একাদশ পর্ব : বিতর্ক-প্রতিবাদ, অনুজ্জ্বল বইমেলা
গ্রন্থমেলা ২০০২ : অমর একুশের পঞ্চাশ বছর
২০০২ সালে ভাষাআন্দোলনের পঞ্চাশবছর পূর্তি। এ-উপলক্ষে একাডেমি বিশেষ কর্মসূচি প্রণয়ন করে। ২০০২ সালের বইমেলার আয়োজনে যাতে অমর একুশের সুবর্ণজয়ন্তীর প্রতিফলন ঘটে সেই বিষয়ে একাডেমি দৃষ্টি রাখে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে। বইমেলা শুরুর আগে ২০০১ সালের ডিসেম্বরে একাডেমির কার্যনির্বাহী পরিষদ এ-বিষয়ক কার্যক্রম অনুমোদন করে। এসব কার্যক্রমের মধ্যে ছিলো সুবর্ণজয়ন্তী উপলক্ষে একাডেমির বটবৃক্ষটিকে বাংলা বর্ণমালায় সজ্জিতকরণ, বর্ধমান ভবনের দেয়ালে অমর একুশের বিশেষ লগো স্থাপন, একাডেমির টিনশেডের বিক্রয় কেন্দ্রের দেয়ালে শিশু-কিশোরদের দ্বারা চিত্রমালা অঙ্কন, সুবর্ণজয়ন্তীর বিশেষ প্রকাশনা এবং বিশেষ কমিশনে বই বিক্রি করা। উপর্যুক্ত কাজ ছাড়া কার্যনির্বাহী পরিষদ একাডেমির ফেব্রুয়ারির অনুষ্ঠানমালা ও উদ্বোধনী অনুষ্ঠানের কার্ড ছাপার অনুমোদনও প্রদান করে। উল্লেখ্য, ২০০১ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমির মহাপরিচালক ছিলেন। তাঁর পর একাডেমির সচিব মইনুল হাসান একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ-অবস্থায় সরকার একাডেমির একুশের উদ্বোধনী অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচি প্রণয়নে অন্যায্য প্রভাব স্থাপন করছে বলে অভিযোগ ওঠে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সেলিমা রহমান সভাপতিত্ব করবেন বলে কার্ড পরিবর্তন করে। মন্ত্রণালয়ের বিরুদ্ধে একুশে বইমেলা ও সুবর্ণজয়ন্তীর কর্মসূচিতে বাংলা একাডেমিকে অবজ্ঞা করে দলীয় দৃষ্টিকোণ থেকে অনুষ্ঠান সাজানোর অভিযোগ উত্থাপিত হয়। এ-অবস্থায় ৩১শে ডিসেম্বর বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান পদত্যাগ করেন। একাডেমির কার্যনির্বাহী পরিষদের ১০ জন সদস্য১ পূর্বে তাঁদের গৃহীত সিদ্ধান্ত ও সরকারের কার্যক্রমে গরমিল রয়েছে বলে অভিযোগ করেন। তাঁরা বলেন, ভাষা আন্দোলনের ৫০ বছরের গুরুত্ব মনে রেখে একাডেমির নির্বাহী পরিষদ সংস্কৃতি ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সম্মতির ভিত্তিতে যে সিদ্ধান্ত নিয়েছিল তার সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানের যে মুদ্রিত কর্মসূচি তার অমিল রয়েছে। তাঁরা এজন্য ক্ষোভ প্রাকাশ করেন। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসে অনুষ্ঠিত এক সভা শেষে দেশের সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা২ বাংলা একাডেমির একুশের কর্মসূচি দলীয়করণের নিন্দা জানান। বাংলাদেশ ছাত্রলীগ ১লা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর বাংলা একাডেমিতে আগমনের বিরোধিতায় মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ মিছিল করে। পুলিশ তাদের শাহবাগ ও দোয়েল চত্বর এলাকা থেকে দূরে সরিয়ে দেয়।
এ-রকম পরিস্থিতিতে ১লা ফেব্রুয়ারি বিকেল ৩-টায় বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান। স্বাগত ভাষণ দেন সংস্কৃতি সচিব নাজমুল আহসান চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মঈনুল হাসান। বক্তব্য রাখেন বাপুপ্রবিস মহাসচিব মো. আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান খোকা।
প্রধান অতিথির ভাষণে খালেদা জিয়া বলেন :
মাতৃভাষায় অনুশীলন জোরদার করার পাশাপাশি আমাদের বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ ভাষাও আয়ত্ব করতে হবে। তা না হলে আমরা একদিকে আমাদের জাতীয় ভাবধারাকে ভিন দেশীদের কাছে তুলে ধরতে পারবো না। অন্যদিকে বিভিন্ন প্রতিযোগিতায়ও আমরা আন্তর্জাতিক অঙ্গন থেকে পিছিয়ে পড়বো। একই সঙ্গে আমাদের আয়ত্ব করতে হবে তথ্য-প্রযুক্তি ও কম্পিউটারের ভাষাও। তাহলেই আমরা দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারবো একুশ শতকের চ্যালেঞ্জ।…সৃজনশীল প্রকাশনার ক্ষেত্রে অমর একুশে গ্রন্থমেলার একটি বিশেষ ইতিবাচক অবদান রয়েছে। সারাদেশের সাহিত্য-সংস্কৃতির জগতে এর প্রভাব ছড়িয়ে পড়ে।
এ-বছরের মেলায় ২৪০টি প্রতিষ্ঠানকে ৩৫৭ ইউনিটের স্টল বরাদ্দ দেওয়া হয়। এগুলোর মধ্যে ১ ইউনিটের ১২৩টি, ২ ইউনিটের ৭৯টি এবং ৩ ইউনিটের ১৫টি স্টল ছিলো।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বইমেলা শুরু হলেও শুরু থেকেই বইমেলার প্রতি পাঠক-ক্রেতাদের আগ্রহ কম ছিলো। মেলার প্রথম দিন ছিলো শুক্রবার। এইদিন ও অন্য শুক্রবারে মেলা কিছুটা জমলেও অন্যান্য দিন বইমেলা ছিলো নিস্প্রভ। প্রকাশকেরা সংবাদপত্রের প্রতিনিধিদের 'একটু লিখুন, অনুরোধ করে লিখুন, পাঠকেরা আসুক'৩, এ-রকম অনুরোধ পর্যন্ত করেছেন। সংবাদপত্রে ইতিবাচক লেখা সত্ত্বেও পাঠক-ক্রেতার অনুপস্থিতিতে মেলা নিস্তেজ ছিলো। 'বইপ্রেমীদের ভিড়, কেনাকাটা কম', 'লেখক-প্রকাশকদের মন খারাপ', 'সবাই ছুটির দিনের অপেক্ষায়', 'মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের সংখ্যা কম', '১১ দিনেও মেলায় উত্তাপ ফিরে এল না', এসব শিরোনাম থেকে বোঝা যায়, এই বছরের বইমেলা তেমন সাড়া জাগাতে পারেনি। মেলায় অন্যান্য বারের মতো প্রাণচাঞ্চল্য ছিলো না। মেলায় প্রাণচাঞ্চল্যের অভাব সম্পর্কে প্রখ্যাত লেখক হুমায়ুন আজাদ বলেন, 'দুষ্ট রাজনীতিকদের কাজই হচ্ছে সুন্দরকে নষ্ট করা। প্রাধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিবরা বই পড়েন না, বই পছন্দও করেন না। তারা শুধু মঞ্চ সাজিয়ে বক্তৃতা দিতে পছন্দ করেন আর ওরাই আধিপত্য বিস্তার করে আছেন বইমেলায়।…এবারের মেলায় কোন সাফল্য যদি ঘটে সেটা পাঠকদের জন্য ঘটবে। নিস্তেজ মেলার জন্য সরকার এবং বাংলা একাডেমী দায়ী।'৪ অমর একুশের সুবর্ণজয়ন্তীতে যেখানে একটি আড়ম্বর, সৌন্দর্য্যমণ্ডিত ও সফল বইমেলা প্রত্যাশিত ছিলো সেখানে এই বছরের বইমেলা অনুজ্জ্বল হওয়ায় অনেকে হতাশা প্রকাশ করেন। সংবাদপত্রসমূহে এ-সম্পর্কে মন্তব্য প্রতিবেদন ছাপা হয়। দৈনিক সংবাদ-এর সম্পাদকীয়তে বলা হয় :
প্রতিবছরই অমর একুশেকে ঘিরে আমাদের লেখক, সাহিত্যিক, কবি এবং সৃজনশীল নতুন লেখকরা হাজির হন একুশের বই মেলায়। এক কথায় 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির' প্রভাতফেরি সঙ্গীত আমাদের মধ্যে একটা ঐক্যের সূচনা করে। একটা উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
[কিন্তু] এবার একুশে এসেছে বৈরী পরিস্থিতিতে। বাংলা একাডেমীর চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হওয়ায় ছন্দ পতন হয়েছে। সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় একাডেমীকে পাশ কাটিয়ে যাওয়ায় বাংলা একাডেমীর কর্তৃত্ব ক্ষুণ্ণ হয়েছে এবং বই মেলার পরিবেশের ওপরও কিছুটা প্রভাব পড়েছে বলে অনেকেই ক্ষুব্ধ। আমাদের রাজনীতিতে অসহিষ্ণুতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার অভাব এবং তার পরিবর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহ প্রবল হয়ে দেখা দিয়েছে। তারই যেন ছায়া পড়েছে বাংলা একাডেমীর অনুষ্ঠানমালায়।
এবার বইমেলায় বই বিক্রি কম হচ্ছে এবং প্রকাশিত বইও গতবারের তুলনায় কম। আমাদের দেশে দীর্ঘকাল ধরে একটা অভিযোগ চলছে যে, রাজনীতিতে দুর্বৃত্তায়ন চলছে। এ ধরনের পরিস্থিতিতে সামাজিক জীবনের মূল্যবোধ ক্রমেই অবক্ষয় প্রাপ্ত হতে বাধ্য।৫
এই বছর 'অমর একুশের পঞ্চাশ বছর' এই থিমের ওপর একুশের মূল মঞ্চে বিভিন্ন দিন প্রবন্ধ পাঠ ও আলোচনা হয়। 'বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্রমবিকাশ', 'সংস্কৃতির রূপ-রূপান্তর', 'পরিবেশ-ভাবনা', 'বাংলাদেশের বিকাশশীল বাস্তবতা', 'বাংলা ভাষা : ভোক্তাবিরল পঞ্চাশ বছর', 'আধুনিক বাংলা গানের রূপ-রূপান্তর', 'বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার ভাষা ও সংস্কৃতি', 'প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা', 'দৈনিক সাময়িকীতে সাহিত্য ও সংস্কৃতি চর্চা', 'চিত্রকলার ক্রমবিকাশ', 'বাংলাদেশের সাহিত্যে ভাষারীতির রূপ-রূপান্তর', 'বাংলাদেশের শিশুসাহিত্য', 'বাংলাদেশের ছোটগল্প : শিল্পরীতির বিবর্তন', 'আমাদের কবিতার রূপকল্প', 'বাংলাদেশে লোকসাহিত্য চর্চা', 'বাংলাদেশের উপন্যাস : শিল্পরীতির বিবর্তন', 'প্রযুক্তির বিকাশে বাংলাভাষা', 'বাংলাদেশের সাহিত্যে ভাষা-আন্দোলনের প্রতিফলন' এবং 'বাংলাদেশের ছোটগল্প : শিল্পরূপের বিবর্তন' ইত্যাদি বিষয়ে প্রবন্ধ পঠিত হয়। এতো বিস্তৃত বিষয়ে প্রবন্ধপাঠ ও আলোচনা হলেও মূলধারার লেখক/আলোচকেরা প্রবন্ধ রচনা ও আলোচনায় অংশগ্রহণ থেকে বিরত ছিলেন।
গ্রন্থমেলা ২০০৩ : অব্যবস্থাপনার অভিযোগ
২০০৩ সালের বইমেলা শুরুর দিন বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন প্রধানমন্ত্রীর বইমেলায় আগমনের বিরোধিতা করে। 'স্বাধীনতা বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় স্থান দিয়ে' প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করার 'নৈতিক অধিকার হারিয়েছেন' বলে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়। অন্যদিকে ছাত্র ইউনিয়ন 'মানবতা লঙ্ঘনকারী জোট সরকারের প্রধানমন্ত্রীকে' দিয়ে মহান একুশের বইমেলা উদ্বোধনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পুলিশ ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের কর্মীদের বাংলা একাডেমি এলাকা থেকে সরিয়ে দেয়।
এ-রকম পরিস্থিতিতে ১লা ফেব্রুয়ারি বিকেল ৩-টায় বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক ওয়াকিল আহমদ। মেলা ১লা ফেব্রুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত চলার পর ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ঈদের জন্য বন্ধ থাকে। পরে আবার ১৬ থেকে ২৮শে পর্যন্ত। প্রকাশকদের পক্ষ থেকে মেলার সময় ৭ দিন বাড়ানোর দাবি ছিলো। কিন্তু একাডেমি মেলার সময় বৃদ্ধ করেনি। প্রতিদিন বিকেল ২টা থেকে ৮টা এবং শুক্র ও শনিবার মেলা ১১টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে। ২৬৭টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৪০০ ইউনিটের স্টল দেওয়া হয়। ১৪৭টি প্রতিষ্ঠান ১ ইউনিটের, ১০৪টি প্রতিষ্ঠানকে ২ ইউনিটের এবং ১৫টি-কে ৩ ইউনিটের স্টল বরাদ্দ করা হয়।
বইমেলার প্রথম দুই দিন অনেক সাধারণ দর্শক-ক্রেতা অংশ নেন। তৃতীয় দিন সংবাদপত্রে 'দ্বিতীয় দিনেও বইমেলা জমজমাট' শিরোনাম হয়। কিন্তু এরপর বইমেলা আয়োজনের নানাদিক নিয়ে অভিযোগ ও প্রশ্ন উঠতে থাকে। 'নীতিমাল লঙ্ঘনের অভিযোগ', 'ছয়টি কমিটি গঠনের পরও অব্যবস্থাপনার শেষ নেই', 'জাতীয়তাবাদীরা মুক্তিযুদ্ধের বই নিষিদ্ধ করেছে', 'প্রাণহীন প্রাণের মেলা', শিশু-পাঠকদের কথা কেউ ভাবে না' ইত্যাদি শিরোনামে সংবাদপত্রে প্রতিবেদন ছাপা হয়। 'জাতীয়তাবাদীরা মুক্তিযুদ্ধের বই নিষিদ্ধ করেছে' শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয় :
লিখে কি হবে? লিখে কি কিছু হয়? যদি হত তবে তো বেশ কটি দায়িত্বশীল জাতীয় দৈনিকে নীতিমালা লঙ্ঘন করে বিতর্কিত গ্রন্থ 'আমার ফাঁসি চাই' অবাধে বিক্রি হওয়া ও প্রতিষ্ঠানের নামে সাইন বোর্ড না করে গ্রন্থটির নামে সাইন বোর্ড করার খবর প্রকাশের পর বাংলা একাডেমীর টনক নড়তো। নড়েনি। অনেকে ভেবেছেন দায়িত্বে উদাসীন একদল লোক প্রশাসন চালাচ্ছেন বলে এমনটা ঘটছে। অনেকে কথাটা বিশ্বাসও করেছেন। কিন্ত জাসাস এবং ছাত্রদলের জাতীয়তাবাদীরা গায়ের জোরে সংঘ প্রকাশনীর 'বাংলাদেশ জেনোসাইড এন্ড ওয়ার্ল্ড প্রেস' গ্রন্থটির ওপর যখন নিষেধাজ্ঞা আরোপ করে এবং বাংলা একাডেমী তাতে সায় দিয়ে গ্রন্থটির বিক্রি বন্ধ রাখতে বলে তখন কি তাদের উদাসীন বলে চালিয়ে দেয়া যায়?৬
বইমেলায় বিরাজমান অব্যবস্থাপনা ও বাংলা একাডেমির ব্যর্থতা সম্পর্কে সংবাদ-প্রতিবেদনে বলা হয় :
মানুষ আসছে। ধুলো উড়িয়ে যাচ্ছে স্টলে স্টলে। নতুন বইয়ের খোঁজ নিচ্ছে, মলাট উল্টাচ্ছে, কিনছেও কেউ কেউ। তবে বইপ্রেমীদের প্রাণের মেলা বলে যে খ্যাতি প্রতিবছরই কমছিল একটি একটু এবার যেন তার ষোলকলা পূর্ণ হলো। নীতিমালার লঙ্ঘন, অব্যবস্থাপনা [নিয়ে] দৈনিকগুলোতে প্রচুর লেখালেখির পরও টনক নড়েনি বাংলা একাডেমীর। কেন এমন হচ্ছে— তা জানানোর কোন লোক নেই। জনসংযোগে গেলে জানানো হয়, নীতি-নির্ধারণী বিষয় নিয়ে মহাপরিচালক কিংবা সদস্য সচিবের সঙ্গে কথা বলাই ভাল। তাদের খুঁজতে গেলে কাউকেই পাওয়া যায় না। অভিভাবকহীন হলে যা হয়, তাই হচ্ছে এবারের বইমেলায়।
ধুলো আর বিদ্যুৎ স্বল্পতা তো আছেই, স্টল বরাদ্দ নিয়ে অনিয়ম, স্টলের নাম নিয়ে নীতিমালার লঙ্ঘন, রাজনৈতিকভাবে বিতর্কিত গ্রন্থের বিপণন, দীর্ঘ ছুটি ঘোষণা করে জমে ওঠার আগেই মেলাকে ভাঙ্গা হাটে পরিণত করার সিদ্ধান্ত— এমন বহু বিষয়ে লেখক, পাঠক, প্রকাশকদের মধ্যে নানান প্রশ্ন রয়েছে। তবে উত্তর দেয়ার দায় নেই আয়োজকদের। যদিও পর্যবেক্ষণ ও শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত আছে ছয়টি কমিটি। কমিটিগুলো প্রতিদিন মেলাশেষে রাত ৮টায় পর্যালোচনা সভাতেও মিলিত হয়।৭
এতোসব অভিযোগ সত্ত্বেও বইমেলা সমাপ্তির দিকে অগ্রসর হয়। শেষের দিকে, বিশেষ করে ছুটির দিনগুলোতে মেলা জমে ওঠে। 'উপন্যাসের জয়জয়কার', 'বিচিত্র বইয়ের কত যে নতুন বই', 'গতকাল বইমেলা ছিল যেনো মিলনমেলা', 'থরে থরে সাজানো বিচিত্র বিষয়ের বই', 'প্রাণচাঞ্চলে মুখর মিলনমেলা', 'প্রকাশকদের মুখে আলোর ছটা', 'মিলনমেলা সাঙ্গ হবে আজই', সংবাদপত্রে ইত্যাদি শিরোনামে সংবাদ-প্রতিবেদন প্রকাশিত হয়। ২৮শে ফেব্রুয়ারি মেলা শেষের দিন একাডেমি-লেখক-পাঠক-ক্রেতা-প্রাকাশক মেলা ভাঙ্গনের বিষাদে আবেগতাড়িত হন। নানা সীমাবদ্ধাতা থাকলে ২০০৩ সালের বইমেলায় ১২৪৯টি নতুন গ্রন্থ প্রকাশিত হয় এবং মোট ১০ কোটি টাকার বই বিক্রি হয়।৮
টীকা:
১. সদস্যরা হলেন : ড. এম আমিনুল ইসলাম, আহমদ রফিক, ড. আলাউদ্দিন আল আজাদ, আবেদ খান, রামেন্দু মজুমদার, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, অধ্যাপক আবু জাফর মাহমুদ, রিজিয়া রহমান, ড. এনামুল হক ও ড. আলী আসগর।
২.ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন : সৈয়দ শামসুল হক, মমতাজউদ্দিন আহমদ, আসাদুজ্জামান নূর এমপি, রামেন্দু মজুমদার, নির্লেন্দু গুণ প্রমুখ। দেখুন, দৈনিক ইত্তেফাক, ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০০২
৩.দৈনিক সংবাদ, ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০০২, পৃ. ১২
৪.দেখুন, কাজী শাহীদুল ইসলাম, 'একুশে বইমেলা', সংবাদ সাময়িকী, পৃ. ১৬, দৈনিক সংবাদ, ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০০২
৫.দৈনিক সংবাদ, ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০০২, পৃ. ৪
৬.দৈনিক সংবাদ, ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০০৩, পৃ. ১২
৭.দৈনিক সংবাদ, ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০০৩, পৃ. ১২
৮.দৈনিক প্রথম আলো, ঢাকা, ১লা মার্চ, ২০০৩
