ভালোবাসার রাজনীতি ও রবীন্দ্রনাথ
কথাটা বলেছিলেন ফ্র্যান্সিস ফুকিয়ামা– ইতিহাসের পরিসমাপ্তি ঘটে গেছে। আমাদের এই সময়টাকে যদি বিশ্বায়নের কাল বলে ধরে নিই, তাহলে এর একদিকে আছে এককেন্দ্রিক আধিপত্যের প্রতাপ, অন্য দিকে পাওয়া যাবে বিশ্বায়নবিরোধী প্রতিরোধের বয়ান। এককেন্দ্রিক পশ্চিমী বিশ্বায়নের বিরুদ্ধে অপশ্চিমী অনগ্রসর দেশগুলি এভাবেই অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলছে। এশিয়াও এরই ধারাবাহিকতায় তার নিজস্ব মতাদর্শ তৈরি করে ইউরোকেন্দ্রিকতার বিরুদ্ধে দাঁড়িয়েছে (এ প্রসঙ্গে উল্লেখ করা যায় গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের Other Asias এবং রুস্তম ভারুচার Another Asia শীর্ষক দুটি গ্রন্থের কথা)। প্রশ্ন হলো, এককেন্দ্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমজাতীয়তা (homogenization) প্রতিষ্ঠিত হলে এশিয়ার নিজস্ব কণ্ঠস্বর কি লুপ্ত হয়ে যাবে, ফুকিয়ামা যাকে ইতিহাসের পরিসমাপ্তি বলে ঘোষণা করেছিলেন?
এই প্রেক্ষাপটে আমরা যদি পেছনে ফিরে তাকাই, রবীন্দ্রনাথের ভাবনাকে বিবেচনায় আনি, তাহলে কীভাবে তিনি পশ্চিমী আধিপত্যবাদী ভুবনীকরণের বিরুদ্ধে মতাদর্শিক প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিলেন, তার পরিচয় পাওয়া যাবে। সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক প্রক্রিয়া– যা আসলে পশ্চিমী আধুনিকতারই বিষয়- এসবের ওপর নির্ভর করে ভারত এবং এশিয়ার পক্ষ থেকে তিনি বিকল্প আধুনিকতার প্রস্তাব দিয়েছিলেন। রবীন্দ্রভাবনা যদিও এখন প্রান্তিক হয়ে পড়েছে– কিছুটা ইউটোপীয় সাহিত্যিক সংবেদনা আর কিছুটা উগ্রপন্থার চাপে– তবু তিনিই প্রথম ভালোবাসার রাজনৈতিক ডিসকোর্স হাজির করেছিলেন।
রবীন্দ্র-বীক্ষণ আসলে সবসময়ই ব্যতিক্রমধর্মী। আধুনিকতা সর্বত্র সমজাতিক (homogeneous) বা সমরূপী (symmetrical) নয়। বিশেষ বিশেষ সাংস্কৃতিক পরিস্থিতি অথবা সভ্যতাকে কেন্দ্র করে বহুত্বের মধ্য দিয়ে মানবতা ও মানবিক অগ্রসৃতিকেই সে তুলে ধরে। রবীন্দ্রনাথের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নৈতিক-রাজনৈতিক (ethicopolitical) মতাদর্শের দিকটি। ভবিষ্যতের জন্য তিনি প্রস্তাব করেছিলেন সর্বজনীন মানবতাবাদের (universal humanism), যা প্রতিষ্ঠিত হবে প্রেমের নৈতিক শক্তি আর অধ্যাত্মধর্মী ঐক্যের ওপর। এই মানবতাবাদে স্থান করে দিতে হবে 'অপর'কে (Other)। আমাদের এখনকার ভূরাজনৈতিক দিক থেকে ভাবলে, গত দু-তিন দশকে সাংস্কৃতিক জাতীয়তাবাদের যে উত্থান ঘটেছে– বসনিয়া-হার্জেগোভিনা, রোয়ান্ডা, চেচনিয়া, দারফুর, ভারত, ইরাক কিংবা ক্রিমিয়ায়– রবীন্দ্রনাথের এই ভাবনাকে আরও আকর্ষক, আরও প্রাসঙ্গিক বলে মনে হবে। তিনি বিশ্বাস করতেন, ঐতিহাসিক এবং সমকালীন দু-দিক থেকে পশ্চিম ও পুবের মধ্যে ভারতের অন্তর্বর্তী অবস্থান। উল্লিখিত রবীন্দ্রবীক্ষণের প্রেক্ষাপটে এই লেখায় রবীন্দ্রনাথের দার্শনিক, রাজনৈতিক এবং নৈতিক– এই তিনটি দিকের ওপর সংক্ষেপে আলোকপাত করা হবে।
প্রথমেই জাতীয়তাবাদবিরোধী প্রসঙ্গ। জাতীয়তাবাদের বিকল্প হিসেবে রবীন্দ্রনাথ সুবিবেচক সাংস্কৃতিক গৌরবের প্রতি আস্থা স্থাপন করেছিলেন। দ্বিতীয়ত, তিনি ভারতকে পশ্চিম ও পুবের মধ্যে বিশেষ মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখতে চেয়েছেন এবং ভারত ও এশিয়াকে বিশ্বে পুনঃপ্রতিষ্ঠিত করার কথা বলেছেন। তাঁর এই ভাবনা এশীয় সংহতি এবং বিশ্বে সম্মিলিতভাবে এশিয়া কী ভূমিকা পালন করবে, সেই ইঙ্গিত দেয়। রবীন্দ্রনাথ প্রস্তাব করেছেন, পশ্চিমের জ্ঞানদীপ্তির সঙ্গে পুবের মানবিক ধারণার সংমিশ্রণ ঘটিয়ে আধুনিক আত্মপরিচয় নির্মাণ করতে হবে। এর মধ্য দিয়েই ঘটবে ভারতীয় আধুনিকতার পুনরুজ্জীবন, যা একইসঙ্গে ভবিষ্যতমুখী আর মানবিক। রবীন্দ্রনাথ তৃতীয় যে দিকটির ওপর গুরুত্ব আরোপ করেছিলেন, তাহলো কামনাবাসনাযুক্ত প্রেম। এই প্রেমকে তিনি শুধু সাংস্কৃতিক ধারণা হিসেবে প্রতিষ্ঠিত করেননি, সর্বজনীন মানবিকতার রূপক হিসেবেও তত্ত্বরূপ দিয়েছিলেন। বাসনাযুক্ত এই যে প্রেম তা ভাবাবেগের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, লৈঙ্গিক সম্পর্কের বিভিন্ন বর্গের মধ্যে এর অনুপ্রবেশ ঘটিয়ে ঘর ও বাইরের জগত, ব্যক্তিক ও গণপরিসরের দ্বন্দ্ব আর সম্ভাবনার দিকগুলিও পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন। বলা নিষ্প্রয়োজন, এই বিষয়গুলি একটি অপরটির সঙ্গে সম্পর্কিত। এসবের মধ্য দিয়েই তিনি জাতীয়তাবাদের সমালোচনা করেছেন, ভারতের অবস্থানকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চেয়েছেন এবং প্রেমকে নৈতিকতার রূপক হিসেবে গঠন করে সর্বজনীন মানবতাবাদী মতাদর্শের প্রতিষ্ঠা ঘটিয়েছেন। রবীন্দ্রনাথের উপন্যাসের এ হচ্ছে মৌলিক দার্শনিক-নৈতিক-রাজনৈতিক বৈশিষ্ট্য, আরও সুস্পষ্টভাবে বললে এটাই হচ্ছে রবীন্দ্র-ডিসকোর্সের বিকল্প এশীয় আধুনিকতা।
২
জাতীয়তাবাদের নিরন্তর সমালোচনা– রবীন্দ্র-ডিসকোর্সের প্রথম প্রসঙ্গ। লেখায়, বাচনে, বিবৃতিতে শুধু ভারতে নয়, জাপান ও চীনে গিয়েও এর বিরুদ্ধে মুখর ছিলেন রবীন্দ্রনাথ। জাপানের জাতীয়তাবাদী সমাজচিন্তক য়ুকিচি ফুকোজাওয়ার (১৮৩৫-১৯০১) বিরুদ্ধাচারণ যেমন করেছিলেন, তেমনি ইয়োনে নোগুচির 'এশিয়ার জন্য এশিয়া'র ধারণাকেও অগ্রাহ্য করেছেন। জাপানের সামরিক জাতীয়তাবাদের সমালোচনা করে রবীন্দ্রনাথ বলেছিলেন, জাপান চীন আক্রমণ করায় আমার হৃদয় ভেঙে গেছে। জাপান আর তার গৌরবের জায়গায় নেই। পশ্চিমী জাতীয়তাবাদেরও তীব্র সমালোচনা করেছিলেন রবীন্দ্রনাথ। গভীর ক্ষোভের সঙ্গে বলেছিলেন, একটা বিমূর্ত সত্তা, যাকে বলা হয় 'জাতি' (nation), ভারত শাসন করছে। পশ্চিমী জাতি হচ্ছে আধুনিকতার চিহ্ন। পশ্চিমী আধুনিকতাকে সমালোচনা করে রবীন্দ্রনাথ প্রাধান্য দিয়েছিলেন অপশ্চিমী আধুনিকতার।
রবীন্দ্র-ডিসকোর্সের দ্বিতীয় প্রসঙ্গটি ছিল ভারতকে পুবে ও পশ্চিমে, অথবা পুব ও পশ্চিমকে ভারতে পুনঃপ্রতিষ্ঠিত করা। এশিয়াকেও তিনি একইভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এক্ষেত্রে ভারতের ভূমিকা হবে সাংস্কৃতিক মধ্যস্থতাকারীর। প্রাক অথবা অনাধুনিক সমাজের (এশীয়/ভারতীয়) সঙ্গে জ্ঞানদীপ্তির আধুনিকতার (পশ্চিমী অথবা জ্ঞানদীপ্তির) মধ্যে সংযোগ স্থাপনের ভূমিকা পালন করবে ভারত। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে এভাবে শুধু সাংস্কৃতিক ক্ষেত্রে নয়, ভূরাজনৈতিক ক্ষেত্রেও ভারত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, কোনো সন্দেহ নেই, আদর্শবাদী ভাবুক ছিলেন। কিন্তু তিনি যেমন বর্ণহীন বিমূর্ত সর্বজাতিকতার (cosmopolitanism) কথা বলেননি, তেমনি জাতি-পুজারও প্রচণ্ড বিরোধী ছিলেন। তবে রবীন্দ্রনাথ একা নন, চীন ও জাপানের কিছু বুদ্ধিজীবী এশিয়া সম্পর্কে গর্ব অনুভব করতেন। প্রাচ্যের মহিমা সম্পর্কে তাঁরাও সচেতন ছিলেন। এদেরই একজন হচ্ছেন জাপানের প্রভাবশালী জাতীয়তাবাদী বুদ্ধিজীবী ওকাকুরা তেনশিন (১৮৬২-১৯১৩)।
রবীন্দ্রনাথ ও ওকাকুরা ছিলেন সমবয়সী। দুজনেই পরীক্ষামূলক বিদ্যালয় স্থাপন করে জাতীয় ঐতিহ্য ও গৌরব প্রতিষ্ঠার কথা বলেছিলেন। পশ্চিমী আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে তাঁরা এশীয় সংস্কৃতির মৌলিক ভাবাদর্শকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। রবীন্দ্রনাথ ও ওকাকুরা এই ধারণা পোষণ করতেন যে, 'এশিয়া হচ্ছে একক ও অনন্য'। ওকাকুরার লেখা 'প্রাচ্যের ভাবাদর্শ' গ্রন্থের শুরুতেই রয়েছে এই বাক্যটি, যা তাঁর লেখায় ধ্রুবপদের মতো ঘুরেফিরে এসেছে। গ্রন্থটি শেষ হয়েছে প্যান-এশীয় ভাবনা দিয়ে, যাতে বলা হয়েছে সমকালীন ইউরোপীয় বিচ্ছিন্নতা এবং বিচূর্ণ সভ্যতার বিপরীতে এশিয়াই প্রকৃত সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে পারে (ক্রিস্টোফার বেন্টলে, The Great Wave: Gilded Age Misfits, Japanese Eccentrics, and the Opening of Old Japan (New York: Random House, 2002), 91-92)। রবীন্দ্রনাথও সংকীর্ণ জাতীয়তাবাদের বিরুদ্ধে এশীয় ঐতিহ্যকেই পাল্টা ডিসকোর্স হিসেবে হাজির করেছিলেন। তাঁর এই ভাবনা ছিল সর্বজাতিকতার ওপর প্রতিষ্ঠিত। সি. এফ. এন্ড্রুজকে লেখা একটা চিঠিতে রবীন্দ্রনাথের এই ভাবনার পরিচয় পাওয়া যায় : 'মানুষের তৈরি যা কিছু আমরা বুঝতে পারি এবং উপভোগ করতে পারি, সঙ্গে সঙ্গে তাকে আমরা আপনার করে নিই Ñ যেখানেই তার উৎপত্তি হয়ে থাক না কেন (অমর্ত্য সেন-এর লেখায় উদ্ধৃত, তর্কপ্রিয় ভারতীয়, কলকাতা : আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, পৃ. ১১৪)।' রবীন্দ্রনাথ বলেছেন শুধু ভারত নয়, প্রাচ্যের ভাবমূর্তিকে তুলে ধরার ব্যাপারে জাপানেরও অনেক কিছু করার আছে। এশিয়া আসলে একটি বৈচিত্রপূর্ণ এলাকা। একটি এশিয়া নয়, আছে নানা ধরনের এশিয়া (স্পিভাক, প্রাগুক্ত)।
রবীন্দ্রনাথ বলেছেন, পশ্চিমের কাছে প্রাচ্য হচ্ছে এক রহস্য, অবস্তুগত সত্তা বা 'অপর'। প্রাচ্য বলে পশ্চিম ভারতকে যে রহস্যপূর্ণ অভিধা দিয়েছে, তার মধ্যেই ভারতের ভূমিকা হারিয়ে যাবে না। পাশ্চাত্য নিজেকে বড় করে দেখাবার জন্যই প্রাচ্যকে এভাবে চিহ্নিত করেছে। রবীন্দ্রনাথ পশ্চিমী এই ভাবালুতায় পূর্ণ প্রাচ্যবাদেরই বিরোধিতা করেছেন, প্রতিরোধ করেছেন। তিনি বলেছেন, 'বিশ্বায়িত ভবিষ্যত পৃথিবীর কাছে ভারত বিশ্বসংস্কৃতির আদর্শ হয়ে উঠতে পারে। পুরো পৃথিবীই এখন বিজ্ঞানের মাধ্যমে একটি একক রাষ্ট্র হয়ে উঠছে। এমন একটা সময় আসবে যখন রাজনীতি ঐক্যের ভিত্তি হবে না। ভারত তখন বিশ্বকে মানবতার মাধ্যমে ঐক্যবদ্ধ করবার সূত্র হাজির করতে পারবে (রবীন্দ্রনাথ ঠাকুর, Nationalism)।'
রবীন্দ্রনাথ তৃতীয় যে দিকটির ওপর গুরুত্ব আরোপ করেছিলেন সেটি হলো প্রেম। নৈতিক-রাজনৈতিক দিক থেকে তিনি এই প্রেমের পুনঃপ্রতিষ্ঠা ঘটিয়েছেন। সর্বজনীন মানবতার প্রতি তাঁর অঙ্গীকার থেকেই এই প্রেমের কথা বলেছেন রবীন্দ্রনাথ। এই মানবতা সর্বজনীনতা ও সর্বজাতিকতা, বিশেষ ও স্থানিকতার দ্বন্দ্বকেও অতিক্রম করে গেছে। রবীন্দ্রনাথ এইসব দ্বন্দ্বকে এড়িয়ে প্রেমকে তাঁর উপন্যাসে রূপকের আকারে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। প্রেমই, রবীন্দ্রনাথ ভেবেছেন, সবচেয়ে শক্তিশালী অন্তরঙ্গ মানবিক বন্ধন। প্রশ্ন উঠতে পারে, কী ভূমিকা পালন করতে পারে এই প্রেম? রবীন্দ্রনাথের মতে 'লোভ, আত্মপরতা, যুদ্ধ, জাতীয়তাবাদের হাত থেকে' মানুষকে রক্ষা করে সমগ্র মানবগোষ্ঠীকে ঐক্যের বন্ধনে বেঁধে ফেলতে পারে প্রেম। সংক্ষেপে বললে, ব্যক্তিগত জীবনে যেমন ঘটে, তেমনি ভাবে গণপরিসরেও প্রেমের নৈতিক-রাজনৈতিক ভূমিকা রয়েছে। এই প্রেম আসলে এক ধরনের রূপক, যা ব্যক্তিজীবন ও গণজীবন, ঘর ও বাইরের জগত, পাশ্চাত্য ও প্রাচ্যের মধ্যে যে বিভাজন আছে, তাকে পুনর্গঠিত করে নেয়। ভালোবাসার এই ডিসকোর্সের ওপর ভর করেই ভারত বিশেষ সাংস্কৃতিক ভূমিকা পালন করতে পারে।
৩
রবীন্দ্রনাথের প্রেমভাবনা মূলত দুই ধরনের : আবেগিক এবং নৈতিক-রাজনৈতিক। স্বতঃস্ফূর্ত অনুভব থেকে উৎসারিত হয় আবেগিক প্রেম, যা মানুষকে প্রামাণিক মানবিক বন্ধনে বেঁধে ফেলে বা সম্পর্কিত করে। এটি মানবিক সমাজের এমন একধরনের উঁচু সংবেদনশীল অনুভব, যা কোনো মতাদর্শ দিয়ে ব্যাখ্যা করা যায় না। ভারত জাতীয়তাবাদী রাজনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যে যে সমাধান খুঁজবে, তা 'সহানুভূতি' এবং মানুষের সত্যিকার ঐক্যভাবনার ওপর প্রতিষ্ঠিত হতে হবে (রবীন্দ্রনাথ ঠাকুর, প্রাগুক্ত)। রবীন্দ্রনাথ শৈশব থেকেই এই সহানুভূতি বা সহৃদয়তার সঙ্গে পরিচিত ছিলেন, সাংস্কৃতিকভাবে যাকে তিনি সর্বজনীন সহানুভূতি (universal sympathy) বলে জেনে এসেছেন। দীপেশ চক্রবর্তীর লেখায় এই সহানুভূতির একটা ব্যাখ্যা পাওয়া যায়। ইউরোপীয় সহানুভূতি-তত্ত্বের মতো এটি কল্পনাপ্রসূত মানসিক অবস্থা নয়, যুক্তিশীলতার সঙ্গেও এর সম্পর্ক নেই। এর সম্পর্ক ব্যক্তিমানুষের 'হৃদয়ে'র সঙ্গে। এই হৃদয় উনিশশতকের ইংরেজি heart শব্দের সমার্থক হয়ে উঠেছিল। রবীন্দ্রনাথের মধ্যে এই সহানুভূতির সূচনা ঘটেছিল রামমোহন রায় এবং বিদ্যাসাগরের মাধ্যমে। দীপেশ চক্রবর্তীই জানাচ্ছেন (দীপেশ চক্রবর্তী, Provincializing Europe: Postcolonial Thought and Historical Difference), সহানুভূতির দার্শনিক বিকাশ ঘটেছিল অ্যাডাম স্মিথ অথবা ডেভিড হিউমের লেখায়, প্রেমানুভব থেকে কিছুটা ভিন্ন হলেও, প্রেমের পরিপূরক হিসেবে সেই ভাবনাকে বিবেচনা করা যেতে পারে। আঠারো শতকের শেষ দিকে ইউরোপে যে রোমান্টিক দৃষ্টিভঙ্গির সূত্রপাত ঘটেছিল– 'প্রথম দর্শনেই প্রেম', সত্যিকারের বিশেষ প্রেম–এই প্রেম সেই প্রেমানুভব থেকেও আলাদা (জন লেশতে, Key Contemporary Concepts: From Abjection to Zeno's Paradox)। রবীন্দ্রনাথের ভালোবাসার এই ডিসকোর্সকে পাশ্চাত্য দর্শনের নৈতিক-দার্শনিক ভাবনার সঙ্গেও তুলনা করা যেতে পারে, যেখানে সামাজিক ও রাজনৈতিক লক্ষ অর্জন করতে হলে প্রেমানুভব অপরিহার্য একটা শর্ত বলে গণ্য করা হয় (উইলিয়াম জে. ব্রায়েন, Character at Work: Building Prosperity Through the Practice of Virtue)। আমাদের এই সময়েও যে বিশ্বদৃষ্টিভঙ্গী, অর্থাৎ সহানুভূতির ওপর ভর করে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদের বিরোধিতা করেছিলেন এবং এশিয়াকে বিশ্বসভায় পুনঃস্থাপিত করতে চেয়েছিলেন, তার প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যাবে 'মুনাফা' 'ক্ষমতা'র কথা বিবেচনা করলে। রবীন্দ্রনাথের লক্ষ ছিল আসলে জাতিগত অহমের ওপর প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যে পাল্টা ডিসকোর্স নির্মাণ করা। আগামবেন আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে, পাসকাল, অগাস্তিন, এমনকি হাইদেগারও মনে করতেন আমরা সত্যের মধ্যে প্রবেশ করি দয়ার্দ্র হলে। সম্প্রতি রণজিৎ গুহ 'দয়া রামমোহন রায় ও আামদের আধুনিকতা' শীর্ষক গ্রন্থে দয়া ও সহানুভূতির সঙ্গে আমাদের জীবনের যে অঙ্গাঙ্গী সম্পর্ক, তার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন (রণজিৎ গুহ, দয়া রামমোহন রায় ও আমাদের আধুনিকতা )।
হাইদেগারও মনে করতেন, স্বার্থহীন প্রেম না হলে তা ভ্রান্ত, অকিঞ্চিতকর। যেহেতু সমাজ হলো মানুষের জটিল সম্পর্কের চারণভূমি, ফলে মানবিক সম্পর্কের মাত্রাটা কেমন, সম্পর্কটা কেমন, সেই মৌলিক দিকটির ওপর গুরুত্বারোপ করা উচিত। প্রেমকে রোমান্টিক খেয়ালখুশি বলে যেমন অগ্রাহ্য করা যায় না, তেমনি আইন, রাজনীতি, সরকারি বিধিনিষেধের বেড়াজালে আটকে ফেলা উচিত নয়। হাইদেগার যুক্তি দিয়েছিলেন যে প্রেমকে শুধু অনুরাগ দিয়ে চিহ্নিত করা যায় না। তার মতে প্যাশন, যেমন প্রেম ও ঘৃণা ক্ষণস্থায়ী বা স্বতস্ফুর্ত নয়, এই প্রবণতাগুলি সবসময় ব্যক্তিমানুষের মধ্যে উপস্থিত রয়েছে এবং জীবনের শুরু থেকেই তা আমাদের সত্তাকে প্রকাশ করে চলেছে (গিয়োর্গিও আগামবেন, Potentialities: Collected Essays in Philosophy, ed. And trans. Daniel Heller-Roazen)।
রবীন্দ্রনাথ এই প্যাশন বা ভালোবাসার তীব্র আবেগ দিয়ে সামাজিক জীবনকে অনুভব করার চেষ্টা করেছেন। ফলে, তাঁর ভাবনা কেন্দ্রিভূত থেকেছে প্রেমে। তিনি ভেবেছেন, মানুষের কাছে এটাই হচ্ছে পরম প্রার্থিত বিষয়। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এই প্রেমের মধ্য দিয়েই পূর্ণতা পায়। সামাজিক ও রাজনৈতিক সন্দর্ভেরও (ডিসকোর্স) মূল কথা হচ্ছে এই প্রেম। রাজনীতির রূপক হিসেবে রবীন্দ্রনাথ তাই যখন বাসনাতাড়িত এবং কিছুটা শরীরী প্রেমকে তাঁর বিভিন্ন রচনায় উপস্থাপন করেন, তখন বিস্ময়ের কিছু থাকে না। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যখন জাতীয় চেতনার উন্মেষ ঘটলো তখন এই প্রেমই তাঁকে বিকল্প পথের সন্ধান দিয়েছে। কিন্তু 'সন্ত্রাসবাদী' বা 'সন্তানের দল' যে অর্থে মাতৃপ্রেমকে জাতীয়তাবাদের উৎস মনে করেছিল, রবীন্দ্রনাথ সেই অর্থে প্রেমকে ব্যবহার করেননি। ব্যক্তিপ্রেমকে তিনি গণমানুষের প্রেম থেকে আলাদা করে দেখেননি। রবীন্দ্রনাথের ভাবনায় প্রেম হচ্ছে চিন্তন এবং সক্রিয়তার যুগ্ম অভিযান। ব্যক্তিক সংকীর্ণতা এবং অরাজনৈতিক অবস্থা থেকে মুক্ত করে প্রেমই আমাদের বৃহৎ পৃথিবীর সঙ্গে মিলিয়ে দিতে পারে। রবীন্দ্রনাথ তাঁর সমকালে লক্ষ করেছেন, বিশ্বের বহু অঞ্চলে জাতীয়তাবাদ সামাজিক ঐক্যকে সংকটাপন্ন করে তুলেছে। জাতির মতো বিমূর্ত একটি শক্তি মানবতাকেও সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের আদর্শায়িত প্রেম ছিল সাংস্কৃতিকভাবে সর্বজনীন, এশীয় জাতির ভাবাদর্শ, রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। কিন্তু লক্ষ করলে দেখা যাবে তিনি এর উদ্ভাবক ছিলেন না। প্রাথমিকভাবে পারিবারিক আবহে ব্রাহ্মধর্মের উদার দৃষ্টিভঙ্গি এবং পরে বঙ্কিমচন্দ্রের 'বন্দে মাতরম' তাঁকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল। বঙ্গভঙ্গের সময় তাঁর এই বোধ আরও গভীর হয়। ফলে, জীবনের শুরু থেকেই রবীন্দ্রমানস প্রেমের সন্দর্ভে আচ্ছন্ন ছিল। কিন্তু তিনি আগ্রাসী জাতীয়তাবাদী আত্মম্ভরিতাকে কখনও প্রাধান্য দেননি। ভালোবাসা ছাড়া দেশপ্রেম অসম্ভব, এই ছিল তাঁর অভিমত। প্রেমেই শিকড়িত থাকে দেশপ্রেম অথবা দেশপ্রেমের মধ্যে প্রেম।
ভারতকে প্রাচ্যে ভূরাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করাই রবীন্দ্রনাথের লক্ষ ছিল না, প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ভারতকে পুনঃপ্রতিষ্ঠিত করাও তাঁর লক্ষ ছিল। এরই সূত্রে তিনি ভেবেছিলেন বিকল্প আধুনিকতার কথা। সামাজিক পরিসর এবং মনোজাগতিক পরিসরের পরিধি কতটুকু হবে, সাংস্কৃতিকভাবে গৃহ (অন্তর্গত, ব্যক্তিক) এবং বাইরের জগতের (বহির্জগত, গণ) মধ্যে কী সম্পর্ক থাকবে, নৈতিক-রাজনৈতিক দিক থেকে বিষয়টি নিঃসন্দেহে জটিল। রবীন্দ্রনাথের সময়টিও ছিল জাতীয়তাবাদী ভাবাবেগ আর নৈরাজ্যের দ্বারা আক্রান্ত। তিনি সতর্ক করে দিয়েছিলেন, এই নৈরাজ্যের কারণে ব্যক্তি অথবা গোষ্ঠীর অধিকার ক্ষুণ্ন হতে পারে। সর্বজনীন মানবতার কথা ভাবলে একে আবার অগ্রাহ্যও করা যাবে না। চারিদিকে যখন সর্বজনীন মানবতাবাদ লঙ্ঘিত হচ্ছিল তখনই তিনি বললেন সর্বজাতিকতার কথা, যা ছিল নৈতিক সর্বজনীনতা আর রাজনৈতিক ভালোবাসার ওপর প্রতিষ্ঠিত। এভাবেই তিনি ইউরোকেন্দ্রিক ইতিহাসচর্চাবিদ্যাকে অগ্রাহ্য করে ভারত ও এশিয়াকে বিশ্বপরিম-লে পুনঃস্থাপিত করার বিকল্প আধুনিকতার ধারণা দিয়েছিলেন। রুস্তম ভারুচা দেখিয়েছেন, ওকাকুরা এবং রবীন্দ্রনাথ দুজনই এমন এক গৌরবময় এশিয়ার কল্পনা করেছিলেন, যে-এশিয়া যন্ত্রের জায়গায় 'মানুষের হৃদয়'কে প্রতিস্থাপিত করে আধুনিক সভ্যতাকেই বদলে দেবে (রুস্তম ভারুচার Another Asia)। প্রেম এভাবেই রবীন্দ্রনাথের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং তিনি এর তত্ত্বরূপ দিয়েছিলেন, যাকে আমরা প্রেমের সন্দর্ভ বা ডিসকোর্স হিসেবে উল্লেখ করতে পারি। রাজনৈতিক এই বিনির্মাণ প্রক্রিয়ার মধ্যে লিবিডোতাড়িত ব্যক্তিক প্রেমের ভাবনাও রবীন্দ্রনাথের মধ্যে দেখা দিয়েছিল। বুর্জোয়া ব্যক্তিস্বাতন্ত্র্যবাদকে প্রকাশের জন্য উপন্যাসই হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ মাধ্যম।
সুমিত সরকার বলেছেন, 'গোরা' আর 'ঘরে-বাইরে' উপন্যাসে রবীন্দ্রনাথ বিস্তৃতভাবে যুগবিপর্যয় আর রাজনৈতিক-ব্যক্তিক টানাপোড়েনের ছবি এঁকেছেন। পুনর্জাগরণে বিশ্বাসী রবীন্দ্রনাথ প্রথমে স্বদেশী আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিলেন। কিন্তু ১৯০৭ সালে দাঙ্গা হলে তিনি এই অবস্থান থেকে সরে আসেন। ১৯১৭ সালের মধ্যে তিনি এর তীব্র সমালোচক হয়ে ওঠেন। জাতীয়তাবাদ– পশ্চিমী হোক, জাপানি হোক কিংবা ভারতীয়– রবীন্দ্রনাথ কঠোর ভাষায় এর বিরোধিতা করেছেন : [It's] "a cruel epidemic of evil … sweeping over the human world … and eating into its moral vitality." (রবীন্দ্রনাথ ঠাকুর, প্রাগুক্ত)। স্পষ্ট করেই তিনি বলেছেন, পশ্চিমী আধুনিকতার আদর্শকে ভারতের অনুসরণ করার প্রয়োজন নেই। মনের মুক্তি, স্বাধীনতা হচ্ছে প্রকৃত আধুনিকতা, রুচির দাসত্ব নয়। রবীন্দ্রনাথের আদর্শায়িত প্রেমভাবনাও ছিল পশ্চিমের তুলনায় অনেকটাই আলাদা। জাতিগত প্রেম, ভ্রাতৃপ্রেম, নিজের সংস্কৃতিকে ভালোবাসা, ঈশ্বরপ্রেম, নারী-পুরুষের প্রেম, এমনকি জীবপ্রেম পর্যন্ত তা প্রসারিত ছিল।
ভারতীয় জাতীয়তাবাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ করবার মতো, সেটা হলো এর পুরুষালি চরিত্র (masculine stance)। পৌরুষত্বের মধ্যে এই জাতীয়তাবাদ সংগ্রামের অনুপ্রেরণা খুঁজে পেয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ সাংস্কৃতিক অস্মিতাকে (cultural self) অপৌরুষেয় করে উপস্থাপন করেছেন। দেশপ্রেমের ঊর্ধ্বে তিনি জাগতিক প্রেমকে প্রাধান্য দিয়েছিলেন, যদিও তাঁর নিজের প্রেমের অভিজ্ঞতা খুব সুখকর ছিল না। জীবনসঙ্গী হিসেবে স্ত্রীর কাছ থেকে যা তাঁর প্রার্থিত ছিল, তা তিনি পাননি। রবীন্দ্রনাথের বিয়ের চার মাস পরে বৌদি কাদম্বরী দেবীর আত্মহত্যাও সারা জীবন তাকে আচ্ছন্ন করে রেখেছিল বলে অনেকের ধারণা। ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গেও তার একধরনের প্লেটোনিক প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল (অমর্ত্য সেন, প্রাগুক্ত)।
এ প্রসঙ্গে মহাত্মা গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা করে অমর্ত্য সেন লিখছেন, "গাঁধী ছিলেন ইন্দ্রিয় সংযমের বিশেষ পক্ষপাতী। … এ বিষয়ে রবীন্দ্রনাথের নিজস্ব দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা, কিন্তু তার মতভেদের প্রকাশ ছিল নম্র। … রবীন্দ্রনাথ যতই দ্বিধাগ্রস্ত, অস্বাচ্ছন্দ্য বোধ করে থাকুন, যৌনতাকে তিনি গাঁধীর মতো নিন্দা করেননি। বস্তুত সামাজিক নীতির প্রশ্নে, গাঁধী যেখানে আত্মসংযম পছন্দ করতেন, রবীন্দ্রনাথ সমর্থন করেছেন জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা (অমর্ত্য সেন, তর্কপ্রিয় ভারতীয়)।" জাতীয়তাবাদের পৌরুষদীপ্ত প্রেমের পরিবর্তে রবীন্দ্রনাথ মূলত অপৌরুষেয় প্রেম যে-অপৌরুষেয় প্রেম নারীকে পুরুষের অধস্তন করে দেখে না– সেই প্রেম ও হার্দ্রিক অনুভবকে রাজনৈতিক মতাদর্শ হিসেবে প্রতিস্থাপন করেছিলেন। রবীন্দ্রনাথের এই ভাবনা — হৃদয়ের নৈতিক সর্বজনীন অনুভব– ভাবালুতায় আচ্ছন্ন ছিল না। জাতীয়তাবাদী উগ্রতার পরিবর্তে তিনি যে মানবিক হৃদয়ের কর্তৃত্বকে পুনঃস্থাপিত করতে চেয়েছিলেন, জোর দিয়েছিলেন হৃদয়াবেগ, বিশেষ করে প্রেমে, সেটা ছিল তাঁর নৈতিক অবস্থান। এ হলো আসলে সেই এশীয় নৈতিকতা চর্চার একটা ধারার অনুসরণ, মানসজীবনের ছবি, অভিজাত আধুনিকতাবাদ এবং উত্তর-ঔপনিবেশিক ইতিহাসবিদ্যাচর্চায় যা অনুপস্থিত অথবা অবহেলিত, উপেক্ষিত থেকে গেছে।
রবীন্দ্রনাথের সর্বজনীন মানবতাবাদ তাই শুধু ইউটোপীয় ভাববাদ ছিল না, বরং প্রতিদিনের প্রেমের অভিজ্ঞতা এবং যাপিত জীবন, রাজনীতি, নীতিশাস্ত্র এবং তীব্র কামনা-বাসনার ওপর প্রতিষ্ঠিত ছিল। যৌনবাসনা কিংবা শরীরী আকর্ষণকেও তিনি অগ্রাহ্য করেননি। এ প্রসঙ্গে ঘরে-বাইরে উপন্যাসের সন্দীপ-বিমলার কথা উল্লেখ করা যায়। লক্ষ করলে দেখা যাবে, এই উপন্যাসের প্রধান চরিত্র সন্দীপ আত্মযৌনকামনার দ্বারা বিপর্যস্ত হয়েছে। উপন্যাসটিকে একারণেই মাইকেল স্প্রিংকার এরোটিক বা যৌনবাসনার দ্বারা আচ্ছন্ন রাজনৈতিক-নৈতিক রূপক বলে আখ্যায়িত করেছেন। মূলধারার জাতীয়তাবাদের বিরুদ্ধে নারীবাদী স্বর-প্রতিস্বরের মধ্য দিয়ে মতাদর্শিকভাবে লড়াই করতে করতে উপন্যাসটি অন্তিম ট্রাজিক পরিণামের দিকে এগিয়ে গেছে।
রবীন্দ্রনাথ লৈঙ্গিক বিভাজন সম্পর্কে ছিলেন তীব্র সচেতন। জাতীয়তাবাদের মধ্যেও তিনি এর প্রতিফলন লক্ষ করেছিলেন। ভদ্রলোকদের লিঙ্গবিভাজিত ঘর এবং বাইরের জাতীয়তাবাদী ডিসকোর্সকে তিনি যৌনবাসনা এবং গৃহজীবনের সঙ্গে পরস্পর সম্পৃক্ত করে নারীর অধস্তন অবস্থাকেই তুলে ধরেছেন। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাবে নারীজীবনের সংগ্রাম ও কর্তৃত্ব গৃহে অন্তরীণ হয়ে পড়েছিল। ভদ্রলোকদের জাতীয়তাদী মতাদর্শ নারীকে পুরোপুরি সনাতন নারী করে তুলেছিল। কিন্তু রবীন্দ্রনাথের উদ্দীপ্ত বয়ানের একটা অংশ নারী; তিনি মনে করতেন সনাতন ভারতীয়তার আদলে নারীকে আদর্শায়িত করাই ভুল। পৌরুষত্বের বিপরীতে দাঁড় করানোও ভুল। জাতীয়তাবাদী ডিসকোর্সে প্রেমকে বিকৃত করা হয়েছে। এই বিকৃত প্রেম সম্পর্কে রবীন্দ্রনাথের কোনো আগ্রহ ছিল না। তিনি প্রেমকে এমনভাবে গঠন করেছেন যা শুধু স্বাভাবিক যৌনবাসনা এবং আত্মতৃপ্তিই দেবে না, বিশ্বজনীন মানবতা, ব্যক্তিক, রাজনৈতিক, আধুনিক যুক্তিবাদী চিন্তার পরিপূরক হয়ে উঠবে। গণমানুষের জীবনের মধ্যেও এই প্রেম প্রসারিত হবে। এর অর্থ রবীন্দ্রনাথ শারীরিক ও জৈবপ্রেমকে অগ্রাহ্য করেননি, বিমূর্তও ভাবেননি। অমর্ত্য সেন একারণেই উল্লেখ করেছেন, গান্ধীর দমিত যৌনদৃষ্টিভঙ্গি তাঁর ছিল না। ফলে প্রেমকে তিনি রাজনৈতিক সংকটের মুহূর্তে, জাতীয় সংগ্রামের সময়, রাজনৈতিক সক্ষমতা দিয়েছেন। 'গোরা' ও 'ঘরে-বাইরে' উপন্যাসে রবীন্দ্রনাথের এই জটিল ভাবনা সবচেয়ে স্পষ্টভাবে উঠে এসেছে। সন্দীপ এবং বিমলার মধ্য দিয়েই রবীন্দ্রনাথ তাঁর রাজনৈতিক প্রেমভাবনাকে নির্মাণ এবং উপস্থাপন করেছেন। লক্ষ করলে দেখা যাবে, সন্দীপ যে-ভাষায় বিমলার প্রসংশা করেছে তা তীব্রভাবে যৌনকামনাযুক্ত। সন্দীপ বিমলাকে 'মক্ষীরানী' বলে, বিমলাও সেটা বিশ্বাস করে। বিমলা এবং অন্যান্য চরিত্র– আনন্দময়ী, ললিতা, সুচরিতা– এইসব নারীচরিত্রের মধ্য দিয়েই রবীন্দ্রনাথ তাঁর ঘর ও বাইরের ধারণাকে ব্যক্তিক-নৈতিক অথবা নৈতিক-ব্যক্তিক ভাবনাকে প্রকাশ করেছেন। এই উপন্যাস ছাড়া ব্যক্তিক এবং গণসম্পৃক্ত (পাবলিক) প্রেমের রূপকটি আর কোনো উপন্যাসে এত বিস্তৃতভাবে পাওয়া যায় না। জাতীয়তাবাদী ডিসকোর্সে প্রাইভেট ও পাবলিক জীবনের মতাদর্শিক অবস্থা কী হওয়া উচিত, সেটাও বুঝিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ। লক্ষণীয়, 'গোরা' এবং 'ঘরে-বাইরে'র দ্বন্দ্ব হচ্ছে রাজনৈতিক নেতার (গোরা ও সন্দীপ) সঙ্গে যারা হৃদয় থেকে কথা বলেন (বিনয় ও নিখিল), তাদের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব আসলে প্রেম আর জাতীয়তাবাদী উন্মাদনার দ্বন্দ্ব। নারীর স্থান এতে পুরুষতান্ত্রিক সমাজে যেমন হয়, তেমনি। পাবলিক বা গণপরিসরে প্রেম স্থান পায় না। নিখিল যে মুসলমান প্রজাদের রক্ষা করতে এগিয়ে গেছে তার মধ্য দিয়েই প্রেমকে সে গণপরিসরে টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই প্রেম সফল হয়নি। কৃষ্ণা দত্ত এবং অ্যান্ড্রু রবিনসন সরাসরি বলেছেন, 'নিখিল হচ্ছে রবীন্দ্রনাথ নিজে।' নিখিল জাতীয়তাবাদী দেশপ্রেমের শ্লোগান দিতে অস্বীকার করে, কেননা পুজা নয়, দেশ ছাড়িয়ে আরও বড় লক্ষ ছিল তার।
রবীন্দ্রনাথ বেশ পরিকল্পিতভাবেই জাতীয়তাবাদ থেকে সর্বজনীনতাবাদে সরে আসেন। রবীন্দ্রনাথের প্রেমবীক্ষণও এই সর্বজনীন মানবতাবাদের প্রতিষ্ঠিত ছিল। অন্য বাঙালি এলিটদের মতো জাতীয়তাবাদী ভাবাবেগে তিনি ভেসে যাননি। তবু তিনি ব্যক্তিক অনুষঙ্গকে (প্রাইভেট ডোমেইন) গণপরিসরে (প্রাইভেট ডোমেইন) টেনে এনেছিলেন, গণপরিসরকে টেনে নিয়ে গিয়েছিলেন ব্যক্তিক পরিসরে। নিখিল আর সন্দীপের মাধ্যমেই রবীন্দ্রনাথ এই নিরীক্ষাটি করেছিলেন। রবীন্দ্রনাথ প্রেম ও স্বাধীনতা নিয়েও এখানে রীতিমতো পরীক্ষা-নিরীক্ষা করেছেন। দেখা গেল গৃহে বিমলাকে আর বাইরের জীবনে নিখিলকেই সবকিছু খোয়াতে হলো। এ হলো আসলে সেই মানবতাবাদী প্রেমাদর্শ, যার প্রতিষ্ঠা ঘটিয়েছে নিখিলেশ। কাণ্ট বলেছিলেন, মানুষের যুক্তিশীলতার গণব্যবহার সবসময় মুক্ত-স্বাধীন হওয়া বাঞ্ছনীয়। মানুষ তাহলে আলোকদীপ্তির দ্বারা দীক্ষিত হতে পারে। নৈতিকতাই হবে এই আলোকদীপ্তির প্রধান বৈশিষ্ট্য। 'ঘরে-বাইরে' উপন্যাসেও নৈতিকতার একটা কেন্দ্র আছে। নিখিলের নৈতিক ন্যারেটিভই সেই কেন্দ্র। পক্ষান্তরে সন্দীপ স্বদেশী আন্দোলনের ছায়ায় বিমলার পরিচয়কে লুপ্ত করে দিয়ে তার সত্তাকে কুক্ষিগত করতে চেয়েছিল। বিমলার ভাবনাকে সন্দীপ নিজের মতো করে আদর্শায়িত করেছে। নিজের তপ্ত, উচ্চাকাঙ্ক্ষী বাসনা দিয়ে বিমলার যৌনবাসনাকে উস্কে দিয়েছে। ফলে, নিরাপদ গৃহকোণ থেকে বিমলা দ্বন্দ্ব-বিক্ষুব্ধ বাইরের পৃথিবীতে এসে পড়ে, কিন্তু তার আত্মসৃজনের বিষয়টি অধরাই থেকে গেছে। সত্যজিৎ রায় আক্ষরিক অর্থেই বিমলার ঘর থেকে বাইরে আসার অন্তিম অভিযানকে দৃশ্যায়িত করেছেন। অনেকে মনে করতে পারেন, নারীর এই যে সনাতন গৃহ ছেড়ে জাতীয়তাবাদী পথে বাইরে বেরিয়ে আসা, এটা নারীমুক্তির লক্ষণ। লক্ষণীয়, বিমলা এই উপন্যাসে এভাবেই হয়ে গেছে রাজনীতিকৃত বিষয়। এরপর বিমলা বা বিমলার মতো নারীরা আর কখনই গৃহে অন্তরীণ থাকবে না।
তবে এই আখ্যানটি উল্লসিত হবার মতো নারীমুক্তির গল্প নয়। কেননা গল্পের শেষে বিমলা পরাজিত, অনুতপ্ত স্ত্রী। গৃহকে হারিয়ে সে ধ্বস্ত, বিপর্যস্ত। তাকে আবার বিপর্যস্ত করার জন্য সন্দীপ যাতে ফিরে না আসে, সেই অভিপ্রায়ই সে ব্যক্ত করেছে। যে জীবনপিপাসা নিয়ে সে রাজনীতির বিষয় হয়ে উঠেছিল, তা আর অক্ষুণ্ন থাকেনি। প্রশ্ন উঠতে পারে, রবীন্দ্রনাথ কী তাহলে সনাতনি ধারণার কাছে আত্মসমর্পণ করেছিলেন? রবীন্দ্রনাথকে এই কারণে পুরুষতান্ত্রিক মনে হতে পারে অথবা যারা মনে করেন নারীকে গণপরিসরে টেনে আনায় ভারতীয় পৌরুষত্বের মহিমা খর্ব হয়েছে, তাদের ভাবনাটাই যথার্থ মনে হতে পারে। লক্ষ করলে দেখা যাবে, উপন্যাসে নৈতিকতার কেন্দ্র বিমলা নয়, কেন্দ্র হচ্ছে নিখিলেশ। নিখিলেশের চরিত্রকে দাঁড় করাবার জন্যই হয়তো রবীন্দ্রনাথকে এই নারীচরিত্রটি নির্মাণ করতে হয়। এ থেকেই মনে হয়, রবীন্দ্রনাথ নারীবাদী ভাবনা থেকে এই উপন্যাসটি লেখেননি, তবে নতুন কালের নতুন নারী যে অন্যরকম হয়ে উঠবে, তার ইঙ্গিত তিনি বিমলার মাধ্যমে দিয়ে রেখেছেন। বিমলার মুক্তপ্রেম যখন সন্দীপের কাছে যৌনকামনার উৎস হয়ে ওঠে, তখন নারীবাদ থেকে অনেকটাই সরে আসেন রবীন্দ্রনাথ। বিমলাই দেখা যায়, দুই পুরুষকে অস্থিতিশীল করে দিয়েছে, অস্থিতিশীল হয়ে পড়েছে ঘর ও বাহির, দুই-ই। নারীবাদী নারী হিসেবে শেষ পর্যন্ত বিমলার অধিষ্ঠান ঘটে না। বিমলা আক্ষরিক অর্থে গার্হস্থ্য এবং গণনৈতিকতার সীমানা অতিক্রম করে যেতে চেয়েছে– নিজের যৌন, ব্যক্তিগত এবং বৌদ্ধিক পরিতৃপ্তি বা পূর্ণতার সন্ধান করেছে, কিন্তু এসব সে পায়নি। বদলে দিতে পারেনি সন্দীপকে, নিখিলেশকে তো নয়ই। তবে বিমলা নারীত্ব কী, নারীত্বের সঙ্গে যৌনতার সম্পর্ক কী, নারী ও রাজনীতির সম্পর্ক কী, এসব বিষয়ে প্রশ্ন তুলে পাঠককে আলোকিত করেছে।
বিমলার মাধ্যমেই রবীন্দ্রনাথ অন্য যে বিষয়টি সামনে নিয়ে এসেছেন তা খুবই গুরুত্বপূর্ণ; আর সেটা হলো মাতৃ-জাতির ধারণা। অর্থাৎ দেশ হলো 'মা', নারীর মধ্যেই তা প্রতিবিম্বিত হয়। মা, মাতৃভূমি, মাদার ইন্ডিয়া, ভারত-মাতা, এই ধারণাগুলি সামনে চলে এলো। কিন্তু প্রেম দিয়ে বিমলা এই ধারণাগুলির মধ্যে প্রাণসঞ্চার করতে পারলেন না। দেশপ্রেমের বোধটি শেষ পর্যন্ত নিখিলেশের দ্বারা উপস্থাপিত হলো। বিমলাকে তাই নারীবাদী লৈঙ্গিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে ভুল হবে। তার ঘর থেকে বাইরে যাওয়া এবং বাইরে থেকে ঘরে ফিরে আসাই সার হয়েছে। এই উপন্যাসে রবীন্দ্রনাথের প্রেমভাবনা বিভিন্ন বর্গ– গণ এবং ব্যক্তিক, অন্তরঙ্গ এবং রাজনৈতিক, সনাতনি এবং কামনাতাড়িত বাসনার উপস্থাপন ঘটেছে। প্রেম সামাজিক, রাজনৈতিক অথবা নৈতিক শক্তি হিসেবে নারীর দ্বারা প্রতিষ্ঠা পায়নি। এই উপন্যাসে যার (নিখিলেশ) আবেগ, প্রেম, মহানুভবতা প্রতিষ্ঠা পায়, সে হচ্ছে এমন এক পুরুষ যাকে ঔপনিবেশিক শক্তি এবং ঔপনিবেশিক জাতীয়তাবাদ– উভয়েই অগ্রাহ্য করেছে। পৌরুষত্বের পৃথিবীতে সে বেমানান। বিমলাও বলেছে, স্বামীর কাছে সে প্রত্যাশা করেছিল পৌরুষ, ভালোমানুষি নয়। নিখিলেশও কী হৃদয়হীনভাবে বলেছে, বিবাহবন্ধন যদি আইনের মুখাপেক্ষি হয় তাহলে সে বিমলার প্রেম চায় না। একবার নিখিলেশ তো বলেই ফেলে, বিমলা আমার ঘরে এসেছে, জীবনে নয়। বার বার সে সনাতন ধারণাকে অগ্রাহ্য করে এবং জাতীয়তাবাদকে দূরে ঠেলে দিয়ে বিমলার যৌন এবং বৌদ্ধিক স্বাধীনতাকে স্বীকার করে নিয়েছে, এর ওপরই জোর দিয়েছে। অন্যদিকে সন্দীপ দেশপ্রেমের টানে উদ্দীপ্ত হয়ে বিমলাকে শুধু শারীরিকভাবে পেতে চেয়েছে। সন্দীপের জান্তব বর্বর পৌরুষের বিরুদ্ধে বাবুসুলভ শিক্ষিত ভদ্রজনোচিত অবস্থান নেয় নিখিলেশ। নিখিলেশের আধুনিকতা এভাবেই হয়ে উঠেছে বিকল্প আধুনিকতা, যার আবেদন হার্দ্রিক।
সমকালের সনাতন হিন্দুরা নারী স্বাধীনতার বিষয়ে রক্ষণশীল ভূমিকা গ্রহণ করেছিল, কিন্তু নিখিলেশ গ্রহণ করেছিল বিপরীত ভূমিকা। সে পশ্চিমী যৌনস্বাধীনতার প্যারাডাইমকেই আদর্শ বলে গ্রহণ করেছিল। এদিক থেকে বিবেচনা করলে নিখিলেশ ছিল সন্দীপের তুলনায় আরও বিপ্লবী, আরও প্রাগ্রসর। নিখিলেশের মধ্য দিয়েই রবীন্দ্রনাথ ভিন্ন মতাদর্শের জাতীয়তাবাদী প্রকল্পকে তুলে ধরলেন, যা হৃদয়-উৎসারিত, রাজনৈতিকভাবে খুবই কার্যকর হয়ে উঠতে পেরেছে। উপন্যাসের শেষে স্বার্থহীন গুরুত্বপূর্ণ পরিশুদ্ধ ঘটনাটিও ঘটিয়েছে নিখিলেশ। নীতিনৈতিকতার ওপর ভর করে সে শুধু বিমলাকেই ভালোবাসেনি, ভালোবেসেছে মুসলমান প্রজাদেরও। লাকাঁ বলেছেন প্রেম সবসময় স্বকামজ (নার্সিসিসটিক) বা আত্মরতিমূলক। নিখিলেশ যা করেছে তাও আত্মরতিমূলক, তবে তা 'অপরে'র দিকেও ঘুরে যায়, আত্মস্বার্থের বিসর্জন ঘটে। নিখিল আসলে তার নিজেরই আদর্শায়িত অহমের (আইডিয়ালাইজড্ ইগো) প্রতিবিম্ব। বিমলা যে পৌরুষত্বে দীপ্র পুরুষকে কামনা করে, সেই পুরুষ সে নয়। কিন্তু লাকাঁনীয় ভাবনায় আদর্শায়িত অহম নিজেই নিজের সর্বনাশ ঘটায়। নিখিলেশের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। সে স্বাধীনতার নৈতিক দিকটির ওপরই বেশি গুরুত্ব দিয়েছে, যা মূলত আলোকদিপ্তীর ভাবুকদের সঙ্গে সম্পর্কিত। রবীন্দ্রনাথের ভাবকল্পটি ছিল এরকম : গণজীবন বা পাবলিক লাইফ ব্যক্তিজীবন বা প্রাইভেট লাইফ থেকে আদালা নয়। এভাবেই বিকল্প আধুনিকতার সন্ধান করেছেন রবীন্দ্রনাথ। ব্যক্তিজীবনে যেমন প্রেমের ইতিবাচক ব্যবহার ঘটবে, তেমনি গণজীবনেও এই প্রেমকে প্রসারিত করে দিতে হবে। প্রেমের এই রাজনৈতিক ডিসকোর্সের আধুনিক প্রবক্তা হচ্ছেন ভাবুকশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ।
তথ্যসূত্র
১. গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, Other Asias (Malden: Blackwell Publishing, 2008) এবং রুস্তম ভারুচার Another Asia (Delhi: Oxford University Press, 2006) ।
২. ক্রিস্টোফার বেন্টলে, The Great Wave: Gilded Age Misfits, Japanese Eccentrics, and the Opening of Old Japan (New York: Random House, 2002).
৩. অমর্ত্য সেন, তর্কপ্রিয় ভারতীয়, কলকাতা : আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড।
৫. রবীন্দ্রনাথ ঠাকুর, Nationalism (London: Macmillan, 1921) ।
৬. দীপেশ চক্রবর্তী, Provincializing Europe: Postcolonial Thought and Historical Difference (Princeton, NJ: Princeton University Press, 2000).
৭. জন লেশতে, Key Contemporary Concepts: From Abjection to Zeno's Paradox (London and Thousand Oaks, CA: Sage, 2003), 145.
৮ উইলিয়াম জে. ব্রায়েন, Character at Work: Building Prosperity Through the Practice of Virtue (Boston: Paulist Press, 2008), 105.
৯ রণজিৎ গুহ, দয়া রামমোহন রায় ও আমাদের আধুনিকতা (কলকাতা : তালপাতা, ২০১১)।
১০ গিয়োর্গিও আগামবেন, Potentialities: Collected Essays in Philosophy, ed. And trans. Daniel Heller-Roazen (Stamford, CA: Stanford University Press, 199).
১১ রুস্তম ভারুচার Another Asia (Delhi: Oxford University Press, 2006)।
