প্রেম ও বিপ্লবের বাঁশিঅলা
কী প্রেমে, কী বিপ্লবে এক অন্তহীন প্রেরণার নাম কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)। সেই প্রেরণাকে জারিত করে গেছেন তিনি তাঁর গানে ও কবিতায়। কবিতায় বিপ্লবী চেতনাকে জাগিয়ে তোলার জন্যই তিনি 'বিদ্রোহী কবি' নামে সমধিক পরিচিত। তাঁর 'বিদ্রোহী' কবিতা তাই সময়োপযোগী এক অমর সৃষ্টি, যা সর্বকালে পরিব্যাপ্ত, গাঙের ঢেউয়ের মতো মানব হৃদয় ও মনে সঞ্চারিত এবং বজ্রের মতো কণ্ঠে উচ্চারিত।
কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল কররে লোপাট।
কিম্বা
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে
তিনি তাই সাহস ও শক্তির এক সার্থক পূজারী। বিপ্লবী চেতনা যদি সাহসের সমাচার, তবে প্রেম সেখানে এক দুর্দমনীয় ঐশ্বরিক শক্তি। তাঁর গান ও কবিতা এই দুই জীবন আধারকে করে গেছে ঐশ্বর্যময় এবং বিপুলভাবে সমৃদ্ধ ও অনুসরণীয়।
শৈশবেই পিতৃমাতৃহীন তাঁর জীবন অধ্যায় চরম দরিদ্রতার মধ্যদিয়ে শুরু। সে-জীবনকে আলোকিত ও ঐশ্বর্যবান করেন তিনি জন্মগত অভাবনীয় এবং প্রকৃত অর্থে ঈর্ষণীয় সৃজনপ্রতিভায়। দূরদর্শী দরিরামপুরের দারোগা তা ঠিকই টের পেয়েছিলেন যে জগৎজুড়ে আলো ছড়াতেই এসেছে এই কিশোর দুখু মিয়া।
দারিদ্র নিষ্পেষিত হওয়ায় জীবন তাঁর প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ছিল আষ্ঠেপৃষ্টে জড়িয়ে এবং তিনি ছিলেন তাদের প্রেরণা প্রদীপ। সেখান থেকেই হয়তো তাঁর মধ্যে ব্যক্তি ও সমাজবন্ধনে সাম্য চিন্তার বীজটি অঙ্কুরিত। তিনি তাই 'সাম্যের কবি' হিসেবেও পরিচিত। যদিও তাঁকে রাজনৈতিক ও ধর্মীয় ভাবধারার মানুষেরা খণ্ডিত দেখার চেষ্টাও করেছে। কিন্তু হিন্দু-মুসলমান সহাবস্থানে জীবনের উষালগ্ন থেকেই তাঁর মধ্যে তৈরি ছিল অসাম্প্রদায়িক চেতনা ও বোধের উদার অঞ্চলটি।
তাঁর রচিত ইসলামী গান ও শ্যামা সংগীতই তার প্রমাণ। সেইসঙ্গে রচনা করেছেন হিন্দু দেবদেবীর মহিমাস্তোত্রও। তাঁর সাহিত্যের অন্যতম অন্বিষ্ট ছিল হিন্দু মুসলমানের চিরবন্ধন। ইসলামী গান কবিতার পাশাপাশি শ্যামা সংগীত ও হিন্দু পুরাণ নিয়ে গান কবিতা রচনার মধ্যদিয়ে তাঁর অসা¤প্রদায়িক সৃষ্টিসত্তার পরিচয় সত্যিকার অর্থেই তাঁর বিরাটত্ব। প্রেম ও দ্রোহের একনিষ্ঠ রূপসাধক নজরুল ছিলেন পুরোপুরি রোমন্টিক। ফলে ছিলেন যুক্তির শৃক্সখলমুক্ত। বাঁধভাঙ্গা আবেগ তাই উথলে উঠেছে তাঁর গান ও কবিতায়। আবার চারিত্রিক দৃঢ়তায় আত্ম অহংবোধের অমিয় চেতনাটিও : 'আমি আপনারে ছাড়া করিনা কাহারো কুর্ণিশ'। কবিতার চেয়ে তাঁর গান আরো কবিত্বময়, ঢের উপমাবহুল ও গহনচারী। গানে তাঁর অস্তিত্ব অনুভূত হবে কালে কালে, যুগে যুগে।
নজরুল এক খাঁটি প্রলেতারিয়েত কবি। তাঁর রচনায় মুগ্ধ ও বিলোড়িত আপামর মানুষ এবং প্রবলভাবে আকৃষ্ট ছিলেন সমকালীন পণ্ডিত, সমালোচক ও চিন্তকরাও। তাঁর সমসাময়িক অগ্রজদের মধ্যে প্রধান দুই সমালোচক ছিলেন মোহিতলাল মজুমদার (১৮৮৮-১৯৫২) ও কাজী আবদুল ওদুদ (১৮৯৪-১৯৭০)। বলা হয়, নজরুল প্রতিভার সঠিক নির্ণয় সম্ভব ছিল একমাত্র মোহিতলালের হাতেই। তবে অগ্রজ ওদুদ ও সাহিত্যিক সাংবাদিক মোহাম্মদ ওয়াজেদ আলীর মূল্যায়নে যে স্বাতন্ত্র্য চিহ্নিত রূপটি পাওয়া যায় তা হচ্ছে, কাজী আবদুল ওদুদের মতে 'কবি নিঃসঙ্গ ব্যক্তি নন- কোনো সমাজের বা জাতির প্রতিনিধি। নজরুল এ যুগের বাঙালি জাতির প্রতিনিধিত্ব করেছেন প্রধানত জড়তার বিরুদ্ধে বারবার সংগ্রাম ঘোষণা করেও নির্যাতিত জনসাধারণের পক্ষ সমর্থন করে; আর মুসলমান সমাজের প্রতিনিধিত্ব করেছেন তাদের মনে নব নব আশার উদ্দীপনা সঞ্চার করে।' একই কথা ধ্বনিত হয়েছে মোহাম্মদ ওয়াজেদ আলীর ভাষ্যেও, 'এটা অবধারিত সত্য যে, কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ না-করলে অন্তত বাংলাভাষী মুসলিম সমাজ তার আজকার জয়যাত্রার অগ্রগতি থেকে সম্ভবত এক শতাব্দী পিছিয়ে থাকতে বাধ্য হতো।'
এ অঞ্চলের সাহিত্য ও সামাজিক বিকাশের ধারায় নজরুল যে ছিলেন বাংলা ভাষাভাষি মুসলিম সমাজের যথার্থ প্রতিনিধি এবং হিন্দু মুসলিম ঐক্য চেষ্টার কাণ্ডারি একথা অস্বীকার করার উপায় নেই। তবে চিন্তা চেতনায়ই নয় শুধু, ভাষা ও রুচির দিগন্ত উন্মোচনেও তিনি স্বাতন্ত্র এক পথিকবর।
বাংলা কবিতার রাজত্বে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এই ত্রিবেনীর মধ্যে নজরুল ভিন্নতর এ কারণে যে, তিনি আধুনিক বাস্তবতায় বিশ্বরুচির পরিচয় দিলেও মনেপ্রাণে ছিলেন বাঙালি জাতীয়তাবাদের ধারক, এ অনার্য দেশের খাঁটি অনার্য এক কবি। অন্যদিকে মধ্যযুগীয় রাজতন্ত্র উচ্ছেদ করে আধুনিক বাংলা ভাষার জন্মদাতা দুই প্রধান ভাষা বিপ্লবী মধুসূদন ও রবীন্দ্রনাথ বাংলা ভাষা ও ছন্দে নতুন যুগস্রষ্টা ও বিপ্লবী হয়েও সর্বভারতীয় আর্যবাদী ও ইউরোপীয় রেনেসাঁসের মানস-সন্তান। সেক্ষেত্রে উদার, সংস্কারমুক্ত নজরুল জড়ত্বের বিরুদ্ধে সংগ্রামশীল মানুষের জন্য একাই একটি স্বপ্নবিশ্ব। বাংলা সাহিত্যে তাঁর আবির্ভাব নতুন এক দিগন্ত উন্মোচন। শুধু গান কবিতা নয়, নজরুলের সাহিত্য কর্মপরিধি আরও বিস্মৃত। গান কবিতা ছাড়া তিনি একাধারে গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গীতিকার, সুরকার, সংগীত ও চলচ্চিত্র পরিচালক, অভিনেতা এমনকি পত্রিকার সুসম্পাদকও। যদিও সবকিছু ছাপিয়ে কবি অভিধা তাও আবার 'বিদ্রোহী কবি' হিসেবেই চিহ্নিত হয়ে আছেন তিনি। কিন্তু তার জন্য তাঁকে 'ক্ষণকালের দামামার কবি' বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। তিনি প্রকৃত অর্থে বাংলা ভাষার বড় কবি। এটা প্রমাণ করেছেন বিশিষ্ট নজরুল গবেষক ও সব্যসাচী লেখক আবদুল মান্নান সৈয়দ। তিনি নজরুলের কবিতার মধ্যে তিনটি ধারা উন্মোচন করেছেন। এক. স্বপ্নলোকচেতনা, দুই. লোকায়ত উন্মেষ ও তিন. ইসলামী চেতনা। প্রথম ধারায় জীবনানন্দ দাশ, প্রেমেন্দ্র মিত্র, ফররুখ আহমদ প্রমুখ, দ্বিতীয় ধারায় প্রেমেন্দ্র মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণু দে (প্রথম পর্যায়), সুকান্ত ভট্টাচার্য, বেনজির আহমদ, মঈনুদ্দিন, দিনেশ দাস, সিকান্দার আবু জাফর প্রমুখ এবং তৃতীয় ধারায় গোলাম মোস্তফা, শাহাদাৎ হোসেন, ফররুখ আহমদ, সৈয়দ আলী আহসান (প্রথম পর্যায়), সৈয়দ আলী আশরাফ, তালিম হোসেন প্রমুখ ছিলেন তাঁর কবিতায় প্রভাবিত। এই যে তিনটি ধারায় জীবনানন্দ, ফররুখ আহমদ ও সুকান্তের মতো পরস্পর বিপরীত উজ্জ্বল কবি নক্ষত্রকে প্রভাবিত করা তা কেবল দুর্দান্ত মেধাবী হলেই সম্ভব। নজরুল সেই কাজটির জন্যই একক ও অনন্য।
