২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেন নয়ন আপনি ভেসে যায়

সনৎকুমার সাহা সনৎকুমার সাহা

Published : 27 Jun 2016, 10:04 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

মেয়েটিকে চিনি। জানি বলতে পারি না, ওরা থাকত অন্য পাড়ায়। মা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানের অধ্যাপক। অধ্যাপক আলী আনোয়ার (নাম মনে পড়লে এখনও ব্যথা বুক ঠেলে ওঠে), সহধর্মিনী বেগম হোসনে আরা, হাসান আজিজুল হক, আবুল ফজল হক, নাজিম মাহমুদ (বিপন্ন আক্ষেপে মন তোলপাড় করে), সুব্রত মজুমদার, মাসতুরা খানম, শাহানারা ও এবিএম হোসেন, এঁরা ছিলেন তাঁর প্রতিবেশী। আরো অনেকে ছিলেন। কিন্তু মনে হতো, এঁদের পরিবারের ছানা-পোনারা ওরা এক ঝাঁকের পাখি। আমার একটু দূর থেকে দেখা। ভালো লাগতো। এই মেয়েটি, কল্যানী রমা এখন আমেরিকার উইস্কনব্রিজে নামী প্রতিষ্ঠানে সফ্ট্ ওয়্যার ইঞ্জিনীয়র। পতি দেবতাও একই রকম। দুজনের বিষয় একই কি না, জানি না, তাকে দেখিনি। খুব যে কৌতূহল জেগেছে, তাও না। জেনেছি ওরা ভালো আছে। নিশ্চিন্ত থেকেছি। এই পর্যন্ত। রমার ছোট বোন শ্যানা। সুলক্ষনা শ্যামা। ওও দিদির মত ঘর সংসার করছে আমেরিকায়। তার কথাও দু-একবার আসবে। দিদিরই সূত্রে।
আর ওদের মা ঝর্ণা। ডক্টর ঝর্ণা নাথ। নিঃশব্দে, চলায়-বলায় এতটুকু উদ্বেগ-উৎকণ্ঠা না ফুটিয়ে আত্মমর্যাদা অক্ষুন্ন রেখে অমন মর্মান্তিক আঘাত, অত দুঃখে অবিচল-কাউকে বয়ে যেতে খুব কম দেখেছি। সংসারের শত ঝক্কি, সব সামলেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ানো, পড়াশোনা, কোথাও মনোযোগের কমতি নেই, যখন বুঝেছেন, তাগিদ অন্যখানে, এবং তা প্রতিদিন প্রতিমুহূর্তের, তখনও গভীর নিষ্ঠায় জ্ঞান চর্চার সময় বের করে নিয়েছেন। গভীর গভীর গভীর ক্ষত আড়ালে থেকেছে।

তখনও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পাওয়া ছিল বিশেষ মর্যাদার ব্যাপার। স্বামী ছিলেন বুয়েটের কৃতী ছাত্র। পরে বিলেতে গিয়ে কেমিক্যাল ইঞ্জিনীয়ারিং-এ ডক্টরেট। ঝর্ণাও এই সুযোগে সঙ্গে গিয়ে নৃবিজ্ঞানে মাস্টার্স করে ফেরেন। বোধ হয় ১৯৭০-এ, এক বছর পর ফিরে এসে স্বামী বোম্বের আই-আই-টিতে অধ্যাপনার সুযোগ পেয়ে সেখানে কাজে যোগ দেন। গোটা পরিবারই ওখানে। পরিবার মানে, সঙ্গে ঝর্ণা, দুই মেয়ে রমা, শ্যামা। সব কিছু স্বাভাবিক থাকলে পরের ছবিটুকু আন্দাজ করা কঠিন নয়। একটা জ্ঞানদীপ্ত সচ্ছল পরিবার। দরজা খোলা গোটা পৃথিবীর। স্ত্রী সুদর্শনা। সেই সঙ্গে সুশিক্ষিতা। চাইলে আরো হবে, ফুটফুটে দুই কন্যা। বয়স দু থেকে চার-এর ভেতর। এরকম অধিকাংশ সংসারেই স্বপ্নের আয়োজন। এখানেও তাই। কিন্তু বিধাতা 'মুচকি হাসিলেন'। এবং তা অকল্পনীয় নির্মম।
বাংলাদেশ মুক্ত হলো ৭১-এ ষোলই ডিসেম্বর। পরের বছর জানুয়ারির শেষাশেষি কোন খবর না দিয়েই একত্রে সবার স্বাধীন বাংলাদেশে ফিরে ঝর্ণার বাবার কর্মস্থল, রংপুরে হুট করে এসে ওঠা। স্বামী ক্ষিতীশের নাকি তর সইছলোনা। দেশ স্বাধীন। যত তাড়াতাড়ি সম্ভব ফেরা চাই। তা ছাড়া উৎকণ্ঠাও ছিল। দেশের বাড়ি হবিগঞ্জে কে বেঁচে আছে, কে নেই তখনও তাঁর জানা নেই। দুদিন বিশ্রাম করেই তিনি একা ঢাকা হয়ে বাড়ি ফেরার পথ ধরেন। ঢাকায় সায়েন্সল্যাবরেটরির গেস্ট হাউসে এক রাত্রির বিরতি। পরদিন সেখান থেকে আসে বিনা মেঘে বজ্রাঘাতের দুঃসংবাদ। ক্ষিতীশ নেই। কিছু দিয়ে গলা প্যাঁচানো অবস্থায় তাঁর মৃতদেহ ঘরের ভেতরেই পাওয়া গেছে। মুহূর্তের মধ্যে হরিষে বিষাদ। সাবর মনে এক প্রশ্ন, কেন এমন হলো?
আমরা শুধুই অনুমান করতে পারি, একাত্তরে ১৪ ডিসেম্বর সেরা বুদ্ধিজীবীদের হত্যা যে কারণে, ক'দিন পর জহির রায়হান হারিয়ে যান যে কারণে, এও সেই একই কারণে। কিন্তু কাকে ধরবেন? কী করে প্রমাণ হবে? দেশে তখনও অবস্থা পুরো স্থিতিশীল নয়। পরিবার-পরিজন নিয়ে দীনেশ দেবনাথ যে দেশের ভেতরেই বর্শিতে গাঁথা মাছের মত এতটুকু নিরাপত্তার জন্যে সব রকম গ্লানি অপমান সহ্য করেছেন, টিকে থেকেছেন, তিনি হাঁফ ছেড়ে বাঁচার মত নিশ্বাস যখন ফেলতে শুরু করেছেন, তখনই ভূত ছাড়ার আগে মোক্ষম একটা লাথি তাঁদের সবার ওপর ঝেড়ে গেল। ঝর্ণা এখন বাইরে থেকে অভয়দাত্রী আর নন, অভয়প্রার্থী। তাঁর যোগ্যতা দিয়ে যেখানে যেথানে কাজের আবেদন করা যায়, করলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ ও স্বাধীন বাংলাদেশে প্রথম উপাচার্য প্রফেসর খান সাওয়ার মুরশিদ সাড়া দিতে সময় নেননি। ঝর্ণা এখানে সহকারী অধ্যাপক হয়ে ঢোকার সুযোগ পেলেন।

কিন্তু আরো কিছু বিষয়ের সুরাহা দরকার। ঝর্ণার বয়স তখন সাতাশ। রমাই সেটা জানিয়েছে। কচি দুটো বাচ্চা নিয়ে–একটার বয়স দুই, অন্যটির চার– একা তিনি অচেনা জায়গায় কীভাবে সব কিছু সামলাবেন? দীনেশ বাবু ভাবছিলেন, সামনেই তখন পঞ্চান্ন বছর পুরলে অবসর। তখন হয় গ্রামের বাড়ি ফিরে গিয়ে বিষয়-সম্পত্তি জমিজমা দেখা শোনা করবেন, নয়ত ওকালতিতে নামবেন। এতে পূর্ব অভিজ্ঞতাও তাঁর ছিল। কিন্তু সব কিছু ওলটপালট হয়ে গেল। ঝর্ণার দেখা শোনা করতে তাঁর রাজশাহী আসা ছাড়া পথ রইলো না। একা তিনি আসতে পারেন না। ঝর্ণার মাকেও সঙ্গে আনতে হয়। ছোট মেয়ে কৃষ্ণা–রমার মনি মা, তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আইন বিভাগের– তাকেও। একদিক থেকে সমাধান একটা মেলে, কিন্তু নতুন জায়গায় এতজনে মিলে সংসার পাতার আার্থিক দিকও কম ভাবায় না। পুরো না হলেও কিছুটা উপায় জোটে দীনেশ বাবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ায়। তিনি ভেবেছিলেন, ওই শহরেই পাশাপাশি আইন ব্যবসা শুরু করা যায় কিনা, তা খোঁজ নিয়ে দেখবেন। এতে বেআইনি কিছু নেই। তবে প্রয়োজন হয় না। ক'মাসের ভেতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ই জ্যেষ্ঠতার কারণে তাঁকে কিছু উপরি দিয়ে পূর্ণকালীন অধ্যাপক হিসেবে নিয়োগ দেন। এদিকে ঝর্ণার নামেও আবাসিক ফ্ল্যাটবাড়ি একটি বরাদ্দ হয়। তাঁরা এখানেই থিতু হলেন।
আশপাশ দিয়ে গেলেও বিষয়টা রমা এভাবে স্পষ্ট করেনি। করেছেন তার দাদু দীনেশ দেবনাথই। তিনি একটা আত্মকথা লেখেন। শৈশব থেকে অবসর জীবন পর্যন্ত। অবসর, মানে, বিচারকের পদ থেকে ছুটি পাওয়া পর্যন্ত নয়। সব শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাও তাতে যোগ হয়। তিনি জানান, অধ্যাপনা তুলনায় তাঁকে বেশি তৃপ্তি দেয়। তাঁর বই-এর নাম, কত কথা কত স্মৃতি। প্রথম ছাপা, ১৯৯০ তে। তার আট বছর আগে বিশ্ববিদ্যালয়ের কাজ থেকেও তাঁর পাকাপাকি অবসর। অবশ্য বিশ্ববিদ্যালয় ছেড়ে যান না। ঝর্ণা তখনও এখানে। প্রতিদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে নির্দোষ তাস খেলে সময় তাঁর ভালই কাটে। অন্তত আরো যতদিন এখানে ছিলেন।

তাঁর বই তিনি আমাকেও উপহার দিয়েছিলেন। এমন বস্তুনিষ্ঠ পক্ষপাতহীন প্রসন্ন লেখা খুব কম পড়েছি। বইটি আমার মার খুব ভালো লাগে। বলেছিলেন, এমন করে লিখতে পারিস না। কী লিখিস খটোমটো!' চুপ করে থাকি। আজ মা নেই। দীনেশ বাবুও গত। মা'র বই-এর ভান্ডারের যেটুকু অবশিষ্ট আছে (উড়নচন্ডি আমি। কিছুই ঠিকঠাক গুছিয়ে রাখতে জানিনা) তার ভেতরে কিন্তু পেয়ে গেলাম। কি বলবো! 'বাজিল বুকে সুখের মত ব্যথা'।
আরো একটা কথা এই ফাঁকে বলি। অধ্যাপক আলী আনোয়ার বইটির ভূমিকা লিখেছিলেন যা খুবই মূল্যবান। মনের আবেগ সাধারণত তিনি লুকিয়ে রাখতে জানতেন। মুখের রেখায় কিছুই ধরা পড়তো না। শুধু মাঝে মাঝে গোঁফের তলায় মুচকি হাসি। তাতেই কী ভাবছেন তিনি, আন্দাজে আমাদের বুঝে নেওয়া। এখানে ভূমিকায় তাঁর এতটুকু লুকোচুরি নেই। মন খুলে প্রশংসা করেছেন। এবং তা যথার্থ। বিচারকের নিরপেক্ষ জায়গায় থেকেও শুধু নাম দীনেশ দেবনাথ বলে কত বিড়ম্বনায় তাঁকে পড়তে হয়েছে, নির্বিকার, নিরাসক্ত, নিরাবেগ প্রসন্নতায় তিনি কারো ওপর দোষারোপ না করে তা বলে গেছেন, এমন নির্মোহ মানসিক স্থিতি বজায় রাখা সত্যিই দুর্লভ।
এদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘর দোর গুছিয়ে নিয়ে ঝর্ণা এবার সামনের দিকে তাকাবার ফুরসত্ পান। সবটাই কি খাঁ-খাঁ মরুভূমি? দুপাশে দুই কচি মেয়ে। একটু আধটু বোঝার বয়স হয়েছে একটার। অন্যটির মুখে সবে কথা ফুটছে। ঝর্ণা মনস্থির করতে দেরি করেন না। পক্ষীমাতার মত দুই ডানা মেলে তিনি তাদের আগলে রাখা শুরু করেন। এতটুকু শৈথিল্য নেই তাতে। অন্তত যতদিন তারা নিজেরা স্বাধীনভাবে উড়তে না পারে, ততদিন। তারপরেও নিজেকে উজাড় করে দেবার বিরাম নেই। এখনও। বাসায় ছোট বোন কৃষ্ণা। তার ভবিষ্যতের কথাও ভাবতে হয়। এখানে ভাগ্য অবশ্য ভ্রুকুটি করে না। কৃষ্ণা সংস্কৃতিমনা। গান শেখে। বেহালা বাজনাও। সেই সূত্রে প্রতিভাবান বিনয়ী ছাত্র ম্বপন দত্তর সঙ্গে পরিচয়। তা গাঢ়তর হয়। সেই সূত্রে পরিণয়। ম্বপন এখন দেশের এক ডাকে চেনা যায় এমন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। গানের ক্যাসেট বেশ ক'টা। শিক্ষকতাও করে। ওদের সুখের সংসার। কৃষ্ণা শেষ পর্যন্ত গেছে বাবার পথে। উঠেছে আরো ওপরে। এখন হাইকোর্টের জজ। ওদের সুখের সংসার।

রমার বেড়ে ওঠা অসহায় বিপন্নতার সঙ্গে লড়াই করে করে। বাইরে কোন কিছুর সঙ্গে নয়। এ তার নিজের ভেতরে গজিয়ে ওঠা আর্ত হাহাকারের সঙ্গে। যখন বাবাকে হারায়, তখন সে একেবারে অবুঝ নয়। বাবার আদরের, তাঁর কোলে নিরাপত্তার স্মৃতি মন থেকে তার মুছে যায় না। যত বড় হতে থাকে, তত তাদের অভাব তাকে গ্রাস করে চলে। ডাল-পালা ছড়ায়। অসহনীয় বেদনা কখনও কখনও তাকে নিজের ভেতরে একাকিত্ব থেকে আরো একাকিত্বের দিকে ঠেলে। খায় না, দায় না, কথা বলে না, দূর থেকে দূরে যেন যেতে চাওয়া। বাবার কাছে। বয়স কতই বা হবে? বোধ হয় দশ বারো। ঝর্ণার চোখে আকুল উদ্বেগ। পাড়া-পড়শি দুশ্চিন্তায় কারত। অধ্যাপক আলী আনোয়ারের কপালেও দেখি চিন্তার ভাঁজ। হোসনে আরা ভাবীর অস্থির ছোটাছুটি। অধ্যাপিকা মাস্তুরা খানম, নিজে একাত্তরের শহীদ-জায়া, তাঁর চোখে জল। হয়ত ভাবেন, ওই রকম একটি মেয়েতো তাঁরও । সেই মেয়ে, ডক্টর মাহবুবা কানিজ কেয়া, মায়ের মত একই বিভাগ, মনোবিজ্ঞানের আজ এক নামে চেনা প্রফেসর। পাশাপাশি নারী আন্দোলনের লড়াকু যোদ্ধা। তখন দেখেছি ডক্টর মফিজউদ্দীন আহমদ খানম মমতাজ অধ্যাপক দম্পতিকে, অধ্যাপক ফজলুর রশিদ খানকে, আবদুল হালিম, হাসান আজিুজল হককে, সবার ভাবনাতেই একরত্তি এই মেয়ে। বাহাত্তরের গোড়ায় শ্যামার বোধ হয় স্মৃতি গড়ে ওঠার বয়স হয়নি। সে এভাবে হারিয়ে যেতে চায়নি। আমি থাকি অন্য পাড়ায়। সব শুনি। কষ্ট আমাকেও আচ্ছন্ন করে, তার রেশ রয়ে গেছে এখনও। কিন্তু শুধু ইচ্ছা দিয়ে ত কিছু হয় না। নিজেকে খুব তুচ্ছ মনে হয়।

তবে ঝর্ণার শান্ত লড়াই তার ধৈর্য, এবং মেয়েদের মেধা মারের সাগর পাড়ি দেয়। রমা মাধ্যমিকে হয় বোর্ডে সেরা, উচ্চমাধ্যমিকেও তাই। নিজেকে নিয়ে আর ফিরে তাকাতে হয় না। পড়াশোনার কৃতিত্বের জোরে প্রতিযোগিতায় এখানেও ওপরে থেকে ঈর্ষনীয় বৃত্তি পেয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে যায় ভারতের খড়গপুর আই. আই. টিতে। শ্যামাও প্রায় একই রকম সফলতা নিয়ে দিদির পথ অনুসরণ করে দুই কি তিন বছর পর। সেখানেও দু'জনের চোখ ধাঁধানো ফল। আর পরপর আপন আপন মেধায়, ব্যক্তিত্বের সৌন্দর্যে ও আকর্ষনীয় চেহারায় মন জয় করে সবার এবং আই. আই. টিতেই পরস্পরের দুজনে দুজনার মন জানাজানিও ঘটে যায় বড় বোনের পর ছোট বোনের। সামনের পথে অস্বাভাবিক কিছু নেই। অধিকাংশ আমাদের যেমন প্রত্যাশা, তেমনই দুই নবদম্পতি মেধা দিয়ে প্রত্যেকে জগৎ আলো করে আমেরিকার সেরা সেরা আইটি প্রতিষ্ঠানে আহ্বান পেয়ে ওই দেশে এখন স্থায়ী। ওপর সারিতেই। এবং তা কারো করুণায় নয়। এ দিয়ে তাদের সম্পর্কে আমি আলাদা করে কিছু বোঝাতে চাইছিনা। ওদের প্রজন্মের আরো আরো মেধাবী ছেলে মেয়ে এখান থেকে বাইরে গিয়ে একই রকম কেরামতি দেখিয়েছে। তবে প্রতিকূলতার যে পাহাড় ওদের ডিঙোতে হয়েছে, তা ওদের অর্জনকে একটা ভিন্ন মাত্রা দেয়। আর এগুলো জানা থাকলে রমার এই বইটি, আমার ঘরোয়া গল্পতে অনেক জায়গায় আলাদা আলাদা রঙ ফোটে। আমরা বাড়তি অনেক কিছু পাই। এটা আমার নিশ্চিত মনে হয়, একটি কথাও এখানে বানিয়ে বলা নয়। তা শিল্প হয়, সত্য তাতে প্রাণ পায় বলে।
ঝর্ণার কথা আর একটু বলি। দুই মেয়ে যখন আই. আইটিতে, তখন তিনি নিজের পড়াশোনায় আবার, অখন্ড মন বসাতে পারলেন। আগে বিলেত থেকে এম. এ করে ফিরেছেন। শুধুই পড়ার আকর্ষনে। একবারও মনে হয়নি, তা হবে তাঁর টিকে থাকার লড়াই করার অবলম্বন। অদৃষ্টের পরিহাস, বাস্তবে তেমনটিই ঘটে। অন্ধের যষ্ঠি যেন। চোখের আলোয় আরো অনেক দূর অনেক কিছু দেখার থাকে। আগের কৃতিত্বের স্বীকৃতি থাকায় বিদেশে ডক্টরেট প্রোগ্রামের বৃত্তি পেতে অসুবিধা হয় না। তার সদ্ব্যবহারে তিনি ফাঁকি দেন না। সময় মত ডক্টরেট জোটে। এবার জ্ঞান চর্চায় নিবিষ্ট হবার কথা। অন্যদের পথ দেখাবারও। কিন্তু তা হয় না। আমেরিকায় দুই মেয়ের সংসার। বাইরে পেশাদারি। প্রতিযোগিতা হাড্ডা হাড্ডি। প্রতিভা যতই থাক এড়িয়ে যাবার পথ নেই। বাচ্চা হলে তার যত্ন নেওয়া তাকে বড় করা বাবা মা আন্তরিক হলেও কতদূর সামলাবে। বার বার ডাক পড়ে ঝর্ণার। অথবা নিজের উদ্বেগ থেকেই তিনি নিশ্চিত হন, ওখানেই সময় মত থাকা অনেক বেশি জরুরি। কিছু দিন মাঝে মাঝে লম্বা বিরতির ছুটি নিয়ে চললো। অচিরেই বুঝলেন, এভাবের ঘরে চুরি। বিশ্ববিদ্যালয়-বিধানেও বাড়তি সুযোগ চাওয়া যায় না। এতটুকু তিনি দ্বিধা করলেন না। চাকরি ছেড়ে দিয়ে রাজশাহীর পালা শেষ করলেন। রাগ নয়, অভিমান নয়, নিরুপায় আক্ষেপও নয়, চিন্তায় শুধু স্বামীর স্মৃতি, আর, মেয়েদের ভবিষ্যৎ। কোন কিছুই আর অপরিহার্য নয়। নিজের জন্যে নাম কেনার বাড়তি মূল্য কানাকড়িও নেই। যতদূর জানি, এখন কিছু সময় কাটান মেয়েদের সঙ্গে, বাকিটা ঢাকায়, ভাই-বোনদের সংসারে মিলেমিশে, বহু বছর দেখিনি। মেয়েদেরও না।
এবার রমার–কল্যানী রমার–বইটার ওপর পুরো নজর দিই। সোনার কাঠি-রূপোর কাঠি মিলবে কি না জানি না।

*

মলাট ওলটাতেই চোখে পড়লো, নিশাত জাহান রানার লেখায় 'প্রকাশকের কথা' প্রকাশনা সংস্থা 'যুক্ত'র কর্ণধার রানা। এ ছাড়াও সাহিত্য-সংস্কৃতির নানা উদ্যোগে একেবারে সামনের সারিতে। এইখানে বলে নেই, ওদের কারো বিষয়ে কিছু লেখার গৌরবের সর্বনাম, তিনি, তাঁরা বা ক্রিয়াপদ, করলেন, মেলেন, ইত্যাদি আমি কোন ক্রমেই ব্যবহার করতে পারলাম না। তেমন করতে গেলে কলম আটকে যায়। যদিও জানি, এখন ওরা সবাই সমীহ পাবার যোগ্য। কিন্তু স্মৃতির পশলা হুড়মুড়িয়ে আসে। কেউ খেলছে গোল্লাছুট কেউ ভাংছে পুতুলের বাসর, কচি গলায় গান তুলছে কেউ। রানার মত একটু বড় যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা গড়ছে, বাংলাদেশে সবার আগে, আবৃত্তি সংগঠন স্বজন অথবা খুলছে নাটকের দল। এদের টানে ঢাকা থেকে আসছেন ওয়াহিদুল হক, জামিল চৌধুরী, খুলনা থেকে মুক্তি মজুমদার। আবিরাম প্রশ্রয় দিয়ে চলেছেন নামী দামী অধ্যাপক সব, সংস্কৃতি জগতের দিকপাল কেউ কেউ, মফিজউদ্দীন আহমদ, হাসান আজিজুল হক, নাজিম মাহমুদ, আলী আনোয়ার, সুব্রত মজুমদার, বা এই রকম বাঘা বাঘা এক এক জন। চোখে কি পড়লো পাথর কুচি? গলায় বেধে যায় স্বর? তবু ত থামে না। স্কুলের ওপর-ক্লাসের ছেলে মেয়ে ক'জন ঠিক করলো মুক্তিযুদ্ধের চর্চা চাই। তখন ত এতে দারুন বাধা। তাই জিদটাও বেশি একটা খালি গ্যারাজ জুটল। তাই সই। প্লেটো, ইমন, মৌলি– এরা সামনে ছোট আলোক আর পুচকে দিগন্ত বয়স আটও হয়নি, ওরাও সদস্য। দিগন্তর চশমায় মোটা পাওয়ারের লেনস। ও যখন জোটে, তখন অবশ্য প্রতিষ্ঠানটার বছর আঠারো কি তারও বেশি পার। নাম মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র। বেশ কিছু বই জোগাড় হলো। মন্দ নয় লাইব্রেরি। মাঝে মাঝে পাঠচর্চা। উৎসাহী অধ্যাপকরা আসেন। বাইরের সমমনারাও। মফিজ উদ্দীন আহমদ ও সুব্রত মজুমদারের বাসায় নিয়মিত রবীন্দ্র সঙ্গীত চর্চা। মফিজউদ্দীন আহমদ-খানম মমতা দম্পতির কন্যা লাইসা আহমদ লিসা আজ ছায়ানটের সেরাদের একজন। দিপীকা-সুব্রত-মজুমদার কন্যা আনন্দময়ীও একই রকম প্রতিভাময়ী। দুজনই অধ্যাপনাতেও। স্বপন দত্তর কথা আগেই বলেছি। আরো ছিল শ্যামলিনা নারগিস পারভিন ও এইরকম একদল গাইয়ে। রানার দলে বেলি, মিঠি, কামাল, কুমার, এরা। এদের আশে পাশে রমা-শ্যামা, এরাও একসময় ঘুরঘুর করেছে। কিছু আগে মাসি কৃষ্ণাও ছিল। এত কথা বলা রমার ঘরোয়া গল্পের আশ-পাশটা চিনে নেবার চেষ্টায়। (প্রথম প্রকাশ, অমর একুশে গ্রন্থমেলা, ২০১৫)।

পাতা উলটেই মনটা খুশিতে ভরে গেল। প্রচ্ছদ এঁকেছে রমা নিজেই। মেয়ের আমাদের এত গুন। বই পড়া শেষ হলে আবার প্রচ্ছদের দিকে ফিরে তাকাই। রমার চেনা মুখটা সামনে ভাসে। মিলে মিশে একাকার। ভেতরে পাতায়-পাতায় তারই প্রতিধ্বনি। ধ্বনি আবার ছবি হয়। আরো খেয়াল করি বই এর স্বত্ব গতানুগতিক যেমন দেওয়া থাকে, তেমন নয়। আকাশদীয়া চক্রবর্তী, মেঘনীল চক্রবর্তী অনুমান, ওরই আদরের তাথৈ, আর থৈ। থৈ বড়। আর, লাল, যাকে রমা বইটি উৎসর্গ করেছে সে ওদের বাবা। তা হলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমার হিসেবি মন অংক কষে, ওরা সংস্কারের জগদ্দল পাত্তাই দেয়নি। তুচ্ছ হলেও ব্যাপারটা খেয়াল করার। যেখানে আনন্দবাজারের মত স্বঘোষিত সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক এখনও পাত্র চাই পাত্রী চাই-এর বিজ্ঞাপনে কোষ্ঠী কুলুজিব ফিরিস্তি চায়, হয়ত অজুহাত, এর দায় বিজ্ঞাপন দাতার তার নয়, অপকর্মে সে ধোয়া তুলসীপাতা, সেখানে ওরা এটাকে অংকুরেই বিনাশ করেছে।

আর একপাতা এগিয়ে পড়ি ক্যামুর লেখা থেকে উদ্ধৃতি 'In the depths of winter, I finally learned that within me there lay an invincible summer একটু নড়ে চড়ে বসি। winter কেমন কেটেছে তার কিছুটা আন্দাজ করতে পারি invincible summer চিরসবুজ যেন থাকে। তা যেন শুধু within me সব নয়, within and outside me সব হয়। চারদিকে ছড়ায়।

প্রকাশকের কথায় রানা জানায়, "(রমা) চোখের জল এবং আনন্দের রং মিশিয়ে অসাধারণ সাবলীলতায় লেখে ব্যক্তিগত জীবনের গল্প। সে গল্পের ভেতর দিয়ে সে তুলে আনে সুন্দরের জন্য মানুুষের আকুতি, সমাজের নানা প্রকার বৈষম্যের রূপ, মস্তিষ্কের গোপনে স্থিত অন্ধকারের রূপরেখা অথবা চিরসংগ্রামী মানুষের সংশপ্তক দার্ঢ্য।"

বইটি পড়ার শেষে বলি, এতটুকু বাড়িয়ে লেখেনি সে। তবে আমি নৈর্ব্যক্তিক হতে পারিনা। গল্পের মুন্সিয়ানার চেয়ে গল্প বলিয়ের মুখটি আমাকে বেশি ভাবায়। সেখানে ওই invincible summer আমাকে ভরসা জোগায়।

বইটির প্রথম লেখা, 'আমার ঘরোয়া গল্প: সম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা' এটাতে পরে আসছি। 'মম, আই ডুনট নীড় ইউ এনিমোর, আর হাউ টু টাই এ টাই, দুটোয় তার দুই ছানা পোনা ছেলে-মেয়ে। অবশ্য রমার বলা, ও যেমন, তেমন। এদের কথাও এখন থাক। তার পরে ও আলোর পথযাত্রী। শেষে তারকা চিহ্ন দিয়ে বন্ধনীর ভেতরে যোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের অধ্যাপক আলী আনোয়ার স্মরণে। এটি পড়তে পড়তে আমার হৃদয়েও রক্তক্ষরণ শুরু হয়। ও শুধু ওর দেখাটা জানায় না, পরতে পরতে সময় যায় ওপর আবরণ ফেলে, তাকে একটানে সরিয়ে দিয়ে একরকম ঘরোয়াই বলি ঘরোয়া ঢং-এ এই শ্রদ্ধার বিশেষ আপন মানুষটির যাবার বেলার, না যাওয়া না যাবার ছবিটি সরল মমতায় ফুটিয়ে তোলে। এর কথা দিয়েই শুরু করি। তবে আগেই জানিয়ে রাখি সবটা টানা পড়লে কোন গুরুগম্ভীর বাক্য দিয়ে এর মর্ম কিছুই বোঝানো যাবে না। পড়ার ইচ্ছা কেবল জাগানো যায় হয়ত। সেই আশাতে তাকে টেনে সামনে আনা।

অধ্যাপক আলী আনোয়ারের পড়াশোনার গভীরতা ও ব্যাপ্তি ছিল এত যে আমরা অল্প জলে যারা পাড়ের কাছে বীরদর্পে হাত পা ছুঁড়ি, তারা তার সীমানা মাপার কথা ভাবতে পারতাম না। পড়ার আকর্ষণে নিজের লেখায় মন দেবার সময় তাঁর তেমন জোটেনি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেবার দায়িত্ব নাছোড় সঙ্গে সঙ্গে চলতো। এমন কি তাঁর প্রথম ভালোবাসা, যদ্ধুর অনুমান নাটক, তাতেও তাঁর সৃষ্টিশীল ভাবনাগুলো পুরো বিকাশিত হয় নি। আমরা অনেক কিছুর আশায় থেকেছি। মনে হতো, বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ দায় ঘাড় থেকে নামলে তিনি নিজের মত গুছিয়ে বসবেন। তারপর শখ মিটিয়ে লিখবেন। মঞ্চনাটকেও নিজের ভাবনা মেশাবেন। এনয় যে কিছুই করেননি এতদিন। যা লিখেছেন, পরিমানে কম নয়। উঁচুমাপের বোদ্ধা যারা, তাঁদের শ্রদ্ধা আকর্ষণ করেছে। প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও মিলেছে। তবু মনে হয়েছে তাঁর প্রতিভার সুবিচার হওয়া বাকি আছে। অবসরের স্বেচ্ছাধীন সময়ে তিনি নিজেই তার উপযুক্ত রসদ জোটাবেন। নিজের ব্যাপারে কখনোই মুখ খুলে কোথাও কিছু বলেননি। আমরা শুধু অনুমানই করতে পারতাম।

কিন্তু বিধি বাম। তখনই ধরা পড়লো তাঁর লিভারের ক্ষয়। তার সুচিকিৎসা ও সুশ্রূষা সবটুকু এদেশে সম্ভব নয়। ছেলে মেয়ের সংসার আমেরিকায়। এতে একটা সুবিধা হলো, তাদের কাছে গিয়ে তিনি প্রয়োজন মত থাকতে পারবেন। শেষ কবছর বেশিরভাগ তেমন কেটেছে। স্বেচ্ছায় নয়। বাধ্য হয়ে মাণব্যাধি শরীরে তার জাল বুনেছে। তিনি লড়াই করেছেন। বীরের লড়াই। মেধার চর্চা লেখালেখি চালিয়ে গেছেন।রোগকে উপেক্ষা করে। প্রত্যাখ্যান করেই। মৃত্যু তার শরীরের দখল নেয় কাপুরুষের নিস্তব্ধ হামলায়। রমা তাঁর বড় মেয়ে, সুস্মির সমবয়সী, তারও থাকা ওখানে। সেইসূত্রে হোসনে আরা মাসি ও আলী আনেয়ার 'মেসোর' কাছে রমার আবার ফিরে আসা। মেসোর চলে যাবার সময় শেষ মুহূর্ত পর্যন্ত, কাল গোনা। ওইখানে মগজ গেঁথে রেখে সে তার অতীত স্মৃতি ও বর্তমান আকুতিকে এক সঙ্গে মেলায়। এটুকু বলে লেখাটিতে নজর দিই। যুৎসই মন্তব্য তারপর। কিন্তু হার মানি। দেখি লেখা নিজে যা বলে, তাকে টপকে যাবার বিদ্যা আমর জানা নেই। কিছু বলার চেষ্টা করা কুৎসিত, অত্যাচার। অগত্যা সেখান থেকেই ছাড়া ছাড়া কিছু শোনাই। পুরোটা পড়ার বিকল্প এ নয়। অনুমান, তার আগ্রহই এতে বাড়বে। শুরুটা এরকম।

"স্কুল কত যে ছাইপাশ Aim in life রচনা লিখেছি। চাঁদে যাব। বিজ্ঞানী হয়ে সমুদ্রের নীচে ক্লাউন ফিশের সাথেই বুঝি ঘুরে বেড়াব। কিন্তু আলী আনোয়ার মেসোর পায়ে পায়ে গুটি গুটি ঘুরতে গিয়ে মনে হল, যদি কোনদিন মেসোর বাড়ির সব বই পড়ে ফেলতে পারি আমার আর খাওয়া দাওয়া করতে হবে না। ঠিক হয়ে গেল। এটাই হচ্ছে আমার Aim in life রচনার গরুগম্ভীর বিষয়বস্তু। ভবঘুরে আমি জীবনভর কোথায় কোথায় যে ঘুরে বেড়ালাম। কখনো সত্যিকারের জীবনে। কখনো স্বপ্নে। অথচ কোথাও আমি এত বই কারো বাড়িতেই দেখি নি। আলী আনোয়ার মেসোর বাড়ির দেওয়াল ইটের বদলে বই দিয়ে গাঁথা। অবশ্য কোন সিমেন্ট নেই। মেসো, মাসির ভালোবাসা সে বাড়ির গাঁথুনি। মাথার ছাদ ভেঙ্গে পড়ে না। শুধু যখন যে বই দরকার হাত বাড়িয়ে টেনে নিলেই হল।

সেই ছোট বেলা থেকেই তো আমার বাবা নেই। কোন কিছু শিখতে হলে, দেখাতে হলেই মা আমাকে মেসোর কাছে পাঠিয়ে দেয়। বহুবার ভেবেছি বাবা নেই ঠিকই, কিন্তু আমার তো আলী আনোয়ার মেসো আছে। কোন বইটা পড়া উচিত, কোন নাটক, কোন পেইন্টিংটা দেখবার কথা, বোঝবার কথা সে তো মেসো আমার সব সময়ই বলে দিচ্ছেন। যাদের বাবা আছে তারা বুঝি বাবার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু শেখে? সত্যি?…. (পৃ২৮)

এবার শেষের টুকু:
"সুস্মি বলল 'ও আলোর পথযাত্রী' গানটা আব্বার খুব বেশি প্রিয় আর আমি ভাবছি, যা কিছু সুস্মি বাজাচ্ছে সব তো আলী আনোয়ার মেসোকে নিয়েই লেখা। মেসোর চোখ বন্ধ। মেসো ঘুমিয়ে আছেন।
সবসময় সব জায়গায় খালি পায়ে ঘোরা আমার চিরদিনের হবি। সারা ছেলেবেলা আমি আলী আনোয়ার মেসোর বাড়ি খালিপায়ে ঘুরেছি। তারপর নিজের জুতা ওনাদের বাড়ির কোথায় যেন গুঁজে দিয়ে আলী আনোয়ার মেসোর জুতা পরে বাড়ি ফিরেছি। হাসপাতালেও এখন খালি পায়েই ঘুরছি। কানের কাছে সুস্মিটা ঘ্যানঘ্যান করে চলেছে, রমা জুতা পর। এক্ষুনি জুতা পর। হাসপাতালে কত জার্ম থাকে। ওকে ত আর বলতে পারিনা, 'মেসোর কাছেই তো ঘুরছি। দেবতার ঘরে জুতা পরতে নেই।…."

'শুধু জুতা খুলে ঘোরাই তো নয়। বড়দের দেখলে তাদের পা ছুঁয়ে প্রনাম করাও আমার দ্বিতীয় হবি। লোভে পড়ে একবার কে যেন ঘুমিয়ে ছিল তবে পা ছুঁয়ে প্রনাম করেছিলাম। দিদার কি বকুনি। শোওয়া অবস্থায় কাউকে প্রনাম করতে নেই। মৃত্যুর লক্ষণ। ৩রা মার্চ সকাল বেলা আলী আনোয়ার মেসো চলে গেছেন। এখন তো আর পা ছুঁয়ে প্রনাম করতে ভয় নেই। এ কয়দিন শুধু পায়ে হাত বুলিয়েছি। এবার পা ছুঁয়ে প্রনাম করলাম।
হোসনে আরা মাসি বললেন মেসো নাকি খুব গুরুগম্ভীর স্বরে কয়েকদিন আগেই বলেছিলেন, 'তোমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুন্দর পোশাক পর। গরম জামা গায়ে দাও।'

মেসো চলে গেছেন। মাসি আমাকে জাড়িয়ে বলছেন, এই শাড়িটা সুন্দর না? তোর মেসো মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলেছে। মাসির পরনে ঘিয়ে রঙের সিল্ক, ছোট ছোট কালো পাতা।"(পৃষ্ঠা ৩১-৩২)
একটি কথাও এর সঙ্গে যোগ করতে পারি না। বেসুরো বাজবে সবকিছু।

'পাতার শব্দ' আর 'সোনার কাঠি রুপার কাঠি' লেখা দুটোর মূল কথা একসুতোয় গাঁথা। 'সর্বজীবে দয়া কর' কথাটা বড় রূঢ় শোনায়। আগে মনে হয়নি। রমা তার ধার কাছ দিয়ে যায়নি। হয়ত ভাবেও নি। কিন্তু যা লিখেছে তা পড়ে আপনা থেকে মাথায় খাড়া হয়ে ওঠে। ভালোবাসো। ভালোবাসো। দয়া আর ভালোবাসা এক না। রমা ভালোবাসতেও বলে না। শুধু সবটার ভেতর পুরে দেয়। বনের পশু-পাখি, পোকা মাকড় জলের তলায় গাছ-গাছলা, কাছিম মাছ এক অপার অঢেল ভালোবাসায় তাদের জড়ায়। সোনার কাঠি রূপার কাঠি তার আর লালের আদরে আদরে জাকিয়ে থাকা দুই কুকুর টুংসা আর সাম্বা। ওরা ও বেশি দিন বাঁচেনা। ষোল বছর কি চোদ্দ বছর। ওরাও সেই রকম। রমা ও লালের তাদের জন্যে কত যত্ন কত হাঙ্গামা পোহাবো। মন ছুঁয়ে যায়। রমা কিন্তু শুধু নিজেদের কথাই বলে। আমরা অবাক হয়ে শুনি। কখন যেন নিজেদের অজান্তে মনের পাথর একটু একটু গলে।

'মম, আই ডু নট নীড ইউ এনিমোর' আর 'ইউ টু টাই অ্যা টাই', রমা লাল এর দুই সোনামনি তৈ তাথৈ-এর বড় হয়ে উঠতে থাকা আর বাবা মার আকুলি বিকুলি নিয়ে লেখা। ভেজাল নেই এক কনাও। লুকোচুরি নেই বাড়িয়ে বলা নেই এতটুকু। সত্যটাকে আমরা জড়াই। আর কী অসাধারণ মায়ায় চুবোনো। শিল্প-সাহিত্য, এসবের কথা রমার মাথায় কিছু এসেছে বলে মনে হয় না। কিন্তু এর চেয়ে ভালো আর কীই বা হতে পারত।

এবার বাকি তিনটে প্রথম ও শেষ দুটো লেখা এক সঙ্গে নিই। বিষয়ে ও সুরে মিল আছে। আমার মনে হয়েছে, সবচয়ে কঠিন। প্রশ্ন-মীমাংসার পরতে পরতে কালির কালো রেখা। দৃশ্যে-অদৃশ্যে। কখনো কুন্ডলি পাকিয়ে থাকে। এদের সঙ্গে নিয়ে পেরিয়ে গিয়ে ঘরোয়া গল্প! শেষ হয় কি? জানিনা।

প্রথমটির গোড়ায় তুলে দেওয়া মৌসুমী ভৌমিকের গান 'সংখ্যালঘু'। শুনেছি জোন বেজ-এর মত ওরও বেশিরভাগ গান নিজের লেখা সুর দেওয়া। দেখা হয়েছিল একবার। মনে হয়েছিল, ওর মুখটা বুকের কাছে ধরে রাখি। কিন্তু রমার বেলায় ও আগুনে পুড়ে লাল হয়ে বেরিয়ে এসেছে এগুলো। রোধের তারে সব কটিতেই ঝংকার। সরল সমীকরণের সুযোগ নেই। রক্তের ভিতর মিশে থাকা অস্তিত্বের গল্প সব।

প্রথমটার সঙ্গে একটা ছবি আছে। ছবির নিচে জানিয়ে দেওয়া 'ভাইফোটা-মামা মাসী, মাসতুত ভাইরা। আমি ছোটবোন, ফজল চাচার মেয়ে রানী আপা ও মিতু সবাই জড়ো হয়েছি যার যখন টার্ন আসবে তখন ফোঁটা দেওয়ার জন্য। ফোঁটা পাওয়ার জন্য। ফজল চাচার মেজ মেয়ে বেবী আপা আজো আমার ছোট মেসোকে দাদা ডাকে ভাই ফোঁটায় প্রতি বছর ফোঁটা দিয়ে যায়। (পৃ ১০)
আরো পড়ি লেখার মাঝখানে– 'আমরা দুই বোন ছেলেবেলায় প্রত্যেক ঈদে নতুন জামা পেতাম। দিদা বানিয়ে দিত। সকালবেলা গন্ধ ভুরভুর সাবান মেখে স্নান করে নতুন জামা পরে ঈদের নামাজ শেষ হলেই একের পর এক মুসলিম বাড়ি ঘুরে বেড়াতাম সেমাই খেয়ে। পোলাও, রোস্ট, কোর্মা, রেজালা, শামী কাবাব, জাফরান আর কমলা লেবু দেওয়া জরদার স্বাদ আজো জিভে লেগে আছে। (পৃ ১১)

শেষের কটা লাইন–
'আজো কিছুই ভুলতে পারছনা?
তাহদুটো ধরলেই পিয়াজের গন্ধ লেগে যাবে?
গলা জড়িয়ে ধরলে পৈতেটা ছূঁয়ে দেবে?
দাড়িপাল্লায় লবন আর জল মেপে বাকি জীবনটা কেটে যাবে। মানুষের বেদনার ইতিহাস প্রতিশোধের গল্প।' (পৃ ১৪)

শেষের দুটো লেখা, আমার মনে হয়েছে, সবচেয়ে সহজ করে লেখা সবচেয়ে কঠিন কষ্টের। মুক্তিযুদ্ধ। অর্জনও আছে। অসাধারণ। এমনকি অকল্পনীয়। কিন্তু বিসর্জন? অল্পই মনে রাখি। বেশির ভাগ জলে ভেসে যায়। শহীদের খাতায় নাম উঠল কজনার? তারপরও বিতর্ক। এখনও অশালীন অক্রোশ। রমা এভাবে লেখে না। লেখে ওর মত আটপৌরে ঢং-এ। তবু একটা জায়গায় আমার দম আটকে আসে, আর মাথা নাড়ি বার বার না! না! না!
আমি পড়ি। আনন্দ আর অশ্রু, নাম দুটো পালটে রমা-শ্যামা করে নিলে এতটুকু গরমিল হয় না।
'খুব বেশি চিন্তা ভাবনা না করে তাই সকাল বেলা হতেই চার বছরের আনন্দ আর এক বছরের অশ্রুকে নিয়ে, আনন্দর মা একটা কালো কয়লার ধোয়া ছাড়া ট্রেনে চেপে বসল। সাতাশ বছর বয়সে, শাদা শাড়ি পরে সারা জীবনের সব পোটলা পুঁটলি নিয়ে। ভুলেও একবার মনে হল না যে এই রেললাইনের শেষে আসলে কোন স্টেশন নেই। কত জীবনেই তো থাকেনা।….' (পৃ ১০৬)

তারপর অনেক বছর কেটে যায়। একদিন মাকে বলেই বসে 'আনন্দ জানো তো মা, তোমার আবার বিয়ে করা উচিত। এমন একা, একা থাকা কোন মানুষের উচিত না!'

মা-র ঠোঁটটা অল্প কাঁপে। …. ছাদ কাঁপিয়ে সবাই হো, হো করে হেসে ওঠে। এমনকি মা-ও। আনন্দর তো সব সময়ই এমন পাগলের মত কথা।….? (পৃ ১০৯)

আমি শুধু ঝর্ণার কথা ভাবছিনা। ভাবছি রমারও। জানি বিকল্প সম্ভাবনা মা নাকচ করে দেওয়ায় তার মনে হতে পারে তাদের জন্যেই তাঁর নিজেকে একটা খোপে বন্দি রাখা। আজকের এনলাইটেনড মেয়ে সে। কেন চাইবে, তাদের জন্যে মা একটা বঞ্চিত জীবন কাটিয়ে দেবেন? আমি জানি না সে ভেবেছে কি না, মার জীবন কি শুধু তাঁর একাকে নিয়ে না কি তাঁর রমা শ্যামাকে নিয়েও? সুখ আর সার্থকতা, দুটোর তল কোথায়, আমি জানি না। তবে অনুমান করি অনুমান নয়, নিশ্চিত, অন্যরকম কিছু হলে আজকের রমা – শ্যামাকে যেমন তারা আছে তেমন পেতাম না। আরো ভালো, অথবা, অতল কোথাও? জীবনের অনুভব প্রত্যেকের আপন-আপন। কিন্তু স্পেসব্যাপ্তি শুধু সেই সীমাতেই বাঁধলে সেখান থেকে নরক কতদূর? রমা নিজে ত অনু-পরমানু প্রাণেও নিজেকে ছড়ায়। কোথায় মিলত তার স্বাধীনতা? জানি, অনেক কষ্ট বুকের ভেতর পুষে রেখে রমার ওই নিরুপায় উচ্চারণ। কিন্তু ওই কষ্ট পুষে রাখার স্বাধীনতা তাকে পেতে হয়েছে। একা নয়। সবাই মিলে। যদিও দুঃখের আগুনে পুড়ে।

রানা এই বইটি ছেপে আমার এক মহাভুল ভেঙে দিয়েছে। ভাবতাম ছেলে-মেয়েরা কী ই বা জানে! মুরুব্বি চালে তাদের সঙ্গে কথা বলি। যেন-গুরুগিরির অধিকার আমার আপনা থেকে। ওরাও দূরে দূরে থেকে সমীহ করে। আমি অহংকারে ডুবি। এখন দেখি রানা থেকে দিগন্ত আমাকে অনেক অনেক পেছনে ফেলে এগিয়ে চলেছে সবাই। কেউ প্রস্ফুটিত। কেউ বা স্ফুটনোন্মূখ। রমার বই বুঝিয়ে দেয়, সত্যিকারের ভালো লেখা কেমন।
আমার দিনান্ত বেলা, শেষের ফসল তুলে নেব, কিছু নেই। সামনে তাকাই। ধূ ধূ মাঠ। পেছনে তাকাই। ওদের দেখি। মন খুশিতে ভরে ওঠে।
উজ্বল এক ঝাঁক পায়রা। সীমানা পেরোবে। আমাদের উমনি-ঝুমনি পাগলী মা কল্যানী রমার 'আনন্দাশ্রু'-ও তাদের ভেতর!