মাঘরজনীর সবিতা: মোহাম্মদ রফিকের দু’টি গাথাকাব্য
'ক্রেসিডা'-কবিতার নান্দীপাঠ সারেন বিষ্ণু দে এই বলে, 'স্বপ্ন আমার কবিতা/ অমাবস্যার দেয়ালি/ ধূম্রলোচন নিদ্রাহীন/মাঘরজনীর সবিতা।' আপাতদৃষ্টে এতে কোন স্বাভাবিক পরম্পরা নেই। এমনকি কর্তা-কর্মের অবস্থান অনিশ্চিত। কূটাভাসের বা অদৃশ্য বাস্তবতার ছোঁয়াও বুঝি লাগে। কিন্তু একে অসংলগ্ন বলা যাবে না। বরং প্রবলভাবে প্রত্যক্ষকে অতিক্রম করে বোধের কোনো অলিন্দে পা ফেলার প্রত্যাশা জাগায়। এবং তাতে সারি সারি প্রতীকের হাতছানি। কারণ নান্দীপাঠেই তার আবাহন নিশ্চিত।
অনেক পরে বিষ্ণু দে একালের কবিতার (১৯৬৩) ভূমিকায় বিষয়টি স্পষ্ট করেন :
…আধুনিক কাব্যের কল্পপ্রতিমা রূপকীকৃত না হয়ে প্রতীকোৎসারী হয়ে উঠে, অতিভাষী সুবোধ্যতার মসৃন ময়দান ছেড়ে কবিতা বিহার করতে ওঠে মিতবাক হয়তো উচ্চাবচ, এমনকি হয়তো আপাতদুর্বোধ্যতার পাথুরে জমিতে। একই কারণে কাব্যের ব্যক্তিগত উচ্ছ্বাসের প্রাবল্যের চেয়ে ব্যক্তি-সমাজের নিহিত ভাষা বিনিময়ের আততিই হচ্ছে আধুনিক কাব্যের মৌলিক লক্ষণ। এবং… এর নির্মাণের লৌহভিত্তি আত্মসম্মানের অভ্যাসে গ্রথিত।…
প্রাসঙ্গিক আলোচনায় যাবার আগে আরো একটু বলে রাখি, বিষ্ণু দে-র চোরাবালি কাব্যের 'ক্রেসিডা' (১৯৩৬) বা এ জাতীয় কবিতায় বিদেশি উৎস থেকে প্রতীকের আমদানি ও দেশি-বিদেশি প্রতীকের মেলবন্ধনে অপ্রস্তুত পাঠককে চমকে দেওয়া তখন রবীন্দ্রনাথের অনুমোদন পায়নি। তবে আজ, মনে হয়, 'ক্রেসিডা' বাংলাভাষায় অন্যতম শ্রেষ্ঠ কবিতা। কাল তাকে প্রত্যাখ্যান করেনি। বরং তার উজ্জ্বলতা ক্রমাগত বাড়ছে। তবে বিষ্ণু দে পরে পাশ্চাত্য পুরানোৎসারিত প্রতীকের ব্যবহার থেকে সরে এসেছেন, যদিও প্রতীকের গুরুত্ব এতটুকু খাটো করেননি। বিশেষ মূল্যবান হয়ে উঠেছে, যেগুলো মানুষের জীবন ও কর্মের অবিশ্রাম ধারায় ঘর্ষণে ঘর্ষণে হীরকখণ্ডের মত উজ্জ্বল হয়ে তাঁর চেতনায় ধরা দিয়েছে। যেমন, তাঁর 'জল দাও' কবিতায়।
এই কথাগুলো বলা কিন্তু আমার ভনিতা, এবারের মহান একুশে বইমেলায় (২০১৬) 'কথাপ্রকাশ' থেকে ছাপা মোহাম্মদ রফিকের দু'টি গাথাকাব্য-এ কোন বেহুলা ও সে ছিল বেদেনি পড়ে আমি যেভাবে আলোড়িত হয়েছি, তা বোঝাবার জন্যে এরা দাঁড়াবার একটা জায়গা করে দেয় শুধু। এবার সরাসরি রফিকের গাথাদুটোয় দৃষ্টি দিই। তবে তার আগে জানিয়ে রাখি, আমি মোহাম্মদ রফিককে এই সময়ে বাংলাভাষার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দু-তিনজন কবির একজন বলে মনে করি। আমি কোথাও বেসুরো কথা বললেও এই ধারণাটির নড়-চড় হবে না।
দুই
প্রথা মেনে চলতি ধারণায় গাথাকাব্য বলতে বোঝায় ধারাবাহিক কোনো কাহিনির ছন্দোবদ্ধ রূপ। সাধারণত ঢিমে লয়ে। এক ধরনের শান্ত সমর্পণের রেশ তা রেখে যায়। আমাদের চন্ডীমঙ্গলকে গাথাকাব্যের আওতায়, বোধহয় আনা যায়। কিন্তু অন্নদামঙ্গল তেমন নয়। এতে অনেক মার-প্যাঁচ আছে। কালিয়াতিও। গাথাকাব্যে তা মানায় না। পরে সার্থক গাথাকাব্য লিখেছেন জসীম উদ্দীন। নক্সী কাঁথার মাঠ ও সোজনবাদিয়ার ঘাট ঐতিহ্যানুগ এই ধারায় নিঃসন্দেহে সেরাদের তালিকায় পড়ে।
রফিক তাঁর এই সৃষ্টি দুটোকে বলেছেন গাথাকাব্য। তবে এদের প্রথার শাসনে ফেলা যায় না। দুটোই কবিতা সংকলন। এবং প্রতিটি কবিতা আলাদা-আলাদা স্বয়ংসিদ্ধ। তারপরেও এক-একটি কবিতাগুচ্ছকে গাথাকাব্য বলায় আমি কিন্তু প্রতিবাদ করার কিছু দেখি না। বরং কবির মৌলিকত্বে মুগ্ধ হই। বিষ্ণু দে যে কবিতার প্রতীকোৎসারী হবার ইঙ্গিত দিয়েছেন, এখানে তারই সক্ষম ও স্বচ্ছন্দ প্রকাশ কবিতার, একটির সঙ্গে অন্যটির, অন্বয়সূত্র অন্তঃসলিলা প্রবাহে গড়ে তোলে। অবশ্য তার স্রোত সরলরেখায় নয়। আঁকা-বাঁকা, ঘূর্ণিপাকও আছে। হয়ত কখনো ঘাপটি মেরেও থাকে। তবু থাকে। গাথাকাব্য দুটোর নামেই তাদের ইঙ্গিত। পরিণামে কবিতাগুচ্ছ বাঙালি-আত্ম-চেতনার (ব্যক্তিচেতনার নয়) সমগ্র ভূমণ্ডলে আসন পাতে। তাতে আশা-নিরাশা-ঘাত-প্রতিঘাত-দীনতা-ব্যর্থতা-মরিয়া জিজীবিষাও অক্ষরে অক্ষরে প্রাণের মহিমা ছড়ায়। তবে কোথাও 'রণধারাবাহী জয়গান গাহি উম্মাদ কলরব' নেই। প্রতীক নিজেও আত্মপ্রচারে উন্মুখ নয়। কবিতা-শরীরে কোন বাহুল্যের আস্ফালন চোখে পড়ে না। তাতে সমাহিতি আমাদের নির্জ্ঞানে টানে না। হয়তো বিপন্নতার আক্ষেপ বাড়ায়। তা অবাস্তব নয়। জীবনের অনিবার্য টান তাকে এড়াতে পারে না। এই সব কবিতা বিবেকশুদ্ধ ও সত্যনিষ্ঠ। তাই কোনো মোহন মায়া তারা রচনা করে না।
এবার প্রথমটির, এ কোন বেহুলা-র দিকে দৃষ্টি দিই। নামের উল্লেখেই অনিবার্যভাবে আমাদের মনে চলে আসে জীবনানন্দ দাশের 'বাংলার রূপ আমি দেখিয়াছি' কবিতায় বেহুলার প্রতীকায়নের কথা। তাতে পড়ি,
বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে–
কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়–
সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিলো, হায়,
শ্যামার নরম গান শুনেছিলো, একদিন অমরায় গিয়ে
ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিলো ইন্দ্রের সভায়
বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিলো পায়।
আমার অনুমান, রফিককে এই চরণগুলো প্রাণিত করেছে। এরা এমন অমোঘ ও সার্বভৌম, যে এদের আকর্ষণ এড়ানো প্রায় অসম্ভব। কিন্তু এতে কারো সংকুচিত হবার কোনো কারণ নেই। ওই রূপসী বাংলাতেই এমন কতগুলো চরণ বা বাক্যবন্ধ আছে, যা কবি য়েটস্-এর অনুরূপ ভাবব্যঞ্জনাকে মনে করিয়ে দেয়, যদিও রূপসী বাংলা যে একশভাগ রূপসী বাংলা, এতে বিন্দুমাত্র সংশয় মনে জাগাও পাপ। সাধারণভাবে কবির 'মাত্রাচেতনা'-র একটা ব্যাখ্যা দেন জীবনানন্দই। তাঁর কবিতার কথাতে এই নামের ('মাত্রাচেতনা') এক রচনায় পড়ি,
…কবিতা সৃষ্টি করার সময় সে তার নিজের আদর্শ উপায়কে যতটা স্বায়ত্ত মনে করুক না কেন, ততদূর স্বাধীন তা নয়। যে সময়ে সে বাস করেছে এবং যে সময়ে বাস করেনি, যে সমাজে সে কাল কাটাচ্ছে এবং যেখানে কাটায়নি, যে ঐতিহ্যে সে আছে এবং যেখানে সে নেই–এই সকলের কাছেই সে ঋণী। যদিও শিল্পসৃষ্টি করবার সময় এই ঋণ কঠিন উত্তমর্ণের মতন তাকে আক্রমণ করতে আসে না, এবং এই জন্যে উভয় পক্ষেরই মঙ্গল, তবুও ঋণ-বিস্মরণের মানুষ কবি নয়, এ জিনিস ঋণও নয়, উপায় বরং–মর্মার্থী হয়ে বেঁচে থাকবার কবির অনুচেতনায় এবং কখনো-কখনো কল্পচেতনার ভিতর সঞ্চারিত থেকে তার প্রতিভাকে সাহায্য করছে তার বিশেষ অভিজ্ঞতাকে দূষিত না করেও যতদূর সম্ভব পরার্থপর করে তুলতে।…
তবে রফিক জীবনানন্দের ছায়ায় হাঁটেননি। তাঁর বেহুলাও বহুমাত্রিকতায় রূপসী বাংলার আদল ভেঙে প্রতীকের নানা দিকে বিচ্ছুরণ ঘটায়। মনসামঙ্গলের কিংবদন্তির অভিশাপ-আশীর্বাদ বস্তুবিশ্বের কর্মকলায় ছড়িয়ে পড়ে। তাতে কোনো নিশ্চিত উদ্ধার নেই। নেই নিশ্চিত বিলয়। প্রেক্ষাপট প্রবলভাবে এই বাংলার, যদিও কখনো-কখনো সীমানা ছাড়ায়। এবং অনিশ্চয়তার ও নৈরাশ্যের স্পন্দন থেমে যায় না কোনো সময়। কবির ব্যক্তিগত পুরুষাকার, কল্প-বাস্তবের দ্বন্দ্ব-সমাস, তাদের মীমাংসা-অমীমাংসা, অশেষ দ্বৈরথের ভাগ্যলিপি, এগুলোও সঙ্গে সঙ্গে চলে। রফিককে কখনোই খুব গোছালো মনে হয়নি। কিন্তু আশ্চর্য! কবিতায় তার ছাপ পড়ে না, এতটুকু। সাহসী পরীক্ষা-নিরীক্ষা আছে। তাতে কোথাও মননের, আবেগের ও ভাষার সুর কাটে না। তাঁর কাব্যের সংযম আমার কাছে বিশেষভাবে চোখে পড়ার মতো মনে হয়। কল্পনার অন্তর্লীন লাবণ্য কিন্তু অটুট থাকে।
আর একটা কথা বলা, বোধহয়, এখানে অপ্রাসঙ্গিক হবে না। আমাদের কবিতার সাধারণ ধারায় প্রধানত আমরা পাই প্রতিস্বর। কোনো ঘটনার, বা ব্যক্তিগত অনুভবের ভাষায় রূপ দেওয়া। এ খুব জুতসই হতে পারে। আমাদের চিন্তায়, মননে, আবেগে দারুণ দক্ষতায় ঘা দিতে পারে। অনুভবের অজানা কন্দরে আলো ফোটাতে পারে। কিন্তু বিষয়ভূমি থেকে সরে যায় না। সরাসরি বলায় যেখানে বিষয়বর্ণনা যথেষ্ট মনে হয় না, সেখানে দৃশ্য-অদৃশ্য অন্য কিছুর রূপ বা ভাবের নিরিখে তাকে ফুটিয়ে তোলার অসামান্য কুশলতায় আমরা মজি; কিন্তু তা ওই বিষয়কেই নির্দেশ করে। উপমা, উৎপ্রেক্ষা, রূপক এগুলো সেখানে কবির খুব কাজে আসে। রবীন্দ্রনাথের সৃষ্টি-প্রতিভা এ সবের ব্যবহারে প্রবাদ-প্রতীম। কিন্তু প্রতীকের সচেতন প্রয়োগ, যেখানে তা বিষয়কে অনভ্যস্ত বা অনাস্বাদিত কোন বৃত্তে আকস্মিক তুলে এনে আমাদের চমকে দেয়, তাতে তাঁর সায় ছিল না। যদিও এমন প্রয়োগে তিনিও যে ছিলেন সিদ্ধকাম, হয়ত অসচেতনভাবে, তার পরিচয় যে আমরা পাই না, তা নয়, (তাঁর রক্তকরবী নাটক কী? তাঁর অসংখ্য গানে মনিমুক্তার মতো যে তা ছড়িয়ে আছে, তা কি আমরা খেয়াল করতে পারি না? অবশ্য তারা এমন সহজে সমস্ততে মিশে যায় ও এমন অভ্রান্তে পাঠককে বা শ্রোতাকে পূর্ণতায় টানে যে কবিতার রন্ধনশালার পরিচয় নিয়ে আমরা ভাবি না।)। রফিকের এই কাব্যে প্রতীকই কিন্তু চালকের আসনে। তার রহস্যময় ইঙ্গিতে যথাযথ সাড়া দিতে পারলেই 'স্বপ্নলোকের চাবি' আমাদের হাতে আসে। শুধুই বিষয়-ভাবের অনুকৃতি (mimetic) পেতে চাইলে, অথবা, তার সীমাতেই তৃপ্তি পুরো হলে, আমরা কিন্তু ভীষণভাবে ঠকবো। এও বলি, একই প্রতীক সদস্য, দুই-এর বেলাতেই পথ দেখাতে পারে। দাবি এখানে পুরো কাব্যের নয়, আলাদা-আলাদা কবিতার।
রফিকের গাথাকাব্য দুটো নিয়ে সুনির্দিষ্টভাবে আলোচনার আগে তাঁর ব্যক্তিগত চিন্তা-কল্পনার প্রেক্ষাপটটা একটু অনুমান করার চেষ্টা করি। ব্যক্তিগত শোক তাঁকে কিছুদিন গভীরভাবে আচ্ছন্ন করেছিল। তবে মর্মান্তিক আঘাত জাগিয়ে তুলেছিল কিছু অসামান্য কবিতা। বোধহয় শোকের শুশ্রুষাও মেলে তাতে। এই রকম সময়ে, বছর তিনেক আগে আমাদের কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় সবাইকে অবাক করে দিয়ে ঢাকায় জেগে ওঠে 'গণজাগরণ মঞ্চ'। আনকোরা নতুন ছেলেমেয়েদের ভরসা দেবার, ভরসা পাবার এক স্বতঃস্ফূর্ত সংগঠন। আমরা দেখি নতুন প্রজন্মের অসংকোচ বাঙালি চেতনার প্রকাশ। রফিকের স্মৃতিতে জাগে গত শতকে ষাটের দশকে আইয়ূব-বিরোধী আন্দোলনে প্রথম সারিতে থেকে তাঁর জেল-খাটার কথা। 'গণজাগরণ মঞ্চ' তাঁকে প্রেরণা জোগায়। শোককে শ্রদ্ধায় আত্মস্থ করে তিনি আবার পুরানো আশার জগতে ফিরে আসার উৎসাহ পান। লেখেন কালের মান্দাস। সব দিক থেকে এই সময়ের এক তাৎপর্যপূর্ণ কবিতার বই। আমার বিশ্বাস, এর আবেদন ঠিকমতো পৌঁছুলে এদেশে সব বাঙালিকে প্রেরণা জোগাবে। কিন্তু 'গণজাগরণ মঞ্চ'-এর আকাশ ছোঁয়া আশার সংহতি বেশি দিন ধরে রাখা যায় না। অপ্রত্যাশিত নয়। কোনোখানেই চেতনার শীর্ষবিন্দুতে একটানা স্থায়ী হবার নজির নেই। ব্যক্তি ও সমষ্টি এক লক্ষ্যে একভাবে দীর্ঘপথ পাড়ি দিতে পারে না। রফিক হতাশ হন। কিন্তু বাস্তবের সঙ্গে নতুন করে বোঝাপড়ায় নামেন, যেমন নেমেছিলেন তাঁর কপিলাপর্বের কবিতা লেখার সময়। গাথাকাব্য দুটি তারই পরিনাম। আঘাতের দাগ এতে মোছে না। কিন্তু তাঁর সৃষ্টি-প্রতিভা অক্ষুন্ন থাকে।
এখানে বেহুলা-কথার উৎসে যে মনসামঙ্গল বা পদ্মাপুরাণ তার বিষয়ে কিঞ্চিৎ বলে নিই। আমার ধারণা, বিষ্ণু দে-র 'ক্রেসিডা' যে পাঠককুলে অনেককে প্রতিহত করে, তার একটা কারণ, গ্রীকপুরাণের সংশ্লিষ্ট কাহিনি তাদের না জানা। মনসামঙ্গল অবশ্য একান্তই বাংলার সম্পদ। যতদূর জানি, হুসেনশাহি আমলের (১৪৯৪-১৫৩৮) গোড়ার দিকে বিজয় গুপ্তের মনসামঙ্গল এ বিষয়ে রচিত এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরানো কাব্য। বাংলার দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ছিল ঘন জঙ্গল। সাপের ভয় অতি বাস্তব ও প্রকট। তাই সর্পকুলের দেবী মনসাকে নিয়ে পালা রচনা। সে ধারা ঐ সব অঞ্চলে চালু ছিল বহুদিন। গ্রাম্য কবিরা ইচ্ছামতো নিজেদের ভাবনাও পুরে দিতেন। তবে মূলে মনসা-চাঁদ সদাগরের যে দ্বন্দ্ব-সংঘাত আর, পরিণামে বেহুলা-লখিন্দর কথা, এই ছক অক্ষুণ্নই থাকে। গত শতকের উল্লেখযোগ্য সংযোজন শম্ভুমিত্রের নাটক চাঁদ বণিকের পালা। আমার পড়া বাংলায় অন্যতম সেরা সাহিত্যকীর্তি।
কাহিনি চুম্বকে পাই, মনসা দেব-দেবীদের সভায় পাত্তা পান না। মানুষও মর্যাদা দেয় না। বড় বাধা চাঁদ সদাগর। সে পুজো না দিলে অন্যরাও মুখ ফিরিয়ে থাকে। চাঁদ শিবভক্ত। সেখানে কোনো উট্কো দেবীর আরাধনা তার নীতিবিরুদ্ধ। আক্রোশে ক্ষিপ্ত হয়ে মনসা তার বাণিজ্যতরী সব সমুদ্রে ডুবিয়ে দিলেন। সাপের ছোবলে সাত ছেলে তার মারা পড়লো। তবু সওদাগর অটল। শুধু মাত্র ছোট ছেলে লখিন্দর বেঁচে। বেহুলার সঙ্গে তার বিয়ে। মনসা শাসিয়ে গেছেন, বিয়ের রাতেই তাকে সাপে কাটবে। চাঁদ সদাগর ভ্রুক্ষেপ করে না। লোহার বাসর ঘর বানায়। কামারকে হুকুম দেয় কোন ফুটো যেন তাতে না থাকে। এদিকে মনসা কামারকে ভয় দেখিয়ে প্রায় অদৃশ্য একটা সরু ফুটো তাতে রেখে দিতে বাধ্য করে। বাসর রাতে ওই পথে নিঃশব্দে ঢুকে সাপ লখিন্দরকে ছোবল মারে। লখিন্দর মৃত্যুর কোলে ঢলে পড়ে। চাঁদ সদাগর অনড়। কিন্তু নববধূ বেহুলা মৃত স্বামীর দেহ ছেড়ে দিতে রাজি নয়। কলা গাছের ভেলায় (মান্দাস) তাকে নিয়ে সে অমরার পথে ভেসে চলে। ইন্দ্রের সভায় পৌঁছে সে মৃত স্বামীর প্রাণভিক্ষা চায়। দেবতারা শর্ত দেয় তার নাচে তাদের মন ভোলাতে পারলে তবেই লখিন্দর বেঁচে উঠবে। বেহুলা নাচে। তুষ্ট দেবতারা লখিন্দরের প্রাণ ফিরিয়ে দেয়। তখন মনসা এসে বায়না ধরেন, মর্ত্যে তাঁর পূজা চাই-ই চাই। বেহুলা শ্বশুরকে রাজি করাবার চেষ্টা করবে বলে জানায়। চাঁদ সদাগরের চম্পকনগরে তারা ফিরে এলে জীবিত লখিন্দরকে পেয়ে সবাই আনন্দে আত্মহারা। চাঁদ সদাগরও একটু নরম। তবে শেষ অশ্রদ্ধাটুকু জানিয়ে দেয়, মনসার পায়ে সে ডান হাতে ফুল দেবে না। দেবে বাঁ হাতে। মনসা তাতেই রাজি। মর্ত্যে তাঁর পুজো চালু হয়।
এখানে অসাহিত্যিক কথা আরো একটু যোগ করি। চাঁদ সদাগরে আখ্যান বোধহয় আরো বহু আগে থেকে লোকমুখে চালু ছিল। অষ্টম শতকে আরব বণিকেরা এ অঞ্চলে সমুদ্র-বাণিজ্যের দখল নেয়। বাঙালি বণিকদের স্বাধীন সমুদ্রযাত্রার ওইখানেই ইতি। মনসাপুরাণের কাহিনিসূত্র তার আগের কোনো সময়ের বলে অনুমান। বিজয় গুপ্তের পুঁথি এখন পর্যন্ত তার প্রথম নিদর্শন। এবং মনসা নিতান্তই বাংলার। এর বাইরে তিনি অপাঙক্তেয়।
আবার মনে করিয়ে দিই, রফিক এই গাথাকাব্যে বেহুলা-মিথ-এর পুর্নজন্ম ঘটাননি। তাকে বরং তিনি জীবনানন্দের ভাষায় 'উপায়' হিসেবে ব্যবহার করেছেন। এলিয়টিয় 'অবজেক্টিভ কো-রিলেটিভের' মতো। বেহুলা এখানে সংকল্পে-দার্ঢ্য-অনমনীয়তায় বাংলার পৌরাণিক-আধুনিক প্রাণপ্রতিমা। লখিন্দর জন্মে-জন্মান্তরে সার্থকতায়-অপমানে-গৌরবে-লাঞ্ছনায়-উদ্যমে-নির্বীর্যে-আশায়-বিপন্নতায় কবির আত্মমুকুরে বাঙালির সার-সত্তা। অন্তত এইভাবেই আমার দেখা। জানি, দেখা বহুরূপী। আমি আমারটুকুই শুধু বলতে পারি। এবং এখানে আমার মনে হয়েছে কবির মনীষা নিরাসক্ত। বেলোয়ারি কাচের মতো বা গ্রামীণ উচ্ছ্বাসপ্রবণ নয় তাঁর কবিতা। চেতনার গভীর থেকে গভীরে তার ধ্বনি-প্রতিধ্বনি।
একটা কবিতা সবটুকু পড়ি :
উৎসমুখ খুলে দিলে
সে কথা জানবে না কোনদিন
কেউ জানল না, কী-বা এসে যায়,
দেখি, দেহ কুঁকড়ে নিয়ে ঘুমের অতলে ডুব দিলে,
জেগে বসে আছি আমি অর্ধঘুমে অচেতনে
এতদিন জেনেছি পুরুষত্বহীন অক্ষম নির্বীর্য
নির্বিষ-বা নবতর সৃষ্টিতে একান্ত অপারগ,
আজ তবে জাগিয়ে দিয়েছ কর্মে অক্ষরে-অক্ষরে,
আমার নিয়তি তুমি
বহন করবে উত্তরাধিকার, সন্তান-সন্ততি,
যা কিছু অতীত কিংবা ভবিষ্যৎ,
ক্ষতি নেই, মৃত্যু যদি হয় তোমার অপর পরিচয়!
না আমি জানব না!
('বেহুলাকে লখিন্দর'/ পৃ. ৩০)
তবে তাঁর কবিতা ইউক্লিডের জ্যামিতি নয়। নয় এরিস্টটলের লজিক। আর, গাথাকাব্য বলতে আমরা যে বুঝি, তার মৃদুমন্দ সরল গতি ও অনাড়ম্বর অবসান, তার ছকও তিনি ভেঙেছেন। সবটা যেন বিনা সুতোয় গাঁথা কবিতার মালা। প্রত্যেকে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু অন্তরঙ্গ সংযোগ। যদিও ক্রমের বিন্যাসে অনিবার্যতার দাবি নিরর্থক। কাল যেন কাহিনির সর্পদেবী। তারই মতো কুটিল, কখনো বা কুণ্ডলি পাকানো। অসহায় লখিন্দর। কালের যাত্রী। ভরসা বেহুলা। হন্তারক কাল তাকেও ছাড়ে না। বেহুলা, স্বদেশ, বাঁচে। বাঁচিয়ে রাখে লখিন্দরকেও। যুগ থেকে যুগান্তরে। লখিন্দর―এই কবি―সুর তোলে। গাথা মর্মরিত হয়। প্রথামাফিক শেষ নেই তার। অলক্ষে বিষাদ আছে। দ্রৌপদীর বস্ত্রহরণ পালার পুনরাবৃত্তি বার বার ঘটে চলে বুঝি। তবু বেহুলা-লখিন্দর পালাগান চলে। বিগত কালের বার্তা কানে আসে―ত্বং হি প্রাণাঃ শরীরে। একটা কবিতার প্রথম তিনটে স্তবক পড়ি–
প্রথম জলজ স্পর্শে নিজেকে গুটিয়ে নিলে দ্রুত,
ভেবেছিলে, কলঙ্কিত হাত বুঝি এগিয়ে এসেছে
কুণ্ঠিতা, আশ্রয় নিলে ঘরের কোনেতে, অন্ধকারে,
আমি তো কামুক নই, আমি লখিন্দর, ব্যর্থ কবি,
ভেবেছি কাব্যের পঙ্ক্তি দীপ্তি পাবে চোখের মণিতে
কবিতার, স্তবক-বিন্যাস প্রাণ ফিরে পাবে তোমার দেহের খাঁজে-খাঁজে
অবশেষে সার্থক হবে শব্দগুচ্ছ ফুটে উঠবে ফুলের পাপড়িতে
তুমিও প্রফুল্ল চিত্তে হেঁটে যাবে মরালের পায়ে-পায়ে
দূর অভিসারে, চেনা-অচেনার সীমা ছুঁয়ে, অচেতনে…
('মনে পড়ে'/ পৃ. ৪৭)
আরো চারটি স্তবক আছে এই রকম। কোনো কবিতাই এখানে দীর্ঘ নয়। তবে প্রত্যেকটির সুমিতি লক্ষনীয়। মন কেড়ে নেয় সবগুলো। শুধু পাঠের নান্দনিক মূর্ছনাও এদের অতল গভীরে সঞ্চারী। এতটুকু মেদ নেই কোনোটিতে। নেই আড়ষ্টতাও। শব্দমায়া কানে লেগে থাকে বহুক্ষণ। এবং তারা অব্যর্থ। কবিতার নান্দনিক বোধের এই স্বাদ আমাকে অভিভূত করে। সচ্চিদানন্দ ব্রহ্মস্বাদই বুঝি। অথচ কোন আড়ম্বর নেই। ভারী শব্দের নিনাদ নেই। কাব্যশৃঙ্খলায় স্খলন নেই। বিষয়মহিমা ও চিন্তার মৌলিকত্ব ছাড়াও শুধুই কবিত্বপ্রতিভাতেও এ শিখরস্পর্শী। যে কোনো কবিতার যে কোনো জায়গাতেই এর আকর্ষণ। আবার তা পূর্ণতার অভিসারী। সে পূর্ণতাও অম্লান। তবে এটা খেয়াল না করে পারি না, শেষটুকু বাদ দিয়ে কবিতায় ক্রমের অদল-বদল ঘটালেও পূর্ণ-পূর্ণই থেকে যেত। এটা কবিতার অব্যবস্থিত চিত্ততা নয়, কবির অনায়াস মুন্সিয়ানা। কবি যে শব্দ-শিল্পের এক মহৎ অনন্য শিল্পী, এটা মেনে নিতে আমরা বাধ্য হই।
যে কারো সামনে গোটা কাব্যই পড়ে শোনাবার মতো। বোধহয়, তাতেই এর সুবিচার। কিন্তু এখানে তার সুযোগ নেই। আমি তাই সর্পদেবীর উল্লেখে যে ইঙ্গিত, সেদিকে একবার দৃষ্টি আকর্ষণ করে, তিনটে কবিতা থেকে কিছু পড়ে শোনাই। পাঠকের আগ্রহ মেটাবার জন্য নয়, তা বাড়াবার জন্য:
অবশেষে পেয়েছি তোমারে হয়তো ক্ষণিকের প্রয়োজনে
ধীরে, অতি ধীরে, খুলে ফেলছি আবরণ-আভরণ, অন্তর্বাস
তোমার অসীম নগ্নতার অগ্নিদহে ডুবে গিয়ে
ছুঁয়ে যাবে বিষ, কণ্ডূয়ন, তাই অন্তিম সংহার শেষ হলে
ঝলসে যাবে চোখ, ভাঙাচোরা, ধ্বসে
প্রাণ পাবে আপন সংস্কৃতি, সৃষ্টি, উদ্বোধন, উদ্যাপন
সাপ তো অছিলা মাত্র, হে বেহুলা
কালের বিভ্রম, অকালের বিশুদ্ধ পাথরে ঠোকে মাথা,
সর্পদেবী, তোমাকে বরণ করি, সকল হৃদয়ে, হাড়ে-মাংসে
ধীরে-ধীরে নিভে যায় অন্ধকার, ফুটে উঠছে আলো
কপাট গলিয়ে, লাজে নম্র, অবনত, পাতায় লেগেছে হাওয়া
শব্দ শোনা যায়,
ঘটে যাবে অন্তর্ধান, কিন্তু কার!
('এসো তবে'/ পৃ. ৪৫)
আর শেষের কবিতা দুটো থেকে―
ওই হাড়-মাংসের দরিয়া, আড়াআড়ি
পাড়ি দিতে হবে, ওই রাত্রি কুয়াশায়, মাঘি পূর্ণিমার
ফ্যাকাশে জ্যোৎস্নায়, ঢেউ বড়ো, উথাল-পাতাল, হি-হি শীত,
যেন সাপ খোরস ছাড়িয়ে পড়ে আছে পথ জুড়ে
ফনা তুলবে যে-কোনো সময় দাঁড় বা বইঠার শব্দ পেলে,
[…]
তাই তীরে বসে গুনি ঠাঁই, এখানেই যাত্রা শেষ নয়,
নিশ্বাস-প্রশ্বাসে কাল-অকালের ধোঁয়া, ক্রমে কখন আমৃত্যু গিলে ফেলে
গোন-বেগোনের কোনো হিসাব কষেও লাভ নেই
অতলের স্রোত ক্ষমাহীন, শুধু শীৎকার বা দংশনের ক্ষণ জানে।
('পাড়ি দিতে হবে'/ পৃ. ৭৬)
সব শেষের কবিতা পুরোটাই পড়ি। ছোটো। তবে তাৎপর্যপূর্ণ। রফিক যে সর্বোচ্চ চেতনা নিয়েও আশাতেই ফিরে আসেন, এতে তাঁকে নিয়ে আমাদের আশার প্রদীপও সলতেয় তেল পায়। আলো চারদিকে ছড়ায়―
এই যাত্রা, কোথায় বা শেষ হবে!
স্রোত-ভাঙা শব্দ, মৃদুমন্দ ঘ্রাণ,
উচাটন আমার শরীরে,
অঙ্গকার ভেদ করে একটি তারা
পুবের আকাশে, শুকতারা!
ছায়া ফেলে খোলা চুলে, শাড়ির আঁচলে,
হাওয়া দেয় শুধু হাওয়া
একটু পরে হয়তো ভোর হবে
প্রহেলিকা, ঘোর প্রহেলিকা
শেষ নেই অন্তিম অন্তের
ধরো তবে মরণ-জয়ের পালাগান
('প্রহেলিকা'/ পৃ. ৭৭)
এই গাথা-কাব্যের নতুনত্ব, অসাধারণত্ব, সততা ও জীবন-ভাবনা আমাদের মর্মমূলে অভিঘাত হানে। আমরা সচকিত হই। একই সঙ্গে কবিপ্রতিভায় প্রণত থাকি।
তবে এক জায়গায় একটি শব্দের প্রয়োগে আমি একটু হোঁচট খাই। হতে পারে, সবই যথাযথ। আমার কানই অনভ্যস্ত। চিন্তার কিছু নেই। তবু আমার আনাড়ি খট্কার কথা বলেই ফেলি। ৩৫ পৃষ্ঠায় 'বীজমন্ত্র' কবিতার পঞ্চম স্তবকে পড়ি :
অপরাধী, ঔপনিবেশিক ঘোর
এখনো গোটানো হয়নি যে পর্দা
ঢোকেনি তো আলো, দেখিনি তোমার মুখ
এখানে 'ঔপনিবেশিক' শব্দটি, আমার মনে হয়েছে, বড় বেশি গদ্যগন্ধী। ঠিক যেন খাপ খায় না। বিষয়টি অবশ্য কবির এক্তিয়ারে। তাঁর বোধই চূড়ান্ত।
তিন
মোহাম্মদ রফিকের দু'টি গাথাকাব্য-এর দ্বিতীয়টি সে ছিল বেদেনি। এখানে কল্পনার উৎসভূমি দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় প্রকাশিত পূর্ববঙ্গ গীতিকা-র প্রথম খন্ডের মহুয়া-পালা। এই পালাগুলোর মূল রচনা, অনুমান, আঠারো শতকের ভেতরে। বৈষ্ণব পদাবলীর-পর এরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যকীর্তি। অনেকে আঠারো শতকে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলকে প্রাগাধুনিক যুগের সবচেয়ে বড় কাব্যকৃতি বলে মনে করেন। আমরা কাছে একে বাহ্যিক চাকচিক্যে মোড়া চালিয়াতি বলেই মনে হয়। তুলনায় অনামা কবিদের অবদান পূর্ববঙ্গ গীতিকার পালাগুলো সর্বাংশে ইহজাগতিক। মর্ত্য-জীবনে প্রেম-বিরহ-ব্যর্থতা নিয়ে এদের কারবার। সম্ভবত প্রায় একই সময়ের দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার সংকলিত ঠাকুরমার ঝুলি-র কাহিনিগুলো ও উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির বই-এর মজার গল্পগুলো। এরাও কিন্তু একই ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের, এবং একই রকম ধর্মীয় আবেগ বা অবলম্বন মুক্ত। এই বৈশিষ্ট্য আমাদের ঐতিহ্যকে অনেক ভালোভাবে চেনায়। রফিক আত্মনির্মাণের কাব্য-সাধনায় এখানেই মহুয়ার প্রতীকী ব্যঞ্জনা খুঁজে পেয়েছেন। এটাও খেয়াল করি, মনসামঙ্গল-এও কিন্তু বেহুলা-লখিন্দর-চাঁদ সদাগর আমাদের সংগ্রামমুখর জীবনে প্রেরণার স্থায়ী ছাপ রেখে যায়। দেবী মনসা খল-নায়িকা। এখানেও কাহিনির পৃষ্ঠভূমি প্রধানত এই বাংলাই। বিষয়ে-প্রতীকে অভেদ রচনা কোথাও কৃত্রিম বা কষ্টকল্পিত মনে হয় না।
তবে এই কাব্যগাথা অদৃষ্টলিপির উচ্চারণে হৃদয়ানুভূতির কশাঘাতে জর্জরিত হলেও একে ঠিক রোম্যান্টিক বলা যায় না। এক ধরনের ক্ল্যাসিক্যাল দূরত্ব বা নিরাসক্তিও এর আছে। অনেকটা বোদল্যেয়রের কবিতার মতো। তবে তা দৃষ্টিভঙ্গিমায় বা নির্মাণকলাতেই। বিষয়-ভাবনায় তফাত আকাশ-পাতাল। এ কথা এ কোন বেহুলা-র বেলাতেও খাটে। সে ছিল বেদেনি-তে তার প্রকাশ আরো জোরালো। আর্তির সংহত মহিমা দিগন্তে ছড়ায়। এবং তা তপঃসিদ্ধ।
মহুয়া গীতিকায় আমরা পাই, শিশু মহুয়াকে বেদের দল লোকালয় থেকে চুরি করে নিয়ে যায়। বেদে-সর্দার তাকে পালন করে আপন মেয়ের মতো। বড় হলে আর সব বেদেনির মতো সেও টুকিটাকি বেসাতি নিয়ে 'হাটে-মাঠে-বাটে' ফেরিতে বেরোয়। নদের চাঁদ (এখানে নদ্যার চাঁদ―নদিয়ার চাঁদ) সম্ভ্রান্ত সন্তান। দুজনে দুজনার প্রেমে পড়ে। একসঙ্গে পালায়। কিন্তু বেদের দল জেনে যায়, তাড়া করে তাদের ধরে ফেলে। তারপর ছুরিকাঘাতে দুজনেরই একত্রে মরণ। কাহিনি কিন্তু কিংবদন্তি হয়। যুগ থেকে যুগান্তরে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে হতে অমরায় যাত্রা তার অবিরাম। রফিকের কাছে ছড়ায় তা প্রতীকের মায়া। কবিতা থেকে কবিতায় তার আলোর ছটা অনিঃশেষ।
তবে একটা কথা। প্রতীক এখানেও প্রসারিত হয়― এই বাংলায় ও তার জনসমুদয়ে। কবি তার সবটার প্রতিনিধি। কিন্তু এই বিস্তার এখানেও থামে না। কখনো কখনো তা গ্রাস করে বিশ্বচরাচর। মন্ত্র একটিই : ভালোবাসা। জীবনে-মরণে, মরণে-জীবনে গাঁথা হয়ে তা চলে। এবং চলে। তারই পদধ্বনি বাজে সবটা জুড়ে। কবি কোথাও আত্মবিম্মৃত নন। তাঁর চৈতন্যের আলোয় সব পদ উদ্ভাসিত। বোধের অতলান্ত থেকে মন্দ্রধ্বনির মত প্রতিটি শব্দ উৎসারিত। আমরা পাই সুরের যথার্থ সংগতি। তার কাটে না কোথাও। এবং মনে হয়, তা অনন্য ও অবিকল্প।
সে ছিল বেদেনি―সবটাই সমান আকর্ষণ করে। অহেতুক একটি শব্দ নেই। প্রতিটি চরণ অনিবার্য। মাত্রা জ্ঞান অভ্রান্ত। এবং সব মিলিয়ে কবিতা মানব-মানবীর মর্মছেঁড়া বাস্তবতার অকরুণ পরিণতির পূর্ণতাতেই ঈশ্বরী হয়ে ওঠে। তবে শুধু তা অন্তিমে নয়। প্রতিটি পাতায়। তারা পরস্পরের প্রতিদ্বদ্বী নয়। সমন্বয়ে সমগ্রের অভিসারী। এবং এই সমগ্রেও একই ঈশ্বরীর অনুভব। যদিও খোলা থাকে সামনে অনিশ্চিত পথ।
রহস্যময় আলো ফোটে শুরুতেই। কবিতার রহস্য। স্থায়ী হয়। পড়ি :
'ভালোবাসা' শব্দটির গায়ে
কিছু রক্তমাংস লেগে থাকে
যেখানে নদীর শব্দ, পাখ-পাখলির কলতান,
সেই কোন শৈশবের দূর গাঁয়ে সাঝবেলা
দুটি জলতপ্ত চোখ মিটিমিটি নক্ষত্রের পারা নীলান্তের নীলে
একটি পথ রোদে পোড়া বৃষ্টিধোয়া
পড়ে আছে তেপান্তর পেরিয়ে, অদূরে
নামগোত্রহীন আনমনে ফেলে-যাওয়া আলতো স্পর্শ
সহসাই জ্বলে ওঠে ত্বকের গভীরে,
তবে ঝরে পড়া পাতা চেনে কি বৃক্ষকে, হয়তো শাখা মনে রাখে!
('যদিওবা'/ পৃ. ৮১)
কবিতা-রাজ্যে এর স্বাধীন বিচরণ হতেই পারে। তাতে যে কেউ নিজের মতো করে ওই তেপান্তর পেরুনো পথ আপন চেতনার গভীরে এঁকে নিয়ে তৃপ্তি পেলে অবাক হবার কিছু নেই। বরং সেইটিই স্বাভাবিক। কিন্তু এখানে কটা ইঙ্গিত আছে যা এই গাথাকাব্যের দিকনির্দেশ করে। প্রথম, 'ভালোবাসা' শব্দটি, তারপর, 'বৃষ্টিধোয়া পথ', আর, 'ত্বকের গভীরে আলতো স্পর্শ'। এখানেও 'ডিগ্রিজ অফ ফ্রিডম' অনেক। কিন্তু, সটান চলে আসি 'কাহিনির প্রস্থানে' কবিতায়, যেখানে পাই নদ্যার চাঁদকে, পাই, আবার 'ভালোবাসা', আর সবশেষে
ওই দেখো, ঘরে ও উঠোনে আঙিনায়
জনে-জনে, মানুষের ভিড় ঠেলে, জমে ওঠে
পালা, ঘোরে অন্য এক জনমের অধিকার নিয়ে,
রক্তে ধোয়া, ফোটে ফুল, মৃত্যুর নেশায় বুঁদ, অরণ্যে মহুয়া!
('কাহিনির প্রস্থান'/ পৃ. ৮২)
আমরা গন্তব্যে পৌঁছুই। সেটিও কিন্তু নির্বিশেষ : কাল থেকে কালান্তরে। এটা বুঝি 'ছোটে, ছুটছে'-তে এসে :
ভোরের কুয়াশা-আলো ভেঙে
ওরা ছুটছে ছুটছে
কলে কিংবা ফ্যাক্টরিতে,
কে-বা জানে
কে যেন পিছন থেকে
ফিসফিসে স্বরে, ডাকে
আচানক, তুই না মহুয়া,
হতবাক, পিছে ফিরে চায়, এপাশ-ওপাশ
ঘাম মোছে আলতো হাতে
হাতড়ায় কুয়াশায়
শূন্য হাতে;
খুলে যায় যমের দুয়ার। অলক্ষ্যেই।
('ছোটে, ছুটছে'/ পৃ.৮৭)
তুলনায় দীর্ঘ কবিতা 'যদি বাঁচতে চাও'। তবে কবির অভীপ্সা এখানে তুলনায় স্পষ্ট। সেই অনুপাতে অবশ্য এর গভীরতা, বা দূরান্বয়ী ব্যঞ্জনায় বহুমাত্রিকতা কম। তবু এখান থেকে ছেঁড়া-ছেঁড়া কিছু পড়ি। আমাদের পায়ের তলায় মাটির নিশ্চিত জায়গাটা খুঁজে পাই :
পালাও, পালাও, অতি দ্রুত
ময়মনসিংহ গীতিকার
পথ ধরে, এখনই বেরিয়ে পড়ো,
যদি বাঁচতে চাও, শ্বাস নিতে
ধেয়ে আসে বিগত শতাব্দী
লালাসিক্ত বধির হুংকার
লোভ-লালসার রক্ত-ফাঁদ
কিমাকার অস্থির সময়
[…]
দুটি হৃদয়ের মুক্তিসনদ যেন-বা
জন-মানুষের কবিতায়
গল্প-কথা, তালে-লয়ে, সমৃদ্ধ সংগীত
মেঘ-আকাশের, বজ্র-বিদ্যুতের
[…]
জয় হবে মানুষের জয়
ভাস্বর স্বদেশ, জলে-স্থলে
এমন কি রাত্রিও স্বরাট
[…]
জয় নদ্যা-মহুয়ার জয়
যাও পাখি উড়ে যাও নীলিমায়
চিন্ময় সত্তায়, প্রাণে-প্রাণে,
যারে অমৃতের ভোজে অনন্তের
[…]
অকালেই মৃত পড়ে আছে, দুজনেই, হাতে-হাত রেখে
উষ্ণ রক্ত টুপটাপ ঝরে পড়ে ছেঁড়াখোঁড়া শাড়ি বেয়ে,
তোমরা ও হৃদয়, অঙ্গীকার সাক্ষী, কালের নিনাদ!
('যদি বাঁচতে চাও'/ পৃ. ৯৫-৯৮)
এই রকম, এত দীর্ঘ নয়, কবিতা আরো ক'টি আছে, মূল্যবান, যদিও প্রগলভ। সেগুলো নিয়ে আর কিছু বলছি না। তবে প্রতিভার স্বাক্ষর সে সবেও আছে। চলে আসি সমাপ্তিকথনে–
তুমি-আমি, অভিশাপ বয়ে-বয়ে ফিরি,
লখিন্দর ও বেহুলা, নদ্যা ও মহুয়া, একই কথা,
কিংবদন্তি রূপকথা উপকাহিনির,
এক যুগে এক খানে সাপ অন্য যুগে অন্যখানে ছুরি
যুগান্তরে একখানে বিষ যুগে-যুগে অন্যখানে রক্ত
অভিশাপ তবু মুক্ত হয় না কখনো, বা হবে না
প্রায়শ্চিত্ত, এই ভালোবাসা, ভেবে নিই তুমি-আমি
নয়, তাও নয়, তাও নয়, অসম্ভব, অনাহূত,
প্রায়শ্চিত করে যাবে বিপুল সমূহ সর্বনাশ
জগৎ সংসার, তবে না না মুক্তি নেই, কথা বলা মানা…
('অভিসার অভিষেক'/ পৃ. ১৫১)
প্রতীকের খোলস ভেঙে আমরা বুঝি প্রত্যক্ষের মুখোমুখি হই। ঘোর লেগে থাকে। না, ঘোর নয়, অমৃতের স্বাদ, কবিতা যা দিতে পারে। এবং যতটুকু। নির্দ্বিধায় বলি, মোহাম্মদ রফিক এই সময়ে বাংলা ভাষার সবচেয়ে সচেতন, অন্যতম সেরা কবিত্বপ্রতিভা। তারই সবটুকু আলো ফুটে উঠেছে এই গাথাকাব্য দুটোয়। খুঁটিনাটি প্রথা-মাফিক মূল্যায়নের বিদ্যা আমার জানা নেই। আমি একজন দেহাতি মানুষ, তাঁর এই অসামান্য সৃষ্টি-কলায় অভিভূত; আমার প্রাণ জাগে। সব মানুষ সাড়া দেবে, এই আশায় থাকি।
সবশেষে অন্য একটা কথা বলি। লোককথা, লোকগীতি, পুরাণ― সব ভাষাতেই সাহিত্যের গৌরবময় ঐতিহ্য। স্প্যানিশ ভাষায় লোরকায়, বা রুশভাষায় ইয়েসেনিন্-এ তার প্রভাবে সৃষ্টি যে কত সমৃদ্ধ হয়েছে, তা আমরা জানি। ল্যাটিন আমেরিকায় কবিতা ও উপন্যাস দুটোতেই এর ভূমিকা কত প্রবল, তা রফিক নিজেই জানিয়েছেন তাঁর বই আত্মরক্ষার প্রতিবেদন-এ। আমার বিবেচনায় একটি উল্লেখযোগ্য বই। আরো জানিয়েছেন মার্কেজ তাঁর আত্মকথা, Living To Tell The Tale-এ। বাংলার বেলাতেও এ কথা একইভাবে প্রযোজ্য। কিন্তু দুটো বিষয় মনে রাখা, বোধহয়, একইসঙ্গে জরুরি। প্রথমটা, লোকজ ঐতিহ্যকে বর্তমানের প্রেক্ষাপটে সৃষ্টিশীলভাবে প্রয়োগ করা, যার সার্থক নিদর্শন রফিক এখানে রেখেছেন। এটা যেন কারো ক্ষমতায়-দীনতার আড়াল না হয়, সাহিত্য যেন গ্রাম্যতার বিজ্ঞাপন হয়ে না ওঠে, যেমন ওঠে আমাদের অধিকাংশ মেধালুপ্ত সাহিত্য ব্যাপারীর বেলায়। দ্বিতীয় বিষয়টি হলো, বর্তমানের বাস্তবতাকে সৃষ্টিশীল চেতনায় অনুধাবন করা। তার জন্যেই প্রয়োজনে লোকসংস্কৃতির দ্বারস্থ হওয়া, উল্টোটা অবশ্যই নয়। তা অনিবার্যত উল্টোগাধায় চেপে সামনে চলার চেষ্টার শামিল। বাস্তব পশ্চাৎমুখী থাকলে তাতে আখের গোছানো চলে ভালোই। আরো একটা বিষয়, বোধহয়, খেয়াল করা দরকার। বাংলার লোকজ ঐতিহ্য সমৃদ্ধ অবশ্যই। কিন্তু তাতে বৈচিত্র্যের অভাব। তার জালে একবার ঢুকে পড়লে অসার পুনরাবৃত্তির আশঙ্কাটাও মনে রাখা জরুরি।
কথাগুলোর কোনোটিই মোহাম্মদ রফিকের গাথাকাব্য দুটোর বেলায় খাটে না। তারা উৎকৃষ্ট সৃষ্টিকর্ম। যে কোন ভাষাতেই এই মানের কাব্য-রচনা গৌরবের।
