‘ব্ল্যাক আউটের পূর্ণিমায়’ খুঁজবো শহীদ কাদরীকে
"সহসা সন্ত্রাস ছুঁলো। ঘর-ফেরা রঙিন সন্ধ্যার ভীড়ে যারা ছিলো তন্দ্রালস দিগ্বিদিক ছুটলো…।" শহুরে বৃষ্টির এই বর্ণনা শহীদ কাদরীর। তরুণ মনের উদভ্রান্ততা আর চারদিকের অসহনীয় পরিবেশ থেকে মুক্তি পেতে আমরাও দিগ্বিদিক হয়ে ফিরে যাই শহীদ কাদরীর কাছে, যিনি মাত্রই চলে গেলেন চিরচেনা এই জগৎ ছেড়ে।
নাগরিক অসহনীয় মনের ছুটে যাওয়া নিরন্তর। কবির মৃত্যু দুঃখ দিলেও বারবার মনে করিয়ে দেয় তার দুঃসাহসিক উচ্চারণগুলো। অল্প কিছু কবিতা দিয়ে যে পারেন পৌঁছে যেতে একটি ভাষার অন্যতম স্থানে, তিনিই শহীদ কাদরী।
একজন শহীদ কাদরীই পারেন জেনারেলদের রবীন্দ্রচর্চার হুকুম দেওয়ার জন্য সরাসরি রাষ্ট্রপ্রধানকে প্রস্তাব দিতে। একজন শহীদ কাদরীই পারেন মন্ত্রীদের গিটার কিনে দেওয়ার অনুরোধ করতে। প্রচণ্ড অস্থিরতায় একজন মানুষ যখন শান্তি খুঁজতে যায় সমাজের তলায়, তখন কাদরীই পারেন 'আলোকিত গণিকাবৃন্দ'কে স্তব করতে। তিনিই পারেন বলতে, "তোমাদের স্তব বৈ সকল মূল্যবোধ যেন ম্লান!"
রাষ্ট্র যখন হয়ে দাঁড়ায় প্রেমের শত্রু হয়ে, রাষ্ট্রনীতি যখন দাঁড়িয়ে যায় প্রেমিকের সামনে প্রচণ্ড শক্তিশালী হয়ে তখন একজন কবিই পারেন রাষ্ট্র, প্রতিরক্ষা আর প্রেমকে এক কাতারে দাঁড় করাতে। আর সেই কবিই শহীদ কাদরী। একজন কবিকে দিয়ে বঙ্গোপসাগরের সবগুলো রণতরী কমান্ড করাতে পারেন শহীদ কাদরী।
তাইতো কোন একসময় বন্ধু কবীর সুমনকে তিনি বলেছিলেন, "শুনুন সুমন, যখন পাকিস্তানের হানাদাররা আসে, তখন কিন্তু আমরা সবাই পালিয়ে গিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছি। আমি আমার কবিতার বইগুলো মাটিতে পুঁতে দিয়েছি। পাইলেতো মারবে। ট্যাংক আসছে, বুঝলেন সুমন, ট্যাংকটা চলে যাচ্ছে সেই মাটির ওপর দিয়ে, যেখানে আমার কবিতার বই পোঁতা। আমার কবিতার বইগুলোকে চাপা দিয়ে যাচ্ছে, আমি সমানে ভাবছি, এবার একবার বিস্ফোরণটা হোক। এবার মাইনের মতো ফাট। ফাটলো না। একবারের জন্য বিস্ফোরণ ঘটাতে পারলাম না। তাহলে কিসের কবিতা? তাহলে আর কিসের কবিতা?"
একজন স্রষ্টার মনে তার সৃষ্টি নিয়ে অপূর্ণতা থাকবে, সেটা হয়তো স্বাভাবিক। কিন্তু শহীদ কাদরীর অভিনবত্ব ঠিক এ জায়গাতেই। তার সৃষ্টির ছায়াতলেই শুধু তার সময়ের নয়, এ প্রজন্মের তরুণদের তার কবিতার ছায়ায় রেখেছেন। যে অস্থির সময়ে শহীদ কাদরী কবি হিসেবে বাংলা ভাষায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তার বহু পরেও আমাদের প্রজন্মকে তিনি করে রেখেছেন মোহাবিষ্ট।
শহীদ কাদরী আমাদের চিনিয়েছেন শহর, শহুরের গাছ-বৃষ্টি-শালিক। চিনিয়েছেন দেশ আর বিশ্বকে। দেশকে তিনি আংটির মতোই পরেছেন কনিষ্ঠ আঙুলে। রবীন্দ্রনাথকে দাঁড় করিয়েছেন ইট-কাঠের জঙ্গলে। বলেছেন, "আমাদের চৈতন্যপ্রবাহে তুমি ট্রাফিক আইল্যান্ড হে রবীন্দ্রনাথ!" শহুরে পাখিও তাকে সেজন্য সিগনাল দেয় কবিকে। সেই সিগনাল এখন শুধু কবিকে নয়, দিচ্ছে শহরবাসী উসকো-খুশকো চুলের সবাইকে। আমরা যা মনে এনেছি বলতে পারিনি, সেটাই দুম করে বলে দিয়েছেন শহীদ কাদরী। সেখানেই তিনি অমর।
শহীদ কাদরী যখন দেশ ছেড়ে চলে গেলেন তখন কেন গেলেন? কী সেই অভিমান যা প্রশ্ন আকারে বারবার ফিরে এসেছে তার ভক্তদের মাঝে? অনেকে চেষ্টা করেছেন সেই কারণের সুলুক সন্ধানে। কবিও সরাসরি কখনো বলেননি তার 'নির্বাসনের' কারণ। কিন্তু শেষ কবিতার বইয়ে বলে গেছেন, "কোন নির্বাসনই কাম্য নয়/কাম্য নয়/ কাম্য নয় আর-/"
'অগ্রজের উত্তরে' যেমন বলেছেন, "…শহীদ কাদরী বাড়ি নেই।" তেমনি আমরাও তার প্রতিবাদ করে বলতে চাই তারই ভাষায়, "বাতাসের চিৎকার এবং অবিরাম জলের ঝাপটা/মধ্যরাত্রি অবধি আমাকে জাগিয়ে রেখেছে…/" আমরা জেগে আছি শহীদ কাদরীর কবিতায়, খুঁজে যাব তাকে 'ব্ল্যাক আউটের পূর্ণিমায়'।
