জীবনানন্দ-র উত্তরসামরিকী
'উত্তর সামরিকী', জীবনানন্দ-র অসাধারণ গদ্য-কবিতা। কতো বড়ো কল্পনা-প্রতিভা থাকলে, কতো গভীর-নিবিড় ইতিহাসবোধ থাকলে,ধাবমান বর্তমানকে ধরে বুঝবার জন্য কতো প্রত্যুৎপন্নতা থাকলে, বর্তমানে আচ্ছন্ন হয়েও ভবিষ্যতকে কম্পাসে রাখতে কতো দূরদর্শিতা থাকলে, কবিতা-সাধনায় কতো ঐকান্তিক হলে, 'বাদামের খোসার মতো বিশুষ্ক' বিষয়কেও প্রকাশ করা যায় ধ্বনি অনুরণিত চিত্রকল্পে – মানে কবিতায়! শুধু প্রজ্ঞা বা স্থান-কাল-ইতিহাসই নয়, মানুষের জন্য কতোটা ভালোবাসা থাকলে এমন একটি কবিতা, 'উত্তর সামরিকী' লেখা যায়, আমারা বুঝে উঠতে চেষ্টা করবো। উদ্ধৃত করা যাক :
উত্তর সামরিকী
আকাশের থেকে আলো নিভে যায় ব'লে মনে হয়।
আবার একটি দিন আমাদের মৃগতৃষ্ণার মতো পৃথিবীতে
শেষ হয়ে গেল তবে– শহরের ট্রাম
উত্তেজিত হয়ে উঠে সহজেই ভবিতব্যতার
যাত্রীদের বুকে নিয়ে কোন এক নিরুদ্দেশ কুড়োতে চলেছে।
এই পায়দলদের ভিড়– ঐ দিকে টর্চের মশালে বার-বার
যে যার নিজের নামে সকলের চেয়ে আগে নিজের নিকটে
পরিচিত; ব্যাক্তির মতন নিঃসহায়;
জনতাকে অবিকল অমঙ্গল সমুদ্রের মতো মনে ক'রে
যে যার নিজের কাছে নিবারিত দ্বীপের মতন
হয়ে পড়ে অভিমানে– ক্ষমাহীন কঠিন আবেগে।
সে মুহূর্ত কেটে যায়: ভালোবাসা চায় না কি মানুষ নিজের
পৃথিবীর মানুষের? শহরে রাত্রির পথে হেঁটে যেতে যেতে
কোথাও ট্রাফিক থেকে উৎসারিত আবিল ফাঁস
নাগপাশ খুলে ফেলে কিছুক্ষণ থেমে থেমে এ-রকম কথা
মনে হয় অনেকেরি:
আত্মসমাহিতিকূট ঘুমায়ে গিয়াছে হৃদয়ের।
তবু কোনো পথ নেই এখনো অনেক দিন, নেই।
একটি বিরাট যুদ্ধ শেষ হয়ে নিভে গেছে প্রায়।
আমাদের আধো-চেনা কোনো-এক পুরনো পৃথিবী
আসেনি তো।
এই দুই দিগন্তের থেকে সময়ের
তাড়া খেয়ে পলাতক অনেক পুরুষ-নারী পথে
ফুটপাথে জীপে ব্যারাকে হোটেলে অলিগলির উত্তেজে
কমিটি-মিটিঙে ক্লবে অন্ধকারে অনর্গল ইচ্ছার ঔরসে
সঞ্চারিত উৎসবের খোঁজে আজো সূর্যের বদলে
দ্বিতীয় সূর্যকে বুঝি শুধু অন্ন, শক্তি, অর্থ, শুধু মানবীর
মাংসের নিকটে এসে ভিক্ষা করে। সারাদিন – অনেক গভীর
রাতের নক্ষত্র ক্লান্ত হয়ে থাকে তাদের বিলোল কাকলিতে।
সকল নেশন আজ এই বিলোড়িত মহানেশনের
কুয়াশায় মুখ ঢেকে যে যার দ্বীপের কাছে তবু
সত্য থেকে– শতাব্দীর রাক্ষসী বেলায়
দ্বৈপ-আত্মা-অন্ধকার এক-একটি বিমুখ নেশন।
শীত আর বীতশোক পৃথিবীর মাঝখানে আজ
দাঁড়ায়ে এ জীবনের কতগুলো পরিচিত স্বত্বশূন্য কথা–
যেমন নারীর প্রেম, নদীর জলের বীথি, সারসের আশ্চর্য ক্রেংকার
নীলিমায়, দীনতায় যেই জ্ঞান, জ্ঞানের ভিতর থেকে যেই
ভালোবাসা; মানুষের কাছে মানুষের স্বাভাবিক
দাবির আশ্চর্য বিশুদ্ধতা; যুগের নিকটে ঋণ, মন-বিনিময়,
এবং নতুন জন নীতিকের কথা – আরো স্মরণীয় কাজ
সকলের সুস্থতার– হৃদয়ের কিরণের দাবি করে; আর অদূরের
বিজ্ঞানের আলাদা সজীব গভীরতা;
যেমন বিজ্ঞান যাহা নিজের প্রতিভা দিয়ে জেনে সেবকের
হাত দিব্য আলোকিত করে দেয় – সকল সাধের
করণ-কর্দম-ফেনা প্রিয়তর অভিষেকে স্নিগ্ধ করে দিতে;
এইসব অনুভব ক'রে নিয়ে সপ্রতিভ হতে হবে না কি।
রাত্রির চলার পথে এক তিল অধিক নবীন
সম্মুখীন– অবহিত আলোক বর্ষের নক্ষত্রেরা
জেগে আছে। কথা ভেবে আমাদের বহিরাশ্রয়িতা
মানব স্বভাব স্পর্শে আরো ঋত – অন্তর্দীপ্ত হয়।
শিরোনামই কবিতার বিষয়বস্তুর নির্দেশনা দ্যায়, কবিতাটি দ্বিতীয় মহাযুদ্ধের অব্যবহিত পরের পৃথিবীর- মানুষের-সমাজের অণুবীক্ষণ ও আত্মপ্রেক্ষিত। ইয়েটস লিখেছিলেন: The world demanded an image of its accelerated grimace।এই কবিতাটি, যুগের দাবি মেটাতে গিয়ে, সেই দুর্দশা, অবক্ষয়ের চিত্রণ। তবু এ এক বাঙালি কবির কোলকাতায় (নাকি বরিশালে) বসে লেখা– য়ূরোপ, দক্ষিণপূর্ব এশিয়ায় যুদ্ধের প্রকোপ, মৃত্যু, ভয়াবহতার অনুভবের, এবং অবশেষে মানুষের সুচেতনা আছে ভাববার সপ্রতিভা। যুদ্ধের পরোক্ষ আঘাত জীবনানন্দ কোলকাতায় দেখেছিলেন। তার একটা স্থিরচিত্র তাঁর কবিতা, 'রাত্রি'। এবং দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন ভারতবর্ষে ইংরেজ রাজ-সমর-নৈতিক সিদ্ধান্তের ফলে যে তেতাল্লিশের মন্বন্তর ঘটে, তার রূপায়ণ তিনি করেছিলেন 'তিমির হননের গান' কবিতায়। কিন্তু এ কবিতার বিষয় ভিন্নতর: "একটা বিরাট যুদ্ধ নিভে গেছে প্রায়। আমাদের আধোচেনা কোনো-এক পুরনো পৃথিবী নেই আর। আমাদের মনে চোখে নতুন পৃথিবী আসেনি তো।" এই দুই দিগন্তের অন্তর্ভূত গোধূলি সন্ধ্যার সংকট-সংরাগের আকাশের রক্তলাল,গাঢ় কালোর বিক্ষোভ এই কবিতা-চিত্রে। কবিতাটি ৪ স্তবকে লেখা, কিন্তু এর মধ্যে মূলতঃ ৩টি চিন্তার প্রক্ষেপ।
১. আলো নেভার স্থিরচিত্র:
যুদ্ধের অবতারণা নয়, বরং একটি দৃশ্যকল্প দিয়ে কবিতার শুরু। 'আকাশের থেকে আলো নিভে যায় ব'লে মনে হয়' – প্রথম বাক্যের তুলিতেই তিনি মানুষ ও পৃথিবীর ওপরে যুদ্ধের সামগ্রিক প্রকোপের সর্বাত্মক আঘাতের দিকে লক্ষ্য নির্দেশ করেন– সমরাস্ত্র, সৈনিক, বোমারু, হত্যা এইসব যজ্ঞকে আড়ালে রেখে। 'একটি দিন আমাদের মৃগতৃষ্ণার মতো পৃথিবীতে শেষ হয়ে গেল তবে'। একটি দিনের অবসানে আলোর তিরোধানে অপরিপূর্ণতাÑ 'পৃথিবীতে' 'মৃগতৃষ্ণা' – যুদ্ধপরের মানুষের মানসিক ও জৈবিক অবস্থানকে শনাক্ত করে। যাত্রীদের নিয়ে ট্রামের নিরুদ্দেশ যাত্রা, কোথাও পায়দলদের ভীড়। ব্যক্তি অনিকেত ও নিঃসহায়, তার বিশ্বাস নেই তাই জনতাকে অমঙ্গল ভেবে ভয় পায়। 'যে যার নিজের নামে … নিজের নিকটে পরিচিত'। 'যে যার নিজের কাছে নিবারিত দ্বীপের মতন'। এই নিরাশা ও নিরাবলম্বতা কেন? এর জবাব তৃতীয় স্তবকের প্রথমে : একটি যুদ্ধশেষে পুরনো পৃথিবী আর নেই, নতুন পৃথিবী এখনো আসে নি। এখন দৈহিক বেঁচে থাকার, সঙ্গে-সঙ্গে মানসিক ভারসাম্যতার সংকট। ব্যক্তি তো বটেই, সমাজ রাষ্ট্র সব্বাই সংকটাপন্ন। জীবনানন্দ-র নিজস্ব চিত্রণকে পালিশ দিতে যাওয়া বোকামি। কত সংযমী হয়েও তাঁর রূপায়ণই শ্রেষ্ঠ :
"এই দুই দিগন্তের থেকে সময়ের // তাড়া খেয়ে পলাতক অনেক পুরুষ-নারী পথে // ফুটপাথে জীপে ব্যারাকে হোটেলে অলিগলির উত্তেজে // কমিটি-মিটিঙে ক্লবে অন্ধকারে অনর্গল ইচ্ছার ঔরসে // সঞ্চারিত উৎসবের খোঁজে আজো সূর্যের বদলে // দ্বিতীয় সূর্যকে বুঝি শুধু অন্ন, শক্তি, অর্থ, শুধু মানবীর মাংসের নিকটে এসে ভিক্ষা করে"।
২. মানুষের হৃদয়ের দাবি:
তবু সংকীর্ণতা এবং আত্মসমাহিতির কূট কেটে যায় শহরে রাত্রির পথ হেঁটে যেতে যেতে, "ভালোবাসা চায় নাকি মানুষ"। দ্বিতীয় এবং চতুর্থ স্তবকে জীবনানন্দ মানুষের হৃদয়ের সুস্থিরতা ও দাবির কথা তুলে আনেন। ইতিহাসের অভিজ্ঞতায় মানুষ তো "স্বত্বশূন্য" শ্রেয়বোধ পেয়েছে, লালন করেছে – তাত্থেকে জীবন ও সমাজের জন্য গভীরতর শান্তি এবং সঙ্গতি লাভ করেছে। সেই শ্রেয়বোধ স্মরণ করেন তিনি: "নারীর প্রেম, নদীর জলের বীথি, সারসের আশ্চর্য ক্রেংকার নীলিমায়, দীনতায় যে জ্ঞান, জ্ঞানের ভিতরে যেই ভালোবাসা" "সকলের সুস্থতার জন্য" "হৃদয়ের কিরণের দাবি করে"। এমন কি মানুষের অভিনবতর জ্ঞান, বিজ্ঞান থেকে যাঁচা করেন আরো নৈর্ব্যক্তিক মনীষা ও মনোজাগরণ : "বিজ্ঞানের আলাদা সজীব গভীরতা; তেমন বিজ্ঞান যাহা নিজের প্রতিভা দিয়ে জেনে সেবকের হাত দিব্য আলোকিত করে দেয়"।
৩. অন্তর্দীপ্তি ও আশা:
চতুর্থ স্তবকে "হৃদয়ের কিরণের দাবি" তুলে, এমনকি "বিজ্ঞানের আলাদা সজীব গভীরতা"-র প্রতি ইঙ্গিত করে জীবনানন্দ তিমিরহননের প্রতি সপ্রতিভ মানুষের মনের স্থায়ী স্বত্ব খোঁজেন। তাঁর চিত্রকল্প "আলোকবর্ষের নক্ষত্ররা" যেন "অবহিত" এবং সেইজন্য "রাত্রির চলার পথে এক তিল অধিক নবীন সম্মুখীন।" মানব স্বভাবের আত্মসমাহিত যেন "বহিরাশ্রয়িতার"-র স্পর্শ পায় – মানুষ "ঋত-অন্তর্দীপ্তি" হয়। কবিতার বিষয় বড়ো শুষ্ক, অথচ রচনাটি নিটোল। প্রাগ-জীবনানন্দ বাংলা কবিতায় এই ধরণের বিষয় বিরল। স্বাভাবিক, কেননা সে সময়ে রোমান্টিসিজম বুঝতে এবং বিকাশ করতেই মধ্য-যুগীয় বাঙালী মনের সকল মেধা এবং পরিশ্রম ব্যয়িত হয়েছে। জীবনানন্দ-র ক্ষেত্রে এই ধরণের 'কন্টেন্ট' থেকে কবিতা রচনা স্বাভাবিক এই জন্য যে ইতিহাসবোধ তাঁর কাব্যচেতনার সঙ্গতিসাধক। 'বনলতা সেন', 'হাওয়ার রাত', 'শ্যামলী' – এইসব কবিতায় যে ইতিহাসের দূরদৃশ্যের কল্পনা করা তাঁর জন্য সম্ভব ছিলো – প্রেমের কবিতার ভিতরেওÑ সেই বোধই দ্বিতীয় মহাযুদ্ধের পরে (কিংবা একটু আগের থেকে) 'গোধূলিসন্ধ্যার নৃত্য', 'বিভিন্ন কোরাস', 'রাত্রির কোরাস' – এইসব কবিতার ভিতর দিয়ে পরিপক্কতা লাভ করে 'বেলা অবেলা কাল বেলা' এবং কিছু অপ্রকাশিত কবিতার ভিতর শ্রেষ্ঠ রূপ লাভ করেছে– বচনে, ব্যঞ্জনায়, মর্মস্পর্শীতায়। এই কবিতার ধ্বনি, শব্দ-চয়ন, লয় (মাত্রার উচ্চারণের গতি), 'বনলতা সেন' পর্যায়ের কবিতার থেকে আলাদা, যা 'সাতটি তারার তিমির' গ্রন্থের থেকেই উত্তরণশীল। 'ঝরা পালক'-এর নবিশীকাল বাদ দিলে, জীবনানন্দ-র কবিতার দুটি অধ্যায়, 'সাতটি তারার তিমির'-এর আগে ও পরে যদিও এই বইয়ে তাঁর দু-স্টাইলের কবিতাই বিদ্যমান। বিষয়ের বিবর্তনের সঙ্গে-সঙ্গে জীবনানন্দ-র পরিশ্রম ও পরিণতির দিকে দৃষ্টি আকর্ষণ করছি। এ এক গূঢ় এবং দুষ্প্রবেশ্য কামারশালা কবিযশোপ্রার্থীর জন্য। প্লেটোর আকাদেমির সামনে যেমন লেখা ছিলো, যে জ্যামিতি জানে না তার প্রবেশ নিষেধ, তেমনি এখানেও ব্যক্ত-অব্যক্ত হয়ে আছে – কবিতা কি, তা জেনে ঢুকো। বলছি এইজন্য যে, যাঁরা প্রগতিশীল কবি বলে নিজেদের দাবী করতেন এবং স্বাভাবিকভাবে ইতিহাসবোধ যাঁদের কবিতার অঙ্গ হওয়া উচিত, তাঁরাও ৪০-৫০ দশকে জীবনানন্দ-র কবিতা বোঝেন-তো নি-ই বরং না বুঝে তাঁকে হাস্যকরভাবে ব্যঙ্গ করে গিয়েছিলেন।
কবিতাটিতে কোথাও মেদ বা অতিকথন নেই। যুদ্ধের অভিঘাতে মানুষের জীবন, তবু তার মধ্যে কোথাও তিনি যুদ্ধের অস্ত্রের, মৃত্যুর, নৃশংসতার বর্ণনা জীবনানন্দ আনেন নি। সিনেমায় যুদ্ধ নিয়ে যে রূপায়ণ আমরা দেখি, তার থেকে অনেক দূরের অনচ্ছ, শান্ত, পটে এই ছবি – যতোটা ছবি তার বেশি অন্তর্সমীক্ষা -"শীত আর বীতশোক পৃথিবীর মাঝখানে আজ দাঁড়ায়ে এ জীবনের কতোগুলো পরিচিত স্বত্বশূন্য কথা।" জীবনানন্দ স্তিমিত-প্রত্যক্ষভাবে বয়ান করেছেন এবং মধ্যে-মধ্যেই চিত্রকল্প দিয়ে বলেছেন, ইঙ্গিত দিয়েছেন যা বাচ্যার্থের সমূহ অধিক। এই কবিতায় তাঁর রূপক-উপমা-চিত্রকল্পের ব্যবহারের একটা তালিকা করা যাক [মন্তব্য সহ] :
১. দিন আমাদের মৃগতৃষ্ণার মতো পৃথিবীতে শেষ হয়ে গেল // [ সমরোত্তর ধসে ইতিহাসের সুস্থতার কাছে আকূতি ]
২. ট্রাম… যাত্রীদের বুকে নিয়ে কোন এক নিরুদ্দেশ কুড়োতে চলেছে // [ নিরবলম্বতা ও অপ্রাপ্তির বিবরণ ]
৩. একদিকে পায়দলদের ভিড় – ওই দিকে টর্চের মশালে যে যার নিজের নামে সকলের চেয়ে আগে নিজের নিকটে পরিচিত // [গরীব ও বিত্তবান, সমাজের দু-দলীকরণের ইঙ্গিত এবং সফল মানুষের আত্মকেন্দ্রিকতা ]
৪. জনতাকে অবিকল অমঙ্গল সমুদ্রের মতো মনে ক'রে যে যার নিজের কাছে নিবারিত দ্বীপের মতন // [ এক শ্রেণীর আত্মকেন্দ্রিকতা ও অনিকেত/গণমঙ্গলকে তুচ্ছ করে ]
৫. অন্ধকারে অনর্গল ইচ্ছার ঔরসে সঞ্চারিত উৎসবের খোঁজে আজো সূর্যের বদলে দ্বিতীয় সূর্যকে বুঝি শুধু অন্ন, শক্তি, অর্থ, শুধু মানবীর মাংসের নিকটে এসে ভিক্ষা করে // [ 'ইচ্ছার ঔরস', এবং বিশেষণ -'সঞ্চারিত', 'দ্বিতীয়' ; এবং বিশেষ্য – 'মানবীর মাংস' অদ্ভুতভাবে দ্যোতনাবাহী ]
৬. রাতের নক্ষত্র ক্লান্ত হয়ে থাকে তাদের বিলোল কাকলিতে // [ সমাজের অবক্ষয়ী, আত্মলোলুপী শক্তি দেখে শঙ্কা ]
৭. সকল নেশা… শতাব্দীর রাক্ষসী বেলায় দ্বৈপ-আত্মা-অন্ধকার এক একটি বিমুখ নেশন // [রাষ্ট্র পর্যায়েও সব দেশ হতাশাগ্রস্ত এবং একে অন্যের থেকে বিচ্ছেদ্য]
৮. সকল সাধের করণ-কর্দম-ফেনা প্রিয়তর অভিষেকে স্নিগ্ধ করে দিতে // [ শ্রেয়োবোধ, উদ্যম, ঋতন্বয় – সাধের এইসব চারিত্র্যের বদলে 'করণ-কর্দম-ফেনা' আকস্মিক ও চমৎকার ]
উপরোক্ত চিত্রকল্প, বিশেষণ এবং জীবনানন্দ-র চয়ন করা শব্দÑ এগুলোই কবিতাটিকে ব্যাঞ্জনা ধারণ করবার শক্তি দিয়েছে, নেহাত বক্তব্যে বাচাল হতে দ্যায় নি; পাঠককে বাচ্যার্থ থেকে মর্মার্থে উত্তরণ করাচ্ছে।
বিশ শতকে মহাযুদ্ধের পরে বিদেশী ভাষায়, বিশেষ করে ইংরেজিতে স্মরণীয় এবং সারা পৃথিবী আলোড়ন-জাগানো কবিতা লেখা হয়েছে। কিন্তু এই বিষয়ের এককালের এক প্রতাপশালী এক কবিরা কবিতা ভঙ্গীতে মৌলিক ও উদ্দীপক হয়েও তাঁর নিজস্ব পক্ষপাতী দর্শনে ধর্মসংস্কারপন্থী হয়ে পড়ে। এদিক দিয়ে আমি বলতে বাধ্য যে এলিয়টের মতদর্শন পশ্চাদপসারক। তুলনীয়ভাবে জীবনানন্দ অনেক বেশি উদার, কালের সঙ্গে সঙ্গতিশীল এবং সেহেতু আধুনিক। 'উত্তর সামরিকী', কবিতাটি কি একবিংশ শতকের প্রথম ভাগে এসেও সাম্প্রতিক জিওপলিটিক্সের পটভূমিকায় এখনো প্রাসঙ্গিক নয়, যখন অনেকগুলো দেশেই যুদ্ধ, নিরীহ মানুষ অসহায়, ঔপনিবেশিকতা পুনরুদ্যত, এবং আকাশ ও সমুদ্র উভয়ই জঙ্গী বিমান-জাহাজ আক্রান্ত? না, জীবনানন্দ আমাদের সমরাঙ্গনের বীভৎস চালচিত্রে নিয়ে যান না, তিনি আমাদের নিজের মনের দিকে তাকাতে প্ররোচিত করেন, যেন 'মানবস্বভাবস্পর্শে আরো ঋত' হয়ে আমরা অন্তর্দীপ্তি হই।
