শেক্সপিয়রের ক্লাউন
ক্লাউন একজন বিষণ্ণ মানুষ যার কাজ হচ্ছে মানুষকে হাসানো। অনেক ক্ষেত্রে আসলে হাসানো তার পেশা। এটা সহজ কাজ নয়। কিন্তু হাসতে সবাই ভালবাসলেও যারা হাসায় তাদেরকে মানুষ হালকাভাবে নেয়। পারিশ্রমিক কম। সম্মানও নেই। সার্কাসে, মঞ্চে মূলত তাদের আমরা দেখি। সাহিত্যে ও চলচ্চিত্রেও তারা জায়গা করে নিয়েছে। বহুমুখী প্রতিভার অধিকারী চ্যাপলিনের কথা তো সবাই জানেন। তার প্রতিটি কৌতুকের পেছনে ছিল এক বেদনার্ত গল্প। যেমন 'গোল্ড রাশ'-এ তার জুতো রান্না করা খাওয়া, ক্ষুধা পেটে তাকে একজনের মুরগী ভেবে তাড়া করা। দর্শকরা হাসলেও চ্যাপলিনের উদ্দেশ্যতো শুধু হাসানো ছিল না। নাটক বা সিনেমায় যাদেরকে এখন কমেডিয়ান বলা হয় তাদের মধ্যে ক্লাউনের প্রভাব রয়ে গেছে।
শেক্সপিয়রের ক্লাউন বা বা বোকা হাঁদারা দুরকম–একদল হচ্ছে গ্রাম্য অশিক্ষিত, অন্যরা হচ্ছে রাজসভার ক্লাউন। এরা একাধারে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ধারণ করে এবং একইসাথে ভাঁড়ামো করে। উইট, হিউমার, পান–ভাষার হাজার কারিগরি ব্যবহার করে তারা কথা বলে। শুধু বক্তব্যই দার্শনিক নয়, বলার ভঙ্গি এতদিন পরেও যেন নতুন মনে হয়। ক্লাউনের যে ধরাবাঁধা মেকাপ ও পোশাক তাই যে শ্রেষ্ঠ তা কিন্তু নয়। কিন্তু কিভাবে যেন যুগ যুগ ধরে কিছুটা বৈচিত্র্য থাকলেও এটা অপরিবর্তিত রয়ে গেছে।
শেক্সপিয়রের ক্লাউন অবশ্য শুধু পোশাক দেখে নয়, তার কথাবার্তা শুনে সনাক্ত করতে হয়। যেমন: হ্যামলেটে গ্রামের অশিক্ষিত গোরখোদক যে কিনা হেয়ালিপূর্ণ ভাষায় কথা বলে, তাকে ক্লাউন হিসেবেই ধরা হয়। ওফেলিয়ার কবর খোঁড়ার সময়, হ্যামলেট তার কাছে গিয়ে জানতে চায়- এটা কি একজন মহিলার কবর? উত্তর পান, 'না'। হ্যামলেট আবারও জানতে চায়, তবে এটা কি একজন পুরুষেরর কবর? সে উত্তর দেয়, "না"। তারপর বলে,"এটা এমন একজনের কবর যিনি এক সময় মহিলা ছিলেন।"
গোরখোদক একবার প্রশ্ন তোলে,"পাথরের প্রাসাদ নির্মাতা, জাহাজ নির্মাতা, কারিগর–কে বেশী শক্তিশালী? একসময় নিজেই উত্তরটি দেয়:একজন কবর-নির্মাতা সবচেয়ে শক্তিশালী। কেননা তার তৈরি কবর কেয়ামত পর্যন্ত টেকসই।"
গ্রাম্য বলা হলেও, ভাঁড়দের সংলাপ ও কবিতা কিন্তু সবসময় গ্রাম্য নয়।
১
অল্প বয়সে প্রেম ছিল যেনবা ফুলের গুচ্ছ
আজ পা ছুঁয়েছে কবরের মাটি
সেদিনেরা হয়েছে তুচ্ছ
২
কবরে এসেছে এক
নতুন অতিথি
তাকে মাটি ছুড়েঁ
জানাও স্বাগত।
অনেক সময় ভয়ংকর ট্র্যাজিক কোন ঘটনার পর তার নাটকের ক্লাউন চরিত্ররা দৃশ্যে চলে আসে। হয়তো তারা হাস্য রসিকতার মাধ্যমে পাঠককে নিঃশ্বাস ফেলার অবকাশ দিতে চায়।
ক্লাউন সম্পর্কে বলা হয়, তারা ভয়াবহ ঘটনার আড়ালের ঘটনা বুঝতে মানুষকে সাহায্য করে। তারা আসলে দার্শনিক। তবে প্রশ্ন জাগে দার্শনিক কেন ভাঁড়ের ভূমিকায় অভিনয় করে? এর উত্তর হয়তো এই যে জনতা দার্শনিক ভয় পায় বা এড়িয়ে যায়। ভাঁড় দেখলে ভীড় করে,তাই ।
"টুয়েলভথ নাইট"-এ ভাঁড় ফেষ্টা অলিভিয়াকে বলে, "ভবিষ্যত অনিশ্চিত, হাসি ক্ষণস্থায়ী এবং যৌবনের ভাঁড়ার ফুরিয়ে যায়।" পরে শেষ দৃশ্যে তাকে আবারও বলতে শোনা যায়,"শৈশবের হাসি খেলার পর মানুষ অগ্রসর হয়- বয়স, পাপ, মোহমুক্তি ও মৃত্যুর ভেতর দিয়ে।" তখন তার ভেতর একজন দার্শনিক সত্ত্বাকে আমরা সহজেই শনাক্ত করতে পারি ।
ভাঁড়দের আরেকটি বৈশিষ্ট্য হলো, তারা ব্যঙ্গ ও বিদ্রুপে সিদ্ধহস্ত। যেমন: যারা স্বঘোষিত দার্শনিক তাদের ব্যঙ্গ করে টাচস্টোন (As You Like It)-এর উক্তি "একবার এক দার্শনিকের আঙ্গুর খাওয়ার ইচ্ছে হয়, তাই সে তার মুখ হা করে। আঙ্গুর গলধঃকরণ করার পর সে তত্ত্ব প্রচার শুরু করে, "আঙ্গুর আসলে মানুষের খাবার জন্যই বানানো হয়েছে। এবং এটা খেতে হলে মুখ হা করতে হয়"– তার প্রতিদ্বন্দীর সাথে কথোপকথনের সময় সেই বিখ্যাত মন্তব্যও করে , "The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool."
কিং লীয়র-এর ভাঁড় শেক্সপিয়রের ইন্টেলেকচুয়াল ক্লাউনদের মধ্যে অন্যতম যদিও মূকাভিনয় এবং ভাঁড়ামিতেই তার প্রধান পটুত্ব। সে অন্য চরিত্রগুলোর বিরোধিতা করতো এবং তাদের অদ্ভুত কাজকর্মের জবাব দিত খেয়ালিপনার মাধ্যম। এ ধরনের ভাঁড়ের ক্ষেত্রে মনে পরছে আইজাক আসিমভ-এর সেই উচ্চারণ, 'That, of course, is the great secret of the successful fool – that he is not fool at all.' সে অনেকটা গ্রীক নাটকের কোরাসের মত। রাজার কৃতকর্ম, ভবিষ্যদ্বাণী,ঘটে যাওয়া ঘটনার উপর মন্তব্য করে। অনেক সময় ক্লাউনদের যাত্রাদলের বিবেকের ভূমিকাও পালন করতে দেখা যায়। তারা ভাঁড় হলেও তাদের কথার ভার আছে।
পেশাদার ভাঁড় (The professional fool, or jester) শুনতে আজগুবি শোনালেও, শেক্সপিয়রের অনেক ভাঁড়ই তাই। তারা জীবিকার জন্য ভাঁড়ের কাজ বেছে নেয়। ব্যাপারটির মধ্যে একটা বৈপরীত্য আছে। বেদনাও আছে।
অনেক আগের কথা মনে পরছে, "একজন নাচের টিচার আসতেন আমার খালাত বোনদের নাচ শেখাতে। খালার ইচ্ছে ছিল মেয়েদের বহুমুখী প্রতিভার অধিকারী করে গড়ে তুলবেন। কিন্তু তারা হয়তো এ ব্যাপারে সম্মত ছিল না। তাই প্রায়ই তারা না নাচার ছুতো খুঁজে খুঁজেবের করতো। আর তার নৃত্যশিক্ষকের মুখ বিষণ্ণ হয়ে পড়তো। নৃত্য তো আনন্দের বিষয় কিন্তু তাকে দেখাতো মনমরা। তখন তার কারণ বুঝিনি, এখন বুঝি। কেননা তাকে যে জীবিকার জন্য নাচতে ও নাচাতে হচ্ছে তাই তিনি ছিলেন বিষণ্ণ।
আধুনিক ক্লাউনদের পূর্বপুরুষ হচ্ছেন ব্রিটেনের জোয়ি গ্রিমাল্ডি যার আর্বিভাব হয়েছিল ১৮০০ সালের প্রথমদিকে। তিনি ক্লাউনদের জন্য প্রথম পোশাক ডিজাইনও করেছিলেন। তার জীবন ছিল দুঃখময়। তার ভাষায়:
'I make you laugh at night but am grim all day".'
আধুনিক মনস্তত্তবিদরা ক্লাউনকে শুধু বিনোদনকারী মনে করেন না। তার মধ্যে তারা ভীতিকর উপাদানও খুজেঁ পান। ক্লাউন মানুষকে নিয়ে ব্যঙ্গ করে। কিন্তু তার চেহারা দেখা যায় না। সর্বোপরি তার পোশাক ও সাজের মধ্যে কোথায় যেন ভীতিকর উপাদান আছে। আধুনিক কিছু চলচ্চিত্রের নেতিবাচক ক্লাউন চরিত্রের মাধ্যমে বিষয়টি আরও ছড়িয়েছে। মধ্যযুগে ক্লাউনদের নিয়তিও ছিল বিষণ্ণ। যদি রাজাকে হাসাতে না পারত তাহলে তাদের কঠিন শাস্তিও দেয়া হতো।
ক্লা্উনরা সত্য কথা বলার জন্য বিখ্যাত। রাজা বা ধনীরা তাদের পৃষ্ঠপোষকতা করেন, তবু তাদের সমালোচনা করতে তারা পিছুপা হয় না। যেমন:কিংলীয়র বা টুয়েলভথ নাইট-এ ভাঁড়েরা নিজেদের প্রভুকে তারা বোকা বলতে ভয় পায় না। তাই যদি কারও সত্যি কথা বলার ইচ্ছে থাকে, তবে তার ভাঁড় সাজা ভাল। কারণ মানুষ তাকে সিরিয়াসলি নেবে, আবার নেবেও না। ফলাফলস্বরূপ তার গর্দান বেচেঁ যাবে।
শেক্সপিয়রের ক্লাউনের কাছে আপনি যদি পথের দিশা জানতে চান। সে আপনাকে গোলকধাঁধায় নিয়ে ছেড়ে দেবে। আবার একসময় সেখান থেকে বের হবার উপায়ও বাতলে দেবে।
আমার মনে হয়,আসলে শেক্সপীয়রের সব চরিত্ররাই কম বেশী দার্শনিক। তবে ভাঁড়েরা লঘু সুরে গুরুবাক্য বলতে পারে। আর যারা শব্দ বা কথার খেলা পছন্দ করে, আক্ষরিক অর্থ বা গূঢ়ার্থ–এ নিয়ে চিন্তা করে, দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করতে পছন্দ করে, ধাঁধা ও হেয়ালির ভক্ত, উপস্হিত বুদ্ধিসম্পন্ন; তীক্ষ্ণ বিদ্রুপ,কটাক্ষ, পরিহাসপ্রিয় – তারা এসব ভাঁড়দের কথোপকথনে বিমলানন্দ উপভোগ করবেন।
শেক্সপিয়র শুধু ড্রামটিস্ট ছিলেন না, তিনি ছিলেন প্লে রাইট মানে মঞ্চের জন্য নাটক লিখতেন। তাকে তার নাটকের কমার্শিয়াল সাকসেস সম্পর্কে ভাবতে হতো। তলোয়ার যুদ্ধ, প্রেমময় সংলাপ, ভাঁড়ামি, ভূতপ্রেত সবকিছুই তাকে নাটকে ব্যবহার করতে হয়েছে। তবে তিনি যেহেতু শেক্সপিয়র, তাই সবকিছুই অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন। বোর্হেসের ভাষায়,"এতগুলো শতাব্দী পরেও মানুষের পক্ষে সম্ভব হয়নি তার সৃষ্টিকে পেছনে ফেলে আসা "
তার বিভিন্ন স্তরের দর্শক ছিল। কেউ হয়তো ভাঁড়ের নর্তন কুর্দন, পোশাক ও মুখসজ্জা দেখে খুশী থাকতো। কেউ হয়তো কথার খেলা উপভোগ করতো, কেউ তার কাছে জীবনদর্শন খুঁজে নিত।
পোলিনাস হ্যামলেটকে যা বলেছিলেন, তা ক্লাউনদের ক্ষেত্রেও খাটে:"Though this be madness, yet there is method in 't" আসলে সব প্রতিভাবানদের ব্যাপারেই হয়তো মন্তব্যটি কমবেশী সত্য।
