রবীন্দ্র-প্রণাম
রবীন্দ্রনাথ তাঁর গানের ব্যাপারে আশাবাদ উচ্চারণ করে বলেছিলেন, তাঁর গানকে বাঙালি কোনদিন পাশ কেটে যেতে পারবে না। কবিগুরুর আশাবাদ যে মিথ্যে নয় ইতোমধ্যেই তা প্রমাণিত হয়েছে। আমরা আমাদের আনন্দ-বেদনায়, উৎসবে-অনুষ্ঠানে এবং প্রাত্যহিকতায় নিত্য রবীন্দ্রসঙ্গীতের সুরমূর্ছনায় অবগাহন করছি। শতবর্ষের বহুল ব্যবহারে কখনো তিনি মলিন হয়ে যাননি। রবীন্দ্রনাথের গানের বাণী প্রতিদিন আমাদের আচ্ছন্ন করে রেখেছে; কখনো আমাদের পবিত্র করেছে, কখনো একাকীত্বে সঙ্গী হয়ে শূশ্রুষা দিয়েছে, কখনো প্রণয়ে নিবিড় করেছে, কখনো ভ্রমণজনিত ক্লান্তি দূর করেছে, দেশপ্রেমে আকুল করেছে, আবার কখনো সত্য-সুন্দর-কল্যাণের পথে চলতে সাহস যুগিয়েছে। রবীন্দ্রনাথকে ছাড়া শিষ্ট বাঙালির সাংস্কৃতিক অগ্রযাত্রা কি একদিনের জন্যে-এক মুহূর্তের জন্যেও সচল থেকেছে? থাকেনি। এ সত্য উচ্চারণের স্পর্ধার রহস্য উন্মোচনের সূত্র হিসেবে রবীন্দ্র সঙ্গীতের সর্বব্যাপী বিস্তৃতির শক্তিকেই আশ্রয় করতে চাই।
সঙ্গীত যৌথশিল্প হিসেবে নিজের অবস্থানকে এমন এক উচ্চতায় নিজেকে অধিষ্ঠিত করেছে, যে চাইলেই মানব জীবনে সঙ্গীতের অনিবার্যতাকে কেউ অস্বীকার করতে পারি না। যৌথশিল্প সঙ্গীতের প্রাথমিক ভিত্তি এর বাণী। বাণী ছাড়া সুর যেমন অন্যের অন্তরকে আলোড়িত করতে অক্ষমপ্রায়, তেমনি বাণী ছাড়া সুর একের চেতনাকে অন্যের হৃদয়কে আবেগতাড়িত করতেও নিরুপায়। গানের বাণী মানে 'গীতিকবিতা'। বাণীতে যদি কবিতার ঘাটতি থেকে যায়, তবে সে গানের স্থায়িত্ব কখনো দীর্ঘায়ু হতে পারে না। গানের উৎকর্ষের জন্য উত্তীর্ণ কবিতাই তাই প্রথম শর্ত। উৎকর্ষের দ্বিতীয় শর্ত 'সুর' এবং তৃতীয় শর্ত গায়কী। একটি উত্তীর্ণ গীতিকবিতার সঙ্গীত হিসেবে স্থায়িত্বের জন্য এর বাণী-সুর-গায়কী এবং অনুষঙ্গ হিসেবে যন্ত্রের সর্বোচ্চ সঠিক ব্যবহার আবশ্যক। আমি এখানে রবীন্দ্র সঙ্গীতের ভুবনবিস্তারী বাণীকেই তুলে আনতে সচেষ্ট থাকবো। কবি রবীন্দ্রনাথের বাণীর বিস্তৃতি বুঝতে তাঁর সঙ্গীতে মগ্নতার বিষয়টিকে স্পর্শের চেষ্টা করবো। যখন রবীন্দ্রনাথ লেখেন–
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো দহন-দানে ॥
আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার ওই দেবালয়ের প্রদীপ করো-
নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে ॥
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারারাত ফোটাক তারা নব নব।
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথায় দেখবে আলো–
ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব-পানে ॥
তখন আমরা যেমন আত্মনিবেদনের জন্যে তাঁর বাণীর ঋদ্ধিতে নিজেকে প্রস্তুত করে নিতে পারি, একই সাথে পরিপার্শ্বকে দিতে পারি আলোকদ্যুতির সন্ধান। রবীন্দ্রনাথ তাঁর গান নিয়ে যেমন গবেষণায় ব্রতী হয়েছেন তেমনি নিজের সঙ্গীতকে ঋদ্ধি দিতে বিশ্বসঙ্গীতের সুরে অনুসন্ধান করেছেন বাংলাদেশের মাটির সুর; একইভাবে লোকবাংলার সুরকে নবজীবন দান করেছেন নিজের গানে 'ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে', 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে', 'এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাসা তরী' অথবা 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি' এ রকম অসংখ্য গান তিনি লিখেছেন, যা বাংলার লোকসঙ্গীতের সুরের আশ্রয়ে সন্নিবেশিত।
রবীন্দ্রসঙ্গীতের বাণীতে তিনি আরও একটা বিষয় গভীর যত্নে লালন করেছেন, যা তাঁকে দিয়েছে অনন্য এক ঋদ্ধি। রবীন্দ্রনাথের সাহিত্যে সীমার সাথে অসীমের মেলবন্ধন সৃষ্টির যে অতুলনীয় মুন্সিয়ানা তার সিংহভাগ প্রতিফলিত হয়েছে তাঁর সঙ্গীতে। যখন তিনি উচ্চারণ করেন–
তুমি রবে নিরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম ॥
মম জীবন যৌবন মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম ॥
তখন কবির জীবন দেবতা সাকার থেকে নিরাকারে একাকার হয়ে যায়। একই গান তখন আমরা প্রণয়িনীর মনোরঞ্জনে যেমন নিবেদন করি, তেমনি পুজায় দেবতার উদ্দেশেও নৈবেদ্য দিতে উচ্চারণ করি। রবীন্দ্রসঙ্গীতে বাণীর এমন ব্যাপ্তি আমাদের হৃদয়ে অমিয় বর্ষণ করে চলে। তিনি যখন উচ্চারণ করেন–
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে-
নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে ॥
তোমার অভিসারে যাব অগম-পারে
চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে ॥
পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা-
দুখের মাধুরীতে করিল দিশাহারা।
সকলই নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে-
মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে ॥
মুগ্ধ পাঠক-শ্রোতা তখন দ্বিতীয়বার, তৃতীয়বার রবীন্দ্র সঙ্গীতের বাণী আত্মস্থ করতে সচেষ্ট হন। বারবার রবীন্দ্র সঙ্গীতের বাণীর অমিয়ধারায় নিজেকে স্নাত করে পূর্ণ-পুণ্য এবং শুদ্ধ করে নেন। এভাবেই রবীন্দ্র সঙ্গীতের বাণী আমাদের কাছে বর্ষে বর্ষে, মাসান্তে, সপ্তাহান্তে প্রতিদিন দণ্ডে দণ্ডে পলে পলে ফিরে আসে। কেবল পঁচিশে বৈশাখের জন্মতিথি নয়, রবীন্দ্রনাথ হয়ে থাকেন আমাদের প্রাত্যহিক জীবনাচারের অনিবার্য অনুষঙ্গ। রবীন্দ্রনাথ হয়ে থাকেন আমাদের প্রতিদিন প্রত্যুষের-দিবস-রজনীর প্রণম্য মহাপুরুষ। ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথের ১৫৫তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি জানাই বিনম্র প্রণাম।
