২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শহরে অচেনা মাছ

আবদুস সেলিম আবদুস সেলিম

Published : 09 Jul 2016, 10:45 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

সূচনা


২০০৪ সালে "উইল ইন দ্য ওয়াল্ড" গ্রন্থের প্রণেতা স্টিফেন্ গ্রিনব্লাট্ বলছেন, এ এক বিস্ময়কর ঘটনা– এক অজানা অচেনা তরুণ যাঁর না ছিলো কোনো স্বচ্ছল সম্পদ, না কোনো পারিবারিক প্রতিষ্ঠা এবং সর্বোপরি কোনো বিশ্ববিদ্যালয় সনদ– সেই তরুণ ১৫৮০-এর দশকের সুদূর এক মফস্বল থেকে লন্ডন শহরে এসে খুবই অল্প সময়ের ব্যবধানে শুধু মাত্র তাঁর সময়েরই নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার রূপে নিজেকে উন্মোচিত করতে সক্ষম হয়েছিলেন। সেই শহরের অচেনা মাছ উইলিয়ম শেক্সপিয়র-এর ছেলেবেলা কেমন ছিল এবং তাঁর সাহিত্যকর্মে তা কোনোভাবে প্রতিবিম্বিত হয়েছে কিনা সে বিষয়ে খুব কমই অবহিত আমরা। অনুমান করা হয় তাঁর জন্ম হয়েছিল ১৫৬৪ সালের ২৩ থেকে ২৬ এপ্রিলের কোনো এক দিনে। বিষয়টি এমন শেক্সপিয়-এর দীক্ষিত নামকরণ (baptism)-এর নিবন্ধন হয় ২৬ এপ্রিল ১৫৬৪। কিন্তু গীর্জায় নামকরণ নিবন্ধনের তদানিন্তন রীতিমাফিক শিশুর জন্মের তিন দিন পরে এই কার্যক্রম সম্পন্ন করা হতো। ফলে একাধিক জীবনীকার মনে করেন, যদিও সালটি সঠিক, জন্মের তারিখটি ২৬ নয়, ২৩।

উইলিয়ম-এর মা-বাবা ও ভাই-বোন

উইলিয়ম শেক্সপিয়র-এর বাবা জন শেক্সপিয়র স্ট্র্যাটফোর্ডে এসেছিলেন স্মিটারফিল্ড্ থেকে ১৫৩২ সালে। পেশায় প্রাথমিকভাবে তিনি ছিলেন দস্তানা প্রস্তুতকারক এবং চামড়া প্রস্তুতকর্মী। পরবর্তীতে জন আর্থিক উন্নতি করেন যথেষ্ঠ এবং ১৫৫৬ সালের ভেতর দু'টি বাড়ির মালিক হন। ১৫৬৬ থেকে ১৫৬৮ সালের কোন এক সময় তিনি ম্যারি অর্ডেনকে বিয়ে করেন। এই ম্যারি অর্ডেনের বাবা রবার্ট অর্ডেনের বেশ ধনসম্পত্তি ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে জন এবং ম্যারি দু'জনের কেউই সঠিক বিবেচনায় স্বাক্ষর ছিলেন না। অথচ দু'জনই স্ট্র্যাটফোর্ড আপন আভনের বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকান্ডের সাথে পদমর্যাদার কারণে জড়িত ছিলেন, কথিত আছে রাষ্ট্রীয় নথিপত্রে জন স্বাক্ষর দিতেন তাঁর দস্তানার আর ম্যারি এক দুরন্ত ঘোড়ার ছাপ মেরে। সময়ে, যেমন বলেছি, জন বেশ কিছু পৌর কর্মকান্ডে নির্বাচিত হন, সম্ভবত তাঁর সম্পদের কারণে। এই সব কর্মকান্ডে তিনি পর্যায়ক্রমে মদ আস্বাদক (ale-taster) পৌরসভার কোষাধ্যক্ষ, পৌর কাউনসিলের সদস্য, ম্যাজিসট্রেট এবং মেয়র এর কাজ করেন। কিন্তু মজার ব্যাপার হলো এই পদের জন্য তখন তেমন কোন বেতন দেয়া হতো না। শুধু মাত্র কিছু সুযোগ সুবিধা ছাড়া, যেমন পৌরসভার মেয়র হিসেবে স্ট্র্যাটফোর্ড গ্রামার স্কুলে তাঁর ছেলে মেয়েদের বিনা বেতনে পড়াতে পারতেন। ১৫৭০ সালে জন তদানিন্তন নিয়মানুসারে রানী প্রথম এলিজাবেথ-এর কাছে কুলতাত্ত্বিক অভিজ্ঞান চিহ্ন (coat of arms) প্রার্থনা করে আবেদন পেশ করেন। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে এই আবেদনপত্র আকস্মিকভাবে প্রত্যাহার করে নেন এবং মাত্র আট বছরের ব্যবধানে তাঁর অবর্ণনীয় আর্থিক অবনতি ঘটে। ১৫৯০-এর ভেতর জন প্রায় কপর্দকশূন্য হয়ে পড়েন।
যেমন উল্লেখ করেছি উইলিয়ম শেক্সপিয়র-এর জন্ম ১৫৬৪ সালে যখন জন শেক্সপিয়র স্ট্র্যাটফোর্ডের মেয়র রূপে অধিষ্ঠিত। তাই উইলিয়ম-এর ছেলেবেলা কেটেছে স্বচ্ছন্দ পরিবেশে। উইলিয়মরা ছিলেন আট ভাই-বোন যার মধ্যে দুই বোন মারা যায় শিশু অবস্থায়। উইলিয়ম-এর জন্ম এই দুই বোনের মৃত্যুর পরই অর্থাৎ তিনি জন ও ম্যারির প্রথম সন্তান। উইলিয়ম-এর ছোট অন্য তিন ভাই গিলবার্ট, রিচার্ড এবং এডমান্ড মারা যান যথাক্রমে ছেচল্লিশ, উনচল্লিশ এবং সাতাশ বছর বয়সে। দুই বোন জোয়ান ও অ্যান মারা যান সাতাত্তর এবং সাত বছর বয়সে। ফলে দেখা যাচ্ছে ভাইদের মধ্যে উইলিয়মই তুলনামূলকভাবে দীর্ঘজীবী হয়েছিলেন– উইলিয়ম মারা যান বায়ান্ন বছর বয়সে এবং ভাই বোনদের মধ্যে উইলিয়ম-এর মতো সাহিত্যানুরাগ ও বোধ অন্য কারোর মধ্যেই সঞ্চারিত হয়নি। যেহেতু জন ও ম্যারি শিক্ষিত ছিলেন না, তারা তাঁদের প্রথম পুত্র সন্তানকে তখনকার প্রচল অনুযায়ী লাতিন শিক্ষায় শিক্ষিত করতে কিংস্নিউ স্কুলে সঠিক সময়েই পাঠিয়ে ছিলেন। এই স্কুলেরই স্মৃতিসাক্ষ্য লাভস লেইবারস লস্ট-এর উপহাস্য শিক্ষক হলোফারনেস।

উইলিয়ম মহাবিস্ময়কর প্রতিভার অধিকারী–কিন্তু তিনি যে কোনো অলৌকিকতায় প্রাপ্ত প্রতিভা ছিলেন না তা স্পষ্ট হয় তাঁর ছেলেবেলার ঘটনাবলী পর্যালোচনা করলে। যে পরিবেশে তাঁর বেড়ে ওঠা সেই পরিবেশ নাট্যচর্চার অনুকূলে ছিল নিশ্চিতভাবে যার অমূল্য জলছাপ তার সৃষ্টি-মানসে সেই ছেলেবেলাতেই পড়ে গিয়েছিল।

এলিজাবেথীয় যুগে ভ্রাম্যমান নাট্যদলের প্রচল ছিল। এই দলগুলো পর্যায়ক্রমে গ্রাম-গ্রামান্তরে নাটক করতে যেত। দলগুলোর আর্থিক সংস্থান ও থাকা খাওয়ার ব্যবস্থা করতেন শহর বা গ্রামের পৌরসভা প্রধান বা মেয়র। যুক্তিসঙ্গত কারণেই উইলিয়ম-এর পিতা জন স্ট্র্যাটফোর্ডের এই দায়িত্বে ছিলেন শহরের মেয়র হিসেবে। ১৫৫৯ সালে উইলিয়ম-এর বয়স যখন মাত্র পাঁচ তখন এমন দু'টি দল স্ট্র্যাটফোর্ডে এসেছিল যার স্মৃতি তাঁর মনে দাগ কেটেছে। শুধু এ দু'টিই নয় এমন অনেক দলেরই নাটক দেখা ও নাট্যজনদের সংস্পর্শে আসার সুযোগ হয়েছিল এই মেয়র-পুত্রের, পরে হ্যামলেট নাটকে এমন ভ্রাম্যমান নাটকের দলের বাস্তব বর্ণনা সম্ভবত এই অভিজ্ঞতা থেকেই এসেছে। তখন অলৌকিক ঘটনাভিত্তিক নাটকের যুগের অবসান ঘটেছে ইংলন্ডে। সময়টি মূলত নীতিনাট্যের যুগ। বালক উইলিয়ম-এর মনে এসবের প্রভাব যে পড়েছিল তার প্রমাণ রিচার্ড দ্য থার্ড, হ্যামলেট বা ম্যাকবেথ নাটকে রাজকীয় অনাচারের পরিণতি ও ন্যায় অন্যায়ের দ্বন্দ্বের ঘটনাচক্র। কিন্তু অবশ্যই লক্ষনীয় উইলিয়ম শেক্সপিয়র-এর ন্যায়-অন্যায় তত্ব অত্যন্ত পরিণত ও অভূতপূর্ব। স্টিফেন গ্রিনব্লাট বলছেন, শেক্সপিয়র তার ছেলেবেলার শোনা শব্দের অন্তর্গত অর্থ যেভাবে অনুধাবন করতে পেরেছেন এমনটা আর কেউ পারেনি। তাঁর আপন আনন্দলোকে তিনি সম্পূর্ণ অবগাহন করেছেন। প্রসঙ্গত গ্রিনব্লাট উল্লেখ করেছেন উইলিয়ম-এর মায়ের কোলে শোনা নার্সারি রাইম (Pillycock, pillycock, sat on a hill/If he's not gone-he sits there still) -এর সুন্দর ব্যবহারের কথা, কিং লিয়র-এ। এডগার পাগল ভিখেরি টম সেজে যখন পালিয়ে বেড়াচ্ছে হঠাৎ লিয়র-এর সাথে দেখা যে-লিয়র স্বয়ং তখন অপ্রকৃতিস্থ। সেই দৃশ্যে উইলিয়ম ব্যবহার করেছেন তাঁর মায়ের মুখে শোনা নার্সারি রাইম pillycock.

অনেক পরে শেক্সপিয়র যখন লন্ডন শহরে নাটক রচনায় নিয়োজিত ছেলেবেলার এই সব আনন্দঘন স্মৃতি তাঁকে নিঃসন্দেহে আলোড়িত করেছে– উপলব্ধি দিয়েছে নাটকের গভীর চিত্তবিনোদনের সঠিক রূপারেখাটিকে ধরতে। শিল্পকৌশলের উপাদানগুলো তাঁর দেখা নীতিন্যাট্যের (morality play) ফলশ্রুতি। কি করে তার চরিত্রের মনস্তাত্ত্বিক, আদর্শিক, এবং আধ্যাত্মিক উপাদানগুলোকে নাটকীয় করে ঐ চরিত্রগুলোর বাহ্যিক জীবন যাপনে ফুটিয়ে তুলতে হয় তার শিক্ষা তিনি শৈশবের অভিজ্ঞতা থেকেই শিখে ফেলেছিলেন, সেই অভিজ্ঞতারই ফলশ্রুতি প্রিন্স হাল, ফল্স্স্টাফ, অ্যানজেলো, ওথেলো, ডেসডিমোনা, ইয়াগো এবং আরও আরও অনেক।

উইলিয়ম-এর বিয়ে ও স্ত্রীর সাথে সম্পর্ক

উইলিয়ম বিয়ে করেন আঠারো বছর বয়সে, অর্থাৎ ১৫৮২ সালে, অনেকটাই বাধ্য হয়ে। তাঁর স্ত্রী অ্যান হ্যাথাওয়ের বয়স তখন ছাব্বিশ। এই অসমবয়সের পরিণয়ের একটি অন্যতম কারণ অ্যান বিয়ের আগেই উইলিয়ম কর্তৃক অন্তসত্ত্বা হয়েছিলেন। বিয়ের ছ'মাস পরেই অ্যান এক কন্যাসন্তানের জন্ম দেন।

এই বিয়ের ফলে জন উইলিয়মকে কিছুটা হলেও মাসুল দিতে হয়েছে। প্রথমত বিয়েতে চল্লিশ পাউন্ডের এক মুচলেকা দিতে হয়েছে যা সেই সময়ের আর্থিক সমীক্ষায় অত্যন্ত মহার্ঘ অঙ্ক। দ্বিতীয়ত তাঁকে স্ত্রী-কন্যাসহ ১৫৮৩ সালে লন্ডন শহরে পাড়ি জমাতে হয়েছে। বলা হয় তখনকার আইন অনুযায়ী উইলিয়ম আঠারো বছরের তরুণ হিসেবে প্রাপ্তবয়স্কই ছিলেন কিন্তু প্রথাগতভাবে তখনকার পুরুষরা একুশ বছরের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইতেন না। সে সময়ে ক্যাথলিক অলিখিত আচরণ হিসেবে নিয়ম ছিল কুমারি মেয়েকে যে পুরুষ অন্তসত্ত্বা করবে তার সাথেই ঐ কুমারির বিয়ে হবে বা অন্য অর্থে ঐ পুরুষ তাকে বিয়ে করতে বাধ্য।

প্রেমের চূড়ান্ত পরিণতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার তাড়ার বিষয়টি রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের সেই ব্যলকনি দৃশ্যে সুস্পষ্ট যখন জুলিয়েট রোমিওকে বলছে, "তোমার প্রেমের মোক্ষ যদি মহনীয় হয়। আর চূড়ান্ত উদ্দেশ্য পরিণয়" তবে "কালই জানাবে আমাকে। কোন মোহক্ষণে হবে সেই কৃত্য।" সম্ভবত এই নাট্যরচনাকালে উইলিয়ম তাঁর নিজের পরিণয়সূত্রে আবদ্ধ হবার তাড়ার কথাই অবচেতনে অনুভব করেছেন।

প্রায় অপ্রাপ্ত বয়সে প্রাকবৈবাহিক যৌনসম্পর্কে জড়িয়ে অন্যকে বিয়ে করতে বাধ্য হয়ে উইলিয়ম সুখী হয়েছিলেন কিনা জানা যায় না। তবে প্রাকবৈবাহিক যৌনসম্পর্ক বিষয়ে তাঁর নাটক টেমপেস্ট-এ কিছু বক্তব্য দৃষ্টি এড়ায় না। প্রসপেরো তার কন্যা মিরান্ডার প্রতি ফার্ডিনান্ড-এর আসক্তি সমন্ধে অবগত হয়ে ফার্ডিনান্ডকে সতর্ক করে বলছে, তুমি আমার মেয়েকে গ্রহণ করতে পার কিন্তু মনে রেখো তার সাথে তোমার যদি কোন বিবাহপূর্ব যৌন সম্পর্ক হয় তবে তোমাদের বিবাহ-উত্তর যৌন শয্যা হবে কঠিন পীড়াদায়ক। যদিও স্টিফেন গ্রিনব্লাট বলছেন That was precisely the circumstances of the marriage of Will and Anne. আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো সাহিত্যকর্মের চরিত্রের বক্তব্যকে বিচ্ছিন্নভাবে লেখকের উক্তিরূপে বিবেচনা করা সম্ভবত যুক্তিসঙ্গত নয়। তবে একটি বিষয় উল্লেখ করতে চাই। দ্যা টেমপেস্ট নাটকের রচনাকাল ১৬১০-১১, যখন উইলিয়ম-এর দুই কন্যা সুজানা এবং জুডিথ্ যথাক্রমে সাতাশ ও ছাব্বিশ বছরের যুবতী। উইলিয়ম কি প্রাপ্ত বয়স্কা দুই কন্যার প্রাকবৈবাহিক যৌনসম্পর্কের অশনি ফলশ্রুতির কথা ক্ষীণভাবে হলেও ভেবেছিলেন? কারণ শপ্তদশ শতকে জন্মনিরোধ পদ্ধতি অজ্ঞাত ছিল। সে যাই হোক, একথা অবশ্যই সত্য যে ঐতিহাসিকভাবে এলিজাবেথীয় যুগে স্ত্রীদের নিয়ে আতিশয্য করার চল ছিল না। উইলিয়ম শেক্সপিয়র-এর একাধিক নাটকে প্রেম ও পরিণয়ের পাথর্ক্য বিষয়ে উক্তি মেলে।
যেমন, অ্যাজ য়ূ লাইক্ ইট-এ রোজলিন্ড বলছে: Men are April when they woo, December when they wed. অর্থাৎ পুরুষ এপ্রিলের মতো (গ্রীষ্মের মতো) উষ্ণ প্রণয়ভিক্ষাকালে, কিন্তু ডিসেম্বরের মতো (শীতকালের মতো) শীতল বিবাহ-উত্তর পর্বে। প্রায় একই কথা আবার ঐ নাটকেই: Maids are May when they are maids, but the sky changes when they are wives. মাচ আডূ আবাউট নাথিং-এ বিয়াট্রিস-এর স্পষ্ট বাক্যবিন্যাস: "Wooing, wedding, and repenting অর্থাৎ প্রণয়, পরিণয়, পরিতাপ।

তবে যা বলেছিলাম, এসব বক্তব্য যে উইলিয়ম-এরও বক্তব্য তা নিশ্চিত করে বলা যাবে না। তবে সত্য কথা হলো অ্যান-এর সাথে বিয়ে হওয়া এবং বিয়ের পর তাঁর সম্মন্ধে কোনো অনুভূতির কথা তিনি কোথাও প্রকাশ করেননি যদিও দু'জনে ঘর করেছেন দীর্ঘ চৌত্রিশ বছর। উইলিয়ম শেক্সপিয়র আর অ্যান হ্যাথাত্তয়ের নাম একত্রে উল্লেখ পাওয়া যায় শুধু দুটি স্থানে দু'জনের বৈবাহিক অনুমতিপত্রে বা লাইসেন্সে এবং উইলিয়ম-এর চূড়ান্ত ইস্টিপত্রে (will) । ফলে উইলিয়মকে যে জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছিল এই সন্দেহটি থেকেই যায়।

লন্ডনে উইলিয়ম

১৫৮৩ সালে উনিশ বছরের উইলিয়ম লন্ডন শহরে আসেন স্ত্রী অ্যান এবং নবজাতক কন্যা সুজানাকে নিয়ে। ১৫৮০-র দিকে কোনো অজ্ঞাত কারণে তাঁর সাথে তাঁর পরিবারের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। স্মরণ করা যেতে পারে তাঁর পিতা জন শেক্সপিয়র-এর আর্থিক ও সামাজিক অবস্থান তখন পড়ন্ত সূর্যের মত। উপরন্ত উইলিয়ম এবং অ্যান-এর প্রাকবৈবাহিক সম্পর্ক এবং কুমারী অ্যান-এর অন্তসত্তা হওয়া উইলিয়ম-এর ব্যক্তিজীবনকে কলঙ্কিত করে। গুজব আছে একারণেও তাঁকে গ্রাম-ছাড়া হতে হয়। তবে তথ্যানুযায়ী ঠিক এসময়কালেই উইলিয়ম অসৎ সংসর্গে পড়েন। পৈত্রিক সম্পত্তি বন্ধক হওয়া, পড়াশুনার ইতি ঘটা, বেকার অথচ স্ত্রী ও সদ্যজাত কন্যার ভরণপোষণ–এই সব মিলিয়ে উইলিয়ম এক অতলে চলে যান। উইলিয়মকে নিয়ে আরও গুজব ছিল যে সম্পদশালী ও ক্ষমতাধর স্যার টমাস লুসির সাথে কোনো অনধিকার বুনো পশু শিকারের বিবাদে জড়িয়ে পড়েন উইলিয়ম এবং ফলে কর্তৃপক্ষের চাপে তাঁকে স্ট্র্যাটফোর্ড ছাড়তে হয়। অনেকে এও মনে করেন উইলিয়ম-এর মা বাবার মধ্যে ধর্মীয় বিশ্বাস বিষয়ে মতপার্থক্য উইলিয়মকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেয়।

প্রসঙ্গত ঐ বেআইনী পশু শিকার বিষয়ে একটি প্রতীকি ব্যাখ্যা দিয়েছেন স্টিফেন গ্রিনব্লাট এই বলে যে উইলিয়ম সারাজীবনই বেআইনী শিকারে পটু ছিলেন। তিনি তাঁর নাটকের অধিকাংশই বেআইনীভাবে শিকার করে এনেছেন দেশকালের সীমারেখাকে অতিক্রম করে আর সে কাজটি এতই নিখুঁতভাবে করেছেন যে কেউ তাঁকে কোন ক্রমেই দোষী সাব্যস্ত করতে পারেনি।
উনিশ বছরের উইলিয়ম লন্ডন শহরে এক অচেনা মাছের মত অনেকটা সময় ভেসে বেড়িয়েছিলেন। শাস্তির ভয়ে বাড়ি থেকে পালিয়ে ছিলেন উইলিয়ম। কিন্তু কেমন ছিলেন তিনি?

"Will found himself alone in London, without money or friends. He picked up enough to live on by standing at the playhouse door and holding the horses of those that had no servants" – বলছেন স্টিফেন গ্রিনব্লাট। অর্থাৎ তাঁর নিয়তি তাঁকে নিয়ে এসেছিল সেই "playhouse"-এর প্রবেশদ্বারে যেখানে ছিল তাঁর অনিবার্য ভবিষৎ। ডঃ স্যামুয়েল জনসন বলছেন খুব অল্প সময়েই এই নাট্যশালায় উইলিয়ম পরিচিতি হয়ে উঠেন। ঘোড়া রাখার জন্য সবারই প্রিয় হয়ে ওঠেন তিনি। উইলিয়ম শেক্সপিয়রকে পেলে আর কারো কাছে কেউ যেতেন না। চূড়ান্তভাবে জনসনের উক্তি, "This was the first dawn of better fortune."- শহরের সেই অচেনা মাছের ভাগ্যের চাকা ঘুরতে সময় নেয়নি আর।

দ্রষ্টব্য: ১. উদ্ধৃতাংশের বাংলা ভাষান্তর স্বয়ং লেখকের।

২. প্রবন্ধের মূল উৎস Stephen Greenblat রচিত এবং Narton & Company, New York, London (2004) কর্তৃক মুদ্রিত Will in the world গ্রন্থ।

৩.'শহরে অচেনা মাছ' নামকরণটি বিশিষ্ঠ কবি বন্ধু প্রয়াত আবদুল মান্নান সৈয়দ-এর একটি কবিতার পংক্তি অবলম্বনে।

আর্টস বিভাগে প্রকাশিত আবদুস সেলিমের অন্যান্য লেখা:

মান্নান-এর বিশ্বাস

কার্লোস ফুয়েন্তেসের প্রবন্ধ:
মৃত্যু

নৃত্য শুধু নৃত্য নয়

আমার বন্ধু আবদুল মান্নান সৈয়দ

মানুষের জাদুবিশ্বাস ও ধর্মাচারের সোনালি বৃক্ষশাখা

সংস্কৃতি ও ধর্ম: আরববিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিতে