২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আকাশের ঠিকানায় রুদ্রর রৌদ্রকরোজ্জ্বল প্রস্থান

ফারুক মঈনউদ্দীন ফারুক মঈনউদ্দীন

Published : 23 Jun 2016, 08:24 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

অনেক দুঃখ আর অতৃপ্তি নিয়ে চলে গিয়েছিল রুদ্র। 'বুকের ভেতর গাঢ় পরবাস নিয়ে, হাড়ের ভেতর এক অন্ধকার নিয়ে' ওকে চলে যেতে হলো বড় অসময়ে, অথচ জাতির পতাকা খামচে ধরা সেই পুরনো শকুনেরা রয়ে যায়। রুদ্র নগরের 'রুখো গ্রাস থেকে' সেই গ্রামখানি 'দুধভাত রূপশালি ধান' কেড়ে নিতে চেয়েছিল, তবুও ওর 'আঙুলের ফাঁক গলে নেমে যায় বাসনার জল' দেখতে দেখতে চলে গেল ও।

বড়ো সাধ করে সংসার গড়েছিল রুদ্র– ভেঙে গেল। আর্থিক স্বচ্ছলতার জন্য লোনা পানির দেশে চিংড়ি মাছের ব্যবসা ধরেছিল– রাখতে পারেনি। একজন কবির পক্ষে কি সম্ভব ভুঁড়িওয়ালা মহাজনের মতো করে রফতানিকারকের হাতের মুঠো গলিয়ে ডলার ভাঙানো টাকা আদায় করে আনা? অন্তত রুদ্রর পক্ষে কি সম্ভব ছিল ভূমি হারানো নিঃস্ব কৃষকের বুকে পা দিয়ে চিংড়ি ব্যবসার মধ্যস্বত্ব ভোগ করা? শেষে রুদ্র নিজেই নিকিরি হয়ে যেতে চেয়েছিল, পারেনি। ও কি বুঝতে পেরেছিল সম্বৎসর খাদ্যাভাবের দেশে ধানী জমিকে চিংড়ির ঘের বানিয়ে যে ডলার আমদানি হয়, তার এক কানাকড়িও জমি হারানো একদা প্রান্তিক কৃষকটির কল্যাণের জন্য ব্যয়িত হয় না? বুঝতে না পারার কোনো কারণ নেই। রুদ্র কি তাই আবার ফিরে এসেছিল শহরে, সেই পুরনো পরিচিত শাহবাগে, টিএসসিতে, রথখোলায় অথবা সাকুরায়? এই 'প্রত্যাবর্তনের লজ্জা' ওর ছিল না। রুদ্র তো নিজেই ভবিষ্যদ্বাণী করেছিল, 'সব কথা ফুরোলো না, চোখ ভরে সব দ্যাখা হলোনাকো দ্যাখা,/ আশ্বিনের মেঘের মতোন ঝরে গেল চোখের পলকে সব/ আকাংখার জল, গেল শিশিরের মতো ঝরে গহিন খোয়াব।/ সব কথা ফুরোলো না, হৃদয়ের সব তৃষ্ণা হলোনাকো লেখা।'

কবিতার প্রতি প্রগাঢ় ভালবাসা ও বিশ্বস্ততার একমাত্র অস্ত্র নিয়ে রুদ্র শেষ পর্যন্ত ফিরে এসেছিল, কিন্তু পৃথিবী ওকে রাখেনি, সংসার ওকে নেয়নি, একমাত্র মৃত্যুই ওকে গ্রহণ করলো পরম মমত্বে। গান গাইবার খুব শখ ছিল ওর, কিন্তু গলায় সুর ছিল না, তবুও বেসুরো গলায় গুনগুন করতো। আজ মনে হচ্ছে সেই সুরহীন কণ্ঠে মরণের গান গাইতে গাইতে 'আকাশের ঠিকানায় চিঠি' লিখে ও হারিয়ে গেল অন্ধকারে।

বাংলাদেশের মানচিত্রের মধ্যে দুর্ভিক্ষ, বন্যা আর মুক্তিযুদ্ধের বহু ছবি দিয়ে একটা কোলাজের কাজ করেছিলাম একসময়, খুব পছন্দ করেছিল ও। বলেছিল ওটা দিয়ে ওর মানুষের মানচিত্র গ্রন্থের প্রচ্ছদ করবে। তখন এই সিরিজের কবিতাগুলো এদিক ওদিক ছাপা হচ্ছিল, পাণ্ডুলিপি প্রস্তুত হয়নি। ততদিনে আমি নতুন কর্মস্থলে যোগ দিয়ে নির্বাসিত হয়েছি ঢাকার বাইরে। শেষ পর্যন্ত অবস্থানগত দূরত্বের কারণে হয়তো আমার আনাড়ি চিত্রকর্মটি দিয়ে ওর গ্রন্থের প্রচ্ছদ আর করা হয়নি। শিল্পী এস এম সুলতানের 'ফার্স্ট প্ল্যানটেশন' ছবিটির মধ্যেই ও খুঁজে পেয়েছিল মানুষের মানচিত্র।

মৃত্যুর কয়েক বছর আগে ঢাকার এক দৈনিকের সাহিত্য সম্পাদকের কক্ষে আড্ডা দিতে দিতে রুদ্র বলেছিল ওর একটা পা বোধহয় অবশ হয়ে আসছে। এটার কারণ হিসেবে ও ব্যাখ্যা দিয়েছিল মদ সিগারেট ইত্যাদিতে অত্যাধিক আসক্ত যারা তাদের এই রোগটা হতে পারে। পরে জেনেছি এই রোগের নাম 'বার্জার্স।' রুদ্রেরও হয়েছিল তাÑই। ওর একদা জীবনসঙ্গীনির লেখায় জানা যায় পরে যে, রোগটা ধরা পড়ার পর ওকে বলা হয়েছিল জীবন চাইলে সিগারেট ছাড়তে হবে। কিন্তু ও জীবনের বদলে সিগারেটই বেছে নিয়েছিল ও। খাওয়া-দাওয়ায় ক্রমাগত অনিয়মের কারণে ওর পাকস্থলীর দেয়ালও বিদ্রোহ করেছিল Ñ কিন্ত সেই আলসারেও ওর কিছু হয়নি। আমি বড্ড অবুঝের মতো ভাবি, যার হৃদয়জোড়া এত প্রেম ছিল, এত হার্দ্য ছিল যার প্রতিটি বাক্য ও কথোপকথন, এত উষ্ণতা ছিল যার হৃদয়ে– সে কীভাবে হৃদরোগের শিকার হয়ে অকালে হারিয়ে যেতে পারে। তাহলে কি ওর হৃদয়ে সত্যিই ভালবাসা ছিল না? ভালবাসা আসলেই ছিল না, শুধুই ঘৃণা ছিল সেই পরনো শুকুনদের প্রতি। এত দ্রোহ, এত ক্রোধ যার বুকে জমা ছিল, তার হৃদরোগ হওয়া কি অস্বাভাবিক? 'চোপ! ওই হালা জাউরার পুত, খবিশ জবান তোর থামা,/ কি ভাবিস, চোখের সামনে মুলা ঘুরায়ে নাচায়ে পাবি পার?/টাকা দিয়ে রক্ত ধুবি? ধূলোয় ঢাকবি লাশ? স্মৃতি, স্বপ্ন আর/ বুকের আগুনে দিবি পানি? . . . চোতমারানির জাত, আমার পোলারে তুই ভিনদেশি বুলি/ কেন চাস শেখাতে পড়াতে? তুই বাড়া ভাতে ছাই দিস কেন? . . . / থামা, খানকির পোলা, তোর ইলা-বিলা থামা/ মানুষের ঢল/ দ্যাখ নোনা দইরার মতো কুল ভেঙে কেমন গর্জায়ে ওঠে।'
এই প্রচণ্ড ক্রোধ সহজেই থামিয়ে দিতে পারে কারো হৃদপিণ্ডের স্পন্দন, সর্বগ্রাসী ক্ষোভ আর দ্রোহ নিমেষে থামিয়ে দিতে পারে মানুষের রক্তের সচল প্রবাহ। এই ক্ষোভ আর ক্রোধ যদি হৃদয় ছুঁয়ে না আসে, অন্তরের গভীর উপলব্ধিতে যদি প্রগাঢ় বিস্ফোরণের ঢেউ না তোলে, তবে হয়তো অক্ষত থাকবে তার হৃদপিণ্ড, অব্যাহত থাকবে রক্তপ্রবাহ। কিন্তু রুদ্রের এই দ্রোহ, এই ক্রোধ ছিল বিশ্বাসের মর্মমূল থেকে আহরিত, তিক্ত অভিজ্ঞতার গাঢ় অভিমানপ্রসূত। মানুষের ঢল যেমন কুল ভেঙে গর্জে ওঠে, ওর ভেতরের ক্রোধ তেমনি হৃদয়ের তন্ত্রী ছিঁড়ে গর্জে উঠেছিল। তাহলে দূরারোগ্য বার্জার্স ব্যাধি যার অঙ্গহানী করতে পারেনি, মারাত্মক আলসার যার পাকস্থলী বিদীর্ণ করতে পারেনি, কোন অভিমান আর ক্ষোভে ওর হৃদপিণ্ড থেমে গেল?
রুদ্রের মৃত্যুসংবাদ পেয়ে সুদূর ফিলিপাইন থেকে চিঠি লিখেছে আমাদের বন্ধু সৈয়দ কামরুল, 'এবছর অনেকবার দেখা হওয়ার কথা ছিল 'ইত্যাদি'তে, দেখা হলো না, ফোনেই কথা হয়েছিল . . . অনেক রাত্রি কতো জায়গায় অজস্্র স্মৃতি ওর সাথে, দেখা হলে সব সময় রুদ্র আমাকে অন্যরকম ভালোবাসায় ডাকতো।'

'ইত্যাদি' হলো কবি অসীম সাহার প্রেস এবং রুদ্র সহ অনেকের ঠিকানা। তসলিমা লিখেছে, 'রুদ্রর যখন কোনো ঠিকানা নেই, কেউ ওকে ভালবাসায় ডাকেনি, অনেকে কথা দিয়েও রাখেনি, প্রকাশক রয়্যালটি নিয়ে প্রতারণামূলক আচরণ করছে' তখন অসীম সাহা তাঁর প্রেসে রুদ্রর জন্য একটা চেয়ার টেবিল দিয়েছিল।' অথচ ওর সাংগঠনিক ক্ষমতা ও মনোহর ব্যক্তিত্ব সবার মধ্যে সৃষ্টি করে রেখেছিল এক ভালবাসার আসন। সত্তর দশকের শেষে 'রাখাল' দিয়ে শুরু আর মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় কবিতা পরিষদের সংগ্রামী কার্যক্রমের মাঝে রুদ্রর মাঝে পদচারণা আজ স্মৃতি হয়ে গেল।

আশির দশকের শুরুতে একবার একবার বাংলা একাডেমির বটমূলে একটা অনুষ্ঠান প্রায় পণ্ড হয়ে যাচ্ছিল 'সেই পুরনো শকুন'দের হামলায়। প্রবল কোলাহল, হুটোপুটি, মঞ্চে বিশৃক্সখলা, দপ করে আলো নিভে যাওয়া– এমনি এক চরম অরাজকতার মধ্যে হঠাৎ মাইকে শোনা গেল, না কোনো ভাষণ বা আহ্বান নয়–পুঁথিপাঠ। সুর করে পুঁথি শুরু করলো রুদ্র, 'বন্দনা করি, এদেশেরই অনার্য পিতার/ শ্যাম চামড়ার শ্যামল মানুষ মাটি শ্যামলার খাঁটি মানুষ যারা . . . ।' সবাই তাজ্জব হয়ে দেখলো, সব কোলাহল, হট্টগোল থেমে গিয়ে সভাস্থলে পূর্ণ নীরবতা। আর রুদ্র পড়ে যাচ্ছে, 'তারা জেগে উঠছে, ছুটে আসছে বুকে সত্য আলো, তাদের আগ-মনের বার্তা রুদ্র বইলা গেল আমার পদ্য শেষ/ আ মার পদ্য শেষ, এই দেশে, এ মাটির বাঙালি,/ আমার ভালবাসার অস্ত্রে সাহস ওঠে জ্বলি,/ ওঠে রণবাদ্য, . . . ।' এতক্ষণ উদ্যোক্তাদের শত অনুরোধ-আহ্বানে যা সম্ভব হচ্ছিল না, রুদ্র চোখের পলকে উচ্ছৃংখল ছত্রভঙ্গ শ্রোতাদের এক কাব্য শৃঙ্খলে বেঁধে ফেললো।
আমাদের ছিলেন আবুল হাসান, অকাল মৃত্যু যাঁকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল এমনি তরুণ টগবগে বয়সে, রুদ্র কার সাথে অভিমান করে, কীসের ক্ষোভে হাসানের কাছে চলে গেল এতো মানুষের ভালবাসাকে অস্বীকার করে? আমরা কেন ওকে ধরে রাখতে পারি না? যাওয়ার আগে আমাদের কাছে ওর ঠিকানা দিয়ে গেছে রুদ্র 'বাংলার আকাশ চেনে, চেনে ওই জল/ আমার সাকিন জানে নিশুতির তারা/ চরের পাখিরা জানে পাড়ভাঙা নদী/ আমি এই খুন মাখা মাটির ওয়ারিশ।' রুদ্রকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে 'কারে তুমি বেছে নিলে হৃদয়ের নিবিড়ে?/ হে পথিক কারে তুমি বেছে নিলে পাথেয়/ নির্মাণ নচিকেতা– বিনাশ না স্বাস্থ্য?'