কিথ হারিং: মৃত্যুর চোখে চোখ রেখে জীবনের প্রতি ভালবাসা
"জীবনের প্রেমে পড়াটা খুব জরুরী… জীবন খুব নাজুক এবং বরাবরই আকস্মিক। যখনই আমাদের মনে হয় আমরা "বুঝে ফেলেছি" ঠিক তখনই দেখা মেলে আরেকটি রহস্যের। আমি কিছুই বুঝি না। এটি, আমার মনে হয়, তাবত কিছু বুঝতে শেখার আসল চাবিকাঠি।"
"জীবন তার কলিজাকে ভালবাসে ।" মায়া অ্যাঞ্জেলো ১৯৭৭ সালে জীবনের মাজেজা খুঁজতে গিয়ে পর্যবেক্ষণ করেছিলেন, তাঁর পরামর্শ ছিল, "আপনাকে অবশ্যই বাঁচতে হবে এবং তবেই জীবন আপনার সাথে ভাল আচরণ করবে।"
সেই বসন্তে, কিশোর কিথ হারিং – যে কিনা একটু বড় হয়েই তাঁর কর্মকাণ্ডে ও তেজে শুধু শিল্পে নয় বরং একটা প্রজন্ম এবং একটা শহরের আত্মায় বিপ্লব ঘটিয়ে ফেলবেন – সেই কিথ তাঁর জার্নালে লিখছিলেন নিজের জীবনের অর্থ খুঁজতে খুঁজতে। মৃত্যুর পরে তাঁর শান্ত, ঐকতানিক অথচ আশ্চর্যজনক লেখাগুলো নিয়ে প্রকাশিত হয় "কিথ হারিং জর্নাল"। নিজের শহর পিটসবার্গ ছেড়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে অনিশ্চিত যাত্রার আগে এবং নিজের উনিশতম জন্মদিনের ঠিক পাঁচ দিন আগে তিনি আসলে কি চাইছেন জীবনের কাছ থেকে এমন প্রশ্নের মুখোমুখি দাঁড়ান এবং এই বিটকেল প্রশ্নে তাড়িত হয়ে লেখেন,
"এটি একটি নীল মুহূর্ত… নীল কারণ আমি দ্বিধা বিভক্ত, আবারো, নাকি বলবো 'এখনো'? আমি জানিনা কি চাই কিংবা কীভাবে তা হাসিল করবো। আমি এমন একটা ভাব করি যেন আমি ঠিক ঠিক জানি যে আমি আসলে কি চাই এবং আমাকে দেখলে মনে হবে যেন আমি তার পিছু নিয়েছি – দ্রুত ধাওয়া করছি, কিন্তু না, এই ব্যাপারে বলতে গেলে, আমি ঠিক কিছুই জানিই না।"
আবার আরেকটি অংশে, বয়েসের তুলনায় অসাধারণ পরিপক্বতার পরিচয় দিয়ে লিখছেন ভয়, ঝুঁকি, এবং ভুল কি করে জীবনকে এগিয়ে নিয়ে যায় সেসব প্রসঙ্গে। পাশাপাশি লিখছেন, ক্রমাগত আত্ম-তুলনা কীভাবে নিজের শৈল্পিক এবং মানবিক বিকাশের পথে বাঁধা হয়ে দাঁড়ায়।
"হয়তো আমি ভয় পেয়ে আছি বলেই এমনটা হচ্ছে। আমার ভয় – আমি ভুল। এবং আমার ধারণা আমি ভুল, কারণ প্রতিনিয়ত আমি অন্যের সাথে তুলনা করছি নিজেকে, অন্য অভিজ্ঞতাকে, অন্য চিন্তাকে। আমার আসলে যেকন কিছু সব দিক থেকে দেখা উচিত, তুলনা করা নয়। আমি আমার জীবনকে একটা ধারণা বা একটা উদাহরণের সাথে তুলনা করি যা হয়তো পুরোপুরি ভিন্ন একটা জীবন। আমার উচিত একে সেই অর্থে কেবল আমার জীবনের সাথে সম্পর্কিত করা যে প্রত্যেকের জীবনে ভাল এবং খারাপ দিক রয়েছে। প্রত্যেকেই আলাদা। অন্য কেউ যে কিনা সদ্গুন হাসিল করেছেন, যে আমার প্রশংসার দাবিদার হয়েছেন বা যাকে অনুসরণ করার সুযোগ আমি খুঁজে ফিরি তার একমাত্র কারণ তিনি ঝুঁকি নিয়েছিলেন, নিজের পথ খুঁজে নিয়েছিলেন। তা বেড়ে ওঠে বিভিন্ন পরিস্থিতে এবং আবিষ্কার করে বিচিত্র সুখ এবং সমপরিমাণ দুঃখের শিখর। আমি যদি সব সময় অন্যের জীবনের নকশার ছাঁচে নিজের জীবনকে ফেলতে চাই, তবে আমার নিজের জীবনটাই নষ্ট হয়ে যাবে পুনরাবৃত্তিতে, নিজের কাছে নিজের ফাঁকা-অন্তঃসারশূন্য গ্রহণযোগ্যতার খোঁজে। তবে, যদি আমি আমার জীবনকে যাপন করি এবং কেবলমাত্র অন্যদের(শিল্পীদের) একটি সূত্র হিসেবে, পথ চলা শুরু করবার প্রথম ধাপ হিসেবে আলোড়িত করতে দেই তবে নিজেকে সুপ্ত না রেখে বরং গভীরতর উপলব্ধিতে পৌঁছাতে পারি… আমি কেবলই চাই যাতে আমি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি এবং আমার তাবত বোকা বোকা পূর্বানুমান, ভুল ধারণাকে এড়িয়ে যেতে পারি এবং কেবল বেঁচে থাকার চেষ্টা করতে পারি। বেঁচে থাকা। বেঁচে থাকা। মরে যাওয়ার আগ পর্যন্ত কেবল বেঁচে থাকা।"
আবার তারপরই- সকল অনুভূতিপ্রবণ মানুষের মতই, যারা প্রকৃতির মধ্যেই নিজেকে খুঁজে পান এবং প্রকৃতিকেই নিজের ভেতর ধারণ করেন, সে পথ ধরেই যোগ করছেন,
"আমি এই পার্কে একটা গাছ খুঁজে পেয়েছি যার কাছে আমি আবার ফিরে আসব, কোন একদিন। গাছটি সেন্ট ক্রোয় নদীর পাড়ে বিছিয়ে আছে আর আমি তার গায়ে বসতে পারি এমনকি সুন্দরমত গা এলিয়ে শুয়ে পড়তে পারি।"
পরের এক দশকের মধ্যেই হারিং 'কেবল বেঁচে থাকার' ব্যাপারটা সমাধা করে ফেলেন যতক্ষণ না পর্যন্ত হঠাৎ করেই মৃত্যুর মুখোমুখি হতে হয়। তখন এমন একটা সময় যখন মার্কিন মুল্লুকসহ বিশ্বজুড়ে এইডস মহামারীটি একটি প্রজন্মকেই ধুয়ে মুছে সাফ করা শুরু করে দিয়েছে। ডায়েরি লেখা থেকে দীর্ঘ এক বিরতির পর, হারিং আবার ফিরে আসেন, ফিরে আসেন সাদা কাগজের আয়নার সামনে আর মুখোমুখি হন মৃত্যুর কূটাভাসিক আচরণের সাথে, যেভাবে মৃত্যুর সান্নিধ্য সব সময়েই সঙ্গী হয়ে থাকে প্রতিটি জীবিত সত্তার সাথে,
"আমি কেবল ভাবতে থাকি যে আমার লেখার আসল কারণটি হল মৃত্যু ভয়। আমার মনে হয় শেষমেশ আমি বেঁচে থাকার গুরুত্বটা উপলব্ধি করতে পারছি। চৌঠা জুলাইয়ের রাতে যখন আতশবাজি দেখছিলাম এবং আমার বন্ধু মার্টিনকে (বুরগোয়েন) দেখলাম, আমি যেন মৃত্যুকে দেখলাম। সে বলল যে তার এইডসের পরীক্ষা করা হয়েছে এবং রোগটি যে তার আছে সে বিষয়ে নিশ্চিত করা হয়েছে, কিন্তু আমি যখন ওর মুখের দিখে তাকালাম তখন আমি মৃত্যুকে দেখতে পেলাম। জীবন কতো নাজুক।"
স্নায়ুবিজ্ঞানী অলিভার স্যাক্সের মৃত্যু এবং প্রস্থান সম্পর্কিত পর্যবেক্ষণগুলো আমরা স্মরণ করতে পারি। যেখানে স্যাক্স তার সাহসী অথচ কাব্যিক সুরে বলছেন, " মানুষ যখন মারা যায়, তারা এমন এক গর্ত খুরে যায় যা কখনোই বুজে দেয়া যায় না, কারণ এটিই প্রতিটি মানুষের ভবিতব্য – জিনেটিক এবং নিউরাল ভাগ্য – প্রতিটি ব্যক্তি মানুষের অনন্যতায়, নিজের পথ খুঁজে পাওয়ায়, নিজের জীবন বাঁচায়, নিজের মৃত্যুকে খুঁজে পাওয়ায়।" হারিং লিখছেন,
"জীবন এবং মৃত্যুর মাঝখানে একটা সূক্ষ্ম রেখা আছে। আমি বুঝতে পারছি যে আমি সেই রেখা ধরে হেঁটে চলেছি। নিউ ইয়র্কে থেকে এবং বিমানে বার বার উড়ে উড়ে আমি প্রতিদিন মৃত্যুর সম্ভাবনার সামনে মুখোমুখি হচ্ছি। যখন আমি মারা যাব তখন আমার জায়গাটা নেয়ার জন্য কেউ থাকবে না… যা কিনা আরও অনেকের জন্যও সত্যি(বা সকলের জন্য) কারণ প্রতিটি মানুষই একেক জন অনন্য সত্তা এবং প্রত্যেকেই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেখানে সকলের শূন্যস্থানই অপূরণীয়।"
এমনকি জীবনের নাজুকতা-ভঙ্গুরতা নিয়ে যখন তিনি জুঝছেন তখনও হারিং জীবনের প্রতি গভীর এক ভালবাসায় ঝলমল করছেন যা কিনা তার শিল্পকে শেষ পর্যন্ত এক কালজয়ী প্রাচুর্যে ভরিয়ে তোলেঃ
"মানুষের জীবনকে ইতিবাচক উপায়ে ছুঁয়ে যাওয়াকে আমার কাছে মনে হয় ধর্মের ধারণার সবচেয়ে কাছাকাছি একটা বহিঃপ্রকাশ। নিজের উপর বিশ্বাস স্থাপন করাই কেবলমাত্র অন্য ব্যক্তি মানুষ এবং সকলের উপর বিশ্বাস স্থাপনের আসল প্রতিচ্ছবি।"
হারিং আবার জীবনের প্রতি ভালবাসার দিকে ফিরে আসেন যা কিনা তার প্রতিটি দিনকে অর্থবহতায় এবং শিল্পকর্মকে এক প্রবল আকর্ষণী ক্ষমতায় ভরিয়ে তুলছিল – এ এমন এক ভালবাসা যা কিনা একই সাথে বিশাল এবং বিনয়ী, যার গভীরে আছে এক অচিহ্নিত রহস্যের ইন্দ্রজালিকতা:
"আমার মনে হয় জীবনের প্রেমে পড়াটা খুব জরুরী। আমি এমন মানুষের সাথে দেখা পেয়েছি যারা ৭০ বা ৮০ বছর বয়েসেও জীবনকে এত ভালবাসে যে তাদের ক্ষয়িষ্ণু শরীরের পিছনে বয়েসের সংখ্যাগুলো হাওয়া হয়ে যায়। জীবনের প্রেমে পড়াটা খুব জরুরী… জীবন খুব নাজুক এবং বরাবরই আকস্মিক। যখনই আমাদের মনে হয় আমরা "বুঝে ফেলেছি" ঠিক তখনই দেখা মেলে আরেকটি রহস্যের।
কিথের প্রতিকৃতি: দেবাশিস চক্রবর্তী
বারবার, হারিং তার জার্নালের পাতায় পাতায় ঘোষণা করছেন যে তিনি কাজের জন্য, শিল্পের জন্য বেঁচে আছেন – যার উদ্দেশ্য, অবশ্যই, যদি শিল্পের কোন উদ্দেশ্য থেকে থাকে, তবে অন্যের জীবনকে আরেকটু বাসযোগ্য করে তোলা।
এইডসের ছায়ামূর্তি যতই তার দিকে ধেয়ে আসে, এক অদম্য সৃজনশীল জীবনীশক্তি তার একদম ভেতর থেকে ঠিকরে বেড়িয়ে আসে। ১৯৮৮ সালের গোঁড়ার দিকে, ত্রিশতম জন্মদিনের কিছু আগে তিনি শেষ পর্যন্ত প্রাত্যহিক যাপিত জীবনের মাঝেই এক উপলব্ধির সামনে এসে দাঁড়ান যখন মৃত্যু একটু একটু করে তার দিকে এগিয়ে আসছেঃ
"আমি আঁকতে খুব ভালবাসি, রঙকে খুব ভালবাসি, দেখতে খুব ভালবাসি, আর্টকে খুব ভালবাসি, খুব ভালবাসি।"
পরের কয়েক মাসের মধ্যে, তিনি জীবনের ভয়ংকর অত্যধিকতাকে বরং আরও স্নিগ্ধ স্বীকৃতিতে রূপান্তরিত করে ভালবাসায় উদ্ভাসিত করতে সমর্থ হনঃ
"আমি আমার ভবিতব্যকে মেনে নিয়েছি, আমি আমার জীবনকে মেনে নিয়েছি। আমার খামতিগুলি, সংগ্রামকে মেনে নিয়েছি। আমি বুঝতে না পারার অক্ষমতাকে স্বীকার করছি। আমি মেনে নিয়েছি যা আমি কোন দিন হতে পারব না এবং যা আমি কোন দিন পাব না। আমি স্বীকার করছি মৃত্যুকে এবং আমি স্বীকার করছি জীবনকে।"
সড়ক দুর্ঘটনায় খুব কাছের এক বন্ধুকে হারিয়ে, যার ছেলের ধর্মপিতা ছিলেন হারিং – জার্নালের পাতায় লিখে রাখছেন জীবন ও মৃত্যু সম্পর্কিত সে বন্ধুর লেখা একটা মর্মভেদী কবিতা, তার নিচেই আবার লিখছেনঃ
"সৃজনশীলতা, তা জৈবিক বা অন্য কিছু, তাই আপেক্ষিক নশ্বরতার সাথে আমার একমাত্র সংযোগ।"
কিন্তু সম্ভবত তার সবচেয়ে মরমী এবং মর্মস্পর্শী এন্ট্রিটা ছিল প্রায় এক দশক আগের। লিখেছিলেন এক নির্বাচনের দিন। ছোট্ট একটা শ্লোকের মত। যেন শিল্প, জীবন, সম্পর্ক, এবং স্বকীয়তা নিয়ে লেখা এক ধ্যানমগ্ন প্রতিচ্ছবিঃ
"আমি সূচনা নই।
আমি সমাপ্তি নই।
আমি প্রবাহমানতার এক সংযোগ মাত্র।"
১৯৯০ সালের ১৬ই ফেব্রুয়ারিতে, ত্রিশের কোঠায় দেহ রাখলেন কিথ হারিং। রেখে গেলেন লাইনে লাইনে আঁকা এবং লেখা জীবনের প্রতি প্রবল উচ্ছ্বাস, প্রাণবন্ত রঙ যা কিনা এখনো লক্ষ লক্ষ জীবনকে আলোড়িত করে গেছে এবং যাচ্ছে – এমনকি আমার নিজেরও – জীবনকে করছে আরেকটু বাসযোগ্য।
