আমার প্রথম বই এবং রয়্যালটি বিষয়ক কিছু স্মৃতি, কিছু কথা
ইদানিং ফেসবুকে বা বাংলাদেশে একেবারে বাংলা একাডেমীর মধ্যিখানে লেখকদের রয়্যালটি বিষয়ক আলোচনা চলছে। এটা খুবই ভালো লক্ষণ। এই বিষয়ে আমার অবস্থান খুব পাক্কা; প্রকাশকেরা ছবি আঁকার টাকা দেবে, কম্পোজ, প্রিন্ট, বাঁধাই, কাটাই সব কিছুর জন্য টাকা দেবে কিন্তু লেখকদের দিতে চাইবে না। এটা মানা যায় না। অন্যদিকে পুস্তক প্রকাশনার যে বাস্তবতা তাও অস্বীকার করার উপায় নেই। আমি অনেক আগে একটি ভিন্ন কলামে আমার প্রথম বই ছাপা নিয়ে একটা লেখা লিখেছিলাম এখানে অংশবিশেষ দিয়ে শুরু করছি:
সেজান মাহমুদ
'…ঢাকায় এলাম ইন্টারমিডিয়েট পড়ার জন্য। অনেকটা জীবিকার জন্যই গান লিখি, বেনামে পত্রিকায় ফিচার আর জিঙ্গল লিখি। জিঙ্গল হলো বিজ্ঞাপনের গান। নগদ টাকা, তাছাড়া পরিশ্রমও কম। পাশাপাশি উন্মাদ পত্রিকায় মাঝে মাঝে খবর থেকে ছড়া লিখি। এই বিভাগে প্রকাশিত খবর নিয়ে আমার ব্যঙ্গাত্মক ছড়ার সঙ্গে কার্টুন আঁকেন কার্টুনিস্ট আহসান হাবীব। আহসান হাবীব বন্ধুত্ব্বের সূত্র ধরে একদিন বললেন যে, প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান তিনি। আমাকে পাণ্ডুলিপি দিতে বললেন। তারপর নিজেই তার স্বভাবসুলভ রসিকতায় বললেন,
'আপনার বই ছাপলে তো দেউলিয়া হতে হবে, তার চেয়ে এক কাজ করুন কয়েকজন বিখ্যাত লোকের গল্প নিয়ে একটা সংকলন বের করুন। সেটা দিয়ে ব্যবসা হবে। সেই সঙ্গে আপনার একটা মৌলিক বইও ছাপবো। এই বইয়ের লোকসান পুষিয়ে নেয়া যাবে অন্য বইটি দিয়ে।'
ঠাট্টা করে বললেও কথাটা তো সেই সময়ে সত্যি ছিল, আমার লেখক পরিচিতি তখন একেবারেই শূন্যে। আমি ঝাঁপিয়ে পড়লাম কিশোর রহস্য গল্প সংকলনের কাজে। আমার উৎসাহ আরো বেশী, কারণ আমার মৌলিক ছড়াগ্রন্থ হাবিজাবি বের হবে একই সঙ্গে। তাছাড়া সেই প্রথম জানলাম লেখক হুমায়ুন আহমেদ এবং মুহম্মদ জাফর ইকবাল তার সহোদর। যাকে সেই ছোটবেলায় খুঁজে বের করার পণ করেছিলাম তিনি হাতের নাগালে, এতো সহজে। আহসান হাবীব সাবধান করে দিয়ে বললেন,
'আপনি সম্পাদক, আপনার দায়িত্ব আমার ভাইয়ের কাছে থেকে গল্প আদায় করা। এই কাজে সফল হওয়া অনেকটা পুলসেরাত পার হওয়ার সমান।'
পুলসেরাত পার হলাম। উননব্বই এর বইমেলায় শওকত ওসমান, শওকত আলী, রাহাত খান, হুমায়ুন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন এবং সেজান মাহমুদ সহ দশজন গল্পকারের দশটি আনকোরা গল্প নিয়ে বের হলো কিশোর রহস্য গল্প। সেই সঙ্গে অনেক চড়াই উৎড়াই পেরিয়ে আমার ছড়াগ্রন্থ হাবিজাবি। রহস্য গল্প সংকলনটি একেবারে ব্যবসা-সফল প্রকাশনা হিসেবে বাজারে স্থান করে নিলো। জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত সারা বাংলাদেশ জুড়ে যে বই পড়া যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো সেখানেও নির্বাচিত হলো বইটি। সেই সঙ্গে আমার প্রথম বই হাবিজাবি পেলো শিশু একাডেমী থেকে পুরস্কার (১৯৮৯) জন্ম হলো আজকের একটি সফল প্রকাশনী সংস্থা দিনরাত্রি প্রকাশনী।
আমি কিন্তু সেই ১৯৮৯ সালেও আমার বইয়ের রয়্যালটির টাকা বন্ধুবর আহসান হাবীবের কাছে থেকে পর্যায়ক্রমে আদায় করে নিয়েছিলাম। আদায় বলবো একারণে যে, আমাকে বার বার চেয়ে নিতে হয়েছিল রয়্যালটির টাকা।
সেই তখনই কেউ রয়্যালটি দিতে না চাইলে বলতাম,
'যান দশ টাকার একটা প্রাইজবন্ড কিনে আনেন, টাকা না দিতে পারেন অন্তত পঞ্চাশ হাজার টাকা পাওয়ার সম্ভাবনাটা দেন।'
এমনও ঘটনা আছে যে আমার প্রকাশক একেবারেই রয়্যালটি দেন নি, কিন্তু আমি জানি আমার বই বিক্রি হয়েছে। আমি প্রকাশকের নাম উল্লেখ না করে বলি (বেশি চাপাচাপি করলে বলে দিবো) কীভাবে রয়্যালটি আদায় করেছিলামঃ
বাংলা একাডেমি মেলায় কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে গেলাম। ওদের একটু দূরে দাঁড় করিয়ে বললাম, এখানে থাক আমি একটু বইয়ের খবর নিয়ে আসি। বইয়ের স্টলে গিয়ে প্রকাশকের কাছে টাকা চাইলাম। উত্তরে বললো, 'কিসের টাকা, বই তো বিক্রি হইছে মাত্র কয়টা।' আমি কণ্ঠ শান্ত রেখে বললাম, 'আমি জানি কয়টা বই বিক্রি হইছে, ওই যে পোলাপানগুলা দাঁড়ায়া আছে, ওরা যদি আইসা আপনার স্টল ভাঙ্গে, আমারে কিন্তু দোষ দিতে পারবেন না।'
মহামন্ত্রের মতো কাজ হলো। সঙ্গে সঙ্গে পাঁচ হাজার টাকা বের করে দিলেন। আমি ফেরত গেলে বন্ধুরা জিগ্যেস করলো, কিরে আমাদের দেখায়া কী বললি? বললাম,
'ওহ, বললাম যে তোরাও নতুন লেখক, সামনে পাণ্ডুলিপি দিতে চাস।'
ওদের জীবনেও বলি নি আসল ঘটনাটা। এভাবে মাস্তানি করেও টাকা আদায় করেছি। কিন্তু এই বই টি সঙ্গে সঙ্গে তুলে এনে অন্য প্রকাশনীতে দিয়েছি।
রয়্যালটির সঙ্গে জড়িত একটা দুঃখজনক ঘটনা বলি। সেবার আমার ছয়টা বই এক সঙ্গে বের হলো (১৯৯২), এই বইগুলোর প্রকাশকের কাছে অনেকটা চাঁদা তোলার মতো অগ্রিম টাকা নিয়েছি। তারপর আমার বড় বোন (সদ্য প্র্যয়াত, ২০১০) এর কাছে ভর্তুকি (ধার না, কারণ কোন দিন তা ফেরত দিতে হতো না) নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড হোন্ডা কিনলাম। মেডিক্যাল কলেজের সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছি বলে বিজ্ঞাপনের জন্য দৌড়াতে হবে সাহিত্য বার্ষিকীর জন্য। একদিন রাতের আধাঁরে ছাত্রলীগ-ছাত্রদল মারামারি করলো। ক্যান্টিনের মধ্যে রাখা একে অপরের ছয় সাত টা মোটর সাইকেল একেবারে ভেঙ্গে মাটিতে মিশিয়ে দিয়েছিল। আমি ছাত্রদল-ছাত্রলীগ না হলেও এই ঘটনার মধ্যে একজন ভিক্টিম, মাঝখান থেকে আমার মোটরসাইকেলটাও গুড়ো করে দিয়েছিল কেউ। সেদিন আমি হাউমাউ করে কেঁদেছিলাম, আমার বইয়ের রয়্যালটির টাকায় কেনা বলেই বোধহয় এতো দুঃখ পেয়েছিলাম, আর এই ঘটনার পেছনের হারামজাদাদের কোনদিন ক্ষমা করতে পারি নি।
এখানে বলা বাহুল্য যে আমার প্রথম বইয়ের পর থেকেই আমার প্রকাশনার জগৎ বেশ বিস্তৃত হতে থাকে, এবং তা কয়েকজন অত্যন্ত উদার, উন্নত মনের প্রকাশকের কল্যাণে আমার জন্য সুখকর অভিজ্ঞতায় পরিণত হয়। যেমন, একদিন ডাকযোগে চিঠি পেলাম যে জাতীয় সাহিত্য প্রকাশনী 'মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাসমালা' ও 'বিশ্বের শ্রেষ্ঠ দশ' নামের দুটো সিরিজ করছে এবং বাংলাদেশের খ্যাতিমান লেখকদের আমন্ত্রণ জানিয়েছে এই সিরিজে লেখার জন্য। এঁদের মধ্য শওকত আলী, সেলিনা হোসেন, আনোয়ারা সৈয়দ হক, হুমায়ূন আহমেদসহ আরো অনেক লেখক। পাঠক নিশ্চয়ই অনুমান করবেন, আমার কী ধরনের আনন্দ হতে পারে! এই বইয়ের কাজে অগ্রিম টাকা নিয়ে (না চাইতেই পাওয়া) আমি বিস্তারিত লিখেছি আমার 'পথ হারানোর পথ' কলামে। সে যাই হোক, এভাবে বেশ কয়েকটি বড়, উদার প্রকাশকের জন্য বেশিরভাগ বই নিয়েই অভিজ্ঞতাগুলো আমার মতো একজন নবীন লেখকের জন্য খুবই আরামদায়ক ছিল।
রয়্যালটি নিয়ে আমার অপরাধমুলক একটি কাজ হলো ১৯৯৪ সালে বাংলাদেশ যখন প্রথম ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা'য় অংশগ্রহণ করেছিল সেবার আমি জার্মানিতে যাওয়ার সুযোগ পাই। আমি তখন ডাক্তারি পাশ করে, ইন্টার্নী শেষ করে একেবারে বেকার, বিনা বেতনে বারডেম -এ কাজ করি। এই বাবদ টাকা জোগার করতে এক প্রকাশক সেই সময়ে পচিশ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন (সেই সময়ে এটা বিরাট অংকের টাকা একজন লেখক হিসেবে আগ্রিম পাওয়া)। ফিরে এসে আমার একটা পাণ্ডুলিপি দেয়ার কথা ছিল। আর এই অগ্রিম টাকার জন্য আমার হয়ে গ্যারান্টি/মুচলেকা দিয়েছিলেন ড. হায়াৎ মামুদ। আমি ফিরে এসেই আমেরিকায় চলে আসি একটা ট্রেইনিং এ, তারপরের বছর একেবারে পড়ালেখা করতে আবার চলে আসি। সেই পাণ্ডুলিপি আর কখনও দেয়া হয় নি। চলে আসার সময় টাকাটা ফেরত দিতে গিয়েও প্রকাশক কে না পেয়ে চলে আসি। প্রায় সাত-আট বছর পরে টাকাটা ফেরত দিয়েছিলাম। কিন্তু সময় মতো পাণ্ডুলিপি না দেয়ার এই অপরাধবোধ এখনও পীড়া দেয়।
এর পর উচ্চ শিক্ষার জন্য আমেরিকার ব্যস্ততম জীবনে লেখার একটা ছেদ পড়লেও, বিচ্ছিন্নভাবে কলাম বা পত্র পত্রিকায় লেখা লিখেছি। মজার ব্যাপার হলো তখনকার বড় পত্রিকা–যেমন যায় যায় দিন কিন্তু আমি ঢাকায় যাওয়ার পরে অফিসে নিমন্ত্রণ করে আসার সময় হাতে টাকার চেক তুলে দিয়েছিল কলাম লেখার জন্য। অন্যদিকে আরেকটি বড় প্রকাশনা সংস্থা প্রায় আট বছর পরে আমার একটি রচনা সমগ্র বের করলেন। এই সময়ে আমি দেশের বাইরে থাকায় কোন চুক্তিপত্র বা এরকম কিছু না করলেও এবছর আরেকটি নতুন বইয়ের প্রকাশনার আগেই বললেন, যে এটা চুক্তিপত্র করার আগে আপনাকে আগের বইটির এক হাজার কপির হিসাব বুঝিয়ে দিতে হবে। এটা শেষ না করে নতুনটা করতে অসুবিধা। তখন সত্যিই পুলকিতবোধ করি যে এখনও অনেক প্রকাশক আছেন যারা লেখকের এই মর্যাদা এবং প্রাপ্যটুকু দিতে জানেন। এখানে সম্মানের সঙ্গে তাদের নামটি বলে দিই, আমার গল্পগ্রন্থ 'হারাম ও অন্যান্য গল্প' (২০১১)-এর প্রকাশক মাওলা ব্রাদার্স।
অন্যদিকে কিন্তু যখন এই ছয় সাত বছরের ব্যবধানে বই বের করতে ইচ্ছা প্রকাশ করলাম আর তা ফেসবুকের কল্যাণে পরিচিত নতুন, ঝকঝকে প্রকাশকের কাছে, তখন কিন্তু তারা ইনিয়ে বিনিয়ে এটাই জানালেন যে বইয়ের বাজার ভালো না, টাকা দিতে হবে। আমি এরকম দুইজনের সঙ্গে কথা বলেই এখনকার অবস্থা বুঝতে পেরে ফোন করলাম আমার পুরনো প্রকাশকদের যে পাণ্ডুলিপি হাতে আছে। তাদের একজন এক কথায় রাজি হলেন এবং 'টাকা দিতে হবে' এমন টি বললেন না। কিন্তু আমি এবার রয়্যালটি নিয়ে কোন কথাই বললাম না, আরে নতুন প্রকাশকদের উলটা টাকার দাবির কাছে এতো জামাই আদর! এটি ছিল আমার প্রথম উপন্যাস (শিশু-কিশোর সাহিত্য বাদ দিলে) 'অগ্নিবালক'(২০০৯)। এদিকে প্রথম উপন্যাসের সংশয় কাটাতে পাণ্ডুলিপি পড়তে দিয়েছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজনের কাছে, যিনি নিজেই লেখক, সমালোচক, প্রকাশক। উপন্যাসটি পড়ে গঠনমূলক সমালোচনা করে বললেন, এটা অন্যরকম লেগেছে, আমরাই ছাপি এটা। দুজনেই বড় প্রকাশক, তাই যখন এই ঘটনা সংশয় নিয়ে জানালাম, প্রথম প্রকাশক মহোদয় এককথায় বললেন, উনি করতে চাইলে তার প্রতি সম্মান রাখতেই আপনাকে ওখান থেকে ছাপতে বলবো। আমার সংশয় চলে গেল। আর আগেই বলেছি, এই প্রকাশকের কাছে থেকে জীবনে এতো পেয়েছি তা অর্থের মাপেও অনেক, তাই এটা রয়্যালটির চেয়েও বেশি রয়্যালটি পাওয়া।
এই সময়ে দ্বিতীয় বইটি নিয়ে একটা সমস্যা হলো। এটা আমার বহুল প্রচারিত মুক্তিযুদ্ধের বই 'অপারেশন জ্যাকপট' এর ইংরেজি অনুবাদ। যেহেতু ইংরেজি বই, কথা হলো বাংলাদেশের অন্যতম রেফারেন্স বইয়ের প্রকাশকের সঙ্গে। তিনিও এক কথায় রাজি। সব যখন ঠিকঠাক, ঠিক মেলার আগে দিয়ে বললেন, আমরা এই বইটা আগামি মেলায় ছাপতে চাই, কারণ আপনি এই বছরে আমাদের আরেকটা মুক্তিযুদ্ধের সিরিজের কিছু বই লিখে দেবেন। দুটো বই এক সাথে ছাপবো। আমি জানি এই কথার মানে। একটা চালু বই ছাপবো সঙ্গে একটা নতুন আদায় করে নেয়া। তাছাড়া আমারও তো পরিকল্পনা থাকে একটা নতুন বছরে। আমি নারাজ হয়ে পাণ্ডুলিপি তুলে নিয়ে এলাম। এবার একজন নতুন প্রকাশক, তার সঙ্গেও ফেসবুকে পরিচয় হলেও অনেক আগে থেকে চেনা-জানা ছিল, লেখার মাধ্যমে। তিনি বললেন, 'আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে চাই। আপনার এই বই দিয়ে শুরু হোক। আমরা ভালো প্রডাকশন দেবো।' আমিও গ্যারান্টি দিলাম যে, আপনার বইয়ের দু'শ কপি এককথায় চলে যাবে কারণ এটা ইন্টারন্যাশনাল মার্কেটে দেয়া হবে। আমি মধ্যস্থতা করে ২০০ কপি, ৩৫% কমিশন প্লাস, ১৫% রয়্যালটির টাকা বাদ দিতে কেনার ব্যবস্থা করলাম। শিপিংয়ের খরচ ধরলেও বই প্রতি ৭ ডলার পাওয়া গেল। সে হিসেবে লাভটা একটু বেশিই হলো। বলা যায় পুরো বইয়ের রয়্যালটি একসঙ্গে হলেও এতো পাওয়া যেতো না।
আরেকটি কথা না বললেই নয়- লেখকের কাছে রয়্যালটি তো শুধু টাকা নয়, আরো অনেক কিছু। এক সময় এই লেখার টাকাতেই সংসার চালিয়েছি। এখন লক্ষ টাকা আয় করে ব্যয়ও করি। কিন্তু এই রয়্যালটির টাকা (তা যতো সামান্যই হোক) হাতে এলে যে তুরিয়ানন্দ অনুভব করি তা মূল্যহীন। এ তো লেখকের সৃষ্টির অহংকারের স্বীকৃতিও। অন্যদিকে জীবনের স্তরে স্তরে এর প্রায়োগিক দিকও পালটে যায়। ।জীবনের প্রথম বইয়ের রয়্যালটির টাকা দিয়ে তখনকার প্রেমিকা এখন স্ত্রী (উন্নতি না অবনতি জানি না!) তৃষ্ণাকে যে সামান্য উপহার কিনে দিয়েছিলাম আজকেও তা দু'জনের কাছে শ্রেষ্ঠ উপহার; এখন হীরকখন্ড কিনেও তার সমতূল্য হয় না।
এই গল্পগুলো থেকে একটা সত্যি বের হয়ে আসে। বাংলাদেশে লেখক-প্রকাশকদের মধ্যে প্রফেশনালিজম গড়ে ওঠে নি। আর সেজন্যেই নানান পন্থায় ক্রিয়েটিভ, ম্যানিপুলেটিভ ইত্যাদি হওয়ার মাধ্যমে ম্যানেজ করতে হয়। এতে পাওয়ার রিলেশনশিপ টা জরুরী হয় কারণ, লেখক না প্রকাশক 'বল' কার হাতে আছে তা দিয়েই এই সম্পর্ক ও রয়্যালটির প্রবাহের দিক নিয়ন্ত্রিত। আমারা প্রকাশনার বাস্তবতা জানি। লেখকদেরও সেটা বুঝতে হবে, তার কোন বই চলে আর কোন টা চলে না বা ধীরে চলে এগুলো সামনে রেখেও একটা সম্মানজনক প্রফেশনাল চুক্তি করে বই ছাপলে সকলেরই মঙ্গল। আমি আমার একটি অতি সাম্প্রতিক আন্তর্জাতিক চুক্তির উদাহরণ দিই। কয়েক বছর আগে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম টেক্সট প্রকাশক স্প্রিংগার এর সঙ্গে আমার একটি রেফেরেন্স বই লেখার চুক্তি হয়েছে (বই টি আমি সময়ের অভাবে লিখে শেষ করতে পারছি না, পারবো কি না তাও জানি না)। তবে চুক্তির সময় আমি রয়্যালটি বিষয়ে কোন রকমের ছাড় দিই নি। এমন কি বলেছিলাম ১০০ ডলার হলেও অগ্রিম দিতে হবে। এরা এতো বড় প্রকাশক এবং সারা পৃথিবীর একাডমিক লেখকেরা এদের কাছে ধর্ণা দিয়ে থাকে বই ছাপতে। সেখানে আমার সিনোপসিস দেখেই যখন ডিভিশন ডিরেক্টর নিজে মধ্যাহ্নভোজে ডাকলেন তখন আমিও দরাদরির সুযোগটা পেয়ে গিয়েছিলাম। এরা টোকেন অব এপ্রিশিয়েশান হিসেবে আমার কথা রেখে ৪০০ ডলার অগ্রিম দিয়েছে। রয়্যালটির হিসাবটা হয়েছে এভাবেঃ প্রথম এক হাজার কপি (১০%), দ্বিতীয় এক হাজার কপি (১২%), পরবর্তি কপিসমুহ(১৫%)।
আমাদের দেশের প্রকাশকেরা লেখকের অবস্থান, যে বইয়ের চাহিদা কম বা বেশি ইত্যাদি বিবেচনা করে এধরনের ইনক্রিমেন্টাল হারে রয়্যালটি দেয়ার কথা ভাবতে পারেন। এরকমের আরও অনেক ক্রিয়েটিভ উপায়ে লেখকের প্রাপ্যটুকু দেয়া যায়। প্রকাশক টাকা খাটান, তার সে টাকা ও লাভ উঠে আসা জরুরী, কিন্তু একজন লেখককে অনেক বৈষয়িক বিষয়ে আত্নত্যাগ করে, পরিশ্রম করে সৃষ্টি করতে হয় উল্লেখযোগ্য একটি গ্রন্থ। এর প্রতি সেই সম্মান (অর্থ ও শ্রদ্ধা) দেখানো প্রকাশক, পাঠক, অন্য লেখক সকলেরই নৈতিক দায়িত্ব। আসুন আমরা সবাই এই দায়িত্ব পালন করি, তা না হলে সেই পুরনো কবির মতোই বলতে হবে:
'হায় মা ভারতি চিরদিন তোর একি কুখ্যাতি ভবে?
যে জন সেবিবে ও পদচরণ সেই সে দরিদ্র রবে।'
ইমেইল: sezanmahmud@yahoo.com
লেখকের আর্টস প্রোফাইল: সেজান মাহমুদ
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts
