২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের বব ডিলান

আনিসুর রহমান

Published : 11 Dec 2016, 09:46 AM

Updated : 23 Jun 2022, 04:03 PM

বব ডিলান মার্কিন মুল্লুকের একজন জনপ্রিয় গায়ক। যার খ্যাতি দুনিয়া জুড়ে। যিনি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ১৯৭১ সালে সমর্থন জুগিয়েছেন, মুক্তিযুদ্ধের সমর্থনে কনসার্টে অংশ নিয়ে গান গেয়েছেন। এতটুকু আমি জানতাম। কিন্তু এতোটা তলিয়ে দেখিনি তাঁর কণ্ঠের গানগুলো কবিতা হিসেবে কেমন। কিংবা তিনি কি আদতে কবি? নাকি শুধুই গায়ক? এই প্রশ্নগুলোও মাথায় কোনোদিন আসেনি।
নোবেল পুরস্কার পাবার আগে তার গানও যে খুব বেশি শুনেছি তা নয়, এমনিতেই আমার জীবনটা নুন আনতে পানতা ফুরানোর মতো। আর্থিক টান তো থাকেই, তারপর সময়ের টানও কেমন যেন। আমাদের বাংলার এতো এতো গান, সেইসব গান শোনার সময় হয়ে ওঠে না। তারপর আবার আলাদা আয়োজন করে ইংরেজি গান শুনবো, তা সে বব ডিলানই হোক যেই হোক।
অন্যদিকে ইংরেজি ভাষা সাহিত্যের ছাত্র হওয়া সত্ত্বেও ইংরেজির প্রতি কেন যেন একটােঔপনিবেশিক বিতৃষ্ণাও কাজ করছিল। বিশেষ করে ঢাকা শহরকেন্দ্রিক ধনী লোকদের নাক সিটকানো ভাব এবং ইংরেজিপ্রীতি দেখে। সে যাকগে, সে আমারই সীমাবদ্ধতা। তাই বলে বব ডিলানকেও উপক্ষো করব? জর্জ হ্যারিসন?

না তা মোটেও নয়, বাঙালি হিসেবে অবশ্যই নয়। আমি ১৯৭১-এ বাংলাদেশ কনসার্টের গানগুলো শুনেছিলাম বটে। কিন্তু কল্পনায় অত দূর যাইনি, বব ডিলানের নাম একদিন নোবেল পুরস্কারের সাথে গেঁথে যাবে।
বিগত কয়েক বছরে স্কেন্ডিনেভিয়ায় আমার খণ্ডিত বিদেশ যাপন। আমরা অনেকেই জেনে থাকব সাহিত্য সংক্রান্ত নানা প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিবছর সুইডিশ একাডেমির কাছে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্যে নাম প্রস্তাব করে। সুইডিশ পেনও প্রতি বছর সাধারণ সভায় সদস্যদের ভোটাভুটির মাধ্যমে একজনের নাম পাঠায় সুইডিশ একাডেমিতে। সাধারণ সভায় উপস্থিত যে কোনো সদস্য ভোটাভুটির জন্যে একজন লেখকের নাম প্রস্তাব করতে পারে। তারপর প্রস্তাবিত নামগুলোর উপর ভোটাভুটিতে যে নামের বিপরীতে বেশি ভোট পড়বে সুইডিশ পেন-এর সভাপতি সেই নামটি প্রস্তব আকারে সুইডিশ একামেডিতে পাঠাবেন। এরকম অনেক প্রস্তাব সুইডিশ একাডেমিতে প্রতি বছরই জমা হয়। ১৯১৩ সালে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নাম প্রস্তাব করেছিল রাজকীয় ব্রিটিশ একাডেমি। সে যাই হোক, আমি যে ঘটনা বলতেছিলাম, ঐ সভায় সুইডিশ পেন-এর একজন সম্মানিত সদস্য হিসেবে আমি আমাদের জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণের নাম প্রস্তাব করেছিলাম। সুইডিশ একজন লেখিকা বব ডিলানের নাম প্রস্তাব করেছিলেন। তখন আমার মাথায় একটা প্রশ্ন ঢুকলো বব ডিলান কি লেখকও নাকি? এখানে উল্লেখ্য যে বব ডিলান এবং নির্মলেন্দু গুণ সমানসংখ্যক এবং সবচেয়ে কম ভোট পেয়েছিলেন, ভোটের সংখ্যা ছিল এক। অর্থাৎ শুধু প্রস্তাবকারীর ভোট। আমি অবাক হইনি। রবীন্দ্রনাথের পরে আমাদের সাহিত্যের আন্তর্জাতিকতা খুব বেশি দূর এগোয়নি। যতই আমাদের প্রতিষ্ঠান এবং টাকাওয়ালা বেনিয়া সংস্কৃতির মোড়লরা ইংরেজি আওড়াতে ব্যস্ত হয়ে পড়ুন। কিন্তু অবাক হলাম, বব ডিলানও মাত্র এক ভোট পেলেন। সে কি করে হয়? আবার ভাবলাম বব ডিলান গায়ক হিসেবে জগদ্বিখ্যাত হলেও হয়তো লেখক হিসেবে ততটা বড় নন। এরপরে তার যে বই পড়বো সে সুযোগ নেই, তিনি তো আত্মজীবনী ছাড়া আর কোনো বই প্রকাশ করেন নি। তাই রণেভঙ্গ। পরে অবশ্য দেখেছি তার লেখা গানগুলোর বই বেরিয়েছে। বব ডিলান অধ্যায় ঐ পর্যন্তই। কিন্তু না! ২০১৬ সালে এসে ইতিহাসের চাকা উল্টে গেলো। সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল পুস্কারের জন্যে বব ডিলানের নাম ঘোষণা করে বসলো।
শুরু হয়ে গেলো পক্ষে বিপক্ষে বিতর্ক। এখানে সহজেই অনুমেয়; স্টকহোমে লেখকদের সভায় ভোটাভুটিতে যখন বব ডিলানের নামের বিপরীতে শুধু একটি ভোট, এমন কি তাও আবার প্রস্তাবকারীর ভোটটাই তখন সমালোচনার তীর যে কত দিক থেকে আসতে পারে তা আমি বাঙালি আদম সন্তান স্কান্ডিনেভিয়ায় থেকে দেখে গেলাম। তারপর বাংলাদেশের পত্রপত্রিকা এবং এখানকার পত্রপত্রিকার সাথে তুলনা করে দেখি, পুরো বিপরীত।
বব ডিলানের পক্ষে বলার মতো সাহসী কণ্ঠ খুবই কম এই উত্তর মুল্লুকে। তারপরও সুইডিশ একাডেমির সদস্যরা কিভাবে যে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারলো, আমি ভেবে অবাক হই, তাদের দূরদৃষ্টির কথা ভেবে আপ্লুত হই। যদি আমরা ১৯১৩ সালের কথা ভুলে না যাই, মিলটা এখানেই। আমাদের গুরু রবীন্দ্রনাথও কিন্তু কবিতার জন্যেই পুরস্কারটা পেয়েছিলেন গীতাঞ্জলির কবিতাগুলো একই সাথে গানও। তেমনিই বব ডিলানের গানগুলোও একই সাথে কবিতা। পার্থক্য বব ডিলান ঐগুলো লিখে সুর দিয়ে গেয়েছেন।
তাই বলে ঐগুলোর মর্যাদা কমে যায় না। সুইডিশ একাডেমি এই সত্যটাই দেখালেন যে-গানকে সাহিত্যে ব্রাত্য বলে অবহেলা করা হলেও তা কাব্যমূল্যে মোটেই তুচ্ছ নয়। অন্তত বব ডিলানের গানগুলো। ভুল তো কিছু দেখি না। নোবেলে পুরস্কার ঘোষণা হয়ে গেলো নাখোশবাদীরা নানাভাবে প্রশ্ন ছুঁড়তে থাকলো। খোদ বব ডিলান নিরুত্তাপ। কোনো প্রতিক্রিয়া নেই। আশংকা বাড়তে থাকলো তিনি কি তাহলে পুরস্কার নিবেন না? শেষতক নীরবতা ভাঙলেন। তিনি সুইডিশ একাডেমিকে ফোন করে জানালেন তিনি পুরস্কার নিবেন। তারপর জানা গেল তিনি ১০ ডিসেম্বর ২০১৬ সালে স্টহোমে পুরস্কার গ্রহণ করতে আসছেন না তাঁর পূর্বনির্ধারিত কনসার্ট থাকার কারণে।
এই না হলে বব ডিলান? নোবেল পুরস্কার! তাতে হয়েছেটা কি? তাই বলে পূর্বে নির্ধারিত হয়ে থাকা কনসার্ট, আয়োজকদের কথা দিয়ে কথা রাখা। এখানেই মানুষ হিসেব বব ডিলানদের দায়বদ্ধতা। তিনি সুইডিশ একাডেমিকে জানিয়ে দিয়েছেন পরে সুবিধাজনক কোনো সময়ে স্টকহোমে এসে পুরস্কার গ্রহণ করবেন। এখানে কাকতালীয় হলেও ঘটনা সত্য, আমাদের রবীন্দ্রনাথও ১৯১৩ সালে নোবেল পুরস্কার গ্রহণের জন্যে সুইডেনে যাননি। রবীন্দ্রনাথের পক্ষে ব্রিটিশ কূটনীতিক চার্লস পুরস্কার গ্রহণ করেছিলেন। তিনি প্রথমবারের মতো ১৯২১ সালে সুইডেন সফর করে নোবেল বত্তৃতা দেন, আট বছর পরে। রবীন্দ্রনাথ এবং বব ডিলানরা পুরস্কারের জন্যে উতলা হন না, তাদের তর সয়। যেমন তর সয়েছিল আইরিশ নাট্যকার বার্নাড শ'র, ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের এবং ফরাসি লেখক জাঁ পল সাত্রের।
এই লেখা শেষ করার আগে বব ডিলানের কবিতা নিয়ে দু একটি কথা বলতে চাই। লেখালেখি বলি, রাজনীতি বলি কিংবা জীবনের তাবৎ কর্ম ও সৃষ্টিযজ্ঞের পথ হচ্ছে মানুষের কাছে যাওয়া। সৃষ্টি যত বড়ই হোক তা মানুষবিমুখ হলে সেই সৃষ্টিতে আপনার আমার আর তাবৎ মানুষের কি আসে যায়? বব ডিলানোর গান তাঁর কণ্ঠে ও সুরে যেমন, তেমনি তা কাগজে ছাপানো বইয়ে মানুষের কথা বলে, সময় ও জীবনকে ধারণ করে। আমাদের নাগরিক কবি শামসুর রাহমানের কবিতা যেন বাঙালি জাতি, বাংলাদেশ ও ঢাকা নগরের অর্ধ শতাব্দীর ইতিহাস বহন করে, সেই সময়কে ধারণ করে, বব ডিলানের কবিতাও তাই।
বিগত শতাব্দীর আমেরিকার নগর জীবন, জীবনের আনন্দ ও বেদনা। বব ডিলানের কণ্ঠে ও লেখা গানে অথবা কবিতায় যেভাবে এসেছে, কবিতা পড়ার উপলব্ধিতে যতটুকু পেয়েছি  এলেন্স গিনসনবার্গ-এর পরে আর কোন মার্কিন কবির কবিতা এতোটা কি পেরেছে? আমার জানা নেই। নিউইয়র্ক নগরের আনন্দ বেদনার ইতিহাস জানতে হলে, উপলব্ধি করতে হলে বব ডিলানের কবিতা ও গানের কাছে ফিরতেই হবে। এ যেন শুধু এই সময়ের পত্র নয়, অনাগত কালেরও।