২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শওকত আলী: প্রাকৃতজনের প্রদোষকাল

sadiamahjabin_imam

Published : 12 Feb 2017, 12:50 PM

Updated : 03 Oct 2022, 11:26 AM

Image
border=0

টিকাটুলীর 'বিরতি ভিলা'র নীচের তলায় যোগাযোগ বিচ্ছিন্ন কুঠুরিতে বহুকাল আগে থাকতেন আখতারুজ্জামান ইলিয়াস। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথাসাহিত্যিক ইলিয়াস জগন্নাথ কলেজে পড়াতে শুরু করেই ঘরটা ভাড়া নিয়েছিলেন। তখন চারপাশে খোলামেলা ছিলো, এখন আলো-হাওয়া নেই, বাইরের শব্দ পৌঁছায়না। বেল বাজিয়ে দীর্ঘ সময় অপেক্ষার পরও কেউ দরজা খুলবেনা। তবে এখনো একজন থাকেন এখানে। তাঁর বিস্মৃত স্মৃতির গহ্বর থেকে যা কিছু উঠে আসে অধিকাংশই শৈশবের রায়গঞ্জ আর লেখার কথা। এর ভেতরও বিশেষ জায়গা করে নিয়েছে বন্ধু ইলিয়াসের স্মৃতি। বললেন, তাদের দুজনেরই চেতনা ও উপলব্ধির জায়গাটা এক। প্রকাশের ভাষাটা স্বতন্ত্র।
চারতলা 'বিরতি ভিলা'র প্রায় পরিত্যক্ত এই ঘর এখন প্রদোষে প্রাকৃতজন-এর লেখক শওকত আলীর পৃথিবী। অপরিচ্ছন্ন ছোট একটি বারান্দা আর পা আটকে যাওয়া ঘরে গুমোট হাওয়া। জানালার সাথে নানা রকম প্লাস্টিকের ব্যাগে ওষুধপত্র, কাপড় দলা পাকানো। দেওয়ালে স্ত্রীর বিশাল ছবি কালো ফ্রেমে বাঁধানো, গাদাগাদি করে আছে বইসমেত দুটো বুকসেলফ। সেখানে গর্ডন চাইল্ডের হোয়াট হ্যাপেনড ইন হিস্ট্রি থেকে রোডি ডোয়েলের দ্য ডেড রিপাবলিক। রবীন্দ্র রচনাবলী ও ফয়জুল লতিফ চৌধুরী সম্পাদিত জীবনানন্দ দাশের চিঠিপত্র বইগুলোতেও দু'স্তরের ধুলোর পরত। জানতে চাইলাম পড়েন কিনা? মুখের দিকে তাকিয়ে রইলেন। নিরাসক্তভাবে মনোযোগ সরিয়ে বন্ধ জানালায় চোখ রেখে কিছু দেখলেন। জানালেন, কিছুই আর পড়তে তেমন আগ্রহ পাননা। রাতে ঘুম হয়না, পড়তে চেষ্টা করলে চোখে কষ্ট হয়। তাকে এখন কেউ দেখতে আসেনা তবে এতে অভিযোগ নেই বললেন। জানতে না চাইলেও এই যে 'অভিযোগ নেই' বললেন, ওতেই টের পাওয়া গেলো অভিমানের উত্তাপ। এই ঘরে তিনি একাই থাকেন। ছেলেরা উপরের ভিন্ন ভিন্ন তলায়। চলাফেরার শক্তি প্রায় হারিয়ে ফেলেছেন বাংলা সাহিত্যের শক্তিমান লেখক শওকত আলী, পায়ের পাতা দুটো ফুলে আছে। চোখের ওষুধ নিতে চেষ্টা করেন, হাত কেঁপে গড়িয়ে যায়। সাহায্য করতে চাইলে বাধা দিলেন। তখন মনে হলো, তিনি নিজেরই তৈরি চরিত্র শ্যামাঙ্গের মতো যেন জীবনের কাছে আহত ও প্রতারিত।

Image
showkat-2

শওকত আলীর স্মৃতি এখন যুক্তির বদলে পুরোটাই আবেগের দখলে। যে কোন প্রসঙ্গেই কথা শুরু হলে চলে যান রায়গঞ্জের শৈশব আর তাঁর কমিউনিষ্ট পিতার প্রসঙ্গে। হাতড়ে হাতড়ে খুঁজে নিয়ে আসেন বহু যুগ আগের পুরনো কথা। যে কোন লেখা প্রসঙ্গে জানতে চাইলেই শুরু করেন, ঔপনেবিশক আমলের রাজনীতির গল্প। বাংলা সাহিত্যের শক্তিমান এই কথাসাহিত্যিকের কাছ থেকে তাঁর লেখার গল্পের স্পষ্ট ধারণা পাবার আর বিশেষ সুযোগ নেই। এই যে নিম্নবিত্তের মানুষদের নিয়ে লিখলেন এর কতটা প্রভাব সমাজে পড়েছে জিজ্ঞেস করতে তিনি চলে এলেন সমকালীন সাহিত্যে। বললেন, এখনকার গল্পে তৃণমূল মানুষের জীবন-সংগ্রাম বা ক্ষোভের কথা উঠে আসেনা কেন? তাহলে কি বুঝতে হবে, সমাজের সব প্রান্তিক মানুষের বঞ্চনার, অভিযোগের অবসান হয়েছে? শিল্প সৃষ্টির জন্য আদিমতার প্রয়োজন, মৃত্তিকালগ্নের কাছে যেতে হয় সেসব কেন এখনকার লেখকরা লিখতে চাননা? এবার শওকত আলীর প্রশ্নের জবাবে আমি নিরুত্তর।

Image
showkat-3

প্রতিটি উপন্যাসেই শওকত আলীর কণ্ঠস্বর স্বতন্ত্র। যে কোন লেখারই মূল উদ্দেশ্য সমাজের চিত্রকল্প তৈরি। পিঙ্গল আকাশ-এ নীতিহীনতা, মধ্যবিত্তের নগ্নতা। অপেক্ষা, যেতে চাই, বাসন-এর শব্দে-বাক্যে এসেছে নাগরিক মধ্যবিত্ত সমাজের চেতনার কথা। ব্রিটিশ ঔপনিবেশিক কাল, স্বাধীনতার ক্রান্তিকাল, মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদের চেতনার উন্মেষ নিয়ে লিখেছেন দক্ষিণায়নের দিন, কুলায় কাল স্রোত ও পূর্বরাত্রি পূর্বদিন ত্রয়ী উপন্যাস। তবে তাঁর সব কাজের ভেতর বিশেষ গুরুত্ব বহন করে প্রদোষে প্রাকৃতজন। এই উপন্যাসে নতজানু দাসত্ব থেকে মুক্ত হতে বলেছিল মিত্রানন্দ। আর সে আহ্বানেই জগত-সংসারের সমস্ত কোমল মায়া পিছে ফেলে মিত্রানন্দের সঙ্গী হয়েছিল বসন্তদাস। প্রদোষকালে ( সামন্ত সেনদের অত্যাচারের সময়কালকে লেখক সন্ধ্যার সাথে তুলনা করেছেন) প্রাকৃতজনদের কথা বলতে বলতে শওকত আলী যে মূলে আঘাত করেছেন তার পরিচয় বইয়ের শেষদিকের প্রশ্নে। " এই কি মানুষের জীবন? এর শেষ কোথায়? এ জীবন কি যাপন করা যায়?" পাঠক উপন্যাসটিকে ঐতিহাসিক আখ্যা দিলেও লেখক মানতে রাজী নন। তিনি উড়িয়ে দিলেন ঐতিহাসিক বিশেষণ। বললেন, আমি শুধু প্রান্তিক মানুষের কথা বলতে চেয়েছি। বসন্তদাস, লীলাবতী, ছায়াবতীদের এনেছি প্রান্তিক মানুষের চরিত্রের রূপক হিসেবে। শ্যামাঙ্গকে মৃত্যুবরণ করতে হয়েছে উপন্যাসের শেষে। এটাই তাঁর নিয়তি ছিল। ঐ সময়ের সমাজ ওঁর মতো মৃৎশিল্পীকে বেঁচে থাকার অধিকার দেয়নি। আমি তাই বলতে চেয়েছি। তবে লেখাটা (উপন্যাস) শুরুর আগে একটা আগ্রহ ছিলো আমার। মুসলমানরা সব এসেছে ওদিক দিয়ে কিন্তু এই অঞ্চলে কেন তাদের সংখ্যা বেশি? যবন বণিকদের নিয়ে একটা বই পেয়েছিলাম 'শুভদয়া' নাম মনে হয়। তখন সংস্কৃত পড়তে জানি। ওই বইতে বণিকদের নিয়ে কিছু কিছু গল্প ছিলো। সব মিলিয়ে শুরু হয়ে গেলো প্রদোষে প্রাকৃতজন এর চিত্রকল্প। পাঠক ঐতিহাসিক বললেও আমি মনে করি, এটা অন্য সময়ের প্রান্তিক মানুষদের বঞ্চনার কথা। এই হলেন নির্মোহ, নিভৃত শওকত আলী। যিনি বিস্মৃত স্মৃতির ভেতরও নিজের রচনা নিয়ে আত্মতুষ্টিতে ভোগেন না। এমনকি তাঁর আক্ষেপ রয়েছে, প্রদোষে প্রাকৃতজন-এর আরেকটি অধ্যায় তিনি লিখতে পারেন নি বলে। সে অধ্যায়ে কী লিখতেন জিজ্ঞেস করলে আবারও সেই না বোঝা দৃষ্টি। জানতে চাইলাম এই যে দীর্ঘপথ হাঁটলেন, দেশ ভাগ, স্বাধীনতা দেখলেন, জাতিস্বত্ত্বা নিয়ে বারবার মোচড় এসেছে আপনার জীবনে। আফশোস আছে? শওকত আলী মাথা নীচু করে উত্তর দিলেন একটা দীর্ঘশ্বাসের মাধ্যমে।

Image
showkat-2

চারপাশে এখন এতো বইয়ের উৎসব, লেখক আড্ডা, গ্রন্থমেলায় যেতে ইচ্ছে করেনা? উত্তর দিলেন " অপ্রয়োজনে অনেক শব্দ খরচ করতে ভালো লাগেনা। আমার জীবনীশক্তি ফুরিয়ে গেছে, যদি আরও একটু শক্তি থাকতো তবে কিছু কিছু মানুষের কথা লিখতাম, বাকি রয়ে গেলো।" বিরতি ভিলার গেটের সামনে এখনো সেই পুরনো লাল একটা চিঠির বাক্স। তাঁর গায়ে সাদা কালীতে লেখা মৃত স্ত্রী ও তাঁর নাম। এই বাক্সে এখনো তাঁর জন্য হাতে লেখা কোন চিঠি আসে কিনা জিজ্ঞেস করলে জানালেন, চাবিটা হারিয়ে গেছে। সামনেই তাঁর জন্মদিন মনে করিয়ে দিতেই বললেন তাতে কী আসে যায় আর? নির্মোহ-নির্ভৃতচারী শক্তিশালী ঔপন্যাসিক শওকত আলী এবং সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক আখতারুজ্জামান ইলিয়াসের জন্মদিন একই দিনে, ১২ ফেব্রুয়ারি। দম বন্ধ কুঠুরির ভেতর আমাদের সাথে কথা বলতে বলতেই বসে ঘুমিয়ে গেলেন তিনি। মনে হলো এই জীবন কি যাপন করতে পারছেন তিনি? কিছুক্ষণ নিঃশব্দে অপেক্ষা করে 'বিরতি ভিলা' থেকে ফিরে আসা ছাড়া আর কিছুই করার নেই। বাংলা সাহিত্যানুরাগী প্রতিটি লেখক পাঠক-পাঠকই খুব যত্ন নিয়ে যে কয়েকটি বই পড়েন, প্রদোষে প্রাকৃতজন এর অন্যতম। সেই লেখক শওকত আলীর জীবনের এমন 'অযত্ন' আমাদের দীর্ঘসময় শব্দহীন করে রাখলো বিরতি ভিলার আঁধারঘরে। শক্তিমান এই কথাসাহিত্যিকের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী।

Image
Flag Counter