২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘চোরাই আলো’র আঁধার দিগন্তে সপ্তবর্ণ রামধনু

লিপি নাসরিন

Published : 23 Nov 2020, 12:00 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


১৯৮৫ সালের এক শরতে জনির (Joan Johnstone ) সাথে বেদ মেহতার দেখা হয়। প্রায় ত্রিশ বছর তাঁকে বেদ দেখেনি বললেই চলে তবে সময়ে সময়ে জনির সম্পর্কে জেনেছেন। সে পিএইচ ডি করেছিল, বিয়ে করেছিল আবার ছাড়াছাড়িও হয়ে গিয়েছিল এইসব। সানফ্রান্সিসকোর নর্থ বিচে এক বন্ধুর বাড়িতে একটা দিন তাঁরা একসাথে কাটিয়েছিলেন। লাঞ্চ করেছিলেন, জড়তামুক্ত হয়ে কথা বলেছিলেন নিজেদের একান্ত অনুভূতির বিষয়গুলো নিয়ে যা পোমোনা কলেজে একসাথে পড়াকালিন তাঁরা কখনোই পারেননি।
পোমোনা কলেজে মেহতার গল্পটি জনি,অ্যানি লকউড, ফিলিস, মান্ডি আর মেরিকে নিয়ে যেমন তেমনি মিসেস ইথিল ক্লাইড, সহপাঠী কাইজো( যাকে মেহতা K বলে পরিচয় করিয়েছেন),আহমেদ, মিস্টার এবং মিসেস থান্ড, মিসেস ওটুমল এবং পমোনা কলেজে তাঁর প্রিয় শিক্ষক ও ডিনকে নিয়ে। এই আত্মজীবনীর পরতে পরতে ছড়িয়ে আছে বেদ মেহতার অন্ধত্বকে বুড়ো আঙুল দেখিয়ে অক্সফোর্ড আর হার্ভার্ড ক্যাম্পাস দাপিয়ে বেড়াবার আত্মপ্রত্যয়। সেদিনের সেই শরতের কাছাকাছি সান্নিধ্যে জনির কাছে বেদ জানতে চেয়েছিলেন তাঁকে তিনি প্রচণ্ড ভালোবাসেন জেনেও কেন সাড়া দেননি? এই ভালোবাসার কোন অর্থ তাঁর কাছে ছিলো কিনা। দুজনের সেই পুনরায় দেখাতে তাঁরা আবেগপ্রবণ হয়ে পোমোনা সময়ের সমস্ত না বলা কথা বলেছেন। অ্যানি সেই নারী জনি যাকে ভাবতেন মেহতার সঙ্গী হিসেবে উপযুক্ত হয়তো সে কারণেই জনি মেহতার জীবন থেকে সরে গিয়েছিলেন তাছাড়া তাঁর ভারতীয় সংস্কৃতিও জনির নিভৃতে ফিরে যাবার একটা বড় কারণ। জনিও যে তাঁর প্রতি গভীর অনুরক্ত ছিলেন সে কথা বেদ মেহতা ত্রিশ বছর পর তাঁর মুখ থেকে শুনেছিলেন। জনির সেই হাসির শব্দ ,যা বেদ মেহতা ত্রিশ বছর আগে নিজের মধ্যে লুকিয়ে লুকিয়ে শুনতেন- তাঁর দীর্ঘশ্বাস সবকিছু একে একে উঠে এসেছে তাঁদের দীর্ঘ বিরতি পর মুখোমুখিতে। পোমোনাতে মেহতার জন্য একজন করে পালাক্রমে রিডার থাকতো যাঁরা দুইঘণ্টা করে সময় বের করে বেদকে পড়ে শোনাতেন। কলেজের অর্থেই তাঁরা নিয়োগপ্রাপ্ত হতেন। অ্যানি, জনি, ফিলিস এ তিনজনই বেদের রিডার ছিলেন। সেসব স্মৃতি রোমন্থন করেছেন পুঙ্খানুপুঙ্খ বর্ণনায়।
অ্যানি বেদকে তাঁদের বাড়িতে নিয়ে গেছেন কিন্তু অ্যানির বাবা-মা বিষয়টাকে ভালোভাবে নেননি। মেহতা একজন প্রচণ্ড ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। যখনই বুঝেছেন কেউ তাঁর অন্ধত্ব নিয়ে করুণা করছে তখনই সরে এসেছেন। তিনি নিজেকে সবসময় কল্পনা করতেন দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের কাতারে তাই প্রফেসর টেনব্রক যখন থাকে অন্ধদের কল্যাণে কাজ করতে বলছিলেন তিনি সেটা অস্বীকার করেছিলেন। কারণ তিনি ভেবেছিলেন অন্ধদের জন্য কাজ করার অর্থ হচ্ছে তিনি নিজে অন্ধ সেটা বারবার নিজেকে মনে করিয়ে দেওয়া এমনকি দীর্ঘ জীবনে তিনি কখনোই সাদা ছড়ি ব্যবহার করেননি। এ কারণে কলেজের শিক্ষক এবং ডিন পর্যন্ত তাঁর নিরাপদ চলাচল নিয়ে উদ্বিগ্ন ছিলেন কিন্তু তাঁর জীবন নিয়ে তিনি যে একাই ভাবতে পারবেন সে কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন।

বেদ প্রকাশ মেহতা ১৯৩৪ সালের ২১ মার্চ অবিভক্ত ভারতের লাহোরে জন্ম গ্রহণ করেন। চার বছর বয়সে সেরিব্রস্পাইনাল মেনিনজাইটিসে তিনি দৃষ্টিশক্তি হারান। বাবা আমালক রাম মেহতা ছিলেন ডাক্তার এবং ভারতীয় সরকারে স্বাস্থ্য কর্মকর্তা। বেদের এক সাক্ষাৎকার থেকে জানা যায় তাঁর বাবা এজন্য সারাজীবন নিজেকে অপরাধী মনে করেছে যে সময়মতো দ্রুত ডাক্তারের কাছে নিলে হয়তো বেদকে এই চরম বাস্তবতার মুখোমুখি হতে হতো না। সেই অপরাধবোধ থেকেই তিনি তার সাত সন্তানের মধ্যে বেদের জন্য বেশি কাতর থাকতেন এবং বেদকে বোম্বেতে(মুম্বাই) না পড়িয়ে আরাকানসাস ব্লাইন্ড স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। পনের বছর বয়সে বেদ ভারত ছাড়েন। ১৯৫৭ তে তেইশ বছর বয়সে ছাত্রাবস্থায় তাঁর প্রথম আত্মজৈবনিক লেখা ছাপা হয় The Atlantic Monthly- Little Brown এ 'Face to Face' শিরোনামে । আরাকানসাস থেকে পোমোনাতে প্রথমে বেশ কিছুদিন নিঃসঙ্গভাবে মনোকষ্টে কাটিয়েছেন। প্রতি সপ্তাহান্তে সব ফ্রেশম্যানরা ফুটবল খেলতেন, Sagahens ছিলো পোমোনা কলেজের ফুটবল দলের নাম।
রাস্তা আর লেন ধরে রোমান্টিক ছেলে-মেয়েরা ঘুরে বেড়াতো। এক উইকেন্ডে যখন এক বন্ধু বেদকে জিজ্ঞেস করেছিলেন, কেন সে ফুটবল দলকে সমর্থন জানাতে মাঠে যায় না, কেন কোন মেয়ে বন্ধুকে নিয়ে Wash( গ্রীক থিয়েটার)এ যায় না, অথবা চার্চে যায় না? সে মানুষটি তার দৃষ্টি প্রতিবন্ধকতা তুচ্ছ জ্ঞান করে স্কলারশিপ নিয়ে দুনিয়া সেরা দুটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছিলেন তার চরিত্রের ঋজুতা হবে সুউচ্চ বৃক্ষের গুঁড়ির মতো দৃঢ়। তাঁর স্পষ্ট উত্তর ছিল তিনি হিন্দু এবং তাঁর কোন গাড়ি নেই। তবু এক উইকেন্ডে তিনি পড়ায় মন বসাতে পারছিলেন না। সাপ্তাহিক ছুটি তিনি পড়াশোনা করেই কাটাতেন কারণ পড়াটা ছিল তাঁর সময়বহুল কিন্তু কী এক অজানা আশঙ্কায় তিনি সেটি জানাতে পারেননি। তাঁর রুমটা ছিল ছাত্রদের প্রবেশ পথের কাছেই সেখান থেকে সিক্সথ স্ট্রিট দেখা যেতো।এখানে ক্যাম্পাসে সমস্ত প্যারেড ও rally অনুষ্ঠিত হতো। তিনি স্থির থাকতে পারেননি: দরজা খুললেন এবং আড়ালে বসে Laurie, Doug, Grayson, Richard Hungate আর তাঁর প্রিয় Johnnie (জনি)এর উল্লসিত হাসির ধ্বনি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলেন কিন্তু তাঁর মধ্যে ঘুম পাড়িয়ে রাখা এক অতৃপ্ত মনের সাথে লড়াই করে তাকে বসে রেখে বুঝিয়েছেন 'তুমি প্রতিবন্ধী (Handicapped) জগতের সব কিছু তোমার জন্য নয়।' আমালক রাম মেহতা তাঁর এই ছেলের প্রতি একপ্রকার অপরাধবোধ থেকে ছিলেন ভীষণ সংবেদনশীল এবং সবসময় চাইতেন বেদ অনন্যসাধারণ হয়ে উঠুক এবং বেদকে সাফল্যের শিখরে দেখতে তিনি নিজের সর্বোচ্চটুকুন নিংড়ে দিয়েছিলেন। মিসেস থান্ড থেকে মিসেস ওটুমল এবং ইথিল ক্লাইড নাম্নী এক Hypochondriac মহিলার পাগলামি সয়ে তাঁর Court Physician হয়েছেন শুধু বেদের পড়াশুনার কথা ভেবে। বেদ মেহতা সেসব চিত্র নিজেকেই নিজে দেখিয়েছেন স্পষ্ট উচ্চারণে।

বাবাই ছিলেন তাঁর জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় বন্ধু। ছোট বেলা থেকেই বাবা তাঁদের ভাইবোনদের শিখিয়েছিলেন তাঁর কাছে কোন কিছুই কখনো গোপন না করতে যাতে কোন বিপদ বা সমস্যা সৃষ্টি হলে তিনি তাঁদের সাহায্য করতে পারেন। বাবার কাছে দীর্ঘ চিঠিতে পোমোনা কলেজে তাঁর অনুভূতি, চিন্তা, তাঁর নিঃসঙ্গতার পীড়ন সবকিছু বিস্তারিত জানিয়ে লিখতেন। এমনকি তাঁর লেখা জার্নালগুলিতেও কলেজ জীবনের ঘটনাগুলোর দ্যুতিময় অনাবিল বর্ণনা রয়েছে। আরাকানসাস ব্লাইন্ড স্কুল থেকে পোমোনা কলেজে তাঁর খাপ খাইয়ে নিতে বেশ কষ্ট হয়েছিল প্রারম্ভিক পর্যায়ে কিন্তু তিনি তাঁর মেধা আর অদম্য ইচ্ছাশক্তির দ্বারা দ্রুত সেটি কাটিয়ে অনেকের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। 'The stolen light' বেদ মেহতার জীবনের গল্পের ছত্রে ছত্রে ছড়িয়ে রাখা এক আবৃত আলোককুঞ্জ। তিনি হেঁটেছেন আর উঠে গেছে পর্দা। চারিদিক আলোর ঝর্নার মাঝখান দিয়ে তিনি পৌঁছে গেছেন শিখরে অদ্ভুত সব নাটকীয়তায়। আমার মূল্যায়নের পরিমাপটা তেমনি যদিও- এ বই নিয়ে লিখতে বসে আমার কাছে মোটেও সহজসাধ্য মনে হয়নি। বেদ মেহতা আরাকানসাস ব্লাইন্ড স্কুলে সর্বোচ্চ গ্রেড পেয়ে মেডেলে ভূষিত হয়েছিলেন, তিনি ছিলেন ছাত্র সভাপতি । সবাই তাঁকে সমীহ করতো। আরাকানসাসকে তিনি মনে করতেন তাঁর দ্বিতীয় বাড়ি। সেখানে সবাই ছিলো আন্তরিক। বেদকে তাঁর শিক্ষকেরাও খুবই ভালোবাসতেন। আরাকানসাসের আত্মবিশ্বাসী, স্বাধীন এবং স্বনির্ভর বেদ পোমোনাতে পেয়েছিলেন ভীষণ এক বৈরী পরিবেশ। পোমোনা কলেজে তিনি ছিলেন একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী সে জন্যই হয়তো মানসিক ঋজুতা ছিল একটু কম। বাবার কাছে সেসব চিঠিতে পোমোনাতে আর্দ্র ,নিঃসঙ্গ হৃদয়ের বেদনার্ত ক্ষরণ বারবার প্রকাশ পেয়েছে। সেসব চিঠিগুলো বেদের বাবা সংগ্রহে রেখেছিলেন পরে আবার ছেলেকে ফেরত দিয়েছিলেন হয়তো তিনি বুঝেছিলেন চিঠিগুলো বেদের জীবনে এক অবিস্মরণীয় স্মৃতিতে ঠাঁই করে নেবে। সেসময়ের আবেগঘন চিঠি এবং লেখা অনেকগুলো জার্নালের অংশবিশেষ পড়লে বেদের মনস্তাত্ত্বিক বীক্ষণের এক পরিপূর্ণ রূপ ধরা পড়বে পাঠকের কাছে। তবে পোমোনাতে তাঁর স্বাধীনভাবে সব জায়গায় চলাচল, ক্লারিমন্ট শহরে একাকী যাওয়া সবাই খুব প্রশংসা করতেন কিন্তু কখনো তাঁরা বেদের সাহচর্যে একাত্ম হতেন না।

বেদের অন্তর্দ্বন্দ্বের স্বরূপ বা তাঁর অন্তক্ষরণের যন্ত্রণা বোঝা যায় যখন উচ্ছ্বসিত ফুটবল টিমটি জানালা অতিক্রম করে চলে যাচ্ছিল তখন তাঁর মনে হয়েছিল জনি নিশ্চয়ই সেই দলের সাথে আছে এবং হয়তো Laurie, Doug বা Richard এর মতো কাউকে বিয়ে করে তাঁদের জন্য বাড়ি বানাবে, তাঁদেরকে সন্তান উপহার দেবে আর সে সবসময় এভাবে জানালার পিছনে দাঁড়িয়ে থাকবে। আঠারো বছরের হালকা পাতলা গড়নের একটি ছেলে জনির প্রেমে পড়েছিল কিন্তু জনির দিক থেকে হয়তো কোনদিন সেটি ছিলো না বা থাকলেও বেদের ভালোবাসার বহমান নদীতে এক বিন্দু শিশির হয়তো। বেদের শারীরিক বর্ণনা জনির কাছে ছিলো একজোড়া পা যা তাঁর শারীরিক গড়নের তুলনায় একটু বেশি বড়। ভেদ যখন নিজেই বলেন , 'What a clown I must have to want to belong to the car culture of southern California to aspire to be of all things, a patriarch, a torchbearer for Christian civilization, when happiness for me obvious lay in marching, in my big shoes, to the beat of a different drummer.'

পোমোনাতে সারাক্ষণ অন্তর্দ্বন্দ্বে জারিত থাকলেও সেটা তাঁর কার্যকলাপে কোনদিন প্রকাশ পায়নি এবং এই ঝরে পড়া ক্ষরণকে বিগলিত করেই তিনি জয় করেছিলেন তাঁর বাহ্যিক অন্ধত্বকে। এই কলেজে প্রাথমিক পর্যায়ে তাকে একাকী চলতে হয়েছে। সবসময় তিনি ভয়ে থেকেছেন এই বুঝি তাঁর স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা ভেঙে খানখান হয়ে গেলো এবং তিনি অন্য কারো উপর নির্ভরশীল হয়ে পড়বেন যেভাবে সাধারণত মানুষ অন্ধদের ক্ষেত্রে বিবেচনা করে থাকে। কখনো তাঁর অস্তিত্বের সংকট প্রকট হয়ে দেখা দিয়েছে কিন্তু সেটি শুধুই তাঁর অন্তর্ঘাত জীর্ণতা বাইরে সেসবকে তিনি বিন্দুমাত্র আশ্রয়ে আনেননি। আর দশজন দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের কাতারেই নিজেকে শামিল করেছেন। কখনো হাঁটতে গিয়ে কারো সাথে শুভেচ্ছা বিনিময় হলে সেই তাঁদের কণ্ঠস্বর তাঁর মনে গেঁথে গিয়েছিল। ধীরে ধীরে সেই মানসিক জড়তা থেকে তিনি বের হয়ে এসে নিজেকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়, নিজেই নিজের মনোজাগতিক বুদ্ধিমত্তাকে করেছেন শাণিত। সর্বোচ্চ গ্রেড পেয়েছিলেন তিনি এবং তিনটি কলেজ মিলে যে International Relation Club গঠিত হয়েছিল তিনি তার প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ঠিক তার পরবর্তী শরৎকালে সারা আমেরিকা থেকে আগত তিনশ প্রতিনিধির সম্মেলনে – যাদের বেশিরভাগ ছিলেন বিদেশি, তিনি সভাপতিত্ব করেছিলেন।

পোমোনাতে লেখাপড়ার চালিয়ে নেওয়ার জন্য বেদ আর তাঁর বাবা পরিচিত মানুষের কাছে গেছেন যদি কোন ফান্ড বেদের জন্য পাওয়া যায় ।বেদের বাবা রাম মেহতার আমেরিকাতে কিছু পরিচিত বন্ধুমহল থান্ড পরিবার, ওটুমল পরিবার, তারা ছিলেন খুবই স্নেহার্দ্র বেদের প্রতি । তারপরও অনেক ধনী পরিবার একজন অন্ধ ছেলের প্রতি তাদের আচরণকে সাধারণ বোধগম্যতার মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। কখনো কেউ পরামর্শ দিয়েছেন কোন ব্লাইন্ড ফাউন্ডেশনে অন্ধদের সাথে কাজ করতে, কেউবা বলেছেন দেশে ফিরে যেতে। এ রকম একজন ধনী মানুষের বাড়ি থেকে চরম অপমানিত বোধ করে বেদ ফিরে এসেছিলেন।
'At a rich man's gate' অধ্যায়ে সে সবের বিস্তারিত বর্ণনা করেছেন।
বেদের বাবা ডাক্তার ছিলেন কিন্তু তিনি কখনোই প্রাইভেট প্র্যাকটিস করেননি এমনকি বেদের বর্ণনা অনুযায়ী একটা ইনজেকশন ও বোধ হয় কখনো পুশ করেননি এবং সেটি বেদের বাবার জন্য শোভনীয় ছিলো না। দেশভাগের পর তাঁর বাবা লাহোরের সব কিছু ছেড়ে এসে শরণার্থী হোন ভারতে। বেদের পড়ালেখার কোন ফান্ড পেতে যখনই তিনি কোন ধনাঢ্য দানশীল ব্যক্তির কাছে যেতেন বেদকে নিয়ে তখনই তিনি সেই কথা জানাতে ভুলতেন না কিন্তু বেদ তাঁর বাবার এই আচরণে মর্মাহত হতেন, ভাবতেন ড্যাডিজি তাঁর অন্ধত্ব আর শরণার্থী হওয়াকে পুঁজি করে তাঁদের মন গলাতে চাইছেন। শুধু তাই না তাঁর অন্য ভাইবোন রাও যে মেধাবী এবং ভারতে লেখাপড়া করছে সেটি জানাতেন। বেদ এই ব্যাপারটা ভালোভাবে নিতেন না কারণ ঐ বয়সটাতে মানসিক অবস্থাটা অমনি যখন নিজেদের আত্মসম্মানবোধের জায়গাটা খুবই নাজুক অবস্থায় থাকে। বেদ মেহতার বাবা সবসময় বলতেন,"We the Mehtas are lucky." এই বাক্যটি তাঁর মনের মধ্যে বেদবাক্যের মতো যেন অনুরণিত হতো, যখন কোন সমস্যা সামনে আসতো তিনি ঐ বাক্যটি উচ্চারণ করতেন।

মিসেস ইথিল ক্লাইডের দেখা পেয়েছিলেন রাম মেহতা এক দেবদূতের মতো অত্যন্ত নাটকীয়ভাবে। 'The stolen light'এর বর্ণনায় যেমন জড়িয়ে আছে জনি, মান্ডি, ফিলিস বা মেরি তেমনি আছে ইথিল ক্লাইড। তিনি ছাড়া বেদের জীবনের গল্প অসম্পূর্ণ। মিসেস ক্লাইড ছিলেন এক ধনাঢ্য পরিবারের সাত সন্তানের একজন। বেদের বাবা জনসংখ্যা বিষয়ক একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পেপার লিখে প্রথম পুরস্কার অর্জন করেন সেই সুবাদে একটি সংস্থার প্রধানের মাধ্যমে মিসেস ক্লাইডের সাথে তাঁর পরিচয়। ইথিল ক্লাইড ছিলেন মিসেস রুজভেল্টের বান্ধবী এবং বিভিন্ন দাতব্য সংস্থার একজন কন্ট্রিবিউটর। সপ্তশীপর এই বৃদ্ধা যেমন ছিলেন স্বাধীনচেতা তেমনি ছিলেন অস্থির বিষণ্ণ মানসিকতার মানুষ। নিজের এক ভাই, এক বোন তখনো বেঁচে ছিলেন কিন্তু তাদের সাথে তাঁর সম্পর্ক বলতে পক্ষকাল বা মাসান্তে একবার কিছুক্ষণের জন্য দেখতে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিলো। বন্ধু-বান্ধবী নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করতেন এবং বছরের অর্ধেক সময় ইউরোপে বেড়াতেন। বেদের বাবা মাসিক ১১৫০ ডলারের বেতনে তাঁর Court physician নিযুক্ত হবার পর থেকে তিনি ছিলেন তাঁর একমাত্র ভ্রমণ সঙ্গী।

১৯৫২ সালের ২৪ নভেম্বর বোম্বেতে (অধুনা মুম্বাই) যে Population Control Conference অনুষ্ঠিত হয় সে অনুষ্ঠানে যোগ দিতে রাম মেহতার সাথে তিনি ভারতে এসেছিলেন জীবনে প্রথমবার। ঘুরে বেড়িয়েছিলেন কাশ্মীর ও অন্যান্য জায়গায়। সে যাত্রায় বেদের মা তাঁদের সঙ্গী হয়েছিলেন যদিও মিসেস ক্লাইড বেদের মা তাঁদের সঙ্গী হোক চাননি কারণ তিনি সবসময় নিজেকে বৃত্তের কেন্দ্রে রাখতে পছন্দ করতেন এবং ক্ষণে ক্ষণে তাঁর মাথায় অদ্ভুত সব ভাবনার উদ্রেক হতো। সেসব নিয়ে সঙ্গীদের সাথে দীর্ঘ আলোচনার এক পর্যায়ে তর্ক জুড়ে দিয়ে তাঁর কথার সত্যতা প্রতিপন্ন করতে চাইতেন এবং তাঁর মতের পক্ষে সবাইকে সিদ্ধান্তে আনাই থাকতো তাঁর প্রধান লক্ষ্য। বাবার আমেরিকা সফরকালে অধিকাংশ সময় বেদ বাবার সাথে মিসেস ক্লাইডের সফরসঙ্গী হতেন এবং তাঁর সাথে তর্কে লিপ্ত হতে দেখলেই বাবা তাঁকে ইশারায় থামিয়ে দিতেন। বেদের মায়ের সফরের ব্যাপারে মিসেস ক্লাইভ যখন নারাজি ভাব পোষণ করেছিলেন তখন বেদের বাবা মজা করে বলেছিলেন যে ইন্ডিয়াতে একজন পুরুষকে বউ ছাড়া অন্য নারীর সাথে দেখলে অন্য কিছু ভাবে। মিসেস ক্লাইডের প্রতিজবাবে বলেছিলেন সে যেন ভুলে না যায় তাঁর বয়স সত্তর। এক অসাধারণ মানবিক হৃদয় ছিল তাঁর । ভারতে এসে তাঁর বিস্ময়ের সীমা ছিল না, বলেছিলেন পাইপের মধ্যে মানুষ ঘুমায়, এতো দারিদ্র জানলে তিনি ভারতে আসতেনই না । বেদের বাবার কাছে তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলেন আর বলেছিলেন একমুহূর্ত তিনি আর এখানে থাকতে চান না। কেন সব দেশ মিলে একটা বিরাট বোমা তৈরি করে পৃথিবীটাকে একেবারে ধ্বংস করে ফেলে না সেটি ছিলো তাঁর অনুযোগ। শুধু মাত্র বেদের কারণেই ভারত থেকে আমেরিকাতে পড়তে আসা অন্ধ ছাত্রদের জন্যই তিনি American foundation for blind কে সহায়তার করার জন্য তহবিল দিতেন। এই বইয়ের প্রায় অংশ জুড়ে আছে সেসবের স্মৃতিচারণ। বেদের বাবা অমালক রাম মেহতা মিসেস ক্লাইড কে নিজের মায়ের মতন করে দেখতেন এবং A gentle man in waiting এর মতো তাঁর সব কাজ সমাধা করার চেষ্টা করতেন, শেষ পর্যন্ত বেদের মাও তাঁর প্রিয় হয়ে উঠেছিলেন তাই ভারতে শান্তি দেবীর গায়ে জড়ানো শালের প্রতি আগ্রহী হয়ে উঠলে শান্তি দেবী(বেদ মেহতার মায়ের নাম) তাঁর শালটি যখন মিসেস ক্লাইডের গায়ে জড়িয়ে দিয়েছিলেন তখন তিনি সারাক্ষণ সেই শাল গায়ে জড়িয়ে রেখেছিলেন। সেটি ১৯৫২ সালের কথা। ১৯৫৩ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত বেদের বাবার সাথে তাঁর ইউরোপ ও ভারত ভ্রমণের বর্ণনা ছিল ডায়রিতে যেটি বেদের কাছে ছিলো পরবর্তী বেদ মিসেস ইথিল ক্লাইডের অনুমতি নিয়েছিলেন তাঁর ডয়েরির অংশ বিশেষ প্রকাশ করার জন্য। এক জার্মান নাগরিককে বিয়ে করার নাটকীয়তা থেকে তাঁর দুই সন্তানের জন্ম, তাঁর বড় ছেলের বিলের দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধক্ষেত্রে বিমান চালাতে অনুমতি না দেওয়া বাবা জার্মান হবার কারণে সেসব বেদের অত্যুৎসাহী কুশলী প্রশ্নের কাছে বশীভূত হয়ে অনেকটা অনাগ্রহের সাথে জবাব দিয়েছিলেন ক্লাইড তারপর বেদকে থামিয়ে দিয়ে বলেছিলেন আর কোন প্রশ্ন নয়, সেসব অনেক পিছনের কথা তিনি মনে করতে চাননা।

বেদের আত্ম-জৈবনিকে সে এক অমূল্য সঞ্চয়ন। সেসব পাঠককে নিয়ে ফেলে এক নিশ্চল, স্থির হয়ে যাওয়া সময়ের চঞ্চল সঞ্চারণে। পাঠকের মগ্ন হৃদয়ে তার রেশ রয়ে যাবে বহুদিন। এ এক আত্ম-জৈবনিক উপন্যাস যদি বেদ নিজের নামটি শুধু বদলে দিতেন তাহলে মোহাবিষ্ট পাঠক নিংড়ে নিতে পারতেন উপন্যাসের সবটুকু নির্যাস যদিও পড়তে গিয়ে পাঠককে এক অমোঘ আকর্ষণে টেনে নেয় ভিতর থেকে ভেতরে। পাঠক ভুলে যায় বেদ মেহতাকে। তিনি তখন হয়ে উঠেন এক মহান গল্পকার। তাঁর অন্ধত্বকে বশে আনা, নারীর প্রতি চিরায়ত দুর্মর আকাঙ্ক্ষা, সেইসাথে নিজেকে শ্রেষ্ঠতম আসনটির জন্য যোগ্য করে তোলার এক অসম্ভব অনবদ্য প্রয়াসকে তিনি এঁকেছেন ভাষার কর্ষিকাতে।প্রসঙ্গত মিসেস ইথিল ক্লাইডের ডায়েরিটা তাঁর ইচ্ছানুসারে মৃত্যুর (১৯৭৮ সালে মৃত্যুবরণ করেন)পর পুড়িয়ে ফেলা হয়েছিল।
মানুষের জীবন পথের যাত্রায় পুরুষের কাছে নারী আর নারীর কাছে পুরুষ এক অবধারিত সত্য, এই সত্যকে সে বহন করে চলে জীবনযাত্রার শেষ প্রান্ত পর্যন্ত। পোমোনাতে বেদের বেশিরভাগ সময় কেটেছে লাইব্রেরি আর পড়ালেখার মধ্যে। তিনি কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধূলায় অংশগ্রহণ কিংবা দর্শক হিসাবেও উপস্থিত থাকেননি তাই ১৯৮৭ সালে যখন তার বন্ধু Doug Grayson এর সাথে দেখা হয়েছিল তখন পোমোনা কলেজের ক্যালেন্ডারের সব ইভেন্টগুলি তিনি খুটিয়ে খুটিয়ে জানতে চান এক অতৃপ্ত ক্ষুধিত হৃদয়ের পারিতোষিক হিসেবে। এই Doug Grayson ছিলেন ভীষণ ধনীর দুলাল এবং ছাত্র জীবনে ছিলেন প্লে-বয় ধরণের। জনি ছিল পোমোনা কলেজে মনোহারিণী নারীদের অন্যতম এবং এঁর সাথে জনি ডেটিং এ যেতো। বেদ জানতে চেয়েছিলেন আসলে Daug এর সাথে জনির(Johnnie) সম্পর্কটা কতদূর গড়িয়েছিল। বেদ আশ্চর্য হয়েছিলেন পোমোনা কলেজে থাকতে Doug এর সাথে কথপোকথনের পর্বটা সীমিত থাকলেও সেই দিনে তারা অন্তরঙ্গ বন্ধুর মতো Doug এর বাড়িতে গিয়ে গল্প করেছেন ।বেদ তাঁর কণ্ঠ শুনেই তাঁকে চিনে ফেলেছিলেন এটাও একটা অবাক ব্যাপার। ৩৫ /৩৬ বছর পর কাউকে কখনোই না দেখে তাঁর কণ্ঠ শুনেই চিনে নেওয়া এবং সেখানেও একটা ব্যাপার ছিল জনি (Johnnie) কারণ বেদ জানতেন তাঁর মানস প্রতিমা এই মানুষটির সাথে ডেটিংএ যায়। জনি যখন তাঁর রিডার ছিলেন তখন পড়া শোনার থেকে তিনি তাঁর কণ্ঠই শুনতেন ঘোর লাগা মাদকতায়, তাঁর স্কার্টের অংশ ছুঁয়ে দেখতেন কখনো হয়তো জনির হাতের স্পর্শে শিহরিত হতেন,এমনতর মান্ডি,মেরির (আসল নাম নয়) সাথে বেদের রোমান্টিক উপাখ্যানের অধ্যায়গুলি পাঠককে আত্মস্থ করে ফেলে মমতাপূর্ণ আবেগময়তায়। সে গল্পে উত্তেজনার উন্মাদনা নেই, প্রখর সূর্যের পুড়িয়ে দেওয়া তীব্র ক্ষরণ নেই, আছে নীলাভ জ্যোৎস্নার মাতাল করা মগ্নতা।
বেদ তার জীবনে একজন নারী চেয়েছিলেন দৃষ্টিশক্তি সম্পন্ন একজন পুরুষের চাওয়ার মতো কিংবা মিসেস থান্ডের মতো যে তাঁর স্বামীর সব কাজকে নিজের ভেবে নিয়েছিল কিন্তু সেই ইচ্ছাপূরণের গল্পটা বেদের সম্পূর্ণ হয়নি পোমোনাতে। পরবর্তীতে বেদ হাজেন ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে অক্সফোর্ড এবং তিন বছর বৃত্তি নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করেছিলেন সেইসব স্মৃতিকে সামনে ধরেই। বেদের সহপাঠী, শিক্ষক এমনকি The Monthly Atlantic এর সম্পাদক এডওয়ার্ড উইকস পর্যন্ত আশ্চর্য হতেন ( মিঃ উইকস পরবর্তীতে ডায়রিতে সেসব লিপিবদ্ধ করেছিলেন)কিভাবে তিনি একাই কারো কোন সাহায্য বা সাদা ছড়ি ছাড়াই চলাফেরা করতেন এবং শুধু কলেজ ক্যাম্পাসে নয় আমেরিকার বিভিন্ন জায়গায়ও। সিয়াটল গিয়েছিলেন তার প্রথম আত্মজীবনী বইয়ের পান্ডুলিপি লিখতে কারণ জনিকে সামারে তাঁর বাড়িতে থাকতে হবে পরবর্তী সেমিস্টারের টিউশন ফি ব্যবস্থা করার জন্য, কাজ খুঁজতে হবে তাই জনির পক্ষে পোমোনা তে থাকা সম্ভব ছিল না আর জনিকে তিনি চেয়েছিলেন তার পাণ্ডুলিপি রচনার শ্রুতিকথক হিসেবে। এক বৃষ্টির মধ্যে বেদ নামলেন ট্রেন থেকে, জনি তাঁকে রিসিভ করে নিয়ে গেলেন নিজের বাড়িতে কারণ আগে থেকেই তিনি মায়ের অনুমতি নিয়ে রেখেছিলেন। তারপর এক সকালে বেদ একাই বেরিয়ে গিয়েছিলেন আশ্রয়ের সন্ধানে।

আত্মজীবনী লেখার জন্য মিসেস ক্লাইডের দেওয়া ১০০০ ডলার তিনি ব্যয় করেছিলেন সেই সামারে বাসা ভাড়া আর জনিকে দিতে কারণ বেদ চেয়েছিলেন জনি তাঁর শ্রুতি কথক হোক। পরবর্তীতে আরো অনেকে তাঁর শ্রুতি কথক হয়েছিলেন। সিয়াটলে এক সোমবার সকাল নটায় জনি এলেন। বেদের বর্ণনায়, Johnnie arrived at nine on Monday, bright and energetic, her hair audibly bouncing on her head- or so I imagined.
জনির সবকিছু ছিলো বেদের তীব্র আকাঙ্ক্ষার পরম প্রিয়। তাঁরা দুজন অবসরে বেড়াতে বের হতেন, সাইক্লিং করতেন কখনো কোন ব্রিজ দিয়ে হাঁটতেন কিন্তু কখনো জনিকে ভালোবাসার কথাটি জানাতে পারেননি শুধু কল্পনায় এঁকেছেন তাঁর পরম প্রিয় করে।
আত্মজীবনীর প্রথম কয়েকটি অধ্যায় নিয়ে তাঁর ডেডিজির( বাবাকে ডাকতেন) আপত্তি ছিলো সেখানে তাঁর মায়ের সাথে বাবার সম্পর্কের কিছুটা বিরূপ আভাসের উল্লেখ ছিলো পরে অবশ্য যখন মিঃ মলহোসার, মিঃ ব্রিংটন বা The Atlantic Monthly- র সম্পাদকের হাত ঘুরে আসে তখন বেদ তাঁর বাবাকে সেই অধ্যায়গুলোর যৌক্তিকতা বুঝাতে সক্ষম হয়েছিলেন।

বেদের জীবনে জনির মতো আরো দুজন নারী ছিলেন গুরুত্বপূর্ণ- একজন ফিলিস অন্যজন মেরি। মান্ডির সাথেও তাঁর কেটেছে অসাধারণ কিছু সময়, কখনো রেস্টুরেন্টে কখনো থিয়েটার কিংবা কখনো কোন কনসার্ট হলে। বেদের সব ব্যাপারগুলো মান্ডি সবথেকে ভালো বুঝতেন কিন্তু একটা ঘটনায় যখন পোমোনাতে মান্ডির ভাই এবং দুই বান্ধবী এসেছিলেন বেড়াতে।এক উইকেন্ডে তাঁরা সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছিলেন এক পর্যায়ে রাস্তা পার হতে গিয়ে বেদ একটা বিদ্যুতের পোলের সাথে ধাক্কা খেয়ে প্রচণ্ড আত্মগ্লানিতে ভুগেছিলেন। সিনেমা হলের অন্ধকারে তিনি বারবার কপালে হাত দিয়ে দেখছিলেন জায়গাটা ফুলে উঠেছিল কিনা। হয়তো সেই ঘটনা খুবই স্বাভাবিক ছিলো কিন্তু বেদের মনে হয়েছিল মান্ডি তাঁর পাশাপাশি হাঁটলে বা থাকলে আজকের এই ঘটনা ঘটতো না কারণ সে দিন মান্ডি অন্যদের পাশাপাশি ছিলো। সেই থেকে মান্ডির সাথে তাঁর সম্পর্কের সুতোটা ঢিলা হতে হতে কেটে যায়।
আর ফিলিস- সেও এক আখ্যান, যখন গর্ভবতী হয়ে পড়ে তখন সে বেদকে বলে এটা বেদের সন্তান। একদিন ফিলিস বেদের সাথে দেখা করে তাঁকে বিয়ে করার প্রস্তাব দিলে বেদ খুবই অবাক হয়েছিলেন তিনি তখনো ছাত্র কিভাবে বিয়ে করবেন সেই ভেবে আর একটা ব্যাপার বেদ তখনো জানতেন সন্তান নেওয়ার ব্যাপারটি দুজনের সিদ্ধান্তের ভিত্তিতে হয় এভাবে কারো মধ্যে হঠাৎ করে প্রাণের সঞ্চার হতে পারে এটা তাঁর কাছে ছিলো বিস্ময়কর। তবে সেই প্রাণের অস্তিত্বের উপস্থিতি বেদের কারণে হয়নি হয়েছিল তাঁদের বন্ধু আহমেদের কারণে, ফিলিস সেটি পরে বেদের কাছে স্বীকার করেছিলেন । বেদ ফিলিসকে কোনদিন ভালোবাসেননি কিন্তু তারপরও তাঁর কাছেই তাঁকে যেতে হয়েছে বারবার। বন্ধু K এর সহায়তায় ফিলিসকে সেই অবাঞ্ছিত প্রাণের দায় থেকে মুক্ত করেছিলেন এক ডাক্তারের গোপন ক্লিনিকে কারণ আমেরিকান আইনে গর্ভপাত নিষিদ্ধ ছিলো। যদিও বেদ প্রচণ্ড আত্মদ্বন্দ্বে ভুগেছিলেন, চেয়েছিলেন ফিলিস যেন গর্ভপাত না করায় এবং আহমেদকে যেন ফিলিস রাজি করায় এ পিতৃত্বের দায় মেনে নিতে। কিন্তু ফিলিস আহমেদকে পছন্দ করতেন না। এ প্রসঙ্গে বেদ লিখেছেন,'In one part of my mind, I must have feared the worse all along for Phyllis. Am I too cautious or is K too reckless, I wondered. If it had been Mandy in trouble, there is no way I would have let K go alone. Anyway, I would have married her and brought up Ahmed's child as my own.
বোঝা যায় তিনি মান্ডিকে কতোটা আপন করে চেয়েছিলেন। একবার ভেবেছেন তাঁর বাবার সাথে এ নিয়ে আলোচনা করবেন কিন্তু ভেবে পাননি তিনি কিভাবে বাবাকে এ বিষয়টি জানাবেন।

ফিলিসের সাথে ১৯৫৬ সালে শেষ কথা হয়েছিল বেদের। পরবর্তীতে ফিলিস তাঁর ডিগ্রি শেষ করে নিউ মেক্সিকোতে চলে গিয়েছিলেন আমেরিকান -ইন্ডিয়ানদের সাথে কাজ করার জন্য। কিন্তু বেদ ভুলতে পারেননি সেই গামলা ভর্তি রক্তের কথা যা K ডাক্তারের টেবিলে দেখে তাঁর কাছে বর্ণনা করেছিলেন। বেদ লিখেছেন,' Long after I lost all contact with her, I kept dreaming about the basin of blood, until I thought it would drown my very soul.
কাইজোর (K)আত্মহত্যা বেদের জন্য এক দুঃসহ যন্ত্রণার ছিলো। যে রাতে কাইজো আত্মহত্যা করে সে রাতে বাবার সাথে পোমোনা ইনস্টিটিউটে রাত্রি যাপন করেছিলেন কারণ সেবার বাবার সাথে তাঁর সেবার প্রায় দেড় বছর পর দেখা হয়েছিল। কাইজোর বাবা ছিলেন জাপানিজ। মা খুব কষ্ট করে কাইজোর পড়াশুনার খরচ দিতেন। ওঁর মা পেঁয়াজের ফার্মে কাজ করতেন। ছুটির সময় গুলোতে কাইজো মাকে সাহায্য করতেন। কখনো বোনের কাছ থেকে টাকা আনতেন খরচের জন্য। কায়জো পোমোনা কলেজের পাঠ চুকিয়ে একটা হাইস্কুলে চাকরি করতে চেয়েছিলেন ওঁর মাও তাই চাইতেন কিন্তু যখন জানতে পারলেন ওর অরিজিন জাপানিজ হওয়াতে কোথাও তাঁর চাকরি পাওয়ার আশাটা খুব ক্ষীণ তখন কাইজো বিষণ্ণ থাকতেন।

কাইজোর মৃত্যু তাঁর আর্দ্র হৃদয়টাকে কিভাবে প্রভাবিত করেছিল সেটা তাঁর স্মৃতিচারণ থেকে বোঝা যায়। Face to Face অধ্যায় তিনি শুরু করেছেন কাইজারকে স্মরণ করার মধ্যে দিয়ে "WHEN I GOT BACK TO POMONA FROM CAMBRIDGE FOR MY SENIOR year,I felt lost. Every time I passed under the window of K's room- something I couldn't help doing a dozen times a day, to and from class, the library and the frary hall- I would hesitate, half expecting K to call down to me, as he had done daily so that we could walk together."
কাইজোর মৃত্যুর কারণ হিসেবে তার শিক্ষকদের উল্লিখিত কাইজোর খাপ খাওয়াতে না পারা আমেরিকান সংস্কৃতির সাথে, তার স্বজনরা মেনে নিয়েছিলেন কিন্তু সে মৃত্যু বেদের মনে অন্য কোন ধারণার সূত্রপাত করেছিল। তাঁর মনে হয়েছিল তাঁর নিজের জীবনেও সেই ঘটনাটি ঘটতে পারতো এবং তিনি এও ভেবেছিলেন সে রাতে যদি তিনি হলে থাকতেন তাহলে হয়তো কাইজো আত্মহত্যা করতো না।
বইটির একেবারে শেষের দিকের বর্ণনায় এসে দেখা যায় বেদের জীবনে আরেক নারীর উপস্থিতি প্রবল। তিনি মেরি( আসল নাম নয়)।মেরির সাথে উপভোগ্য সময়গুলির দারুণ রোমান্টিক বর্ণনা ছড়িয়ে আছে পাতায় পাতায়। জনির মতো মেরিকেও বেদ চেয়েছিলেন আন্তরিকভাবে কিন্তু শেষ মুহূর্তে বেদের ধর্মীয় পরিচয়টা মূখ্য বাঁধা হয়ে দাঁড়িয়েছিল যদিও বেদ কখনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন না বা সে সুযোগও ছিলো না তবে আরাকানসাসে তাঁকে গির্জায় যেতে হতো সম্ভবতঃসপাঠ্যসূচির অংশ হিসাবে সেটিও বেদের কাছে ছিলো খুবই দুঃসহ কারণ তিনি কিছুই বুঝতেন না।
মেরি চাইতো এমন একজনের সাথে তাঁর বিয়ে হবে যে হবে ধার্মিক এবং নিয়মিত চার্চে যাবে, সম্ভব হলে হবে ব্যাপটিস্ট। বেদ পরিচয়ের প্রথম দিকে এই বিষয়গুলো কৌশলে এড়িয়ে গেলেও শেষে তিনি সত্যিটি বলেছেন সেই চিরায়ত সত্যের মতো "সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম…"
তবে সবার থেকে এই মেরির সাথে মিশেছেন সবথেকে আপনজনের মতো। ভারতে ফেলে আসা মা, ভাই-বোনের গল্প করেছিলেন যা বেদ কখনোই কারো সাথে করতেন না। তাইতো মেরি অন্য কারো সাথে ডেটিং করে জেনেও বেদ তার বাইশতম জন্মদিনে ইচ্ছে করেই ছুটে গিয়েছিলেন মেরির কাছে। মেরির জ্বালানো ক্যান্ডেল নেভাতে গিয়ে তাঁর শৈশবে ফিরে গেছেন যখন তাঁর মা কোন এক জন্মদিনের সকালে ঘুম থেকে টেনে তুলে বলতেন আজ তাঁর জন্মদিন, তার বেদ সাহেব হবে, ঘোড়ায় চড়বে। বেদ তার মুখমণ্ডলের কাছে মোমের উষ্ণতা অনুভব করতেন ঠিক আজকের মতন। প্রসঙ্গত বেদের মা তাঁর এই অন্ধত্বকে কোনদিন মানতে পারেননি এবং বিশ্বাস করতেন বেদ তাঁর অন্য ছেলে-মেয়েদের মতোই দৃষ্টিশক্তি সম্পন্ন।

মেরি বেদের জীবন থেকে চলে গেলে বেদ বেশ মুষড়ে পড়েছিলেন কিন্তু এই ভেবে সান্ত্বনা খুঁজেছিলেন যে মেরি দৃষ্টিশক্তি সম্পন্ন পুরুষের মতো তাঁকেও সময় দিয়েছিল,ভালোবেসেছিল তাই বা কম কেন। মেরির কাছ থেকে সেদিন বিদায় নিয়ে ফিরে বেদ স্মৃতিচারণ করেছেন এভাবে ," When I walked back to my room late that night, I felt happy. At the moment, Mary seemed to me to Lahore, home, church. She was also the violin player in the small cafè on Telegraph Avenue in Berkeley, but she had opened the door stand invited me in. She had served me tea and cinnamon toast m, comforted me, and sent me on my way.
পৃথিবীতে ৭৫০ কোটি মানুষের প্রতিটির জীবনপ্রবাহ এক একটি উপন্যাস। কিছু বিখ্যাত মানুষের আত্মজীবনী পড়ে আমার সেটাই মনে হয়েছে। উপন্যাসের পটভূমি, বর্ণনা আর গঠনকাঠামোর নিরিখে এর চেয়ে ভালো সংগা আর বুঝি হয় না,সেটি তত্ত্ব, তথ্য বা ইতিহাস যাই হোক না কেন। বেদ প্রকাশ মেহতার আত্মজীবনী অমনিবাসের শিরোনাম " CONTINENTS OF EXILE"-এর একটি The stolen light। এ বইয়ের পরতে পরতে ছড়িয়ে আছে পনের বছরের এক অন্ধ তরুণ জীবনের কামনা ও কাম্যকে সাথে করে একাকী যে পথে পা বাড়িয়েছিলেন সে গল্প। পরবর্তীতে আবেগ, দুর্বলতা, তারুণ্যের প্রকৃতিকে ছাড়িয়ে বৃত্তি নিয়ে অক্সফোর্ড আর হার্ভার্ড ডিগ্রি করায়ত্ত করে সাফল্যের শিখরে উঠে বলেছিলেন,
'I didn't want to be a blind writer, I wanted to be a writer who is blind."
বেদ মেহতা অসংখ্য পুরস্কার আর সম্মাননা পেয়েছেন, পেয়েছেন হাফ ডজন অনারারি ডিগ্রি। ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছেন Chachaji- my poor relation নামে যেটি Dupont Columbia Award for Excellence in Broadcast Journalism পুরস্কার পায়।
সেই সময়ে ডক্টর জেকবস টেনব্রক( Jacobus tenBroek) ছিলেন National federation of the blind এর সভাপতি ও প্রতিষ্ঠাতাদের একজন এবং The university of California এর speech department এর চেয়ারম্যান। তিনি নিজেও ছিলেন অন্ধ।প্রফেসর টেনব্রক এর প্রসঙ্গ আলোচিত হয়েছে বেদের আত্মজীবনীতে। তিনি চেয়েছিলেন বেদ ফাউন্ডেশনে যোগ দিয়ে অন্ধদের কল্যাণে কাজ করুক কিন্তু বেদ সেটি চাননি। বেদ খুব সযত্ন, অত্যন্ত স্পষ্টভাবে অন্ধদের সংশ্রব এড়িয়ে চলেছিলেন। ২০০৯ সালে মার্চে গৃহীত At the Confluence of Arrogance and tragedy শিরোনামে Mr.Daniel B. Frye এর সাথে এক খোলামেলা সাক্ষাতৎকারে প্রফেসর টেনব্রক এর সাথে তাঁর সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হলে বেদ উত্তর দিয়েছিলেন,
"Dr. tenBroek may have wanted to have a small group of blind students around him that he could influence and guide. "But I was truculent. I didn't want role models, and I didn't want to associate too closely with blind people."
তাঁর উপর ডঃ টেনব্রকের প্রভাব কতোটা ছিলো এবং তাঁকে তিনি রোল মডেল ভাবেন কিনা এ প্রশ্নের উত্তরে বেদ বলেছিলেন,
"I don't regard him as a role model. I don't believe in role models. I am my own role model. It is hard to speculate on what our relationship might have been. I don't have, for whatever psychological reasons, any friends at all who are blind–actually I never have had–any relationships with blind people since I moved out of the Arkansas School for the Blind. I had several black friends, and it always made me sad that these friends ended up studying or writing about black culture or welfare for black people. I, for whatever psychological reasons, wanted to be done with the business of blindness from the very beginning."
তিনি লিখেছেন,"Partly I write because of blindness, because of the heightened sense of loneliness that many intelligent blind people feel…..I found my liberation in writing."
কতোটা আত্মবিশ্বাসী আর আত্মপ্রত্যয়ী হতে পারলে একজন অন্ধ তরুণ প্রচণ্ড অধ্যাবসায় আর স্থিতধী নিবিড়তায় তাঁর নিভু নিভু দীপ শিখাকে জ্বালিয়ে তুলেছিলেন সূর্যের দীপ্তময়তায়। এ এক বিস্ময়কর, অসম্ভব রূপকথা যেন বেদ মেহতার জীয়নকাঠির স্পর্শে পেয়েছিল জীবন।
১৯৫৯ সালে The New Yorker এর সম্পাদক উইলিয়াম শন(William Shawn)এর সাথে দেখা হয় এবং বেদকে তিনি পত্রিকায় যোগদান করার আহ্বান জানান পরবর্তীতে নিউ ইয়র্কারে তাঁর আত্মজীবনী ধারাবাহিক আকারে প্রকাশিত হতে থাকে।

বেদ মেহতা অনেকের অনেক প্রশ্নের জবাবে বলেছিলেন তিনি ফেসিয়াল ভিশনের মাধ্যমে সবকিছু বুঝতে পারেন এবং তার পথ চলতে কোন সমস্যা হয়না। সেই ফেসিয়াল ভিশন কী, কেমন তা একমাত্র বেদ মেহতাই বলতে পারবেন। তবে একটা ঘটনার উল্লেখ খুবই প্রাসঙ্গিক: অক্সফোর্ড থেকে দুই সহপাঠী বন্ধু ডোম মোরেস এবং বেদ মেহতা ১৯৫৯ সালে স্নাতক হওয়ার পর ভারত উপমহাদেশের কয়েকটি দেশ, নেপাল, সিকিম ইত্যাদি বেড়াতে যান। এসব জায়গা থেকে আসেন কলকাতায়। সেখানে বন্ধুত্ব হয় তরুণ কবি জ্যোতির্ময় দত্ত ও আরও কয়েকজনের সঙ্গে। খুব ভাল লাগে বুদ্ধদেব বসু ও বিষ্ণু দের সঙ্গে কথা বলে। সাক্ষাৎ করেন শিল্পী যামিনী রায়ের সঙ্গে। 'ভালোবাসায়' যান কবি রাধারানী দেবীর সঙ্গে দেখা করতে। এই বাড়ির দোতলায় উঠতে সিঁড়িতে একটি ধাপে সামান্য ভাঙা ছিল। বেদ সেটা অনুভব করেন, সাবধানে ওঠেন। এর প্রায় তিরিশ বছর পর আবার কলকাতায় এসেছিলেন বেদ, এবার সঙ্গী কলকাতার বিশিষ্ট লেখক শঙ্করলাল ভট্টাচার্য। তাঁরা দুজনে গিয়েছিলেন 'ভালোবাসায়' আবার,কবি নবনীতা দেব সেনের সঙ্গে দেখা করতে। সেই বাড়ির সিঁড়ির কাছে দাঁড়িয়ে বেদ হঠাৎ শঙ্করলালকে একটু সাবধানে পা ফেলতে বলেন, কারণ সিঁড়িতে একটি ধাপ একটু ভাঙা আছে! শঙ্করলাল সত্যিই বিস্মিত হয়েছিলেন সেদিন।

বেদ মেহতা যে ছবি এঁকেছেন তাঁর আত্মজীবনীতে তা পাঠকের হৃদয়ের আদ্রর্তা ধরে রাখবে বহুদিন আর এক অনুপ্রেরণার গল্প হয়ে তিনি রয়ে যাবেন ইতিহাসে। যে 'Face to face' তিনি একদিন শুরু করেছিলেন অনেক দ্বিধা আর জড়তা নিয়ে এমনকি জনির ভালোবাসা পেতে চেয়েছিলেন এ লেখার মাধ্যমে- সেই অংশত লেখাটি যেদিন শেষ করে The Atlantic Monthly- র সম্পাদকের হাতে তুলে দিয়ে ভেবেছিলেন তিনি যাহোক শেষ পর্যন্ত শেষ করতে পারলেন কিন্তু সত্যিকার অর্থে সেইদিন তিনি জীবনের গল্পটা শুরু করেছিলেন মাত্র।
Deprivation often makes a writer.
– Ved Mehta