বুদ্ধদেব বসু : হিরণ্ময় প্রেম-পাত্র
প্রথম পর্ব: প্রগতি থেকে কবিতা
বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪) লেখালেখিকে বাঁচার পথ হিসেবে বেছে নিয়েছিলেন। তাঁর বিখ্যাত উপন্যাস 'মৌলিনাথ' এ তিনি এক নিঃসঙ্গ চরিত্রকে সংবেদনায়, প্রকৃতিলগ্নতায়, সমাজবিচ্যুতি আর বেশিরভাগ সময় প্রেমচেতনাহীনভাবে উপস্থাপন করেছিলেন। এই চরিত্রটি নিয়ে অলোকরঞ্জন দাশগুপ্তের কাছে একবার বলেছিলেন, 'মৌলিনাথ-এ আমি এমন একজন মানুষকে দেখাতে চেষ্টা করেছিলাম যে সারাজীবন ধরে, অজস্র মূল্য দিয়ে, নিজেকে উৎসর্গ করে, কঠোর চেষ্টা করেছে একজন পরিপূর্ণ শিল্পী হয়ে উঠতে'। উপন্যাসের এই চরিত্রটি যেন বুদ্ধদেব বসু স্বয়ং। সারাজীবনে অজস্র মূল্য দিয়ে সাহিত্যচর্চা করেছিলেন। শিল্পী হয়ে ওঠার জন্য নিংড়ে দিয়েছিলেন নিজেকে। উপন্যাসের সৌন্দর্যমোহিত চরিত্র মৌলিনাথে যেন নিজেকেই দেখেছেন বুদ্ধদেব– যে চরিত্রটি সাহিত্য ছাড়া কিছু বুঝতো না। সাহিত্যের জন্য মন প্রাণ উজাড় করে দিয়েছিল মৌলিনাথ। বুদ্ধদেব বসুর জীবনের গল্প-ও তো তাই ! যেমন ব্যস্ত থেকেছেন নিজের লেখায়, তেমন পড়ায়, তেমন অন্যদের বিষয়েও। পত্রিকা প্রকাশ করেছেন। সবাইকে দিয়ে লিখিয়েছেন সেই পত্রিকায়। নবীন কবিরা উপকৃত হয়েছে বুদ্ধদেব বসুর দ্বারা। 'প্রগতি' এবং 'কবিতা' বন্ধ হয়ে যাবার পর পরবর্তীদের যে ক্ষতি হয়েছে তার পরিমাণ নির্ণয় করা যাবে না। বস্তুত বুদ্ধদেব বসু এতটাই প্রভাবশালী ছিলেন, তাঁর প্রয়াণের পর বাংলা সাহিত্যে সেই স্থান নেবার মত কেউ রইল না।
বুদ্ধদেব বসুর জন্ম, বেড়ে ওঠা তৎকালীন পূর্ববাংলায়। মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় স্থান ছিল পঞ্চম। উচ্চমাধ্যমিকে বোর্ডে দ্বিতীয় হন তিনি। বৃত্তিও পান। এর পরিমাণ ছিল মাসিক কুড়ি টাকা। আগে শুধু প্রথমকেই এই বৃত্তিটা দেয়া হত, সে-বছরই দ্বিতীয়কেও দেয়ার রীতি শুরু হল। বৃত্তির টাকা দিয়ে ছাপা কাগজে একটি পত্রিকা প্রকাশ করার আগ্রহ মাথায় এল। এতদিন প্রকাশ করছিলেন হাতে লেখা পত্রিকা, বৃত্তি পেয়ে যেন আত্মবিশ্বাস পেলেন। একটি ছাপা পত্রিকা প্রকাশ করতে প্রয়োজন হয় একশ টাকা। দশ জন সদস্য যদি দশ টাকা করে দেয়, তবে জুটে যেতে পারে কাঙ্খিত বাজেট। সুতরাং সাহস করাই যায়! 'প্রগতি'র গল্পের শুরুটা এমনই।
৪৭ পুরানা পল্টন, রমনা, ঢাকা–এই ঠিকানা থেকে ১৯২৭ সালের জুন-জুলাই এ 'প্রগতি'র প্রথম সংখ্যা প্রকাশিত হল। বুদ্ধদেব বসু তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হবেন।
'প্রগতি'র সূত্রেই তাঁর সঙ্গে পরিচয় হল জীবনানন্দ দাশ এর।
ততদিনে (আঠারো বছর বয়সে) বুদ্ধদেব বসু লিখে ফেলেছেন সাড়া জাগানো এক মর্বিড গল্প– 'রজনী হলো উতলা'। গল্পটি পড়ে চারদিকে তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠল। বস্তুত লেখায় অশ্লীলতা সহ অহেতুক অভিযোগের তীর থেকে সারাজীবনে তিনি মুক্ত হতে পারেন নি। 'রজনী হলো উতলা' অচিন্ত্যকুমার সেনগুপ্তের 'কল্লোল' পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
কেমন ছিল গল্পটি?
'মনে হ'লো প্রকৃতি চলতে-চলতে যেন হঠাৎ এক জায়গায় এসে থেমে গেছে– যেন উৎসুক আগ্রহে কার প্রতীক্ষা করছে। নাটকের প্রথম অঙ্কের যবনিকা উঠবার আগ-মুহূর্তে দর্শকেরা কেমন হঠাৎ স্থির, নিঃশব্দ হ'য়ে যায়, সমস্ত প্রকৃতিও যেন এক নিমেষে সেইরূপ নিঃসাড় হয়ে গেছে। তারাগুলো আর ঝিকিমিকি খেলছে না, গাছের পাতা আর কাঁপছে না, রাতে যে-সমস্ত অদ্ভুত, অকারণ শব্দ চারদিক থেকে আসতে থাকে, তা যেন কার ইঙ্গিতে মৌন হ'য়ে গেছে। নীল আকাশের বুকে জোছনা যেন ঘুমিয়ে পড়েছে– এমনকি বাতাসও যেন আর চলতে না-পেরে ক্লান্ত পশুর মতো নিঃশব্দ হ'য়ে গেছে– অমন সুন্দর, অমন মধুর, অমন ভীষণ নীরবতা, অমন উৎকট শান্তি আর আমি দেখিনি। আমি নিজের অজান্তে অস্ফুট কণ্ঠে ব'লে উঠলুম– কেউ আসবে বুঝি?'
কেউ এসেছিল। তুমুলভাবে এসেছিল। শরীরে সুখানুভূতি ছড়িয়ে দিয়ে, অবগাহনের দীর্ঘ পথ ধরে এসেছিল। কল্পনায়, ঘুমে-জাগরণে।
গল্পটি ছাপা হবার পর প্রথম অভিযোগ করলেন, বীণাপাণি দেবী। 'আত্মশক্তি' পত্রিকায় তিনি লিখলেন, 'এমন লেখককে আঁতুড়েই নুন খাইয়ে মেরে ফেলা উচিত ছিল'। আরেকজন মহিলা লিখলেন, 'লেখক যদি বিয়ে করে না থাকে তবে যেন অবিলম্বে বিয়ে করে, আর বউ যদি সম্প্রতি বাপের বাড়িতে থাকে তবে যেন আনিয়ে নেয় চটপট।' এসব পরের কথা। তার আগে সজনীকান্ত দাস 'শনিবারের চিঠি'তে এর জন্য ব্যবস্থা নিতে রবীন্দ্রনাথকে চিঠি লিখলেন। রবীন্দ্রনাথও কালবিলম্ব না করে একহাত দেখে নিলেন বুদ্ধদেবের। বুদ্ধদেব কি বসে থাকার পাত্র? তিনিও 'প্রগতি'তে পাল্টা জবাব দিলেন।
শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার লোক ছিলেন না বুদ্ধদেব বসু। তখন জীবনানন্দের কবিতাকে বিদ্রুপ করেও বেশ লেখা ছাপা হচ্ছে। নিজেকে কেউ ব্যঙ্গ করলে বুদ্ধদেবের যেমন-তেমন; কিন্তু জীবনানন্দকে, এবং তাঁর কবিতাকে ভালবাসতেন বলে ছোট দেহে আগলে রাখতেন তাঁকে। নীরবে নয়। আয়োজন করেই কলম ধরতেন 'প্রগতি'তে। পরিমাণে বেশি বলে সেসব লেখা অনেকসময় দৃষ্টিকটু লাগত কারো কাছে। বস্তুত এটুকু প্রশ্রয় জীবনানন্দ নিজ গুণেই আদায় করে নিয়েছিলেন। একজন কবি আর একজন জীবিত কবি সম্পর্কে এমনভাবে উৎসাহী ছিলেন, এটি যে কোনো সময়ের বিচারে বিরল। শুধু জীবনানন্দ নন। সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য সম্পর্কেও তিনি ছিলেন উদারহস্ত। সুধীন্দ্রনাথ দত্তের বইয়ের বিষয়ে বুদ্ধদেব বসু লিখেছিলেন, 'এই বইয়ের কবিতাগুলি যাঁর রচনা, তিনি বিশ শতকের একজন শ্রেষ্ঠ বাঙালি, তাঁর মতো নানাগুণসমন্বিত পুরুষ রবীন্দ্রনাথের পরে আমি অন্য কাউকে দেখি নি।'
তবে জীবনানন্দ দাশকে প্রতিষ্ঠিত করতেই সবচেয়ে বেশি শ্রম দিয়েছিলেন তিনি। 'প্রগতি'তে জীবনানন্দের যে কবিতাটি প্রথম ছাপা হয়, তার নাম 'খুশ রোজী'। কবির নাম ছাপা হল জীবনানন্দ দাশগুপ্ত। উল্লেখ্য, প্রথম কাব্যগ্রন্থ 'ঝরা পালক' প্রকাশিত হবার আগ পর্যন্ত জীবনানন্দ নামের টাইটেল 'দাশগুপ্ত' লিখতেন।
মূলত জীবনানন্দের 'নীলিমা' কবিতাটি অচিন্ত্যকুমার সেনগুপ্তের 'কল্লোল' পত্রিকায় ছাপা হলে জীবনানন্দের কবিতার শক্তির দিক চোখে পড়ে বুদ্ধদেব বসুর, তিনি জোর দিয়ে তাঁকে 'প্রগতি'তে লিখতে বলেন। উৎসাহ পেয়ে জীবনানন্দও লিখতে শুরু করলেন। 'প্রগতি'তে জীবনানন্দের একের পর এক কবিতা ছাপা হতে লাগল।
বুদ্ধদেব গভীর অনুরাগে লিখলেন, 'কী আনন্দ আমাদের, তাঁর কবিতা যখন একটির পর একটি পৌঁছতে লাগলো, যেন অন্য এক জগতে প্রবেশ করলাম–এক সান্ধ্য ধূসর, আলোছায়ার অদ্ভুত সম্পাতে রহস্যময়, স্পর্শগন্ধময়, অতি-সূক্ষ্ম-ইন্দ্রিয়সচেতন জগৎ–যেখানে পতঙ্গের নিশ্বাসপতনের শব্দটুকুও শোনা যায়, মাছের পাখনার ক্ষীণতম স্পন্দনে কল্পনার গভীর জল আন্দোলিত হ'য়ে ওঠে। এই চরিত্রবান নতুন কবিকে অভিনন্দন জানিয়ে ধন্য হলাম আমরা'।
শুধুই কি বুদ্ধদেব বসু ধন্য হয়েছিলেন? জীবনানন্দ-ও কি নন? জীবনানন্দের প্রায় আড়াই হাজারের মত কবিতার মাত্র ১৬২টিকে কবি ছাপার যোগ্য মনে করেছিলেন। যার ১১৪টি, অর্থাৎ, ৭০ শতাংশই প্রকাশ করেছেন বুদ্ধদেব বসু। 'প্রগতি'তে ১১৪টি, 'কবিতা'য় ৯৭টি। কবিতা ভবন বার্ষিকী 'বৈশাখি'তে ৩টি। এই পরিসংখ্যান বলে, জীবদ্দশায় জীবনানন্দের প্রতিষ্ঠার পেছনে কেউ যদি একক কৃতিত্ব দাবী করতে চান, তিনি বুদ্ধদেব বসু।
নিয়ম নিষ্ঠ লেখক ছিলেন বুদ্ধদেব। গল্পের পর মনোযোগ দিলেন উপন্যাস রচনায়। ছাপা হল প্রথম উপন্যাস 'সাড়া'। সাধু ভাষায় এই একটিই তাঁর উপন্যাস। 'প্রগতি'র দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা থেকে তৃতীয় বর্ষের চতুর্থ সংখ্যা পর্যন্ত (আশ্বিন ১৩৩৬) ধারাবাহিকভাবে 'সাড়া' প্রকাশিত হয়। ঐ-বছরই তাঁর পরিচয় হয় কাজী নজরুল ইসলামের সঙ্গে। পছন্দ করলেন নজরুলকে।
এদিকে 'প্রগতি'কে ঘিরে জমে উঠেছে পুরানা পল্টনের আড্ডা। নোয়াখালিতে যে বালকটি বেড়ে উঠেছিল, তোৎলা, বেঁটে, স্বাস্থ্য খারাপ ; সে এইসব আড্ডায় খুবই বাকপটু। এ সময়ই পরিচয় হয়ে যায় চিরজীবনের জন্য গাঁটছড়া বাঁধবেন যার সঙ্গে, সেই রানু সোমের সঙ্গে।
কেমন ছিল দু'জনার প্রথম দেখার দিনটি?
কন্যাটিই বলুক:
এরকমই একদিন গিয়েছি [বৈজ্ঞানিক সত্যেন বসুর বাড়িতে; তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন]; বোধহয় কোনো ছুটির দিন, প্রাতভ্রমণ নয়, একটু বেলাতেই গিয়েছি। বেলা মানে আটটা। আমি আর বাবা গেট দিয়ে ঢুকছি, দেখলাম দিলীপদা [দিলীপকুমার রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র] একটি সদ্যযুবকের সঙ্গে কথা বলতে বলতে গেটের কাছে এসেছেন। যুবকটিকে বিদায় দিয়ে হাসতে হাসতে বললেন, 'কী রকম কবি কবি চেহারা করে ফেলেছে দেখেছ'?
আমি বললাম, 'কে?'
দিলীপদা বললেন, 'দেখলে না? তোমার পাশ দিয়েই তো বেরুল। চেন-না?'
'না তো।'
'বলছ কী। ঢাকার মেয়ে আর ঢাকার সবচেয়ে সেরা ছেলেটিকেই জান না?'
'ওমা, এই নাকি বুদ্ধদেব বসু?' আমি একেবারে সচকিত।
'এর আগে দ্যাখোনি কোনেদিন? আলাপ নেই?'
'না।'
'ঠিক আছে, আমি একদিন আলাপ করিয়ে দেব। দুর্দান্ত ছেলে।'
রানু সোম বিখ্যাত গায়িকা। এই 'দুর্দান্ত' ছেলেটির সঙ্গে রানুর দেখা হবে, আরও অনেক পরে। অনেক নাটকীয় ঘটনার পর এর সঙ্গেই বিয়ে হবে তাঁর। অবশ্য তখন আর তিনি গানে থাকবেন না, হয়ে যাবেন পুরোদস্তুর সাহিত্যিক। সে গল্প জায়গামত করা যাবে।
'প্রগতি'র জন্য এত কিছু করেও টেকাতে পারলেন না পত্রিকাটি। অর্থাভাব চরম হল। তিন বছর পরই 'প্রগতি' বন্ধ হয়ে গেল। সে বছরই আবার বন্ধ হল 'কল্লোল'। পত্রিকা দুটির বিলুপ্তির জন্য আর্থিক দুরবস্থা আর 'কল্লোল' সম্পাদক দীনেশরঞ্জন দাশের চলচ্চিত্র ব্যবসায় ঝুঁকে পড়া ছিল প্রধান কারণ।
'প্রগতি'তে ছাপা হয়েছিল জীবনানন্দের ১৩৩৩, পিপাসার গান, অনেক আকাশ, সহজ, পরস্পর, জীবন, স্বপ্নের হাত, পুরোহিত (পরের নাম নির্জন স্বাক্ষর) কয়েকটি লাইন, বোধ, আজ, অবসরের গান। অর্থাৎ ধূসর পা-ুলিপির ১৭ টি কবিতার এগারটিই। বিষ্ণু দে'র বিখ্যাত কবিতা 'ডলু যদি আজ ন্যাকামি করে।'
'প্রগতি' বন্ধ হয়ে গেল। মন খারাপ ভীষণ। করার মতো কাজ একটিই। নিজের লেখায় মন দেয়া।
তখনই বুদ্ধদেব বসু ছোটদের জন্য 'মৌচাক' পত্রিকায় লিখতে শুরু করেন। লিখে বেশ মজা পেতেন বলে জানালেন।
গল্প, উপন্যাস, ছোটদের লেখা, সব হল। এবার লিখলেন নাটক। 'একটি মেয়ের জন্য' নামে নাটকটি মঞ্চস্থ হল ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হলে। তিনি সেখানকার ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র। পুরানা পল্টনের এক প্রতিবেশিনীকে ভালোবেসেছিলেন, সেই মেয়েটিকে কল্পনা করেই নাটকের প্লট তৈরি করা হল।
১৯৩০ সালে বুদ্ধদেব বসু প্রথম শ্রেণী পেয়ে বি.এ পরীক্ষায় উত্তীর্ণ হন। পরের বছর এম.এ।
'প্রগতি' নেই। 'কল্লোল' উঠে গেছে। ঢাকায় আর আকর্ষণ করার কিছু নেই। এদিকে কলকাতার মোহিনী হাতছানি উপেক্ষা করাও সম্ভব নয়। পাকাপাকিভাবে ঢাকা ছাড়বেন, বিষয়টা আটকে আছে এম. এ পরীক্ষার ফলাফলের ওপর। আগেই কবি বিষ্ণু দে-কে কলকাতায় চ'লে যাবার মনোভাবের কথা জানিয়ে চিঠি লিখেছিলেন–
'এম. এ পরীক্ষার পর কলকাতায় বসবাস স্থির করেছি'।
অন্য কোথাও থেকে যে সাহিত্যচর্চা চলবে না, এটি ততদিনে তিনি বুঝে গিয়েছিলেন। ১৯৩১ সালের আগস্ট-সেপ্টেম্বরের দিকে বুদ্ধদেব বসু কলকাতায় চলে গেলেন।
মেট্টিক-এ বোর্ডে পঞ্চম, ইন্টামেডিয়েটে দ্বিতীয়, বি. এ অনার্সে প্রথম, এম. এ তে-ও প্রথম হওয়া ছেলেটি বড় চাকুরে হবার স্বপ্ন দেখে না। সে কেবল সাহিত্যচর্চা করতে চায়, যেখানে মুলধন কলম। মুনাফা দু'চার টাকা। এ দিয়ে কি সংসার চালানো যায়? কলকাতা এসে অচিন্ত্যকুমারের বদান্যতায় একটি টিউশনি পেলেন। মিলে গেল থাকার জায়গাও।
যে-ছেলেটিকে গৃহশিক্ষকতা করাতে লাগলেন তিনি পরে বিখ্যাত হন। দিলীপকুমার গুপ্ত বা ডি কে গুপ্ত। পরবর্তীকালে যিনি সিগনেট প্রেস স্থাপন করেছিলেন।
সে বছরই প্রকাশিত হল তাঁর কবিতার বই 'বন্দীর বন্দনা'। রবীন্দ্রনাথ এই বইয়ের কিছু কবিতা পড়েছিলেন। ১৯৩১ সালের বিচিত্রায় 'নবীন কবি' নাম দিয়ে আলোচনায় লিখেছিলেন, 'এ কবিতাগুলো জলভরা ঘন মেঘের মতো, যার ভেতর থেকে সূর্যের আলোর রক্তরশ্মি বিচ্ছুরিত হয়'।
ঐ বছরটা, ১৯৩১ সাল নানাভাবে তাৎপর্যপূর্ণ। সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত 'পরিচয়' পত্রিকা প্রকাশিত হয় এ বছরের জুলাই-আগস্ট মাসে। 'পরিচয়ে'র প্রথম সংখ্যায় বুদ্ধদেব বসুর কবিতা ছিল, ছিল, 'অভিনয়, অভিনয় নয়' বইদুটোর সহৃদয় সমালোচনা।
দ্বিতীয় সংখ্যায় ছাপা হয় 'বন্দির বন্দনা'।
বাসনার বক্ষোমাঝে কেঁদে মরে ক্ষুধিত যৌবন,
দুর্দম বেদনা তার স্ফুটনের আগ্রহে অধীর।
রক্তের আরক্ত লাজে রক্ষবর্ষ-উপবাসী শৃঙ্গার-কামনা
রমণী-রমণ-রণে পরাজয়-ভিক্ষা মাগে নিতি;
তাদের মেটাতে হয় বঞ্চনার দুর্দম বিক্ষোভ।
আছে ক্রর স্বার্থদৃষ্টি, আছে মূঢ় ক্লেদলিপ্ত লোভ,
হিরণ্ময় প্রেম-পাত্রে হীন হিংসা-সর্প গুপ্ত আছে…
কয়েক মাসের মধ্যে অবশ্য বুদ্ধদেব বসু 'পরিচয়' পত্রিকা থেকে দূরে সরে যান। তিনি সম্পাদককে অনুরোধ জানিয়েছিলেন, তাদের কিংবা তাঁদের গোষ্ঠীর কোন লেখকের বইয়ের সমালোচনার ভার তাঁদেরই একজনের হাতে দিতে। কিন্তু সম্পাদক আপত্তি জানিয়ে বলেন, অন্য কোনো যোগ্য সমালোচক না থাকলে হতো, কিন্তু অন্য যোগ্য সমালোচক থাকলে এমন সমালোচনা লেখন ঠিক শোভন হবে না। এ নিয়ে মনোমলিন্যের জেরে বুদ্ধদেব আড্ডা এবং লেখালেখি দুটো থেকে সবান্ধব বেরিয়ে আসেন। শেষ জীবনে অবশ্য সুধীন্দ্রনাথের সঙ্গে হৃদ্যতা এত বেড়ে গিয়েছিল স্বভাব কুঁড়ে বুদ্ধদেবকে প্রায়ই দেখা যেত সুধীন্দ্রনাথের সঙ্গে আড্ডায়। দুই কবির আলাপচারিতায় বহু সন্ধ্যা হিরণ¥য় হয়েছে।
এর অনেক পরে, ১৯৪৪ সালে সুধীন্দ্রনাথ দত্ত পত্রিকার স্বত্ত্ব বিক্রি করে দেন 'ফ্যাসিস্ট বিরোধী লেখক সংঘকে।' তখন সম্পাদক হন গোপাল হালদার ও হিরণকুমার সান্ন্যাল।
'পরিচয়ে'র আড্ডায় একদিন অন্নদাশঙ্কর রায়ের হাতে হ্যারিয়েট মনরোর (১৮৬১-১৯৩৬) 'পোয়েট্রি' পত্রিকাটি দেখেছিলেন বুদ্ধদেব বসু। এটি এজরা পাউন্ডের উদ্যোগে ১৯১২ সালে প্রথম প্রকাাশিত হয়। 'কবিতা' পত্রিকা প্রকাশ করার চিন্তা সেদিনেরই। যদিও ছাপার অক্ষরে পত্রিকাটি প্রকাশ হতে সময় লেগেছিল চার বছর।
এই সময়টায় তিনি দু'হাতে লিখছেন। ছোটগল্প লিখছেন। ছোটদের জন্য এই গল্পগুলি পরের বছর প্রকাশ করার জন্য প্রস্তুুত করছেন : 'রঙিন কাচ' নামে। কবিতাও লিখছেন দু'হাতে। সেটিরও একটি সংকলন হবে। 'একটি কথা' নামের ক্ষুদ্র গ্রন্থ। উপন্যাস লিখছেন 'মন দেয়া নেয়া', 'যবনিকা পতন'। ঐ বছর 'অকর্মণ্য' উপন্যাসটি প্রকাশিত হয়। উৎসর্গ করলেন প্রভু গুহঠাকুরতাকে। সারাজীবন বুদ্ধদেব ই্উরোপীয় সাহিত্যের ফেরিঅলা ছিলেন বঙ্গদেশে, এর রূপকার প্রভু গুহঠাকুরতা। আবার হাত দিলেন 'সাধু' রীতিতে লেখায়। দ্বিতীয় গল্পগ্রন্থ 'রেখাচিত্র' বের হল।
'কল্লোলে'র শূন্যস্থান পূরণ করতে কুমিল্লা থেকে প্রকাশিত হচ্ছিল কবি সঞ্জয় ভট্টাচার্যের সম্পাদনায় 'পূর্বাশা।'
কয়েকমাস পরেই দপ্তর গুটিয়ে 'পূর্বাশা' চলে এল কলকাতায়। কল্লোলের ট্রায়ো অচিন্ত্যকুমার সেনগুপ্ত-বুদ্ধদেব বসু-প্রেমেন্দ্র মিত্র পূনর্মিলিত হয়েছেন 'পূর্বাশা'য়। লিখছেন জীবনানন্দও।
চলছে সাহিত্যকর্ম। নিজের ওপর নির্ভরশীল লোক তো রয়েছেই। আছে বাড়ি ভাড়া দেয়া সহ সংসার চালানোর কঠিন বিষয়। তবু চলছিল। এর জন্য লিখতে হচ্ছিলো। লিখে আয় রোজগার করা এখনও যেমন তখনও একইরকম অসম্ভব বিষয় ছিল। তবু হাল ছাড়েন নি। সে বছর, ১৯৩১ সালে যখন ঢাকা থেকে চলে আসছেন তাঁর বইয়ের সংখ্যা পাঁচটি। কৈশোরের কাব্যগ্রন্থ 'মর্স্মবাণী'- কে ধরে, আর তাঁর বিয়ের সময়, মাত্র তিন বছরে, এই সংখ্যা হল পঁয়ত্রিশ।
আগে যেমন উল্লেখ করেছি, অশ্লীলতার অভিযোগ আর বুদ্ধদেব বসু যেন একে অপরের। লেখক জীবনের শুরু থেকেই এ অভিযোগ তাঁকে তাড়া করে ফিরেছে। যৌনতার অভিযোগের চেয়েও অবিবাহিত নরনারীর প্রণয়ের নিঃশঙ্ক যোগাযোগই বেশি দায়ী। বাইশ বছর বয়সে 'সাড়া' উপন্যাসের জন্য অভিযোগ। কেউ এখানে অজাচার পেয়েছেন, কেউ পেয়েছেন ঈডিপাসের এষণা।
১৯৩২-৩৩ এর শীতে, প্রবোধ সান্যালের 'দুয়ে আর দুয়ে চার', অচিন্ত্যকুমার সেনগুপ্তের 'বিবাহের চেয়ে বড়ো' 'প্রাচির ও প্রান্তর' আর বুদ্ধদেব বসুর 'এরা আর ওরা এবং আরো অনেকে' এই চারটি গ্রন্থ নিয়ে অশ্লীলতার অভিযোগ আনলেন প্রতাপশালী পাবলিক প্রসিকিউটর স্বয়ং।
লালবাজারে ডাক পড়ল বুদ্ধদেব বসুর। জামিন পেলেন, এজন্য কিছু টাকা খসল। আকালের বাজারে এ-ও অনেক তাঁর কাছে। কিন্তু কি করবেন! সাহিত্য করতে এসে সইতে হচ্ছে এসবকিছু।
এ ঘটনা মনে নতুন চিন্তা আনল, নিজের বই নিজেই ছাপাবেন। ভবিষ্যতে যেন অশ্লীলতার অভিযোগ হলে প্রকাশকের ওপর খড়গ না নেমে আসে। সে সময়ই তাঁর লেখা 'যবনিকাপাত' যন্ত্রস্থ অবস্থায় ছিল। সে বইয়ের লেখক প্রকাশক একই ব্যক্তি। বুদ্ধদেব বসু।
আগস্টে বের হলো 'যেদিন ফুটলো কমল'। রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসুর ঠিকানা জানতেন না, ধূর্জটি প্রসাদের কাছে পাঠিয়ে দিলেন একটি চিঠি।
লিখলেন বইটা পড়তে গিয়ে খটকা লেগেছে তাঁর। বাক্যের প্রনালী লেগেছে ইংরেজি। একটু কৃত্রিমও মনে হল।
চিঠি পেয়ে কলম ধরলেন বুদ্ধদেব। বললেন, প্রত্যেক আধুনিক বাঙালি লেখকের কাছে রবি ঠাকুর দেবতার মতো। ভাষাটি তারা পেয়েছেন রবির কাছ থেকেই। সে ভাষা যে তাঁর পছন্দ হল না, উৎস স্রোত স্বচ্ছ, হয়ত বুদ্ধদেব নিজেই তাকে ঘোলাটে করেছেন নিজের ইংরেজি শিক্ষার জন্য। চিঠির শেষে ধন্যবাদ জানাতে ভুলেন নি, গুরুদেব তাদের ভাষা দিয়েছেন বলে।
'যেদিন ফুটলো কমল' উপন্যাসকে নাট্যরূপ দিলেন সেকালের বিখ্যাত গায়িকা রানু সোম বা পরবর্তীকালের প্রতিভা বসু। তাঁর বয়স তখন সতের। ঢাকা শহরে নারী পুরুষ একত্রিত হয়ে অভিনয় করার ঘটনা সেই প্রথম।
কলকাতায় যেমন, 'শনিবারের চিঠি', ঢাকায় বের হত 'রবিবারের লাঠি'। সেখানে লেখা হল রানু সোম কত দুশ্চরিত্র।
এর পরই রানু সোম কলকাতায় বেড়াতে এলেন। দেখা করতে চাইলেন তরুণ লেখকের সঙ্গে। বুদ্ধদেবও সাড়া দিলেন। রানুর মামাবাড়িতে অবাধ যাতায়াতের সুযোগ হাতছাড়া করলেন না তরুণ বুদ্ধদেব। এই যোগাযোগেই প্রেম। বিয়ের গাঁটছড়া বাঁধতে যদিও বেশ সমস্যা হয়, রানুর মামার কারণে। তিনি রায় দিলেন ছেলে মদ খায়। মদের টাকা যোগাড় করবে, না সংসার চালাবে? এসব কিছুই অবশ্য ধোঁপে টিকল না। রানুর বাব-মা গেলেন কলকাতা। বুদ্ধদেব দৃঢ়ভাবে বিয়ের প্রস্তাব দিলেন। কোনো বিপত্তি ছাড়াই বিয়েটা হয়ে গেল।
বিয়ে হল। পূজার ছুটিতে বেড়াতে গেলেন ঢাকা। ফিরে এসে পুরী, ভুবনেশ্বর, কোনারক, চিল্কা। 'কি ভালো লাগলা আজ এই সকালবেলায়/কেমন ক'রে বলি/ কী নির্মল নীল এই আকাশ, কী অসহ্য সুন্দর,/যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান/দিগন্ত থেকে দিগন্তে/ কী ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে…'। এই বিখ্যাত কবিতা লেখা হল, সত্যি সত্যি চিল্কার ধারে বসেই। সঙ্গে নতুন বধু। প্রেমিকাও ছিল সে। জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটছে। চিল্কার ধারে বসে দেখছিলেন অভাবনীয় সুন্দর প্রকৃতিকে। আর তখনই মুহূর্তটিকে ধরে রাখবার চেষ্টা। ফলাফল ঐ কবিতা। ঠিক এভাবে লেখা হয়েছিল 'ব্যাং' আর 'ইলিশ'। ওগুলো স্মৃতি থেকে লেখা। ব্যাং দেখেছেন অনেক দিন আগে পুরানা পল্টনে। ইলিশ গোয়ালন্দ প্ল্যাটফর্মে।
বিয়ের পর উঠেছিলেন রসা রোডের ভাড়া বাড়িতে। ওখানে সবই ভালো, কেবল মাঝ রাত্রিরে কেওড়াতলার শ্মশানযাত্রীদের হরিধ্বনিটাই ঝামেলা বাঁধাতো। মাঝরাতে প্রতিভা বসু ভয় পেতেন। তখন ঠিক হল বাসাবদলের। নতুন ঠিকানা ভবানীপুর।
১৯৩৫ সালে প্রকাশিত হল 'কবিতা' পত্রিকা। প্রথম সংখ্যায় প্রকাশক ছিলেন বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্র। সহকারী সম্পাদক সমর সেন। সে বছরই জন্ম হল প্রথম সন্তান মীনাক্ষীর। তবে বুদ্ধদেব বসু 'কবিতা'কেই তাঁর প্রথম সন্তান বলতেন। মীনাক্ষী মাত্র বছর বারোর মধ্যে হয়ে উঠেছিলেন পিতার ডান হাত। 'কবিতা' পত্রিকা যখন স্ব-নামেই খ্যাত মীনাক্ষীর দায়িত্ব ছিল ফুলস্ক্যাপ সাইজের বাঁধানো জাবদা খাতায় গ্রাহকদের নাম তুলে রাখা। লিখে রাখতেন গ্রাহক হবার তারিখ। চাঁদা বাকি পড়লে গ্রাহকদের তাগাদা দিয়ে চিঠি লেখার দায়িত্ব ছিল তাঁর। নিজেকে পরিচয় দিতেন 'ম্যানেজার' বলে। চিঠির শেষে নিচে লেখা থাকত, নমস্কারান্তে ইতি, ম্যানেজার কবিতাভবন। তলায় ম্যানেজারের সিলমোহরের ছাপ। দুপুরে মাঝে মধ্যে বাবা বুদ্ধদেব বসুর সঙ্গে হেঁটে হেঁটে হিন্দুস্থান পার্কের মোড়ে লাল টকটকে ডাকবাক্সে চিঠি ডাকে দিতেন। তখন বুদ্ধদেব চিঠি লিখতেন প্রতিশ্রুতিময় কবিদের, তাদের শিল্পকে কীভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ দিয়ে।
'কবিতা' পত্রিকা প্রকাশিত হল। সত্যপ্রসন্ন দত্তের পূর্বাশা প্রেস বিনামূল্যে পত্রিকাটি ছাপিয়ে দেয়। কোনো বিজ্ঞাপন ছাড়াই ছাপা হয় 'কবিতা'। সবার কাছ থেকে চাঁদা তুলে চললো পত্রিকার কাজ। প্রথম বছরে গ্রাহক সংখ্যা সত্তরে ঠেকেছিল। তখন রাজবন্দীদের শুধু সাহিত্য পত্রিকা পড়ার সুযোগ দেয়া হত। ঐ সত্তর গ্রাহকের অনেকেই ছিলেন হিজলি বা দেউলি নিবাসী রাজবন্দী। প্রথম সংখ্যা 'কবিতা'র দাম ছিল ছ-আনা। 'কবিতা' পত্রিকা সম্পাদনার পুরোটা সময় বুদ্ধদেব বসুর নিষ্ঠা ছিল অসামান্য।
'কবিতা' পত্রিকা বাংলা সাহিত্যের কি উপকারে লেগেছিল, ১৯৫৫ সালে 'কবিতা'র বিশ বছর পূর্তিতে বুদ্ধদেব বসুর লেখা সম্পাদকীয়তে এটি স্পষ্ট হয়ে ওঠে। সেখানে তিনি লিখেছিলেন, কেন তিনি 'কবিতা' পত্রিকা বের করছিলেন, কি করে কাটিয়ে দিলেন বিশটি বছর, কবিতা পত্রিকা আসলে কি চায়, ইত্যাদি ইত্যাদি। লিখলেন, আমরা কবিতা নামক বিষয়টাকে জরুরি মনে করি, মনে করি ওতে সমগ্রভাবে মানবসভ্যতার কিছু যায় আসে। এই লেখায় আমরা জানতে পারি, দু-তিন বছরের মধ্যে তরুণ কবিদের অন্তত পঁচিশখানা গ্রন্থ প্রকাশিত হ'তে পেরেছে, তার অনেকগুলোই আবার একেবারে প্রথম। এসব কবিরা 'কবিতা' পত্রিকায় লিখেই পরিচিতি পায়। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কবির কবিতা প্রথম 'কবিতা' পত্রিকাতেই স্থান পায়। যেমন, শঙ্খ ঘোষ, আনন্দ বাগচী, অলোকরঞ্জন দাশগুপ্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎকুমার মুখোপাধ্যায়, সমরেন্দ্র সেনগুপ্ত, তারাপদ রায়, দিব্যেন্দু পালিত প্রমুখ। পরের প্রজন্মের দু'জন বিখ্যাত কবির কবিতা কখনোই 'কবিতা' পত্রিকায় ছাপা হয়নি। উৎপলকুমার বসুর কবিতা বুদ্ধদেব বসু বুঝতে পারতেন না, আর বিনয় মজুমদার কখনোই 'কবিতা' পত্রিকায় তাঁর লেখা পাাঠান নি।
তরুণ কবিরা কবিতা পাঠালে বুদ্ধদেব বসু অনেকসময় সেগুলো সংশোধন করে দিতেন। নিয়মিত তাঁদের সঙ্গে পত্রালাপে, আলোচনায় ধরিয়ে দিতেন কবিতার ইতি-নেতি। এরকম দুটি ঘটনা উল্লেখ করার মতো। একটি শামসুর রাহমান, আরেকটি সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শামসুর রাহমান কবিতা পাঠালে বুদ্ধদেব বসু লিখলেন, তিন বা দুই, পাঁচ মাত্রার ছন্দে লেখা তাঁর কবিতাগুলি ছোটো লিরিকের উপযোগী, গম্ভীর ভাবের বড় কবিতার উপযোগী নয়। তাঁকে উপদেশ দিলেন, পয়ারে লিখতে, বা স্বরবৃত্তের হালকা চালে। যেখানে কবিতার সংগঠনের প্রয়োজন সেখানে পয়ার ছাড়া উপায় নেই। শামসুর রাহমানকে আরও লিখলেন, শুধু ভালো লেখায় যেন তৃপ্ত না থাকেন, লেখাগুলো যেন কবিতা হয়ে ওঠে।
সুনীলের বিখ্যাত কবিতা 'বিবৃতি' (উনিশে বিধবা মেয়ে কায়ক্লেশে উনতিরিশে এসে…) 'কবিতা' পত্রিকায় ছাপা হবার আগে বেশ কয়েকবার সংশোধিত হয়, কবি এবং সম্পাদকের কয়েকবার পত্র বিনিময়ের রেশ ধরেই। শক্তি চট্টোপাধ্যায় তাঁর কবি জীবনের আরম্ভ 'কবিতা' পত্রিকার মাধ্যমে বলে মনে করতেন। 'যম' কবিতা ছাপা হয়েছিল 'কবিতা'য়। অনেকদিন ধরেই শক্তি কাব্যচর্চা, গদ্যচর্চা করলেও কবিতা পাঠকের কাছে 'যমে'র মাধ্যমেই তাঁর আত্মপ্রকাশ।
ফিরে আসি প্রথম সংখ্যা 'কবিতা'য়। রবীন্দ্রনাথের লেখা নেই। তাঁকে পত্রিকাটি পাঠান হল। অনুরোধ করা হল লেখা দেবার জন্য। রবীন্দ্রনাথ প্রত্যেক কবির কবিতা ধরে আলোচনা করে চিঠি লিখলেন। নিজের কবিতা 'ছুটি' পাঠিয়ে দিলেন 'কবিতা'র জন্য।
প্রথম সংখ্যায় যাদের কবিতা ছিল তাঁরা হলেন, প্রেমেন্দ্র মিত্র (তামাশা), বুদ্ধদেব বসু (চিল্কায় সকাল, ঘুমের গান, বিরহ), বিষ্ণু দে (পঞ্চমুখ), সমর সেন (Amor stands upon you, মুক্তি, স্মৃতি), সঞ্জয় ভট্টাচার্য (জাগরণ, জন্মান্তর), জীবনানন্দ দাশ (মৃত্যুর আগে), অজিতকুমার দত্ত (ন খালু ন বাণঃ), প্রণব রায় (আলাপ), স্মৃতিশেখর উপধ্যায় (প্রচ্ছন্ন), হেমচন্দ্র বাগচী (সমাপ্তির সুর)।
রবীন্দ্রনাথের দীর্ঘ চিঠিটি সংক্ষেপ করলে যা দাঁড়ায়–
'তোমাদের 'কবিতা' পত্রিকাটি পড়ে বিশেষ আনন্দ পেয়েছি। এর প্রায় প্রত্যেকটি রচনার মধ্যেই বৈশিষ্ট্য আছে। সাহিত্য-বারোয়ারি দল-বাঁধা লেখার মতো হয়নি'।
লিখলেন, 'তোমার (বুদ্ধদেব বসুর) কবিতা তিনটি গদ্যের কণ্ঠে তালমান ছেঁড়া লিরিক এবং ভালো লিরিক। সঙ্গে সঙ্গে পদ্যছন্দের মৃদঙ্গওয়ালা বোল দিচ্ছে না বলে ভাবের ইঙ্গিতগুলি বিচ্ছুরিত হচ্ছে সহজে অথচ সহজে নয়। বিষ্ণু দের কবিত্বশক্তি আছে কিন্তু তাকে মুদ্রাদোষে পেয়েছে, সেটা দুর্বলতা। বিদেশী পৌরাণিক বা ভৌগোলিক উপমা কোনো বিশেষ কবিতার অনিবার্য প্রাসঙ্গিকতায় আসতেও পারে কিন্তু এগুলি প্রায়ই যদি তার রচনায় পরিকীর্ণ হয়ে আচমকা হুঁচট লাগাতে থাকে তবে বলতেই হবে এটা জবরদস্তি। সঞ্জয় ভট্টাচার্যের 'নীলিমাকে' কবিতাটি পূর্বেই দেখেছিলাম এবং প্রশংসাও করেছি। জীবনানন্দ দাশের চিত্ররূপময় কবিতাটি আমাকে আনন্দ দিয়েছে। এছাড়া অজিত দত্ত ও প্রণব রায়ের কবিতা পড়ে আমার মন তখনি স্বীকার করেছে তাঁদের কবিত্ব।'
এডোয়ার্ড টমসনের 'টাইমস লিটেরারি সাপ্লিমেন্ট' এ 'কবিতা' পত্রিকার উন্মেষ নিয়ে আলোচনা ছাপা হল। লেখাটির শিরোনাম ছিল BENGAL: A LAND MADE FOR POETRY. রবীন্দ্রনাথের পরবর্তী বাংলা কবিতার প্রথম আন্তর্জাতিক আলোচনা এটি। সে হিসেবে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। পরের বছর এডোয়ার্ড টমসনের মৃত্যুর পর বুদ্ধদেব বসুর অনুবাদে টমসনের রচনাটির বঙ্গানুবাদ ছাপা হয় 'কবিতা' পত্রিকায়।
টমসনের লেখার একজায়গায় উল্লেখ ছিল, 'বাংলাদেশ কবিতার দেশ। দ্বৈত তার সরলতা–একদিকে গঙ্গা, বিশাল পুরাকীর্তিত, আর-একদিকে শালসমাচ্ছন্ন উচ্চভূমি। সীমাহীন দিগন্তের চেতনা বাঙালির মজ্জাগত, বাংলা কবিতায় 'দিগন্ত' কথাটি কখনোই দূরপরাহত নয়।'
টমসন লিখলেন, 'বাংলা ভাষাও কাব্যপ্রাণ, তার শব্দসম্পদ এখনো চ্যুত হয়নি আদিম জীবন থেকে, যে-জীবন তার সৃষ্টির উৎস– তার শব্দরাশি প্রায়ই প্রাকৃত ধ্বনির অনুকরণ এবং সর্বদাই গীতধর্মী ও ব্যঞ্জনাময়'।
'প্রগতি' এবং 'কবিতা' দুটো পত্রিকা দিয়ে বুদ্ধদেব বসু সবার মন জয় করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর এক লেখায় সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, 'সাহিত্যজগতে আমরা সবাই বুদ্ধদেব বসুর পুত্রবৎ'।
অগ্রজের প্রতি অনুজের শ্রদ্ধা কতটা গভীর হ'লে এমন উক্তি করা সম্ভব, বোধ করি এর মাধ্যমেই সেটি প্রমাণিত হয়েছে।
গ্রন্থপঞ্জি:
বুদ্ধদেব বসু, আত্মজৈবনিক, বাতিঘর, এপ্রিল ২০১৮।
প্রতিভা বসু, জীবনের জলছবি, আনন্দ পাবলিশার্স লিমিটেড, বৈশাখ-১৪০০।
মীনাক্ষী দত্ত, স্মৃতিতে চিঠিতে বুদ্ধদেব বসু ও তাঁর সারস্বত গোষ্ঠী, প্রতিভাস, এপ্রিল ২০১১।
জ্যোতির্ময় দত্ত, আমার নাই বা হল পারে যাওয়া, অন্বয়, ডিসেম্বর ২০১৭।
সমীর সেনগুপ্ত, বুদ্ধদেব বসুর জীবন, প্রথম প্রতিভাস সংস্করণ, জানুয়ারি ২০১৯।
সমীর সেনগুপ্ত, অমল আমার সময়?, প্রথম প্রতিভাস সংস্করণ, জানুয়ারি ২০২০।
অচিন্ত্যকুমার সেনগুপ্ত, কল্লোলযুগ, ডি এম লাইব্রেরি, আশি^ন ১৩৩৭।
সুনীল গঙ্গোপাধ্যায়, আমার জীবনানন্দ আবিষ্কার এবং অন্যান্য, আনন্দ পাবলিশার্স লিমিটেড, জানুয়ারি ১৯৯৯।
সুদক্ষিণা ঘোষ, সঙ্গ নিঃসঙ্গতা : বুদ্ধদেব বসু, দে'জ পাবলিশিং, এপ্রিল ২০১৩।
