২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথ ঠাকুরের দেবত্ব ও বাঙালির মনোজমিনের রহস্যময়তা

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 08 May 2012, 10:20 PM

Updated : 03 Oct 2022, 11:26 AM

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তার বন্দনার ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম বা তার ঐতিহাসিক অবদান নিয়ে বিশ্লেষণাত্মক কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না। বরং একতরফাভাবে সবাই তার মাহাত্ম্য বর্ণনায় ব্যস্ত।

রবীন্দ্রনাথকে কেন এভাবে দেখা হচ্ছে এটা একটা প্রশ্ন বটে। তবে এর উত্তর পেতে আমাদের হয়তো তার দুশোতম জন্মবার্ষিকী পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতে অবাক হওয়ারও কিছু নেই। বাংলাদেশ ও ভারত, দু'জায়গাতেই বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর কাছে রবীন্দ্রনাথের অবস্থান ঈশ্বরের পরেই। সন্দেহ নেই যে তার ভূমিকা ও অবদান সাহিত্য ছাড়িয়ে অনেকদূর বিস্তৃত হয়েছিল। আর সাহিত্যের জগতেও তিনি এমন একটা সামাজিক অবস্থানে যেখানে বিশ্বের খুব কম সাহিত্যিকই রয়েছেন। দুটো দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি, তাই তার অর্জন বা অবস্থান নিয়ে প্রশ্ন করার কোনও জায়গাই নেই। কিন্তু তাই বলে তাকে, বিশেষ করে বাংলাদেশে কেন সন্ততুল্য গণ্য করা হয়, এ নিয়ে কোনও প্রশ্ন বা আলোচনা না করাটাও এখন আর ঠিক কাজ নয়।

রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি বা সাহিত্যিক ব্যাক্তিত্ব হিসেবে নন, বরং পরিপূর্ণ জ্ঞান বা প্রজ্ঞার প্রতীক হিসেবেই বিবেচিত হন। তাকে একজন মহাগুরু হিসেবেই চিত্রায়িত করা হয়েছে। তিনি কবিদেব (মহাকবি) নন, গুরুদেব (মহাগুরু)। সাধারণের দৃষ্টিতে, রবীন্দ্রনাথের কবিতায় তার সর্বজ্ঞানের বিপুল প্রকাশ ঘটেছে। তাই শুধু তার সাহিত্যকর্মকেই পূজা করা হয় না, তিনি যা বলেছেন বা করেছেন, তারও মাহাত্ম্য অনেক। আমার পরিচিত একজন সিনিয়র শিক্ষক ও লেখক আমাকে একদিন বলেছিলেন, 'আমার দৃষ্টিতে তিনি কোন অন্যায় করতে পারেন না।'

ব্রিটিশশাসিত বাংলা এমনকি ভারতেরও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর গড়ে ওঠার জন্য তখন দরকার ছিল একটি শিক্ষিত 'দালাল' বুদ্ধিজীবী শ্রেণী। এই শ্রেণীর একজন ছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং। ভারতে পশ্চিমা উদারতাবাদের উদগাতা ছিলেন রাজা রামমোহন রায়। আর রবীন্দ্রনাথের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক গুরু ছিলেন এই রামমোহনই। রামমোহন নিজে ব্রিটিশদের আহবান জানিয়েছিলেন যাতে তারা ভারতে এসে বসত গাড়ে, তবে ঔপনিবেশিক শাসক হিসেবেই নয়, এই অঞ্চলকে উন্নত করার জন্য। নিয়তির এমনই ফের যে তিনি মারাও যান ব্রিটেনেই।

Image
rabindranath.jpg


ব্রিটিশদের সঙ্গে বাণিজ্য করেই রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। বাংলায় তখন রেনেসাঁর যুগ। নতুন নতুন চিন্তায় আলোড়িত হচ্ছেন শিক্ষিত মধ্যবিত্তরা। উচ্চশিক্ষার জন্য বিলেতে যাওয়াটা তখন ওই নতুন ভাবনারই একটি অংশ। ব্রিটিশদের প্রথা বা রীতির একটি মেকি ভারতীয় সংস্করণ তৈরি হত এভাবেই। আর স্বভাবতই এই গোষ্ঠীটি ভারতের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রাজা রামমোহন রায় এ সময়ই ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথও ছিলেন এই সমাজের অন্য সদস্যদের মতোই। এই গোষ্ঠীর লোকেরা ছিলেন ভারতীয় মুসলিমদের বিশ্বাস বা মূল্যবোধের ব্যাপারে অজ্ঞ। এটাও খুব স্বাভাবিক ছিল। কারণ রবীন্দ্রনাথ নিজেও যে শ্রেণীর প্রতিভূ, মুসলমানরা সে শ্রেণীর অংশ ছিলেন না। আসলে তখন বাঙালি মুসলমানের বড় অংশ ছিলেন কৃষক। বাংলাদেশেও রবীন্দ্রনাথের জমিদারি ছিল, আর সেখানকার কৃষকরাও তো মুসলিমই ছিলেন। এই কৃষক জনগোষ্ঠীর, অন্য কথায় বাঙ্গালি মুসলমানের জীবনযাপন পদ্ধতি তার কাছে ছিল রহস্যময়। কারণ তিনি যে পরিবেশে বড় হয়েছেন, তার সঙ্গে মুসলমানদের জীবনাচরণের পার্থক্য ছিল যোজন যোজন।

গান্ধী বনাম রবীন্দ্রনাথ

সে সময়, বাংলার মুসলমানরাও বৃহৎ মুসলমান সমাজ থেকে দুটো ভাগে বিভক্ত ছিলেন। একটা ছিল তথাকথিত 'আশরাফ' বা অভিজাত শ্রেণী। এই শ্রেণীটা ছিল পুরোপুরি বিচ্ছিন্ন। তারা দাবি করত যে তারা ইসলামের মূলভূমি থেকে উৎসারিত। তার মানে, তুর্কী খিলাফত এবং সৌদি আরবের পবিত্র মাটি থেকে তাদের পূর্বপুরুষরা এসেছেন এটাই বলা হত। মুসলমানদের বাকি বা বড় অংশটিই ছিলেন কৃষক। এই গোষ্ঠীটি খুব দরিদ্র। কৃষিকাজের মাধ্যমে কোনও রকমে টিকে থাকা ছাড়া সমাজে আর কোনও প্রভাব রাখার ক্ষমতাই এদের ছিল না।

কোলকাতা-কেন্দ্রিক বাবু বা ভদ্রলোকরা ১৯০৫ সালের প্রথম বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে এই আন্দোলনে অংশ নেয়ার মাধ্যমেই। কোলকাতার বাবুরা মূলত এই নিয়েই উদ্বিগ্ন ছিলেন যে, পূর্ববঙ্গে বিশেষ করে মুসলিমদের যে নতুন অভিজাত শ্রেণী গড়ে উঠেছে, তাদের কাছে তাদের এতদিনকার প্রাধান্য হারাতে হতে পারে। তবে বেঙ্গল প্যাক্টের উদ্যোক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মতো গুটিকয়েক রাজনীতিবিদ স্বদেশী আন্দোলনের সংকীর্ণতার বাইরে যেতে পেরেছিলেন। তাই দেশবন্ধু তার বেঙ্গল প্যাক্টের মাধ্যমে বাংলার মুসলমান ও হিন্দুদের মধ্যে সম্পদ বন্টনের কথা বলেছিলেন।

বঙ্গভঙ্গের বিরুদ্ধে অনেক লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে বঙ্গভঙ্গের পেছনের মূল শক্তিটির কাছ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছিলেন তিনি। জয়া চ্যাটার্জি তার 'বেঙ্গল ডিভাইডেড' বইতে এই শক্তিটির কথা লিখেছেন। যারা, তার মতে, হিন্দু মধ্যবিত্ত শ্রেণী ১৯৪৭' এর বঙ্গভঙ্গের জন্য প্রধানত দায়ী ছিলেন। কিন্তু তিনি যদি এটা নাও করতেন, তাহলেও এ আন্দোলনে তার মানসিক উপস্থিতিই যথেষ্ট ছিল। ততদিনে বাঙালি মুসলিম মধ্যবিত্তরাও কিন্তু রবীন্দ্রনাথের অনুসারী হিসেবে গড়ে উঠছিল। এই শ্রেণীটা আবার নিজেদের বিকাশের জন্যও উচ্চকণ্ঠ হয়ে উঠছিল। বঙ্গভঙ্গের দরকার ছিল এ জন্যই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাদের সেই তাগিদের পক্ষে কাজ করার মতো রাজনৈতিকভাবে সঠিক অবস্থানে না থাকলেও হিন্দু-মুসলমান নির্বিশেষে তখন তিনি জনপ্রিয়।

এই সময় পাটের মতো একটি উচ্চমূল্যের কৃষিপণ্যের উৎপাদনের সিংহভাগ হত পূর্ববঙ্গেই, মুসলিম কৃষকদের দ্বারা। যুক্তরাজ্যের বাজারে এই পাটের বিরাট কদর ছিল। তাই তখন থেকেই বাঙালি মুসলমানরা রাজনৈতিকভাবে দর কষাকষির জায়গায় পৌঁছে গিয়েছিলেন। ধনী কৃষকদের একটা শ্রেণীও গড়ে উঠেছিল যারা তাদের সন্তানদের শিক্ষার পেছনে টাকা খরচ করতে শুরু করলেন। আর এভাবেই মধ্যবিত্ত হয়ে ওঠার পথে পা বাড়াচ্ছিল তারা। এই শ্রেণীটা পরে খুবই প্রভাবশালী ক'জন রাজনীতিবিদের জন্ম দিয়েছে যাদের মধ্যে ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ফজলুল হক। এই শ্রেণী থেকেই জন্ম নিয়েছেন কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্ব যিনি হয়ে উঠেছিলেন এই নতুন জন্ম নেয়া বাঙালি মুসলমান মধ্যবিত্তের সাংস্কৃতিক বিকাশের প্রতিভূ। আবার এই দুজনই ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভক্ত। এটাও খুব স্বাভাবিকই ছিল।

ওদিকে সামগ্রিকভাবে ভারতের মুসলমানদের মধ্যেও চাকরির বাজারে প্রবেশের জন্য লেখাপড়া শেখার ব্যাপারে একটা আন্দোলন তৈরি হয়েছিল। এতে অবশ্য ব্রিটিশ শাসকরা সমস্যায় পড়ল। কারণ তারা সর্বভারতীয় জাতীয়তাবাদী চেতনার বিকাশ হতে দিতে চায়নি। যে চেতনার বিকাশে তখন বড় ভূমিকা রাখছিল হিন্দু রাজনীতিবিদ নিয়ন্ত্রিত কংগ্রেস নামের দলটি। বাংলার মুসলমানরাও তাদের ভাষা ও শিল্পের বিকাশের খাতিরে ধর্মীয় নীতি-নৈতিকতার দিকে কম ঝুঁকছিল। তাই ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেলে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাঙালির জন্যই তিনি বিপুল গর্বের উৎস হয়ে উঠলেন।

বাঙালি মুসলিম সমাজের বিকাশের পর, নিজেদের তারা শুধু মুসলমান হিসেবে সামনের কাতারে দেখতে চাননি, বাঙালি হিসেবেও উন্নততর জাতি হতে উম্মুখ হয়ে উঠলেন। বাঙালি মুসলমানদের রাজনীতিও তাই ক্রমে বাংলা-কেন্দ্রিক হয়ে উঠল। সঙ্গত কারণেই নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি কম্যুনিস্ট থেকে শুরু করে কট্টর ধার্মিক, সবার চোখেই আইকন হয়ে উঠলেন। প্রতিটি সম্প্রদায়ের শিক্ষিত জনগোষ্ঠীর কাছেই অভিন্নভাবে পরিচিত হয়ে উঠলেন তিনি। এখানে সবচেয়ে বড় বন্ধন ছিল ভাষা। নোবেল কমিটি একজন বাঙালি কবিকে নোবেলের জন্য মনোনীত করে বাংলা ভাষাকেই যেন স্বীকৃতি দিলেন। রবীন্দ্রনাথ তার লেখায় যে শ্রেণীটার কথা বলতেন, নিশ্চিতভাবেই সেটা আদি অকৃত্রিম মধ্যবিত্ত শ্রেণীর কথা। যারা নিজেদের এই নতুন পরিচয়ের ব্যাপারেই কেবল আগ্রহী।

ওদিকে তৎকালীন পূর্ব পাকিস্তানে, মানে বাংলাদেশে, বাঙালির জাতীয়তাবাদী চেতনার ওপর অবাঙালি শাসকরা নানাভাবে আঘাত করতে থাকেন। এই আঘাত থেকে বাঁচতে নোবেলবিজয়ী কবি সাংস্কৃতির শুদ্ধতার প্রতীক হিসেবে বিবেচিত হতে থাকেন। পাকিস্তানের অবাঙালি শাসকরাও কবিকে দেখেছেন একজন অমুসলিম, পাকিস্তান-বিরোধী, ভারতীয় জাতীয়তাবাদী চেতনার প্রতীক হিসেবে। তাছাড়া পাকিস্তানের জাতীয় প্রতীক আল্লামা ইকবালের প্রতিদ্বন্দ্বী হিসেবেও তারা দেখছিলেন রবীন্দ্রনাথকে। স্বভাবতই পূর্ব পাকিস্তানে যে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠেছিল সেখানেও রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালিয়ানার প্রতীক। করাচী, লাহোর বা ইসলামাবাদের সঙ্গে কবির দূরত্ব যত বাড়ছিল, বাঙালির কাছে তিনি ততই প্রাণের মানুষ হয়ে উঠছিলেন।

১৯৬০ সালের দিকে, পাকিস্তানের সরকার গণমাধ্যমে রবীন্দ্রসঙ্গীত বাজানো নিষিদ্ধ করে দিয়েছিলেন। রবীন্দ্রনাথের ওপর সরাসরি এভাবে সেন্সরশিপ আরোপের অনিবার্য ফল ফলল। বেশিরভাগ বাঙালি বুদ্ধিজীবী রবীন্দ্রপন্থী শক্তির পেছনে জড়ো হতে থাকলেন। শুধুমাত্র চরমপন্থী মৌলবাদী গ্রুপটি ছাড়া। তাকে ছাড়া বাঙালি মধ্যবিত্তের কোনো সংস্কৃতিই গড়ে ওঠা সম্ভব ছিল না। কারণ তিনিই তো আমাদের সাহিত্য জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। এই প্রথমবারের মতো, রবীন্দ্রনাথ সাংস্কৃতিক জাতীয়তাবাদী চেতনার প্রতীক হয়ে উঠলেন। সেখান থেকেই বাঙালির রাজনৈতিক আন্দোলনগুলোরও বিকাশ ঘটল। পূর্ব পাকিস্তানে এত বিরোধিতার মধ্যেও রবীন্দ্রসঙ্গীত গাওয়া হত বেশিরভাগ সময়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রবীন্দ্রচেতনা সবচেয়ে বেশি বিকশিত হয়। কারণ এ সময় মুক্তিসংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানসহ মুক্তিকামী জনতা ছিলেন একান্তভাবেই রবীন্দ্র-ভক্ত।

ধর্মনিরপেক্ষতার প্রতিভূ

এখনও বাংলাদেশে খুব কম লোকই রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর পড়াশুনা করেন। এই পড়াশুনার পেছনে সময় দেয়া অনেকের পক্ষেই হয়তো সম্ভব নয়। তাতে কী হবে, রবীন্দ্রনাথের প্রতি সবার গভীর শ্রদ্ধাবোধ ঠিকই আছে। সাধারণ মানুষের এই আবেগের ব্যাপারটা বোঝা খুব কঠিন কাজ নয়। তিনিই তো বাঙালি মুসলিমদের সবচেয়ে মহান কবি। কিন্তু এর সঙ্গে সঙ্গে যে অন্ধ সমর্থনের ব্যাপারটা আছে তাকে কীভাবে ব্যাখ্যা করা যায়? কেবল সন্তদের জন্যই এ ধরনের অনুভূতি সাধারণের মধ্যে থাকে।

বাঙালির মধ্যে জাত্যাভিমানের যে অভাব দেখা যায়, তা কিন্তু সেই প্রাচীনকাল থেকেই বিদ্যমান। আমাদের এই ভূখণ্ড চিরকাল অন্যদের দ্বারা শাসিত হয়েছে। তাই ঐতিহাসিকভাবে আমরা নিজেদের ইচ্ছা-অনুযায়ী চলতে পারিনি। ফলে আমাদের জাতির মনোজগতে অধিপত্যকে মেনে নেয়ার, তার সঙ্গে আপোষ করার প্রবণতা তৈরি হয়েছে। এখানেই হয়তো অনেক প্রশ্নের উত্তর মিলবে। আঠারো-উনিশ শতকের বাবুদের মধ্যে এরই প্রকৃষ্ট উদাহরণ দেখা যায়। তারা ব্রিটিশদের চাকরি-বাকরি করার মাধ্যমে একটি আপোষকামী ও সুবিধাভোগী মধ্যবিত্ত শ্রেণীর জন্ম দিয়েছিলেন, যা আসলে এদেশে ব্রিটিশদের প্রভুত্বকে স্থায়ীত্ব দিয়েছিল। তাই এ ভূখণ্ডে চিন্তাশীলতার বিস্তার কমই দেখা যায়। এজন্যই সম্ভবত এখানে এত এত উপাসনালয়, সাধু, গুরু, সন্ত আর দেবদেবীদের দেখা মেলে। বিশ্বের আর কোথাও এমনটি নেই। ফলে বাঙালিরা প্রভাবশালীদের শ্রদ্ধা করতে এবং একে অন্যকে অবিশ্বাস করতেই অভ্যস্ত। এটাই তাদের টিকে থাকার কৌশল।

এই সব উপাদানই বাংলার শিক্ষিত সংস্কৃতিবান শ্রেণীটির চোখে নোবেলজয়ী কবিকে ধর্মনিরপেক্ষতার প্রতিভূ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যদিও তিনি নিজে কখনও পূর্ব পাকিস্তানিদের নিয়ে কিছু লিখেন নি। বরং এখানকার কৃষকদের কাছ থেকে জমিদার হিসেবে ট্যাক্স আদায় করেছেন। মুসলিম কৃষক নয, হিন্দু-ব্রাহ্মদের সংস্কৃতিই ছিল তার আপন। বাংলার গ্রামীণ জনপদের চেয়ে অনেক দূরে কোলকাতার বিলাসী বাসভবনে বসবাস করেছেন তিনি। আবার একথাও ঠিক তিনি কুষ্টিয়ায় পৈতৃক জমিদারিতে থাকার সময় গ্রামীণ জনপদের চিত্র তার লেখায় তুলে ধরেছেন। তিনি ভালোবাসতেন এ দেশের নদী ও প্রকৃতিকে। নোবেল পুরস্কার পেয়েছেন বাংলা ভাষায় লিখেই। বাঙালির চিরকালীন অন্তর্মুখীন চরিত্র যে কিনা সবসময় সবকিছুর পেছনে ঐশ্বরিক ক্ষমতার অনুসন্ধান করেছে, তার কাছে রবীন্দ্রনাথই সবকিছু মিলিয়ে প্রায় সাধু বা পীরের মর্যাদা পাবেন– এটাই তো স্বাভাবিক।

রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুদেব হয়ে ওঠার পেছনে এমনই নানা কারণ রয়েছে। ভারতীয় বাঙ্গালি থেকে তিনি এখন বাংলাদেশিই হয়ে উঠেছেন। আমাদের সংস্কৃতিতে সবসময়ই চরমপন্থার রাজত্ব। হয় আমরা ঘৃণা করব, নয় পূজা। আমাদের রাজনীতিতে দেখুন, রাজনীতিবিদরা হয় সাধু নয়তো রাক্ষস। সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কোনো প্রশ্ন ছাড়াই গ্রহণ করেছি। আমাদের মুক্তিসংগ্রামের ইতিহাস ঘাঁটলেও দেখা যায়, বীরেরা এমনভাবে চিত্রিত হচ্ছেন যে তারা কোনো অন্যায় করতে পারেন না। দেখা যায়, জীবনের সব ক্ষেত্রেই আমরা কোনও রকম যৌক্তিক চিন্তা করার ক্ষমতা রাখি না। যুক্তি বা প্রশ্নের মধ্যে গেলে আমাদের সংস্কৃতির জাদুটাই যেন হারিয়ে যাবে এই ভয় থেকে।

বাঙালির মনের জমিনের এই বুননই ব্যাখ্যা করে কেন এখানে নোবেলজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় একজন পৌরাণিক চরিত্রে পরিণত হয়েছেন। তিনি যেন হিমালয় থেকে নেমে আসা কোনো দেবতা। বাঙালির জগত তো কখনও বাঙালির নিয়ন্ত্রণে ছিল না। বাঙালি তার শাসককেও কখনও নিজে বেছে নিতে পারেনি, যেভাবে পারেনি তার ফসলের সম্ভাবনার ব্যাপারেও নিশ্চিত হতে। আর এ কারণেই আমাদের মনোজমিনে কল্পনার রঙগুলো বড় বেশি উজ্বল। এ জগতে সবকিছুই সত্য, কারণ সত্য তো এ জমিনে কখনও ঠাঁই করে নিতে পারেনি। আমাদের ইতিহাস, রাজনীতি এবং শিল্পে ফ্যান্টাসির ছাপ তাই বেশি। এমন একটা ভূখন্ডে কোনো কিছুকে তার আসল রূপে মেনে নিতে চাই না আমরা, বরং যেমন হওয়া উচিত বলে আমরা ভাবি সেটাকেই প্রাধান্য দেই। আর এজন্যই রবীন্দ্রনাথ ঠাকুর তার অসম্ভব মাহাত্ম্য নিয়ে আমাদের সামনে হাজির হন। তার সর্বজ্ঞান, বহির্বিশ্বের কাছে তার বিপুল গ্রহণযোগ্যতা বাঙালির এই কাল্পনিক জগতেরই বিজয় মাত্র।

তাই রবীন্দ্রবন্দনার মাধ্যমে রবীন্দ্রনাথ নিজে জয়ী হন তা নয়, জয়ী হই আমরা, আমাদের মনের বিরাট ফ্যান্টাসির জগতটাই।

Image
free counters