২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিরদিনের রবীন্দ্রনাথ

bani_vatyacharya

Published : 07 May 2015, 09:24 PM

Updated : 03 Oct 2022, 11:26 AM

Image
1951056246.jpg

তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করব খেলা এই আমি
নতুন নামে ডাকবে মোরে, বাঁধতে নতুন বাহুর ডোরে
আসব যাব চিরদিনের সেই আমি।

রবীন্দ্রনাথ তাঁর কবিতায়-গানে নিজেই নিজের কথা বলে গেছেন বারবার, প্রতিবছর 'পঁচিশে বৈশাখ– তাঁকে স্মরণ করে দেশজুড়ে পালিত হয় তাঁর জন্মদিন। গানে, আবৃত্তিতে, নাচে, নাটকে– এমনকি নানা আলোচনায় তাঁকে স্মরণ করি। পক্ষকাল চলে সেই স্মরণ উৎসব। তিনি চলে গেছেন বহু বৎসর হল; তবু তিনি আছেন আমাদের হৃদয়জুড়ে। আমাদের সুখ-দুঃখ, শোক-সান্ত্বনা, কষ্ট-যন্ত্রণা, আরোগ্য-আরাম সবকিছুতে তাঁকে আমরা অবলম্বন করি।
রবীন্দ্রনাথ আমাদের যুগচৈতণ্যের মধ্যে মিশে আছেন নানাভাবে। তাঁর প্রতিভার আলোচনা করা কঠিন। কোন প্রসঙ্গ দিয়ে তাঁর কথা শুরু করব ভেবে পাই না। মূলত কবি বলে তাঁর পরিচয়।
তিনি বিশ্বকবি কিন্তু তাঁর প্রতিভার যে বিচিত্র বৈভব, তার জ্যোতির্বলয় বহুধা বিস্তৃত। প্রাচীন ভারতীয় কাব্যাদর্শে কবি এবং তাঁর কাব্যের সংজ্ঞা, নানাভাবে বর্ণিত। কবি হলেন স্রষ্টা, ঋষি, আবার তিনি প্রেমিক, ভাবুক, মরমী, বিদ্রোহী, সংগ্রামীও। দেশকালের জাগ্রত বিবেক। তিনি হলেন কবি সার্বভৌম।
রবীন্দ্রনাথের বিশাল সৃষ্টিসম্ভার। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, সংগীত চিত্রকলা নিয়েই নয়, সমাজচিন্তা, অধ্যাত্মাভাবনা, বিশ্বমাবনতাবোধ বিজ্ঞান আলোচনাসহ নানা-রচনায় সমৃদ্ধ। রবীন্দ্রনাথ শুধু ভাবের রাজ্যে, কাব্যের রাজ্যে বিচরণ করেননি, মাটির মানুষের সঙ্গেও তাঁর যোগ গভীর। পৃথিবীর বাস্তব রূপের চেহারাও তাঁর কাছে ছিল সুস্পষ্ট। মানুষের প্রেমপ্রীতি, চাওয়া-পাওয়া আবেগ অনুভূতি যেমন দেখেছেন, তেমনি লোভ, হিংসা, পীড়ন, অত্যাচার ও সাম্রাজ্য লোলুপতার ভয়ংকর কুৎসিত রূপে পীড়িত হয়েছেন। দ্বিতীয় মহাযুদ্ধের ধ্বংসলীলায় কবির ধিক্কার বর্ষিত হয়েছে শিশুঘাতী নারীঘাতী কুৎসিত বিভৎসার প্রতিবাদে।
প্রকৃতি ও মানুষের অপরূপ সন্মেলন হয়েছে তাঁর রচনায় রূপে, রসে অনুভবে তাঁর কবিতা গান অজস্র ধারায় উৎসারিত হয়েছে; একটি কবিতায় কবি বলেছেন–
আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি–
আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনি।
আবার এও বলেছেন নম্রস্বরে "পৃথিবীর বহুতর স্বর তাঁর কাছে পৌঁছায়নি, আমাদের কাছে বিস্ময়– যে বিপুল রচনাসম্ভার তিনি রেখে গেছেন, তার তুলনা কোথায়? পরাধীনতার মর্মবেদনা কবিকে ব্যথিত করেছে। বিদেশি শাসকের শোষণ, পীড়ন, অত্যাচার, অপমান তার প্রতিবাদী কণ্ঠস্বরে ধ্বনিত হয়েছে বারবার। স্বদেশের প্রতি ভালোবাসা তাঁর নানা গানে ও কবিতায় আর নানা রচনায় ছড়িয়ে আছে। মানুষকে ভালোবাসা হৃদয়কে ঈশ্বরমুখী করে তোলে। তাঁর অাধ্যাত্ম্যভাবনার উপলব্ধির এসব গান-কবিতা মানুষকে অন্বিষ্ট করে। তিনি ছিলেন অপূর্ব সুন্দর দেহকান্তির অধিকারী। তাঁকে দেখে সবাই অবাক বিস্ময়ে মুগ্ধ হয়ে যেত। দেশে-বিদেশে তিনি মহামানব রূপে বন্দিত হয়েছেন।
বর্তমান কাল, আমাদের চারদিকে অদ্ভুত এক অন্ধকার আর অবক্ষয়ের জাল ছড়িয়ে পরিবার-সমাজ-রাষ্ট্রকে অস্থির ও অশান্ত করে তুলেছে। জাতীয় সংস্কৃতি, ভাষা, জীবনচর্চা সবই পরিবর্তিত। মানুষের মন বিপর্যস্ত।

Image
photo1826.jpg


লেখিকা বাণী ভট্টাচার্যকে লেখা বরীন্দ্রনাথের একটি চিঠি

এই কুসময়ে আমাদের কাছে রবীন্দ্রনাথ বড় প্রাসঙ্গিক। মানুষের জন্য মহৎ চিন্তার যে অবদান তিনি ভাবীকালের কাছে রেখে গেছেন, তার মূল্য অপরিসীম। আজ তার সন্ধান পেতে হবে আমাদের।
রবীন্দ্রনাথকে দেখবার সৌভাগ্য আমার হয়নি। আমার কিশোরী বেলায় তিনি চলে গেছেন মর্ত্যসীমা ছড়িয়ে। আমি ছিলাম অনেক দূরের 'অনামা অজ্ঞাত একটি ছোট্ট মেয়ে। চারদিকের পৃথিবীটাই ছিল তার চেনা। মনের খুশিতে, খেয়ালে কবিতা লিখত, গান গাইত। সেই কালেই সে কিন্তু জেনে গিয়েছিল রবীন্দ্রনাথকে তাঁর কবিতা গান গল্পের ভেতর দিয়ে। তার বোধের, চেতনার কল্পনার মধ্যে ঢুকে গিয়েছিল এক আলোকের স্রোত, কবিতার রাজ্যের অবাক ঠিকানা যেন তার কাছে পৌঁছে গিয়েছিল।
তারপর সে আর এক কাহিনি।
১৯৪০ সালে সুদূর আসামের শিলচর শহরে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে সে তার নিজের লেখা কবিতা পড়ে কবিকে শ্রদ্ধা নিবেদন করেছিল। দর্শক স্রোতারা খুব খুশি। এরমধ্যে একজন রবীন্দ্রঅনুরাগী মনস্বিনী বিদগ্ধ মহিলা তার কাছ থেকে চেয়ে নিলেন কবিতাটি। যার আর কোনো কপি ছিলনা। মেয়েটিকে কবিতা ফেরৎ দেবেন বলেছিলেন। মেয়েটি ভুলে গিয়েছিল কবিতার কথা। সে স্বপ্নেও ভাবতে পারেনি, তার এই কবিতা পৌঁছে যাবে অভাবিতভাবে কবির কাছে। সেই মহিলার স্বামীর মাধ্যমে রবীন্দ্রনাথের কাছে পৌঁছেছিল সেই কবিতা। অতি সাধারণ মেয়েটি অলৌকিকভাবে পেয়ে গেল মহাকবির আশীর্বাদ। এ যেন কবির লেখার মতো। রবি বলেছেন–
"আমি বিপুল কিরণে ভুবন করিতে আলো
তবু শিশিরটুকুরে ধরা দিতে পারি বাসতে যে পারি ভালো।"
মেয়েটির জীবনে ছড়িয়ে পড়ল এক আলোকের সঙ্কেত। তারপর তার জীবনের উপর দিয়ে বয়ে গেছে কালের ঝঞ্ঝা, দুর্যোগ, অস্তিত্ব হারানোর শংকা। তবু তাঁর মধ্যে তিনি দাঁড়িয়ে ছিলেন আলোকস্তম্ভের মতো দিশারী হয়ে, আজও আছেন আশ্রয় হয়ে–সেই চিরদিনের রবীন্দ্রনাথ।

Image
Flag Counter