২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাহিত্যিক শেখ হাসিনা ও কিছু কথা

নওশাদ জামিল

Published : 28 Sep 2019, 12:28 AM

Updated : 23 Jun 2022, 04:00 PM


ঐতিহাসিক সেই দিনটার কথা দিয়ে শুরু করি। সেদিন ক্ষণে ক্ষণে বৃষ্টি ঝরছিল। কখনো থেমে থেমে, কখনো ঝড়োবেগে। দুপুর গড়িয়ে বিকেল নামতেই আকাশভাঙা তুমুল বর্ষণ। সেদিন 'এতিম' মেয়েটিকে কাছে পেয়ে যেন কাঁদছিল বাংলাদেশের শ্যামল প্রকৃতিও। দিনটা ছিল ১৯৮১ সালের ১৭ মে। বর্ষণমুখর বিকেলে রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে শেখ হাসিনাকে বহন করা বিমান। আকাশ থেকে ধীরে ধীরে যখন বিমান নামছিল রানওয়ের দিকে, শেখ হাসিনার চোখ বেয়ে তখন পড়ছিল টুপটাপ অশ্রুবিন্দু। হয়তো তাঁর আদরের ছোটভাই রাসেল সোনার কথা মনে পড়ছিল। বিশাল মহিরুহ পিতা বঙ্গবন্ধুর কথা মনে পড়ছিল। হয়তো মনে পড়ছিল মায়ের নিখাঁদ ভালোবাসা ও আদরমাখা মুখখানি। হয়তো মনে পড়ছিল পিতার গড়া স্বপ্নময় দেশ, তাঁদের সাজানো-গোছানো সংসার, পরিবার-পরিজনের ভালোবাসার কথা। প্রিয় স্বদেশের কথা ভেবে হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছিল, প্রিয় পরিবারের কথা ভেবে চোখ টলমল করছিল তাঁর। তাই প্রকৃতির মতো অঝোরধারায় কাঁদছিলেন শেখ হাসিনাও। আমার মনে হয়, শেখ হাসিনার সত্যিকার যাত্রা শুরু হয়েছিল সেদিন থেকেই।

পুরোপুরি নিঃস্ব হয়ে, সব হারিয়ে জীবনবাজি রেখে শেখ হাসিনা ফিরে এসেছিলেন বাংলাদেশে। দেশে ফিরে অঝোরধারায় কাঁদলেন, বুক ভাসালেন। পৃথিবীর কোনো বাঁধ নেই, কোনো স্থাপনা নেই মানুষের কান্না থামাতে পারে। শেখ হাসিনার কান্না কেউ থামাতে পারেনি। কান্না দুর্বলতা নয়, কান্না কখনো মনবীয় গুণের প্রকাশ। মানুষ যেমন গভীর দুঃখে কাঁদেন, তেমনই গভীর আনন্দেও কাঁদেন। শেখ হাসিনার কান্না তাঁকে দিয়েছিল নতুন জীবন, দিয়েছিল বেঁচে থাকার প্রবল ও প্রখর অন্তনির্হিত শক্তি। শেখ হাসিনার অঝোর কান্না তাঁকে দিয়েছিল উৎসাহ, পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার দৃঢ় প্রতিজ্ঞা।

তেজগাঁও বিমানবন্দরে বিমানটা থামার কিছুক্ষণ পরই খুলে দেওয়া হয় দরজা। বিমানের সঙ্গে লাগানো হয় সিঁড়ি। সিঁড়ি বেয়ে নামতে নামতে শেখ হাসিনার কান্না ও বৃষ্টিজল একাকার হয়ে যায়। চোখের পানি, বৃষ্টির পানিতে ভেসে যায় যেন গোটা বিমানবন্দর। প্রিয় স্বদেশে ফিরে তাঁর এ কান্না ছিল আনন্দের, গভীরতম বেদনারও।

আমি বিশ্ববিদ্যালয় জীবনে সরকার ও রাজনীতি বিভাগে পড়াশোনা করলেও আমার এ লেখা রাজনৈতিক বিশ্লেষণ নয়। তারপরও বলি, ১৯৮১ সালের ১৭ মে শুরু হয় শেখ হাসিনার নতুন জীবন, বৃহত্তর রাজনৈতিক জীবন। ছাত্রজীবনে তিনি রাজনীতি করেছেন। ছাত্রসংসদে নির্বাচিত ভিপি হয়েছেন। সেটা ছিল রাজনীতির হাতমকশো। রাজনীতি তিনি করতে পারেন, তার খানিকটা সম্ভাবনা ছিল বটে। আমার কেবলই মনে হয়, আওয়াী লীগের হাল তাঁকেই ধরতে হবে, দেশের হাল তাঁকেই ধরতে হবে, সেটা তিনি ভাবেননি। জিয়াউর রহমানের সামরিক শাসনে মানুষ যখন দিশাহারা, কোটি মানুষের প্রাণের দাবি ছিল শেখ হাসিনা রাজনীতিতে হাল ধরবেন। দেশে ফিরে আওয়ামী লীগকে সংগঠিত করবেন। দিশাহারা মানুষের কাছে তখন আলোকবর্তিকা হয়ে প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফিরে এসেছিলেন শেখ হাসিনা। সেদিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধুকন্যাকে একনজর দেখার জন্য ঢল নেমেছিল লাখো জনতার। গগনবিদারী মেঘ গর্জন, ঝঞ্ঝাবিক্ষুব্ধ প্রকৃতি যেন কেঁদে উঠেছিল। মানুষ ও প্রকৃতি যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের দাবিতে গর্জে উঠেছিল। অবিরাম মুষলধারা ও ভারী বর্ষণ যেন ধুয়ে-মুছে দিচ্ছিল শেখ হাসিনার অশ্রুধারা, ধুয়েমুছে দিচ্ছিল লাখো মানুষের কান্নার নোনা জল। বাবা-মা-ভাইসহ পরিবারের সব সদস্যের রক্তভেজা বাংলার মাটি স্পর্শ করে, একমুঠো মাটি কপালে লাগিয়ে শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন জাতির পিতার হত্যার বিচার করবেন। বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন।

রাজনীতি বিশ্লেষকেরা যখন শেখ হাসিনার জীবন ও কর্মকে মূল্যায়ণ করবেন, তখন বোঝা যাবে যে তাঁর ধমনীতে উত্তরাধিকার সূত্রে প্রবাহিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদৃঢ় নেতৃত্ব, গভীর ও অতলস্পর্শী রাজনৈতিক প্রজ্ঞা। হৃদয়ে প্রবাহিত মানবিক ও সৃজনশীল রাজনৈতিক কারিশমা। পিতার কাছ থেকে তিনি সরাসরি পেয়েছেন উদার আকাশ, রাজনৈতিক প্রজ্ঞা ও পাণ্ডিত্য; মায়ের কাছ থেকে সরাসরি পেয়েছেন সুনির্মল স্নেহ, ভালোবাসা, সহনশীলতা বিশাল জমিন। সর্বমানবিক গুণের অপূর্ব নির্দশন ছিল পিতা-মাতার মধ্যে, রক্তসূত্রে তাঁর সবটুকুই পেয়েছেন শেখ হাসিনা। দুটি ধারা সুসমন্বয়ের পাশাপাশি তাঁকে তৈরি করেছে পোড়খাওয়া রাজনীতি, বিস্তর অভিজ্ঞতা, নিজের চড়াই-উৎড়াই, উত্থান-পতনের বিরল সব অভিজ্ঞতা। মৃত্যুর হাত থেকে বারবার ফিরে আসা অসম সাহসী শেখ হাসিনা হয়ে উঠেছেন সাহসেরই অনন্য প্রতীক। তাঁর সাহসের আলোয় সারা বিশ্বে আলোকিত লাল-সবুজের বাংলাদেশ। বাংলাদেশের জন্য তাঁর নিখাদ প্রেম ও একাগ্রতাই শেখ হাসিনাকে পৌঁছে দিয়েছে বিশ্বের মহান নেতাদের কাতারে, প্রথম সারিতে।


সাধারণত মোটা দাগে সরকার প্রধান দুই রকম। দক্ষ সরকার প্রধান, মহৎ সরকার প্রধান। দক্ষ সরকার প্রধানেরা শুধুমাত্র উন্নয়ন করেন, দক্ষভাবে প্রশাসন পরিচালনা করেন। মহৎ সরকার প্রধানেরা উন্নয়ন ও প্রশাসন পরিচালনার পাশাশি মানুষের মনে স্বপ্নের বীজ বপণ করেন। মহৎ সরকার প্রধান হতাশায় নিমজ্জিত মানুষকে সত্য ও সুন্দরের পথে জীবনে এগিয়ে যাওয়ার মহাসড়ক দেখান। শেখ হাসিনাকে অবহিত করবো মহৎ রাষ্ট্রপ্রধান হিসেবেই। তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল যে দেশকে, শেখ হাসিনার নেতৃত্বে তা এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের বিস্ময়কর দেশ। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, শিক্ষার বিস্তার অনেক দেশের কাছে রোল মডেলে পরিণত হয়েছে। বস্তুত তাঁর প্রধানতম শৈল্পিক কারিকর শেখ হাসিনা।

১৯৭৫ সালের কলঙ্কিত ১৫ আগস্টের আগে তিন যখন জার্মানি গিয়েছিলেন, তখন দেশে সবাই ছিলেন। তাঁর বাবা-মা ছিলেন, ভাই ছিলেন, আত্মীয়স্বজন ছিলেন। জন্মভূমিতে যখন নামলেন, তখন তাঁর আপন আর কেউ নেই। গভীর শূন্যতা, হাহাকার নিয়ে বিমানবন্দর থেকে বাইরে এসে দেখলেন, বৃষ্টি উপেক্ষা করে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত লাখো মানুষ। স্বদেশবাসীর আবেগ সেদিন ছুঁয়েছিল, স্পর্শ করেছিল তাঁকে। তারপর শেখ হাসিনা সব হারিয়ে আপন করে নিয়েছিলেন বাংলাদেশের মাটি ও মানুষকেই।

রাজনৈতিক নেতা হিসেবে নয়, সাহিত্যিক হিসেবেও শেখ হাসিনার রয়েছে গুরুত্বপূর্ণ পরিচয়। শত ব্যস্ততা, প্রতিকূলতার মধ্যেও সময় পেলেই তিনি বই পড়েন, লেখালেখি করেন। শেখ হাসিনার অনবদ্য রচনা 'শেখ মুজিব আমার পিতা' পড়ে মুগ্ধ হয়েছি, বিস্মিত হয়েছি। বইটি শুধু পিতাকে নিয়ে কন্যার অনন্য স্মৃতিচারণা নয়, শোকগাথা নয়, বিলাপের অশ্রুমাখা অক্ষর নয়, আমাদের ইতিহাস ও রাজনীতিরও অসামান্য এক দলিল। কন্যার চোখে পিতাকে দেখার, বোঝার এক ভিন্নমাত্রা এনে দেবে এই বই। শুধু তাঁর এই বই নয়, শেখ হাসিনার অন্যান্য গ্রন্থ পাঠ করলেও বোঝা যায়, নান্দনিক সাহিত্যের পাশাপাশি তাঁর রচনা হয়ে উঠেছে বাংলাদেশ ইতিহাস, রাজনীতি, দর্শন, অর্থনীতি, সমাজনীতিসহ নানা অঙ্গনের গুরুত্বপূর্ণ দলিল। শেখ হাসিনার 'ওরা টোকাই কেন', 'সবুজ মাঠ পেরিয়ে', 'আমাদের ছোট রাসেল সোনা', 'নির্বাাচিত প্রবন্ধ', 'নির্বাচিত ১০০ ভাষণ', 'নির্বাচিত উক্তি', 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে বঙ্গবন্ধুর ভাষণ' ইত্যাদি গ্রন্থপাঠে বোঝা যায়, তাঁর সৃজনশীল ও মননশীল প্রতিভা সত্যিই বিস্ময়কর।

বাঙালির মহাকাব্যের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেকেই গ্রন্থ রচনা করেছেন। কিন্তু শেখ হাসিনার অনবদ্য গ্রন্থ 'আমার পিতা শেখ মুজিব' পাঠ করে জানা যায় বঙ্গবন্ধুর জীবন ও তাঁর পরিবারের অনেক অজানা ইতিহাস। বইটিতে শেখ হাসিনা যে তথ্যগুলো লিখেছেন, সেসব আগে কোনো বইয়ে প্রকাশিত হয়নি। এ ছাড়া বইটিতে স্থান পেয়েছে শেখ হাসিনার লড়াই-সংগ্রামেরও ইতিহাস। কলঙ্কিত ১৫ আগস্ট শুধু বাংলাদেশই পাল্টে দেয়নি, আমূল পাল্টে দিয়েছিল শেখ হাসিনার জীবনকে। দেশে ফিরে মর্মান্তিক পারিবারিক ট্র্যাজেডি সামলে উঠে দল গোছানো তাঁর জন্য ছিল বড় চ্যালেঞ্জ। বড় রাজনৈতিক দলের 'চেইন অব কমান্ড' ভেঙে গেলে, নেতৃত্বশূন্য হয়ে গেলে ওই দল গোছানো সহজ কথা নয়। শেখ হাসিনার নেতৃত্বগুণেই এত ঝড়ঝাপ্টার পরও আওয়ামী লীগ ঠিকই দাঁড়িয়ে যায় শক্ত ও দৃঢ় ভিত্তিমূলে। ১৯৮১ সাল-পরবর্তীকালে শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ শুধু উঠে দাঁড়ায়নি, দীর্ঘ ২১ বছর পর দলটি ফিরে পায় তুমুল জনপ্রিয়তা, জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে গঠন করে সরকার।

'আমার পিতা শেখ মুজিব' বইটিতে শেখ হাসিনা নিজের লড়াই-সংগ্রামের কথা যেমন স্মৃতি থেকে তুলে এনেছেন, তেমনি মেলে ধরেছেন পারিবারিক নানা স্মৃতি-বিস্মৃতির কথা। অত্যন্ত সহজ-সরল ও ঝরঝরে ভাষায় বর্ণনা করেছেন, লিখেছেন জাতির জনকের অজানা নানা কথা। লিখেছেন ছোটবেলার কথা, মা-বাবার কথা, ভাইবোনের কথা। বইটি পড়তে পড়তে চোখের সামনে ভেসে ওঠে শেখ হাসিনার শৈশবের নানা প্রতিচ্ছবি। শুধু শৈশব নয়, তাঁর ছাত্রজীবন, ছাত্ররাজনীতি, সংসারজীবন, রাজনৈতিক পরিবারের প্রাত্যহিক শিক্ষা, সাংগঠনিক সংকটে আওয়ামী লীগের হাল ধরা, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর দ্রুত দক্ষ হয়ে ওঠার পিতার কন্যাসুলভ ক্যারিশমা দেখানো, বিবিধ ষড়যন্ত্র মোকাবিলাসহ নানা বিষয় উঠে এসেছে তাঁর সাহসী কলমে। ইতিহাস ও রাজনীতির এক বাঁকবদলের সাক্ষী হিসেবে তাঁর রচনা শুধু গুরুত্বপূর্ণ নয়, অবশ্যপাঠ্যও।

শেখ হাসিনার দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা উপলব্ধি করতে তাঁর 'নির্বাচিত ১০০ ভাষণ (২০১৪-২০১৭)' বইটি গবেষকদের উপকৃত করবে। ৫৫২ পৃষ্ঠার এই বইটিতে তুলে ধরা হয়েছে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ভাষণসমূহ। পিতার বাগ্মীতা তিনিও পেয়েছেন, পেয়েছেন মানুষকে ঐক্যবদ্ধ করার, মানুষকে স্বপ্ন দেখানোর অনন্য ও ঐশ্বর্যময় ক্ষমতা। তাঁর ভাষণ পড়তে পড়তে মনে হয়, শুধু রাজনীতি নয়, সমাজ, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, কৃষি-বাণিজ্য, পররাষ্ট্র, সমরনীতি নানা বিষয়ে তাঁর জ্ঞান ও পাণ্ডিত্য বিদ্যমান। সব বিষয় ধরে লিখলে প্রবন্ধের কলেবর বৃদ্ধি পাবে। ব্যক্তিগতভাবে আমি যেহেতু সাহিত্যিক, শেখ হাসিনার সাহিত্যচিন্তা ও তাঁর সাহিত্যধারা সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করবো।

'নির্বাচিত ১০০ ভাষণ (২০১৪-২০১৭)' বইটির পড়লে বোঝা যায়, দেশের শিল্প-সাহিত্য নিয়ে শেখ হাসিনার বিশেষ আগ্রহ ও কৌতুহল রয়েছে। পিতার মতো তিনি সাহিত্যিকদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন। শিল্প-সাহিত্যকে মনে করেন বাঙালি জাতিসত্তার রতœভাণ্ডার। ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছিলেন, 'সাহিত্য শুধু মানুষের সুকুমারবৃত্তিগুলোকেই জাগ্রত করে না, সাহিত্য মানব ইতিহাসের মহাসড়ক। এই মহাসড়ক ধরেই পৃথিবীর একপ্রান্তের মানুষের সঙ্গে অন্য প্রান্তের মানুষের যোগাযোগ ঘটে।' মানব ইহিাসের নানা পর্যায় ব্যখা ও বিশ্লেষণ করলে দেখা যায়, সাহিত্য সত্যিই ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। শেখ হাসিনা এটাকে বলেছেন 'মানব ইতিহাসের মহাসড়ক'। মহাব্যস্ততায় চলতে চলতে শেখ হাসিনা অবসর পান না। তার পরও তিনি প্রতিদিন সকালে বই পড়েন। রাতে ঘুমানোর আগে বই পড়েন। শিল্প-সাহিত্য, ইতিহাস, দর্শন, অর্থনীতি, সমাজনীতিসহ নানা প্রসঙ্গে তাঁর পঠনপাঠন যে কাউকে বিস্মিত করবে। আমরা যদি তাঁর স্মৃতিকথা, প্রবন্ধ-নিবন্ধ পড়ি, টের পাবো তার সমুদ্রসম পঠনপাঠনের কথা। ঠিক এ জায়গায় দেশের অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে তাঁর বৈপরিত্য। কেননা শেখ হাসিনা সাহিত্যমনা, মগ্নপাঠক ও পড়ুয়া।

শেখ হাসিনা যে অসাধারণ এক সাহিত্যিক, তার লেখা কিছু বই পড়লেই সেটা উপলব্ধি করা যাবে। 'আমার পিতা শেখ মুজিব', 'নির্বাচিত প্রবন্ধ' 'সবুজ মাঠ পেরিয়ে', 'ওরা টোকাই কেন' ইত্যাদি বই শুধু মহৎ সাহিত্যকর্ম নয়, বাঙালি ও বাংলাদেশের ইতিহাসেও গুরুত্বপূর্ণ স্মারক। প্রবন্ধ-নিবন্ধ, স্মৃতিকথার বাইরে ছোটদের জন্য, শিশুকিশোরদের জন্য তাঁর লেখা অসাধারণ বই 'আমাদের ছোট রাসেল সোনা'। গভীর আগ্রহ নিয়ে শেখ রাসেলকে নিয়ে তাঁর লেখা যখন পড়ছিলাম, তখন খুবই আপ্লুত হয়ে পড়েছিলাম। প্রিয় ছোট্ট ভাই, আদরের রাসেলকে নিয়ে তাঁর দরদমাখা রচনা অশ্রুসিক্ত করবে পাঠকদের। অত্যন্ত ঝরঝরে, প্রাণবন্ত ও সতেজ ভাষায় শেখ হাসিনা লিখেছেন রাসেলকে নিয়ে। 'আমদের ছোট রাসেল সোনা' বইটি একবসায় পড়ে পুরোপুরি কিছুক্ষণ স্তব্ধ ছিলাম, বাকরূদ্ধ ছিলাম। হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এসেছিল একটা দীর্ঘশ্বাস। কেননা ছোট্ট রাসেল তো একটা দীর্ঘশ্বাসেরই নাম। কুলাঙ্গার ঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছিল পিতার এই নিষ্পাপ সন্তানকেও।

'আমদের ছোট রাসেল সোনা' বইটিতে শেখ হাসিনা সুন্দর ও সাবলীল ভাষায় লিখেছেন শেখ রাসেলের জন্মগ্রহণ থেকে শুরু করে তার জীবনকাহিনী এবং ঘাতকের হাতে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনাপ্রবাহ। শিশু-কিশোরদের উপযোগী বইটি পড়তে পড়তে মনে হবে, যেন রূপকথা। আসলে তা রূপকথা নয়, জীবনের নিষ্ঠুর বাস্তবতার করূণকাহিনি। শেখ হাসিনা গল্প বলার ভঙ্গিমায় তা তুলে ধরেছেন পাঠকের সামনে। পরিবারের সবার ছোট ও সবার আদরের রাসেলের নানা মজার ঘটনা, মা-বাবা, ভাই বোনের সঙ্গে দুষ্টমি, পড়ালেখা, স্বজনদের সঙ্গে বন্দি জীবন ইত্যাদি পড়তে পড়তে চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে শেখ রাসেল। বইয়ের ২১ পৃষ্ঠায় কারাগারে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার বিষয়ে শেখ হাসিনা লিখেছেন 'আব্বার সঙ্গে প্রতি ১৫ দিন পর আমরা দেখা করতে যেতাম। রাসেলকে নিয়ে গেলে ও আর আসতে চাইত না। খুবই কান্নাকাটি করত। ওকে বোঝানো হয়েছিল যে, আব্বার বাসা জেলখানা আর আমরা আব্বার বাসায় বেড়াতে এসেছি। আমরা বাসায় ফেরত যাব। বেশ কষ্ট করেই ওকে বাসায় ফিরিয়ে আনা হতো। আর আব্বার মনের অবস্থা কী হতো, তা আমরা বুঝতে পারতাম। বাসায় আব্বার জন্য কান্নাকাটি করলে মা ওকে বোঝাতেন এবং মাকে আব্বা বলে ডাকতে শেখাতেন। মাকেই আব্বা বলে ডাকত।'

'আমাদের ছোট রাসেল সোনা' বইটির ১৫ পৃষ্ঠায় শেখ হাসিনা লিখেছেন, 'আমাদের পাঁচ ভাইবোনের সবার ছোট রাসেল। অনেক বছর পর একটা ছোট্ট বাচ্চা আমাদের বাসায় ঘর আলো করে এসেছে, আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আব্বা বার্ট্র্যান্ড রাসেলের খুব ভক্ত ছিলেন, রাসেলের বই পড়ে মাকে বাংলায় ব্যাখ্যা করে শোনাতেন। মা রাসেলের ফিলোসফি শুনে শুনে এত ভক্ত হয়ে যান যে, নিজের ছোট সন্তানের নাম রাসেল রাখেন।'

শেখ হাসিনার একটি গুরুত্বপূর্ণ বই 'সবুজ মাঠ পেরিয়ে'। মূলত প্রবন্ধের বই। ২০০৭ সালে বন্দি হয়ে নিঃসঙ্গ কারাগারে ৩৩১ দিন দুঃসহ যন্ত্রনায় কাটে শেখ হাসিনার। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাঁকে শুধু কারাগারে নিক্ষেপ করা হয়নি, তখন রাজনীতি থেকেও সরিয়ে দেওয়ার সব প্রস্তুতি নিয়েছিল তত্ত্ববধায়ক সরকার ও কিছু সুশীল নাগরিক। কারাগারের দিনগুলোতে তাঁর একমাত্র সঙ্গী ছিল বই। সারাক্ষণ তিনি বই পড়তেন, অসংখ্য বই তিনি তখন পড়ে ফেলেন। প্রতিদিন কোরআন শরিফ পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আর বইপড়া ছিল নিত্যঅভ্যাস। পড়ার পাশাপাশি জেলজীবনে লিখেন স্মৃতিকথা, জীবন ও রাজনীতির কথা, সমাজ ও অর্থনীতির কথা। লিখেন দর্শন, শিল্প-সাহিত্য সম্পর্কে তাঁর মনোভাবের কথা। লিখেন স্বপ্নের বাংলাদেশ নির্মাণের দৃঢ় প্রতিজ্ঞতার কথা। আত্মকথা ধাঁচে রচনায় প্রবন্ধকারে উঠে এসেছে অভিজ্ঞ রাজনীতিবিদের প্রাজ্ঞতার কথা।


'সবুজ মাঠ পেরিয়ে' বইটিতে ৮টি অধ্যায়। প্রতিটি অধ্যায় যেন ইতিহাসের একেকটি অধ্যায়। জেলজীবন তাঁদের পরিবারে নতুন নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো কেড়ে নিয়েছে কারাগার। পাকিস্তানী সামরিক জান্তারা। চরম ত্যাগ ও তিতিক্ষিার বিনিময়ে বঙ্গবন্ধু যেমন দিয়েছেন স্বাধীন বাংলাদেশ, তেমন করেই শেখ হাসিনা দিয়েছেন স্বনির্ভর বাংলাদেশ। বইটির 'ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিছু সময়', কণ্ঠ আজিকে রূদ্ধ আমার', 'মনোনয়ন বাণিজ্য' 'সবুজ মাঠ পেরিয়ে', 'তুমি মহারাজ সাধু হলে আজ', 'কবি সুফিয়া কামাল: মায়ের প্রতিকৃতি', 'সুন্দরবন থেকে হিমালয়', 'পিতাকে ফিরে পেলাম' অধ্যায়গুলোতে একটা গভীর ও তাৎপর্যময় ঐক্যতান রয়েছে। এ সুর জেগে ওঠার, এ বাণী প্রতিবাদের, এ লয় বাঙালিকে একযোগে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান। কারাগারে শেখ হাসিনা প্রচুর শিল্প-সাহিত্যের বই পড়েন, সেটা বইটির নানা অংশ উল্লেখও করেন। শিল্প-সাহিত্যের পাঠ তাঁর মধ্যে সৃজনশীলতা, মননশীলতার ভিত্তি যেমন তৈরি করে দিয়েছে, তেমনই নির্মাণ করে দিয়েছে একজন খাঁটি বাঙালির প্রতিকৃতি।

আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ সৃষ্টি করেছেন, দিয়েছেন স্বাধীনতা, লিখেছিলেন 'অসমাপ্ত আত্মজীবনী'। আমাদের দুর্ভাগ্য বঙ্গবন্ধু খুব বেশি লিখতে পারেননি। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য ঘাতকেরা বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি। যদি তিনি বাঁচতেন, দেশ যেমন অনেকদূর এগিয়ে যেত, তেমনই আমরা বঙ্গবন্ধুর কাছে পেতাম নানা অমূল্য গ্রন্থ। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলা সাহিত্যে পড়াশোনা করেছেন। বাংলা সাহিত্য ও বিশ্বাসাহিত্য সম্পর্কে তাঁর জানাশোনা এবং পঠন-পাঠনও সমুদ্রসমান। রাজনীতিই তাঁর ধ্যানজ্ঞান, সাধনা। ফাঁকে ফাঁকে লিখেছেন। নিরবিচ্ছিন্নভাবে তিনি লিখতে পারেননি। শেখ হাসিনা বিচ্ছিন্নভাবে লিখেছেন জীবনের নানা কথা ও স্মৃতিসম্ভার; তিনি পুরোপুরি অখণ্ড আত্মজীবনী লিখলে সেটা যেমন বাংলা সাহিত্যের অনন্য সম্পদ হবে, তেমনই হবে বাংলাদেশ ও বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের দলিল। কেননা শেখ হাসিনার আত্মকথা হয়ে উঠবে বাংলাদেশেরই আত্মকথা। তাই বঙ্গবন্ধুকন্যার কাছে বিনীত অনুরোধ করি, আপা, আত্মজীবনী লিখুন প্লিজ!