২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একটি পূর্বঘোষিত মৃত্যুর কালপঞ্জী এবং তার উৎস ও ছায়া

ফারুক মঈনউদ্দীন ফারুক মঈনউদ্দীন

Published : 23 Dec 2019, 01:23 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


ছবি: শিল্পীর চোখে মার্কেসের উপন্যাসের প্রধান চরিত্রগুলো। বাদিক থেকে ভিকারিও ভাতৃদ্বয়, বায়াইর্দো সান রোমান, আনহেলা,বার-টেন্ডার ক্লোতিল্দে এবং সান্তিয়াগো নাসার।
নিজের পরিবার বা গোত্রের সম্মানহানির কারণে কাউকে হত্যা করার যে আদিম রীতি, তার মাধ্যমে মর্যাদা রক্ষা হয়েছে বলে ধারণা করার ব্যাধিটি নিরাময় করা সম্ভব হয়নি পৃথিবীর বিভিন্ন দেশে। মর্যাদার খুনের বলি যে কেউই হতে পারে, তবে পরিসংখ্যান বলে নারীরাই সাধারণত হয় প্রধান শিকার। বেশিরভাগ ক্ষেত্রে এজাতীয় খুনের পেছনের মূল কারণ থাকে বিবাহ-পূর্ব সতীত্বহানি কিংবা বিবাহ-বহির্ভূত সম্পর্ক। এছাড়াও পরিবারের অমতে বিয়ে অথবা নিম্নবর্ণ বা গোত্রের কাউকে বিয়ে করাও একটা কারণ। ধর্মীয়, সামাজিক বা গোত্রের বিধিনিষেধ অবজ্ঞা করলেও এজাতীয় খুনের ঘটনা ঘটে। ভারত, পাকিস্তান, জর্ডান, লেবানন, মরক্কো, সিরিয়া ও আরব বিশ্বের বিভিন্ন দেশে এ প্রথা অধিক প্রচলিত। পাকিস্তানের অবস্থা তো রীতিমত ভয়াবহ। ২০১০ সালে অনার কিলিংয়ের শিকার হয়েছিল ৭৯১ জন, তার পরের বছর অবৈধ সম্পর্ক এবং বিনা অনুমতিতে বিয়ে করার কারণে এই ধরনের খুনের সংখ্যা ছিল ৮১৪। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে এরকম হত্যার শিকার হয়েছে দেড় হাজার নরনারী। মৃত্যুর আগে অপরাধী সাব্যস্ত করা নারীকে গণধর্ষণের শিকারও হতে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, হত্যা করা হয়েছে সেই নারীর পুরুষ সঙ্গীকেও। ভারতের বর্তমান পার্লামেন্টের উচ্চবর্ণ এক সদস্যের কন্যা দলিত শ্রেণীর এক ছেলেকে বিয়ে করেছে বলে সেই সাংসদ ভাড়াটে গুণ্ডা পাঠিয়ে দুজনকেই হত্যা করতে চাইছেন বলে অভিযোগ করেছেন তাঁরই কন্যা। প্রাচীন রোমে মর্যাদার খুনকে উৎসাহিত করা হতো। এমনকি কোনো ব্যাভিচারী নারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিবারের প্রধানকেই দেওয়া হতো শাস্তি। এক সৌদি পিতা ভিনপুরুষের সাথে ফেসবুকে কেবল চ্যাটিং করার অপরাধে তাঁর মেয়েকে হত্যা করেছেন এমন নজিরও আছে। জাতিসংঘের ২০০০ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্টে উল্লেখ করা হয় সারা বিশ্বে প্রতিবছর ৫০০০ মর্যাদার খুনের ঘটনা ঘটে, যার বেশিরভাগের শিকার নারীরা। জর্ডানের বাদশা আবদুল্লা ১৯৯৯ সাল থেকে দেশটিতে অনার কিলিং সংক্রান্ত আইন পরিবর্তনের প্রস্তাব করেছিলেন, তাঁর পেছনে দেশটির রাণীও ছিলেন সোচ্চার। কিন্তু সাংসদ এবং মন্ত্রীদের তিনি রাজি করাতে পারেননি। ভারত, পাকিস্তান কিংবা আরব বিশ্বের এই প্রবণতার বাইরে ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকা, কানাডা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশেও মর্যাদার খুনের প্রচলন দেখা যায়। ল্যাটিন আমেরিকাসহ পশ্চাদপদ দেশগুলোতে মর্যাদা বলতে যা বোঝানো হয় সেটা হচ্ছে বিবাহপূর্ব সতীত্ব আর বিবাহপরবর্তী বিশ্বস্ততা।
এরকম এক মর্যাদার খুনের কথা আমরা পাই এক অনামা কথকের সাংবাদিকতাধর্মী বয়ানে, যেখানে সান্তিয়াগো নাসার নামের আরব বংশোদ্ভুত এক যুবককে হত্যা করে তরুণী আনহেলা ভিকারিওর দুই যমজ ভাই পাবলো ও পেদ্রো ভিকারিও। আনহেলার বিয়ে হয়েছিল বায়ার্দো সান রোমান নামের এক ধনাঢ্য যুবকের সাথে। বিয়ের রাতে বায়ার্দো যখন বুঝতে পারে, ওর সদ্য বিবাহিতা স্ত্রীটি কুমারী নয়, সে আনহেলাকে রাতের বেলাতেই ফিরিয়ে নিয়ে যায় শ্বশুরালয়ে। বিয়ের রাতের সব ব্যস্ততা শেষে আনহেলার মা পুরিসিমা ভিকারিও ঘুমাতে যান। কিন্তু মধ্যরাতের পর দরজায় তিনটা টোকা শুনে তিনি জেগে ওঠেন। তাঁর কাছে অশুভ মনে হয়েছিল সেই টোকার শব্দ। দরজার বাইরে তিনি দেখতে পান তাঁর জামাতা বায়ার্দো আর মেয়ে আনহেলাকে। ওকে ঘরের ভেতর ঠেলে দিয়ে বায়ার্দো শাশুড়ির গণ্ডচুম্বন করে বলে, 'সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ, মা। আপনি একজন দেবী।' বায়ার্দো চলে যাবার পর মেয়েকে চুলের মুঠি ধরে নির্মমভাবে প্রহার করতে থাকেন তিনি। পরবর্তী দুই ঘণ্টা ধরে মেয়েকে মেরেই চলেন, তবে সেটা এমনই নীরবে ঘটে যে, ঘরে ঘুমন্ত বাকি লোকেরা কেউ কিছুই টের পায়নি। রাত তিনটার কিছু আগে বোনের বিয়ের উৎসবের মাতামাতি শেষ করে আনহেলার দুই যমজ ভাই ঘরে ফিরে সব শোনার পর বোনকে জিজ্ঞেস করে, কাজটি কে করেছে। 'নামটি বলার জন্য প্রয়োজনীয় সময়টুকুই কেবল নেয় সে। সেই নাম খোঁজ করে সে ছায়ার ভেতর, নানান দুনিয়ার সহজে তালগোল পাকিয়ে যাওয়া অনেক অনেক নামের মধ্যে এটিই প্রথমে খুঁজে পায় . . .।' তারপর জানায় সান্তিয়াগো নাসারের নাম।
এভাবেই শুরু হয় গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ঔপন্যাসিকা একটি পূর্বঘোষিত মৃত্যুর কালপঞ্জী (ক্রোনিকা দে উনা মুরতে আনুনসিয়াদা, ইংরেজি অনুবাদে ক্রনিকল অভ অ্যা ডেথ ফোরটোল্ড)। বইটির প্রথম বাক্যেই বলে দেওয়া হয় 'যেদিন ওরা সান্তিয়াগো নাসারকে খুন করতে যাচ্ছিল সেদিন বিশপকে নিয়ে আসা বোটের জন্য অপেক্ষা করতে ও ভোর সাড়ে পাঁচটায় উঠে পড়ে।' খুনের চূড়ান্ত ঘটনাটি প্রথমেই বলে দিলে গল্পের টানটান ভাব থাকে না হয়তো, তবে মার্কেজের জাদুকরী বয়ানে সেই ভাবটি কোনোভাবেই ক্ষুন্ন হয়নি। বরং একটা সফল রহস্যোপন্যাসের মতো এই পূর্বঘোষিত খুনের পুঙ্খানুপূঙ্খ বর্ণনা বাক্যে বাক্যে, বয়ানের মুন্সিয়ানায় পাঠককে টেনে নিয়ে যায় শেষাবধি। উপন্যাসের দ্বিতীয় বাক্যে আমরা জানতে পারি, সান্তিয়াগো সে রাতে 'স্বপ্ন দেখছিল, একটা অরণ্যবিথীর ভেতর দিয়ে হালকা বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছে ও . . .।' ওর মা প্লাসিদা লিনারোর ছিল অন্যের দেখা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সুনাম, স্বপ্নদ্রষ্টা কিছু খাওয়ার আগে সেই স্বপ্নের কথা তাঁকে বলে। তিনি ছেলে সম্পর্কে জানান, 'সে সব সময়ই গাছের স্বপ্ন দেখতো।' আগের সপ্তাহে ও স্বপ্ন দেখেছিল, 'একটা টিনের তৈরি অ্যারোপ্লেনে চড়ে কাঠবাদাম গাছের ভেতর দিয়ে যাচ্ছিল কোনো কিছুতে ধাক্কা না দিয়ে।' সেই খাবনামা বিশেষজ্ঞ মা নিজের ছেলের খুন হওয়ার কোনো পূর্বাভাষ পাননি, যদিও ভিকারিও ভাইয়েরা সান্তিয়াগোকে খুন করার প্রকাশ্য ঘোষণা দেয়, যা লেখকের ভাষায় 'বাইশজন লোক' শুনেছিল।
ভিকারিও ভাইদের প্রকাশ্য ঘোষণা এবং শান দেওয়া ছুরি নিয়ে অপেক্ষা করার কথা এতজন লোক জানলেও বিশপের আগমনের ডামাডোলে বিষয়টির গুরুত্ব চাপা পড়ে যায়। আবার কেউ বিশ্বাসই করেনি যে ভিকারিও ভাইয়েরা সত্যিই কাউকে খুন করতে পারে, তাই সান্তিয়াগোকে আগেভাগে সাবধান করে দিতে পারেনি কেউ। কেবল দুধের দোকানী ক্লতিলদে আরমান্তা বিশ্বাস করেছিল ভিকারিও ভাইদের ঘোষণা। ওদের কথা শুনে ও জিজ্ঞেস করেছিল এই ভোরবেলায় কেন ওকে খুন করতে চায় ওরা? ওদের সোজা কথা কথা, ' সান্তিয়াগো জানে, কেন।' ক্লতিলদে ওদের কথা বিশ্বাস করেছিল বলেই শেষবারের মতো ওদের কাছে মিনতি জানিয়ে বলেছিল, 'অন্তত বিশপের মহানুভবতার প্রতি সম্মান দেখিয়ে আল্লার ওয়াস্তে এবারের মতো ওকে ছেড়ে দাও।' এমনকি নিরুপায় হয়ে ওর কাছ থেকে দুধ ভিক্ষা করতে আসা ভিখারিনীর মাধ্যমে ও খবরও পাঠিয়েছিল নাসার পরিবারের রাঁধুনি বিক্তোরিয়া গুছমানের কাছে।
সান্তিয়াগোর বন্ধু ক্রিস্তো বেদোয়া খবরটা শোনার পর ওর খোঁজে ওদের বাড়িতেও গিয়েছিল। বিক্তোরিয়া গুছমানের কাছে বন্ধু ফিরেছে কি না খোঁজ নিয়ে ওকে জানায় যে সান্তিয়াগোকে খুন করার জন্য খুঁজছে ওরা। বিক্তোরিয়া বিষয়টা আমলে না নিয়ে বলে, 'বেচারা ছেলেদুটো কাউকে খুন করতে পারে না।' তবে বহু বছর পরে বিক্তোরিয়ার মেয়ে ডিভিনা ফ্লর স্বীকার করে যে ওর মা অন্তর থেকে চেয়েছিল ভিকারিও ভাইয়েরা সান্তিয়াগোকে খুন করুক, তাই ওদের প্রকাশ্য ঘোষণা সম্পর্কে জানার পরও ওকে সাবধান করে দেয়নি ও। ডিভিনা ফ্লরও সাবধান করেনি, কারণ সে সময় ওর ভাষায় ও ছিল নিজে থেকে সিদ্ধান্ত নিতে না পারা এক বাচ্চা মেয়ে মাত্র। সান্তিয়াগোর বাবা ইব্রাহিম নাসার এককালে বিক্তোরিয়াকে গোপনে যথেচ্ছ ভোগ করেছে। তার পর যখন সেই ভালবাসা উবে যায়, তখন ওকে গৃহপরিচারিকা হিসেবে বাড়িতে নিয়ে এসেছিল ইব্রাহিম। বিক্তোরিয়া জানতো সান্তিয়াগোর স্বভাবচরিত্রও হয়েছে ওর বাবার মতো, তাই ওর সদ্য কুঁড়ি মেলা মেয়ে ডিভিনা ফ্লরকে চোখে চোখে রাখতো ও। জানতো কোনো একদিন মেয়েটিকে ঠিকই সান্তিয়াগো ওর গোপন বিছানায় নিয়ে যাবে।


ছবি: মূল ভাষায় একটি পূর্বঘোষিত মৃত্যুর কালপঞ্জী গ্রন্থের প্রচ্ছদ।

সেদিন সকালে সান্তিয়াগো আগের রাতের খোঁয়ারি নিয়ে যখন রান্নাঘরে ঢোকে তখন বিক্তোরিয়া দুপুরের রান্নার জন্য তিনটে খরগোশের চামড়া ছাড়াচ্ছিল। 'বিশাল রান্নাঘরটি আগুন আর খোঁয়াড়ে ঘুমন্ত মুরগীদের ফিসফিস শব্দের মধ্যে নিরবে শ্বাস নিচ্ছিল।' ডিভিনা ফ্লর ওকে একমগ কফি দিয়ে যায়। 'সান্তিয়াগো চুলোর ওপর খরগোশের নাড়িভুঁড়ি ছাড়ানোয় রত দুই রমণীর ওপর থেকে চোখ না সরিয়ে ধীরে ধীরে কফির মগে চুমুক দিতে দিতে ভাবছিল। বয়স হওয়া সত্ত্বেও বিক্তোরিয়া গুছমানের শরীরের বাঁধুনী এখনও ভালো। এখনও কিছুটা পোষ না মানা মেয়েটি ওর গ্ল্যান্ডের বাড়তি তাড়নায় আচ্ছন্ন। ও যখন কফির খালি মগ তুলে নিতে আসে, সান্তিয়াগো ওর হাত ধরে ফেলে বলে, এবার তোমার পোষ মানার সময় এসেছে।' বিক্তোরিয়া রক্তমাখা ছুরি তুলে ওকে শাসিয়ে বলে যে ও বেঁচে থাকতে সে সুযোগ ও পাবে না।
খুনের ঘটনাটির দুই দশকেরও বেশি সময় পর বিক্তোরিয়া স্মরণ করতে পারে, সেই সকালে ও যখন সামনে বসে হাঁপাতে থাকা কুকুরগুলোর দিকে খরগোশের নাড়িভুঁড়ি ছুঁড়ে দিচ্ছিল, সান্তিয়াগোর দৃষ্টিতে ছিল আতঙ্ক। ও এমনও স্বীকার করে যে সেই সকালে সান্তিয়াগোর নাশতাটা তেতো করে দেওয়ার জন্য ইচ্ছে করেই ও খরগোশের উদরান্ত্রগুলো কুকুরদের খাইয়ে চলছিল। ডিভিনা ফ্লরও জানায় যে খুন করার পরিকল্পনাটা জানতো বলে ও খালি কফির মগ তুলে নিতে এলে সান্তিয়াগো যখন ওর হাত ধরে ফেলে, সেই হাতকে ওর মড়ার হাতের মতো ঠাণ্ডা মনে হয়েছিল।
খুন করার পর পেদ্রো ভাইদের মর্যাদা রক্ষার জন্য 'বৈধ খুনের' তত্ত্বটি নিয়ে তাদের আইনজীবী তাদের পাশে দাঁড়ায়, আদালতও সরল বিশ্বাসে এই যুক্তি সমুন্নত রাখে। পেদ্রো ভাইয়েরা বিচার শেষ হওয়ার পর ঘোষণা করে যে, 'তারা একই কারণে হাজারবার খুন করতো'। খুন করার পর একদল উত্তেজিত আরব যখন তাদের তাড়া করে, ওরা ফাদার আমাদরের বাড়িতে গিয়ে ছুরিদুটো তাঁর সামনে সমর্পন করে।
'হত্যার বর্বর কাজটির কারণে ওরা পরিশ্রান্ত, ওদের পোশাক আর হাত ঘামে ভেজা, ওদের মুখে ঘাম আর তাজা রক্তে মাখামাখি, তবে যাজক এই আত্মসমর্পনকে মর্যাদার এক বিশাল কাজ বলে স্মরণ করতে পারেন।
পেদ্রো বলে, "আমরা ওকে প্রকাশ্যে খুন করেছি, তবে আমরা নিরপরাধ।"
ফাদার আমাদর বলেন, "হয়তো ঈশ্বরের সামনে।"
পাবলো ভিকারিও বলে, "ঈশ্বরের এবং মানুষজনের সামনে।"
একমাত্র ফাউস্তিনা সান্তোস পাবলো ভিকারিওর হুমকির মধ্যে এক ঝলক সত্যতা দেখতে পেয়েছিল এবং মজা করে জিজ্ঞেস করেছিল আগে মরার মতো এত ধনীলোক থাকতে ওদের সান্তিয়াগো নাসারকে খুন করতে হবে কেন। পেদ্রো ভিকারিও জবাব দিয়েছিল, "সান্তিয়াগো নাসার জানে, কেন।"
কর্নেল লাসারো আপন্তে ভোর চারটার অল্প আগে ঘুম থেকে ওঠেন। খেউরি করার পর অফিসার লিওনার্দো পরনই তাঁর কাছে ভিকারিও ভাইদের পরিকল্পনার কথা জানায়। তবে আগের রাতে তিনি বন্ধুদের মধ্যে এতগুলো মারামারির মীমাংসা করেছেন যে, আর একটার ব্যাপারে তাঁর কোনো তাড়াহুড়ো ছিল না। তিনি শান্তভাবে পোশাক পরেন, নিখুঁত না হওয়া পর্যন্ত বো টাইটা কয়েকবার খুলে বাঁধেন, তারপর বিশপকে অভ্যর্থনা জানানোর জন্য গলায় ঝুলিয়ে নেন মেরীর ধর্মসভার ফলক। তিনি যখন গোল করে কেটে অল্প আঁচে ভাজা পেঁয়াজকুচির সাথে ভাজা কলিজা দিয়ে নাশতা সারছিলেন তখন তাঁর স্ত্রী বেশ উত্তেজিত কণ্ঠে বলে যে বায়ার্দো সান রোমান আনহেলা ভিকারিওকে বাপের বাড়িতে ফেরত দিয়ে গেছে, তিনি এটিকে নাটকীয় কিছু মনে করেননি।
তিনি অভিনয়ের ঢংয়ে বলেন, "হা ঈশ্বর! বিশপ কী ভাববেন!"
মেয়র কর্নেল আপন্তে এরকম একটা খবর শুনে ভিকারিও ভাইদের ছুরি নিয়ে অপেক্ষমান দেখতে পেয়েও বিষয়টাকে যথোচিত গুরুত্ব দেননি, বরং ছুরি দুটো বাজেয়াপ্ত করেই তাঁর দায়িত্ব শেষ করেছিলেন। কিন্তু পেদ্রো ও পাবলো আর একজোড়া ছুরি নিয়ে আসে। মেয়রের এরকম গা ছাড়া ভাব দেখে দুধের দোকানি ক্লতিলদে পর্যন্ত হতাশ হয়েছিল। তার ধারণায় মেয়রের উচিত ছিল সত্য ঘটনা বের হয়ে আসা পর্যন্ত দুভাইকে গ্রেফতার করে আটকে রাখা।
আমরা জানতে পারি, খুন করার প্রথম পরিকল্পনা ছিল পেদ্রো ভিকারিওর, তবে কর্নেল আপন্তে যখন ওদের ছুরিগুলো বাজেয়াপ্ত করেন, তখন তিনি ধরে নেন যে এতেই তাঁর দায়িত্ব পালনের কাজটি শেষ হয়েছে। পরে অবশ্য পাবলো নেতৃত্ব হাতে তুলে নেয়। ভাইকে রাজি করাতে যথেষ্ট বেগ পেতেও হয়েছিল পাবলোর। এমনকি পেদ্রো যখন প্রস্রাব করতে গিয়ে যৌনরোগের কারণে অনেক সময় ব্যয় করে, পাবলোর মনে হয় ও ইচ্ছে করেই দেরি করছে যাতে ভোরের আলো ফুটে ওঠে।
অবশেষে সমবেত জনতার প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশপকে বহনকারী বোটটির দেখা মেলে। মার্কেজ সেই মহা আগমনের বর্ণনা দেন এভাবে:
সরকারি কর্মকর্তা এবং স্কুলের বাচ্চারা ছাড়াও জেটিতে অনেক লোক ছিল, সর্বত্র দেখা যাচ্ছিল ওদের সাথে বিশপের জন্য উপহার হিসেবে নিয়ে আসা মোটাতাজা মোরগের ঝাঁকা, কারণ মোরগঝুঁটির স্যুপ বিশপের পছন্দের ডিশ। জেটির ওপর এত প্রচুর লাকড়ি স্তুপ করে রাখা ছিল যে সেগুলো বোটে তুলতে কমপক্ষে দুইঘণ্টা সময় লাগবে। তবে বোট থামে না। ড্রাগনের মতো ফোঁস ফোঁস করে নদীর বাঁকে পৌঁছে যায় ওটা, বাজনদারেরা বাজাতে শুরু করে বিশপের সংগীত, আর ঝুড়ির ভেতর থেকে মোরগগুলো ডাক ছেড়ে জাগিয়ে তোলে শহরের অন্যসব মোরগদের।
. . . বোট যখন জেটির কাছ দিয়ে পেরিয়ে যায় তখন সেটি শিস দিয়ে বদ্ধ বাষ্প ছেড়ে দিলে জেটির ধারের খুব কাছাকাছি যারা ছিল তারা ভিজে যায়। এটা ছিল দ্রুত ধাবমান এক কুহক: জেটির ওপর জড়ো হওয়া জনতার উল্টোদিকে এসে বিশপ বাতাসে ক্রস চিহ্ন আঁকতে থাকেন, তারপর বোটটি দৃষ্টিসীমার বাইরে চলে না যাওয়া পর্যন্ত কোনো বিরাগ বা উৎসাহ ছাড়াই যান্ত্রিকভাবে কাজটি করে যান, কেবল রয়ে যায় মোরগগুলোর ডাক।
নগরবাসীকে হতাশ করে বিশপের চলে যাওয়ার পর সবাই যখন জেটি থেকে ফিরে আসে ততক্ষণে লেখকের ভাষায় 'বাইশ জন' নারীপুরুষ সান্তিয়াগোকে খুন করার জন্য ভিকারিও ভাইদের প্রকাশ্য ঘোষণা সম্পর্কে জেনেছে। কিন্তু নানান কারণে দুর্লঙ্ঘ্য নিয়তির মতো সান্তিয়াগোকে কেউ আগেভাগে সাবধান করার সুযোগ পায়নি। কেউ একজন সান্তিয়াগোর বাড়ির সদর দরজার নিচ দিয়ে একটা খাম গলিয়ে রেখে গিয়েছিল, তার ভেতর ছিল সান্তিয়াগোকে খুন করার জন্য ঠিক কোথায় ওরা অপেক্ষা করছে, কী কারণে খুন করতে চায় এমন তথ্য সংবলিত একটা বার্তা। কিন্তু খুনটা ঘটে যাবার আগে পর্যন্ত কেউই খামটা দেখেনি। একজনই কেবল সান্তিয়াগোকে সরাসরি সাবধান করে দিয়ে ভিকারিও ভাইদের কাছ থেকে বাঁচার উপায় বাতলে দিয়েছিলেন, তিনি হচ্ছেন সান্তিয়াগোর প্রেমিকা ফ্লোরা মিগেলের বাবা নাহির মিগেল। ফ্লোরা যখন ভিকারিও ভাইদের ঘোষণাটা শোনে, ও বিশ্বাস করতে পারেনি যে কাজটা ওরা সত্যিই করবে। ও ভেবেছিল ওরা সান্তিয়াগোকে বাধ্য করবে যাতে ও আনহেলাকে বিয়ে করে ওর হৃতসম্মান ফিরিয়ে দেয়। সেই দুঃখে এযাবত ওকে লেখা সান্তিয়াগোর সবগুলো চিঠি সাজিয়ে নিয়ে সকাল থেকেই কাঁদতে বসে ও। সান্তিয়াগো যখন সেই ভোরে ওদের বাড়ি যায়, ফ্লোরার বাবা ওকে বলে, ও যাতে এই বাড়িতেই গা ঢাকা দিয়ে থাকে, কিংবা ওর রাইফেলটা নিয়ে বের হয়, যাতে ভিকারিও ভাইদের সাথে প্রয়োজনে লড়তে পারে। এই দুই উপদেশের কোনোটিই সান্তিয়াগো গ্রহণ করেনি। নাহির মিগেলের কাছ থেকে ভিকারিও ভাইদের পরিকল্পনার কথা শুনে 'ও ফ্যাকাশে হয়ে যায় এবং এমনভাবে নিয়ন্ত্রণ হারায়, ও যে ভান করছে এমনটি ভাবা ছিল অসম্ভব।' নাহির মিগেলের ভাষায় 'ওকে দেখতে একটা ভেজা ছোট পাখির মতো লাগছিল।'
মিগেলদের বাড়ি থেকে বের হওয়ার পর স্কোয়ারে জড়ো হওয়া লোকজন দেখতে পায় ওকে। ওরা বুঝতে পারে ওকে যে খুন করা হবে সেটা এখন ও জানে, তাই রাস্তায় নেমে এমন বিভ্রান্ত ছিল যে বাড়ির দিকে যাওয়ার পথ খুঁজে পাচ্ছিল না ও। বিভিন্ন দিক থেকে লোকজন ওকে ডেকে কোন দিক দিয়ে যেতে হবে বাতলে দিচ্ছিল, তাই আরও বিভ্রান্ত হয়ে কয়েকবার আগুপিছু করে ও। বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকবে মনে করেও সামনের দরজা খোলা আছে মনে করে সামনের দরজার দিকেই যায় সান্তিয়াগো। কিন্তু ঠিক কয়েক মুহূর্ত আগে ও ভেতরে ঢুকে পড়েছে মনে করে সদর দরজা লাগিয়ে দিয়েছিলেন ওর মা। ও যখন খুলে দেওয়ার জন্য দরজা ধাক্কাচ্ছিল, ততক্ষণে ভিকারিও ভাইয়েরা পৌঁছে যায়, আর ঠিক নিজেদের বদ্ধ দরজার সামনেই ওকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায় ওরা। ছেলে ঘরে ঢুকে পড়েছে ভেবে বাইরের পরিস্থিতি দেখার জন্য সান্তিয়াগোর মা প্লাসিদা লিনারো ব্যালকনিতে গিয়ে দেখতে পান, 'সান্তিয়াগো নাসার দরজার সামনে ধুলোর মধ্যে উপুড় হয়ে পড়ে নিজের রক্তের মধ্য থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করছে। একপাশে হেলে উঠে দাঁড়ায় ও, তারপর নিজের ঝুলে থাকা নাড়িভুঁড়ি হাতে ধরে দৃষ্টিভ্রম মানুষের মতো হাঁটতে শুরু করে।'
এভাবে একশ গজেরও বেশি পথ হেঁটে রাস্তায় না উঠে প্রতিবেশি পনচো লানাওয়ের বাড়ির ভেতর দিয়ে পার হয়ে নিজের বাড়ির দিকে যায় ও। লানাও পরিবার তখন নাশতার টেবিলে। ওদের বড় মেয়ে আর্জেনিডা লানাওয়ের ভাষ্যে 'তার স্বভাবসুলভ মাপা পায়ে সুন্দর ভঙ্গিতে হেঁটে আসছিল সান্তিয়াগো নাসার, দুর্দান্ত কোঁকড়া চুল সহ আরব চেহারায় অন্য সবসময়ের চেয়ে সুদর্শন দেখাচ্ছিল ওকে।' খাবার টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় ওদের দেখে হাসে ও, তারপর শোবার ঘর পেরিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। পুরনো জেটির সিঁড়িতে একবার হোঁচটও খায়, কিন্তু সাথে সাথে উঠে পড়ে, 'এমনকি নিজের নাড়িভুঁড়িতে লেগে যাওয়া ময়লা মুছে নেয়।' তারপর 'ভোর ছয়টা থেকে খোলা থাকা পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে রান্নাঘরে উপুড় হয়ে পড়ে যায় ও।'
এভাবেই সান্তিয়াগো হত্যার বর্ণনা দিয়ে শেষ হয় পরতের পর পরত খুলে যাওয়া ঘটনাপঞ্জির অনুপুঙ্খ বর্ণনা দেওয়া মার্কেজের এই ছোট অথচ মর্মস্পর্শী বইটি।


ছবি:একটি পূর্বঘোষিত মৃত্যুর কালপঞ্জী উপন্যাসের ভিত্তিতে নির্মিত চলচ্চিত্রের একটি দৃশ্য যেখানে ভিকারিও ভাতৃদ্বয় সান্তিয়াগো নাসারকে হত্যা করে।
হত্যাকাণ্ডের সাতাশ বছর পর বিভিন্নজনের সাথে সাক্ষাৎকার, নানান স্মৃতিকথন এবং দলিলপত্রের ওপর ভিত্তি করে সংবাদপত্রের রিপোর্টের মতো করে লেখা হয় ক্রনিকল অভ অ্যা ডেথ ফোরটোল্ড ('ক্রনিকল . . .')। বহু বছর আগের ঘটনা বলে বিভিন্নজনের বর্ণনা ও স্মৃতিচারণে কিছু অসংলগ্নতা এবং বৈপরীত্য থাকলেও ঝানু সাংবাদিকের অনুসন্ধানী রিপোর্টের মতো এটি পাঠককে টেনে নিয়ে যায় অন্তিম পরিণতির দিকে। ঘটনা বর্ণনার ধারাবাহিকতা রক্ষায় সচেষ্ট না থেকে মার্কেজ বিভিন্ন ঘটনাকে জুড়ে দিয়ে ক্যানভাসটিতে এঁকে গিয়েছেন দৃশ্যের পর দৃশ্য।
রহস্যোপন্যাসের মতো মার্কেজ সব রহস্য শেষাবধি উন্মোচন করেন না। একটি রহস্য থেকেই গেছে, আনহেলা ওর কুমারীত্ব হরণকারী হিসেবে সান্তিয়াগোর নাম কেন বলেছিল। শহরটির মানুষের মতো পাঠকের কাছেও প্রশ্নটি ধাঁধা হয়েই রয়ে গেছে শেষ পর্যন্ত। আনহেলিকা কি ওর কুমারীত্ব হরণকারী তার প্রেমিকটিকে বাঁচানোর জন্য সান্তিয়াগোকে ফাঁসিয়ে দিয়েছিল? না কি ও ভেবেছিল সান্তিয়াগো পরিবারের যে সামাজিক ও অর্থনৈতিক অবস্থান, তাতে অতি সাধারণ ভিকারিও পরিবারের কেউ তাদের বিরুদ্ধে লাগার সাহস পাবে না। প্রশ্নটি স্বয়ং লেখকেরও বটে। তাই কথক জানাচ্ছেন তিনি নিজেও এই রহস্যটা উন্মোচন করার জন্য বহুবছর পর আনহেলার সাথে তাঁর দ্বিতীয়বারের দেখায় বিষয়টা আবারও জানতে চেয়েছিলেন। আনহেলা কেবল বলেছিল, 'এটাকে আর তেতো করো না, ভাই, এটা ছিল সে-ই।'
সান্তিয়াগো যে একাজটি করতে পারে তার কোনো ধরনের আলামত নগরবাসীর কাছে নেই। আনহেলাও যে আর কুমারী নেই এটাও কেউ ভাবতেও পারেনি। মায়ের কঠোর শাসনে ও তত্ত্বাবধানে ওর বোনদের সাথে বেড়ে উঠেছে ও। বায়ার্দোর সাথে বিয়েটা ঠিক হওয়ার পর আনহেলা একবার ভেবেছিল আত্মহত্যা করে, কিন্তু ওর সাথে কাপড়ের ফুল বানানোর কাজ করে এমন দুই নারী ওকে বোঝায় যে প্রায় সব মেয়েই অল্পবয়সের বিভিন্ন দুর্ঘটনায় কুমারীত্ব হারায়। ওরা এমনও বলে যে অধিকাংশ পুরুষ বিয়ের রাতে এত ঘাবড়ে থাকে যে মেয়েদের সাহায্য ছাড়া ওরা কিছুই করতে পারে না। চাদরের ওপর যে লাল দাগ দেখে সেটাকেই বিশ্বাস করে ওরা। আনহেলার বন্ধুদের কেউ কেউ এমনও বলেছিল বিয়ের রাতে স্বামীকে প্রচুর মদ খাইয়ে বেসামাল করে লজ্জা পাওয়ার ভান করে যাতে বাতি নিভিয়ে দেয় ও। তারপর নিজের অঙ্গে ফিটকিরি মেশানো পানি প্রয়োগ করে বিছানার চাদরে কয়েক ফোঁটা মারকিউক্রোম (এক ধরনের লাল তরল অসুধ) ফেলে দিতে হবে, যাতে পরদিন সকালে চাদরে রক্তের দাগের মতো মনে হয়। কিন্তু আনহেলাম এসবের কিছুই করেনি, কারণ ওর পারিবারিক সংস্কার ওকে কোনো ধরনের হীন কাজ থেকে বিরত থাকার শিক্ষা দিয়েছিল।
হত্যাকাণ্ডটি ঘটে যাবার পর ভিকারিও ভাইয়েরা যখন পুলিশ হেফাজতে, মেয়র কর্নেল আপন্তের জন্য সর্বপ্রথম যে চ্যালেঞ্জটি আসে, সেটি হচ্ছে সান্তিয়াগোর মরদেহের ময়না তদন্ত। বেদোয়া একজন মেডিক্যাল শিক্ষার্থী হলেও সে এই কাজ থেকে দূরে থাকে, কারণ সে সান্তিয়াগোর বন্ধু। এদিকে একাজের যোগ্য চিকিৎসক ডাক্তার দিওনিসিও শহরের বাইরে। মেয়র চেয়েছিলেন দিওনিসিও ফিরে আসা পর্যন্ত শবদেহটি একটা বড় ফ্রিজারে ঢুকিয়ে রেখে দেওয়া হবে। কিন্তু শহরে মানুষের দেহ সংরক্ষণের মতো বড় কোনো ফ্রিজার নেই, যেটি ছিল, সেটিও ছিল নষ্ট। একটা কফিন তৈরি হওয়া পর্যন্ত মরদেহটি ওদের বৈঠকখানায় ফেলে রাখা হয়। প্রচণ্ড গরমে যাতে মরদেহটিতে পচন না ধরে সেজন্য আশপাশের বড়ি থেকে পাখা এনে লাগিয়ে দেওয়া হয়েছিল। উৎসুক মানুষের ভিড়ে গরম আরও অসহ্য হয়ে ওঠে। তার ওপর মৃত্যুর গন্ধ পেয়ে উত্তেজিত হয়ে ওঠা কুকুরগুলোর ডাকাডাকি উপস্থিত মানুষের মধ্যকার অস্বস্তি আরও বাড়িয়ে দেয়। এরকম পরিস্থিতিতে ফাদার আমাদরকেই লাশের ময়না তদন্ত করার নির্দেশ দেন মেয়র কর্নেল আপন্তে। ফাদার আমাদর আনাড়ি হাতে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর যেনতেনভাবে বিকৃত করে ফেলা শরীরটা বস্তা সেলাইর মতো সেলাই দিয়ে লাশটিকে কফিনে চড়ানো হয়।
যে মৃত্যুর গন্ধে কুকুরগুলো উত্তেজিত হয়ে উঠেছিল, সেই গন্ধ ভিকারিও ভাইদেরও তাড়া করে বেড়াতে থাকে। কেবল ভিকারিও ভাইয়েরা নয়, সে গন্ধ পায় শহরের আরও অনেকেই। উপন্যাসের কথক সান্তিয়াগো হত্যা এবং তার মরদেহের পরিণতির দুঃস্বপ্নের মতো স্মৃতি নিয়ে ঘুমাতে যেতে না পেরে শহরের অভিজাত বারাঙ্গনা মারিয়া আলেহান্দ্রিনার ঘরে গিয়েছিল। কিন্তু মিলনের চূড়ান্ত মুহূর্তে মারিয়া দূরে সরে গিয়ে বলে, 'আমি পারছি না, তোমার গায়ে ওর গন্ধ।' কেবল কথক নয়, 'সেদিন সবকিছু থেকেই সান্তিয়াগো নাসারের গন্ধ পাওয়া যেতে থাকে।' গারদের মধ্যে বসে ভিকারিও ভাইয়েরাও সে গন্ধ পাচ্ছিল। ওদের মধ্যে কর্তব্য সমাধার একটা তৃপ্তি থাকলেও গন্ধটার নাছোড় উপস্থিতি ওদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। 'ওরা প্রচুর পানি, কাপড় কাঁচা সাবান, ন্যাকড়া দিতে বলে, তারপর হাত আর মুখ থেকে রক্ত এবং পরনের জামা ধুয়ে ফেলেও স্বস্তি পায় না।'
এ যেন শেকসপিয়ারের 'ম্যাকবেথ' নাটকে লেডি ম্যাকবেথের অবস্থা। রাজা ডানকানকে খুন করার পর ম্যাকবেথ সিংহাসনে বসেন ঠিকই, কিন্তু লেডি ম্যাকবেথ অপরাধবোধে পাগলপ্রায় হয়ে পড়েন। বারবার হাত ধুয়ে নিয়েও তাঁর হাত থেকে যেন রক্তের দাগ যায় না। অথচ প্রথমে ম্যাকবেথ এই খুনে রাজি ছিলেন না, স্ত্রীর তাড়না ও প্ররোচনা এবং স্বামীর পৌরুষ নিয়ে প্রশ্ন তোলার পর ম্যাকবেথ ডানকানকে খুন করেছিলেন। 'ক্রনিকল . . . ' উপন্যাসের হত্যাকাণ্ডের ঘটনায়ও পৌরুষের খোঁটা দেওয়ার একটা ভূমিকা ছিল। পাবলো ভিকারিওর প্রেমিকা প্রুদেন্সিয়া কোতে এই খুনকে সমর্থন করে বলেছিল, ' . . . আমি কেবল সমর্থনই করিনি, একজন পুরুষ মানুষের যা করার কথা সেটা না করলে আমি ওকে বিয়েই করতাম না।'
আমরা জানি ম্যাকবেথ প্রথমে রাজা ডানকানকে খূন করে সিংহাসনে বসার পরিকল্পনার কথা স্ত্রীকে জানিয়েছিলেন বটে, পরে অবশ্য তার মনে ঔচিত্যবোধ জাগ্রত হয়। মার্কেজের 'ক্রনিকল . . . ' আখ্যানেও সান্তিয়াগোকে খুন করার প্রথম পরিকল্পনা পেদ্রো ভিকারিওর হলেও পরবর্তী সময়ে সে তার অবস্থান থেকে সরে আসে, তখন তার ভাই পাবলো নেতৃত্ব হাতে নিয়ে পেদ্রোকে প্রায় বাধ্য করে খুনের সাথে জড়ায়।
জাদু বাস্তবতার উপস্থিতি মার্কেজের লেখায় অনিবার্য। তাই তাঁর লেখায় জাদু বাস্তবতার দৃষ্টান্ত উপস্থাপন অপ্রয়োজনীয় মনে হয়। তবু কয়েকটা উদাহরণ দেওয়াটা সঙ্গত মনে হয়। সান্তিয়াগোর লাশটা যখন হিমায়িত হওয়ার সুযোগরহিত হয়ে পড়ে ছিল, তখন 'বিকেলবেলায় মাছিদের ডেকে এনে ক্ষতস্থান থেকে সিরাপ রঙের তরল বের হওয়া শুরু হয়, ওপরের ঠোঁটের ওপর বেগুনীলাল ফুসকুড়ি ফুটে উঠে ধীরে ধীরে চুলের গোড়া পর্যন্ত জলের ওপর মেঘের ছায়ার মতো ছড়িয়ে যায়। ওর সদা সহজসরল চেহারায় ফুটে ওঠে একটা বৈরী ছাপ, তখন ওর মা একটা রুমাল দিয়ে মুখটা ঢেকে দেন।' কিংবা 'পেদ্রো তদন্তকারী কর্মকর্তার কাছে বলে, "আমি কমপক্ষে তিনবার ওকে ছুরি মারি, কিন্তু অবাক ব্যাপার ছুরিটা পরিস্কার বের হয়ে আসছিল, এক ফোঁটা রক্ত বের হয়নি।" বহু বছর পর বায়ার্দো যখন আনহেলার কাছে ফিরে আসে, 'থাকার জন্য একটা স্যুটকেস বহন করছিল ও, আরেকটাতে ছিল ওর কাছে লেখা আনহেলার প্রায় দুই হাজার চিঠি। ওগুলো রঙিন ফিতায় বেঁধে সাজানো ছিল তারিখ অনুযায়ী, কোনোটিই খোলা হয়নি।' প্রাক্তন স্বামীর কাছ থেকে কোনো জবাব না পেয়ে দুই হাজার চিঠি লেখা কতখানি বাস্তব আর কতখানি জাদু, সেটা স্বয়ং মার্কেজই বলতে পারেন।
'ক্রনিকল . . .' উপন্যাসে নগরীর প্রশাসনিক দুর্বলতার বিষয়টা মার্কেজ এনেছেন খোলামেলাভাবেই। সান্তিয়াগোকে খুন করার প্রকাশ্য ঘোষণা সম্পর্কে জানা এবং তাদের কাছে হত্যার সম্ভাব্য উপকরণ পাওয়া সত্ত্বেও মেয়র কর্নেল আপন্তে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেননি, কেবল ছুরিদুটো বাজেয়াপ্ত করেই তাঁর দায়িত্ব শেষ করেছিলেন। হত্যাকাণ্ডটি ঘটে যাওয়ার পর মেয়র প্রথমে বুঝে উঠতে পারছিলেন না তাঁর কী করা উচিত। এমনকি লাশের ময়নাতদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতিতে মেয়র একাজে সম্পূর্ণ অদক্ষ যাজক আমাদরকে কাজটি করার নির্দেশ দেন, কারণ তিনি কিছুদিন ডাক্তারি পড়াশোনা করেছিলেন। অথচ তিনি ভালো করে জানতেন যে এই ময়নাতদন্তের কোনো আইনগত ভিত্তি থাকবে না।
জন স্টাইনবেকের গল্প 'দ্য মার্ডার' এরকমই এক হত্যাকাণ্ডের কাহিনী। মধ্য ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত অঞ্চলে এক খামারের যুবক মালিক জিম মুর একাই থাকতো ওর স্লাভ স্ত্রী জেলকাকে নিয়ে। এক পূর্নিমা রাতে শহরে যাওয়ার জন্য ঘোড়া নিয়ে বের হয় জিম, জেলকাকে জানিয়ে যায় যে, রাতে ফিরবে না ও। কিন্তু পথিমধ্যে খামারে চোরের উপদ্রবের প্রমাণ পেয়ে শহরে যাওয়ার পরিকল্পনা বাতিল করে বাড়ি ফিরে আসে জিম। কিন্তু আস্তাবলে বাঁধা একটা অপরিচিত ঘোড়ার উপস্থিতি ওকে সতর্ক করে তোলে। সাবধানে বাড়ির ভেতর ঢুকে বুঝতে পারে জেলকা একা নয়। তারপর জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পায় বিছানায় জেলকা শুয়ে আছে ওর এক কাজিনের সাথে। বিস্মিত জিম এই দৃশ্য সয়ে নিতে খানিকটা সময় নেয়, তারপর নিজের রাইফেল দিয়ে বিছানায় ঘুমন্ত ছেলেটিকে খূন করে। পরদিন সকালে শেরিফ আর তদন্তকারী অফিসার আসেন। সব কিছু দেখে শেরিফ জিমকে বলেন, 'আমরা আপনার জবানবন্দী শুনলাম। এবং সত্যি বলছি, আমাদের চোখ আছে, তাই না? অবশ্যই আপনার বিরুদ্ধে খুনের একটা অভিযোগ আসবে, তবে সেটা খারিজ হয়ে যাবে। দেশের এই অঞ্চলে সবসময় এরকমই হয়।'
মার্কেজের ক্রনিকল . . . উপন্যাসের সাথে বোর্হেসের 'ডেথ অ্যান্ড কম্পাস' গল্পটিরও কিছু মিল খুঁজে পাওয়া যায়। প্রথমটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ঘোষণা দিয়ে হত্যা, শেষেরটি প্রতিশোধমূলক পরিকল্পিত হত্যা। বোর্হেসের গল্পটিতে পুলিশ ইন্সপেক্টর লনরত হোটেল কক্ষে এক ইহুদী পাদ্রী ও শিক্ষাবিদের খুনের তদন্ত শুরু করেন। পরে জানা যায় এটি একটি ভুল হত্যাকাণ্ড। তবে মৃতের টাইপ রাইটারে একটা বাক্য টাইপ করা ছিল, 'নামের প্রথম অক্ষরটি বলা হয়েছে।' ঠিক এক মাস পর আরেকটি হত্যাকাণ্ড ঘটে, এখানেও অকুস্থলে চক দিয়ে লেখা ছিল, 'নামের দ্বিতীয় অক্ষরটি বলা হয়েছে।' তার একমাস পর তৃতীয় হত্যাকাণ্ডটি ঘটে। একমাস পর পুলিশ অফিসার একটা চিঠি পান যেখানে লেখা ছিল মার্চের চার তারিখে চতুর্থ হত্যাকাণ্ডটি ঘটবে, তার সাথে ছিল একটা ম্যাপ। ইন্সপেক্টর লনরত সেই ম্যাপ নিয়ে সম্ভাব্য হত্যাকাণ্ডের ঘটনাস্থলে গেলে দেখা পান অপরাধী শারলাকের। তখন তিনি বুঝতে পারেন যে ওকে ফাঁদে ফেলার জন্যই এই হত্যাকাণ্ডের তদন্তে প্রলুব্ধ করে সেখানে নিয়ে গেছে শারলাক। কারণ এই ইন্সপেক্টর লনরতই শারলাকের ভাইকে গ্রেফতার করেছিলেন যেখানে তার মৃত্যু হয়। শারলাককেও গুলি করে আহত করা হয়েছিল, নয়দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে উঠেছিল ও। শারলাকের সাথে সেখানে দেখা হওয়ার আগে পর্যন্ত লনরত বুঝতে পারেননি যে চতুর্থ হত্যাকাল্ডের শিকার হতে যাচ্ছেন তিনি। লনরতকে অন্যভাবে খুন করতে পারতো শারলাক, কিন্তু একটা গোলকধাঁধা তৈরি করে জ্যামিতিক ছকে ফেলে তাঁর নিজস্ব কৌশলে গল্পটি পরিবেশন করেন বোর্হেস। গোয়েন্দা কাহিনীর আদলে পরিকল্পিত খুনের গল্পটির সাথে মার্কেজের 'ক্রনিকল . . .'এর মিল কেবল এদুটির হত্যাকাণ্ডের ঘটনায়। বোর্হেসের ইন্সপেক্টর লনরত এবং মার্কেজের সান্তিয়াগো দুজনই ছিলেন নিজেদের মৃত্যু সম্পর্কে অজ্ঞ, দুজনই প্রতিশোধের শিকার।
'ক্রনিকল . . . 'এর সাথে কিছুটা মিল খুঁজে পাওয়া যায় ইসাবেল আইয়েন্দের দ্য হাউস অভ দ্য স্পিরিটস (. . . স্পিরিটস) উপন্যাসটিরও। মিলগুলো হয়তো খুব সুস্পষ্ট বা দৃষ্টিগ্রাহ্য নয়, তবে একেবারে উপক্ষেনীয়ও নয়। 'ক্রনিকল . . . ' উপন্যাসটি লেখা হয় সাতাশ বছর আগের একটি হত্যাকাণ্ড সম্পর্কে লোকমুখে শোনা বয়ান ও সাক্ষাৎকার থেকে। '. . . স্পিরিটস'ও লেখা হয় এক পরিবারের ছোট কন্যা ক্লারার দিনপঞ্জির বর্ণনা থেকে। ক্লারার ছিল অতীন্দ্রিয় ক্ষমতা। তার পরিবারে একটা অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিল ক্লারা। কিছুদিন পর সেই ভবিষ্যদ্বাণীকে সত্য প্রমাণিত করে তার বড় বোন রোজার মৃত্যু ঘটে বিষ প্রয়োগে। এই বিষ আসলে প্রয়োগ করা হয়েছিল চিলির সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী ওদের বাবা সেভেরোকে হত্যা করার জন্য।
মার্কেজের 'ক্রনিকল . . .' উপন্যাসে দেখা যায় অন্যের দেখা স্বপ্নের ব্যাখ্যা দানে পারঙ্গম সান্তিয়াগোর মা প্লাসিদা লিনারো তাঁর পুত্রের দেখা স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারেননি এবং ঠেকাতে পারেননি ছেলের হত্যাকাণ্ড। তাঁদের বাড়ির দরজার সামনেই সান্তিয়াগোকে ঘোষণা দিয়ে খুন করা হলেও সে মৃত্যুকে এড়ানো যায়নি। ইসাবেল আইয়েন্দের '. . . স্পিরিটস' উপন্যাসে ক্ষমতার উচ্চ শিখরে অবস্থান করেও এসতেবান ত্রুয়েবা তাঁর প্রিয় দৌহিত্রি আলবাকে এসতেবান গার্সিয়ার শারীরিক ও মানসিক অত্যাচারের হাত থেকে বাঁচাতে পারেননি।
'. . . স্পিরিট' উপন্যাসে এসতেবান গার্সিয়া তার বঞ্চনাবোধপ্রসূত ক্রোধের বহিঃপ্রকাশ হিসেবে আলবাকে ধর্ষণ করে, নিপীড়ন করে মানসিক যন্ত্রণা দিয়ে। অন্যদিকে 'ক্রনিকল . . .' উপন্যাসে বোনের সতীত্ব হরণের অপরাধে ভিকারিও ভাইদের ক্রোধের শিকার হয়ে খুন হয় সান্তিয়াগো।


ছবি: বার-টেন্ডার ক্লোতিল্দে ভিকারিও ভাতৃদ্বয়কে ঠেকাবার চেষ্টা করে।

উপন্যাসটিতে মার্কেজ বিভিন্নভাবে তির্যক ইঙ্গিত করেছেন যাজকশ্রেণীর প্রতি, কারণ ধর্ম মানুষের বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু হলেও সে বিষয়ে একশ্রেণীর মানুষের কপটাচার স্পষ্টভাবে ফুটে উঠেছে তাঁর লেখায়। আমাদের স্মরণে রাখতে হবে সান্তিয়াগো খ্রিষ্টান হলেও সে আরব বংশোদ্ভুত। এখানে একটা তথ্য উল্লেখ করা দরকার, মার্কেজের স্ত্রী মার্সেদেজও আরব বংশোদ্ভুত, তিনি এক মিশরীয়র দৌহিত্রি। নগরীর মানুষের মধ্যে বিশপের আগমন নিয়ে যে উৎসাহ ও প্রস্তুতির কথা বর্ণনা করা হয়েছে, তাঁকে বরণ করার সর্বাত্মক প্রস্তুতির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখিয়ে বিশপ নগরবাসীকে হতাশ করে তাদের পাশ কাটিয়ে চলে যান। বিশপের প্রতি আনহেলার বিতৃষ্ণাও কম ছিল না। বিশপের আগমন উপলক্ষে বিয়েটা একদিন পিছিয়ে দিতে চেয়েছিল বায়ার্দো, যাতে তিনি বিয়েটা সম্পাদন করতে পারেন। কিন্তু আনহেলা বিশপের আশীর্বাদ গ্রহণেও অনিচ্ছুক ছিল, কারণ যে বিশপের জন্য তাঁর পছন্দের স্যুপ তৈরি করতে গিয়ে কেবল মোরগের ঝুঁটিটি কেটে নিয়ে বাকিটুকু ফেলে দেওয়া হয়, তাঁর কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করতে চায়নি আনহেলা। বিশপের এই প্রবণতাটি যে কেবল অপচয়ী তা-ই নয়, বিষয়টির মধ্যে রয়েছে যৌনতার সূক্ষ্ম ইঙ্গিত।
উপন্যাসের কথকের বোন একজন প্রব্রাজিকা হয়েও আগের রাতের কড়া মদ্যপানজনিত সকালবেলার খোঁয়ারির কারণে ঘুম থেকে উঠে বিশপকে অভ্যর্থনা জানাতে যেতে পারেননি। এটিও ধর্মচর্চার প্রতি লেখকের একধরনের ব্যঙ্গাত্মক ইঙ্গিত।
নগরীর প্রকৃত চিকিৎসকের অনুপস্থিতিতে মেয়র ফাদার আমাদরকে লাশের ময়না তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। শরীরটা আনাড়ি হাতে কাটাছেঁড়া করতে গিয়ে লাশটিকে বিকৃত করে ফেলেছিলেন তিনি। সুরতহাল করার এক পর্যায়ে কেটে যাওয়া অন্ত্রনালী গোড়া থেকে তাঁর হাতে উঠে এলে সেটিকে শরীরের যথাস্থানে রেখে না দিয়ে তিনি ছুঁড়ে ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছিলেন। যে কোনো ধর্মমতে মৃতদেহের প্রতি সম্মান জানানোটা ধর্মচর্চারও অধিক কিছু রীতি। অথচ একজন ক্যাথলিক ধর্মযাজক হয়েও তিনি হতভাগ্য সান্তিয়াগোর মৃতদেহের প্রতি কোনো সম্মান দেখাননি।
এই ফাদার আমাদর যখন তাঁর সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন যে সান্তিয়াগোর যকৃতে রয়েছে খারাপ চিকিৎসার লক্ষণ, ওর আয়ু ছিল আর কয়েক বছর। সান্তিয়াগোকে চিকিৎসা করা নিয়মিত ডাক্তার দিওনিসিও এই রিপোর্ট প্রসঙ্গে ক্ষুব্ধ মন্তব্য করেছিলেন, 'কেবল যাজকেরাই এমন অপদার্থ হতে পারে।' ধর্মযাজকদের সম্পর্কে এই মন্তব্যেই প্রকাশ পায় মার্কেজের মনোভাব।
দুধের দোকানী ক্লতিলদে ভিকারিও ভাইদের প্রকাশ্য ঘোষণায় বিচলিত হয়ে বিষয়টা ফাদার আমাদরকে জানিয়েছিল, কিন্তু ফাদার বিশপের আগমন নিয়ে এতটাই চিন্তিত ছিলেন যে তিনি এই হুমকিকে পাত্তা দেননি কিংবা কোনো ব্যবস্থাও নেননি। একজন ধর্মযাজকের এমন দায়িত্বহীন আচরনকেও মার্কেজ তুলে এনেছেন সূক্ষ্মভাবে।
আমাদের স্মরণে আছে 'শত বছরের নির্জনতা' উপন্যাসেও মার্কেজ দেখিয়েছিলেন কীভাবে ফাদার নিকানর ঈশ্বরের অসীম ক্ষমতার প্রমাণ হিসেবে মিথ্যে ভেল্কিবাজীর মাধ্যমে বিশ্বাসী মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন। এই উপন্যাসটিতে মার্কেজ বহুভাবে যাজকদের হেনস্তা করেছেন নানান উপায়ে।
সচেতনভাবে না হলেও মার্কেজ 'ক্রনিকল . . .' উপন্যাসে সমাজের শ্রেণীর মধ্যকার বিভেদ দেখিয়েছেন হালকা চালে। উপন্যাসটির শুরুতেই পাঠক খুব তীব্র শ্রেণীভেদ দেখতে পায় প্রভু সান্তিয়াগো এবং বিক্তোরিয়া গুছমান কিংবা তার মেয়ে ডিভিনা ফ্লরের মধ্যকার কার্যকলাপ ও সম্পর্কের মধ্য দিয়ে। সান্তিয়াগো প্রভু বলেই তরুণী ডিভিনাকে তার থাবা থেকে সরিয়ে রাখতে সদা তৎপর থাকতে হয় মা বিক্তোরিয়াকে। সেই প্রভুর প্রতি গুছমানের এমনই বিদ্বেষ যে ভিকারিও ভাইদের প্রকাশ্য ঘোষণাটি সম্পর্কে সান্তিয়াগোকে সাবধান করেনি ও, যাতে সত্যিই খুন হয় সে। দুধের দোকানী ক্লতিলদে যখন ভোরবেলায় স্বামী ডন রোহেলিওকে জাগিয়ে ভিকারিও ভাইদের পরিকল্পনা সম্পর্কে জানায়, সে বলে, 'এই দুজন কাউকে খুন করার মতো নয়, ধনী কাউকে তো নয়ই।' ভিকারিও ভাইদের বন্ধু মাংশের কারবারী ফাউস্তিনো দুই ভাইয়ের হুমকির মধ্যে একঝলক সত্যতা দেখতে পেয়েছিল, তাই মজা করে জিজ্ঞেস করেছিল কেন ওরা সান্তিয়াগোকে খুন করতে চায়, যেখানে মরার যোগ্য আরও বহু ধনী লোক আছে। সান্তিয়াগোর মরদেহ যখন জনসমক্ষে রেখে দেওয়া হয়েছিল একটা অপ্রশস্ত খাটের ওপর, তখন ওরা তৈরি করছিল 'বড়লোকদের' যোগ্য একটা কফিন। এভাবে মার্কেজ আলতোভাবে ছুঁয়ে গেছেন সমাজের শ্রেণী বৈষম্যের প্রান্তগুলো।
আবার বায়োর্দোর বিয়েতে খোলা চত্বরে আপ্যায়নের জন্য চল্লিশটা টার্কি, এগারটা খাসী শুকর আর চারটা বাছুরের রোস্ট এবং দুই শ পাঁচ কেস নিষিদ্ধ মদ, দুই হাজার বোতল দেশী মদ– সবই বিলি করা হয়েছিল সমবেত মানুষের মধ্যে। ধনী গরিব মানুষের একজনও বাকি ছিল না যারা বিয়ের এই উদ্দাম পার্টিতে যোগ দেয়নি। এখানেও সেই সমাজের দুই শ্রেণীর উপস্থিতি।
সান্তিয়াগোর অসহায় প্রতিরোধহীন মৃত্যুর পর উপন্যাসটিতে ফিরে গেলে আমরা স্মরণ করতে পারি, মৃত্যু সম্পর্কে তার একটা আগাম ধারণা হয়তো ছিল। ওর অন্তিম প্রভাতেও সান্তিয়াগোর ভাবনা ছিল বিশপের আগমন উপলক্ষে গির্জায় যে ফুলের সজ্জা করা হয়েছিল তাতে 'চৌদ্দটি উন্নত শ্রেণীর অন্ত্যেষ্টিক্রিয়া' করা যেতো। এমন নির্ভুল হিসাব কথককে দীর্ঘদিন তাড়া করে ফিরেছে। সান্তিয়াগো প্রায়ই বলতো, খুব কাছাকাছি থাকা ফুলের ঘ্রাণ ওর কাছে মৃত্যুর সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত মনে হয়। এমনকি সেদিন ভোরবেলাতেও গির্জায় গিয়ে কথাটার পুনরাবৃত্তি করেছিল ও। এমন কথাও বলেছিল যে ওর অন্ত্যেষ্টিক্রিয়াতে কোনো ফুল চায় না ও। তার এই ইচ্ছেকে পরিপূর্ণ করার জন্যই যেন পরদিন ঘটে ওর দুর্ভাগ্যজনক অন্ত্যেষ্টিক্রিয়া, আর সেই পারলৌকিক কর্মে কোনো ফুল যাতে না থাকে সেটা নিশ্চিত করতে হয় উপন্যাসের কথককে।
কেবল সান্তিয়াগোর নিজস্ব মৃত্যুভাবনা নয়, অন্যরাও আগেভাগেই দেখতে পেয়েছিল ওর মৃত্যু। সেদিন সকালে কফির মগ তুলে নিতে এলে সান্তিয়াগো যখন ডিভিনা ফ্লরের কব্জি চেপে ধরেছিল, ওর কাছে সেই হাতটিকে ওর কাছে মনে হয়েছিল জমে যাওয়া মড়ার হাতের মতো শক্ত। দুধের দোকানী ক্লতিলদে প্রদোষের আলোতে প্রথম দেখতে পেয়েছিল সান্তিয়াগোকে, ওর মনে হয়েছিল সান্তিয়াগো যেন অ্যালুমিনিয়ামের পোশাক পরে আছে, 'তাকে দেখতে ভুতের মতো লাগছিল।' ক্রিস্তো বেদোয়া ভিকারিও ভাইদের নিরস্ত করার জন্য বলেছিল যে সান্তিয়াগোর কাছে রিভলবার আছে। এই সাবধানবাণীতে কান না দিয়ে পেদ্রো বলেছিল, 'মরা মানুষেরা গুলি ছুঁড়তে পারে না।' এরকম বহু দৃষ্টান্তে সান্তিয়াগোর মৃত্যুর আগাম ইঙ্গিত মার্কেজ দিয়েছেন।
উপন্যাসটি যে সত্য ঘটনার ওপর ভিত্তি করে লেখা সেটি ঘটেছিল ১৯৫১ সালে সুক্রে শহরে, এখানেই বছর দশেক বাস করেছিল মার্কেজের পরিবার। সেই শহরের ভূস্বামী পরিবারের সন্তান মিগেল রেইয়েস পালেন্থিয়া ভালবেসে বিয়ে করেছিল বাইশ বছরের তরুণী স্কুল শিক্ষিকা মার্গারিতা চিকা সালাসকে। মার্গারিতারও ছিল দুই বড় ভাই হোসে ও ভিক্তর। মার্গারিতা যে কুমারী নয় বিয়ের রাতে সেটা বুঝতে পেরে মিগেল সদ্যবিবাহিতা স্ত্রীকে ওর মায়ের কাছে ফেরত নিয়ে গেলে তিনি মিনতি করে বলেছিলেন, কেলেঙ্কারি এড়াবার জন্য জামাই যাতে আর কয়েকটি সপ্তাহ অপেক্ষা করে। এসময় মার্গারিতার ভাই ভিক্তর উপস্থিত হয়ে বোনের কাছ থেকে জানতে পারে ছেলেটির নাম কায়েতানো শেন্টিলে। কায়েতানো ছিল এক ইতালিয় অভিবাসী পরিবারের সন্তান, সুদর্শন ও ভদ্র মেডিক্যাল শিক্ষার্থী।
ওকে খুন করার সিদ্ধান্ত নিয়ে মার্গারিতার দুই ভাই কায়েতানোর বাড়ির সামনের দোকানে অপেক্ষা করে বসে আছে, সে খবর কায়েতানোর মা পান পরিচিত এক কিশোরের কাছ থেকে। একসময় বাড়ির ভেতর থেকে তিনি দেখতে পান ছুটে আসছে চিকা ভাইয়েরা, কিন্তু দেখতে পাননি যে অন্য দিক থেকে তাঁর ছেলেও দৌড়ে বাড়ির দিকে আসছে, তাই সদর দরজা বন্ধ করে দেন তিনি। তাঁর ছেলে যখন আশ্রয়ের জন্য দরজা ধাক্কাতে শুরু করে, সেটাকে চিকা ভাইদের হামলা ভেবে তিনি ভেতর দিকে সরে গিয়েছিলেন। অগত্যা সেখান থেকে ছুটে পাশের বাড়িতে ঢুকতে গেলে চিকা ভাইয়েরা ছুরি দিয়ে ওকে কোপায়। সেখান থেকে উঠে ঝুলে থাকা নাড়িভুঁড়ি নিজ হাতে ধরে রেখে বাড়ির দিকে যায় কায়েতানো, মারা যাওয়ার সময় বলে যায়, 'আমি নিরপরাধ।' ঘটনাটি ঘটানোর পর এক বছর জেলে কাটিয়ে খালাস পেয়ে গিয়েছিল চিকা ভ্রাতৃদ্বয়। মিগেলও আবার বিয়ে করে অনুশোচনাহীন স্বাভাবিক জীবনে ফিরে যায়। তবে দুঃখীনি মার্গারিতা বাকি জীবনে আর ঘর বাঁধেনি। ঘটনার ধারাবাহিকতার সাথে হুবহু মিল মার্কেজের "ক্রনিকল . . ." উপন্যাসের।
কায়েতানোর হত্যাসংবাদ পাওয়ার পর মার্কেজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল সাংবাদিকসুলভ। কারণ তখন পত্রিকায় কাজ করার পাশাপাশি সাংবাদিকতায় পড়াশোনা করছিলেন তিনি। ঘটনাটির ওপর একটা রিপোর্ট লেখার জন্য সুক্রে যেতে চাইলেও তাঁর কাগজ এটিকে তাঁর আবেগের তাড়না বলে মনে করে যাওয়ার অনুমতি দেয়নি। পরবর্তী সময়ে আত্মজীবনীতে (গল্পটা বলার জন্য বেঁচে আছি) তিনি লেখেন,
আজ বুঝতে পারি, সে সব দিনে আমরা কলাম্বিয়ানরা একজন আরেকজনকে যে কোনো কারণেই খুন করতাম, এবং কখনো তার কোনোটি উদঘাটিত হয়েছে, কিন্তু আবেগজনিত অপরাধ শহরের পয়সাওয়ালাদের বিলাসিতা হিসেবেই সংরক্ষিত ছিল।
আমার কাছে বিষয়টিকে চিরন্তন বলে মনে হয়, তাই সাক্ষীদের কাছ থেকে ঘটনার বিবরণ সংগ্রহ করতে শুরু করি আমি, কিন্তু মা আমার গোপন ইচ্ছেটা বুঝতে পেরে মিনতি করে বলেন যে অন্ততপক্ষে কায়েতানোর মা দোনঞা হুলিয়েতা চিমেন্তো বেঁচে থাকা পর্যন্ত আমি যাতে লেখাটা না লিখি।
মার্কেজ কোনো যুক্তিতেই তাঁর মাকে টলাতে পারেননি। অবশেষে হত্যাকাণ্ডের ত্রিশ বছর পর কায়েতানোর মায়ের মৃত্যু হলে মার্কেজ মায়ের কাছ থেকে অনুমতি পান। মার্কেজ লেখেন, 'কাহিনীটি দুবছর পর "একটি পূর্বঘোষিত মৃত্যুর কালপঞ্জী" নামে প্রকাশিত হয়। আমার মা যে কারণে ওটা পড়েননি সেটি তাঁর আরেকটি রত্ন হিসেবে ব্যক্তিগত জাদুঘরে রেখে দিয়েছি আমি, 'জীবনে যা এত বিভৎসভাবে শেষ হয়, সেটা বইতে ভালোভাবে উপস্থাপিত হতে পারে না।'
মার্কেজের উপন্যাসটা প্রকাশিত হয়েছিল ১৯৮১ সালে, পরের বছর তিনি নোবেল পুরষ্কার পান। আর ১৯৯৪ সালে মার্কেজের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়ে মিগেল দাবী করেন যে লেখক তাঁর উপন্যাসটিতে বেআইনীভাবে তাঁর জীবনের কাহিনী ব্যবহার করেছেন। আমরা জানি মিগেলকে উপন্যাসে উপস্থাপন করা হয়েছে বায়ার্দো সান রোমান চরিত্রের মধ্য দিয়ে। মামলার আর্জিতে দাবী করা হয়, একারণে মিগেল সহ-লেখক হিসেবে বইটির রয়্যালটির ৫০ শতাংশের দাবীদার। মামলাটি ১৭ বছর ধরে চলে। শেষপর্যন্ত কলাম্বিয়ার বাররানকিয়া সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দেন এই বলে যে, 'শত শত সাহিত্য, শিল্প ও চলচিত্রকর্মের কেন্দ্রীয় কাহিনী নেওয়া হয়েছে বাস্তব জীবন থেকে', তাই বাদী সহ-লেখকের স্বীকৃতি পেতে পারেন না, কারণ বইটিতে 'প্রকৃতপক্ষে যে সাহিত্যভাষা ব্যবহৃত হয়েছে তিনি কখনোই তা ব্যবহার করতে পারতেন না।'
মূল কাহিনীর পুরো আবহে ভিকারিও ভাইদের ভিলেন মনে করা হলেও মার্কেজ সেটা মনে করেন না। কলাম্বিয়ান লেখক প্লিনিও আপুলেইয়ো মেনদোসার সাথে এক সাক্ষাৎকারে (পেয়ারার সুবাস) মার্কেজ বলেন, 'সত্যি বলতে কি, বিষয়টা প্রকৃতপক্ষে তখনও আমাকে ধরতে পারেনি, বহু বছর ধরে ঘটনাটা জাবর কেটে আমি মূল উপাদানটা আবিষ্কার করতে পারি যে, সেই দুই খুনী অপরাধটা ঘটাতে চায়নি, বরং তাদের যথাসাধ্য চেষ্টা করেছে যাতে কেউ বাধা দিতে আসে, কিন্তু সেটা ঘটেনি। কাহিনীটিতে এটাই একমাত্র সত্যিকার অনন্য উপাদান, অন্যান্য যা আছে সেসব লাতিন আমেরিকার গতানুগতিক ব্যাপার।' সুতরাং একথা নির্দ্বিধায় বলা যায় ভিকারিও ভাইদের অপরাধের দায় বর্তায় স্বয়ং মেয়র এবং অন্যান্যদের ওপর, যারা প্রকাশ্য ঘোষণাটা শোনার পরও এই হত্যাকাণ্ডকে প্রতিরোধ করার চেষ্টা করেনি। এই সত্যটা স্বয়ং মার্কেজ কেবল উপন্যাসে দেখানোর চেষ্টাই করেননি, সাক্ষাৎকারে খোলাসাও করেছেন।
'ক্রনিকল . . .' উপনাসটি লেখার আগে পর্যন্ত মার্কেজ বলতেন যে তাঁর শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে কর্নেলকে কেউ চিঠি লেখে না। পরবর্তী সময়ে তাঁর এই ধারণা বদলেছিল। মেনদোসাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'ক্রনিকল . . .' আরও ভালো 'এই অর্থে যে ওই লেখায় আমি যা করতে চেয়েছি, সেটাই করেছি। এর আগে আর কখনো এমন হয়নি। আমার অন্য বইগুলোতে গল্পই দখলে নেয়, চরিত্রগুলো নিজের মতো চলে, যা ইচ্ছে তা-ই করে। কিন্তু আমার মনে হয়েছে আমার এমন একটা বই লেখা দরকার যার ওপর আমি কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবো এবং আমার মনে হয় আমি 'ক্রনিকল . . .' উপন্যাসে সেটা করতে পেরেছি।'
'ক্রনিকল. . .' উপন্যাসটি লেখা পর্যন্ত এটিই যে তাঁর সেরা উপন্যাস একথা এবারই প্রথমবারের মতো মেনদোজাকে বলেননি তিনি, বইটি প্রকাশের তিনদিনের মাথায় ১৯৮১ সালের মে মাসে স্পেনিশ দৈনিক এল পাইস পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'এটি আমার শ্রেষ্ঠ উপন্যাস, যেটিতে আমি কর্তৃত্ব বজায় রাখতে পেরেছি।' আমাদের স্মরণে আছে তাঁর নোবেল পুরস্কার পেতে তখনও এক বছরেরও বেশি সময় বাকি।
স্পেনিশ ভাষায় ক্রোনিকা দে উনা মুরতে আনুনসিয়াদা ঔপন্যাসিকাটি ১৯৮১ সালে একযোগে প্রকাশিত হয় বোগোটা, বুয়েনেস আইরেস ও বার্সেলোনায়। প্রথম সংস্করণে মূদ্রণ সংখ্যা ছিল ২৫ লক্ষ কপি, তার মধ্যে কলাম্বিয়ার জন্য ১৫ লক্ষ কপি, কিন্তু এক সপ্তাহের মধ্যেই নতুম মূদ্রণ করতে হয়। বছর শেষ না হতেই বত্রিশটি ভাষায় অনূদিত হয় বইটি।