২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবি অসীম সাহার উদ্বাস্তু কবিতাজীবন

‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ নামের গ্রন্থটি তাঁর বঙ্গবন্ধুচর্চার স্মারক।

তপন বাগচী তপন বাগচী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2024, 09:31 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

অসীম সাহা কবি। ষাটের দশকে তাঁর কবিখ্যাতি উন্মুক্ত হয়েছিল। কবি-পরিচয় ধারণ করেই তিনি প্রয়াত। জীবন-ধারণের জন্য সাংবাদিকতা ও মুদ্রণব্যাবসায় যুক্ত থাকলেও কবিতাকর্মই ছিল সর্বক্ষণের আরাধ্য। তাই আর্থিক সফলতা তাঁর না জুটলেও সাহিত্য তাঁকে রিক্ত করেনি। ৭৫ বছর জীবনকাল অতিবাহিত করে তিনি ফিরে গেছেন তাঁর মৎসকুমারীর কাছে--

‘হে মীন, হে মৎসকুমারী/

অন্ধকার সমুদ্রতীরে আলোকমালায় সজ্জিত/

এই পৃথিবীকে সাক্ষী রেখে/

এই প্রথম ও শেষবারের মতো তুমি আমাকে গ্রহণ করো।’

(অবগাহন/ ‘মধ্যরাতের প্রতিধ্বনি’)

ষাটের দশকে ষাটজনের বেশি কবি ছিলেন। সাহিত্য-আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলন, এমনকি স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁদের অনেকেরই অবদান ছিল। ষাটের প্রধান কবিদের মধ্যে মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, মুহম্মদ নূরুল হুদা এখনও সক্রিয় সৃষ্টিশীল থাকলেও আসাদ চৌধুরী, মোহাম্মদ রফিক, আবুল হাসান, রফিক আজাদ, আবদুল মান্নান সৈয়দ, হাবীবুল্লাহ সিরাজী প্রয়াত হয়েছেন। অসীম সাহা নাম লেখালেন শেষোক্তদের দলে। উদ্বাস্তু কবিতাজীবন যাপন করেছেন তিনি। এবার হয়তো থিতু হবেন।

অসীম সাহা কেবল কবি-ই নন, ‘প্রগতিশীল সাহিত্যের ধারা’ এবং ‘অগ্নিপুরুষ ডিরোজিও’ নামের দুটি গ্রন্থ আমাদের প্রবন্ধসাহিত্যের অমূল্য সম্পদ। গ্রন্থদুটির নাম থেকেই অসীম সাহার সাহিত্য-মানস চিহ্নিত করা যায়। তিনি প্রগতিশীলতা ও ইয়ং বেঙ্গল মুভমেন্টের পক্ষে নিজের ভূমিকাকে স্থাপন করতে চেয়েছেন। এরপর সাহিত্য নিয়ে বেশ কিছু প্রবন্ধ তিনি রচনা করেছেন। ‘লেখালেখির এলোমেলো নামতাপাঠ’ নামক গ্রন্থে তিনি লেখালেখির করণকৌশল নিয়ে নিজের উপলব্ধির কথা বলেছেন, তরুণ লেখকদের কাছে যা খুবই উপাদেয় সন্দেশ।  ‘সংস্কৃতি রূপে অরূপে’ গ্রন্থটি বাংলাদেশের সংস্কৃতি নিয়ে তাঁর মননশীল বক্তব্য স্থান পেয়েছে। ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ নামের গ্রন্থটি তাঁর বঙ্গবন্ধুচর্চার স্মারক। অনেক গুরুত্বপূর্ণ কবির সৃষ্টিকর্ম নিয়ে তিনি প্রবন্ধ রচনা করে মূল্যায়ন ও শ্রদ্ধা জানিয়েছেন। কেবল সমকালীন কিংবা পূর্বকালীন সাহিত্যিকদেরই নয়, পরবর্তীকালীন সাহিত্যিকদের মূল্যায়নেও তিনি অকৃপণ ছিলেন। তবে অনুজদের পরামর্শ দিতে গিয়ে, ভুলভ্রান্তি ধরিয়ে দিতে গিয়ে তিনি অনেকের চক্ষুশূল হয়েছেন। স্বতঃপ্রণোদিতভাবেও তিনি অনেক লেখকের ভুলভ্রান্তি নিয়ে আলোচনা করেছেন অগ্রজের অধিকারে। তাতে তাতে অনেকেই শত্রু হয়ে গেছেন। কিন্তু অসীম সাহা তা পাত্তা দিতেন না। সাহিত্যের প্রতি ভালবাসা থেকে, শিল্পের প্রতি একধরনের দায় থেকে তিনি এইসব বনের মহিষ তাড়িয়ে বেড়িয়েছেন। তাতে হয়তো সাহিত্যের উন্নতি হতে পারে, কিন্তু ক্ষতি হয়েছে নিজের। অযথা এমন কিছু শত্রু তৈরি করেছেন, যাঁরা তাঁর মৃত্যুর সংবাদ পেয়েই তাঁকে গালিগালাজ করে নিজেদের বংশপরিচয় প্রদানে ব্যস্ত হয়ে পড়েছেন।

অসীম সাহা উপন্যাস লিখেছেন। তাঁর ‘উদাসীন দিন‘ উপন্যাস পড়ে মুগ্ধ হয়েছিলাম কেবল ভাষার কাব্যময়তার জন্য নয়, দেশভাগের যন্ত্রণার প্রকাশক্ষমতা দেখে। ‘শ্মশানঘাটের মাটি’ গল্পেও রয়েছে ভিটেমাটির টান ও নাড়িছেঁড়া বেদনার কথা। এই দুটি বইয়ের কারণে তিনি কথাসাহিত্যিক হিসেবেও দাঁড়িয়ে থাকার যোগ্য। কিন্তু তাঁর কবি-পরিচয় এতখানিই শেকড়লগ্ন যে প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক পরিচয়টাও আমরা মনে রাখতে পারিনি।

দেশের সাম্প্রতিক অবস্থা বিশেষ করে সাম্প্রদায়িক  আচরণের কারণে দেশত্যাগের মর্মবেদনা নিয়ে তিনি রচনা করেছেন ‘উদ্বাস্তু’ কবিতাগ্রন্থ। নিজেকেই তিনি উদ্বাস্তু মনে করতেন। পৈত্রিক বাস মানিকগঞ্জের তেওতা গ্রামে, যে গ্রামের নজরুলপত্নী প্রমিলার বাড়ি। কিন্তু সেই বাড়ি নদীগর্ভে বিলীন। জন্ম হয়েছে নেত্রকোণায় মাতুলালয়ে। উত্তরাথিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি তিনি দখল করতে পারেননি। মামলার রায় তাঁর পক্ষে গেলেও প্রভাবশালীদের রক্তচক্ষুর ভয়ে সেই সম্পত্তি ভোগ করতে পারেননি। আড্ডাচ্ছলে বলেছিলেন, আরো কোনো প্রভাবশালীর কাছে বিক্রি করে দেব, অথবা গরিব মানুষকে বিলিয়ে দেব, তবু অন্যায় দখলকে মেনে নেব না। কিন্তু তিনি কিছুই করতে পারেননি। ছোটবেলা থেকেই তিনি পিতামাতার কাছে মাদারীপুরে বড় হয়েছেন। স্কুলশিক্ষা থেকে স্নাতক পর্যন্ত পড়ালেখা মাদারীপুরেই। ওখানেই পিতা অধ্যক্ষ অখিলবন্ধু সাহা বাড়ি করেছেন। তাঁর পিতার নামে মাদারীপুর শহরে একটি সড়ক রয়েছে। কিন্তু ভাইবোনেরা কর্মোদ্দেশে মাদারীপুরের বাড়িটি যখন বিক্রি করতে চাইলেন তখন ন্যায্য মূল্যের চেয়ে অনেক কমদামে বিক্রি করতে বাধ্য হলেন। তাই তিনি নিজেকে উদ্বাস্তু মনে করতেন। সেই অনুভূতিই ফুটিয়ে তুলেছেন কবিতায়। এ-সম্পর্কে অধ্যাপক ড. সৌমিত্র শেখর লিখেছেন, ‘...উত্তরকালের কবিতাবলিতে রোমান্টিকতা ফ্যাকাশে হয়েছে (কিন্তু মরে যায়নি), স্পষ্টতর হয়েছে বাস্তবতার অভিঘাত। এ-প্রসঙ্গে ‘উদ্বাস্তু’ সিরিজের দশটি কবিতার কথা বলা যায়। উদ্বাস্তু’ হওয়া পঞ্চাশোত্তীর্ণ কবির স্মৃতি-কোলাজ এই কবিতাগুচ্ছ। এখানে আছে : কখনো তাঁর খোকনকে সামনে রেখে, কখনো একাকী অনেক না-বলা কথা; কখনো কৈশোরস্মৃতি, কখনো যৌবনের স্বপ্ন; কখনো বারো বছরের নিরুপমা, কখনো সরস্বতী-শীলা সাহার রক্তসিঁদুর মাখার গল্প।’  (সৌমিত্র শেখর, ‘অসীম সাহার কবিতা’, দৈনিক ‘আমাদের সময়.কম’, ঢাকা, ২০ শে ফেব্রুয়ারি ২০১৯)। অসীম সাহার ‘শ্রেষ্ঠ কবিতা’য় উদ্বাস্তু সিরিজের ১০টি কবিতা স্থান পেয়েছে। এই কবিতাগুচ্ছ সম্পর্কে বকুল আশরাফ বলেন, ‘ এই দশটি গুচ্ছ কবিতাকে ‘কনফেশনাল পোয়েট্রি’ বলতে পারি। আবার চীনদেশীয় ‘মিস্টিক’ পোয়েট্রিও বলতে পারি। আমরা এই ধরনের কবিতার ইঙ্গিত পাই বিশ শতকের পাঁচের দশকে আমেরিকান কবিদের মধ্যে, যা কবির নিজের জীবনেরই প্রতিফলন। এখানে শুধু আবেগের খেলা নয়, নির্মাণের নৈপুণ্য থাকতে হয়। কবি সতর্ক মনোযোগ দিয়ে উচ্চস্তরের কারুকার্যে অতীত ও দৈনন্দিন ঘটনাবলি তুলে ধরেন। অসীম সাহার এই উদ্বাস্তু সিরিজের কবিতায় সাবলীলতার পাশাপাশি বিমূর্ত ছবি জুড়ে রয়েছে অভিজ্ঞতার মিষ্টি দ্যোতনা।’ (বকুল আশরাফ,  অসীম সাহার কবিতা : অনুভব আর বীক্ষণে ঋদ্ধ, মাসিক কালি ও কলম,  ঢাকা, নভেম্বর ২০২৩)। উদ্বাস্তু কবিতায় কবির স্বর ধ্বনিত হয় এভাবে-

‘আহা, এই সব পাখিদের ঘর আছে-/

পাখিদের নিজের ঘর!/

আমরাই কেবল কোনো ঘর নেই-/

আমি শুধু গড়ে তুলি হাসনের ঘর।

(উদ্বাস্তু-১০/ উদ্বাস্তু)।

উদ্বাস্তু কবি এবার পৃথিবী থেকেই চলে গেলেন। আমাকে নিয়ে তিনি বেশ কয়েকবছর আগে লিখেছিলেন, “কবি আল মাহমুদ একবার তাঁর এক প্রবন্ধে নব্বই দশকের কবিদের মধ্যে যারা ছন্দ জানেন, তাদের মধ্যে তপনের নামও উচ্চারণ করেছিলেন। এটা ঠিকই আছে। কারণ, এটা এতই স্বতঃস্ফূর্ত যে, যারা-ই কবিতা লিখুক বা কবিতার জগতে বসবাস করছে, তার পূর্বসূরী বা উত্তরসূরী বা তার সমসাময়িক, তারা জানেন যে ছন্দের ব্যাপারে তপন একেবারে একজন বিশেষজ্ঞ। এ-ক্ষেত্রে আল মাহমুদের কথা অনেকটাই সত্যি। তারচেয়ে বড় কথা হচ্ছে ছন্দটাকে তপন একেবারে আত্মিক করে নিয়েছে। এইখানেই ওর বিশেষত্ব। যেটা আমি এমনকি অনেক সিনিয়র কবিদের মধ্যেও দেখিনি।” কতটা উদার হলে অনুজের প্রতি এই শংসাবাক্য উচ্চারণ করতে পারেন, তা ভেবে বিস্মিত হই। তিনি সত্যিকার অর্থে বড় মানুষ। প্রয়াণশোক থিতিয়ে এলে তাঁর সাহিত্যের মূল্যায়ন হবে।  আমরা সেই দিনের অপেক্ষায় আছি।