতিভাকে ঠিকই বুঝতে পেরেছিলেন এবং তার জন্য স্কলারশিপের ব্যবস্থা করে রামানুজনকে বিলেতে নিয়ে গিয়েছিলেন। হার্ডিও রামানুজন একত্রে কাজ করেন এবং বেশ কিছু লেখা একত্রে প্রকাশ করেন। লেখক রামানুজনের বেশ কিছু সূত্র বইটিতে আলোচনা করেন।

যারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান পড়েছে তারা কমবেশী ক্যালকুলাসের সাথে পরিচিত। উনিশ পর্বে লেখক ক্যালকুলাস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ক্যালকুলাস আবিস্কার বিষয়ে আলোচনা করতে গিয়ে লেখক রবীন্দ্রনাথের বিখ্যাত জুতা আবিস্কার কবিতার প্রসঙ্গটি টেনে এনেছেন।

চামারের বুদ্ধিতে জুতার আবিস্কার হলেও গবু মন্ত্রী তাকে এ কৃতিত্ব দিতে নারাজ। গবু বললো "আমারও ছিল মনে বেটা জানতে পেরেছে সেটা" লেখক অবশ্য বলেছেন জুতা আবিস্কারে কমবেশি সবার অবদান আছে। মুলত: পূর্বের উপায়গুলো পর্যালোচনা করেই চামারের মাথায় 'জুতার' ধারণাটি আসে। তাই লেখক মনে করেন 'জুতা আবিস্কার' কোন একক কৃতিত্বের বিষয় নয় যদিও জুতা আবিস্কার কবিতায় চামারকেই এই কৃতিত্ব দেয়া হয়েছে। যাহোক ক্যালকুলাস আবিস্কার নিয়েও যে এ ধরনের এক পরিস্থিতির তৈরি হয়েছে তা লেখক তুলে ধরেছেন। ক্যালকুলাসের ডিফারেনসিয়েশন ও ইন্টিগ্রেশন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার পর লেখক যে তথ্যটি তুলে ধরেন তা হলো এই ভিন্নকরন ও যুক্তকরণ পদ্ধতি প্রায় একই সময়ে আবিস্কার করেন বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন ও বিখ্যাত জার্মান দার্শনিক গটফ্রিড লাইবনিৎস। তাদের দুজনকে ঘিরে এ নিয়ে গণিতের জগতে যথেষ্ট বিতর্ক হয়েছিল এবং এটাকে কেন্দ্র করেই এক ধরনের জাতিগত দ্বন্দ্বেরও সূত্রপাত হয়েছিল। লেখক জানান যে নিউটন ও লাইবনিৎস ক্যালকুলাসের এর অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নাম হলেও গণিতবিদদের সম্মিলিত প্রয়াসের ফলেই ক্যালকুলাসের সৃষ্টি।

একটি পর্বে ওমর খৈয়ামের উপর লেখক বিস্তারিত আলোচনা করেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর "একটাই মোমবাতি" কবিতার আলোচনা দিয়ে লেখক বিস্ময়কর প্রতিভা ওমর খৈয়ামের আলোচনার সূত্রপাত করেন। কবিতাটিতে মোমবাতির দুদিকে জ্বালানোর মত ওমর খৈয়ামের মাঝে সমীকরণ ঘটে দুটি বিপরীতমুখী প্রতিভার। যেমন তিনি একজন প্রতিভাবান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন একই সংগে তার 'রুবাইয়াৎ' কাব্য জগতে এক অমর সৃষ্টি। ফিটজেরাল্ডের ইংরেজী অনুবাদে তার 'রুবাইয়াৎ' পাশ্চাত্য ও প্রাচ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় ও ব্যাপকভাবে পঠিত হয়। অন্যদিকে গণিত ও জ্যোতির্বিজ্ঞানে তার প্রতিভার স্ফূরণও বিষ্ময়কর। সুলতান মালিক শাহের নির্দেশে তিনি দীর্ঘ ৫ বছরের পরিশ্রমে জ্বালালী ক্যালেন্ডার নির্মান করেন। সহকর্মীদের নিয়ে জ্যোতিস্কের গতিবিধি পর্যবেক্ষনের মধ্যদিয়ে তিনি এই ক্যালেন্ডার নির্মাণ করেন। আবার উচ্চতর দ্বিঘাত সমীকরণ ও ত্রিঘাত সমীকরণ তার এক অমর সৃষ্টি।
বইতে দার্শনিক দেকার্ত-এর উপর চমকপ্রদ তথ্য সম্বলিত একটি আলোচনা রয়েছে। দেকার্তের বিখ্যাত উক্তি "আমি চিন্তা করি তাই আমার অস্তিত্ব আছে" দর্শনের ইতিহাসে এক বাঁক পরিবর্তনকারী ঘটনা। এটার মধ্যদিয়ে তিনি পদ্ধতিগত দর্শনের সূত্রপাত ঘটিয়েছিলেন। কিন্তু চিন্তাকেই যে তিনি পৃথিবীর তাবৎ সমস্যার সমাধান ভাবতেন এবং চিন্তাই যে তার জ্ঞান সাধনার অন্যতম মাধ্যম ছিল তা লেখক সুন্দরভাবে আলোচনা করেছেন। চিন্তা করেই তিনি বীজগনিতের অনেক সমস্যার সমাধান করেছেন। গণিত বিষয়ে বইটির নানা পর্বে আরো অনেক চমৎপ্রদ, মজার ও বিশ্লেষণাত্মক আলোচনা রয়েছে।
'গণিত ভাবনা' নাম হলেও এটি শুধুমাত্র গণিত-বিষয়ক কোন বই নয়। বরং শিল্প সাহিত্য কবিতা, গান দর্শনসহ অনেক বিষয়ে লেখক অত্যন্ত সমৃদ্ধ ও উৎকৃষ্টমানের আলোচনা করেছেন। এটা নিঃসন্দেহে লেখার একটি নতুন স্টাইল। ফলে গণিতের জ্ঞান ও সাহিত্যের রসের মিশ্রনে পাঠক চিত্তে আনন্দ রসের সঞ্চার ঘটে এবং বইটি পাঠক প্রিয়তা পায়।

রবীন্দ্রনাথ , নজরুল, জীবনানন্দ দাস,শামসুর রহমান, শক্তি চট্টোপাধ্যায়, আল মাহমুদ, সুনীল চট্টোপাধ্যায়, রূদ্র মুহাম্মদ শহিদুল্লাহ, কামাল চৌধুরীসহ বাংলা সাহিত্যের প্রধান কবিদের কবিতা ও গান এখানে যেমন আলোচনায় এসেছে ঠিক তেমনি অনেক নবীন কবিদের কবিতাও তার লেখনীর উপজীব্য হয়েছে। সাহিত্যের উপর লেখকের আলোচনাসমুহ খুবই বুদ্ধিদীপ্ত ও উৎকৃষ্ট মানের। এছাড়া ভারতচন্দ্র ও সুনীলের কবিতার সূত্র ধরে তিনি পুরানের বেশ কিছু মজাদার কাহিনি বর্ণনা করেছেন যা পাঠককে নিঃসন্দেহে আনন্দিত করেছে। লেখক নিজে একজন কবি ফলে শিল্প সাহিত্যের বিচার বিশ্লেষণ ও আলোচনা সমালোচনাসমুহ মানসম্মত ও হৃদয়প্রাহী হয়েছে। এই আলোচনাসমুহ লেখকের পঠন-পাঠনের ব্যাপকতা ও উপলব্ধির গভীরতার পরিচয় বহন করে। "বইটি যেমন গণিতের তেমনি শিল্প সাহিত্য ও দর্শনের"। এই মন্তব্যটি একেবারেই যথার্থ। গণিত ভাবনা বইটি শেষ বিচারে বলা যায় একটি ব্যতিক্রমধর্মী ও চমৎকার সাহিত্যকর্ম।
বইটির প্রকাশক প্রত্যয় ইসলাম, প্রকাশিত হয়েছে সমাবেশ প্রকাশনী থেকে। প্রচ্ছদে ব্যবহৃত চিত্র এঁকেছেন লেখকের সহধর্মিনী জজিনা ফেরদৌস এবং প্রচ্ছদ 'ডিজাইন' করেছেন সেলিম আহমেদ। বইটির মুল্য ধার্য করা হয়েছে ৩৫০ টাকা।