কবিতার যোগাযোগসমস্যা, কবিতার বিনোদনধর্মিতা, ইত্যাদি
চিত্রকর্ম: জান্নাতুন নাঈম প্রীতি
কোনো পাঠক যখন বলেন, অমুখের অমুক কবিতাটি ভালো লাগলো; তার অর্থ পাঠক স্বীকার করলেন যে, ওই কবিতাটির পাঠ তাকে আনন্দ দিয়েছে। এতে প্রতীয়মান হয় যে, কবিতার আনন্দ দেয়ার ক্ষমতা আছে। আর, যে কাব্য পাঠককে আনন্দ দিতে পারে না তা, আমার মতে, আদৌ কাব্য নয়। কতো অজ¯্র বিষয় নিয়ে কবিতা লেখা হয়েছে, হচ্ছে। বৈচিত্রের কোনো সীমা নেই। বউভাত বা সেলাইকল নিয়েও কবিতা লেখা হয়েছে আবার সেফটিপিন বা বলপেন নিয়েও হয়েছে। কিন্তু বিষয়বস্তু যা-ই হোক আমরা পাঠকরা চাই সেই কবিতা পড়ে উদ্দিপ্ত হতে, আনন্দিত হতে, কখনো বা অনুপ্রাণিত হতে। কবিতা যেমন অনেক রকম তার পাঠকও অনেক রকম। কিছু পাঠক আছেন যারা বন্দে আলী মিঞা কিংবা জসীমউদ্দিনের কবিতা বোঝেন। রড়জোর শামসুর রাহমানের অপেক্ষাকৃত সহজ কিছু কবিতা তাদের আনন্দ দেয়। আরেক ধরনের পাঠক জসীমউদ্দিন, জীবনানন্দ, আল মাহমুদ, শক্তি চট্টোপাধ্যায় সবার কবিতাই পছন্দ করেন। পাঠক যদি সুরসিক হন, তাহলে তার অর্জিত বিদ্যা-বুদ্ধি বা ইনটেলেক্ট কবিতার রসাস্বাদনে বাধা হয়ে দাড়াঁতে পারে না। আমরা, যারা স্বাধীনতাযুদ্ধ পরবর্তী যুগে আধুনিক কবিতা লিখছি, বরং চাই ওই সুশিক্ষিত-রসিক পাঠক বর্গকেই। তার কারণ আমাদের কবিতার কল্পছবি, ইশারা-ইঙ্গিত, একান্ত ব্যক্তিক অভিজ্ঞতার নির্যাস, অনুভবের বহুরূপিতা বুঝতে হলে এই শ্রেণীর পাঠকের বিকল্প নেই। তবে কলেজ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি না থাকলেও একজন মানুষ আধুনিক কবিতার ভোক্তা হতে পারেন। তার সংখ্যা নগন্য নয় এবং তারা ব্যতিক্রম।
একটা সময় ছিল (কমপক্ষে চল্লিশ বছর আগের কথা বলছি) যখন কবিতা পড়ে মানুষ প্রায় সিনেমা দেখার আনন্দের মতই বিনোদন পেতেন। সেকালে তো আর এখনকার মতো ইলেকট্রনিক মিডিয়ার এতো হাতছানি ছিল না। বিনোদনের এত সব বিচিত্র মাধ্যমও ছিল না। লোকজন রেডিও শুনতো, যাত্রা-থিয়েটার দেখতো, গৃহবধুদের একটা বড় অংশ পড়তো নভেল। আর যারা একটু উন্নত পাঠক তারা কবিতা পড়তো। অতীতের মতো এখনো অগ্রসর পাঠকরাই কবিতার অনুরাগী। যদি একশজন উপন্যাসপাঠককে হাজির করানো হয়, দেখা যাবে তাদের মধ্যে ১০/১৫ জন কবিতা পড়েন। কিন্তু কবিতাপাঠকদের একটা বড় অংশ গল্প-উপন্যাস ও পড়েন। এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, কবিতার কাছে কি মানুষ কেবলই বিনোদী উপকরণ আশা করে? ৪০/৫০/৬০ বছর আগে কবিতা পড়ে লোকজন যে মজাটা পেতেন আজকে তা পাচ্ছেন না বলে কবিতার বিক্রি-বাটা ভীষণ কমে গেছে। অথবা এভাবেও বলা চলে, কবিতা আর আগের মতো পাঠকের সঙ্গে কমিউনিকেট করতে পরছে না কেননা কাব্য তার পূর্বতন সরলতা খুইয়ে বসে আছে। জীবনানন্দউত্তর বেশ কয়েক জন প্রধান কবির রচনারীতির ভেতর আমরা শব্দের সহজতাকে গুরুত্বের সঙ্গে প্রয়োগ করতে দেখেছি। তা সত্ত্বেও থেকে যাচ্ছে ওই যোগাযোগ না ঘটার সমস্যা। এখন কবিরা এক্ষেত্রে কী করতে পারেন? কবিতা বোঝার ব্যপারটা কবিতার পাঠ-অনুশীলনের সঙ্গেও অনেকখানি সম্পর্কিত। রবার্ট ফ্রষ্ট ওই যে বলেছিলেন, আধুনিক কবি তিনিই যিনি আধুনিক পাঠককে সন্তুষ্ট করতে সক্ষম; কথাটা ভেবে দেখুন। আধুনিক পাঠক মানে তো সেই ব্যক্তি যার মনটাও আধুনিক। তিনি সবরকম পশ্চাতপদতার উর্ধে এবং মুক্ত চিন্তা ও চেতনার ধারক। কিন্তু আমরা কী ধরনের লোক দেখতে পাচ্ছি চারপাশে? পৃথিবীতে শিল্প-সাহিত্যের এত সব আন্দোলন, বিপ্লব ঘটে যাওয়ার পরেও, এই ২০১৯ সালেও, বাংলাদেশের মানুষ পদ্যকে কবিতা মনে করে। পঙক্তির শেষে মিল, পরিচিত উপমা, পরিচিত দৃশ্য বা সহজবোধ্য শব্দের ব্যবহার না থাকলে তা কবিতা হিসেবে গৃহীত হয় না তাদের কাছে।
অগ্রসর কবিতার মতো এগিয়ে থাকা পাঠকরাও চান কবিতায় মনোরঞ্জক উপাদানের পাশাপাশি চিন্তাগভীর ভাব-কল্পনা থাকুক। ওয়ার্ডসওয়ার্থ, ইয়েটস, নেরুদা, আখমাতোভা, লারকিন প্রমুখ বড় কবি হিসেবে নন্দিত হয়েছেন কেন? কারণ তাঁরা তাদের সমৃদ্ধ জীবনাভিজ্ঞতা ও প্রজ্ঞার সঙ্গে সহজগভীর এক একটি শৈলী যুক্ত করে ফলিয়েছেন অভিনতুন শিল্পফসল। ওয়ার্ডওয়ার্থ তো সেই ১৭৯৮ সালেই কবিতায় সাধারণ মানুষের মুখের ভাষা ব্যবহারের কথা বলেছিলেন। মাঝখানে দু'শ বছরের ভেতর অনেকেই সেই চেষ্টা করেছেনও। ওয়ার্ডওয়ার্থ নিজেও, অত আগে, সাধ্যমতো ওই কাজ করেছেন। রোমান্টিক যুগের অপরাপর কবিদের পাশাপাশি তার কবিতা পড়লেই এই ভাষাজনিত তফাৎটি চোখে পড়ে। কবিদের অনেকেই, বিশেষ করে তরুণ কবিরা, একটি কথা ভুলে যান। তা হচ্ছে, বিশ্বের তাবৎ প্রথম শ্রেণীর কবিতা প্রথম শ্রেণীর বিনোদনের জোগানদাতা। অনবদ্য কবিকল্পনা, ভাব প্রকাশের বিশেষ নিজস্ব ধরন এগুলো তো থাকেই, তার সঙ্গে থাকে ওই শব্দের জাদু যা মজাদার হয়ে ওঠে শব্দের সঠিক প্রয়োগের গুণেই। জীবনের অম্ল-মধুর অভিজ্ঞতা অল্প বিস্তর সবারই থাকে। কিন্তু একজন কবি জীবন সম্পর্কে সঞ্চিত যাবতীয় অভিজ্ঞতা ও জ্ঞানের প্রতিফলন ঘটান তার কবিতায়। তা যদি হৃদয়গ্রাহী হয়ে ওঠে, তাহলে কবির অভিজ্ঞতা ও ভাবকল্পনার অনেক কাছাকাছি পৌঁছে যায় পাঠকের অভিজ্ঞতা। কবিতার পাঠক তখন তৃপ্তি পান। বিনোদনের সূত্রটি আসলে এখানেই নিহিত।
মজা বা শান্তি পাওয়ার মতো বিষয়বস্তু অথবা নানাবিধ শিল্প-উপকরণ থাকা সত্ত্বেও, আমরা দেখেছি, অপ্রচল কিংবা দুর্বোধ্য শব্দের সমাহার একটি কবিতাকে কীভাবে দরিদ্র করে ফেলে। সুতরাং তারাপদ রায়সুলভ 'জলের মতো কবিতা' বা বিনয় মজুমদারের শেষ জীবনের অভাবনীয় সহজ কবিতাগুলো লেখার পেছনে তাদের গভীরতাসন্ধ ভাবুক মনে কেমন অভিপ্রায় সক্রিয় ছিল ভেবে দেখতে হবে। ভিক্টোরিয়ান আমলে কারো কারো কাব্যে গল্পের উপাদান ছিল। রবার্ট ব্রাউনিংএ ছিল; রবীন্দ্রনাথেও। তারপর মাঝখানে বহুকাল আমরা গল্পের দেখা পাইনি কবিতায়। এডুইন এরলিঙটন রবিনসনের মতো কেউ কেউ আবার গল্প ব্যবহার করেছেন কবিতায়। সত্তরের প্রজন্মে এটা সবচেয়ে বেশি প্রযুক্ত হয়েছে দেশে-বিদেশে। যদি বলি এর পেছনে আধুনিক কবিতাকে জনপ্রিয় করে তোলার প্রায়-অসম্ভব বাসনা সক্রিয় ছিল; তাহলে কি খুব ভুল বলা হবে? আমরা তো জানি আধুনিক কবিতা একটা বিশেষ বুদ্ধি-বৃত্তিক লেভেলে বড় জোর পাঠকপ্রিয় হতে পারে, যেমনটা ঘটেছে রিলকে, লোরকা, জীবনানন্দের মতো কবিদের বেলায়, কিন্তু জনপ্রিয় হওয়া তার পক্ষে অসম্ভব। নানা ভাষার শ্রেষ্ঠ কবিগণ আমাদের প্রিয় লেখক। এই কবিদের আছে মানুষ সমন্ধে পরিচ্ছন্ন ধারণা, অনুভূতির শক্তিমান প্রকাশ, ভালোবাসার বিশাল হৃদয়। আর তাদের কবিতা কোনো না কোনোভাবে প্রকাশ করেছে স্বদেশের আত্মার ছবি।
সুতরাং তাদের কবিতা মানুষকে উদ্দীপ্ত হতে, দয়ায় আদ্র হতে, বিস্ময়ে অভিভূত হতে ও ভালোবাসতে শেখায়। কবিতা অসঙ্গতিভরা সমাজের বদল ঘটাবে, বিপ্লব আনবে এসব মূল্যহীন কথা। তবে সমাজবাদী কবিতা সুবিধাবঞ্চিত মানুষদের মৌলিক অধিকারসমূহ বিষয়ে সচেতন করে তুলতে পারে। কবিতা অপ্রেমিক বা আধা প্রেমিক মানুষকে পুরোপুরি প্রেমিক বানাতে পারে। উন্নত মানের কবিতা অবশ্যই মানুষকে মূল্যবোধের গুরুত্বও বোঝাতে সক্ষম। শেষ বিচারে কবিতা তো শিল্প। অন্যান্য শিল্পকলা যেমন রসঅন্বেষী মানুষকে নির্মল ভালোলাগার অনুভূতি দেয়, তেমনি কবিতাও রস পরিবেশনের মাধ্যমে পাঠকের হৃদয়ে বেঁচে থাকার গভীরতর অর্থ জোগান দেয়। এভাবে একজন মানুষ, যিনি কাব্যানুরাগী, নিজেকে জীবনের অনেক তুচ্ছতা ও কালিঝুলির উর্ধেŸ স্থাপন করতে শেখান। কবিতার এর চেয়ে বড় উপযোগ আর কী হতে পারে?
