২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য রকম কবিতা, সাহসী কবিতা

মোহাম্মদ রফিক

Published : 01 Dec 2016, 12:03 AM

Updated : 23 Jun 2022, 04:03 PM

কবি রাজু আলাউদ্দিন দীর্ঘকাল লেখালেখির জগতের সঙ্গে সংযুক্ত। প্রথম থেকেই তিনি অত্যন্ত সচেতন কবিতাকর্মী। সংবেদনশীলও বটে। বলা উচিত, তিনি সংযত ও মেধাবী। তিনি লিখছেনও দীর্ঘ দিন ধরে।

শুনে অবাক হলাম, এটাই তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। পরে ভেবে নিলাম, নিতে বাধ্য হলাম যে, এটাই তো স্বাভাবিক। একজন সচেতন ও সংযত কবির পক্ষে এই তো স্বাভাবিক আচরণ। কাব্যিক আচরণ। প্রকৃত কবি প্রতীক্ষা করতে জানে বা শেখে। প্রতীক্ষার ফসলও সে ঘরে তুলতে সক্ষম হয়। এই কথার প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে আছে এই গ্রন্থের অন্তরবয়ানে।

ইতিমধ্যে কবি ঘুরেছেন পৃথিবীর নানাদেশ, আত্মস্থ করেছেন নানা ভাষা, অন্তরমথিত কথপোকথন এবং বিনিময় ঘটেছে বিভিন্ন ভাষাভাষী কবি ও কবিতার সঙ্গে। অবশেষে কবির প্রত্যাবর্তন ঘটেছে স্বদেশে, স্বভূমিতে, স্বভাষায়, কাব্যিক অর্থেই। তার রচনা জীবন পেয়েছে কাদা-মাটি-জল নদী-নালা, মাঠ-ঘাট ছুঁয়ে। এ হল, এক অর্থে, দেশজ বিশ্বজনীন কবিতা।

সুতরাং, স্বতঃসিদ্ধ যে, কবি রাজু আলাউদ্দিন অন্যদের মত লিখবেন না। লিখতে চাইলেও, সফল হবেন না। একেই বলে কবির নিয়তি। তার কবিতা, আপন নাড়ির টানে, হয়ে উঠেছে একক, স্বতন্ত্র, সাবলীল ও অনবদ্য। তবে তার কবিতা, বাংলা কবিতা, বাংলা ভাষারই কবিতা, একই স্রোতধারার অন্যএকটি খাঁত। ঋদ্ধ ও গতিময়। আমাদের মানুষের সম্পদ।

…………………………………

রাজু আলাউদ্দিনের একটি কবিতা

তুমি আমার পৃথিবী

আমি যত দূরে যাই
আমার জন্মভূমি তত বেশি বড় হতে থাকে।
মিগেল জানতে চায়: কোথায় তোমার দেশ?
বাংলাদেশ, শোননি কখনো?
না, কখনোই নয়।
কোথায় এ দেশ?
ভারতের কাছে।
ওহ্, তাই বলো।

আমি যত দূরে যাই
আমার জন্মভূমি তত বেশি বড় হতে থাকে।
একদিন মারিয়ানা জানতে চেয়েছে,
কোথায় তোমার দেশ?
একই কথা বললাম তাকে।
লজ্জিত জানালো সে, হ্যাঁ,
ভারতের কথা আমি শুনেছি, যদিও
জানি না আসলে ঠিক কোথায় এ দেশ।
এশিয়ার কথা তুমি শোননি কখনো?
ওহ্, তাই বলো। বাংলাদেশ তবে সেই
এশিয়ার মাঝে!
ঠিক তাই।

যদি আমি কোনো দিন আরও দূরে চলে যাই
ধরা যাক, মঙ্গলগ্রহে।
তখন সেখানকার কেউ যদি জানতে চায়,
হেই, কোথায় তোমার দেশ?
আমি তো এসেছি দূর সবুজে আচ্ছাদিত
পৃথিবী নামক এক গোলাকার গ্রহভূমি থেকে।
সেখানে এশিয়া নামে বড় এক মহাদেশ আছে।
সেই মহাদেশে আছে ভারতভূমি।
আর সেই ভারতেরই কাছে এক সমুদ্র-তনয়া
হলো আমার স্বদেশ।

আমি যত দূরে যাই
আমার জন্মভূমি তত বেশি বড় হতে থাকে।
বড় হতে হতে ক্রমে আমার নিকটে চলে আসে।
যখন নিকটে আসে, কানে কানে বলি তাকে:
যত ছোট মনে হয় তুমি তত ছোট নও, শোন,
তুমি পৃথিবীর যেকোনো দেশের মতো বড়,
তুমি এই পৃথিবীরই মতো,
তুমি আমার পৃথিবী।

মেক্সিকো, ২০০০

…………………………………

আশা করি, সংবেদনশীল পাঠক খুঁজে পাবেন আত্মতা ও উৎসাহ। কবিতে-পাঠকে সম্মিলন ঘটুক এই কবিতায়। বাংলা কবিতা লাভবান হবে।

আকাঙ্ক্ষার মানচিত্র গোপনে এঁকেছি
রাজু আলাউদ্দিন
প্রকাশক: শ্রাবণ প্রকাশনী
প্রচ্ছদ: আলফ্রেড খোকনের চিত্র অবলম্বনে শাহীনুর রহমান
প্রকাশকাল: ২০১৪
মূল্য: ৮০ টাকা