২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাত্রিক মোদিয়ানো: নব্যপ্রুস্তীয় অনৈচ্ছিক স্মৃতির ভাষ্যকার

কুমার চক্রবর্তী কুমার চক্রবর্তী

Published : 11 Oct 2014, 01:40 PM

Updated : 03 Oct 2022, 11:27 AM

Image
modiano.jpg

এবারও বিস্ময় অপেক্ষা করছিল, যেমনটা অন্য বছর হয়ে থাকে। নোবেল কমিটি ২০১৪ সালের জন্য যাকে পুরস্কার দিলেন তাঁর নাম আন্তর্জাতিকভাবে বহুল আলোচিত নয়, আর বাংলাদেশে বলা যায়, একেবারেই অজানা। কিন্তু যেটা স্বস্তিকর তা হলো যেহেতু একজন ফরাসি লেখক পুরস্কারটি পেয়েছেন সেহেতু নিশ্চয়ই যোগ্য একজন পেয়েছেন বলে বোদ্ধারা মনে করছেন, এর কারণ অপ্রতিরোধ্য ফরাসি সৃজনশীলতা। ফরাসি লেখকরা একএক জন অদেসিউস, যাঁরা সাহিত্যের ভ্রমণকে অভিজ্ঞতায়, আর অভিজ্ঞতাকে করে তোলেন নতুন সৃষ্টি, এরকমই ফরাসিদের সম্পর্কে অনেকের ধারণা। তবে ফরাসি কবিদের বিষয়ে আমরা বাঙালিরা যতটা প্রাণোচ্ছ্বাস ও আবেগ অনুভব করি, ঔপন্যাসিকদের নিয়ে তার তুলনায় উচ্ছ্বাস কিছুটা কম। এর একটা কারণ হয়তো হতে পারে ফরাসি কবিদের বিস্তৃত অতলান্ত জীবনতৃষ্ণা এবং ফরাসি কবিতার বহুমাত্রিক ব্যাপ্তি ও বিচ্ছুরণ। কিন্তু ফরাসি কথাসাহিত্যও অনন্যসাধারণ, এবং কোনো কোনো ক্ষেত্রে এর পরিপ্রেক্ষিত ও কবিতার পরিপ্রেক্ষিত সাধারণ বোধিবিন্দুকে ঘিরে আবর্তিত হয়েছে। বস্তুত ফরাসিতেই কবিতা, আখ্যান ও চিত্রকলা সমবেত আদান-প্রদান এবং অন্যোন্য মাত্রা নিয়ে এমন করে উদ্ভাসিত হয়েছে। ফরাসি সাহিত্যের ক্ষেত্রে এর সামগ্রিক অভিঘাত সুদূরপ্রসারী প্রভাব সৃষ্টি করতে পেরেছে যার তুলনা সমগ্র বিশ্বসাহিত্যে দুর্লভ। সাহিত্য ও শিল্পের এমন সার্থক ভারসাম্যাবস্থা আর কোনো দেশেই ঘটেনি। ফরাসিরা সাহিত্যাক্রান্ত জাতি। এর পুরস্কারও পেয়েছে ফরাসি দেশ।

সাহিত্যে প্রথম নোবেল পুরস্কারটি পেয়ে যান এক ফরাসি কবি স্যুলি প্র্যদম, ১৯০১ সালে, যদিও তাঁর কবিতা খোদ ফরাসি দেশেও এখন আর কেউ পড়ে না। নোবেল, বিশেষত সাহিত্যে, অনেক অখ্যাতকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে যাঁরা আবার হারিয়েও গেছেন সৃষ্টিহীনতার কৃষ্ণবিবরে। আর যাঁদের সমূহ যোগ্যতা থাকা সত্ত্বেও পুরস্কৃত করা হয়নি, তাঁরা এখনো ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছেন সাহিত্যের আকাশে। এখানেই প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানের পরাজয় আর মৌলিক স্রষ্টাদের জয়। এই প্রতিষ্ঠানের অনাড়িপনা, উদ্ভট বিবেচনা ও অন্ধত্বের কারণেই পুরস্কৃত হননি প্রুস্ত, আপোলিনের, পেগি, ক্লোদেল, ভালেরি, স্যুপেরভিয়েল, র‌্যভেরদি, এল্যুয়ার বা ইব বনফোয়া প্রমুখ ফরাসিরা। এক-অর্থে নোবেল না-পাওয়াটা প্রকৃত লেখকদের যেন নিয়তি। তবে এ পর্যন্ত মোট প্রাপ্তির হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্তদের তালিকায় ফরাসিরা সর্বোচ্চ স্থানটি অধিকার করে আছে যার সংখ্যা ১৫। এদের মধ্যে আছেন রোমাঁ রলাঁ, আলব্যের কাম্যু, ক্লোদ সিঁম, সার্ত্র, ফাঁসোয়া মরিয়াক, বের্গসঁ, বেকেট, জাও জিংগজিয়ান, জঁ-মারি গুস্তাফ ল্য ক্লেজিয়ো প্রমুখ। এবারের আগে সর্বশেষ ২০০৮ সালে পেয়েছিলেন ক্লেজিয়ো।

সাহিত্যে আন্দোলনের ক্ষেত্রে ফরাসিদেশের ভূমিকা অগ্রগণ্য। ১ম বিশ্বযুদ্ধের পর দুটি বিখ্যাত আন্দোলন, দাদাইজম ও স্যুররেয়ালিজম-এর সূচনা করেছিলেন কবিরা। কিন্তু ২য় বিশ্বযুদ্ধের পর যে সাহিত্য-আন্দোলনটি দেখা দিয়েছিল, তার সূচনাকারী ছিলেন গদ্যলেখকেরা। এই আন্দোলনটির অভিঘাত ছিল মারাত্মক, আর এর নাম হলো অস্তিত্ববাদ। মূলত দার্শনিক অভীপ্সা থেকে দানা বাঁধলেও তা ছড়িয়ে পড়েছিল গল্পে, উপন্যাসে, এবং এর ব্যাপ্তি ছিল আশ্চর্যজনক। এই আন্দোলনের দার্শনিক এবং সাহিত্যিক পুরোধা-ব্যক্তিত্ব দুজনেই পেয়েছিলেন নোবেল: জ্যাঁ-পল সার্ত্র্ ও আলব্যের কাম্যু। আর এই ধারার শ্রেষ্ঠ দুটি উপন্যাস হলো বিবমিষা এবং আগন্তুক। আগেই বলেছি, ফ্রান্স হলো সাহিত্য-আন্দোলনের দেশ। বাস্তববাদ, প্রকৃতিবাদ, আধুনিকবাদ ও অস্তিত্ববাদের হাত ধরে অতঃপর কথাসাহিত্যে আসে নব্য-আখ্যানবাদ বা 'নুভো রমাঁ' আন্দোলন। এই ধারার প্রধান চার ঔপন্যাসিক : নাতালি সারোৎ, আল্যাঁ রব-গ্রিরে, মিশেল ব্যুতর ও ক্লোদ সিমঁ। তাঁরা প্রথাগত উপন্যাস-পদ্ধতিকে পরিহার করে 'নতুন উপন্যাস' লেখার কথা বললেন। তাঁরা বলতে চাইলেন শিল্পবস্তু, ভাষা, সময় ও পরিসর উপন্যাসের চরিত্র হয়ে উঠতে পারে। অস্থিতিশীল বাস্তবের ভেতর দিয়ে এই দিগন্তের উন্মোচন ঘটতে পারে। আখ্যানকে ব্যাখ্যানের দিকে, কাহিনিকে ভাষার দিকে, এবং উপন্যাসের বিবরের অন্তর্বৃত রূপকে তুলে ধরাই ছিল এই আন্দোলনের উদ্দেশ্য। এখানে নেই মানবিকতা, নেই কাহিনির ক্রমায়ন। লেখক চান পাঠকের সক্রিয়তা। বস্তু, সময়, পরিবেশ এবং এদের আন্তর-গঠনের প্রকৃতিকে প্রতিফলিত করানোই হলো 'নব্য উপন্যাস' ধারার মূল উদ্দেশ্য ও বিধেয়, রাগ ও অনুরাগ। নুভো রমাঁ-র চার প্রবর্তক যে-তত্ত্ববিশ্ব এবং অনুসন্ধানের সম্প্রসারণ ঘটিয়েছেন, তার সাথে কোনো কোনো সমালোচক মিল খুঁজে পেয়েছেন ইউরোপীয় ক্লাসিক সংগীতের, যেখানে থাকে এক্সপজিসন ও ডেভেলাপমেন্ট, এবং অনিবার্যভাবে কতকগুলো মুভমেন্ট। এটা অনেকটা সহস্র-বিচ্ছুরিত হাওইবাতি। এরই ধারাবাহিকায় ১৯৮৫ সালে ক্লোদ সিমঁ নোবেল পেয়েছিলেন এবং ল্য ক্লেজিয়ো পান ২০০৮ সালে।

কিন্তু উপন্যাস বস্তুত কী ? অনেকানেক উত্তর আছে এর। ফরাসি লেখিকা জেরমেইন নেকতা দ্য স্তেল(১৭৬৬-১৮১৭) তাঁর এক বিখ্যাত প্রবন্ধ 'এসেইস অন ফিকশান্স' (১৭৯৫)-এ আখ্যানের এক ধরনের সূত্রের কথা বলেছেন যেখানে সবকিছু একইসাথে আবিস্কৃত এবং অনুকৃত হয়, এবং যেখানে কোনোকিছুই সত্যি নয়, সবকিছুই সত্যের মতো। শতাব্দীর উপন্যাসের নতুনত্বের বিবেচনায় এই চিন্তা খুব গুরুত্বপূর্ণ। বিংশ শতাব্দীর উপন্যাসের একটি ভরকেন্দ্র আছে, আছে কেন্দ্রীয় প্রবণতাও : অনেক উপন্যাসই সময়ে ও সময় দ্বারা মন্দ্রিত। বিংশ শতাব্দে সময়ের পরমভাবনার পরিবর্তন হয়েছে; এসেছে আপেক্ষিক ভাবনার বিষয়। বিজ্ঞান হাজির করেছে সাধারণ ও বিশেষ আপেক্ষিকতাতত্ত্ব। এইক্ষেত্রে বিজ্ঞান দ্বারা তাড়িত ও প্রভাবিত হয়েছেন লেখকেরা। জেমস জয়েস, ভর্জিনিয়া উল্ফ, মার্সেল প্রুস্ত, টমাস মান, ফ্রানৎস কাফকা, আলব্যের কাম্যু, আঁদ্রে জিদ, উইলিয়াম ফকনার, রোঁমা রোঁল্যা, জা পল সার্ত্র্, হোর্হে লুইস বর্হেস, কার্লোস ফুয়েন্তেস, হুয়ান রোলফো, গর্সিয়া মার্কেস, বরিস পাস্তেরনাক, আর্নেস্ট হেমিংওয়ে, ই. এম. ফর্স্টার, ডি. এইচ. লরেন্স, উমবার্তো ইকো, মিলান কুন্দেরা, ডরিস লেসিং, জে. এম. কোয়েটজি, প্রমুখ বিংশ শতাব্দীর বিখ্যাত লেখকেরা অনেকটাই প্রভাবিত হয়েছিলেন সময় দ্বারা। অনেকের উপন্যাসের অদৃশ্য চরিত্রই হয়ে দাঁড়ায় সময়। তবে এই কারণে তাঁদের লেখা উপন্যাস একবাচনিক হয়ে যায় না, বরং অন্তর্বস্তু ও অন্তর্বয়নে, প্রভাব ও প্রতিবেদনে সময়ের সবল উপস্থিতিকে নিয়েই তা হয়ে ওঠে দ্বিবাচনিক। সময় নানাভাবে বিম্বপাত করেছে এই সমস্ত লেখায় তবে কোনো একটি অবস্থান থেকে তাকে যুঝে অন্তত জাগতিক অর্থাবলির ভিন্ন অন্বেষণ এই লেখাগুলিতে অবশেষে ব্যক্তির বাস্তব পরিপ্রেক্ষিতকে অন্যভাবে সাজিয়ে তুলেছে। স্থির-অর্থচেতনায় আবদ্ধ ব্যক্তি উপন্যাসের বিষয় হন না কখনো। উপন্যাস তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন অবয়বের নির্মাণ ভিন্ন বাস্তবতার অর্থসন্ধান করে। একইভাবে সময়ের ভেতর ব্যক্তির প্রবেশ নয় বরং ব্যক্তি সময়কে কীভাবে আবিষ্কার করে, বিংশ শতাব্দীর উপন্যাসে এটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যা এই একবিংশ শতাব্দীতেও প্রবহমান।

২.
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্যাত্রিক মোদিয়ানো সম্ভবত উপর্যুক্ত ফরাসি ধারা ও ধারণার গুরুত্বপূর্ণ ভাষ্যকার।[ যদিও নিউ ইয়র্কভিত্তিক ফিলিপ রথের ব্লক প্রোপাগান্ডা চালাচ্ছে যে নোবেল কমিটি, কম বিক্রি হয় এবং অইংরেজিভাষী, এমন লেখকদের প্রতি দুর্বল, আমেরিকান কালচারাল হিগেমনির প্রতিপক্ষকে পুরস্কৃত করতে তারা বেশি পছন্দ করে; নিউ ইয়র্ক টাইমস-এর পুস্তক সমালোচক ডুয়াইট গার্নার সুইডিশ একাডেমির এধরনের সিদ্ধান্তকে বলেছেন হাস্যকর এবং যদ্যপি সুইডিশ রীতি।] সুইডিশ একাডেমির স্থায়ী সচিব পিটার ইংলান্ড তাঁর সম্পর্কে ঘোষণায় বলেছেন: 'আমাদের সময়ের এক মার্সেল প্রুস্ত।' কারণ তাঁর লেখায় স্মৃতি, অপসৃয়মাণতা, পরিচয় আর অন্বেষণ এক নতুন বিভাবে আবির্ভূত হয়েছে। কিন্তু কেন তাকে বলা হলো আধুনিক মার্সেল প্রুস্ত? কারণ বোধগম্য হবে প্রুস্তের একজীবনের ফসল, বিশাল কীর্তি, এক ক্যাথিড্রাল উপন্যাসের নাম থেকে যা হলো আ লা রর্শেস দ্যু তঁ পেরদ্যু, ইংরেজিতে মনক্রিফের প্রথম অনুবাদে Remembrance of Things Past| ফরাসি নামটির আক্ষরিক মানে অনেকটা হারানো সময়ের সন্ধানে। কিন্তু এতেও সমস্যা থেকে যায়। ফরাসি researche এবং perdu শব্দের দ্ব্যর্থবোধকতা রয়েছে।। প্রুস্ত আসলে researche দ্বারা বোঝাতে চেয়েছেন গবেষণা বা research, perdu দ্বারা 'হারানো' বা 'অপচয়িত'। ফলে ফরাসি নামের মাহাত্ম্য ইংরেজিতে অধরাই থেকে যায়। ১৯৮০ সাল পর্যন্ত মনক্রিফের অনুবাদটিই ছিল একমাত্র অনুবাদ কিন্তু তারপর এই উপন্যাসটির আরও অনুবাদ হয়েছে। ২০০২ সালে ৭ জন অনুবাদকের এক বিশেষজ্ঞ দল নতুনভাবে ইংরেজিতে এর অনুবাদ করেন যার ইংরেজি নামকরণ করা হয়েছিল In Search Of Lost Time যার বাংলা করলে হয় 'হারানো সময়ের সন্ধানে'। যদিও প্রুস্ত ইংরেজি নামটি পছন্দ করেননি তবুও মনক্রিফের নামটি স্মৃতিজাগানিয়া। প্রুস্ত বোঝাতে চেয়েছেন, বস্তুত উপন্যাসটি হলো এক হারানো সময়ের আখ্যান। সময় হারায় দু-ভাবে: এটা হারিয়ে যায় কারণ তা চলে যায়, তার সর্বোচ্চ মুহূর্তটি পলাতক প্রেমিকের মতোই অতীতে অন্তর্হিত হয়, এর তীব্রতাকে আর ধরা বা পুনরার্জন করা যায় না। আবার সময় হারায় তুচ্ছ সামাজিক কার্যকালাপে, বা অকার্যকর পশ্চাদ্ধাবনে তা নষ্ট হয়। প্রুস্ত নৈরাশ্যবাদী লোক ছিলেন। সময়ের এই গভীর রহস্যবিষয়ক অভিভাবনার নেপথ্যে ছিল তাঁর স্মৃতিকাতরতা। বড়ো হয়ে রোগাক্রান্ত মন, লেখক হওয়ার চিরবাসনা, মৃত্যুভয় তাঁকে একা করে ফেলেছিল। ফলে বলা প্রাসঙ্গিক যে এই উপন্যাসটি তাঁর একাকিত্বের উদ্ভাসন। যুদ্ধ যেন তাঁর স্মৃতিকে সুদৃঢ়ভাবে অতীতের দিকে ঠেলে দিল, সৃষ্টি করল লেখকের ও তাঁর আবেগের স্থানাঙ্কের মাঝে এক অপ্রত্যাহারযোগ্য দূরত্বের, যা জীবনের বিকাশমান ঘটনাকে অস্তিত্বের ভাঁজে ভাঁজে উম্মোচন করল। এভাবেই বইটি হয়ে উঠল সময়ে পূর্ণ, আর মৃত্যুও যেন এক পূর্ববোধ যা তীব্র করে তুলল স্মৃতি ও তার পুনঃসৃজনকে। প্রুস্ত এই উপন্যাসে দু-ধরনের স্মৃতির অবতারণা করেছেন। একটিকে তিনি বলেছেন ঐচ্ছিক বা স্বতঃপ্রবৃত্ত যখন স্মৃতি উদ্দেশ্য ও বুদ্ধি দ্বারা পরিচালিত হয়, স্মৃতি তখন যথাযথ নিরীক্ষা ও আলোচনার বিষয়–সম্মিলিত চুক্তির মতো। অন্যটি হলো অনৈচ্ছিক।
প্যাত্রিক মোদিয়ানোর বিষয়ও এই সময়, স্মৃতি, অন্বেষণ, পুনঃসৃজন। তাঁর জন্য গুরুত্বপূর্ণ হলো মনস্তাত্ত্বিক বাস্তব। এর জন্যই তিনি বলেন, ৪৫ বছর ধরে তিনি একটি বই-ই লিখেছেন। তিনি মনে করতেন, স্মৃতি সত্তার অংশ, শুধু স্মরণীয় বিষয় নয় বরং গতিচেতনার এক সক্রিয় প্রক্রিয়া, স্মৃতি হলো অনৈচ্ছিক স্মৃতি যা এক নাছোড়বান্দা জাদুকর, যা কি না অহেতুক বারে বারে বিরক্ত করে না। অনৈচ্ছিক স্মৃতি হলো এক আশ্চর্যের উপস্থাপনা। তা চিরচেনা বাস্তবের চিড় ধরায়। পরিচিত পরিসরকে সে অপরিচিত মায়াময় করে তোলে। এই স্মৃতি আমাদের চারপাশের পরিবেশকে রূপান্তরিত করে, পুনর্নির্মাণ করে। এটা বর্তমান সংবেদনের ও অতীত সংবেদনের সংযোগ সাধন করে, আর এই প্রক্রিয়ায় ইন্দ্রিয় বিপর্যয়ের সৃষ্টি হয়। সময় হারায়, এটা হারিয়ে যায় কারণ তা চলে যায়, তার সর্বোচ্চ মুহূর্তটি পলাতক প্রেমিকের মতোই অতীতে অন্তর্হিত হয়, এর তীব্রতাকে আর ধরা বা পুনরার্জন করা যায় না। আর এভাবেই তা হয়ে যায় স্মৃতি যার অন্বেষণই আসলে জীবন। প্রুস্তের মতন পারি, তার পথঘাট, মানুষ, তার অতীত-বর্তমান তাঁর লেখার বিষয়বস্তু। প্রাইজ মটিভেশনে এজন্যই নোবেল কমিটি জানান দেন সেই স্মৃতিশিল্পের কথা যার দ্বারা তিনি সেই কাক্সিক্ষত অধরা মানব নিয়তিকে জাগিয়ে তোলেন এবং অধিকারস্বত্বের জীবনবিশ্বকে উন্মোচিত করেন। নাৎসি দখলদারত্বের ফলে সৃষ্ট যে ট্রমা, তার কশাঘাতে জর্জরিত মানুষের পরিচয়-সংকট তাঁর লেখায় চিত্রিত হয়ে আছে। ১৯৬৮ সালে প্রকাশিত উপন্যাস La Place de l'Etoile-কে হত্যাযজ্ঞোত্তর এক মহৎ কাজ হিসেবে বিবেচনা করা হয়। ইহুদি-মনস্কতা, পরিচয়-সংকট আর নাৎসি দখলদারত্ব তাঁর লেখার লাইটমোটিফ। সমালোচকদের ভাষায়, তাঁর গদ্য স্ফটিকস্বচ্ছ ও অনুরণনময়, তা অপ্রথাগত, তথাকথিত গল্পহীন এবং খণ্ডীকৃত। লেখায় একই বিষয়ে তিনি ফিরে ফিরে আসেন আর এ পুনরাবৃত্তির মাধ্যমে তিনি সময়কে, অতীতকে পুনঃসৃজন করতে থাকেন। এ সবই আসে এক গভীর রম্যাত্মক অভিভাবনায়। স্বপ্ন, সম্মোহিত সময়, অবচেতন ও অনুভূতির উদ্ভাসন, বস্তুত বহির্জগৎকে সেঁধিয়ে দিয়েছেন তিনি অন্তর্জগতে আর অন্তর্জগৎকে উৎক্ষেপ করেছেন বহির্জগতে। তুচ্ছ ঘটনাকে তিনি স্মৃতির জাদুতে অসাধারণ করে তুলতেন, একটি ফুল ফোটার মুহূর্তকে করে তুলতে চাইতেন অনন্যসাধারণ–এসব কিছুই গভীরভাবে প্রুস্তীয়। প্রুস্তের মতোই অসাধারণ সামাজিক মানচিত্র, আর সমাজের অসাধারণ কমিক ও ব্যঙ্গাত্মক প্রতিকৃতি, লিখেছেন অতীতকালে, আর কৌশল হিসেবে অতীতচারণ (introspection)-এর ব্যবহার প্রুস্তেরই এক আধুনিক বিনির্মাণ যেন। ১৮৭১ সালের ১০ জুলাই প্রুস্ত যখন জন্মগ্রহণ করেন তখন সময়টা ভালো ছিল না। বছরটা ছিল ফ্রাঙ্কো-প্রুসীয় যুদ্ধের সময় যখন জার্মানরা পারি অবরোধ করে এবং বোমা ফেলতে শুরু করে। এর পরপরই শুরু হয় পারি কমিউন। প্রুস্ত জন্মেছিলেন পারি-র সন্নিকটে ওত্যইয়ে এক পারীয় সম্ভ্রান্ত পরিবারে। যে-ঠিকানায় তাঁর জন্ম হয় তা ছিল ৯৬, রুয় লা ফঁ তেঁ। তখনো ৩য় রিপাবলিক প্রতিষ্ঠিত হয়নি। প্রুস্তের বাবা লুইস প্রুস্ত, যিনি ইলিয়ার্স থেকে এসেছিলেন; তিনি ছিলেন নামকরা চিকিৎসক, ছিলেন শৈল্যবিশারদ ও মেডিসিনের অধ্যাপক যিনি লিজিঁও অব অনার পেয়েছিলেন। তাঁর মা জেনি ওয়েল যিনি ছিলেন ধনাঢ্য ইহুদি পরিবারের মেয়ে। ৩০ জুলাই ১৯৪৫ সালে পারি-র বুলন শহরতলিতে পাত্রিক মোদিয়ানো যখন জন্ম নেন তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা, তাঁরও রয়েছে ইহুদি উত্তরাধিকার, তাঁর পিতা আলবার্তো মোদিয়ানো ছিলেন ইহুদি।

১৯৪৫ সালে জন্মগ্রহণকারী ৬৯ বছর বয়স্ক এই লেখক লিখেছেন উপন্যাস, শিশুদের বই, এবং সিনেমার চিত্রনাট্য। তাঁর প্রথম উপন্যাস লা প্লাাস দ্য লেতোয়াল যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাহিনীকে সমর্থনকারী এক ইহুদির চরিত্রকে অঙ্কিত করা হয়েছে। এই বইটি লিখে তিনি তাঁর পিতার বিরাগভাজন হন, কিন্তু ২০১০ সালে বইটির জার্মান অনুবাদ প্রকাশিত হলে জার্মনিতে তা বিপুলভাবে প্রশংসিত হয় এবং তিনি একটি ছোটোখাটো পুরস্কারও পেয়ে যান। কিন্তু ইহুদি-বিদ্বেষসংক্রান্ত এই বিতর্কিত বইটি গত ৪৬ বছরেও ইংরেজিতে অনুবাদিত হয়নি। তাছাড়া রয়েছে দ্য মিসিং পারসন(১৯৭৮), হানিমুন(১৯৯০), আউট অব ডার্ক (১৯৯৫), নাইট রাউন্ডস(১৯৬৯), রিং রোডস(১৯৭১), মেমোরি লেন(১৯৮১), ডোরা ব্রুডার(১৯৯৭), ক্যাথারিন সার্টিটিউড(১৯৮৮) ইত্যাদি ইত্যাদি। L'Horizon বেরিয়েছে ২০১০ এবং L'Herbe nuit বেরিয়েছে ২০১২ সালে। সর্বশেষ বইটি বের হয়েছে ২০১৪ সালে। সব মিলিয়ে গ্রন্থের সংখ্যা ৩০ টি। সাহিত্যিক জীবন শুরুর পর থেকে গড়ে প্রতি দুই বছরে একটি বই লিখেছেন তিনি। উপন্যাস দ্য মিসিং পারসন-এর জন্য ১৯৭৮ সালে তিনি মর্যাদাপূর্ণ প্রি গঁকুর পুরস্কার পান। এছাড়াও ২০১২ সালে পান অস্ট্রিয়ান স্টেট প্রাইজ ফর ইউরোপিয়ান লিটারেচার। ২০১০ সালে ইনস্টিটিউট অব ফ্রান্স থেকে পান আজীবন সম্মাননা।

অনেক ফরাসি লেখকের মতোই পুরস্কারের জন্য তিনি প্রস্তুত ছিলেন না, অন্তত কথায় তা-ই মনে হয় যখন পাওয়ার পর প্রতিক্রিয়া জানান 'a bit unreal' বলে যা ১৯৫৭ সালে নোবেল পাওয়ার পর আলব্যের কাম্যুর কথাকে মনে করিয়ে দেয়।

Image
Flag Counter