২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাহস আর অহংকারের কবি হুমায়ুন আজাদ

ফরিদআহমদদুলাল

Published : 12 Aug 2016, 12:31 PM

Updated : 02 Sep 2022, 08:35 PM

Image
humayun_azad

কবিতা যখন ঘুমভাঙানিয়া গান শোনায়, তারুণ্যকে উদ্দীপ্ত করে, অহংকারের বাতিঘরের সাথে পরিচয় করিয়ে দেয়; কবিতা যখন সাহসী হবার প্রেরণা যোগায়; কবিতা যখন সমাজমনষ্ক করে তোলে, সত্য উচ্চারণের স্পর্ধা এনে দেয় নতুন প্রজন্মের অন্তরে; কবিতা যখন আত্মপরিচয়ের ঠিকানা বলে দেয়; পাঠক সে কবিতার কাছে বারবার ফিরে ফিরে আসে। বাংলাসাহিত্যে তেমন কবির সংখ্যা খুব বেশি নয় বরং দুর্লভ; প্রথাবিরোধী লেখক হিসেবে পরিচিত হুমায়ুন আজাদ সেই দুর্লভদের অন্যতম। ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদের সাহিত্যকর্মে আমরা পেয়েছি উপন্যাস, প্রবন্ধ, কবিতা ও প্রবচনগুচ্ছ। হুমায়ুন আজাদের কবিতায় তিনি নানান প্রবচন ব্যবহারের মাধ্যমে কবিতায় বাণীস্বত্ব সংযোজনের প্রয়াশ পেয়েছেন সব সময় যে কারণে তার কবিতা সমাজ ও জাতির সংকটকালে উচ্চারিত হয়েছে মানুষের মুখে মুখে। স্খলিত সময়ের প্রেক্ষাপটে মানুষ যেমন উচ্চারণ করেছে জীবনানন্দ দাশের 'অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ', পাশাপাশি উচ্চারণ করেছে, 'সব কিছু নষ্টদের অধিকারে যাবে'। হুমায়ুন আজাদ তাঁর জীবদ্দশায় 'অলৌকিক ইস্টিমার'(১৯৭৩), 'জ্বলো চিতাবাঘ'(১৯৮০), 'সব কিছু নষ্টদের অধিকারে যাবে'(১৯৮৫), 'যতোই গভীরে যাই মধু যতোই ওপরে যাই নীল'(১৯৮৭), 'আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে'(১৯৯০), 'কাফনে মোড়া অশ্রুবিন্দু'(১৯৯৮) এবং 'পেরোনোর কিছু নেই'(২০০৪) সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও 'হুমায়ুন আজাদের শ্রেষ্ঠ কবিতা'(১৯৯৩) ও 'কাব্যসংগ্রহ'(১৯৯৮); ৯টি কাব্যগ্রন্থ প্রকাশ করে গেছেন যা তাঁর সমসাময়িক অন্য অনেক কবির চেয়ে সংখ্যায় নগন্য বলা যায়; কিন্তু এই অল্প সংখ্যক কবিতা দিয়েই তিনি নিজস্ব একটি কাব্যভুবন তৈরি করে যেতে সমর্থ হয়েছেন। বিশেষ করে অনুসন্ধিৎসু তারুণ্যের কাছে হুমায়ুন আজাদ হয়ে উঠেছেন একজন ব্যতিক্রমী কবি। এ ছাড়াও হুমায়ুন আজাদের সৃষ্টিসম্ভারে আছে আলোচিত-বিতর্কিত বেশ কিছু প্রবন্ধগ্রন্থ এবং উপন্যাস। হুমায়ুন আজাদ অনুবাদ করেছেন জন কীট্স, ম্যাথিউ আরনল্ড, ডব্লিউ বি ইয়েটস, ই ই কামিংস, হাইনরিশ হাইনে প্রমুখ কবির কবিতা। ২০০৪-এর ১২ আগস্ট জার্মানির মিউনিখের ফ্ল্যাটে নিজ কক্ষে রহস্যজনকভাবে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়, সে সময় তিনি হাইনরিশ হাইনের উপর গবেষণাবৃত্তি নিয়ে সেখানে অবস্থান করছিলেন। একই বছর ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলা একাডেমির বইমেলা থেকে ফেরার পথে আততায়ীর হাতে গুরুতর আহত হন এবং বেশ ক'দিন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে কাটিয়ে জীবনের দিকে ফিরে আসেন। আমাদের আজকের আলোচনা হুমায়ুন আজাদের প্রকাশিত ৭টি কাব্যগ্রন্থের কবিতা নিয়ে।

কবি হুমায়ুন আজাদের প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার' প্রকাশিত হয় ১৯৭৩-এ। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের আগেই কবি হিসেবে তাঁর পাঠকের কাছে নিজের স্বাতন্ত্র্যের স্বাক্ষর রেখেছিলেন তিনি। এ কাব্যগ্রন্থের বেশকিছু কবিতাই আলোচিত হবার দাবী রাখে; কিন্ত সঙ্গত কারণেই এখানে সামান্য ক'টিকে আলোচনায় এনে অলৌকিক ইস্টিমারের চারিত্র্য আবিষ্কারের চেষ্টা করা হবে। হুমায়ুন আজাদ তাঁর সময় ও পরিপার্শ্বের অনাকাঙ্ক্ষিত বাস্তবতাকে তুলে ধরতে সচেষ্ট ছিলেন তাঁর কবিতায়। অনাগত শিশুটি কী দুঃসহ বাস্তবতার মুখোমুখি পড়বে সে কথা উচ্চারিত হতে দেখি নিচের কবিতাটিতে–
'প্রতিটি অঙ্গের দ্রোহ তার দেহ সারাক্ষণ করবে মথিত
সে ভয় পাবে
হাতছানি
কালো চোখ
উড়ন্ত কুন্তল
তাকে ভীত ক'রে যাবে অভিসারী প্রতিটি বিকেল
দৃশ্য তাকে করবে অন্ধ
সুর তাকে করবে বধির

যে-দোলনায় দুলবে তুমি
তার রশি কেটে দিচ্ছে রাশরাশ পোকা
বেলুনে বোঝাই গ্যাস :
ওগো মোর স্নিগ্ধ দিব্য আসন্ন সন্তান।
চশমার কাচ ঠেলে কোনো আলো ঢুকবে না চোখে
সূর্য হবে একরাশ শক্ত অন্ধকার
সে অন্ধকারে শুয়ে শুয়ে ছিঁড়বে নিজের মূল
হত্যাকারী ভাবনা তার ছুটবে চারদিকে
চড় হয়ে
বল্লম হয়ে
বন্দুক হয়ে
বোমা হয়ে
সে নিজেই অন্যতম লক্ষ্য হবে তার
তুমি কি আসবে ওগো ¯িœগ্ধ দিব্য প্রসন্ন সন্তান
পতনকে লক্ষ্য ক'রে
মায়ের সুখদ পেট ছেড়ে
এই ক্লিষ্ট হিংস্র পরবাসে ?'
(আমার সন্তান ॥ অলৌকিক ইস্টিমার)

সময়ের অনিশ্চিত পরিবেশের কথা ভেবে তিনি নির্মাণ করেছেন তার 'আমার কন্যার জন্য প্রার্থনা' কবিতাটি। পাশাপাশি এ কবিতায় একজন নারীর সংকট উন্মোচনের প্রয়াশ লক্ষ করা যায়। নারীর প্রতিটি দুঃস্বপ্নকে যেন নিবিড় পাঠ করেছেন হুমায়ুন আজাদ। নারীকে সবিস্তার পাঠের প্রমাণ মেলে তাঁর 'নারী' নামের অসাধারণ গ্রন্থটিতে। সদ্য ঋতুবতী একজন বালিকার নানাবিধ সমস্যার কথা দক্ষতার সাথে উপস্থাপন করেছেন তিনি এ কবিতায়। প্রায় দীর্ঘ কবিতাটিতে তাঁর উপস্থাপনশৈলীর মুন্সিয়ানার পাশাপাশি শব্দ বাছাইয়ের পারঙ্গমতাকে সম্ভ্রম জানাতে হয়। কবিতা থেকে সামান্য ক'টি চরণ উদ্ধৃত করছি–
'শিকড় বাড়ছে নিচে, জল চাই তার
মালির পরিমিত জলে গাছ বাঁচে কখনো আবার।
আগামী বৈশাখে
ষোলটি বসন্ত এসে দিকে দিকে ভ'রে দেবে তাকে
সে একা দোকানে যাবে কিনে আনবে লিপস্টিক রুজ
মসৃণ দোপাট্টা ক্লিপ শ্যাম্পু জলপাই তেল
তিন বছর ধ'রে তার কিনকে হয় মসৃণ টাওয়েল
দোকানে দোকানে ঘুরে চোখ থেকে লুকিয়ে সবার
কিনে নেবে মাপমতো একখানি স্নিগ্ধ ব্রেসিয়ার।
……………………………..

আমার কন্যার ঘর ভেঙে যাবে প্রাত্যহিক সামান্য বাতাসে।
তবুও সে কাঁদবে না কেন না সে কাঁদতে শেখে নি,
হে আমার বন্ধ্যা কন্যা, অন্য কোনো হাত
তোমাকে কি তুলে নেবে মধ্যরাতে ভাসমান উৎসব-স্রোত থেকে?
শেখাবে কান্নার অর্থ? বোঝাবে গভীর স্বরে
রোদনের চেয়ে সুখ নেই লবণাক্ত সবুজ মাটিতে?
বলবে মোমের আলো সর্বাত্মক গাঢ় অর্থময়
দ্বৈতশয্যা র'চে যাচ্ছে দুই হাতে সৌর সময়।'
(আমার কন্যার জন্য প্রার্থনা ॥ অলৌকিক ইস্টিমার)
আগেই বলা হয়েছে হুমায়ুন আজাদের প্রথা-বিরোধিতার কথা। যে প্রথা অন্য পাঁচজন প্রাগ্রসর সৃষ্টিশীল মানুষের সাথে সাযুজ্যপূর্ণ নয়; যে প্রথা মানুষকে নিশান্ত আশ্রয়ের সন্ধান দিতে পারে না সেই প্রথাকে প্রত্যাখ্যান করেন তিনি; তাহলে কি কবির প্রথাবিরোধিতা উল্টো স্রোতে চলা ? না, তা নয় তাঁর প্রথাবিরোধিতা বরং আত্মপোলব্ধির দিগন্ত উন্মোচন। কবির সেই স্বাতন্ত্র্য পাঠ করতে আমরা তাঁর 'রাত্রি' কবিতার ক'টি পংক্তি পড়ে নিতে পারিÑ
'আসে রাত্রি জল্লাদের মতো, আমি ভয় পাই
যেমন ভয় পায় দণ্ডিত লোকেরা।
রাত্রি এলেই ঘুমোতে হয় শরীর রাখতে হয় খাটে
চোখ বন্ধ করতে হয়
রাত্রি এলে চিরকাল প্রাসাদ বস্তি সব ঘুমোতে যায়
ঘুমোতে হবে ভাবতেই আমি ভয় পাই
আমার সমস্ত নিদ্রা গোপনে হরণ ক'রে আজ
একজন নিবিড় ঘুমোচ্ছে বগুড়ায়।'
(রাত্রি ॥ অলৌকিক ইস্টিমার)
হুমায়ুন আজাদের কবিতা পড়তে পড়তে কখনো মনে হয়, কবি কি অতৃপ্ত প্রেমিক ছিলেন? নারীসঙ্গ কি তাকে পরিতৃপ্ত করেনি কখনো? অথবা তার প্রিয় নারী পরকীয়া প্রেমে বিভ্রান্ত ছিলেন; আবার এমনও হতে পারে প্রণয়েও দ্বন্দ্ব খুঁজেছেন তিনি; অবিশ্বস্ত সময়ে যখন সব যায় শুভপ্রবণতার বিপক্ষে, তখন প্রেম নয় কেন; প্রেমিক যখন অবিশ্বস্ত, প্রতিটি প্রেয়সীর বুকে যখন গোপন দীর্ঘশ্বাস, তখন তিনি সুচারুরূপে প্রেমিকের অন্তরও দীর্ঘশ্বাসে বিদ্ধ করেন। 'ছাদ আরোহীর কাসিদা' কবিতায় উঁচু ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার যে সম্ভাবনার কথা তিনি উচ্চারণ করেন, সেই সম্ভাবনাকেই যেনো আরও বেশি নিশ্চিত করেছেন তিনি বেশ ক'টি কবিতায় একই কথা বলে। যেমন তিনি 'যদি তুমি আসো' শিরোনামের কবিতায় লিখেন, 'এ শহরে প্রতিদিন ছাদের উপর থেকে/ কেউ কেউ লাফ দিয়ে আত্মহত্যা করে' আবার 'আত্মহত্যার অস্ত্রাবলি' শিরোনামেও তিনি কবিতা লিখেন, যে কবিতায় আত্মহত্যার বিভিন্ন পন্থা উল্লেখ করেন তিনি; তার মধ্যেও ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার পদ্ধতির কথা বলেছেন, 'তাজা বৈদ্যুতিক তার ছুঁয়ে' আত্মহত্যার কথা বলেছেন। 'তাজা বৈদ্যুতিক তার ছুঁয়ে' আত্মহত্যার কথাও তিনি একাধিক কবিতায় উচ্চারণ করেছেন। আবার প্রেমের কবিতায় সাবলীলভাবে জুড়ে দিয়েছেন আন্তর্জাতিক অনুষঙ্গ। 'যদি তুমি আসো' কবিতায় তিনি লিখেন-'প্রতিটি ল্যাম্পপোস্ট ক্রুবাদুর হয়ে গান গায়' এখানে 'ক্রুবাদুর' শব্দটির সাথে বাংলাদেশের পাঠক সেভাবে পরিচিত নন। যদি তিনি লিখতেন 'বাউল' বা অন্যকিছু তাহলে 'ল্যাম্পপোস্টের' পাশে ততটা যুৎসই হতো না। পাঠককে এখানে জেনে নিতে হয় 'ক্রুবাদুর'কে। পাশ্চাত্যের লোকশিল্পীর কথা কবিতার পংক্তিতে জুড়ে দেয়ার সামর্থ, তা কিন্তু সবার থাকে না। আবার অন্যত্র 'আমার ছাত্র ও তার প্রেমিকার জন্য এলিজি' কবিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির অনুষঙ্গটি কী চমৎকার শিল্পিত উপস্থাপনায় নিয়ে আসেন পাঠকের সামনে।
'জ্বলো চিতাবাঘ' হুমায়ুন আজাদের দ্বিতীয় কাব্যগ্রন্থ, যা ১৯৮০-ও মার্চে প্রকাশিত। এ কাব্যে এসে তাঁর কবিতায় স্পষ্ট বাঁক লক্ষ করেন পাঠক। কবির শেষ গন্তব্যের সন্ধান যেন এ কাব্যেই পাওয়া যায়। প্রথা বিরোধিতা কবির প্রেম নিবেদনেও আবিষ্কার করা যায়। অন্য অনেকের কবিতায় যেমন প্রেমিক তার প্রেয়সীকে প্রেম নিবেদন করতে গিয়ে পংক্তির পর পংক্তি স্তুতির নৈবেদ্য সাজায়, হুমায়ুন আজাদ-এর উপস্থাপনাশৈলী কিছুটা ভিন্ন মাত্রার। অপেক্ষার আলোয়ান মেলে দিয়ে হুমায়ুন আজাদ তাঁর 'তুমি তো যাচ্ছো চলে' কবিতায় লিখেন, 'তুমি তো যাচ্ছো চ'লে আমাকে কিছু দাও।/দাও বিষ করি পান, রক্ত ক'রে রেখে দিই রক্তনালিতে;/প্রত্যহ বইবো দেহে সে-দুর্লভ উপহার-স্মৃতি।/তুমি তো যাচ্ছো চ'লে আমাকে কিছু দাও।/বিষাক্ত ছোবল দাও উদ্বেলিত হৃৎপিণ্ডে;/স্মরণে সজীব ক'রে রেখে দিই অপ্রাপণীয় চুম্বনের দাগ।' তাঁর চতুর্থ কাব্যগ্রন্থ 'যতোই গভীরে যাই মধু যতোই ওপরে যাই নীল'-এর 'তোমার দিকে আসছি' অথবা 'চন্দ্রাযাত্রীর প্রতি' কবিতাটির কথাও স্মরণ করা যেতে পারে। হুমায়ুন আজাদের প্রেমিক হৃদয়ের সন্ধান করতে আমরা এখানে তাঁর একটি কবিতার কয়েকটি পংক্তি উদ্ধৃত করছিÑ
'পশ্চিমে গেলে দেখবে তোমার অতুলনীয় স্বাস্থ্য
খেতে ছুটে আসে
একটি বিশাল ডোরাকাটা বাঘ– অপরূপ সূর্যাস্ত।

উত্তরে খুঁড়ে গভীর কবর জেগে আছি মিটমিট
মাটির তলায়
সুস্বাদু ওই মাংসের লোভে শবাহারী কালো কীট।
দক্ষিণে গেলে দেখবে দুলছে একটি ব্যাপক সিন্ধু–
আমার অন্ধ চোখ-থেকে-ঝরা একফোঁটা জলবিন্দু!'
(প্রেম ॥ জ্বলো চিতাবাঘ)
হুমায়ুন আজাদের বিরোধিতার জবাবও দিয়েছেন তিনি কবিতায় এবং তিনি যে তাঁর লক্ষ্যে স্থির সেটিও বুঝিয়ে দিয়েছেন। এখানে আমরা তাঁর একটি ছোট্ট কবিতা পড়বো–
'হুমায়ুন আজাদ, হতাশ ব্যর্থ শ্রান্ত অন্ধকারমুখি;
উৎফুল্ল হয় না কিছুতে– প্রেমে, পুষ্পে, সঙ্গমেও সুখী
হয় না কখনো; আপন রক্তের গন্ধে অসুস্থ, তন্দ্রায়
ধ্বংসের চলচ্চিত্র দেখে, ঘ্রাণ শুঁকে সময় কাটায়;
ওকে বাদ দেয়া হোক, নষ্ট বদমাশ হতাশাসংবাদী।'
এ-আঁধারে উন্মাদ ও অন্ধরাই শুধু আশাবাদী।
(উন্মাদ ও অন্ধরা ॥ জ্বলো চিতাবাঘ)
হুমায়ুন আজাদের সবচেয়ে আলোচিত কাব্য তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ 'সব কিছু নষ্টদের অধিকারে যাবে'। ১৯৮৫ তে প্রকাশিত এ কাব্যের নাম কবিতায়ই পাঠক পেয়ে যান স্বতন্ত্র স্বাদ। এ কাব্যের 'না, তোমাকে মনে পড়ে নি' এবং 'কবির লাশ' কবিতা দু'টির সুরও অভিন্ন। আমরা এখানে নাম কবিতার কিছু পংক্তি উপস্থাপন করছি–
'আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ পরিষদ; চ'লে যাবে অত্যন্ত উল্লাসে
চ'লে যাবে এই সমাজ সভ্যতা– সমস্ত দলিল–
নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র
আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চ'লে গেছে নষ্টদের
অধিকারে। চ'লে যাবে শহর বন্দর গ্রাম ধানখেত
কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক
মন্দির মসজিদ গির্জা সিনেগগ নির্জন প্যাগোডা।
অস্ত্র আর গণতন্ত্র চ'লে গেছে, জনতাও যাবে;
চাষার সমস্ত স্বপ্ন আঁস্তাকুড়ে ছুঁড়ে একদিন
সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে যাবে।
………………………

কিশোরীরা চ'লে যাবে, আমাদের তীব্র প্রেমিকারা
ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা ক'রে চ'লে যাবে, নষ্টদের
উপপত্নী হবে। এই সব গ্রন্থ শ্লোক মুদ্রাযন্ত্র
শিশির বেহালা ধান রাজনীতি দোয়েলের ঠোঁট
গদ্যপদ্য আমার সমস্ত ছাত্রী মার্ক্স-লেনিন,
আর বাঙলার বনের মতো আমার শ্যামল কন্যা–
রাহুগ্রস্ত সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক–
আমি জানি তার সব নষ্টদের অধিকারে যাবে।
(সব কিছু নষ্টদের অধিকারে যাবে ॥ সব কিছু নষ্টদের অধিকারে যাবে)
হুমায়ুন আজাদ কবি-ভাষাবিজ্ঞানী-গবেষক; হুমায়ুন আজাদ সাধারণের চেয়ে ভিন্নতর দৃষ্টিতে সব কিছু দেখতে অভ্যস্ত; সঙ্গত কারণেই পাঠক হিসেবে আমরা তাঁর রচনায় খুঁজে পেতে চেয়েছি স্বতন্ত্র অনুষঙ্গের সমাবেশ। কবি আমাদের বঞ্চিত করেন নি। আমরা তাঁর 'বাঙলা ভাষা' কবিতাটি পড়ে দেখতে পারি। এ কাব্যে এসে তাঁর প্রেমাকুতির রূপও যেন বদলে গেছে, পাঠকের কাছে যা প্রতিভাত হবে অনিন্দ্য সৌন্দর্য নিয়ে; বিশেষত তরুণ পাঠকেরা, যারা সব কিছু অগ্রাহ্য করার স্পর্ধা দেখাতে চান, তাঁরা হুমায়ুন আজাদ পড়ে আন্দোলিত হবেন; আকৃষ্ট হবেন নতুন ভাষাশৈলীর প্রেমাকুতিকলায়। এ কাব্যের 'আমাকে ভালোবাসার পর' এবং 'তোমার পায়ের নিচে' কবিতা দু'টি পড়লেই আমরা এ কথার যথার্থতা জেনে যাবো। এ কাব্যে তিনি রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে দুটি কবিতা লিখেছেন 'অনুপ্রাণিত কবি আর প্রেমিকের মতো' এবং 'তোমার ফটোগ্রাফ' শিরোনামে। নিজেকে রবীন্দ্রনাথের সাথে যুক্ত করার দুঃস্বপ্ন নিয়ে লেখা কবিতায় সমাজের বাস্তব চিত্রটি ফুটিয়ে তুলেছেন। ২০০৪ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে তিনি যেভাবে আক্রান্ত হয়েছিলেন দুর্বৃত্ত-সন্ত্রাসীদের হাতে সে ছবিটিই যেন তিনি বহুবছর আগে রূপায়িত করেছেন তাঁর কবিতায়। হুমায়ুন আজাদ তাঁর 'আমার অবিশ্বাস' গ্রন্থে নজরুলকে যেভাবে উপস্থাপন করেছেন এ কবিতায় যেন ভিন্ন আঙ্গিক-ভিন্নতর উপস্থাপনশৈলীতে চিত্রিত করেছেন বিশেষ মমতায়। সময়ের চালচিত্র যেন বর্ণনা করেছেন নজরুলের বিভিন্ন আলোকচিত্রের কথা বলে। আমরা এখানে তাঁর 'কবির লাশ' কবিতাটি উপস্থাপন করছি–
উদ্যত তোমার দিকে একনায়কের পিস্তল-বেয়নেট-ছোরা।
স্বপ্নসৌন্দর্যের চেয়ে বহু দামি দেশলাই, ক্লিপ, চটিজোড়া,
অন্তর্বাস। তুমিই চিহ্নিত শত্রু;- তাই দানবিক ট্রাক
গাল ভরে রক্ত চায়। শহরের পথেপ্রান্তে হিস্র দশলাখ
বৈদ্যুতিক তার ঝুলে পড়ে তীব্র তেজে! দীর্ঘ বিক্ষুব্ধ মিছিল
চন্ডস্বরে গর্জে ওঠে, 'আমরা চাই ছন্দোবদ্ধ, যতি আর মিল
দেয়া কড়া পদ্য, কবিতার দরকার নাই।' মাংসল যুবতী
দশটা গুন্ডার সাথে ঘুম যায়, তবু কী বিস্ময়কর সতী!
তার কৌমার্য ক্ষুন্ন হয় কবিতায়। সমাজের কালো কুকুরেরা
চিৎকারে সন্ত্রস্ত করে স্বপ্নলোক, আতঙ্কিত পদ্ম-জ্যোৎস্না-ঘেরা
পশু ও মানুষ। অন্ধ রাজধানি ভ'রে রটে প্রচ- উল্লাস–
সদর রাস্তায় চাই রক্তমাখা ছিন্নভিন্ন ঘৃণ্যতম লাশ।
(কবির লাশ ॥ সব কিছু নষ্টদের অধিকারে যাবে)
হুমায়ুন আজাদের চতুর্থ কাব্যগ্রন্থ 'যতোই গভীরে যাই মধু যতোই ওপরে যাই নীল'-এর 'গরীবের সৌন্দর্য' এবং 'সামরিক আইন ভাঙার পাঁচ রকম পদ্ধতি' কবিতা দু'টির কথা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমটিতে শ্রমিক মজদুর পরিশ্রমী মানুষের কথা বলতে গিয়ে উচ্চবিত্ত-উচ্চমধ্যবিত্ত এবং অবশ্যই মধ্যবিত্তের দৃষ্টিতে গরীবদের বর্ণনা করেছেন কবি অসাধারণ উপস্থাপনায়; কবিতাটিতে একমাত্র শেষ লাইনটি কবির দৃষ্টিভঙ্গি থেকে বর্ণিত এবং শেষ লাইনে এসে কবি যখন বলছেনÑ 'শুধু যখন তারা রুখে ওঠে কেবল তখনি তাদের সুন্দর দেখায়।' চতুর্থ কাব্যের বেশ ক'টি কবিতা স্বাতন্ত্র্য বিবেচনায় প্রণিধানযোগ্য। আমরা এখানে একটিমাত্র কবিতার কয়েকটি পংক্তি উদ্ধৃত করছি–
আজকাল আমি কোনো প্রতিভাকে ঈর্ষা করি না।
মধুসূদন রবীন্দ্রনাথ এমন কি সাম্প্রতিক ছোটখাটো
শামসুর রাহমানকেও ঈর্ষাযোগ্য ব'লে গণ্য
করি না; বরং করুণাই করি। বড় বেশি ঈর্ষা
করি গরু ও গাধাকে;- মানুষের কোনো পর্বে গরু
ও গাধারা এতো বেশি প্রতিষ্ঠিত, আর এতো বেশি
সম্মানিত হয় নি কখনো। অমর ও জীবিত
গরু ও গাধায় ভ'রে উঠছে বঙ্গদেশ; যশ খ্যাতি
পদ প্রতিপত্তি তাদেরই পদতলে। সিংহ নেই,
হরিণেরা মৃত; এ-সুযোগে বঙ্গদেশ ভ'রে গেছে
শক্তিমান গরু ও গাধায়। এখন রবীন্দ্রনাথ
বিদ্যাসাগর বাঙলায় জন্ম নিলে হয়ে উঠতেন
প্রতিপত্তিশালী গরু আর অতি খ্যাতিমান গাধা।
(গরু ও গাধা ॥ যতোই গভীরে যাই মধু যতোই ওপরে যাই নীল)
হুমায়ুন আজাদের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম কাব্যগ্রন্থ যথাক্রমে 'আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে', 'কাফনে মোড়া অশ্রুবিন্দু' এবং 'পেরোনোর কিছু নেই' এর আলোচনা প্রথম চার কাব্যের আলোচনা থেকে পৃথক কিছু নয়; এই তিন কাব্য থেকেও আমরা উল্লেখযোগ্য সংখ্যক প্রণিধানযোগ্য কবিতার কথা উচ্চারণ করতেই পারি, কিন্তু আলোচনার পরিসর ভেবে তা থেকে বিরত থাকছি; পাশাপাশি এ কথাও পুনর্বার গভীর প্রতীতির সাথে উচ্চারণ করছি, তার কবিতায় অসুন্দরের বিরুদ্ধে যে প্রতিবাদ তিনি করে গেছেন তা যে আমাদের জেগে উঠবার জন্য এবং স্থবির সময় থেকে পরিত্রাণ পাবার জন্য ধন্বন্তরী হয়ে কাজ করবে; সে কথাটি আরও একবার স্মরণ করে ক্ষণজন্মা এই প্রতিভাকে শ্রদ্ধা নিবেদন করে আজকের আলোচনার ইতি টানছি।

Image
Flag Counter