প্রেমের কবি রফিক আজাদ
কবি রফিক আজাদ (১৯৪১-২০১৬) কে নিয়ে লেখার মতো স্মৃতি সংগ্রহে নেই, কবিতাই আছে শুধু সামনে। যারা তাঁর পেশাগত ও কবি জীবনে পেয়েছেন মধুর সাহচর্য ও হৃদয়ে অমূল্য আসন তারা তাঁর কবিতার চেয়েও সেইসব স্মৃতি রোমন্থনেই হতে চাইবেন নির্ভার। গত ১২ মার্চ ২০১৬ তিনি দুনিয়া ছেড়ে চলে যান। তাঁর এ যাওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। মস্তিষ্কে রক্তক্ষরণে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রায় দু'মাস। এ সময়টায় উদ্বেগ-উৎকণ্ঠায় কেটেছে শুধু স্বজনদের। শুভাকাঙক্ষীদের কে কতখানি এ সময়টায় তাঁর কাছে গিয়েছেন কিংবা খোঁজখবর নিয়েছেন সেসব নিয়ে হয়তো বলার অবকাশ নেই। তবে তাঁর নিরব প্রস্থানে শূণ্য হয়ে গেছে সন্তান ও প্রিয়তমা স্ত্রীর একান্ত পৃথিবী। তাদেরই বইতে হবে এ শোকের ভার। যদিও রফিক আজাদ নশ্বর এই জীবনের ওপারে চলে যাওয়ার জন্য মানসিকভাবে একরকম প্রস্তুতই ছিলেন। তাঁর এ কবিতা তারই প্রতিধ্বনি:
'এখনও এপারে আছি চ'লে যাবো সুতোর ওপারে
সুতোর ওপারে সুখ, সম্ভবত স্বাধীনতা আছে;
এপারে মানুষ খুব সচেতনভাবে প্রবঞ্চক-
এপারে দুর্বোধ্য দিন, এপারে মানুষ অর্থহীন
আত্মসম্মানের কাছে নতজানু প্রধান ভিক্ষুক;
রাগ-দ্বেষ-ঈর্ষাহীন মধ্যবিত্ত, খড়ের পুতুল।'
[চ'লে যাবো সুতোর ওপারে/চুনিয়া আমার আর্কেডিয়া]
মধ্যবিত্তের ঠগ, অর্থহীন ও নতজানু জীবন নিয়ে অতিষ্ঠ কবি যে তাঁর জোড়াতালির জীবন নিয়ে একদিন অনন্ত ঘুমে ডুবে যাবেন সে কথা তাঁর অগ্রন্থিত 'সেলাই করা ঘুমগুলো আমার' কবিতায়ও প্রকাশ করেছেন,
'আমার কষ্টের এই অপরাধ জীবনে
ছোট ছোট ঘুমগুলো আমি
সেলাই করে রাখি সারা দিনমান
কুড়িয়ে পাতিয়ে পাওয়া টুকরো টাকরা ঘুমগুলো
আমি জোড়াতালি দিয়ে সেলাই করে একটা
মালা বানিয়ে গলায় পরে গভীর ঘুমাব।'
আশির দশকের মাঝামাঝি সাপ্তাহিক রোববার সূত্রে সামান্য পরিচয়েই মনে হয়েছে তিনি অত্যন্ত আন্তরিক ও সুমহান, কবিতা-অন্তপ্রাণ। শুধু কবিতার জন্য উৎসর্গ করে গেছেন গোটা জীবন। তাই তাঁর কবিতা নিয়ে এই ছোট্ট লেখা। কবিতায় তিনি তিরিশোত্তর আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রতিনিধি। তিনি বিশ্বাস করতেন পশ্চিমি প্রভাবিত তিরিশের কবিতার মধ্যেই আধুনিকতার চূড়ান্ত রূপের প্রকাশ ঘটেছে। ফলে তিনি আধুনিক কবিতার জনক ফরাসি শার্ল বোদলেয়ার প্রভাবিত হয়েও অনুরক্ত ছিলেন তিরিশের কবি সুধীন্দ্রনাথ দত্তের। ফরাসি উগ্র-জাতীয়তাবাদের প্রকাশ যেমন নগ্নতায় তেমনি কবি রফিক আজাদের কবিতার আত্মপ্রকাশও নগ্নতার চূড়ান্তরূপে। কবি বিনয় মজুমদারের কবিতার চেয়েও তীব্রতর। তীব্র যৌনতাবোধ যে যৌবনেরই জয়গান তাঁর এই কবিতার মধ্যে সেই আকুতিই স্পষ্ট:
'দু'বাহুর মধ্যে চাই মৃদু স্বাদু তোমার শরীর
জিহ্বার আস্বাদে চাই, ঘ্রাণেন্দ্রিয়ে চাই-
কানে কানে কামরাঙা কথাবার্তা: আরক্ত প্রস্তাব
সবকিছুই সরাসরি চাই, তোমার কোমর ধরে
প্রকাশ্য এ দিবালোকে পার হতে চাই ক্রসরোড-
সকলের অগোচরে চন্দ্রাঙ্কিত মধ্যযামে চাই,
প্রকাশ্য জীবনে চাই, আর গোপন বিহারে চাই…'
… … … … … … … … … … … …
জীবন সর্বোচ্চ সুখে চাই, সকল সঙ্গমে চাই
রোমকূপে- রোমকূপে চাই, ত্বকের লাবণ্যে চাই
উরুর উত্থানে চাই – আনন্দিত আলিঙ্গনে চাই;
দুখে-দুঃখে জীবনের এই প্রতিটি মুহূর্তে চাই।'
[হ্যালো, রিমোট কন্ট্রোল]
রাজনৈতিক ও সামাজিক স্তর ভেদে ষাট ও সত্তরের প্রেক্ষপট হয়তো ভিন্ন কিন্তু যোগসূত্র অভিন্ন। ষাট দশকের রাজনৈতিক আবহাওয়া ছিলো স্বৈরতান্ত্রিক শৃঙ্খলবন্দি। ফলে দুর্বহ সেই বাস্তবতার বিরুদ্ধে নগ্নতাকেই কবি রফিক আজাদ প্রতিবাদের অস্ত্র হিসেবে নিয়েছেন। তাঁর আবির্ভাবের মুহূর্তে সাড়া জাগানো এবং তাঁর নিজের বিবেচনায় জনপ্রিয় 'বেশ্যার বিড়াল' কবিতার মূল সুরটা ছিলো তাই-ই। কবি এখানে বেশ্যার বিড়ালকে রাজনৈতিক তল্পিবাহক হিসেবেই চিহ্নিত করেছেন। অন্যদিকে সত্তর দশকের প্রেক্ষাপট সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশটায় রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার ভেতর প্রশাসনিক দেউলিয়া ও নৈরাজ্যের চিত্র ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিলো। কবি রফিক আজাদের বেশ কিছু কবিতায় আমরা দেখতে পাই তারই সতর্ক সঙ্কেত। তবে সে সবই ছিলো তাঁর সময় ও সমকাল বিবেচনায় লেখা। তিনি এ জাতীয় কবিতার মধ্য দিয়ে কোনোরকম রাজনৈতিক তকমা গ্রহণ করতে চাননি। বরং তিনি ছিলেন আগাগোড়া রোমান্টিক এক সত্তার অধিকারী। তিনি তাই নারীর শরীরে শুধু নগ্ন সৌন্দর্য ও স্থিতির সন্ধানই করেননি, পরবর্তীতে সামাজিক দায় কাঁধে নিয়ে স্বাধীনতা-উত্তর বিপন্ন বাস্তবতার এ ভয়ঙ্কর চিত্রও তুলে এনেছেন তাঁর কবিতায়।
'মাথা চাড়া দিয়ে ওঠে সুচতুর ধর্মব্যবসায়ী
প্রতিদিন ফুলে-ফেঁপে ওঠে পীরের আস্তানা
শ্যামল বাঙলায় চলে পাকিস্তানী উটের বহর
মধ্যপ্রাচ্যে নারী পাচারের কেচ্ছা প্রতিদিন
পেট্রোডলারের কাছে পরাজিত চার মূলনীতি
এই তো আমার প্রিয় স্বাধীন স্বভূমি।
[যুদ্ধোত্তর বাংলাদেশ/খুব বেশি দূরে নয়]
যুদ্ধোত্তর বাংলাদেশের এ হাল দেখে স্বভাবতই হতাশ ও ক্ষুব্ধ হয়ে মুক্তিযোদ্ধা কবি রফিক আজাদ লিখেছিলেন এই কবিতা, যার বাস্তবচিত্র কালে কালে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে, যা এখন সর্বগ্রাসী। এখন বাস্তব অবস্থা যতখানি ফুলে-ফলে পুষ্ট ততটাই কীটদষ্ট। কীটদষ্ট অবক্ষয়িত সামাজিক বাস্তবতার স্রোতে নিজেকে তাই মনে করতেন তিনি ব্যর্থ মানুষ। একই সঙ্গে কলম ও বন্দুকে দেশ, মাটি ও মানুষের স্বার্থরক্ষার পরও তাঁর প্রাপ্তি তাই সামান্যই। সমসাময়িকদের চেয়ে অনেকটা বিলম্বে প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতাগ্রন্থ অসম্ভবের পায়ে (১৯৭৩)। সেজন্যে স্বীকৃতিটাও আসে বিলম্বেই। ১৯৮১ সালে বাংলা একাডেমি এবং ২০১৩ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। তবে তার জন্য তাঁর কোনো খেদ নেই। তাঁর বড় বিড়ম্বনা হচ্ছে একটাই, দেশী-বিদেশী ষড়যন্ত্রে সাজানো চুয়াত্তরের দুর্ভিক্ষ ও মিডিয়াসৃষ্ট খবরে প্রতারিত হয়ে লেখা 'ভাত দে হারামজাদা' কবিতার জন্য ব্যাপক পরিচিতি। অথচ তাঁর কাব্যচর্চার লক্ষ্য ছিলনা এ ধরনের সস্তা জনপ্রিয়তা। ফলে এই বিতর্কিত কবিতাটিই ছিল তাঁর কবি জীবনের একমাত্র বিড়ম্বনা। মৃত্যুপূর্ব বিভিন্ন সাক্ষাৎকারে দিয়েছেনও তিনি সেই সরল স্বীকারোক্তি। এ কবিতাটির জন্য তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে তখন বাজেয়াপ্তও করা হয়েছিল। তাঁর কবিতার ভিত্তিমূল আসলে প্রেম। প্রেমেরই কবি তিনি। প্রেমে রয়েছে এক ঐশ্বরিক শক্তি। সেই শক্তি যুদ্ধে শত্রুর মোকাবেলায় যেমন হাতে রাইফেল তুলে নিতে বাধ্য করেছিল তাঁকে তেমনি স্বাধীনতা উত্তর স্বদেশের বিরূপ বাস্তবতায় তাঁর কলম হয়ে উঠেছিল প্রতিবাদের অস্ত্র। যদিও প্রতিবাদী অভিধা নয়, তাঁর স্বাচ্ছন্দবোধ প্রেমের কবি পরিচয়েই। প্রেমই তাঁর কবিতার মূলমন্ত্র, সুন্দর এক আগামীর স্বপ্ন বিনির্মাণের চাবিকাঠি। তিনি ছিলেন তাই আকণ্ঠ প্রেমে নিমজ্জিত এক কবি। জীবনে আর যে কোনো হাতছানিই ছিল তাঁর কাছে তুচ্ছ। তিনি বিশ্বাস করতেন যে কোন সৃষ্টিরই প্রেরণা হচ্ছে প্রেম। প্রেমেই তার বিস্মৃতি। তাই এই অকাতর স্কীকারোক্তি: 'একটু চুমুর বিনিময়ে অকাতরে আমি বিক্রি করেছি আমার সম্ভাবনাময় ভবিষ্যৎ'। কিংবা এই আকুতি, 'সুন্দর সাম্পানে চড়ে মাধবী এসেই বলে যাই'।
তাঁর একটি কবিতা রীতিমতো ভালবাসার নির্ভুল সংজ্ঞা হয়ে গেছে। প্রেমে উচ্ছল তরুণ-তরুণীদের মুখে মুখে তা উচ্চারিত, তরুণ কবিদের মাঝেও সমান উদ্দীপনার: 'ভালোবাসা মানে দু'জনের পাগলামি/পরস্পরকে হৃদয়ের কাছে টানা;/ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,/বিরহ-বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি;/ভালোবাসা মানে একে অপরের প্রতি/খুব করে ঝুঁকে থাকা;/ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি,/বৃষ্টির একটানা/ভিতরে-বাহিরে দু'জনের হেঁটে যাওয়া;/ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে/অবিরল কথা বলা;/ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও/মুখোমুখি বসে থাকা।'
প্রেমের মতোই সন্মোহনী তাঁর কাব্যভাষা। সরল ও স্পষ্ট। বিনম্র সেই ভাষার চুম্বকে ঘটনার গ্রন্থনা তাই হয়ে ওঠে জীবন্ত ছায়াচিত্র। সহজে চেনা যায় মঞ্চের কুশীলবদের, টের পাওয়া যায় হৃদয়ের গহন আর্তি। তিনি তাই প্রেমে নারীর মধ্যে যেমন খুঁজেছেন প্রশান্তি তেমনি সামাজিক স্থিতি। তাঁর কবিতার সামগ্রিক আবর্তন তাই নৈরাশ্য তাড়িত ব্যক্তি জীবন থেকে বৃহত্তর সামাজিকতার ঐক্যসূত্রে লালিত ও উদ্ভাসিত। তিনিও তাই নারী ও স্বদেশ প্রেমের সার্থক রূপকার হিসেবে স্বাতন্ত্র্যে চিহ্নিত হয়ে থাকবেন। তাঁর আরও একটি সার্থকতা ওপারের শক্তি চট্টোপাধ্যায়ের মতো তিনিও শুধুমাত্র কবিতা লিখে পেয়েছেন তারকা খ্যাতি। শক্তির মতো তাঁরও পরিচয় শুধুই কবি।
