২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্কুবাইন, রক্ষিতা, কিংবা পৃথক পালঙ্কের সই সমাচার

হোসেন আলমগীর

Published : 04 Dec 2019, 11:36 AM

Updated : 03 Oct 2022, 11:24 AM


ছবি: কিউবা বিপ্লবে ফিদেল ক্যাস্ট্রোর সহযোগী এবং তাঁর কঙ্কুবাইন নিটোলা রিভোল্ট ক্লুস
১৬৬২ সালের মে মাসের এক ভোর বেলায় পর্তুগাল থেকে একটি জাহাজ এসে ব্রিটেনের পোর্টসমাউথ বন্দরে নোঙ্গর ফেলে। জাহাজের ডেকে দাঁড়িয়ে পর্তুগালের রাজকুমারী (ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লসের নববধূ) ক্যাথরিন বেরাগানজা (১৬৩৮-১৭০৫ খ্রি:) ভাবছিল তাঁর স্বামী, সংসার, এবং ভবিষ্যৎ নিয়ে। দেশ থেকে বিদায় নেবার সময় ক্যাথরিন রানীমাতাকে কথা দিয়েছিল যে, সে কখনোই তাঁর স্বামীর মিস্ট্রেস (কঙ্কুবাইন) বারবারা ক্যাসলমিনকে দরবারে গ্রহণ করবে না। মা তাকে এ কঙ্কুবাইন সম্পর্কে সাবধান করে দিয়েছিল; সে নাকি তাঁর নিজের স্বামীর সাথে বেইমানি করে রাজার সাথে রাত কাটাচ্ছে, রাজকোষ সাফ করে দিচ্ছে, এবং ইতিমধ্যে রাজার একটি জারজ সন্তানও পয়দা করেছে- তাও কিনা তাঁর বিয়ের দেন-দরবার শুরু হবার নয় মাসের মাথায়। প্রথানুযায়ী গির্জায় ঘণ্টা বাজিয়ে, রাজ্য জুড়ে বহ্নি-উৎসব করে রানীর শুভাগমন বার্তা ঘোষণা করা হলেও রাজা দ্বিতীয় চার্লসের বধূবরণ করার কোন আলামত দেখা গেল না। স্যার জন রিরেসবি (সংসদ সদস্য) আনুষ্ঠানিকভাবে রানীকে স্বাগত জানালেও জাহাজ ঘাটে ক্যাথরিনকে পড়ে থাকতে হলো প্রায় এক সপ্তাহ এবং সেটার কারণ ওই কঙ্কুবাইন। ক্যাথরিন বেরাগানজা যখন স্বামীর অপেক্ষায় জাহাজে দিন গুনছে, চার্লস তখন প্রতিটি অবসর মুহূর্ত উপভোগ করছেন তাঁর মিস্ট্রেস লেডি ক্যাসলমিনের সাথে। অবশেষে ছয় দিন পরে রাজা যখন তাকে বরণ করতে এলেন তখন ক্যাথরিন অসুস্থ; অপেক্ষা, বঞ্চনা, আর অসম্মানের ক্ষোভে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছেন। ৩২১ বছর পরে ব্রিটেনের রাজ পরিবারে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে যুবরাজ চার্লস এবং ডায়নার বিয়ের আগের রাতে। ডায়না যখন তাঁর সতীত্বের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন চার্লস রাত কাটাচ্ছেন ক্যামিলার সাথে। ঊনিশ বছরের ডায়না সম্পূর্র্ণ বিশ্বাস করেছিল যে চার্লস তাকে ভালোবাসার জন্য বিয়ে করেছে, কিন্তু তাঁর স্বপ্ন শুরুতেই মিসমার হয়ে যায়–স্বামী ইতিমধ্যে মিস্ট্রেসের দখলে চলে গেছে।

১৭৯২ সালের জুলাই মাসের ১০ তারিখে মারওয়ারের (যোধপুরঃ দক্ষিণ-পশ্চিম রাজস্থান) শাসক মহারাজা বিজয় সিং রাঠোরের কাছে একটি দুঃসংবাদ আসে; তাঁর পাস্ওয়ান (কঙ্কুবাইন) গুলাব রাই খুন হয়েছে। দুজন ব্যক্তিগত চাকরানীর মুখে এ ঘটনার বিস্তারিত বয়ান শুনে মহারাজা জ্বরের ঘোরে সারারাত অচেতন হয়ে থাকেন। রাজধানী যোধপুরে তাঁর অনুপস্থিতির সুযোগে কিছু রাজপুত সর্দার গুলাব রাইকে হত্যা করেছে। পরবর্তী চার দিন বিজয় সিং এর স্বাস্থ্যের অবস্থা অবনতি ঘটতে থাকে এবং এক বছর পরে ১৭ জুলাই ১৭৯৩ সালে তিনি মৃত্যুবরণ করেন। প্রিয়তমা কঙ্কুবাইনকে হারানোর অসহ্য যাতনা বিজয় সিং এর মৃত্যুর মূল কারণ বলে ধরে নেয়া হয় (Khanna: The Female Companion)। সম্রাট আওরঙ্গজেবের (১৬১৮-১৭০৭ খ্রি:) কঙ্কুবাইন হীরাবাই ওরফে জৈনাবাদীর স্বাভাবিক মৃত্যু হলেও আওরঙ্গজেব সেটা মেনে নিতে পারেননি। তাকে হারানোর শোকে তিনি সূরা এবং সংগীত পরিত্যাগ করেন। ইটালির পর্যটক নিকোলো মানুচির বর্ণনায় এ সত্যতা পাওয়া যায়। ইতিহাসে উল্লিখিত এসব কঙ্কুবাইনদের পাশাপাশি বিশ্বসাহিত্যেও অনেক কঙ্কুবাইনদের দুঃসহ দহন এবং আত্মত্যাগের বয়ান রয়েছে, যেমন নাথানিয়েল হথর্নের 'দি স্কারলেট লেটার (The Scarlet Letter)' উপন্যাসে হেস্টার প্রাণ, 'ডাক্তার জিভাগো (Doctor Zivago)' উপন্যাসে লারা (Larisa), গুইস্তব ফ্লবেয়া'র 'মাদাম বোভারি (Madame Bovary)' উপন্যাসে এমা বোভারি, এবং লিও তালস্তয় এর "আনা কারেনিন" উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র আনা কারেনিনা ।

সেই বাইবেলের যুগ থেকে আজ পর্যন্ত শিল্পী, কবি, দার্শনিক,রাজনৈতিক, সাধু-সন্ত এবং পীর-পয়গম্বরদের জীবনে কঙ্কুবাইনদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়, যেমন শ্রীকৃষ্ণের কঙ্কুবাইন রাধা (লোক কাহিনী মোতাবেক), এব্রাহামের কঙ্কুবাইন হেগার, এথেন্সের রাষ্ট্রনেতা পেরিক্লেসের এসপাসিয়া, রোমান কবি অভিদের করিন্না, বাভারিয়ার রাজা প্রথম লাডউইগের লোলা মন্তেজ, জ্যঁ পল সার্ত্রের সিমোন দ্য বভূয়া, নবাব সিরাজউদ্দৌলার লুৎফুন্নিসা, জন এফ কেনেডির মেরিলিন মনরো, এবং ফিদেল ক্যাস্ট্রোর নিটোলা রিভোল্ট ক্লুস। এসব বিখ্যাত মানুষের জীবনে কঙ্কুবাইনের উপস্থিতি আমাদের মনে কিছু প্রশ্ন তৈরি করে; এদের প্রয়োজনীয়তা কেন এত গুরুত্বপূর্ণ যেখানে তাদের এক বা একাধিক সুন্দরী স্ত্রী আছে কিংবা থাকার সুযোগ রয়েছে? এ প্রবন্ধে গোত্রপতি, নৃপতি, রাষ্ট্রপতি, ধনপতি, অভিজাত শ্রেণী এবং মধ্যবিত্ত বুর্জোয়া (বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক) শ্রেণীর জীবনে কঙ্কুবাইনের অবস্থান নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে নিম্নবর্গের কঙ্কুবাইনদের নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি এ কারণে যে, তাদের নিয়ে কোন উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি।

কঙ্কুবাইন, উপপত্নী, উপস্ত্রী, নর্মসখী, নাগরী, অবিবাহের বধূ, যৌন দাসী, পাটরানী, পাসওয়ান, বিবি, ফেমিনা (ইতালি), মিস্ট্রেস (ইংল্যান্ড) ইত্যাদি শব্দাবলী মূলত একটাই অর্থ বহন করে; কোনও নারীর স্বেচ্ছায় (কিংবা অনিচ্ছায়) উচু শ্রেণীর কোন পুরুষের সাথে দীর্ঘদিন বিবাহিত স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখা। এ সম্পর্কটি মূলত ক্ষমতার উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ, যদি কোন পুরুষের নারী কঙ্কুবাইন থাকে তাহলে ওই নারীর উপর তার সম্পূর্ণ কর্তৃত্ব বজায় থাকে এবং এ কর্তৃত্ব তিনি অর্জন করেন অর্থ-বিত্ত এবং সামাজিক সম্মানের কারণে। আবার কোন নারীর যদি পুরুষ কঙ্কুবাইন থাকে তাহলে তার কর্তৃত্ব থাকে ওই পুরুষের উপর, যেমন: চীনের সম্রাজ্ঞী উযাতিএন (Wu Zetian) কিংবা রানী এলিজাবেথ প্রথমা। 'কঙ্কুবাইন' শব্দটির উৎপত্তি লাতিন শব্দ con ("with") এবং cubare ("to lie") থেকে, যার অর্থ কারো সাথে শোয়া। কঙ্কুবাইন বলতে আমরা সচরাচর নারীকেই বুঝি কিন্তু কঙ্কুবাইন পুরুষও হতে পারে, যেমন রোমান যুগে 'concubinus' বলতে বিশেষ রূপবান যুবকদের বুঝাতো, যারা তাদের মালিকের পছন্দানুযায়ী শয্যা-সঙ্গী হতো।

কঙ্কুবাইন হওয়ার ব্যাপারটি মূলত স্বেচ্ছামূলক। কোনও নারী স্বেচ্ছায় অথবা পরিবারের সম্মতিতে কোন উচুতলার মানুষের কঙ্কুবাইন হতে পারে। এ প্রথাটি প্রাচীন এবং মধ্যযুগে সামাজিকভাবে স্বীকৃত ছিল। যেমনঃ ধরা যাক, দারিদ্রের কষাঘাত থেকে মুক্তির আশায় কোনও হিব্রু বাবা তাঁর কন্যাকে কঙ্কুবাইন হিসেবে বেচে দিলো। বিশেষত দরিদ্র পরিবারগুলো তাদের মেয়েদের একটু সচ্ছলতার ভেতরে রাখা এবং কিছু আর্থিক সুবিধা লাভের আশায় মেয়েদের এ প্রথায় সংশ্লিষ্ট করতো। জাপানে মেইজি শাসনামলে দরিদ্র পিতা-মাতারা তাদের মেয়েদের গোত্রপতি বা ধনপতিদের কাছে বেঁচে দিতো দু-পয়সা লাভের আশায়। ঠিক তেমনি, উপনিবেশিক ভারতে ইংরেজ কর্মকর্তা, কর্মচারী এবং সৈনিকেরা স্থানীয়ভাবে বিবি বা মিস্ট্রেস সংগ্রহ করতেন অর্থের বিনিময়ে। দরিদ্র অভিভাবক, লোভী কিংবা নিষ্ঠুর পিতা-মাতারা তাদের মেয়েদের বিলাতি বাবুদের কাছে বিক্রি করে দিতো (Sharma: My Faithful Servants)। আবার, অভিজাত শ্রেণীর কঙ্কুবাইনরা স্বেচ্ছায় কিংবা স্বামী বা অভিবাবকের সম্মতিতে এ ব্যবস্থায় অংশ নিতো, যেমন নেপোলিয়নের কঙ্কুবাইন মারিয়া তার স্বামীর সম্মতিতেই নেপোলিয়নের কাছে ভিড়েছিলেন (Herman: 84)। অথবা, কোন নারী চরম অভাব-অনটনের মাঝে ক্ষুধা এবং বেশ্যাবৃত্তির সম্ভাবনা থেকে পরিত্রাণ পাবার জন্য নিজেই এ ব্যবস্থায় অংশ নিতে পারে। তবে অনেক নারীকে বাধ্যতামূলক যৌন দাসত্বও মেনে নিতে হয়। প্রাচীন এবং মধ্য যুগে যুদ্ধবন্দী নারীদের একাজে বাধ্য করা হতো। প্রাচীন গ্রিক নাটকে এর যথেষ্ট উদাহরণ আছে, যেমন ট্রয়ের রাজকুমারী ক্যাসান্ড্রা যুদ্ধের পরে হয়েছিল আগামেমননের কঙ্কুবাইন (আগামেমনন – এসকিলাস) আর হেক্টরের বৌ এন্ড্রোমাহি হয়েছিল একিলেয়াসের ছেলের কঙ্কুবাইন বা যৌন-দাসী (এন্ড্রোমাহি – ইউরিপিদেস)। তবে বিশ্বের কোথাও কোথাও এ পরিস্থিতি এখনো বজায় আছে। আফ্রিকার কিছু রাষ্ট্র এবং সমাজে, এবং কিছুদিন আগেও ইরাক ও সিরিয়ার মাঝখানে হঠাৎ গজানো 'ইসলামিক স্টেট' এর নারীদের বাধ্যতামূলক এ কাজটি করতে হয়েছে। তবে এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো হিটলারের সৎ বোন আঙ্গেলা রওবল এর কন্যা গেলি রওবল, যাকে হিটলার জোরপূর্বক নজরবন্দি করে ভোগ করতেন। গেলির কাকুতি-মিনতি, অনুনয়-বিনয় কোন কিছুই হিটলার কানে তোলেনি; এর পরিণামে, ১৯৩১ সালের সেপ্টেম্বর ১৯ তারিখ গেলি পিস্তলের গুলিতে আত্মহত্যা করে।

মধ্যপ্রাচ্যে প্রাচীন এবং মধ্যযুগে কঙ্কুবাইন বেছে নেয়া হতো মূলত দাসী-বাদীদের ভেতর থেকে এবং তাদের সাথে মালিকের যৌন মিলনের অধিকার ছিল। এসব নারীরা ছিল হয় যুদ্ধবন্দী, নয় খরিদ করা, কিংবা উপহার-উপঢৌকন হিসেবে লাভ করা, অথবা উত্তরাধিকার সূত্রে পাওয়া । শুধুমাত্র যৌন কামনার কারণে সবাই কঙ্কুবাইন গ্রহণ করতো তা কিন্তু নয়। এ কঙ্কুবাইনদের কখনো কখনো প্রয়োজন হতো বংশ রক্ষার কাজে । অর্থাৎ, বিবাহিত স্ত্রী বন্ধ্যা হলে স্বামী কোন সুন্দরী এবং ঘনিষ্ঠ বাদীকে কঙ্কুবাইন হিসেবে গ্রহণ করতো এবং তাদের মিলনে সৃষ্ট সন্তানকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতো। এসব কঙ্কুবাইনরা মালিকের সন্তানের মা হলে তাদের সামাজিক মর্যাদা কিছুটা বেড়ে যেত এবং তারা কিছু কিছু অধিকারও ভোগ করত। ওই পরিবারে তাদের অবস্থান ছিল উপপত্নীর মত।

হিব্রুতে কঙ্কুবাইন এর সমর্থক শব্দ 'পিলিগেস (pilegesh)', যার অর্থ বাড়িতে থাকা কোনও মিস্ট্রেস। অনুরূপ, গ্রীক ভাষায় শব্দটি হলো pallakis, আর লাতিনে পেইলেক্স (pellex)। অসিরীয়দের (প্রাচীন সভ্যতা, বর্তমান ইরাক, সিরিয়া, এবং তুরস্কের অংশবিশেষ নিয়ে গঠিত, খ্রি: পূর্ব ২৫০০) মাঝে কঙ্কুবাইনকে স্ত্রীর মর্যাদায় উন্নীত করতে হলে স্বামীকে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বীকৃতি দিতে হতো, অবশ্য এ আচার-অনুষ্ঠানটি কি ধরণের হতো বাইবেলে তার কোন উল্লেখ নেই। আরবিতে concubinage এর প্রতিশব্দ al – sirr যা কিনা কোন পুরুষ এবং তাঁর দাসীর মাঝে বিয়ের (al-nikah) অনুরূপ একটা বৈধ সম্পর্ক। একজন গৃহস্বামী তার বাদীদের ভেতর থেকে পছন্দের কাউকে কঙ্কুবাইন হিসেবে বেছে নিয়ে তার সাথে স্ত্রীর মতো বসবাস করতে পারতেন। ধ্রুপদী আরবি ভাষায় (উমায়াদ এবং আবাসিদ যুগের সাহিত্যের ভাষা, ৭ম এবং ৯ম খ্রি: ব্যবহৃত শুদ্ধ আরবি) concubinage (al-sirr) থেকে উদ্ভূত a concubine হচ্ছে মূলত বিয়ে (Lisan al Arab 4/304)। যেহেতু আরবিতে sirr এর অর্থ গোপনীয় তাই concubinage হলো বিয়ে (al-nikah), যেহেতু এটা গোপন রাখা হয়েছে (Lisan al-Arab 7/167)। ইসলামে কঙ্কুবাইন স্ত্রীর অনুরূপ, কিন্তু সমতুল্য নন। বেবিলনীয় 'তালমুদ' (ইহুদি ধর্মশাস্র) অনুযায়ী স্ত্রী আর কঙ্কুবাইনের মধ্যে পার্থক্য হলো এটুকুই যে, স্ত্রীর ক্ষেত্রে বিয়ে এবং খোরপোষের একটি চুক্তি থাকে কিন্তু কঙ্কুবাইনের ক্ষেত্রে কোনও চুক্তি থাকে না। আদি যুগে কঙ্কুবাইনকে এক ধরণের স্ত্রী হিসেবেই স্বীকার করা হতো – কেননা বাইবেলে কঙ্কুবাইনের স্বামীকে জামাই এবং কঙ্কুবাইনের পিতাকে শ্বশুর হিসেবে উল্লেখ করা হয়েছে। যেহেতু সে সময়ে বেশী সন্তান ধারণ করাটা খোদা-তালার আশীর্বাদ এবং বন্ধ্যাত্বকে দেখা হতো অভিশাপ হিসেবে, সে কারণে বন্ধ্যা স্ত্রীরা তাদের দাসী-বাদীদের স্বামীকে উপহার দিতো সন্তান লাভের জন্য, যেমন এব্রাহামের স্ত্রী সারাহ তাঁর দাসী হেগারকে এব্রাহামের হাতে তুলে দিয়েছিলো বংশ রক্ষার জন্য, যার গর্ভে ইসমাইল জন্মগ্রহণ করে। পরে সারাহ অবশ্য দুজনকেই বাড়ি থেকে উচ্ছেদ করেছিল। বাইবেলে অনেক চরিত্রের কঙ্কুবাইন ছিল যেমন গিডিয়েন (ইসরায়েলের সেনাপতি, বিচারক এবং পয়গম্বর), ডেভিড (ইসরাইলের রাজা), এবং সলোমন (ডেভিডের পুত্র)। 'The Book of King' অনুযায়ী সলোমনের ছিল ৭০০ স্ত্রী এবং ৩০০ কঙ্কুবাইন (1 Kings 11:3)।

বাইবেলে দুজন দুর্ভাগা কঙ্কুবাইনের সরাসরি উল্লেখ আছে। একজন হলো এইয়া'র কন্যা রিচপা (২ স্যামুয়েল ৩: ৭-১১), তিনি ছিলেন ইসরাইলের রাজা 'সল' এর কঙ্কুবাইন,এবং গিবেয়া নগরে ধর্ষণের শিকার এক অনাম্নী কঙ্কুবাইন – যার মৃত্যুর প্রতিশোধের আগুনে বেঞ্জামিন গোষ্ঠী প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছিল। ঘটনাটি ঘটে ৫০০ থেকে ১০০০ খ্রিস্টপূর্বের ভেতরে কোন এক সময়, যা 'ব্যাটেল অফ গিবেয়া' হিসেবে পরিচিত। ইসরাইল এবং জুদা (৯২০-৭২০ খ্রি:পূর্ব) রাজাদের ভেতরে কঙ্কুবাইন রাখার প্রচলন ছিল। সিংহাসন অধিকারের সাথে সাথে উত্তরাধিকারী কঙ্কুবাইনদের অধিকারও লাভ করত। অর্থাৎ, একমাত্র সিংহাসনের বৈধ উত্তরাধিকারীই ছিলো রাজকীয় কঙ্কুবাইনদের দাবিদার। কিন্তু রাজা সল এর মৃত্যুর পর আবনার রিজপার সাথে সহবাস করে এবং এ নিয়ে সলের পুত্র, সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী, ইসবসেথ এর সাথে আবনারের দ্বন্দ্ব শুরু হয়। আবনার ছিলেন সলের ভাই এবং তাঁর সেনাপতি। চাচা-ভাতিজার দ্বন্দ্বে জুদা'র রাজা ডেভিডের হয় পোয়াবারো, ডেভিড ইসবসেথকে পরাজিত করে জুদা আর ইসরাইলকে জুড়ে দিয়ে ইসরাইল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।


ছবি: সকাল বেলা ক্লান্ত, ক্ষত-বিক্ষত, এবং মৃত্যু-প্রায় কঙ্কুবাইন টলতে টলতে বৃদ্ধের দুয়ারে এসে মুখ থুবড়ে পড়ে যায়। (শিল্পী: জেমস টিসোট)
প্রাচীন মেসোপটেমিয়ায় বিয়ের বিধিতে এ রকম একটি শর্ত ছিল যে, কোন স্ত্রী বন্ধ্যা হলে তাকে অবশ্যই একজন বাদী তার স্বামীর কাছে সমর্পণ করতে হবে; উদ্দেশ্য সন্তান ধারণ করা (কোড অফ হাম্মুরাবি)। রোমে, বিশেষত সম্রাট অগাস্টাসের সময়ে একজন অবিবাহিত পুরুষ তার পছন্দের নারীকে কঙ্কুবাইন হিসেবে রাখতে পারতো, তবে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হতো। কিন্তু কারো স্ত্রী থাকলে কঙ্কুবাইন রাখাটা আইনত নিষিদ্ধ ছিল। প্রাচীন রোমান আইনে কঙ্কুবাইনের সন্তানদের পিতার সম্পত্তিতে আংশিক উত্তরাধিকার ছিল। আর পিতার কোনো বৈধ সন্তান না থাকলে তার কঙ্কুবাইনের সন্তান সম্পত্তির উত্তরাধিকার হতো। সেইন্ট অগাস্টিন (৩৫৪-৪০০খ্রি:), যার নিজের কঙ্কুবাইন ছিল, কঙ্কুবাইন গ্রহণের পক্ষে মতামত দিয়েছেন; বিশেষত যাদের ক্ষেত্রে পরস্ত্রী কিংবা বেশ্যা গমনের সম্ভাবনা ছিল। অগাস্টিন স্বীকার করেছেন যে, তিনি কঙ্কুবাইন রেখেছিলেন তাঁর অশান্ত কামনা-বাসনা পূরণের জন্য। মধ্যযুগের ইউরোপে যার সামর্থ্য ছিল সে-ই কঙ্কুবাইন রাখতে রাখতে পারতো। এসব অবিবাহের বঁধুরা পুরুষদের যৌনানন্দ দেবার বিনিময়ে একটু সচ্ছল জীবনযাপন এবং অর্থ লাভের প্রত্যাশা করতো। বিশেষত ইউরোপে মিস্ট্রেস বা কঙ্কুবাইন হওয়াটা ছিল এক ধরনের চাকুরীর মত- কারও ভাগ্য সুপ্রসন্ন হলে সে তার সঙ্গীকে বিয়েও করতে পারত। মধ্যযুগে আইসল্যান্ডে কঙ্কুবাইন রাখার আইনগত বৈধতা ছিল, কিন্তু একই ছাদের নিচে স্ত্রী এবং কঙ্কুবাইনকে নিয়ে বসবাস করা যেত না। Danish Code of Valdemar -2 (১২৮০-১৬৮৩ খ্রি: পর্যন্ত বলবত ছিল) অনুযায়ী কোন কঙ্কুবাইন কারও সাথে একনাগাড়ে তিন বছর প্রকাশ্যে বসবাস করে তাহলে সে তার বৈধ স্ত্রী।

তবে প্রাচীনকাল থেকে প্রবহমান এ প্রথাটি মধ্যযুগে ইউরোপে এসে নিয়ম-নীতির গ্যাঁড়াকলে পড়ে। ইউরোপের কোথাও কোথাও কঙ্কুবাইন বা মিস্ট্রেস প্রথা নিষিদ্ধ হয়ে যায়। ইতালিতে ১৫১৪ সালে রোমান ক্যাথলিক চার্চের Fifth Latern Council কাউন্সিল এবং ১৫৬৩ সালে The Council of Terent এ প্রথাটি অবৈধ ঘোষণা করে। Council of Terent সব ধরণের কঙ্কুবাইন বৃত্তির বিরুদ্ধে অবস্থান নেয়। চৌদ্দ শতকের গোড়ার দিকে ইটালির কিছু শহর যেমন ক্রেমিয়া এবং হূৎসবুর্গে কঙ্কুবাইন প্রথা অবৈধ ঘোষণা করা হয়। পনেরো শতকে আরও অনেকগুলো শহর যেমন এভিনিও বয়সিল এবং বেরগামোতে এ ব্যাপারে কড়া শাস্তি ঘোষণা করা হয়। প্রটেস্টান্ট অধ্যুষিত এলাকাগুলোতে অবিবাহিত দম্পতিদের পাকড়াও করে শাস্তি দেয়া হতো। ফ্রান্সে ১৫১৬ সালের দিকে এর বিরুদ্ধে আইনগত বাধা প্রদান শুরু হয়। অবশ্য এর অনেক আগে এগারো শতকে সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠী কঙ্কুবাইন, দাসত্ব, এবং বহুবিবাহের মতো প্রথাগুলো নিষিদ্ধ করে দিয়েছিলো। ইসলামি দৃষ্টিকোণে কঙ্কুবাইন বা রক্ষিতা-বৃত্তি প্রত্যাখ্যানের ব্যাপারটা ঘটেছিলো ১৮৭০ এর দশকে, শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ায় এবং ধীরে ধীরে তা মিশর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যদিও মওলানা মওদুদী এর বিরুদ্ধ মত পোষণ করতেন (Clarance-Smith: Eunuch and Concubines)। দক্ষিণ-পূর্ব এশিয়ার ইসলামিক রাষ্ট্র বা সংস্কৃতিতে কঙ্কুবাইনের সন্তানরা স্বাধীন বিবেচিত হতো না, তারা নিম্নতর সামাজিক মর্যাদা পেত। এটা ছিল স্পষ্টত শরিয়া আইনের লঙ্ঘন, যেখানে উল্লেখ আছে কঙ্কুবাইনের সন্তান দাস হিসেবে বিবেচিত হবেনা- তারা স্বাধীন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় কঙ্কুবাইন হবার যোগ্যতা শুধুমাত্র রূপের ঝলকেই সীমাবদ্ধ ছিলনা, তাদের গুণেরও প্রয়োজন হতো, যেমনঃ কৃষিকাজে দক্ষতা। একাজে পারদর্শী বাদীরা কঙ্কুবাইনের মর্যাদায় উন্নীত হতো। এশিয়ায় বিভিন্ন রাষ্ট্রে কঙ্কুবাইনরা তাদের মালিকদের বাড়িতে বাস করত এবং তাদের স্ত্রী ও অন্যান্য কঙ্কুবাইনদের সাথে গেরস্থালীর কাজে সহায়তা করত। গৃহস্বামীর বয়োজ্যেষ্ঠ স্ত্রী এসব কঙ্কুবাইনদের তত্ত্বাবধান করতেন। মেইজি যুগে (১৮৬৮-১৯১২ খ্রি:) জাপানে যে কোনো সক্ষম পুরুষ কঙ্কুবাইন রাখতে পারতো, কিন্তু কোনো নারীর প্রেমিক থাকাটা আইনত দণ্ডনীয় ছিল। সেখানে মালিক কঙ্কুবাইনের সন্তানকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিলেও কঙ্কুবাইন কখনই সন্তানের মা হিসেবে স্বীকৃতি পেত না। মালিকের স্ত্রী কঙ্কুবাইনের সন্তানকে দাপ্তরিক মাতা হিসেবে লালন পালন করতেন। জন্মদাত্রী কঙ্কুবাইন থাকতেন শুধুমাত্র চাকরানী হিসেবে।

তবে এসব কামনা-বাসনার সঙ্গী কিংবা উত্তরাধিকার উৎপাদনে নিয়োজিত নারীদের কোন সামাজিক নিরাপত্তা ছিলনা। প্রয়োজনে গ্রহণ এবং অপ্রয়োজনে বর্জনের শিকার হয়েছে অনেক দুর্ভাগা কঙ্কুবাইন, যেমনঃ হেগার (এব্রাহাম), রিচপা (সল), গিবেয়ার অনাম্নী কঙ্কুবাইন, মারিয়া (নেপোলিয়ন) কিংবা নিটোলা রিভোল্ট ক্লুস (ফিদেল ক্যাস্ট্রো)। এদের মাঝে, বিশেষত: হেগার দুনিয়ার নারী জাতির কাছে বঞ্চনার প্রতীক হয়ে আছেন। বাইবেলের The Book of Genesis (১৬: ১-১৬ এবং ২১: ৯-২১) এ তাঁর দুর্ভাগ্যের কাহিনী উল্লিখিত আছে:

এব্রাহাম এবং তাঁর স্ত্রী সারাহ ছিলেন নিঃসন্তান। তাদের যথেষ্ট অর্থ-বিত্ত থাকলেও দুঃখ একটাই – কোন উত্তরাধিকার নেই। একজন গোত্রপতির স্ত্রী হিসেবে এটা সারাহ'র জন্য ছিল একটা মানসিক চাপ, কেননা প্রাচীনকালে নারীর বন্ধ্যাত্বকে অভিশাপ হিসেবে দেখা হতো এবং তার পরিণতি ঘটতো তালাকের মাধ্যমে। কিন্তু সারাহ-এব্রাহামদের সমাজে একটা বিকল্প ব্যবস্থাও ছিল; সন্তানের ধারণের জন্য একজন সুফলা কঙ্কুবাইন গ্রহণ করা। অতএব সারাহ যখন দেখলো বছরের পর বছর চেষ্টার পরেও তাঁর সন্তান হচ্ছে না, তখন তিনি এব্রাহামকে কঙ্কুবাইন গ্রহণের প্রস্তাব করেন: 'দেখলে তো, খোদাতায়ালা আমারে কোনো বাচ্চা-কাচ্চা দিল না, এই লও, আমার বান্দির লগে থাকো, হয়তো ওরে দিয়া আমি বাচ্চা-কাচ্চা পাইতে পারি' (জেনেসিস: ১৬)। এব্রাহাম স্ত্রীর উপহার হিসেবে হেগারকে গ্রহণ করেন। কৃষ্ণাঙ্গী হেগার ছিলেন সারাহ'র দাসী, তার বাড়ি ছিল মিশরে। অতএব ছিয়াশি বছর বয়সী এব্রাহাম এবং হেগারের মিলনে হেগার গর্ভবতী হন । কিন্তু হেগারের পেট যত ফুলতে থাকে তাঁর আচরণও ততটা বদলাতে থাকে- হেগার হয়ে উঠে আত্মবিশ্বাসী এবং অবিচল। আর কেনইবা হবে না – কঙ্কুবাইন হলেও তার পেটে বেড়ে উঠছে এব্রাহামের ভবিষ্যৎ। তাঁর চালচলনে সারাহ'র প্রতি তাচ্ছিল্য প্রকাশ পায় যা সারাহকে ক্ষুব্ধ করে তোলে। সারাহ বিষয়টা এব্রাহামের কানে তুললে তিনি তাকে সাফ জানিয়ে দেন যে, হেগার হলো তাঁর দাসী, অতএব তাকে নিয়ে সারাহ যা খুশি করতে পারে (জেনেসিস ১৬ : ৪-৬) । সারাহ বাস্তবিকই কি করেছিল জানা যায় না, কিন্তু হেগারের উপর অত্যাচারের মাত্রা যে বাড়িয়ে দিয়েছিলো তা অনুমান করা অসম্ভব নয়; না হলে হেগার পোয়াতি অবস্থায় বাড়ি ছেড়ে পালাবে কেন? কিন্তু কিছুদিন স্বেচ্ছা-নির্বাসনের পর হেগার আবার এব্রাহামের বাড়িতে ফিরে আসে এবং যথাসময়ে প্রথানুযায়ী সারাহ'র দুই উরুর মাঝখানে ইসমাইলকে প্রসব করে।

তের বছর ইসমাইলকে লালন-পালন করার পরে ঘটে এক কুদরতি ঘটনা; সারাহ'র বন্ধ্যাত্ব মোচন হয় এবং তিনি গর্ভবতী হন। তখন তাঁর বয়স নব্বুই আর এব্রাহাম শতবর্ষী। তাদের ছেলের নাম রাখা হয় ইজাক। ইসমাইল এবং ইজাক একসাথে বেড়ে উঠতে থাকে, কিন্তু একদিন তাদের দুজনার একসাথে খেলার সময় সারাহ লক্ষ্য করে ইসমাইল ইজাককে উপহাস করছে। সারাহ তখন একটা দুর্ভাবনায় পড়ে। 'আরে তাইতো! এব্রাহামের প্রথম সন্তান হিসেবে সেও তো তাঁর বাবার সম্পত্তির বৈধ উত্তরাধিকারী, কি সর্বনাশ! এ ভাবনায় দিশেহারা হয়ে সারাহ এব্রাহামকে জানিয়ে দেয়, "এই বান্দি আর ওর পুতরে বাইর কইরা দাও। আমার সন্তান ইজাকের লগে এই বান্দির পুতেও উত্তরাধিকার অইতে পারে না " (জেনেসিস ২১: ৯-১০)। এব্রাহাম সারাহর সিদ্ধান্তে সাংঘাতিক বিচলিত হয়ে পড়েন যদিও হেগারের জন্য নয়, তাঁর সন্তান ইসমাইলের জন্য। কিন্তু তিনি নিরুপায় হয়ে একদিন সকালে দুজনকে ঘুম থেকে জাগিয়ে এক খাবলা রুটি আর চামড়ার পাত্রে পানি ধরিয়ে দিয়ে তাদের বের করে দিলেন। এমন ধনাঢ্য ব্যক্তির কিভাবে মাত্র রুটি আর পানি দিয়ে তাদের বের করে দিলেন সেটা বোধগম্য নয়। ভাগ্যহত এবং বঞ্চিত হেগার জীবনধারণের এই সামান্য উপকরণ আর ইসমাইলকে নিয়ে বীরসেবার প্রত্যন্ত এলাকায় চলে যায়।

হেগারের এই বহিষ্কারের দৃশ্যটি কল্পনা করে অনেক চিত্রশিল্পী ছবি এঁকেছেন। ফরাসি চিত্রশিল্পী গুস্তাফ দ্যরে দৃশ্যটি যেভাবে এঁকেছেন তা অনেকটাই বাস্তব সম্মত। এব্রাহামের তাঁবুর বাইরে হেগার আর ইসমাইল নীরবে বিদায় নিচ্ছে আর সারাহ পেছনে বসে তা দেখছে, তাঁর ভেতরে কোন প্রতিক্রিয়া নেই। কোলে তার শিশু ইজাক। ইসমাইল তার মায়ের হাঁটু জড়িয়ে তাকিয়ে আছে ইজাকের দিকে। পেছনে দুটি ভেড়া নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। অর্থাৎ, ওদের ঠাঁই আছে কিন্তু হেগার আর ইসমাইলের থাকলো না। বৃদ্ধ এব্রাহাম দাঁড়িয়ে আছে তাঁর দুই পরিবারের ঠিক মাঝখানে; হাতে ইশারা করছে হেগারকে চলে যাবার জন্য। হেগার কি চেয়েছিল এ জীবন, এ বঞ্চনা? তাঁর অপরাধ কি? এর চেয়ে বাদী থাকাই তো ভালো ছিল, অস্থায়ী বেগম হবার কি দরকার ছিল? কিন্তু সে তো স্বেচ্ছায় কঙ্কুবাইন হয়নি, তাঁর তো পছন্দ অপছন্দের অধিকার ছিলনা। এব্রাহাম আর সারাহ'র কাছে সে কেবল দাসী, পরদেশী, সম্পদ, যাকে ব্যবহার, অপব্যবহার, এবং প্রয়োজনে ছুঁড়েও ফেলে যায়। এমনকি সন্তান ইসমাইলেরও কোন অধিকার নেই, যেহেতু তার মা কঙ্কুবাইন, বাবার স্ত্রী নন। এব্রাহামের কোন সক্রিয় ভূমিকা নেই কেন?, নিজের বৈধ স্ত্রীর পেটে একটি সন্তান হয়েছে বলে কি হেগারের গর্ভজাত সন্তানের প্রতি তাঁর কোন দয়া-মায়া নেই? তাঁর কি কোন দায়িত্ব ছিলনা?

রাজ রক্ষিতা রিজপার জীবনটা ভালোই কাটছিল, কিন্তু রাজা সল এর যুদ্ধক্ষেত্রে আত্মহত্যার ফলে রিজপার জীবনে দুর্ভোগ নেমে আসে। জুদার রাজা ডেভিড সলের পুত্রকে পরাজিত করে ইসরাইল দখল করে। তাঁর রাজত্বের শুরুর দিকে ইসরায়েলে তিন বছরের খরা এবং দুর্ভিক্ষে আক্রান্ত হয়। ধরে নেয়া হয়, রাজা সল তাঁর শাসনামলে যে গিবিনিটিসদের হত্যা করেছিল তাঁর পরিনাম এই দাহকাল। গিবেনিটিসরা ইসরাইলি ছিল না, তারা ছিল আমোরিটসদের ক্ষুদ্রাংশ যাদের সল ইসরাইল থেকে তাড়িয়ে দিয়েছিলেন। অতএব খরা-পীড়িত ডেভিড এই গিবেণিটিসদের কাছে মুশকিল আসানের কারণ জানতে চায়; 'এখন কি করা? এই করাল দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাবার উপায় কি, কি করলে তারা তুষ্ট হবে, সল তাদের উপরে যে দুর্বিষহ অত্যাচার চালিয়েছে তা শোধরানোর উপায় কি?' উত্তরে তারা জানায় যে একমাত্র সলের বংশের সাত ছেলে সন্তানের মরণ (তাদের হাতে) ছাড়া এ অপরাধের কোন ক্ষমা নেই। ডেভিড সলের কঙ্কুবাইন রিজপার দু' পুত্র (আরমনি এবং মেফিবসিথ), এবং সলের কন্যা মেরাবের পাঁচ পুত্রকে তাদের হাতে তুলে দেয়। বীজ বুননের প্রথম দিনে গিবেণিটিসরা তাদের হত্যা করে দেহগুলো পাহাড়ে ঝুলিয়ে রাখে। হতভাগা রিজপা ওই পাথুরে পাহাড়ে তাঁর সন্তানদের মুর্দা পাহারা দিতে থাকে যেন তাদের শ্বাপদে- শকুনে খেতে না পারে। এভাবে পাঁচ মাস পাহারা দেবার পরে ডেভিড তাদের দেহাবশেষ উদ্ধারের অনুমতি দেয়। বিশেষজ্ঞদের ধারণা এটা ritual killing, ডেভিডের উদ্দেশ্য ছিল সলের বংশে যেন কোন পুরুষ উত্তরাধিকার না থাকে।
বাইবেলে উল্লিখিত আরেকজন অনাম্নী কঙ্কুবাইনের জীবনেও নিষ্ঠুর পরিণতি ঘটেছিলো। একটা কঠিন পরিস্থিতিতে তাঁর সঙ্গী নিজের পিঠ বাঁচানোর জন্য তাকে বিপদের মুখে ঠেলে দেয়, যা তাঁর মৃত্যু ডেকে আনে। এ ঘটনাটি প্রাচীন ইসরাইলি সমাজে নারীদের সামাজিক অবস্থান এবং তাদের অধিকার সম্পর্কে একটি নেতিবাচক ধারণা প্রদান করে। হিব্রু বাইবেলে Judges 19-20 অধ্যায়ে উল্লিখিত বর্ণনা মোতাবেক অনাম্নী এ কঙ্কুবাইনের বাড়ি বেথেলহেমে, কিন্তু সে তাঁর স্বামীর সাথে থাকতো জেরুজালেমের উত্তরে একটি পাহাড়ি এলাকা এফ্রেইমে। তাঁর স্বামী (হিব্রু বাইবেলে তাকে স্বামী এবং কঙ্কুবাইনের বাবাকে শ্বশুর হিসেবেই উল্লেখ করা হয়েছে) একজন লেভিট, যারা পুরোহিতের সহকারী হিসেবে কাজ করেন। তো,কোন এক কারণে এই কঙ্কুবাইন তাঁর স্বামীর সাথে অভিমান করে বাবার বাড়ি চলে এসেছিলো। চারমাস পরে ওই লেভিট তার কঙ্কুবাইনের মান ভাঙিয়ে বাড়ি ফিরিয়ে আনার জন্য তাঁর বাবার বাড়িতে যায়। শ্বশুর তো জামাইকে পেয়ে আনন্দে আটখান। তিনি তাদের বেশ কয়েকদিন বাড়িতে রেখে আদর-আপ্যায়ন করতে থাকেন এবং যেই না ওরা ফেরার কথা বলে অমনি বাবা নানা অজুহাতে আটকে রেখে তাদের এটা-সেটা খাওয়াতে থাকেন। শেষাবধি তারা যেদিন রওনা দেয় সেদিন বেলা একটু বেশিই হয়ে গেছে। সারা দিন চলার পরে ওরা গিয়ে পৌঁছায় গিবেয়া নগরে, এখানে বেঞ্জামিনদের বসবাস। যদিও ঐ অচেনা শহরে থাকতে তাদের কোন ইচ্ছে ছিলনা, কিন্তু নিরুপায় হয়ে তারা রাতটি পার করার জন্য কোথাও একটা ঠাঁই খুঁজতে থাকে। কিন্তু এ শহরে কেউ তাদের অভ্যর্থনা করে না। অবশেষে একজন বৃদ্ধ তাঁর বাড়িতে নিয়ে তাদের আশ্রয় দেন।


ছবি: বাড়িতে ফিরে লেভাইট তার কঙ্কুবাইনকে কেটে বারো টুকরো করে (মধ্যযুগীয় পাণ্ডুলিপি থেকে সংগৃহীত)
কিন্তু, যখন তারা রাতের খাবার খাচ্ছিল, তখন শহরের কিছু ষণ্ডা-পাণ্ডা এসে ওই বৃদ্ধের বাড়িটা ঘিরে ফেলে এবং ওই মেহমান বেটাকে ঘর থেকে বের করে দিতে বলে; তারা নাকি তাকে একটু 'দেখবে'- যার অর্থ সবাই মিলে ধর্ষণ করবে। বৃদ্ধ তাদের বুঝিয়ে শান্ত করতে চান এই বলে যে, এটা অনুচিত, উনি একজন বৈদেশি এবং তাঁর মেহমান…কিন্তু কে শোনে কার কথা। শেষমেশ এই মেহমানের সন্মান রক্ষা করার জন্য বৃদ্ধ তার নিজের সতী কন্যা এবং কঙ্কুবাইনকে দেবার প্রতিশ্রুতি দিলেও তারা তাতে রাজি হয়না; তাদের লেভিটকেই চাই। অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হয় ওই সমাজে পুরুষের চেয়ে নারীর উপর যৌন অত্যাচার কম লজ্জাজনক ছিল; অন্তত পুরুষের চোখে। বিশেষত সমকামী ধর্ষণ পুরুষের সম্মানের উপর একটা মারাত্মক আঘাত, তার চেয়ে বরং নারীর উপর দিয়ে যায় তো যাক। তো, ওই পাষণ্ডের দল গো ধরে থাকলে তখন বাড়ি ভেতর থেকে কেউ একজন ওই কঙ্কুবাইনকে ধাক্কা দিয়ে বের করে দেয় (বিশেষজ্ঞদের ধারণা কঙ্কুবাইনের স্বামীই কাজটি করেছিল), এবং লোকগুলো মেয়েটির উপর হামলে পড়ে। তারা তাকে তুলে নিয়ে রাতভর উপুর্যপুরি ধর্ষণ করে। সকাল বেলা ক্লান্ত, ক্ষত-বিক্ষত, এবং মৃত্যু-প্রায় কঙ্কুবাইন টলতে টলতে বৃদ্ধের দুয়ারে এসে মুখ থুবড়ে পড়ে। এদিকে তাঁর জামাই ঘুম থেকে উঠে সিঁড়িতে কঙ্কুবাইনকে দেখতে পায় এবং তাকে উঠে সব কিছু গোছগাছ করতে বলে। কিন্তু যখন দেখল সে আর নড়ছে না, তাঁর মুমূর্ষু অবস্থা,তখন লোকটি তাকে গাধার পিঠে ফেলে বাড়ি ফিরে আসে। মেয়েটি কখন এবং কিভাবে মরল তার বর্ণনা বাইবেলে নেই, কিন্তু তাঁর মরণের পরের ঘটনার বর্ণনা আরও ভয়াবহ। বাড়িতে ফিরে লোকটি মেয়েটিকে কেটে ১২ টুকরো করে এবং টুকরোগুলো ইসরাইলের বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে পাঠিয়ে দেয়। ফলশ্রুতিতে, ইসরায়েলিরা একটি স্থানে জড়ো হয়ে বেঞ্জামিনদের বিরুদ্ধে প্রতিশোধের সংকল্প ঘোষণা করে। গণহত্যা, ধর্ষণ, এবং নারী লুণ্ঠনের তান্ডবে ওই বেঞ্জামিন গোষ্ঠী প্রায় নিশ্চিহ্ন হবার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। প্রয়োজনে গ্রহণ এবং বর্জনের আরেকটি উদহারণ নেপোলিয়নের মারিয়া।

'মিনতি করি, হতভাগার অন্তরে একবিন্দু আনন্দ প্রদান করো, যে অন্তর তোমাকে ভজনা করার জন্য প্রস্তুত।' পোল্যান্ডের কাউন্ট আনাস্তাসে বলেস্কি'র স্ত্রী মারিয়ার পক্ষে সম্রাট নেপোলিয়নের এ প্রস্তাব প্রত্যাখ্যান করা সম্ভব ছিলনা। মারিয়া কাউন্টকে তালাক দিয়ে নেপোলিয়নকে সঙ্গ দিতে থাকে। তবে তাদের প্রেম টিকেছিল মাত্র তিন বছর, কেননা তাদের মিলনে মারিয়া গর্ভবতী হলে নেপোলিয়ন তাকে পরিত্যাগ করেন। কারণ, এতদিন নেপোলিয়ন ভাবতেন তিনি নির্বীর্য, কিন্তু যখন দেখলেন ধারণাটা ভুল তখন তিনি তাঁর বন্ধ্যা স্ত্রীকে তালাক তো দিলেনই, মারিয়াকেও ছুঁড়ে ফেলে আঠারো বছরের এক অস্ট্রিয়ান রাজকুমারীকে বিয়ে করেন। হতভাগা মারিয়া নেপোলিয়নের অবৈধ সন্তানকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যান ।
১৯৫২ সালে হাভানা বিশ্ববিদ্যালয় ফিদেল ক্যাস্ট্রোর সাথে নিটোলা রিভোল্ট ক্লুস (নাতি) (১৯২৫- ২০১৫) এর সাক্ষাৎ হয়েছিল। অপরূপা নাতি তখন একজন ডাক্তারের স্ত্রী, কিন্তু তাদের এ সাক্ষাৎ প্রেমে রূপ নেয়। নাতির স্বামীর অজান্তেই ফিদেল এবং তাঁর সঙ্গীরা ওই বাড়িতে অবস্থান করে আক্রমণের নীলনকশা করতেন। নাতি বিপ্লবীদের জন্য পোশাক-আশাক তৈরি করতেন, পাড়ায় পাড়ায় লিফলেট বিলি করতেন এবং তাঁর সঞ্চিত অর্থ, এবং সোনা-দানা বন্ধক রেখে আন্দোলনের খরচ যোগাতেন। ১৯৫৪ সালে ক্যাস্ট্রো যখন একটি আক্রমণে ব্যর্থ হয়ে হাজতবাস করেন, তখন তিনি তাকে লিখেছিলেনঃ 'আমি জ্বলছি, আমাকে লিখো, তোমার চিঠি ছাড়া থাকতে পারিনা. আমি তোমাকে অনেক ভালোবাসি।'এমনকি তিনি তাকে টাইপরাইটারে লিখতেও নিষেধ করেছিলেন যেন তাঁর সুন্দর হাতের লেখা দেখতে পান। দুর্ভাগ্য এই যে, বিপ্লবের পরে ক্যাস্ট্রো ক্ষমতায় ফিরে আসেন, কিন্তু ততদিনে নাতির প্রতি তাঁর ভালোবাসা ফিকে হয়ে গেছে। তাঁর হৃদয় জুড়ে তখন দেশকে ভালোবাসার স্বপ্ন । হতভাগা নিটোলা রিভোল্ট ক্লুস তাঁর মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। এমন কি ফিদেল তাদের সন্তান এলিনাকেও স্বীকৃতি দেননি। তবে মেয়ের সাথে তাঁর পত্র যোগাযোগ ছিল। এলিনার মা যে ফিদেলকে অসম্ভব ভালোবাসতেন তাও তিনি মেয়ের কাছে স্বীকার করেছেন, কিন্তু সেটাই নাকি একটা সমস্যা: "Your mum has a problem. She is much too good. Don't be that good to any man" (Mistress: 337)।

তবে একটা ব্যতিক্রম লক্ষ্য করা গিয়েছিলো মধ্যপ্রাচ্যে ইসলামী শাসনামলে। তখন কঙ্কুবাইনদের সামাজিক অধিকার এবং নিরাপত্তা সুরক্ষা করা হয়েছিল । সে সময়ে মূলত দুটি উৎস থেকে তাদের সংগ্রহ করা হতো: একটা হল যুদ্ধবন্দী এবং আরেকটা দাসত্ব। ইসলামী শাসনামলে, বিশেষত বানু কুরাইজা যুদ্ধের (ফেব্রুয়ারি-মার্চ ৬২৭ খ্রি:) পর থেকে যুদ্ধবন্দী অমুসলিম নারীদের বিভিন্ন পরিবারের মধ্যে বণ্টন করা হতো। এসব নারীরা ছিল সেই অবশিষ্ট অংশ, যাদের বন্দি বিনিময়ের মাধ্যমে হস্তান্তর কিংবা যথাযথ মুক্তিপণের বিনিময়ে তাদের পরিবার পরিজনদের কাছে ফিরিয়ে দেয়া সম্ভব হতোনা, অথবা তাঁর পরিবার কিংবা গোত্র এসব নারীদের ফিরিয়ে নিতেও আগ্রহ প্রকাশ করতো না। এসব নারীদের সাথে গৃহস্বামীর যৌন মিলনের অধিকার স্বীকৃত ছিল। অবশ্য এ প্রথাটি ইসলামী যুগের অনেক আগে থেকেই মধ্যপ্রাচ্যে প্রচলিত ছিল। কিন্তু ইসলামী শাসনামলে কঙ্কুবাইন গ্রহণের ব্যাপারটি একটি অনুশাসনের ভেতর নিয়ে আসা হয়। সে সময়ে যুদ্ধবন্দীদের ভেতর থেকে কাউকে কঙ্কুবাইন হিসেবে পেতে হলে যথাযথ কর্তৃপক্ষের (সৈনিকদের আমির এবং তাঁর উপদেষ্টা পরিষদ (শুরা) অনুমোদন লাগতো । যে প্রক্রিয়ায় একজন কাজী খোদা-তালার নাম বিয়ে পরিচালনা করে থাকেন, ঠিক সেভাবেই একজন আমির কোনও যুদ্ধবন্দী নারীকে আল্লার-ওয়াস্তে একজন সৈনিকের কাছে হস্তান্তর করতেন (মুহাম্মদ সিদ্দিকী-Concubinage and Slavery in Islam) । তবে গৃহীতাকে প্রতিশ্রুতি দিতে হতো যে তিনি তার কঙ্কুবাইনের সাথে কোনো অন্যায়, অত্যাচার করবেন না এবং তার সাথে মানবিক আচরণ করবেন। এটা অমান্য করলে তাঁর জন্য শাস্তির বিধানও ছিল। উদাহরণস্বরূপ, কোন মুসলিম সৈনিক যদি কোন নারীর সাথে জোরপূর্বক যৌন মিলন করে ইসলামি আইন অমান্য করে তবে তার ধর্ষকের শাস্তি হতো। ইসলামে যুদ্ধবন্দীরা কোন সম্পত্তি বা উপকরণ হিসেবে বিবেচ্য হয়নি, তারাও মানুষ এবং তাদের মানবিক অধিকারের যথাযথ স্বীকৃতি দেয়া হয়েছে।
ইসলামে দাস-দাসীদের ভাই ও বোনের অনুরূপ বিবেচনা করা হতো এবং তারা খাদ্য-বস্ত্র- বাসস্থান এবং পোশাক-আশাকে সমান অধিকার ভোগ করতো। এমনকি তাদের উপর ক্ষমতার অতিরিক্ত কাজের বোঝাও চাপিয়ে দেয়া যেত না (সহি আল বুখারী ৩০), কোন অবস্থাতেই তাদের অত্যাচার কিংবা ক্ষতি করা যেত না। পবিত্র কুরআনে তাদের উল্লেখ করা হয়েছে 'Those whom your right hand possess' হিসেবে। সে সময়ে দাস-দাসীদের ক্ষেত্রে প্রযোজ্য শব্দাবলী যেমন 'abd' কিংবা 'raqiq' কিন্তু ব্যবহার করা হয়নি। এমন বিশেষণ ব্যবহার করার অর্থ হচ্ছে গৃহকর্তা তার গোলামদের স্বত্বাধিকারী এবং তাদের জিম্মাদার এবং তাদের যথাযথ নিরাপত্তা এবং দেখ-ভালের জন্য খোদা-তালার কাছে দায়বদ্ধ; এবং এ প্রেক্ষিতেই কোন মালিক এবং তাঁর কঙ্কুবাইনের ভেতরের সম্পর্কটি বৈধ যা যৌনমিলনকে আইনগত ভিত্তি দিয়েছে। কিন্তু এ দৈহিক সম্পর্ক শুধুমাত্র তাদের দুজনের মাঝেই সীমাবদ্ধ থাকবে – বিয়ের ক্ষেত্রে যেমনটি হয়। মালিক কখনোই তার সাথে অন্য কারো যৌন মিলনের অধিকার হস্তান্তর করতে পারবে না কিংবা তাকে বিক্রিও করে দিতে পারবে না, কিংবা তাকে বেশ্যাবৃত্তিতেও বাধ্য করতে পারবে না (সূরা আল নূর ২৪:৩৩)। এটা তার স্ত্রীর ক্ষেত্রে যেমন বেআইনি তেমনি তার কঙ্কুবাইনের ক্ষেত্রেও। কোন কঙ্কুবাইন যদি তার মালিকের সন্তানের মা হতো তাহলে তাকে বিক্রি করা আইনত নিষিদ্ধ ছিল এবং তাকে তার সন্তান থেকেও আলাদা করা যেত না (Al Muwatta 1509: Grand Sahih)। অর্থাৎ কঙ্কুবাইন বা উপপত্নীর সাথে যৌন সম্পর্কের বৈধতা তখনই যখন মালিক বা জিম্মাদার তার সম্পূর্ণ দায়-দায়িত্ব গ্রহণ করবেন এবং তার সাথে সুআচরণ করবেন, যা কিনা বিয়ের চুক্তিনামার মতো একটি আইনভিত্তিক সামাজিক চুক্তি। ইসলামে কঙ্কুবাইনরা নির্দিষ্ট পরিমাণ কাজের বিনিময়ে আবার স্বাধীনও হয়ে যেতে পারত কিংবা মালিকের অনুমতি সাপেক্ষে তার মৃত্যুর পরে মুক্তিলাভ করতো। কোন অভিভাবক যদি তার কঙ্কুবাইনকে অত্যাচার বা আঘাত করতো, কিংবা তার ক্ষতিসাধন করতো তাহলে সে রক্ষাকর্তা বা জিম্মাদারের দায়িত্ব এবং সামাজিক চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে, এবং এর পরিণামে সে বেহেস্ত থেকে বঞ্চিত হবে। এমতাবস্থায় ওই নারীকে তার মুক্তি দিতে হতো এবং এ অপরাধের জন্য তার শাস্তি পেতে হতো। উপরন্তু, বাদীকে বেগম বানানো অথবা অন্যত্র যথাযথ পাত্রের কাছে বিবাহ দেবার পরামর্শ দেয়া হয়েছে। হযরত মুহাম্মদ (স:) তাঁর মৃত্যু শয্যায় শুয়েও কঙ্কুবাইন এবং দাস-দাসীদের প্রতি সুবিচারের কথা স্মরণ করিয়ে দিয়েছেনঃ "The prayer, the prayer! Fear Allah regarding those whom your right hand possesses!" (Sunan Abi Dawed 5156, Grade: Sahih) । উল্লেখ্য যে, right hand possesses অর্থে দাস-দাসীদের বোঝানো হয়েছে, যাদের ভেতর থেকেই কঙ্কুবাইন বেছে নেয়া হতো। তবে, এখন ইসলামে নারী এবং পুরুষের মাঝে বিবাহোত্তর যৌন সম্পর্কটাই একমাত্র বৈধ বলে বিবেচিত, কেননা এখন আর দাস প্রথা বলবত নেই। অতএব দাসীদের ভেতর থেকে কঙ্কুবাইন বেছে নেবার বিষয়টিও অবান্তর, কেননা দাসত্বের অবসানের সাথে এ প্রথাটিও অকার্যকর হয়ে গেছে।
মধ্যযুগের ইউরোপে যে কোন পুরুষ কোন নারীকে সম্মতির ভিত্তিতে কঙ্কুবাইন হিসেবে গ্রহণ করতে পারতো এবং তাদের যৌথ বসবাসে কোন সামাজিক বিধি-নিষেধ ছিল না। ধনকুবের এবং রাজ পরিবারের সদস্যরা এক বা একাধিক কঙ্কুবাইনে অভ্যস্ত ছিলেন। বিশেষত অভিজাত শ্রেণী নিজেদের বিত্ত-বৈভব প্রদর্শনের জন্য তাদের অবিবাহের বধূদের হীরা, জহরত, এবং মূল্যবান পোশাক-আশাকে সাজিয়ে রাখতেন। তাদের কাছে মিস্ট্রেস বা কঙ্কুবাইন ছিল একটি পণ্য, বৈভবের নমুনা। ঠিক তেমনি, ঔপনিবেশিক ভারতে, বিশেষতঃ কোলকাতায়, হঠাৎ গজানো মধ্যবিত্ত ধনিক শ্রেণী কঙ্কুবাইন বা রক্ষিতা গ্রহণে অভ্যস্ত হয়ে পড়েছিল, এবং এ কাজে তারা বিস্তর অর্থ ব্যয় করতো। শিবনাথ শাস্ত্রী তাঁর 'রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ' গ্রন্থে উল্লেখ করেছেন যে ব্যক্তি পুঁজির এ অশুভ বিকাশে লাভবান বাঙালি বাবুদের ঠাট-বাট মাপা হতো তাদের রক্ষিতাদের কে কোথায়, এবং কটা বাগান বাড়ি বানিয়ে দিলো তাঁর উপর। অবশ্য রাজকীয়, অভিজাত, কিংবা সাধারণের কঙ্কুবাইন সে যে-ই হোক না কেন-তাদের অবস্থান সবসময় টলোমলো ছিল। বিশেষত রাজকীয় রক্ষিতারা চোখের পলকে ছাটাই হয়ে যেতে পারতো এবং তাদের সমস্ত অর্জন খোয়াতে হতো-যদি রাজা বা রাজকুমাররা কোন কারণে নাখোশ হতেন। ইংল্যান্ডের রাজা ষষ্ঠ এডওয়ার্ড তাঁর মিস্ট্রেস লিলিকে পরিত্যাগ করেছিলেন একটি ঠুনকো কারণে। লিলি একদিন ঠাট্টাচ্ছলে রাজার জামার ভেতরে এক টুকরো বরফ ঢুকিয়ে দিয়েছিলেন। এতে রাজা মনঃক্ষুণ্ণ হন এবং লিলিকে ক্ষমা চাইতে বললে তিনি তা অস্বীকার করেন। ব্যাস, লিলির কেল্লা ফতে।
তাহলে একজন পুরুষের সাথে কোন উপপত্নীর দীর্ঘকাল সম্পর্ক টিকিয়ে রাখার মূলমন্ত্র কি? কেউ যদি ভেবে থাকে রূপের ঝলক এবং যৌবনের বসন্ত হচ্ছে এর অন্যতম হাতিয়ার তাহলে ধারণাটা ভুল হবে, কেননা এ উপকরণগুলো সবসময় কাজ করে না। এর উদাহরণ ফ্রান্সের রাজা পঞ্চদশ লুইয়ের মিস্ট্রেস Jean Antoniette বা Madam de Pompadour। তাঁর রাজকীয় উপাধি ছিল 'Chief Mistress of French King'। পম্পাদু ছিলেন যথেষ্ট রূপসী কিন্তু কাম-কলায় একেবারে যাচ্ছেতাই; তিনি রাজাকে সুখী করতে পারতেন না। লুই একসময় বলতেন পম্পাদু নাকি মাছের মতো শীতল। তাদের সম্পর্কের কুড়ি বছরের ভেতরে রাজা তাঁর সাথে থেকেছিলেন মাত্র কয়েকটি বছর। কিন্তু রাজার সাথে তাঁর সম্পর্ক শেষ হয়ে যায়নি, সেটা মোড় নিয়েছিল অন্যদিকে। অতএব, রূপের মাধুর্যের পাশাপাশি কোন কঙ্কুবাইনের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ্যতার একটি হচ্ছে কামকলায় দক্ষতা। একিলিয়াসের পুত্র নেপিতোলামাসের স্ত্রী হার্মিয়ান যখন তাঁর স্বামীর কঙ্কুবাইন এন্ড্রোমাহির উপর সব দোষ চাপাল এই বলে যে- সে তাঁর স্বামীকে জাদুবশ করেছে, তখন এন্ড্রোমাহি এ ব্যাপারটাই ইঙ্গিত করেছিল:
"Your husband hates you, because you are not congenial company.
There's magic even in mere pleasantness; it's not
Beauty, but character that wins a husband's heart" (Euripides and Vellacott: 152)

বাভারিয়ার রাজা প্রথম লাডউইগও সেটা স্বীকার করেছেন। লোলা মন্তেজ ওরফে এলিজা গিলবার্ট এর সাথে তাঁর সাক্ষাৎ হয়েছিল ১৮৪৬ সালে। নীল চোখ আর কালো চুলের লোলা ছিলেন রূপসী এবং বুদ্ধিমতী। তাঁর সবচেয়ে বড় শিকার ছিলেন লাডউইগ, যিনি একুশ বছরব্যাপী বাভারিয়া শাসন করেছেন। লাডউইগ লোলাকে দেখে প্রেমে পড়ে যান এবং তাঁর জীবন বদলে যায়। এক বিশ্বস্ত বন্ধুর কাছে তিনি স্বীকার করেছেন যে লোলার সান্নিধ্য তাকে নব যৌবন দিয়েছে। তিনি কামনার আগুনে ভিসুভিয়াস আগ্নেয়গিরির মতো ফুঁসছেন যা আগে কখনোই ঘটেনি। তাঁর দেহে নতুন প্রাণশক্তির জোয়ার এসেছে, ললিতা তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ কেননা তিনি নাকি 'উপরওয়ালাকে ছাড়াও চলতে পারেন, কিন্তু তাঁর হৃদ-মাঝারে আলো ছড়ানো ললিতাকে ছাড়া নয় (Mistress:89-90)। লাডউইগের এমন বদলে যাবার কারণ লোলা তাঁর দেহে সুপ্ত কামনার আগুন উস্কে দিয়েছিলেন।

অনেক দুর্ভাগা কঙ্কুবাইন যেমন তাদের করুণ পরিণতির জন্য ইতিহাসে স্থান করে নিয়েছেন, ঠিক তেমনি অনেক ভাগ্যবতী কঙ্কুবাইনও ছিলেন যারা তাদের সহজাত মেধা এবং যোগ্যতার কারণে খ্যাতি অর্জন করেছেন। যেমন পেরিক্লেসের কঙ্কুবাইন আসপাসিয়া, জ্য পল সার্ত্রের সিমোন দ্য বোভেয়ার, এরিস্টটল ওনাসিসের মারিয়া কালাস, এবং জন এফ কেনেডির মেরিলিন মনরো। এরা সবাই ছিলেন অনেক মেধাবী এবং নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। অতএব প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, এবং যৌনতার ক্ষেত্রে যথেষ্ট মেধা থাকাটা যে কোন কঙ্কুবাইনের অন্যতম গুণাবলী। মাদাম দ্যু পম্পাদু'র কথাই ধরা যাক না, তাঁর কামকলায় দক্ষতা ছিলো না বটে কিন্তু তিনি তাঁর অন্যান্য গুণাবলীর কারণে ফ্রান্সের রাজা পঞ্চদশ লুইয়ের সাথে দীর্ঘকাল সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন। তিনি রাজাকে নানাবিধ রাজকার্যে সহায়তা করে তাঁর পরামর্শকে পরিণত হন এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক বিশ্বস্ত বন্ধুতে রূপ নেয়। মিলিটারি একাডেমী প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল যেখানে সম্রাট নেপোলিয়ন শিক্ষা গ্রহণ করেছিলেন। উপরন্তু, পম্পাদু ছিলেন শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক-শিল্পী এবং বুদ্ধিজীবীদের সাথে তাঁর সুসম্পর্ক ছিল; বিশেষত এনলাইটমেন্ট আন্দোলন তাঁর কারণে যথেষ্ট উপকৃত হয়েছিল। অনুরূপ, স্পেনের কসাই- হেরোনান করতেস এর কঙ্কুবাইন মালিনচে, তিনি ছিলেন মেহিকোর অভিজাত পরিবারের সন্তান। কিন্তু পিতার মৃত্যুর পর মা তাকে গোপনে বেঁচে দেয়। এই মালিনচে অনেক হাত বদল হবার পরে করতেসের হাতে আসেন এবং তাঁর যোগ্যতা এবং মেধাবলে করতেসের মন জয় করে নেন। তাদের সম্পর্ক প্রেমে রূপ নিয়েছিল। যুদ্ধের রণকৌশল নির্ধারণেও তিনি করতেসকে পরামর্শ প্রদান করতেন। ১৫১৯ সালে করতেসের নেতৃত্বে স্পেন মেহিকোয় অনুপ্রবেশ করে অধিকাংশ এলাকা দখল করে নেয়, এবং করতেস সেখানে নির্বিচারে গণহত্যা চালান। মালিনচের সাথে তুলনীয় ফিদেল ক্যাস্ট্রোর আরেকজন কঙ্কুবাইন – সেলিয়া সানচেজ। সেলিয়া ছিলেন বিপ্লবীদের অস্ত্র বিশেষজ্ঞ এবং মাঠ পর্যায়ের একজন মেধাবী সংগঠক। ক্যাস্ট্রো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি থাকাকালীন সেলিয়া ছিলেন তাঁর বিশ্বস্ত সখী (confidante) তিনি তাঁর সেক্রেটারির পদও লাভ করেছিলেন।


ছবি: এব্রাহাম হেগারকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন. (শিল্পী: গুস্তাভ দরে, ১৮৬৬)
যুদ্বশাস্ত্র থেকে দর্শনশাস্ত্রের দিকে গেলে আমরা পাই বুদ্ধিমতী এসপাসিয়াকে। খ্রিস্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি এথেন্সে তাঁর উপস্থিতি ছিল। এসপাসিয়ার জন্ম খ্রিস্টপূর্ব ৪২০-৪১০ এর মাঝামাঝি কোন এক সময়ে। এসপাসিয়া এশিয়া মাইনরের মিলেটাস থেকে অভিবাসী হিসেবে এথেন্সে আসেন। সেটা ছিল পারস্য যুদ্ধের (৪৯২ খ্রি:পূর্ব – ৪৪৯ খ্রি:পূর্ব) সমাপ্তির পর এবং গ্রিসের নগর রাষ্ট্রগুলোর ভেতরে পাঁচ বছরের যুদ্ধবিরতির সময়। অভিজাত পরিবারে জন্ম এবং উচ্চশিক্ষিতা হলেও এসপাসিয়া খুব আহামরি সুন্দরী ছিলেন না, কিন্তু অসম্ভব বুদ্ধিমতী ছিলেন। এথেন্সে তিনি অলংকারশাস্ত্র এবং দর্শন পড়িয়ে এতটাই সুনাম অর্জন করেন যে সক্রেটিস নিজে তাকে তাঁর শিক্ষক মেনে নিয়েছিলেন, কেননা এসপাসিয়ার মতাদর্শ সক্রেটিসকে প্রভাবিত করেছিল।ধারণা করা হয়ে থাকে গ্রিসের দার্শনিক পরিমণ্ডলে জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতার ধারণাটি এসপাসিয়ার। প্লুটার্কের ভাষ্যানুযায়ী এসপাসিয়ার বাড়িতে এথেন্সের বুদ্ধিজীবী এবং অভিজাত শ্রেণীর মানুষদের আসর জমতো এবং সেখানে সক্রেটিসও অংশ নিতেন। অনেক পণ্ডিত মনে করেণ প্লেটোর সিম্পোসিয়ামের ডিওটিমা চরিত্রটি এসপাসিয়ার আদলে নির্মিত।
রোমান কবি ওভিদ তাঁর 'Ars Amores' কাব্যগ্রন্থে প্রিয়তমা কঙ্কুবাইন করিন্নাকে অমর করে রেখেছেন। অভিজাত এবং ধনাঢ্য পরিবারের সন্তান ওভিদ ছিলেন অত্যন্ত মেধাবী। নারী, প্রেম এবং কামে তাঁর আসক্তি ছিল। মাত্র তেইশ বছর বয়সে রচিত 'Amores' এ তিনি করিন্নাকে তুলে ধরেন। মাকড়শার জালের মতো মিহি দিঘল চুল, মসৃণ গ্রীবা, আকর্ষণীয় পোশাক, নরম কাঁধ, ঘোর লাগিয়ে দেয়া স্তনাগ্র, অপরূপ স্তনের নিচে মসৃণ পেট – ওভিদের বর্ণনায় করিন্না এভাবেই ধরা দিয়েছে। করিন্না প্রচণ্ড বিলাস ব্যসনে থাকতে পছন্দ করতেন এবং ওভিদকে ভালোবাসতেন, যদিও ওভিদ তাকে পুরোপুরি বিশ্বাস করতেন না। তবে করিন্নার সান্নিধ্য যে তাকে প্রেরণা যোগাতো তা তিনি স্বীকার করেছেন:
"… when you give me yourself, what you'll be providing
Is creative material – My art will rise to theme
And immortalize you…(23)"

ইতিহাস, সাহিত্য, এবং ধর্মগ্রন্থে আলোচিত এ সব কঙ্কুবাইনরা সততার কারণে যেমন প্রশংসিত হয়েছেন তেমনি আবার অবিশ্বস্ততার কারণে অনেকে বিতর্কিত এবং লক্ষ্মীছাড়া হয়েছেন। কঙ্কুবাইন বা মিস্ট্রেসদের অসততা সেকসপিয়রকেও পীড়া দিয়েছে। তাঁর কবিতার সাতাশটি সনেটে একজন মিস্ট্রেসের বর্ণনা আছে যাকে তিনি 'ডার্ক লেডি' হিসেবে উল্লেখ করেছেন। কবির ভাষায় তিনি "A woman color'd ill" "with jet black hair and eyes"। এ রমণী তেমন সুন্দরী ছিলেন না। এবং তাঁর সাথে সম্পর্ক গড়ে খুব আহামরি কিছু যে একটা হয়েছে তাও কবির মনে হয়নি। সনেট ১৩৯ এর বর্ণনায় তাঁর মিস্ট্রেস 'দুশ্চরিত্র', 'অবিশ্বস্ত', এবং অতিরিক্ত কাম-তাড়িত, যে তাঁর লাম্পট্যে খুশি। পরের সনেটগুচ্ছে দেখা যায় সে এক মর্দা বেটার সাথে ভাব জমিয়েছে এবং অন্য পুরুষদের পেছনেও ছুটছে, আর সেকসপিয়র অনবরত তাকে কাতর অনুনয় করছেন, যেন কবিকে প্রত্যাখ্যান না করে।  
তবে সততা এবং বিশ্বস্ততার ভূয়সী প্রশংসা পেয়েছে উনিশ শতকের ভারতীয় কঙ্কুবাইনরা, যাদের বলা হতো 'বিবি'। ব্রিটিশ ভারতে অনেক ইংরেজ কর্মকর্তারা ভারতীয় বিবিদের সুনাম করে গেছেন। ইংল্যান্ডে তখন চলছিল সনাতনী ভিক্টোরীয় ধ্যান-ধারণা। যৌনতাকে সেখানে অভিশাপ এবং পাপ-তুল্য বিবেচনা করা হতো। সে কারণে ইংল্যান্ড থেকে ভারতে আসা ইংরেজরা যৌনতার ক্ষেত্রে ভারতীয়দের উদারনৈতিক দৃষ্টিভঙ্গিতে আকৃষ্ট হয়। তারা এখানে স্থানীয়দের ভেতর থেকে মিস্ট্রেস বা বিবি সংগ্রহের সুযোগ পায়। ব্রিটিস ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ অনুযায়ী বিলাতি নারীদের জন্য ভারতে কোন চাকুরী ছিল না, শুধুমাত্র বছরে এক চালান বিলাতি ললনাদের নিয়ে আসা হতো ভারতে কর্মরত ইংরেজদের সাথে বিয়ের উদ্দেশ্য। এ প্রথাটি মূলত চালু করেছিল পর্তুগিজরা, গোয়ায় তাদের কর্মচারীদের বিয়ের জন্য তারা নারী আমদানি করতো। আঠারো শতকের দিকে এ প্রক্রিয়াটি স্থগিত হয়ে যায়, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের স্থানীয়ভাবে নারী সংগ্রহের পরামর্শ দেয়া হতো। এ শতকের শেষের দিকের একটা হিসাব অনুযায়ী কোলকাতায় কেবলমাত্র ২৫০ জন ইউরোপীয় নারী ছিলেন, আর পুরুষের সংখ্যা ছিল চার হাজার (Williamson: 454)। সে কারণে সরকারি কর্মকর্তা, কর্মচারী, এবং সৈনিকদের উৎসাহিত করা হতো এবং আর্থিক প্রণোদনাও দেওয়া হতো, যেন তারা স্থানীয়ভাবে স্ত্রী কিংবা বিবি সংগ্রহ করে নেয়।
'বিবি' হচ্ছে ভারতীয় মিস্ট্রেস, অর্থাৎ common law wife (পরস্পরের সম্মতিতে বিয়ে, যার কোনও আইনি ভিত্তি নেই) কিংবা ইংরেজদের দীর্ঘ মেয়াদের সঙ্গী। মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ডাক্তার, জন সর্ট, এরকম কয়েকজন তেলেগু বিবিদের কথা কথা স্মরণ করেছেন যারা ইউরোপীয় কর্মকর্তাদের সাথে থাকতেন। তিনি তাদের ব্যবহার, নম্রতা এবং ভদ্রতার নমুনা দেখে মুগ্ধ হয়েছিলেন। একজন আর্মির কর্নেল তো একজন মুসলমান বিবিকে পাবার জন্য খতনা করানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এসব বিবি বা মিস্ট্রেসরা শুধু আদি রসের যোগানদারই ছিলেন না, এই নীরব জ্ঞানকোষরা ইংরেজ সাহেবদের ভারতীয় ভাষা শেখানোর পাশাপাশি এদেশের জীবনাচরণ, রীতিনীতি, এবং সহবতও শিখিয়েছেন। লেখিকা এম্মা রবার্টস তাদের বিশ্বস্ততার কথা স্বীকার করেছেন:
যখন কোন ভারতীয় নারী, হিন্দু কিংবা মুসলমান, ইংরেজদের সাথে থাকতো তখন তারা তাদের অভিভাবকদের বাড়ির অন্তঃপুরে মর্যাদার সাথে অবস্থান করতো, যেন নিজ নিজ প্রথা এবং আচার-বিধি মোতাবেক তাদের বিয়ে হয়েছে। তারা কখনোই তাদের বাড়ির বাইরে যেতো না এবং বিশ্বস্ত মুসলমান কিংবা হিন্দু স্ত্রীর মতো চলাফেরা করতো (cited in Bibis and Mistresses) ।
গভর্নর জেনারেল স্যার জন সোর, বোম্বের (মুম্বাই) গভর্নর, এবং তাঁর কাউন্সিলের পরিষদবর্গ ভারতীয় বিবিদের নিয়ে প্রকাশ্যে চলাফেরা করতেন। আরেকজন বিখ্যাত কোম্পানি কর্মকর্তা ফ্রান্সিস ডে (১৬০৫-১৬৯৩) তাঁর বিবির সাথে এতটাই গভীরভাবে সম্পৃক্ত ছিলেন যে, ১৬৩৯ সালে মাদ্রাজে দুর্গ নির্মাণের স্থানটি বাছাই করেছিলেন তাঁর বিবির বাসস্থানের কাছাকাছি। থমাস হিকি তাঁর মিস্ট্রেস জামদানির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন: "as gentle and affectionately attached a girl, as ever man was blessed with।'' কিংবা উইলিয়াম পালমারের বেগম ফাইজ বকশ, সম্পত্তির দলিলে পালমার লিখেছেন: "Bibi Faiz Baksh Saheba who was been my affectionate friend and companion during the period of more than 35 years (1781-1816)"। ক্যাপ্টেন বিলো তাঁর 'Memoirs of a Griffin (1880) বইতে তাঁর জেনারেল এবং সিঁতারা বেগমের ঘনিষ্ঠতার কথা জানিয়েছেন। বেঙ্গল আর্মি'র একজন কর্মকর্তা ক্যাপ্টেন টমাস উইলিয়ামসন তাঁর 'The East India Vade-Mecum (vol.1)' গ্রন্থে উল্লেখ করেছেন যে একজন ভারতীয় কঙ্কুবাইনের মাসিক রাহা খরচ ছিল ৪০ রুপি। তাঁর কাছে মনে হয়েছে একজন ঘনিষ্ঠ নারী বন্ধুর জন্য এ খরচ খুব একটা বেশি কিছু না। উইলিয়ামসন সতর্কতার সাথে উল্লেখ করেছেন যে ভারতীয় এবং ইউরোপীয়দের কাছে এ ধরণের সম্পর্ক বিয়ের মতোই পবিত্র বিবেচনা করা হতো (453)। জেনারেল জন পিটার (লিউটেনান্ট – গভর্নর অফ বেঙ্গল) তাঁর বিবির প্রতি এতটাই আসক্ত ছিলেন যে তাঁর মৃত্যুর পরে যাজক তাকে কবরখানায় সমাহিত করতে অস্বীকৃতি জানালে তিনি তাঁর বিবির সমাধির উপর একটি গির্জা নির্মাণ করান।

রিচার্ড ফ্রান্সিস বার্টন তাঁর আত্মজীবনীতে লিখেছেন, ব্রিটিশ সৈন্যদের ভেতরে মিস্ট্রেস রাখা একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যদিও এটা ছিল ক্ষণস্থায়ী। যখন সৈনিকের দল বদলী হয়ে অন্য স্থানে চলে যেত, তাদের পিছু পিছু বিবিরাও সেই স্থানে চলে যেত এবং তাদের সন্তান ধারণ করতো। টমাস উইলিয়ামসন স্বীকার করেছেন যে এসব সঙ্গীরা কাপড়-চোপড় ধোয়া থেকে শুরু করে চুল আঁচড়ানো পর্যন্ত সব কাজই করতো, বিশেষত অসুস্থতার সময় তাদের সেবা-যত্ন ছিল অতুলনীয়। সাহেবরা বিয়ে করলে তাদের স্ত্রীদের সাথে বিবিদের শ্রদ্ধাপূর্ণ সম্পর্কও লক্ষ্য করা গেছে। অবশ্য ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের (রাজত্বকাল ১৬৪৩-১৭১৫ খ্রি:) এ বিষয়ে তিক্ত অভিজ্ঞতা ছিল। দুঃখ করে তিনি বলেছিলেন: 'দুই নারীর মাঝে শান্তি স্থাপন করার তুলনায় ইউরোপে শান্তি স্থাপন করা সহজ।' উনিশ শতকের তৃতীয় দশকে স্থল পথে এবং পানি পথে কলের জাহাজের মাধ্যমে ইউরোপ থেকে নারীরা বিয়ের উদ্দেশ্যে ভারতে আসতে শুরু করলে স্থানীয় বিবিদের গ্রহণকাল শুরু হয়। মেমসাহেবরা এসব বিবিদের উপর নারাজ হতে শুরু করে। বিবিদের জামানা বিনাশ করতে হেন কিছু নেই যে তারা করেননি। এর পরিণামে হাজার হাজার বিবিরা ভিটেছাড়া হয়। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটলে ভারতে বিবি সংস্কৃতির বিদায়-ঘণ্টা বেজে যায়।

লক্ষ্য করা যাচ্ছে যে, প্রাচীনকাল থেকেই নারী-পুরুষের এই বিকল্প সঙ্গী নির্বাচনের পেছনে তাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপটের একটি বিশেষ ভূমিকা রয়েছে, এবং এ নির্ভরশীলতার কারণ বিচিত্রধর্মী: বংশ রক্ষা, যৌনতা উপভোগ, প্রেরণা লাভ, কিংবা বুদ্ধিবৃত্তিক সহযোগিতা। সে কারণেই প্রাচীনকাল থেকে প্রবহমান এ প্রথাটি আজও টিকে আছে, যদিও কিছুটা ভিন্ন মোড়কে। এখন আর কঙ্কুবাইন,রক্ষিতা, কিংবা মিস্ট্রেস হিসেবে পৃথক পালঙ্কের সইদের চিহ্নিত করা হয় না। তারা এখন সুইট হার্ট, বেড মেট, ফিয়ান্সে, ড্রিম গার্ল, সুগার বেবি ইত্যাদি বিশেষণে ভূষিত। এর কারণ, প্রাচীন এবং মধ্যযুগে কঙ্কুবাইন গ্রহণের প্রথাটি সামাজিকভাবে স্বীকৃত থাকলেও এখন ব্যাপারটা আর সহজভাবে নেয়া হয়না; বিশেষত বিখ্যাত ব্যক্তিদের মিস্ট্রেস বা কঙ্কুবাইনদের নিয়ে সমাজে কানা-ঘুষোর বিরাম নেই। যেমন যুবরাজ চার্লস তাঁর মিস্ট্রেস (বর্তমানে স্ত্রী) ক্যামিলা পার্কারকে নিয়ে বিতর্কে ধৈর্যহারা হয়ে সাংবাদিকদের বলেছিলেন: 'তোমরা কি সত্যিই চাও যে আমিই হই প্রথম প্রিন্স অফ ওয়েলস, যার কোন মিস্ট্রেস থাকবে না?' তাহলে, এক্ষেত্রে বিয়ের ভূমিকা কি? বিয়ে করা বৌ কিংবা স্বামী কি পারে একে – অন্যের সব চাহিদা পূরণ করতে? ফরাসি সাহিত্যিক অলিকসানদু দুমা (Alexandre Dumas) বলেছিলেন বিয়ের শেকল এতটাই ভারী যে তা কোন কোন ক্ষেত্রে দু'জন কিংবা তিনজনকে বয়ে বেড়াতে হয়। অতএব প্রচলিত বিয়ে পদ্ধতিটিই একমাত্র সমাধান নয়। নারীবাদীরা তো এই বিয়ের ব্যাপারটাকেই অস্বীকার করতে চাচ্ছেন। তাদের মতে বিয়ে হল নারী স্বাধীনতার অন্যতম অন্তরায়। কৃষি-যুগে যখন এই বিয়ে ব্যবস্থার প্রচলন ঘটেছিলো তখন এর প্ৰয়োজনীয়তা ছিল টিকে থাকার জন্য-প্রতিকূল পরিবেশে জনসংখ্যা বৃদ্ধি করে কর্মক্ষম মানুষের খাদ্য উৎপাদন করাই ছিল এর মূল লক্ষ্য। কিন্তু এখন মানুষের টিকে থাকার জন্য বিয়ের দরকার পড়েনা, বিয়ের প্রয়োজন যৌনতা,প্রেম,বন্ধুত্ব, এবং সহযোগিতার জন্য, আর তাতে কোন ঘাটতি দেখা দিলে ভুক্তভোগীরা অন্যের দিকে হাত বাড়ায়। বিশেষত মেধাবী এবং সৃজনশীল মানুষদের সৃষ্টিশীল কর্মকাণ্ডে 'প্রেরণা' হল একটি অন্যতম উপাদান যার জন্য তাদের অনবরত গণ্ডির বাইরে যেতে হয়, এবং এক্ষেত্রে অবিবাহের বধূরা হচ্ছে প্রেরণার একটি অন্যতম উৎস। অতএব তাদের নিয়ে সমাজে যতই নিন্দা থাকুক না কেন, বিশ্বব্যাপী শিল্প, সাহিত্য, রাজনীতি, দর্শন এবং ধর্মের বিকাশের ক্ষেত্রে তাদের অবদান কখনোই অস্বীকার করা যাবে না।

References:
Books:
Abbott, E. (2011). A history of mistresses. 1st ed. London: Duckworth.
Bach, A. (1997). Seduction, women, and betrayal in biblical narrative. 1st ed. New York: Cambridge University Press.
Bellew, F. (1880). Memoirs of a griffin; or, A cadet's first year in India. London: W.H. Allen & Co. (New Edition).
Euripides and Vellacott, P. (1972). Orestes and Other Plays. 1st ed. London: Penguin Books, pp.146-187.
Easton, D. and Hardy, J. (2009). The ethical slut. 2nd ed. Oakland, Calif: Greenery.
Herman, E. (2005). Sex with kings. New York: Perennial.
Williamson, C., 1810. The East India Vade-Mecum, Vol 1. 1st ed. London: BLACK, PARRY, and KINGSBURY.

Articles/(Web):
Bibis and Mistresses. [online] The Hindu. Available at: https://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/bibis-and-mistresses/article HYPERLINK "https://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/bibis-and-mistresses/article28036544.ece" [Accessed 20 Oct. 2019].
Elias, A. (2019). What does Islam teach about concubines? | Faith in Allah [online] Faith in Allah الإيمان بالله. Available at: https://abuaminaelias.com/islam-and-concubines/ [Accessed 1 May 2019].
Khanna, P. (2019). The Female Companion in a World of Men: Friendship and Concubinage in Late Eighteenth-century Marwar – Priyanka Khanna, 2017. [online] SAGE Journals. Available at: https://journals.sagepub.com/doi/full/ HYPERLINK "https://journals.sagepub.com/doi/full/10.1177/0257643016677458" [Accessed 6 Feb. 2019].
Pakistan Defence. (2019). Pakistan TV Debate on Concubines and Slavery in Islam. [online] Available at: [Accessed 10 Oct. 2019]. Published by Middle East Media Research Institute (MEMRI).
Sharma, R. (2019). Colonial Households – Servants Pasts. [online] Servants Pasts. Available at: https://servantspasts.wordpress.com/category/colonial-households/ [Accessed 20 Oct. 2019].
William Gervase, C. (2019). EUNUCHS AND CONCUBINES IN THE HISTORY OF ISLAMIC SOUTHEAST ASIA. [online] Manusya.journals.chula.ac.th. Available at: http://www.manusya.journals.chula.ac.th/files/essay/Smith_ HYPERLINK "http://www.manusya.journals.chula.ac.th/files/essay/Smith_1-19.pdf" [Accessed 20 Oct. 2018].