২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবি শহীদ কাদরী: আড্ডার উজ্জ্বল পুরুষ ও কবিতার মুহূর্ত

ফারুক আলমগীর ফারুক আলমগীর

Published : 20 Sep 2016, 11:40 AM

Updated : 23 Jun 2022, 04:03 PM

উনিশো বাষট্টির প্রারম্ভে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম পাঠ গ্রহণের দিনগুলো ছিলো মিছিলে মুখরিত, অতিশয় অগ্নিগর্ভ। আইয়ুবের দুঃসহ সামরিক শাসনের সঙ্গে যোগ হয়েছে শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র-সমাজের তুমুল বিক্ষোভ। সেই এক অস্থির সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকান্ড স্তব্ধ হয়ে থাকেনি। তুমুল আন্দোলনের মুখে বছরের শেষে সরকার শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়। আন্দোলন স্তিমিত হয়ে কিছুটা শান্তি ফিরে এলে তেষট্টির প্রারম্ভ থেকে পুরোনো বিশ্ববিদ্যালয় ভবনের শ্যাওলা-জমা দেয়ালগুলো নতুনতর স্পর্শে জেগে ওঠে। একদিকে সংস্কৃতি সংসদের উদ্যোগে কবিতার বাণীতে আর আকর্ষণীয় ভাষায় বিস্ময়কর পোস্টারগুলো যেমন নবীনদের মধ্যে প্রেরণার সৃষ্টি করে, অন্যদিকে নতুন ও ব্যতিক্রমী ধরনের সাহিত্য সংকলন গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে নবতরঙ্গের যবনিকা উন্মোচন করে।

অগ্রজ কবি শহীদ কাদরীর সঙ্গে আমার এবং আমাদের ষাট দশকের নতুন ধারার ব্যতিক্রমী সাহিত্য আন্দোলনের সতীর্থদের কখন প্রথম সাক্ষাৎ ঘটেছিলো মনে নেই। দুর্বল-চিত্ত স্মৃতির কারণে তথাপি সমাচ্ছন্ন নয় এমন অনেক ঘটনা এখনো আমাকে তাড়িত করে। 'বহুব্রীহি', 'প্রতিধ্বনি', 'স্বাক্ষর', 'সাম্প্রতিক', 'কালবেলা' ও 'কণ্ঠস্বর'-এর জয়যাত্রা এবং আলোচিত সমালোচিত কালের একটা সময় জুড়ে শহীদ কাদরীই ছিলেন আমাদের একজন অনন্য প্রাতিস্বিক ব্যক্তিত্ব। আমাদের সাহিত্য আন্দোলনের পালের গোদা (কবি রফিক আজাদের দেয়া অভিধা) অগ্রজ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সমবয়সী হলেও আমাদের সম্পর্ক ছিলো অন্যরকমের যা একটা স্বতন্ত্র্য বৈশিষ্ট্যের দাবীদার। সায়ীদ ভাই-এর সঙ্গে আমাদের ভালোবাসা, কঠিন তাত্ত্বিক আলোচনা, কথোপকথনে হাসি-মশকরার মধ্যে একটা সিরিয়াসনেসের দেয়াল ছিলো; শহীদ কাদরী আর আমাদের মাঝে কোন দেয়াল ছিলো না। প্রাচীরবিহীন সম্পর্কে সমতল প্রত্যক্ষ করা যায় দিগন্তের কোল পর্যন্ত, শহীদ কাদরী আর আমাদের সম্পর্ক তাই দিগন্ত ছুঁয়েছিলো।

'স্বাক্ষর', 'কণ্ঠস্বর'-এর কবিদের সঙ্গে শহীদ কাদরীর নিত্য উঠা-বাসা থাকলেও 'স্বাক্ষর'-এ তাঁর কোন স্বাক্ষর ছিলো না অথচ 'স্বাক্ষর' ও 'কণ্ঠস্বর'-এর করিবাই ছিলো তাঁর সবচাইতে কাছের মানুষ, যেমন আখতারুজ্জামান ইলিয়াস, আবদুল মান্নান সৈয়দ রফিক আজাদ, আসাদ চৌধুরী, সিকদার আমিনুল হক, শহীদুর রহমান, ইমরুল চৌধুরী, প্রশান্ত ঘোষাল, রণজিৎ পাল চৌধুরী– সকলেই তাঁর অনুজ ও প্রিয়ভাজন ছিলেন। তবে স্বাক্ষর গোষ্ঠি ও কণ্ঠস্বর-এর এতগুলো সৃজনশীল মানুষের সঙ্গে সখ্য ও ভালোবাসা থাকলেও কবি শহীদ কাদরী বিশ্ববিদ্যালয় অঙ্গনে, মধুর ক্যান্টিনে কোনদিন আড্ডা দেননি, যদিও তাঁকে কদাচিৎ শরীফ মিয়ার ক্যান্টিনে দেখা গিয়েছিলো। তাও আবার তাঁর পুরোনো ঢাকার আড্ডার একজন প্রিয় অনুজ মাহবুব আলম জিনুর সন্ধ্যানে এসেছিলেন বলে। এই মাহবুব আলম জিনু জগন্নাথ কলেজে একদা সেকদার আমিনুল হকের সতীর্থ ছিলো এবং জিনুর মাধ্যমেই বিশেষ করে আমার শহীদ কাদরীর সঙ্গে প্রগাঢ় সম্পর্ক গড়ে ওঠে।

আগেই বলেছি বিশ্ববিদ্যালয় অঙ্গনে নয়, শহীদ কাদরীর সঙ্গে আমাদের প্রধান আড্ডাকেন্দ্র ছিলো বঙ্গবন্ধু এভিন্যুর রেক্স রেস্তোরাঁয় (বর্তমানে ঢাকা রেস্তোরাঁ)। বিউটি বোর্ডিং-এর আদি আড্ডার রসিক মানুষ প্রাতঃকালীন, দ্বিপ্রাহরিক আড্ডা শেষে, সন্ধ্যায় আসতেন রেক্সে। রেক্সে আসার তার অন্য এক কারণ ছিলো; প্রায়শঃ আড্ডার লোক সমেত রাত একটু গভীর হলে কাপ্তান বাজারের বটতলায় হাক্কার দোকানে হানা দিতেন যেখানে নায্যমূল্যে দেশীয় পানীয় পাওয়া যেত। আমরা রসিকতা করে নাম দিয়েছিলাম "হ্যাকসন বটমূল"। রেক্সের পরোটা কাবারের খুব নাম ছিলো। এখানে তরুণ আড্ডার সাথীরা ছাড়া কিছু প্রবীনও ছিলেন যার মধ্যে উয়ারির মোশাররফ রসুল নাম উল্লেখ করা যায়। আমরা ডাকতাম বুড়ো ভাই বলে। শহীদ ভাই-এর ছোটবেলার কলকাতার পার্ক সার্কাসের সিনিয়র বন্ধু, তাঁর চাইতে ৫/৭ বছরের বড়ো বুড়ো ভাই শহীদ ভাই-এর মতোন আমাদের আড্ডার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে বিরাজ করতেন। সাহিত্য থেকে রাজনীতি কোথায় নেই আমাদের এই বুড়ো ভাই? শহীদ কাদরী তাঁর সঙ্গে কথা বলার সময় পরিমাপ করে বলতেন। দু-জনের সিগারেট খাওয়ার স্টাইলও ছিলো অভিন্ন ধরনের। হাত মুষ্টিবদ্ধ করে জোরে টান দেয়া ও প্রচুর ধোয়া উদগীরন করা বুড়ো ভাই নব্বুই দশকের শেষ দিকে হঠাৎ পরলোক গমন করেন। আমার মনে আছে চিরকুমার বুড়ো ভাই-এর জন্য তাঁর আত্মীয়ের চাইতে অধিক আমাদের আরেক বন্ধু লেখক বিপ্লব দাস (প্রয়াত) আত্মার শান্তির কামনায় মিলাদের আয়োজন করেছিলো এবং মিলাদ ও দোয়া শেষে আখতারুজ্জামান ইলিয়াস, আমি ও অন্যদের নিয়ে বুড়ো ভাই-এর আস্তানা যা শহীদ ভাইসহ আমাদের সকলের অন্যতম প্রিয় আড্ডাস্থল ছিলো সেখানে একটা স্মরণ সভার আয়োজন করে।

সেদিনের ওই স্মরণ সভায় আমরা সকলেই শহীদ কাদরীর অনুপস্থিতিই অনুভব করছিলাম; বিশেষ করে ইলিয়াস সভাপতির ভাষণে নিজে অশ্রুসিক্ত হয়ে আমাদের সেই কথা মনে করিয়ে দিলো। সেদিন চিন্তার অতীত ছিলো আরো দুঃখের দিন অপেক্ষা করছে আমাদের জন্য। স্বল্পকাল পরেই আখতারুজ্জামান ইলিয়াস কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে একদিন আমাদের সকলকে শোকাহত করে অন্তর্হিত হলো। বাংলা সাহিত্যের আকাশ থেকে একটি জ্বলজ্বলে নক্ষত্রের পতন ঘটলো আর আমরা হারালাম একটি কাছের মানুষকে।

মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছে নিঃসন্দেহে ৪ জানুয়ারি ইলিয়াসের তিরোধানের কথা ভেবে। তবুও ফিরে যাই রেক্সের সেই অম্লমধুর আড্ডার কাহিনীতে। বুড়ো ভাই ছাড়াও সেই আড্ডার আর একজন প্রবীন শহীদ কাদরীর সমীহ কুড়াতেন যার সঙ্গে কথোপকথন ও বিতর্কে তিনি আনন্দ ও প্রেরণা পেতেন। কাঁধে কাপড়ের ঝোলা নিয়ে অনেকটা রবীন্দ্র সঙ্গীত বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের মত ছোট খাট গম্ভীর অথচ স্মিত হাসির মুখাবয়ব এবং পাদুকায় মৃদু শব্দ তুলে রেক্সে প্রবেশ করলে আমরা জড়সড় হয়ে বসতাম। আমাদের জড়তা ও বাক্যহীনতার কারণ, এই অসীম জ্ঞানীপ্রবর ও তুমুল বিতার্কিকের মুখোমুখি হওয়া সত্যিই কঠিন। এই আড্ডা মহীরুহটির নাম খালেদ চৌধুরী। কিন্তু তাঁকে পৈতৃক নামে নয়, চিনতাম কবি শহীদ কাদরীর সম্বোধনের নাম 'প্রভু' দিয়ে। তাঁর সকল সমসাময়িকরাই তাঁকে 'প্রভু' বলে ডাকতেন। কি কারণে 'প্রভু' হলেন তা বিশদ না জানলেও আমাদের মতো অনুজদের জানতে বাকি ছিলো না এই প্রভুর মাহাত্ম্য। তাঁর পরিচিতি কী কলকাতা, কী ঢাকা খালেদ দিয়ে নয়, 'প্রভু' দিয়ে এবং তা এই ব্যক্তির অসাধারণ পাহাড় সমান জ্ঞানের কাছে পরাভুত মানুষরাই যে 'প্রভু' অভিধা দিয়েছেন তা আমরা নিজেদের স্বাভাবিক বুদ্ধির জোরেই বুঝেছিলাম।

চাল চুলোহীন এই প্রভুর প্রথম আবাসস্থান নির্ধারিত হয়েছিলো বিউটি বোর্ডিং-এ, শহীদ কাদরীর সবচাইতে প্রিয় আড্ডার স্থল, বুড়ো ভাই-এর বাড়ির বহিরাঙ্গনের ছোট ঘরটির পর। শহীদ কাদরী টেলিভিশনে চাকুরি নেয়ার পর আড্ডার স্থল বছর দুই তিনের জন্য রেক্সে জমে উঠেছিলো এবং এই রেক্সে স্বাক্ষর-কণ্ঠস্বর-এর আমরাসহ আমাদের দুই একজন চাকুরিজীবি শিল্পকলার অনুরাগী আড্ডা-প্রিয় কিছু বন্ধু যোগ দেয়।

এদের মধ্যে চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা মুহাম্মদ খসরু এবং চলচ্চিত্র সংসদকর্মী ইয়াসিন আমিন, স্থির চিত্রগ্রাহক বিজন সরকার, টেলিভিশনের সূচনা লগ্নের চিত্রগ্রাহক গোলাম মোস্তফা ও স্টেডিয়ামের বইয়ের দোকান ম্যারিয়েটা-এর মালিক (যিনি মননশীল বই আমদানী করতেন) অন্যতম। টেলিভিশনের চাকুরি শহীদ ভাই-এর মত উড়নচন্ডী বোহেমিয়ান আড্ডাবাজ মানুষের জন্য নয়। উপরন্তু এটি তার জন্য একটি গৃহপালিত জীবও বটে; পছন্দের চাকুরিও নয়। কিন্তু টিভিতে তাঁর স্বল্পকালীন অবস্থানে তিনি একটি বিষয়ে বিপ্লব সাধন করেন এবং তা প্রভুকে দিয়েই। সাহিত্য শিল্প বিষয়ক টিভি অনুষ্ঠাটির উপস্থাপক ছিলেন আমাদের শিক্ষক মুনীর চৌধুরী যার চারুবাক্ ও উপস্থাপনার জুড়ি ছিলো না। শহীদ কাদরী পাশাপাশি "বিচিন্তা" নামে একটি অনুষ্ঠান প্রচারের প্রস্তাব পাশ করালেন এবং প্রভু হলেন সেই অনুষ্ঠানের উপস্থাপক। তাঁর অনুষ্ঠানের ট্যালেন্টরা হলেন তখনকার খ্যাতিমান মানুষরা, এ যেন উপস্থাপক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে লড়াই সমানে সমানে কোন নির্ধারিত বিষয় নিয়ে। অনেক সময় সেই বিষয় ছাড়িয়ে অন্যত্র তাঁদের জ্ঞানের পরিধি বিস্তৃত হত। শহীদ কাদরী ইচ্ছা করেই এটি করেছিলেন এবং প্রভুর সাথে মুখোমুখি করিয়েছেন অধ্যাপক মুনীর চৌধুরী, ড. আহমেদ শরীফ ড.সিরাজুল ইসলাম চৌধুরীর (এখন প্রফেসর ইমেরিটাস) মত মানুষদের। প্রফেসর আবদুর রাজ্জাককে আনারও ইচ্ছা ছিলো শহীদ কাদরীর কারণ একবার রেক্সের আড্ডায় তাঁর এক প্রিয় ছাত্র খুব সম্ভবত জামাল খান (পরবর্তীতে আমেরিকায় ডক্টরেট করে পশ্চিম দীপপুঞ্জের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা) রাজ্জাক স্যার সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করলে শহীদ কাদরী রসিকতা করে বলেন আসলে থিসিস করার মানুষ নন তিনি। ল্যাস্কি মরে গেছে। তাঁর থিসিস কে পড়বে? সব ভাওতাবাজী। তার সব লম্বা লম্বা কথা। "কিয়া বাত্ প্রভু? লায়েঙ্গে? একবার রাজ্জাক স্যারকে?" শহীদ কাদরীর চাপাচাপি সত্ত্বেও প্রভু রাজী হননি। কেন জানি রাজ্জাক স্যারের প্রতি প্রভুর একটা আলাদা মোহ ছিলো। তাঁর ছাত্র ছাত্রীরা যেমন রাজ্জাক স্যারের প্রতি একটা পৃথক আকর্ষণ বোধ করতেন; তেমনি সরল ঋষিতুল্য সাদামাটা মানুষটার প্রতি প্রভুর একটা আকর্ষণ ছিলো। আসলে দাপুটে মানুষদেরই এক চোট দেখে নেয়া তাঁর বৈশিষ্ট্য ছিলো। রাজ্জাক স্যারদের মত সরল নির্মোহ জ্ঞানী মানুষরা নয়। টেলিভিশনে শহীদ কাদরীর আর একটি কীর্তির কথা আমি তাঁর বন্ধু সমসাময়িক গল্পকার হুমায়ুন চৌধুরীর (টেবির প্রথম সংবাদ পাঠক ঘোষক ও পরে বার্তা প্রধান) কাছে শুনেছি। ১৯৬৫ সালে দেশের দক্ষিণাঞ্চলে প্রবল সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসে বহু প্রাণহানী ও সম্পদ ক্ষতিগ্রস্থ হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তখনকার পাকিস্তানের সামরিক শাসকরা এ দেশের মানুষের কল্যাণে মনোযোগী ছিলো না, যে কারণে সত্তুরের সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসে ১০ লক্ষ মানুষের প্রাণ হানি ঘটেছিলো। পঁয়ষট্টির ঝড় এই ধরনের প্রথম অভিজ্ঞতা। আমার মনে আছে ওই ঝড়ে আমার ঘরের টিনের চালা উড়ে গিয়ে আমিও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিলাম, কারণ সামনের অনার্স পরীক্ষার প্রস্তুতির সব নোট ও জরুরী বইপত্র বিনষ্ট হয়ে গিয়েছিলো।

কবি শহীদ কাদরী সেই সময় দুর্গত এলাকার মানুষদের নিয়ে একটি প্রামান্য চিত্র নির্মাণ করেছিলেন। এটিই টেলিভিশনের প্রথম প্রামান্য চিত্র। 'সমুদ্র মানব' নামের এই প্রামান্যচিত্রটি দর্শকদের প্রশংসা কুড়ায় যাতে কণ্ঠ দিয়েছিলেন তাঁরই বন্ধু প্রয়াত হুমায়ুন চৌধুরী।
এবার একটা মজার গল্পের অবতারণা করি। ১৯৬৭ সালে স্নাতকোত্তর পাশ করে চাকুরির জন্য দ্বারে দ্বারে ঘোরাঘুরি করার সময় আমার বাবার ছোটবেলার বন্ধু অবসরপ্রাপ্ত একজন স্কোয়াড্রন লিডার আমাকে ড. এনামুল হকের কাছে নিয়ে গিয়েছিলেন কোন একটা কাজের সন্ধান পাওয়ার আশায়, কারণ আমি বাংলায় পাশ করেছি আর ড. এনামুল হক বাংলার একজন মস্তবড় পন্ডিত। স্কোয়াড্রন লিডার সাহেব তখনকার পাকিস্তানে পূর্বাঞ্চলে প্রশাসনের দায়িত্ব পাওয়ায় বিমান বাহিনীতে অনেক বাঙালী ছেলেদের চাকুরি দিয়েছেন, এমনকি ডক্টর সাহেবের আত্মীয় স্বজনদেরও। বস্তুত তারা দু'জনেই চট্টগ্রামের একই অঞ্চলের মানুষ। কিন্তু তাঁকে নিরাশ করে দিয়ে ভাষা ও ব্যকরণবিদ ডক্টর সাহেব বলেছিলেন, "বাংলায় পাশ করে কিসের ভালো চাকরি করবে? ওর জন্য একটা স্কুল টিস্কুলের মাস্টারি দেখ।" চট্টগ্রামের আঞ্চলিক টানে নিজস্ব উচ্চারণে বিকট শব্দে তাঁর কথা বলার ভঙ্গি আমার ভালো লাগেনি বলে পরের দিন শহীদ কাদরী ভাইকে আড্ডায় সেই কথা বলতে তিনি ক্ষোভে ফেটে পড়ে বললেন, "এই বুড্ডাকে আমি দেখে নেব।" সঙ্গে সঙ্গে প্রভুকে বললেন "অই বুড্ডা কিয়া স্কলার হ্যায়? একটু জ্ঞান দিন প্রভু।" আমি মহা বিপদে পড়লাম। আমার অনুনয় বিনয়ে সেই যাত্রায় ডক্টর এনামুল হককে 'বিচিন্তা' অনুষ্ঠানে আনা হয়নি। প্রথম এই অনুষ্ঠানের মাধ্যমে এখনকার বহুল আলোচিত সমালোচিত টিভি টক্ শোর উদ্যোক্তা বলা যায় শহীদ কাদরীকে।

জীবনের নানা টানা-পোড়নে ষাট দশকের শেষ দিকে আমি অনেকের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ি; টেলিভিশন-সংবাদের চাকুরিও একটা বড়ো কারণ হয়ে যায়। শহীদ ভাই-এর সঙ্গে কালেভদ্রে দেখা হতো; তবে তার বড়ো ভাই শাহেদ কাদেরীর সঙ্গে প্রায়শঃ দেখা হতো পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে। ইংরেজি সাহিত্যের ছাত্র শাহেদ কাদরী ভাইকে দেখতাম মুগ্ধ চোখে। কী তাঁর ইংরেজি উচ্চারণ! কি তাঁর বলিষ্ঠ কণ্ঠ। নিয়মিত ইংরেজি সংবাদ-পাঠকের অনুপস্থিতিতে একদিন তাঁকে সংবাদ পড়ালাম। ইংরেজিতে সংবাদ তৈরি করতে করতে তাঁর কাছ থেকে নানা সময়ে উপদেশ নিতাম জটিল বাক্যগুলোকে কীভাবে সরল সোজা বোধগম্য করতে হয়। বাংলায় অসাধারণ পারদর্শিতা তাঁর। একবার কলকাতার চতুরঙ্গ পত্রিকায় প্রকাশিত আমার এক কবিতার উপমা নিয়ে ঝাড়া আধা ঘন্টা আমার সঙ্গে আলাপ করলেন। এমন অসাধারণ প্রতিভাবান ভ্রাতার অনুজ শহীদ কাদরী একজন বড়ো মাপের কবি না হয়ে যায় কোথায়। অনুজের প্রতি গভীর ভালোবাসা ছিলো শহিদ কাদরীর আর তাই অতি সহজে 'অগ্রজের প্রতি' বিখ্যাত কবিতাটি লিখতে পারলেন মধ্যরাতের ফেরিওয়ালা তখনকার শহীদ কাদরী।

কবি শহীদ কাদরী উনিশো আটাত্তরে প্রবাসে চলে গেলেন এবং আশ্চর্যজনকভাবে উনিশশো একাশি সালের ডিসেম্বরের প্রচন্ড শৈত্যের সময়ে তাঁর সাক্ষাৎ পেলাম লন্ডনে। আমি তখন টেলিভিশনের একটি উচ্চতর বিশেষ প্রশিক্ষণের ফেলোশিপ শেষে হল্যান্ড থেকে ফিরছি এবং আর দশজন বাঙালীর মত উপমহাদেশের শাসকদের দেশ লন্ডন না দেখে ফিরতে পারি?
তা ছাড়া লন্ডনে বিবিসি ও ভিজ-নিউজ-এ দাপ্তরিকভাবে গমন ও পরিদর্শন আমার ফেলোশিপের অংশ ছিলো। টার্ন পাইক লেনের এক আত্মীয়ের বাসা থেকে বিবিসি টেলিভিশন ও ভিজ-নিউজ (পরে ভিজ-নিউজ ও ইউপি আই টিএন একত্রিত হয়ে এখনকার এপিটি এন নিউজ) দপ্তরে কর্মসম্পাদনের পর বুশ-হাউজে গেলাম বিবিসি বেতারে; উদ্দেশ্য শহীদ ভাই-এর সঙ্গে সাক্ষাৎ করা। বিবিসি বাংলা সার্ভিসের তখনকার প্রধান সিরাজুর রহমান আমাকে সাদরে গ্রহণ করে দুঃসংবাদ দিলেন যে শহীদ কাদরী এখন বিবিসি-তে নেই। তবে তিনি আমাকে তাঁর টেলিফোন নম্বর দিলেন। শুধু তাই নয় বিবিসির বাংলার অন্যতম জনপ্রিয় রিপোর্টার প্রডিউসার শ্যামল লোধকে বললেন আমার সাক্ষাৎকার গ্রহণের। শ্যামল লোধ পরদিন সময় দিলেন মধ্যাহ্নে। আমা ছোটবেলার বন্ধু লেখক কাদের মাহমুদ এবং সাংবাদিক ও এককালীন সহকর্মী গোলাম কাদের সবুজ কাউকে লন্ডনে না পেয়ে অসহায় বোধ করছিলাম। যাক, শহীদ ভাই-এর টেলিফোন পাওয়া গেল। তাঁকে ওই দিন সন্ধ্যায় আস্তানায় ফিরে টেলিফোন করতে দরাজ ও ভরাট গলায় বলে উঠলেন, "শালা, তুম কব্ আয়া লন্ডনসে? ঠিকানা দে, আমি যাব।" পরেরদিন সকাল দশটার মধ্যে দেখি আমাকে অবাক করে দিয়ে বিশাল দেহ হেলে দুলে কাঁপিয়ে আমার অবস্থান টার্ন পাইকলেনের বাড়িতে উপস্থিত। এসেই বল্লেন, 'চল্ বেরোই।' এদিকে আমস্টারডাম থেকে লন্ডন আসার পথে বৃটিশ এয়ার ওয়েজের ক্যাবিন ক্রু আমাকে ডজন খানেক মিনি পেগের বোতল দিয়েছিলো আমার সৌজন্যমূলক আচরণের জন্য। একজন বয়স্ক লোক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় বিমানে আমার সামনের দিকের আসন ছেড়ে দিয়ে পেছনের ঐ যাত্রীকে দিয়েছিলাম ক্যাপ্টেনের অনুরোধে। ফলে নামার সময় আমার ভাগ্যে এই অনন্য উপহার জোটে যার একটিও এই দুই দিনে আমি ব্যবহার করিনি। শহীদ ভাই ওখান থেকে বেছে বেছে ৬ টি হুইস্কি ও ব্র্যান্ডির বোতল তুলে তার বিশাল ওভার কোটের পকেটে রাখলেন। তারপর দুই ভাই মিলে সারাদিন লন্ডন চষে বেড়ালাম শীত ও তুষারের মধ্যে। ঐ বছর ১৯৮১ সালে বৃটেনে স্মরণকালের তুষারাপাত হয়েছিলো। আমার বিবিসিতে ইন্টারভিয়্যু দেয়ার জন্য শ্যামল লোধের কাছে যাওয়া হলো না। ভাবলাম নিজের ঢাকঢোল পেটানোর চাইতে আমাদের ওস্তাদের সঙ্গে হারিয়ে যাওয়া আমার অনেক কাম্য। তাঁর টয়েনবির ফ্ল্যাটে মিনি প্যাগের বোতলগুলো সাজিয়ে রাখলেন জানালার কাছে যাতে বাইরে থেকে দেখা যায়। বললেন ওই পাশের ফ্ল্যাটে একজন শাদা সুন্দরী থাকে, সে দেখুক আর তৃষনার্ত হোক। এমন মজাও করতে পারেন কবি শহীদ কাদরী। এই প্রথম দেখে আমিও খুব মজা পেলাম। তাঁর টয়েনবির ফ্ল্যাটে অনেক রাত পর্যন্ত বহু কথা বলে অনিচ্ছাকৃতভাবে তাঁর সঙ্গ ছেড়ে আমাকে ফিরে যেতে হয়েছিলো। কারণ আমার বয়স্ক নিকট আত্মীয়টি একে তো পশ্চিমবঙ্গের এবং যৌবনে লন্ডনে এসে বৃটিশ নাগরিক হয়ে চাকরি থেকে অবসর নিয়ে কাউন্সিল ফ্ল্যাটে থাকেন। মেজাজও একটু কড়া, পশ্চিমবঙ্গীয় কটকটে ভাষায় শহীদ ভাই-এর সঙ্গে এমন আচরণ করলেন যে শহীদ ভাই নিজে একটি ট্যাক্সি ডেকে চালককে আমার গন্তব্য স্থান মেনর-হাউজ-এর পথ বুজিয়ে দিয়ে বললেন, "তুই পৌঁছে টেলিফোন করিস। আমি চিন্তায় থাকবো।" সেদিন শহীদ ভাই-এর প্রথম এ-ধরনের কর্তব্য জ্ঞানও অন্য এক রূপ দর্শন করে আমি অবাক হয়েছিলাম– একি আমাদের চির বাউন্ডুলে শহীদ ভাই, কবি শহীদ কাদরী? তারপর আমার হাতে কিছু পাউন্ড এবং ছেলের জন্য জামা কাপড় দিয়ে বলেছিলেন, "বড়ো ভাই-এর হাতে দিয়ে আছিস।"
কবি শহীদ কাদরীর সঙ্গে আমার লন্ডনে এই সাহচর্য নিয়ে আমি প্রায় সত্তর পংক্তির কবিতা লিখি যা কবি রফিক আজাদ সেই সময় বাংলা একাডেমীর 'উত্তরাধিকার' পত্রিকায় প্রকাশ করে। দীর্ঘ কবিতাটি শহীদ কাদরীর স্বভাব আচার আচরণ সব নিয়ে একটা নস্টালজিয়ার সঙ্গে লন্ডনে তাঁর বর্তমানের স্বরূপ বলা যেতে পারে।
পাঠকের উৎসুক্য নিবারণের জন্যে কবিতাটি উদ্ধৃত করলাম যার শিরোনাম ছিলো "দিন যাপনের দিন।"

দিন যাপনের দিন

(কবি শহীদ কাদরীর সাহচর্যে)
সহজে সুকৃত-শর্ত আরোপ কোরো না
তোমার আজীবনের কুশলী স্বভাব
অপরিবর্তিত রূপ যদ্যপি যেমন
এমন কি এই পাপ পূণ্যহীন দেশে

সেই খাপহীন তরবারি রূপ
অদ্যপি এখন
বিশাল শরীর টেনে হেলে দুলে হেসে
খপ করে হাত ধরে বলো, শালা
দেখা হলো তবে বহুদিন পরে
ঝাঁকড়া কোঁকড়া চুল মাথায় আছে কী নেই
জানার উপায় নেই। পরেছ পশমী টুপি
আজানুলম্বিত গরম ওভারকোট
দেহটা ডেকেছো বেশ লোকচক্ষু থেকে
আড়ালে ঠান্ডার দেশে, নিজেকে আড়াল
করতে পেরেছ কী!
টুপিটা নামিয়ে দিলে আরো একবার নীচে
কেননা হিমাঙ্ক থেকে ব্যারোমিটার ত্বরিত
নেমেই চলছে বিরামহীন উত্তর সাগরের হাওয়ায়।

কোনটাই জানার উপায় নেই।
মোটা গলা, বিরাট ধড়, পেটের বহর
নাভিমূল থেকে নিচে পায়ের গোড়ালী
নকশা করা জুতো, অমন পাদুকায়
দেখেছি কী আগে?

ঢিলে-ঢালা সহজিয়া পাজামা-পাঞ্জাবি
রাদুর স্যান্ডেল পায়, পাগলা পানির
প্রতি বড়োই আগ্রহ, নিয়ত সন্ধ্যায়
হ্যাক্সন বটমূল পরম-নির্বেদ
অথবা রেক্সের স্বাদু পরোটা কাবাব
কবিতা বনাম খিস্তি এই তো স্বভাব–

আবে কেয়া বাত্, কী ভাবছিস?
পেরিয়ে ওভারব্রিজ টার্ন-পাইক লেনের
পাতালে যেতে যেতে
ঘাড়ে ইয়া থাপ্পড়। এনেছিস কিছু বই?
কবিতার? তবে দিয়ে যা বিষ্ণু দের
বছর পঁচিশ। পারবি না দিতে?
প্রবাসে বৌয়ের কথা মাইরী "যেওনা ভুলে"
বলে, হাতে তুলে দেয় বই, আহা যেন
'স্মৃতিটুকু রেখ মনে'– জানিস কি? তবে শোন
বড়ো মজাদার বাত বৌদের, অথচ
আমাকে প্রবাসে এনে মাই-ফ্রাউলিন
অনায়াসে চলে গেল, অফে-দাজিন
এখন নিংসঙ্গ, ভাবি ওসব মেয়েলী
বাতচিত রংচং নিতান্ত হেয়ালী–

ছোড় সব জানানা-ফাসানা
'বছর পঁচিশ' দিয়ে যা আমায়
বহুদিন দেখা নেই কবিতার সঙ্গে
নতুন চালের ভাত ইলিশের ঝোল
সাজনার ডালনা এবং
সেই সঙ্গে রেক্সের পরোটা কাবাব

কী হবে বুশ-হাউজে গিয়ে?
শালা, ভিজে কাঁথা মার তোর
বিবিসির ইন্টারভিয়্যুর
এ-সব বিফল বাহাস তোর জন্য নয়
তার চেয়ে ঢের ভালো
বরফের উপর বেসামাল হেঁটে যাওয়া
যাবি ওয়েস্ট-মিনিস্টার, টেমসের সেতু
ট্র্যাফেলগার স্কোয়ার, পাতালে সুড়ং করে
নেমে যেতে চাস? যেতে পারিস, তবে
নিশ্চয় হয়েছে চের ওসব এদ্দিন
অ্যামেস্টেল নদীর তীরে, যেখানে বাতাসে
হ্যানিকেনের সৌরভে কাঁপে গৌরব পাত্র
কাঁচের গবাক্ষে ফোটে রজনীর মদির কমল।
বরং চলে যা, তোর তো একদা ছিলো
নির্মল ফিল্মের নেশা, এখনো আছেন
দু' একজন প্রাতিস্বিক ফ্রি-সিনেমার
ধমনী যাদের নীল শিল্পের অঙ্গার।

আরো দু'চারদিন থাকবি
আমার সঙ্গে কাটাবি ক'টা দিন টয়েনবিতে?
দেখে যা ফাঁপা-মানুষেরা কেমন করে ফেরে
খায়-দায় ভীড় জমায় ব্রডওয়ে থিয়েটারে
যেমন জমাচ্ছে ভীড় ইদানিং তোদের ঢাকার
মহিলা সমিতি, সাজঘরে এডোওয়ার্ড এলবি
ব্রেশট য়্যানেস্কো পাঞ্চ করে তুলে দেয়
নবনাট্যকলা, য়ুরোপে যাদের মমি
ঘুন পোকার খাবার, শকুনও তাকায় না
এমন অপাচ্য বাসী খাদ্য এখন তোদের
নাবালক তরুন-তরুণীর পাতে
গন্তব্য যাদের শুধু মহিলা সমিতি
হাত ধরে চট্ করে ঢুকে যায়
অন্ধকার প্রকোষ্টে, কেউ বা গাড়িতে এসে
সোজা লাল নীল দীপাবলির সামনে
উদ্ভাসিত করে নিজেদের, আঁতালের
নামাবলী গায়ে পরে কিনে নেয়
পরস্পর প্রগাঢ় প্রনয়।

ওসব এলিয়েটি ভাষণ রাখো ওস্তাদ
বলো, কেমন আছো এই বিদেশ বিভুঁইয়ে
স্বজনবিহীন গৃহহীন শিল্পহীন হয়ে
কেমনে কাটাও তুমি দিবস যামিনী
গরবিনী কবিতা নির্বাসিত
কবির দেমাক গ্ল্যামার গর্বিত গ্রীবা
সকলই যেন তিরোহিত
এমন অন্তিম নিঃশ্বাস দেখরো তোমার
ভাবতেই পারিনি–
তার চেয়ে দেশেই ফিরে যাও
সন্দীপ্ত প্রবল বাক্য নিয়ে আঘাত হানো
শব্দের শানিত ইস্পাতে ছেটে দাও
পরাশ্রয়ী বৃক্ষদের, দোর্দন্ড প্রতাপে ধর
জ্বিনের রশি, রাজকীয় রথের চাকায়
গুড়িয়ে দাও পন্যাঙ্গনা কূপমন্ডুকদের
কাব্য নামের রাশি রাশি নৈমিষারন্য।

দোহাই ওস্তাদ ওঠো, বহুদিন ধরে
পুরুষোত্তম পদ্যের সঙ্গে দেখা নেই
পুটুলি বান্ধিয়া রাখা নহুলী যৌবন
কর উম্মোচিত, আজন্ম উম্মাদনার
লজ্জায় আনম্র পট্টবসন খুলে
বেরিয়ে আসুক সবল সতেজ
পুরুষালী পর্টিমা
কী বলবো ফিরে গিয়ে
যখন শুধাবেন অগ্রজ তোমার
শহীদ কেমন আছে? আসবে কী ফিরে?

বলবি যা সত্য তাই
কবির হৃদয় থেকে উৎসারিত সকল
সত্য ভাষণ যা আছে তোর।

য়ুরোপে নেমেছে সবচেয়ে দীর্ঘ শীত
তুহিন তুষার বরফের যুগ
ধেয়ে আসছে করতে কবলিত
বিগবেন, ইফেল-টাওয়ার
রেমব্রা, মাদাম তুশো
আর আমি
হিমায়িত হচ্ছি ধীরে ধীরে
কঠিন জমাট গ্লেসিয়ার যেন, মেরুর হাওয়া
অচিরাৎ ভাসিয়েই নেবে
অ্যাটলান্টিকের এপার থেকে ওপারে
শ্বেতশুভ্র বরফের আধারে থাকবো
তরতাজা চিরদীপ্যমান
কবিতার মতো প্রাণ নিয়ে ভাসমান
ক্ষনিক বসন্তে নেই আমার বিশ্বাস।

লন্ডন, ডিসেম্বর ১৯৮১

কবি শহীদ কাদরীর সঙ্গে সেই আমার শেষ দেখা। এই কবিতার প্রেক্ষাপট ১৯৮১-এর লন্ডনে ক্রিসমাসের সময় হলেও আমার রচনাকাল ছিলো উনিশো বিরাশির দিকে এবং আমি কস্মিনকালেও জানতাম না শহীদ ভাই আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় আস্তানা গাড়বেন। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র যাওয়ার একটা সুযোগ ঘটেছিলা আমার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সৌজন্যে এই 'ভিজিটর-প্রোগ্রামে' ন্যু'ইয়র্ক এলে তাঁর খোঁজ করেছিলাম এবং তিনি তখন অন্যত্র থাকায় দুর্ভাগ্যবশতঃ আমার সঙ্গে কোন সাক্ষাৎ ঘটেনি। ২০০৭ সালে হুমায়ুন চৌধুরী কুয়ালালামপুর থেকে দেশে ফিরলে দুই বন্ধুতে তাঁদের খুব কথা হতো। এমনি এক টেলিফোন আলাপচারিতায় আমিও একদিন সামিল হয়ে তাঁকে আহ্বান জানিয়েছিলাম দেশে ফেরার। কথার মাঝে আমাকে থামিয়ে বলেছিলেন "কেন ফিরবো? কেউ তো বেঁচে নেই, আমার বয়স হয়েছে, তোদের বয়স হচ্ছে। ডাইয়ালাসিস চলছে সপ্তাহে তিনবার। আসতে পারবো না, বুঝলি।" কবি শহীদ কাদরীর কণ্ঠ নয় যেন এটা। সেই ভরাট গলা স্তিমিত। কথাও পরিশীলিত, যার সঙ্গে আমাদের কোন পরিচয় নেই। রেক্সে তাঁর আড্ডার সাথী ইয়াসিন আমিন ২০১৪ সালে ন্যুইয়র্কে তাঁকে প্রথমে সহি-ক্যালকেসিয়ান উপভাষায় অভ্যর্থনা জানিয়ে নাকি বলেছিলেন "বয়টো, মাগার কোলাকুলি নেহি হোগা।" ইয়াসিন আমাকে বলেছিলো প্রথমে চিরাচরিত এই আহ্বানের পর শহীদ ভাই বিনম্রভাবে তাকে বলেছিলেন যে সপ্তাহে তিনদিন ডাইয়ালিসিস নিতে হয়, শরীর খুব ভারী হয়ে গেছে এবং দু'জন লোক লাগে তাঁকে বিছানা থেকে উঠাতে। সুতরাং দূরে বসে কথা বলতে হয় এবং শায়িত থাকার কারণে কোলাকুলিও সম্ভব নয়। জার্মানিপ্রবাসী আমাদের কবি দাউদ হায়দার এ সময় উপস্থিত ছিলেন। তার সামনেই ইয়াছিন আমিন শহীদ ভাইকে ঢাকায় ফেরার কথা বললে অনুরূপ উত্তর দিয়েছিলেন, "কোথায় যাবো? কে আছে? শামসুর রাহমান নেই, ফজল নেই, ইলিয়াস নেই, সিকদার নেই, মান্নান নেই, হুমায়ুনও এখন নেই। হুমায়ুন চৌধুরী তখন সদ্য লোকান্তরিত।

আসলে বন্ধুবিচ্ছেদ ও কবিতা সহযাত্রীদের অনেকের অন্তর্ধানে শহীদ কাদরী কাতর হয়ে পড়েছিলেন। ভঙ্গুর স্বাস্থ্য নিয়মিত ডাইয়ালেসিসের কষ্ট নিয়ে তাঁর পক্ষে দেশে আসাও সম্ভভ নয়। কিন্তু মন পড়েছিলো দেশে। ঢাকা ত্যাগ করার সময় যে শহীদ কাদরী ছিলেন আমার শেষ দেখা, লন্ডনের সেই শহীদ কাদরীকেও আমাদের বিশেষায়িত ওস্তাদের মতো প্রগলভ রসিক আর বিদ্যুৎ-চমকিত প্রতিভাদীপ্ত মনে হয়েছিলো। আমার সেই শেষ দেখা সার্থক। আপনার ভঙ্গুর শরীর আর বিয়োজন আমাকে দেখতে হয়নি। আমার কোন আফসোস নেই।
কিন্তু আপনিতো এলেন ওস্তাদ শেষ অব্দি। আসতেই হলো আপনাকে প্রিয়তমা স্বদেশে। দেশের মৃত্তিকা সারাদেহে মেখে শুয়ে পড়লেন প্রিয় মানুষগুলোর পাশে। নিশ্চয়ই আপনাকে সর্বশেষ অভিবাদন জানিয়েছে কবি রফিক আজাদ। আমিও আসছি। আমার অগ্রিম অভিবাদন গ্রহন করুন।