বাংলা উপন্যাসের বাদাবনে
বাংলা উপন্যাস বিষয়ে বেশ কিছুদিন আগে দু-টি লেখা পড়েছিলাম ফেসবুকে। দু-টি লেখার নীচে মন্তব্যগুলোও চোখে পড়েছিল। মন্তব্যকারীদের কেঊ কেঊ তরুণ গদ্যলেখক এবং তাঁরা এখন পশ্চিমবাংলায় আলোচিত নামও।
মন্তব্যগুলো পড়তে পড়তে মনে হচ্ছিল— ব্যতিক্রম হিসেবে দু-তিনজন লেখককে ছেড়ে দিলে, গত পঞ্চাশ বছর ধরে বাঙালি লেখকদের অবস্থানের সঙ্গে পাঠকদের অবস্থানও একই মাদুরে। শ্রোতা যেমন চান বয়াতির অর্থাৎ কথকের স্পষ্ট উচ্চারণ, সুরেলা কণ্ঠ, বলার ধরণে নাটকীয়তা, বিষয়টি সম্পর্কে জানকারি; তেমনই সেই কবে থেকে লেখকের কাছে বাঙালি পাঠকও চান গল্প বলার সাবলীল, গতিসম্পন্ন ঝকঝকে গদ্য। আদি ঢাকেশ্বরীর শোরুমে বিগতযৌবনা ক্রেতার সামনে ঢেলে-রাখা বেনারসী যেন। ঝকঝকে পত্রিকায় ধারাবাহিক ছাপার মতো। কাহিনির ওঠানামা, ঠাসবুনোট, অধিকন্তু দ্বিস্তরীয় বা ত্রিস্তরীয় সময়ে বিন্যস্ত হলে বেশ নতুনই হল বলা যায়। সঙ্গে যদি থাকে কোনো বিশেষ বিষয়ে লেখকের গবেষণালব্ধ খোঁজখবর এবং তার বিস্তারিত প্রকাশ, তাহলে বাঙালি পাঠক সেই রচনাকে কালোত্তীর্ণ বলেই মনে করেন।
ধরা যাক, আমি একটা উপন্যাস লিখছি। বিষয় পালযুগের কৈবর্ত্য বিদ্রোহ। দু-এক বছর বিস্তর পড়াশোনা করে এবং সেইসঙ্গে লাতিন আমেরিকার দু-একটা উপন্যাস পড়ে বাঙালি পাঠকের আয়েসি মাথায় সহজে বুজকুড়ি কাটার মতো সহজপাচ্য একটা উপন্যাস লিখে ফেললাম। যা দেখছি, উপন্যাসটি বিখ্যাত হয়ে যেতেই পারে। আর চমক। যে বিষয় নিয়ে কেঊ লেখেননি, তেমন একটা বিষয় যদি পেয়ে যাই, তাহলে তো কেল্লা ফতে। কেন?
বাঙালি এখনও গল্প চায়। গল্প একটু বুদ্ধিদীপ্ত হলে ইউনিভার্সিটি-ঘোরা পাঠকের অহমিকা মোটের ওপর অটুট থাকে, এই যা। ভাবখানা— মেসিই সেরা, তবে আমাদের সুনীল ছেত্রী নেপালকে দু-গোল তো দিল!
মনে রাখতে হবে, ফিল্ম আসার আগে উপন্যাসই ছিল নতুনতম রচনামাধ্যম— যার সূচনা হয়েছিল সেই মধ্যযুগের স্পেনে। সেও আজ নয়-নয় করে পাঁচশো বছর হতে চলল।
মনে রাখতে হবে, কাহিনি বলার জন্যে উপন্যাসের পাতাগুলো বরাদ্দ হয়নি। গবেষণালব্ধ তথ্য সরবরাহের জন্যেও নয়। নয় পাঠককে চমকে দেওয়ার জন্যেও। এসবই যদি হত, তাহলে 'পেদ্রো পারামো' আধুনিকতা-উত্তর উপন্যাসের জনক হত না। আমরা কেউ গার্গাঁতুয়ার কথা শুনতেই পেতাম না। 'রুটস' পড়ে আলেক্স হেইলিকেই দুনিয়ার সেরা লেখক হিসেবে স্বীকার করে নিতাম।
উপন্যাস কাহিনিতে নেই। আছে লেখকের নিজেকে উপর্যুপরি আবিষ্কারের মধ্যে। মানুষের নতুন সব অনুভূতির মধ্যে, যেগুলো ছিল অনাবিষ্কৃত। লেখককে বিজ্ঞানীই হতে হবে— এমন বিজ্ঞানী, যিনি প্রয়োগ আর সাফল্যের চলিত জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারেন এবং প্রচল জগতের মধ্যে অপ্রচলিতকে প্রত্যক্ষ করতে পারেন।
আমাদের দুর্ভাগ্য, বাংলাভাষায় এমন ঔপন্যাসিকের এবং উপন্যাসের সংখ্যা সত্যিই হাতে-গোনা।
দুই
এবার বলি— উপন্যাসের মানের দিক থেকে মধ্যবর্তী কোনো পরিসরে আমি থাকতে চাইনি। চাইও না। ওই বিপজ্জনক পরিসরটি সব ভাষার বহু লেখককে— তাঁদের লেখাগুলোকেও– অকারণ উচ্চতা দিয়ে এসেছে। ফলে অজস্র পাঠক অনেক সময়ই বিভ্রান্ত হয়েছেন প্রকৃত লেখাটিকে চিনতে। বছরকয়েক আগে জনৈক তরুণ গদ্যলেখকের গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে গিয়ে আমি নিজে শুনেছি চেতন ভগতের নাম উচ্চারিত হতে। এবং সশ্রদ্ধ কণ্ঠে। মাইক্রোফোন ধরে আপত্তিও করেছি। সে-কথা শুনে জনৈক শুভার্থী মার্কিন মুলুক থেকে আমাকে সতর্কও করেছেন দ্বিতীয় বার এমনটা না-করতে। কেননা, উদ্যোক্তারা নাকি চেতনভক্ত। আমার মতো অবচেতনভক্তকে নিয়ে সেই শুভার্থীর দুশ্চিন্তা সেলফোন বেয়ে চুইয়ে পড়েছিল।
তিন
লক্ষ্য সবার জীবনে থাকে। একটা উপন্যাসের জীবনেও। সব লেখক, সব লেখা সেই খড়ির দাগ ছুঁতে পারে না। তার মানে এই নয় যে তিনি হেরে গেছেন। হারে স্প্রিন্টাররা। আর সৎ লেখকরা সেই পরাজয়ের পতনেও— মাঠে মুখ থুবড়ে-পড়া ঠোঁটের স্পর্শীভূত ঘাসে ঘাসে— রেখে যায় এমন সব স্তব্ধ মুহূর্ত, অনন্তকাল যে-মুহূর্তগুলি বিড়বিড় করে কিছু বলতে চাইবে।
আমি চাই অন্তত সে-রকম উপন্যাস। বেশি চাইছি? তা হলে তা-ই!
বাংলা উপন্যাসকে খাটো করতে একেবারেই চাই না। বলতে চাইছি, বাংলাভাষায় এমন উপন্যাসের সংখ্যা হাতে-গোনা। রুশভাষায় উপন্যাসের চাষ হয়েছে বলা যায়। একটা হাতের করসংখ্যা অধিকতর কুড়ি। আচ্ছা, কেউ কি বলতে পারি কুড়িটা এমন রুশ উপন্যাসের নাম, যেগুলো বিশ্বসাহিত্যে অমরতাকে ছুঁয়েছে? পারি না। কেন? সোজা কথা— নেই বলেই পারি না। তাহলে? বাংলায় নেই শুনে 'গেল-গেল' রব উঠবে কেন?
আশ্চর্যের এটাই যে, তবু কেউ কেউ থাকেন— যিনি বোকা, যিনি ছুঁতে চান সেই অ্যাবসলিউটকে!
আমি সেই বোকা লেখকটির অপেক্ষায় বসে থাকি।
