পত্রিকাসাধক মীজানুর রহমান: মৃত্যুদিনের স্মরণ
আমাদের সমাজে কোনো সৃজনশীল কাজের সমাদর করার জন্য মোটামুটিভাবে একটাই স্বীকৃত উপায় পুরস্কার দেয়া বা সংবর্ধনা জানানো। হ্যাঁ, এতে একধরনের গুণগ্রহিতার পরিচয় দেয়া হয় ঠিকই কিন্তু তা-ই সম্পন্ন নয়। কোনো সৃজনশীল মানুষের কাজ যদি অস্তিত্বশীল থাকে তাহলে তার সেই কাজের প্রভাব ও প্রতিক্রিয়ার ছাপ সমাজে পড়ার মধ্যেই সেই কাজের মূল্য। কিন্তু এভাবে মূল্য দিতে এখন আর আমাদের সমাজে স্পষ্টভাবে দেখা যায় না। তা না-হলে এখনই মীজানুর রহমানের বিস্মৃত হয়ে পড়ার কথা নয়! অবশ্য মীজানুর রহমানের বিস্মৃতিতে যাওয়ার পেছনে তাঁর নিভৃতিপরায়ণতা যে কিছুটা দায়ী নয় তা নয়! অথবা বলা যেতে পারে সাধকের সাধনা তো নিভৃতেই চলে। সুতরাং মীজানুর রহমানের সাধনার অনুসরণ না-হয় অন্য সাধকেরও অনুসরণীয় হয়ে থাকুক একই রকম নিভৃতিতেই!
২
যৌবনের অন্তে পৌঁছে মানুষ যখন আয়োজন করতে থাকে অবসর গ্রহণের সেই সময় মীজানুর রহমান এসেছিলেন সাহিত্য পত্রিকা প্রকাশের বাসনা নিয়ে। সম্পাদকের নামেই পত্রিকার নাম। কারণ 'সম্পাদক-সর্বস্ব' একটি পত্রিকা ছিল মীজানুর রহমানের পত্রিকা। 'সম্পাদক-সর্বস্ব' কথাটির মধ্যে একটু কটুভাব আছে। মনে হতে পারে শ্লেষ করা হচ্ছে কথাটির মধ্য দিয়ে। কিন্তু অনেক সময় এমন হয় যে শ্লেষটাই হয়ে-ওঠে যথার্থ অভিধা। কারণ কী ছিলেন না মীজানুর রহমান তাঁর পত্রিকাটির। তিনি নিজে যেমন ছিলেন পরিকল্পক তেমনই ছিলেন লেখা সংগ্রাহক, প্রুফ-সংশোধক, একাউন্টেন্ট বা পিয়ন, চা পরিবেশনকারী বা পরিচ্ছন্নকর্মী, কুলি কিংবা কর্মাধ্যক্ষ বা চিত্রশিল্পী কোন দায়িত্বটি তিনি পালন করেন নি! সুতরাং এমন একব্যক্তিসর্বস্ব একটি পত্রিকার নাম তো সেই ব্যক্তির নামেই হতে হবে!
ভারতবর্ষে বৃটিশ শাসনের যুগে হিকি সাহেব পত্রিকা বের করেছিলেন নিজের নামেই! 'হিকিস্ গেজেট' নামটা শুনলে অস্বস্তি লাগে না, কিন্তু মীজানুর রহমানের ত্রৈমাসিক শুনলে অস্বস্তি হয় কেন? পত্রিকার এই রকম নামকরণের হ্যাপা তাঁকে কয়েক বছর ভোগ করতে হয়েছে। নামকরণের এই বাস্তবতাকে ঢাকার পাঠকসমাজের মানতে কয়েক বছর লেগে গিয়েছিল। এ নিয়ে তাঁর নিজের অবশ্য কোনও অস্বস্তি ছিল না। কারণ হিসাবে তিনি জানালেন সম্পাদকের নামেই পত্রিকার নাম নতুন কোনও ব্যাপার নয়। হিকিস গেজেট তো বাংলায় সেই উনিশ শতকের নিদর্শন। তুলনায় হাল আমলে, এই সেদিন বিশ শতকের পঞ্চাশের দশকেও ছিল রমাপদ চৌধুরীর পত্রিকা নামে একটি পত্রিকা।
৩
মীজানুর রহমান ছিলেন চিরকালের শ্বাসকষ্টের রোগী। মাঝেমাঝেই আক্রান্ত হতেন। সামলেও উঠতেন আবার। মৃত্যুর বছর দুয়েক অগে অবস্থা বেশি খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু সামলে উঠতে পেরেছিলেন। সুস্থ হবার পরে একদিন সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বাংলা নববর্ষের অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা। বললেন, 'প্রায় চলেই গিয়েছিলাম হে। যমের সঙ্গে খুব একচোট টানাটানিও হয়ে গেল। এ যাত্রায় সে পেরে ওঠে নি।' তাঁর শ্বাসকষ্ট মাঝে মাঝে এমনই জটিল অবস্থা ধারণ করতো যে আগেও দু একবার তাঁর নিকটজনেরা ধরে নিয়েছিলেন তিনি বোধ হয় বাঁচবেন না। কিন্তু প্রতিবারই যমের সঙ্গে লড়ে ফিরে এসেছেন বীরদর্পে। সেজন্যেই হয়তো মৃত্যুর ভয়ে নিজেকে গুটিয়ে না নিয়ে জীবনের সপক্ষে লড়েছেন সবসময়। অনেকের মতো কাজকর্ম থেকে অবসর নিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করেন নি। সংস্কৃতি সেদিনই কথায় কথায় তাঁর পরিকল্পনার বিস্তারিত জানিয়েছিলেন। জ্ঞানকোষের কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে এই অসুস্থতার মধ্যেও। পরে জেনেছি, প্রায় একক প্রচেষ্টায় তিনি জ্ঞানকোষ রচনার কাজ চালিয়ে যাচ্ছিলেন। স্বরবর্ণ খণ্ডের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, কেবল মুদ্রণ পর্ব বাকি। এ খবরও আমরা পাচ্ছিলাম তাঁর কাছে।
৪
এত তাড়াতাড়ি চলে যাবার কথা ছিল না মীজানুর রহমানের। অন্তত একশো বিশ বছর দীর্ঘ আয়ু প্রয়োজন বলে পরবর্তী জীবনের কর্ম-পরিকল্পনা সাজিয়ে রাখা ছিল তাঁর। সেজন্যই তিনি সত্তর বছর বয়সে এমন দুঃসাহস দেখাতে পেরেছিলেন যে একাই তিনি বাংলা ভাষায় একটি জ্ঞানকোষ রচনা করবেন। অন্যদের লিখতে অনুরোধ জানিয়ে, তাদের তাগাদা দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে শেষমেষ নিজেই প্রায় একক চেষ্টায় এটি রচনার সিদ্ধান্ত নেন। দু একটা বিষয়ের অন্তর্ভুক্তি হয়তো লিখিয়ে নিতে হয়েছে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের দিয়ে। তিনি যখন জ্ঞানকোষ রচনায় উদ্যোগী হয়েছিলেন তখনও পর্যন্ত এশিয়াটিক সোসাইটির বাংলাপিডিয়া পরিকল্পিত হয়নি।
জ্ঞানকোষ জাতীয় গ্রন্থ রচনায় তাঁর সামর্থ্য আমরা দেখতে পাই মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার বিশেষ সংখ্যাগুলোর দিকে তাকালে। বৃক্ষ সংখ্যা, পক্ষী সংখ্যা, নদী সংখ্যা, গণিত সংখ্যা, বিদ্যাসাগর সংখ্যা, আহসান হাবীব সংখ্যা, শামসুর রাহমান সংখ্যা, কামরুল হাসান সংখ্যা–এইসব বিশেষ সংখ্যাগুলো প্রকাশ করতে কী রকম শ্রম ও সাধনা তাঁকে করতে হয়েছে তা অনুভব করাও কঠিন।
৫
পত্রিকা সম্পাদনা ছিল তাঁর হৃদয়ের প্রকাশ মাধ্যম। মনে পড়ছে ২০০৫ সালের এপ্রিল মাসে চিকিৎসার জন্য স্বল্পকালীন কলকাতাবাস কালে আধা হাসপাতালে আধা হোটেলে অবস্থান করতে করতে তিনি বের করে ফেলেছিলেন ক্ষণিকা নামে একটি চমৎকার পত্রিকা। পশ্চিম বঙ্গের প্রবীণ ও নবীন লেখকদের কাছ থেকে লেখা নিয়ে তাঁকে সে পত্রিকা বের করতে হয়েছিল খুব স্বল্প সময়ের মধ্যেই। সে পত্রিকাটিতেছিল তাঁর সৃজনশীলতা ও বিশেষত্বের ছাপ। পত্রিকা প্রকাশনা শুরু হয়েছিল প্রায় বাল্য কাল থেকেই। ১৯৪৬ সালে, মাত্র পনর বছর বয়সে যখন তিনি স্কুলের গণ্ডীও পেরোন নি সেই সময়ই 'মুয়াজ্জিন' নামে হাতে লেখা পত্রিকা দিয়ে পত্রিকা-সম্পাদক হিসাবে তাঁর অভিযাত্রার শুরু। আর মাত্র কয়েক বছর পরে, ১৯৪৯ সালে, পাকিস্তানের প্রথম কিশোর-মাসিক পত্রিকা হিসাবে আত্মপ্রকাশ করেছিল তাঁরই সম্পাদিত 'ঝংকার'। এর মাত্র দুই বছর পরেই প্রকাশিত হয়েছিল তাঁর সম্পাদিত 'রূপছায়া' পত্রিকা। সিনেমা বিষয়ক পত্রিকা হলেও সাহিত্যেরও বেশ কদর ছিল 'রূপছায়া'তে। নাট্যকার ও কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক এবং আনিস চৌধুরী প্রমুখ লেখকের দুটি গুরুত্বপূর্ণ উপন্যাস 'রূপছায়া'তে প্রকাশিত হয়েছিল। এরপর ফায়ার সার্ভিসের পত্রিকা 'ফায়ার ফাইটার' সম্পাদনা করেছেন কিছুকাল। ১৯৮৩ সাল থেকে শুরু হল মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা। এটাই ছিল পত্রিকা বিষয়ে তাঁর চিন্তা-ভাবনার চূড়ান্ত রূপ। আজ এই পত্রিকার নামের মধ্য দিয়েই তাঁর পরিচয়ের যাথার্থ্য নিরূপিত হয়ে থাকে। কারণ এ এক অনন্য পত্রিকা, সম্পাদকের বৈচিত্র্যপূর্ণ ব্যক্তিত্বের নিজস্বতার মোহর এতে মারা রয়েছে। এতে পরিচয় রয়েছে সমাজমনষ্ক এক প্রগতিশীল ও বিজ্ঞানদৃষ্টিসম্পন্ন সচেতন শিল্পীসত্তার। বিষয় ভিত্তিক অনেকগুলো সংখ্যা–যেমন বৃক্ষসংখ্যা, পক্ষী সংখ্যা, গণিত সংখ্যা, নদী সংখ্যা, বিদ্যাসাগর সংখ্যা, কামরুল হাসান সংখ্যা, শামসুর রাহমান সংখ্যা বাংলাদেশের পত্রিকাজগতের ইতিহাসে তুলনাবিরল। নিছকই সাহিত্য পত্রিকা ছিল না মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা।
৬
এমন একটা সময়ে তিনি শুরু করেছিলেন পত্রিকাটির প্রকাশনা যখন বাংলাদেশে সাহিত্যপত্রিকার রীতিমতো আকাল পড়ে গিয়েছিল। নিয়মিত সাহিত্যপত্রিকা প্রায় একটিও প্রকাশিত হতো না। তখন মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা ছিল প্রায় একমাত্র সবেধন নীলমণি। পঁচিশ বছরের কাছাকাছি সময় ধরে প্রায় নিয়মিতভাবে পত্রিকাটি প্রকাশ করে তিনি দেশের সাহিত্যাঙ্গনে যেভাবে সৃষ্টিশীলতার শিখা জ্বালিয়ে রেখেছেন তার তুলনা বিরল। পত্রিকাটিতে কতগুলো ভালো লেখা ছাপা হয়েছে সে বিচারের চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভালো লেখার স্বপ্ন-আকাক্সক্ষাকে জাগিয়ে রাখার দিকটি। আবার নিছকই সাহিত্য পত্রিকা ছিল না মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা। পত্রিকাটিকে তিনি গড়ে তুলেছিলেন জ্ঞানের আনন্দময় আধার হিসাবে। জীবনে কখনও সাহিত্য সৃষ্টির জন্য বাংলা ভাষায় কলম ধরেন নি এমন মানুষকে দিয়ে তিনি লিখিয়েছেন। তাদের এমন ভাবে অনুপ্রাণিত করেছেন যে কলম না ধরে তাঁদের কোনও উপায় ছিল না। অনেক কুণ্ঠিত লেখককে উজ্জীবিত করেছেন। বিষয়-বৈচিত্র্যের প্রয়োজনে, অভিনবত্বের প্রত্যাশায়, নতুনত্বের সন্ধানে অপরিচিত লেখকের উপস্থিতি ঘটিয়েছিলেন তিনি পত্রিকাটিতে।
৭
মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার একটি বিশেষ আকর্ষণ ছিল এর স্বতন্ত্রধর্মী বাংলা গদ্যরীতির সম্পাদকের কড়চা। মুখের ভাষার শব্দ বেছে এমন অদ্ভুত বাক্য তিনি রচনা করতেন যার তুলনা নেই। শব্দগুলো মোটেও পা-িত্যের পরাকাষ্ঠা নয়, অটপৌড়ে শব্দের অন্তরঙ্গ মেলা যেন। অনেক বিশেষ শব্দ পাওয়া যায় তাঁর লেখায় যার ঠিকানা অভিধানে নেই। বাক্যের মধ্যে অবস্থানের বৈশিষ্ট্যে সেগুলো ব্যঞ্জনা পায়। এই গদ্যরীতির নিদর্শনে সমৃদ্ধ তাঁর স্মৃতিকথার বই কমলালয়া কলকাতা রাধাপ্রসাদ গুপ্তের মতো উচ্চ স্তরের পণ্ডিত পাঠকেরও হৃদয় জয় করে নিতে পেরেছিল। কলকাতা শহরে ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার যে ঘটনাবলি কিশোর বয়সে প্রত্যক্ষ করেছিলেন মীজানুর রহমান তা লিখে রেখেছিলেন একটি ছোট্ট খাতায় দিনলিপির মতো করে। প্রায় পঞ্চাশ বছর পরে সেই খাতা থেকে জন্ম নিল আর এক অসাধারণ বই কৃষ্ণ ষোলই। এক কিশোরের সরল ও মানবিক হৃদয় দিয়ে অনুভব করা কলকাতার দাঙ্গার এমন সত্য অভিজ্ঞতার বিবরণ খুব বেশি নেই।
৮
মীজানুর রহমানের কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কী তা জানতে চাওয়া হলে তাঁকে যাঁরা জানেন তাঁরা হয়তো বলবেন পত্রিকা সম্পাদনা তাঁর জীবনের সবচেয়ে সফল কর্ম। মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার মধ্য দিয়ে তিনি তাঁর কালের মানুষের জন্য এমন এক দায়িত্ব পালন করে গিয়েছেন যার মূল্য অপরিশোধ্য।
৯
মীজানুর রহমানের মধ্যে ছিল নানা বিষয়ে উৎসাহ। এক সময় চারুকলার ছাত্র ছিলেন তৎকালীন ঢাকা আর্ট কলেজে। বর্ণান্ধতার কারণে ডিগ্রি নেয়া হয় নি তাঁর। তবে শিল্পী সত্তার জাগরণ থেমে থাকে নি। মাঝে মাঝেই চমকপ্রদ স্কেচ করতেন। এক সময় পত্রপত্রিকায় তাঁর আঁকা কার্টুনও প্রকাশিত হতো। কমলালয়া কলকাতা বইয়ে এঁকেছিলেন বেশ কিছু স্কেচ। সেগুলো যেমন ইতিহাসের উপকরণ হয়ে আছে তেমনি হয়ে আছে তাঁর শিল্পী সত্তার নিদর্শন। লেখক হিসাবে মীজানুর রহমান ছিলেন স্বতন্ত্র পথের পথিক। ইতিহাস চেতনা তাঁর লেখকসত্তার কেন্দ্রীয় প্রেরণা। তাঁর লেখা কৃষ্ণ ষোলই এবং কমলালয়া কলকাতা এর নিদর্শন। তাঁর শৈশব-কৈশোর কেটেছিল কলকাতা শহরে। ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার ছিলেন প্রত্যক্ষদর্শী। বালক বয়সেই তিনি ইতিহাস চেতনার পরিচয় দিয়েছিলেন সেই সময়কার ঘটনাবলি দিনলিপির পাতায় লিখে রেখে। কৃষ্ণ ষোলই বইটির সৃষ্টি সেই দিনলিপির পাতা থেকে। কমলালয়া কলকাতাও শৈশবের চোখ দিয়ে দেখা কলকাতার দৃশ্যাবলির পরিণত বয়সের স্মৃতিচারণা। বইটি এক দিকে ঐতিহাসিক ঘটনাবলির সাক্ষী, অন্যদিকে অসাধারণ ও নিজস্বতাম-িত রম্যগুণ সম্পন্ন গদ্যনিদর্শন। পঞ্চাশের দশক থেকে ঢাকায় বাস করেছেন তিনি। ঢাকা নিয়েও লিখেছিলেন অনেক। ঢাকাপ্রাসঙ্গিক সে-সব রচনা নিয়ে মৃত্যুর পর বেরিয়েছে ঢাকাপুরাণ। এই তিনটি বইই তাঁর সাহিত্যিক প্রয়াসের উৎকৃষ্ট নিদর্শন।
১০
তাঁর গদ্য সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে ঘনিষ্ঠ বান্ধব ওয়াহিদুল হক যথার্থই বলেছেন,
…তাঁর ভাষাটি… যেন বাংলার আবহমান কালের সোঁদামাটি আর বন বাদার থেকে সংগ্রহ করেছেন–কত যে প্রাকৃত শব্দ, তাদের অধিকাংশের উপস্থিতি নেই অভিধানে। কিন্তু পড়া-মাত্র জেনে যাই কী বেঝায় তা। কোনও অঞ্চল বিশেষের সম্পদ কি তা? না, বাঙালিত্বের সবটা জেনে এই শব্দসম্ভার এই প্রয়োগরীতি দাঁড়িয়েছে। কোনও সীমাটানা শব্দ নেই, যেমন হিন্দু শব্দ, মুসলমান শব্দ, নেই কোনও কালের কিংবা অঞ্চলের সীমাদ্যোতক শব্দও। খুবই একটা উদারবিস্তার, প্রাচীন শক্ত জমির উপর দাঁড়িয়ে মীজান লেখেন, ভাবেন, কাজ করেন, সকলকে সেই জমিটিতে আহ্বান করেন। [রোদ্দুর, সংখ্যা ৭, ১৯৯৭, সম্পাদক: লতিফ সিদ্দিকী ]
বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি পেশাগত কারণে যুক্ত হলেও পেশা তাঁর স্বপ্ন-কল্পনাকে গ্রাস করতে পারে নি। ঘুরেফিরে কোনও না কোনও ভাবে তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনাকেই তাঁর কাজ বলে মনে করেছেন। মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সময় তিনি বলেছিলেন সাহিত্য পত্রিকাই হবে তাঁর জীবিকার উপায়। নিয়মিত ভাবে পত্রিকা প্রকাশ করে তা বিক্রি করে, বিজ্ঞাপন সংগ্রহ করে তিনি দিনাতিপাত করবেন। সে-সময়ে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণও কি কম দুঃসাহসের পরিচায়ক!
১১
তিনি জন্মেছিলেন ১৯৩১ কালের ১৯ ফেব্রুয়ারিতে ঢাকা মহানগরীর অদূরে, বিক্রমপুরে। কিন্তু কয়েকমাস বয়স থেকেই হয়ে পড়েন কলকাতার বাশিন্দা। শৈশব-কৈশোরের অনেকটাই কেটেছিল কলকাতায়। অর্থাৎ অবিভক্ত বাংলার ঐ মহানগরীতেই তাঁর চেতনার উন্মেষ। আশ্চর্য যে, সম্পূর্ণ নিশ্চেতনও হলেন সেই কলকাতায়ই; মৃত্যুর তারিখ ২০০৫ সালের ২৬ জুন। তখন বয়স হয়েছিল পঁচাত্তর। এই বয়সের মৃত্যুকে হয়তো অনেকে অকাল মৃত্যু বলবেন না। কিন্তু মীজানুর রহমানের মতো কর্মক্ষম মানুষের মৃত্যু অকালমৃত্যুর মতোই বেদনাদায়ক। কারণ অসম্পূর্ণ কাজগুলোর জন্য আরও কিছুকাল তাঁর আয়ু ছিল উত্তরপ্রজন্মের মানুষের জন্য অতি জরুরি।
১২
দুঃসাহসী মানুষ ছিলেন মীজানুর রহমান। তিনি মনে করতেন একটা অর্থপূর্ণ কাজ না করতে পারলে শুধু বেঁচে থেকে লাভ নেই! তিনি বাঁচতে চেয়েছিলেন কর্মময় জীবনেই। জীবন সম্পর্কে তাঁর এই বিবেচনা থেকে প্রেরণা নিয়ে স্বপ্নময় ও কর্মময় এক জীবনের প্রত্যাশায় এগিয়ে চলার মধ্য দিয়েই হতে পারে এমন একটি স্বপ্নময় জীবনের অধিকারী মানুষের স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো। আমরা যেন সত্যিকার ভাবে তাঁকে সেই রকমভাবে শ্রদ্ধা জানানোর সামর্থ্য অর্জন করি।
২৬ জুন ২০১৬
