মুস্তাফিজ শফির কবিতা: বিরহবিধুর স্মৃতিমেদুর ঘোরলাগা গান
নদী যেমন কিছু দূর পর পর বাঁক বদল করে, ভাষা যেমন সমদূরত্বে রেজিস্ট্রার বদলায়, কবিতাও তেমনি সময়ান্তরে রূপ বদলায়। বাংলাদেশের কবিতা তেমনি কতিপয় দুর্মর তরুণের হাত ধরে নব্বইয়ের দশকে বাঁক বদল করেছিল। মুস্তাফিজ শফি (জ›ম ১৯৭১) সেই কবিদের মধ্যে একজন প্রতিনিধিত্বকারী কবি।
বাংলা কবিতা নানা সময় দিকবদল করেছে। সর্বশেষ সমসাময়িক অবস্থা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল ৭০ দশকের কবিতায়। স্বাধীকার আন্দোলন, মুক্তিযুদ্ধ প্রবলভাবে প্রভাব বিস্তার করেছিল বাংলাদেশের কবিতায়। ফলে কবিতা অনেক বেশি হয়ে উঠেছিল রাজনীতিলগ্ন, শ্লোগানধর্মী। তারল্য ও ভাবালুতায়ও আক্রান্ত হয়েছিল সে সময়ের কবিতা। আশির দশকে কবিতা পুনরায় অন্তর্মুখী হতে থাকে। অবশ্য এর ফলে কবিতা অনেকটা রসকষহীন জ্ঞানধর্মীও হয়ে ওঠে। অধিকাংশ ক্ষেত্রে বিমূর্ত হয়ে পড়ে। নব্বই দশকের একদল তরুণ কবিতায় আবেগ ও বুদ্ধিবৃত্তির সমন্বয় সাধন করেন। কবিতা একই সাথে আবেগ ও বুদ্ধিকে ধারণ করে। সেই তরুণদের একজন মুস্তাফিজ শফি। মুস্তাফিজ শফি সাংবাদিকতা ও শিল্পসাহিত্যের নানা মাধ্যমে কাজ করলেও শেষ পর্যন্ত কবিতায়ই স্থিত হন। নব্বই দশকের শুরু থেকেই তাঁর লেখা বিভিন্ন লিটলম্যাগ-এ প্রকাশিত হতে থাকলেও প্রথম কাব্যগ্রন্থ পড় তোমার প্রেমিকার নামে প্রকাশিত হয় ঐতিহ্য প্রকাশনী থেকে ২০১০ সালে। তারপর একে একে প্রকাশিত হয় – দহনের রাত (ভাষাচিত্র, ২০১৩), মধ্যবিত্ত কবিতাগুচ্ছ (প্রকৃতি, ২০১৩), কবির বিষন্ন বান্ধবীরা (ভাষাচিত্র,২০১৫, পরিমার্জিত সংস্করণ চৈতন্য, ২০১৯) মায়া মেঘ নির্জনতা (অন্যপ্রকাশ, ২০১৭), ব্যক্তিগত রোদ এবং অন্যান্য (কথাপ্রকাশ, ২০১৯) এবং সর্বশেষ নির্বাচিত কাব্যগ্রন্থ বিরহসমগ্র (মাওলা ব্রাদার্স, ২০১৯)।
যে অঞ্চলে শফির জন্ম কবিতায় সে সিলেট অঞ্চলের রয়েছে সুমহান ঐতিহ্য। বিশেষত লোকসাহিত্য ও লোককবিদের জন্য সে অঞ্চল এক তীর্থস্থান। নানা সময়ে সে অঞ্চলে ভীড় জমিয়েছেন বৈষ্ণব আর সুফিবাদী ভাবুকবৃন্দ। সে তালিকায় যেমন আছেন শ্রীচৈতন্য- হযরত শাহজালাল; তেমনি গীতি কবিতায় আছেন রামরমণ, হাসন রাজা, শাহ আব্দুল করিমের মতো কবিরা। সে অঞ্চলের রয়েছে নিজস্ব ভাষালিপি, রয়েছে সে ভাষায় রচিত পুথিসাহিত্যের সমৃদ্ধ ধারা। ফলত সিলেট অঞ্চলে জন্মগ্রহণকারী কোনো কবি-লেখকের পক্ষে এ প্রভাবগুলো এড়ানো প্রায় অসম্ভব। মুস্তাফিজ শফির কবিতাও সে ঐতিহ্যের উত্তরাধিকার ধারন করে গড়ে উঠেছে।
মুস্তাফিজ শফির কবিতার প্রধান বৈশিষ্ট্য এর গীতিময়তা। এর গভীরে রয়েছে বৈরাগ্য আর বাউলচেতনা। কবিতাগুলো এক গভীর অন্তর্গত বেদনায় অন্তর্লীন। সে বেদনাগুলো নানা অনুষঙ্গে ফুটে আছে সকল কবিতায়।
এ বেদনার নানা উৎস আছে। এ বেদনার একটি প্রধান উৎস বিরহ। বিরহ ফেলে আসা শৈশবের জন্য, ফেলে আসা নদীর জন্য, ফেলে আসা মানুষদের জন্য।
প্রথম কাব্যগ্রন্থের প্রথম কবিতটিতেই কবি তার বেদনার, হাহাকারটি তুলে ধরেছেন-
আমার এক হাতে পৃথিবীর ভার- অন্য হাতে দীর্ঘশ্বাস, শতকোটি হাহাকার। অদ্ভুত শিহরণে আমার শিরা উপশিরায় প্রবেশ করেছে পাথরের কান্না, মাটির আর্তনাদ আর মাঝপথে আটকে পড়া নদীগুলোর মায়াবী করুণ শীতলতা।
(এক হাতে পৃথিবী অন্য হাতে দীর্ঘশ্বাস/ পড় তোমার প্রেমিকার নামে)
তার এ হাহাকারের উৎস নানাবিধ-
অবশ্য দীর্ঘশ্বাসগুলোকে এভাবে এক কথায় ব্যাখ্যা করা যাবে না, সেগুলোর একেকটার চরিত্র একেক রকম।
কবির আনন্দ ও বেদনার একটি বড় অনুষঙ্গ কবির শৈশবে ভাল লাগা মানুষেরা। তাদের নিয়ে আছে পাওয়া না পাওয়ার নানান স্মৃতি। প্রথম জীবনে যে প্রেমিকাদের তিনি পাননি অনেকদিনের ব্যবধানের নতুন রূপে তাদের কাছে যাওয়ার বিচিত্র অনুভূতি ফুটে উঠেছে তার এই কবিতায়-
বিমান তখন নিম্নগামী- মেঘহীন আকাশ থেকে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে লাল নীল ইটের দালান। কী এক আশ্চর্য বোধের ভেতর আমি তখন খুঁজছি হারিয়ে যাওয়া সেই মেঘ বালিকাদের। আমাদের শৈশব- কৈশোরের প্রেমিকারা সবাই এখন লন্ডনী বধূ! আমি আজ সদর্পে পা রেখেছি প্রেমিকাদের বাড়ি।
শৈশবে ফুল ফুল ফ্রক পরা সেই ফুলবালিকা কানামাছি খেলতে খেলতে যার গায়ের নির্দোষ গন্ধ এখনো ধরে রেখেছি নাকে, কত বয়স হল তার? সেও কি আগলে রেখেছে সেইসব ফুলস্বপ্ন? তার মতো অনেকেই যারা হারিয়ে গেছে তাদেরও কি সম্পন্ন হয়েছে স্বপ্নযাত্রা?
—
ডানা মেলে উড়তে উড়তে কোথায় হারিয়ে গেল নয়নতারারা? আমি কি আজ তাদের খুঁজতে এসেছি।
(লন্ডন: প্রেমিকাদের বাড়ি/পড় তোমার প্রেমিকাদের নামে)
অবশ্য কবির এই শৈশবের মানুষেরা শুধু পৃথিবীর একটি শহরেই থাকেন না, থাকেন নানা দেশে নানা শহরে।
মুক্তি নিশ্চয় এখন জ্যোৎস্না দেখছে না। টরেন্টোতে এখন রাত নয়। তবুও পাল্টাবে সে আশ্চর্য টেলিপ্যাথিতে। মাঝরাতে ঘুম ভেঙে শিউলীও তাকাবে চোখ মেলে দূরে কোথাও। আর বালিকা বেলার মত আবারও ডুকরে কেঁদে উঠবে নয়নতরা।
(পাথর ভাঙার কালে/পড় তোমার প্রেমিকার নামে)
অবশ্য অন্তিম অনুভবে এ মানবীরা শুধু নারী নন। তারা নদীও। নদীরাও হয়ে ওঠে কবির প্রেমিকা-
প্রেমিকার নাম সুরমা পিয়াইন মধুমতি ধানসিঁড়ি
প্রেমিকা যেন ভোরের শিশির ঝরছে ঝিরিঝিরি।
(পড় তোমার প্রেমিকার নামে-২/ পড় তোমার প্রেমিকার নামে)
নানারূপে নানা অনুষঙ্গে কবি স্মরণ করেন তার প্রেমিকাদের। যেন তারাই হয়ে ওঠেন তারা আরাধ্য দেবী-
পড়- তোমার প্রেমিকার নামে
স্মৃতির বাক্সে তুলে রাখা শূন্যতার নামে
—
পড় তোমার প্রেমিকার নামে
ফেলে আসা সেইসব রুমালের নামে
উল্টো অক্ষরে লেখা বিচিত্র চিঠির নামে
(পড় তোমার প্রেমিকার নামে/ পড় তোমার প্রেমিকার নামে)
ক্যাটালগি তথা ক্রমপঞ্জিকা তৈরির দোষে আক্রান্ত হলেও এ কাব্যগ্রন্থটির কবিতাগুলোর করণকৌশল আমাদের আকৃষ্ট করে। সন্দেহ নেই নাম কবিতাসহ অনেকগুলো কবিতার ভঙ্গি নেয়া হয়েছে ধর্মীয় গ্রন্থসহ নানান ধ্রুপদী গ্রন্থের বর্ণনা ভঙ্গি থেকে। কিন্তু শফি এর সাথে যুক্ত করেছেন নিজস্বতা।
দহনের রাত (২০১০) কাব্যগ্রন্থের কবিতাটিগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে কবির স্মৃতিকাতরতা, হাহাকার। কবি ফেলে আসা শৈশবের নানা স্মৃতি মনে করে দগ্ধ হয়েছেন। বেদনা অনুভব করেছেন। কাব্যগ্রন্থের প্রথম কবিতটিতেই আছে-
আজ তবে দহনের রাত। — শৈশবের সেই বেহালা বাদকের কথা মনে করতে করতে এখনও টের পাই প্রকৃতির ভায়োলীন।
একেকটি নারী হারিয়ে যায়, আর মাঝপথে চোরাবালিতে গচ্ছিত মুখ থুবড়ে পড়ে একেকটি নদী। উজান স্রোতে ধাবমান ইলিশের মত শৈশবের বালিকারা সব প্রণয় কাতর। ওরা সব ঝরে পড়া শিউলিমালা, ধবল নরম শাদা হাঁস, নীল ঘাসফুল।
আমি কি তবে লিখবো নারী হয়ে ওঠার আগেই ঝরে পড়া সেইসব বালিকাদের কথা? আমার ভেতর মাঝে মোঝেই কেউ একজন জেগে ওঠে, কানে বাজে দূও থেকে ভেসে আসা ট্রেনের হুইসেল, শিউলীদের পুজোঘরের উলুধ্বনি।
(চন্দ্রগ্রস্ত/দহনের রাত)
আছে কবির অঙ্গীকার ও বিবৃতি-
পূর্বজন্মে তুমি নদী ছিলে, আর আমি তরঙ্গে ভাসা কচুরিপানা
(জুয়াড়ি/দহনের রাত)
আত্মার গান আর বিষন্নতার মৌন সঙ্গীত ছাড়া তবে কি আর কোনো প্রার্থনা আছে?
(বহুমাত্রিক নির্জনতা/দহনের রাত)
এ কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতায় আছে গল্পবলার ভঙ্গি। ঈশ্বর এবং অনিবার্য ঝড় কবিতায় ইশ্বরকে নিয়ে হুডখোলা রিক্সায় করে জোৎসা দেখতে বের হওয়ার দীর্ঘ এক পরাবাস্তব গল্প রয়েছে। কিন্তু গল্পটি আখেরে বক্তব্য ও বর্ণনাগুণেই কবিতা হয়ে উঠেছে। বিবর্ণ সেমিজ কবিতায়ও গল্পবলার সে ঢংটি আছে।
মধ্যবিত্ত কবিতাগুচ্ছ (২০১৩) কাব্যগ্রন্থে মূলত স্থান পেয়েছে টুকরো কবিতাগুচ্ছ। কবিতাগুলোর স্বল্পায়তনে চমৎকারভাবে ফুটে উঠেছে কবির ছোট ছোট বেদনা, অনুভব, হাহাকার-
বুকের গহীনে কাঁদে একলা পাখি
এইসব শূন্যতা আগলে রাখি
একাকি একাকি।
এইসব হাহাকার, এইসব মায়া
একান্তই আপনজন-
আমারাই ছায়া।
(ছায়া/মধ্যবিত্ত কবিতাগুচ্ছ)
বেদনাপাখি কবিতায় কবি অবশেষে ঘোষণা করেছেন-
যা রে উড়ে যা বেদনাপাখি
এই ভালো, তবু একলা থাকি।
(বেদনাপাখি/মধ্যবিত্ত কবিতাগুচ্ছ)
কবির বিষন্ন বান্ধবীরা (২০১৫)-এর কবিতাগুলোতে কবির হারিয়ে ফেলা মানুষরা এবার বর্ণনায় নয় এসেছেন টুকরো অনুভব আর বিবৃতির ভেতর। এর ভেতর কবি পুরে রেখেছেন তার তীব্র হাহাকারের তীক্ষ্ণ কথন-
ভাবলেও ভাবতে পরো, আমিও হয়তো
কেউ নই, একগুচ্ছ বেদনার ভার ছাড়া
আমিও শূন্য ভীষণ, ভীষণ হতচ্ছাড়া।
(৫/কবির বিষন্ন বান্ধবীরা)
২৫ নম্বর কবিতটিতে কবির অনুভব অত্যন্ত সুন্দর চিত্রকল্পে ফুটে উঠেছে। যেখানে কবির মনের ঘরের আঁকা ছবিতে পাখি ঝাঁকে ঝাঁকে উড়ছে-
মনের ঘরে একলা কবি ভিষন্নতা আঁকে
তার ছবিতে দূরের পাখি উড়ছে ঝাঁকে ঝাঁকে।
(২৫/কবির বিষন্ন বান্ধবীরা)
মায়া মেঘ নির্জনতা(২০১৭) কাব্যগ্রন্থের কবিতাগুলোতেও আছে সে স্মৃতি কাতরতা। কবি বহুদিন আগে যে দৃশ্যগুলো, ঘটনাগুলো ফেলে এসেছেন তা তীব্র স্মৃতি হয়ে ফিরে এসেছে। কবি কিছুতেই সেসবের মায়া কাটাতে পারেননি। সে মায়াগুলোর ছায়া বরং ক্রমাগত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে-
অনেকগুলো দিন, অনেকগুলো বছর কেটে যাবার পরও কি কেটেছে
মায়া? মায়া কি কাটতে পারে? মায়া কি তবে কাটে কোনোকালে?
আজও টানে মাধবকুণ্ডের মেঠোপথ, বাই-সাইকেলে চলা দূরন্ত দিন
বালিকাচত্বও, নয়নতারা। আজও টানে কিন ব্রিজ, চাদনীঘাট, হাকালুকি
মুড়িয়া, সোনাই, কুূশিয়ারা।
—-
মায়া তো মায়াই, যতদূরে যায় ততো দীর্ঘ হয় ছায়া।
(মায়া/ মায়া মেঘ নির্জনতা)
এ পর্বের কবিতাগুলোতে বৃহত্তর সিলেট অঞ্চলের নদনদী, জনপদ এমনকি ট্রেনগুলোও উল্লিখিত হয়েছে-
আমি ইচ্ছে করলেই সকালে মুড়িয়ার পথে থামিয়ে দিতে পারি
লাতুর ট্রেন।
—
আমার হাতের তালুতে খেলা করে নদী-সুরমা, কুশিয়ারা, সোনাই।
(হাতের মুঠোয় একগুচ্ছ অন্ধকার/ মায়া মেঘ নির্জনতা)
গল্পবলার বৈঠকী চমৎকার ভঙ্গিমা আছে নীল খরগোশ এবং চৈত্রদিনের গল্প কবিতায়-
আজ না হয় সেই হাওয়াই মিঠাই দুপুরের গল্পই হোক- তোমার বইয়ের
ব্যাগে লুকানো সেই ম্যাজিক পাখির গল্প—
— এবং অবশ্যই স্যারের চক ডাস্টার আর
চোখ রাঙানির গল্প
—
বিশ্বাস করো, সেই থেকে চৈত্রের ভর পুর্ণিমায় প্রণয়কাতর নীল
খরগোগোশ খুঁজতে খুঁজতেই আমার এখন বয়স বাড়ছে।
(নীল খরগোশ এবং চৈত্রদিনের গল্প/মায়া মেঘ নির্জনতা )
মুস্তাফিজ শফির কবিতায় প্রাধান্য পেয়েছে গ্রামের বর্ণনা। সুনির্দিষ্ট করে বললে বৃহত্তর সিলেট অঞ্চলের গ্রাম বাংলার বর্ণনা। কবি যেন বুক পকেটে জোনাক পোকার করে সে গ্রামকে বহন করে বেড়াচ্ছেন। আর যে শহরে বাস করছেন তার দৃশ্যও খুব সুখকর নয়। নদী মরে যাচ্ছে আর কবি মরার আগে সে নদীটির ছবি নোটবুকে এঁকে রাখছেন-
কুহক নগরীর পাশে
শীর্ণকায় নদী এক শুয়ে থাকে
নোটবুকে আমি তার ছবি এঁকে রাখি।
(জিয়নকাঠির খোজে/ মায়া মেঘ নির্জনতা)
মুস্তাফিজের কবিতায় প্রকৃতি এসেছে নানা অনুষঙ্গে নানা ভঙ্গিমায়। কবির সকল আশা নিরাশায় প্রকৃতিলগ্ন থেকেছেন। অমন কি কবি তাঁর মৃত্যুদৃশ্যও করেছেন গ্রামীণ প্রকৃতি প্রতিবেশের ভেতর-
এমন বৃষ্টির রাতে কান্নার শব্দ শুনতে শুনতে
একদিন মরে যাব আমি।
শিয়রে পড়ে থাকবে হাতপাখা
কুড়েঘরে মাটির সোদাগন্ধ
বারান্দায় শীতল পাটি
ওপাশে বেলিফুলের ঝোপ।
(এমন বৃষ্টির রাতে/বিরহ সমগ্র)
মুস্তাফিজ শফির বিরহবিধুর স্মৃতিমেদুর এ কাব্যজগত আমাদের শিল্পের ঘোরলাগা কুহকজগতে নিয়ে যায়। তাঁর কবিতাগুলো অন্তিমে শুধু কবিতা থাকে না মহৎ গান হয়ে ওঠে। আমাদের মাঝেও অনুরণিত হতে থাকে। সহজে এ ঘোর কাটাতে পারি না। শফির এখানেই সাফল্য, কবিতাগুলোতে শক্তিমত্তার পরিচয়।
