শিল্প হল মূলে অভেদ পারদের বল
এক.
যিনি কোনো শাস্ত্রে জ্ঞান লাভ করে তদরূপ আচরণ করেন ও আচরণ শেখান তাঁকেই 'আচার্য' বলে। এই আচরণের মধ্যে শিক্ষাদানই প্রধান অর্থাৎ শিক্ষাগুরু। এ হচ্ছে আভিধানিক অর্থ। আমরা স্মরণ করতে পারি যে, সেলিম আল দীন শিল্প-সাহিত্য ও নাট্য সম্পর্কিত বিষয়ে জ্ঞান লাভ করতেন এবং বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু করে নির্দিষ্ট গণ্ডিবহির্ভূত চেনা-অচেনা, স্বল্প পরিচিত অনেকের মধ্যেই ছড়িয়ে দিতেন অধিকৃত বিদ্যা। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই তাঁর কাছ থেকে জ্ঞান আহরণ করতেন। পরিণত বয়সের শুরু থেকে দেহান্তরিত হওয়ার সময় পর্যন্ত তাঁর এই ধারা অব্যাহত ছিল। তাঁর কাছ থেকে গ্রহণ করা শিক্ষার কথা কেউ স্বীকার করেন, কেউ করেন না। আমরা তখন বহতা নদীর কথা ভাবি। ভাবি যে, নদীতে গোসল করতে নামে সৎ, অসৎ প্রভৃতি নানা চরিত্রের মানুষ। প্রত্যেকেই তাদের প্রয়োজন মেটায়। নদী কিন্তু ফেরায় না কাউকেই। অথচ এই উদার আচরণে নদীর চরিত্র নষ্ট হয় না। আমাদের মনে পড়ে যে, তিনি সফলভাবেই আচার্যের আভিধানিক অর্থকে উৎরে গেছেন। ফলে আমরা তাঁকে মান্য করি, বলি আচার্য সেলিম আল দীন। কিন্তু তার এই হয়ে ওঠা একদিনে সম্ভবপর হয়নি। দীর্ঘদিনের নিরন্তর চর্চা ও হয়ে ওটার অমোঘ যাত্রা তাঁকে আজকের এই অবস্থানে সমাসীন করেছে। কিন্তু বাংলা সাহিত্য ও শিল্পচর্চায় সেলিম আল দীনের স্বাতন্ত্র্য কোথায়? কী তাঁর অবদান? এ বিষয়গুলো বুঝতে হলে তাঁর শিল্পবিশ্ব সম্পর্কে খানিক আভাস দেওয়া প্রয়োজন। তবেই হয়তো বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ করবো, আয়ুষ্কালের সীমাবদ্ধতার পরও তিনি যা দিয়ে গেছেন এক মানবের সমর্থ্য বিবেচনায় বিস্ময়কর।
দুই.
লেবেদফ নামে পাশ্চাত্যের একজনের হাত ধরেই বাংলা নাটকের তথা থিয়েটারের যাত্রা শুরু। এ ধরনের একটি মতবাদ আমাদের নাট্যবোদ্ধাগণ প্রচার করেছেন বহু বহু কাল। এ কালেও এ ধরনের বিশ্বাস এবং প্রচারণা অব্যাহত। যদিও সে ধারা এখন ক্ষীয়মাণ। সেস্থলে এখন আমরা জানি, বাংলা নাট্যের চর্চা কিংবা ধারাবাহিকতার ইতিহাস হাজার বছরেরও বেশি। শুধুমাত্র ধারা অর্থেই নয়, বাংলা নাট্য অনেক সমৃদ্ধ, অনেক বেশি কমিউনিকেটিভ। কিন্তু আজ যত সহজে, বুকের মধ্যে গর্বভরে এই কথাগুলো উচ্চারণ করে ফেলি, কিছুকাল আগেই তা সম্ভব ছিল না। আমাদের এক শ্রেণীর মধ্যে দীর্ঘকাল ধরে প্রোথিত উপনিবেশিক মানসিকতা ও তাদের বিশ্বাসসম্ভূত প্রচারণার কারণে আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, উপনিবেশিক সময়ের পূর্বকালে আমাদের এ অঞ্চলে নাট্যক্রিয়া ছিল না। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তারা এলেন, বল্লেন, কেবলমাত্র তারপর থেকেই আমাদের আমাদের নাট্যের যাত্রারম্ভ! আমাদের মনে পড়ে, আমরা বুঝতে পারি, আমরা দেখতে পাই, একটি মানুষ নিরলস পরিশ্রমে, অবিরত গবেষণার মাধ্যমে প্রমাণ করে ছেড়েছেন বাংলা নাট্যের ইতিহাস মাত্র দু'শ বছরের নয়। নাট্যে আমাদের হাজার বছরের ঐতিহ্য প্রবহমান। তিনি সেলিম আল দীন। সবই ছিল, শুধু ছিল না সনাক্তের চেষ্টাটুকু। সেলিম আল দীন শুধু সনাক্ত করেই থেমে থাকেন নি, তিনি গবেষণা করে দেখালেন যে, আমাদের নিজস্ব যে নাট্যরীতি তার আভিজাত্য বিশ্বের কোনো নাট্যরীতির চেয়ে কোনো অংশেই কম নয়। এতোকাল নাটক ছিল শুধুমাত্র দর্শনযোগ্য একটি ব্যাপার। লেখ্য মাধ্যম বলে এটিকে সাহিত্যের স্বীকৃতি দেয়া হলেও প্রতীক্ষা ছিল মঞ্চায়নের। সেলিম আল দীন সেই দৈন্যও ঘুচিয়ে দিলেন। সর্বমাধ্যমের সমন্বয়ে নাটককে নিয়ে এলেন সেই স্থানে, যে স্থান থেকে পাঠক ও দর্শক অবিচ্ছিন্ন হয়ে যায়। নাটক শুধুমাত্র দর্শনযোগ্য একটি বিষয়ে সীমাবদ্ধ থাকে না, হয়ে ওঠে প্রবলভাবে পাঠযোগ্য বিষয়। এসব অর্জনের জন্য তিনি আকাশ থেকে কারও কাছ থেকে নির্দেশিত হননি কিংবা শূন্য থেকেও কোনও কিছুর উৎপত্তি ঘটাননি। এসবই ছিল, অন্তরালে। তিনি শুধুমাত্র সনাক্ত করেছেন, গবেষক হিসেবে প্রমাণ করেছেন, লেখক ও শিল্পী হিসেবে মাধ্যমটির প্রতিষ্ঠা দিয়েছেন। এ সবের নেপথ্যেই ক্রিয়াশীল ছিল প্রবল আত্মসম্মানবোধ। পাশ্চাত্যের পদলেহী মনোবৃত্তির বৃত্ত ভেঙ্গে জাতি হিসেবে আত্মপরিচয়ের সংকট মোচন। তবে এ কথাও সর্বোতভাবে স্বীকার করতে হবে, এ কাজ তাঁর একার পক্ষে পেরে ওঠা সম্ভব ছিল না। নাসির উদ্দিন ইউসুফ, শিমুল ইউসুফ, শাঁওলী মিত্র, সৈয়দ জামিল আহমেদ প্রমুখ ব্যক্তি ছাড়াও ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এর অগণিত কর্মী ও শিক্ষার্থীর ঐকান্তিক প্রচেষ্টাও তাঁর এই শিল্প অভিপ্রায়ে সংযুক্ত থেকেছে। তিনি দক্ষ কারিগরের মতোই সবাইকে এক দর্শনের সূতোয় গাঁথতে পেরেছিলেন। প্রকৃত আচার্যের পক্ষেই তা সম্ভব।
তিন.
প্রাণীকূলের প্রতিটি প্রজাতির রয়েছে এক ও অদ্বিতীয় নিজস্ব প্রকাশ। তা ধ্বনিগত কিংবা আচরণগত। ভৌগোলিক বিভাজনেও তার বিভক্ত হয় না। কেবল মানুষের রয়েছে প্রকাশের বিচিত্র ধ্বনি যার পরিশীলিত রূপকে ভাষা বলে আখ্যা দেই। একই জনপদের অভেদ ভাষাও আবার বোধগম্যতার নানা চড়াই-উৎরাই পেরিয়ে আশ্রয় নেয় সর্বজননীন কোনো অভিব্যক্তিতে। তখন বিভেদ সৃজিত হয় মান আর আঞ্চলিক ভাষা কাঠামোর ভেতর। তবে তাতে করে শুদ্ধ ও অশুদ্ধ বলে কোনো পক্ষকে চিহ্নিত করা এক ধরনের অপরাধই বটে। বৃহৎ কোনো অংশচর্চিত অভিব্যক্তিপ্রকাশের অভিজ্ঞানসমূহকে উপেক্ষা অথবা অসম্মান করার কোনো অধিকার কারো নাই। জনপদের অভিব্যক্তি প্রকাশ তার নিজস্ব এবং তার মতো করেই শুদ্ধ।
সেলিম আল দীন রচিত হাত হদাই বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্র অঞ্চল নোয়াখালী জনপদের জীবন ও জগৎকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। পাঁচালি ও উপাখ্যানের বিশাল বিস্তারের আবহে রচিত হাত হদাই অর্থাৎ 'সাত সওদা' সেই জনপদের হাসি-কান্না, সুখ-দুঃখ, জীবন-মরণ, পাপ-পুণ্য, ক্ষুধা-তৃষ্ণা, আশা-হতাশাকে চিত্রিত করে তার ভাষায়। সেই ভাষা আমাদের বোধগম্যতার তন্ত্রীতে সহসা অনুরণন তোলে না বটে, তবে তাতে করে গদ্যগন্ধী সেই ভাষার মাধুর্যের কোনো ঘাটতিও তো মনে জাগে না। এ ক্ষেত্রে সেলিম আল দীন নিতান্তই অহংঙ্কারী। তাঁর স্পষ্ট উচ্চারণÑ
হাত হদাই সেই ভাষাতেই লেখা হয়েছে, যা বাংলাদেশের ফেনী- নোয়াখালীর বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলে প্রচলিত। এ ভাষাকে বিশুদ্ধ বাংলাভাষার খাতিরে গৌড়জনের শিল্পসভায় আনা যাবে না এমন অহেতুক শুচিবোধ শিল্পের রস গ্রহণের ক্ষেত্রে রসনার আড়ষ্টতাকেই স্পষ্ট করে। এ ভাষা নোনাদেশের নোনাস্বাদের। (ভূমিকা, হাত হদাই, সেলিম আল দীন, বাংলা একাডেমী, ১৯৯৭)
হাত হদাই একটি নাটক, তবে তাতে পাঁচালি ও উপাখ্যানের আভাসে আধুনিক নাট্য নিরীক্ষাপ্রবণতা স্পষ্ট। তাতে করে নাই অঙ্ক-দৃশ্য বিভাজনের পূর্বতন ধারণার কোনো চিহ্ন। শুধু একটি ঘটনা অন্তে অপর ঘটনার প্রারম্ভে উপকূলীয় জোয়ার-ভাটার সময় উল্লেখপূর্বক বিভাজন ঘটিয়ে দেয়া। এ অভিনব নিঃসন্দেহে। বাংলাসাহিত্যে এতো বিশাল ও বিস্তৃত পটভূমি নিয়ে, আঞ্চলিক ভাষাকে মান্য করে রচিত এ ধরনের নাটক আর আছে বলে জানা নাই। সে ক্ষেত্রে এটি এখনো পর্যন্ত একমাত্র উদাহরণ হয়ে আছে। এ নাটক আরও একটি কারণে গুরুত্ব বহন করে, কেননা সেলিম আল দীনের সৃষ্টিবিশ্বে এটিই সংলাপধর্মী নাটকের সর্বশেষ চিহ্ন। রচনা অন্তে তাঁর পরবর্তী নাটকে ভিন্নবাঁক নেয়ার আভাস তিনি এতে উল্লেখ করেছেন-
ভবিষ্যতে পাশ্চাত্য বা সংস্কৃত নাট্যের পন্থায় চরিত্রের নাম বামে বসিয়ে ডানে সংলাপ স্থাপনের আদ্যিকেলে রাম-সীতার উপবেশন রীতিটাও পরিত্যাগ করবার বাসনা আছে। (ভূমিকা, হাত হদাই, সেলিম আল দীন, বাংলা একাডেমী, ১৯৯৭)
এরপরই আমরা দেখতে পাই তিনি কথানাট্য অভিধায় নতুনতর এক শিল্পমাধ্যম আবিষ্কার করে ফেলেন। একে একে রচনা করেন– চাকা, যৈবতী কন্যার মন ও হরগজ।
১৯৮৭-৮৯ কালপর্বে রচিত হাত হদাই-এ আমরা দেখতে পাই, আনার ভাণ্ডারি নামে এক মৃত্যুঞ্জয়ী নাবিককে। তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এ নাট্যের যাবতীয় অন্যসব চরিত্র ও ঘটনা। সেসব ঘটনা কিংবা চরিত্র স্বগুণেই বিকশিত এবং স্বয়ংসম্পূর্ণ। ফলে শুধুমাত্র একটি চরিত্রই সেখানে প্রধান হয়ে ওঠে না। হয়তো আদি-মধ্য-অন্ত এমনতরো কোনো ছকে বাঁধা যাবে না, তবে তাতে করে বিকাশরহিত হয় না চরিত্র। একে একে আমদের স্মরণে গেঁথে যায়, আনার ভাণ্ডারি, ইদ্রিস, ছিদ্দা, বেগমী, হাইশ্যা, আঙ্কুরী, লুত্তা, মোদু, ডিঙ্গা, শামা মাঝি, মছলন শা, চুক্কনি, নাডু, হাøা, মালু হাবজ, জামাল, আফাজ গায়েন, ছকিনা। এমন কী মোরগ ও ভেড়ার লড়াই কিংবা বিদেশ-বিভূঁইয়ের শুধুমাত্র উচ্চারিত নামগুলোও আর অপাংক্তেয় মনে হয় না। যেমন করে একটি ঘটনাই নাট্যের সামগ্রিকতাকে ধারণ করে না। খণ্ড খণ্ড উপকাহিনী একে একে এসে জড়ো হয়। সবগুলো মিলেই তৈরি হয় এক পরিপূর্ণ রূপ। আমাদের মননে জায়গা করে নেয়, মাঝিমাল্লার গান, হুল্লোড়, পাখি শিকার, ঘুড়ি ওড়ানো কিংবা থাইল্যান্ড প্রবাসী মোদুর হাøার জন্য প্রণয়াবেগ অথচ থাইল্যান্ডে থাকা বধূর জন্যও তার টান, দুঃসাহসী চুক্কনী যে কিনা দ্বিতীয় বিয়ে ভেঙ্গে ফিরে আসে গ্রামে, আনারের পুত্র জামালের জলদস্যু হয়ে যাওয়া, কলেরায় জনপদ ধ্বংসের খবরে ভীত হয়ে আনারের তওবা করা পুনরায় ভেঙ্গে ফেলা কিংবা কবর খনন আর তা রাতের অন্ধকারে নিজেই বুঁজিয়ে দেয়া, দ্বিতীয় স্ত্রীর ছোটবোন আঙ্কুরীর সাথে ঘর বাধার উদ্দেশে যাত্রা, পুকুরের তলদেশে সোনা রয়েছে শুনে অঞ্চলবাসীদের পুকুরের তলদেশ তোলপাড়, হাøার বিয়ে, আনারের নাবিকজীবনের গল্প প্রভৃতি অসংখ্য কাহিনীর বয়ান হাত হদাই-এ লভ্য। প্রতিটি খণ্ড অথচ পূর্ণগন্ধী। যেখানে সমুদ্রতীরবর্তী মানুষের সমুদ্রগামিতা, মোহ, প্রেম, কাম, ক্ষুধা, উদারতা, আশা-হতাশা বিস্তারিত অবয়ব তুলে দাঁড়ায়। সেলিম আল দীনের শৈল্পিক সামর্থ্য ঠিক এখানেই, পক্ষপাতহীন নিরাসক্ত স্রষ্টা।
হাত হদাই-এ আরব্য রজনীর মৃত্যুঞ্জয়ী সিন্দাবাদের গল্পরীতির সঙ্গে জীবনদর্শনের প্রাচ্যরূপ ধৃত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন লেখক স্বয়ং। সিন্দাবাদ যেমন প্রতিবার প্রবল বিপদের সম্মুখীন হয়ে অমিত জীবন পিপাসায় বেঁচে ওঠে, আনার ভাণ্ডারিও ঠিক তেমন। পৃথিবীর রৌদ্র-ছায়া তার ভেতরে ছন্দ তোলে তাকে আনন্দ দেয়, বেঁচে ওঠার, বেঁচে থাকার প্রেরণা জোগায়। তবে এ ছাড়াও আরব্য রজনীর এক খুনে রাজাকে উজির কন্যা যেভাবে গল্প বলতে বলতে জীবনমুখী করে তোলে, আনার ভাণ্ডারিও নিজের জীবনের গল্প বলতে বলতে, নিকট-দূরের পৃথিবীর অন্যসবার গল্প শুনতে শুনতে পুনর্বার জীবনপিয়াসী হয়ে ওঠে। দুই রচনার মধ্যে অভিপ্রায়গত এই দূরবর্তী সাযুজ্য অস্তিমান।
হাত হতাই আঞ্চলিক ভাষাকে গ্রহণ করে বিকশিত হলেও পরিপূর্ণ অর্থে আঞ্চলিক ভাষায় রচিত নয়। সেলিম আল দীন এ প্রসঙ্গে বলেছেন–
হাত হদাই নাটকে কোন একটি গ্রাম বা বিশেষ অঞ্চলের ভাষারীতিকে আদর্শ মান্য করা হয় নি। এতে ফেনী-নোয়াখালী সমগ্র উপকূলীয় ভাষার সামগ্রিক বৈশিষ্ট্যের একটি সাধারণীকৃত ভাষাভূমি রচিত হয়েছে। (ভূমিকা, হাত হদাই, সেলিম আল দীন, বাংলা একাডেমী, ১৯৯৭)
চার.
গবেষক, লেখক, শিক্ষক ইত্যাদি নানা পরিচয়ের পাশে সেলিম আল দীনের আরও একটি পরিচয় নিভৃত। তিনি একজন সফল নির্দেশকও বটে। মহুয়া, দেওয়ানা মদিনা, একটি মারমা রূপকথা, মেঘনাদবধ ও কাঁদো নদী কাঁদো ইত্যাদি তাঁর নির্দেশনাকর্মের অত্যুজ্জ্বল অভিজ্ঞান। হাতের মুঠো খুলে কয়েন লুপ্ত করে দেয়ার মতো বিস্ময় ছড়িয়ে থাকে এইসব প্রযোজনার প্রতিটি দৃশ্যে।
'উপন্যাসের মঞ্চভ্রমণ' অভিধায় এমনতরো এক বিস্ময় নিয়ে তিনি ধরা দেন শিল্পপিপাসু দর্শকের সন্নিকটে। এ ক্ষেত্রে তিনি বেছে নেন অমর কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস 'কাঁদো নদী কাঁদো'। আমাদের অভিজ্ঞতায় এ ধরনের কোনো স্মৃতি ইতোপূর্বে ছিল না। কেমন সেই ভ্রমণ? তাও আবার মঞ্চে! কেননা মঞ্চে নাটক, কাব্যনাটক, মহাকাব্য, গল্পের নাট্যরূপ, উপন্যাসের নাট্যরূপ, কবিতার নাট্যরূপ আমরা জানি এবং সেগুলো আমাদের অভিজ্ঞতারই অন্তর্গত। কিন্তু মঞ্চভ্রমণ! মানতেই হবে, একেবারেই নতুন এক ভাবনা।
সচরাচর নাটকেরই চিত্ররূপ মঞ্চে উপস্থাপিত হয়ে থাকে। মহাকাব্যের মঞ্চায়ন আমাদের অজানা নয়। অজানা নয় কোনো গল্পকে নাটকে রূপ দিয়ে তাকে মঞ্চপোযোগী করে তোলা কিংবা উপন্যাসের কাঠামো বিলুপ্ত করে দিয়ে তাকে নাটকের পাণ্ডুলিপিতে সাজিয়ে নেয়া। এসব কিছুই আমাদের মঞ্চে নতুন কিছু নয়। বহুবার এমনতরো সৃজন আমরা লক্ষ করেছি, করছি এবং হয়তো আরো বহুকাল করব। কিন্তু আস্ত একটা উপন্যাস মঞ্চে উপস্থাপিত হয়ে, হেঁটে-চড়ে-ঘুরে-ফিরে চলে গেল অথচ উপন্যাসটির কোনোরূপ বিকৃতি ঘটল না! পাশাপাশি দৃশ্যকাব্য রচনাতেও কোনো ব্যাঘাত সৃষ্টি করল না! এটি কীভাবে সম্ভব?
সেই অসম্ভবকেই সম্ভব করেছেন সেলিম আল দীন। উপন্যাসটি তার স্বাভাবিক প্রণোদনায়, নিজের ছাঁচটিকে অবিকৃত রেখে কিছু কলা-কুশলীর মাধ্যমে মঞ্চভ্রমণ করে যাবে, অথচ তাতে থিয়েটারের মূল সুরে যেমন কোনো ছন্দপতন হবে না, তেমনি ভাবে উপন্যাসটিও তার কৌমার্য অক্ষত রাখতে সক্ষম হবে। নতুনতরো এই ভাবনার উদ্ভাবক সেলিম আল দীন বলেন-
'সচরাচর শতবর্ষের বাঙলা থিয়েটার উপন্যাসকে যখন মঞ্চে এনেছে তখনই উপন্যাসের ছাঁচটা পাশ্চাত্য প্রভাবিত অঙ্কদৃশ্য বিভাজিত নাট্য আঙ্গিকেই আত্মবিলোপ করেছে দেখতে পাই। কিন্তু উপন্যাসের মঞ্চভ্রমণে আমরা ওই প্রথাগত রীতিকে অস্বীকার করার চেষ্টা করেছি। আমরা যা চেয়েছি তা উপন্যাসের ভাষা এবং গল্পের বাঁকসমূহকে হুবহু মঞ্চে তুলে আনতে।'
'কাঁদো নদী কাঁদো' উপন্যাসটিকে মঞ্চে তুলে আনতে নির্দেশক সেলিম আল দীন বর্ণনাত্মক বাংলা নাট্যরীতির আশ্রয় নিয়েছেন। বোধ করি এছাড়া আর কোনো পথ তাঁর সামনে খোলা ছিল না। কেননা অন্য যে কোনো নাট্যরীতির আশ্রয়ে উপন্যাস তার স্বীয় কাঠামো হারিয়ে শেষ পর্যন্ত নাট্য পাণ্ডুলিপিতে রূপান্তরিত হতো। বর্ণনাত্মক নাট্যরীতির আশ্রয় কথা কিংবা বর্ণনা এবং দর্শকের শিল্পমনস্ক চিত্ত। নির্দেশক বলেছেন-
'আমি এ নাটকে সঙ্গীত ও নৃত্য সর্বাংশে পরিহার করেছি। কারণ কাঁদো নদী কাঁদো'র ভাষারীতির সঙ্গে তা যাচ্ছিল না। উপরন্তু, এটাই যেন বিধি নির্দিষ্ট হয়েছে গিয়েছে যে বর্ণনাত্মক নাটকে ওসব থাকবে।'
কিন্তু মূল প্রযোজনায় দেখা যায়, নাট্যের শুরুতেই অন্ধ ভিখারির হারমোনিয়াম সহযোগে গান গেয়ে ভিক্ষা করা, কিংবা শেষদৃশ্যে 'কাঁদো নদী কাঁদো হো হো, কাঁদো নদী কাঁদো' বাক্যটিতে সুরারোপ করা হয়েছে। নিঃসন্দেহে তা প্রযোজনার স্বার্থে। অন্ধ ভিখারির গান উপন্যাসের বিষয়বস্তু নয়। নির্দেশক স্টিমারের আবহ তৈরির নিমিত্তে নিজ ভাবনার প্রয়োগ ঘটিয়েছেন মাত্র। এছাড়াও চার্চের ঘণ্টাধ্বনি কিংবা বাঁশের চটির সাহায্যে তাল উৎপাদনের চেষ্টা, মোটা দাগে সঙ্গীতেরই ব্যবহার বলে বিবেচনা করি। অবশ্য এ কথা সত্য এ দুটো গান কিংবা ঘণ্টাধ্বনি, চটির ব্যবহার ইত্যকার বিষয়গুলো প্রযোজনা থেকে বাদ দিয়ে দিলেও কোনো ছন্দপতন অথবা রস সৃষ্টিতে কোনো ব্যাঘাত ঘটাতে পারত না। আকাশ হতে ধেয়ে আসা কয়েক ফোঁটা জল যেমন বৃষ্টির নামান্তর নয়, তেমনি কয়েক সেকেন্ডব্যাপী সুর আর কয়েকটি ছন্দ-তালধ্বনিও সঙ্গীতরূপে গৃহীত হতে পারে না।
মঞ্চে কলাকুশলীরা তাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক পোশাক নিয়েই মঞ্চে অভিনয় করেছেন। কোনো নির্দিষ্ট বৃত্তে পোশাকের সহজ স্বাভাবিকতা সম্ভবত নির্দেশক নষ্ট করতে চাননি। ফলে ব্যক্তি চরিত্রগুলোর সঙ্গে দর্শকরা নিজেদের একাত্মতা বোধ করেছেন সহজেই। কিন্তু ফর্মাল সেটের উঁচু-নিচু ধাপে অভিনয় ক্রিয়ার সঞ্চালনে সেই একাত্মবোধের ঘোরও স্থায়ী হয় না। সেট পরিকল্পনায় তিনটি প্লাটফরমকে সংযুক্ত করা হয়েছে। সেইসঙ্গে ধাপ পদ্ধতিতে তা নিচে নেমে এসেছে। মঞ্চের পেছনে চটি আর কাগজের সমন্বয়ে দুটো বিশাল চোখ তৈরি করা হয়েছে। মূল সেটের চারদিকেই উঁচু-নিচু বাঁশ বেঁধে দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে প্রায় বিশ-পঁচিশটি হ্যারিকেন। হ্যারিকেনগুলো নাট্যের শুরুতেই পাত্র-পাত্রীরা মঞ্চে বহন করে নিয়ে আসেন এবং বিভিন্ন বাঁশের মাথায় ঝুলিয়ে দেন। উপন্যাসের কাহিনীর প্রয়োজনে, দৃশ্য রচনায় হ্যারিকেনগুলো কখনো কখনো প্রপস হিসেবেও ব্যবহৃত হয়েছে। ঝড় কিংবা কষ্ট কিংবা রাতের আবহ সৃষ্টিতে কখনো শুধু বিমূর্ত কোনো কিছুকে ইঙ্গিত করতে হ্যারিকেনগুলোর ব্যবহার হয়েছে। কখনো কখনো মনে হয়েছে সমস্ত সেট-মঞ্চ-হ্যারিকেন এসব কিছু মিলে যেন অন্য কোনো স্বতন্ত্র চরিত্র হয়ে উঠেছে, যেন ভিন্ন কোনো কিছু বোঝাতে চেয়েছে, যেন-বা একটি জনপদের প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার শোকে কম্পমান নগরী কিংবা শুকিয়ে যেতে যেতে মরে যাওয়া নদী, মানুষের আশা-হতাশার প্রতীকরূপে কখনো কখনো প্রতিভাত হয়েছে। নির্দেশক সেলিম আল দীনের মুন্সিয়ানা ঠিক এখানেই। সমস্ত প্রযোজনাটিকে তিনি অখণ্ড এক সুরে বেধেছিলেন, যাতে করে কোনো কিছুকেই বাহুল্য বলে মনে হয়নি। তাঁর চিন্তার নির্যাসের বাস্তবায়নে জড়বস্তুগুলোও মঞ্চে চরিত্রে রূপ নিয়েছিল। এ নাট্যের নির্দেশনার সাবটেক্সট প্রসঙ্গে সেলিম আল দীন বলেন-
'তিনটি সংযুক্ত প্লাটফরম, ধাপ পদ্ধতিতে নিচে নেমে আসে। ফাঁকগুলো ফোকড় বেড়া। মঞ্চের উত্থানস্থলে দুটি বিশাল চোখ। চোখের মণিতে হ্যারিকেন। শুরুতে জ্বলে শেষে অন্ধ করে দেওয়া হয়। ভাবা যায়, অশ্র"মতি দুটি চোখ নদীর দুপাশে দুটি চোখের মাঝখান দিয়ে স্রোতধারার মতো নদী! সেটি আবার স্টিমার, সেটি কুমুরডাঙা শহর ও গ্রামের নানা মানুষের ঘরবাড়ি, মোহাম্মদ মোস্তফার শহরের বাড়ি। মঞ্চে প্রায় পনের-কুড়িটি হ্যারিকেন-লণ্ঠন ব্যবহৃত হয়। তা আশার আলো, নানা কম্পোজিশনের মাধ্যমে এবং সে সঙ্গে বিভাগ উদ্ভাবিত চরিত্র প্রকাশের মাধ্যমরূপে নানা বর্ণের উড়নির ব্যবহার।'
উপন্যাসটিতে কালুমিয়া, কালুমিয়ার জামাই, মোহাম্মদ মোস্তফা, খোদেজা, মোস্তফার মা আমেনা খাতুন, ক্ষীণ যৌবনা সকিনা, উকিল কফিল উদ্দিন, ডাক্তার বোরহান উদ্দিন, তবারক ভূঞা, লস্কর সর্দার, সলিম মিয়া ইত্যকার অজস্র চরিত্রের সমাবেশ ঘটেছে। বর্ণনাত্মক রীতির আশ্রয়ে একজন অভিনেতা-অভিনেত্রী অনেকগুলো চরিত্র রূপায়ন করেছেন। আবার একটি চরিত্রই বিভিন্ন সময়ে বিভিন্ন পাত্র-পাত্রী দ্বারা রূপায়িত হয়েছে। প্রযোজনাটিতে খোদেজার আত্মহত্যার একটি দৃশ্য পাঁচবার দৃশ্যায়িত হয়েছে। প্রশ্ন জেগেছে, কেন? নির্দেশকের উত্তর এ রকম-
'কাঁদো নদী কাঁদো'তে পুরো ঘটনা স্টিমারেই বিবৃত হয়, কাজেই এ নাটকের সবটাই বর্তমান বলে, ঘুরে ঘুরে আত্মহত্যার ঘটনাটা ফিরে ফিরে আসে।'
আমরা চলচ্চিত্রে বা টেলিফিল্মে ফ্ল্যাশব্যাকে একই ঘটনার পুনরাবৃত্তি লক্ষ করেছি। কিন্তু মঞ্চে? বোধকরি প্রথমবারের মতোই নির্দেশক সেলিম আল দীন এ ধরনের একটি কাজ করেছেন। আমাদের কারো মনে কোনো ঘটনা স্থায়ী আসন গেড়ে নিলে তা দৈনন্দিন জীবনে বার বার ফিরে আসে। এমনি একটা বিষয় সেলিম আল দীনের হাত ধরে আমাদের মঞ্চে প্রবেশ করল। অত্যন্ত দুরূহ কিন্তু তাৎপর্যমণ্ডিত এ দৃশ্যের রূপায়ণ। মানুষের অন্তর্গত সত্যকেই যেন মঞ্চে তার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া।
'উপন্যাসের মঞ্চভ্রমণ' নতুন এই মঞ্চ নীরিক্ষার প্রসার হোক। নির্দেশক সেলিম আল দীনের ভাষায়Ñ
'এর বিস্তৃতি চাই। অন্যভাবে অন্য কারো দ্বারা।'
পাঁচ.
নতুন এক শিল্পমতবাদ ফোরিয়ালিজম বা সম্মুখবাস্তববাদের আশ্রয়ে সেলিম আল দীন লেখেনে একরৈখিক কাহিনী বিবর্জিত আখ্যান 'নিমজ্জন'। এই রচনায় এ আমরা দেখতে পাই মানুষ কত শত অপচয়ের ইতিহাস সৃজন করেছে। অভেদ ভূগোলকে খণ্ড বিখণ্ড করে দাঁড়িয়েছে মানুষ মানুষেরই বিরুদ্ধে। হরগজ ও নিমজ্জন বর্ণনাত্ত্বক ধারায় অগ্রসর হলেও নিজজ্জন বিস্তৃত হয়েছে মহাকাব্যিক ঢং এ। অজস্র টুকরো ছোট ছোট ঘটনা সেখানে যুক্ত হয়েছে। হরগজ এ একটি সুসংবদ্ধ কাহিনী থাকলেও নিমজ্জন এ তা মোটাদাগে সরাসরি প্রকাশিত নয়। নিমজ্জন এ সন্নিবেশিত ঘটনাসমূহ এবং তৎসঙ্গে রচয়িতার উপলদ্ধিজাত বর্ণনার স্বাভাবিক প্রবণতা এই যে, এর মাধ্যমে মানুষের মানবিক বিবেচনাগুলো আহত হোক, তার ভেতরে গণহত্যা আর যুদ্ধের বিরুদ্ধে প্রবল ঘৃণা আর প্রতিবাদ উৎসারিত হোক। অপরদিকে হরগজ এর সচেতন বর্ণনা পাঠককে জীবন-মৃত্যু সম্পর্কে একধরনের অদূরবর্তীতা নির্দেশ করে। পাঠককে আবেগাক্রান্ত করে, অনামা, অজানা সেই চরিত্রগুলোর সহমর্মী হয়ে ওঠে নিজের অজান্তেই। অভিযোগ জানাতে পারে না এই প্রাকৃতিক তাণ্ডবের বিরুদ্ধে, মেনে নেয় পাশাপাশি যন্ত্রণাদগ্ধ হয়।
মানুষ প্রকৃতিরই অংশ। যে অর্থে বুদ্ধি বিবেচনা বলি, প্রকৃতির তা নাই। আছে নিয়ম। মানুষ প্রাকৃতিক নিয়ম ছাড়া স্বউদ্ভাবিত নিয়ম-নীতি-রীতি নির্মাণে সক্ষম। দার্শনিক ব্যাখ্যায় হয়তো পৃথিবীর সব অপচয় আর নির্মাণের নেপথ্যে প্রকৃতিই সবচে' বড় নিয়ামক এ তত্ত্ব প্রতিষ্ঠা সম্ভব। কিন্তু প্রকৃত বাস্তবতা ভিন্ন। মানবতা শব্দটি মানুষের আবিষ্কার, মানুষের হাতেই শব্দটি লাঞ্ছনার শিকার হয়েছে সবচে' বেশি, তা সে হোক, ধর্মের নামে, রাষ্ট্রের নামে, গোত্রের নামে কিংবা মতবাদের নামে। তারই চিত্রল বর্ণনা আর ঘটনার উপস্থিতি নিমজ্জন এ প্রত্যক্ষ করা যায়।
কোনো এক মনীষী বলেছিলেন, পৃথিবীর ইতিহাস গণহত্যার ইতিহাস। ইতিহাসের উপাদানকে ব্যবহার করে রচিত নিমজ্জন পাঠে এ কথার যাথার্থ উপলব্ধি হয়। কিন্তু আমরা কি এমন ইতিহাস চেয়েছি? নিশ্চয়ই নয়। আমরা কি কখনো প্রশ্ন তুলেছি, যুদ্ধবাজ সমর নায়ক নয়, কোনো শিল্পী হবেন আমাদের জাতীয় নায়ক। ইতিহাসে থাকবে বিজ্ঞান, সাহিত্য আর মানবিকতার জয়যাত্রার কথা। নিমজ্জন পাঠে এ আকাক্সক্ষাই তীব্রতর হোক সকলের মনে।
নিমজ্জন এ ফোররিয়ালিজম বা সম্মুখবাস্তবতা নামে প্রযুক্ত নতুন শিল্পতত্ত্ব প্রবর্তনের যে আভাস দেয়া হয়েছে সেই তত্ত্বটির মোটামুটি পরিচয় হচ্ছে, ঘটনা পরম্পরায় সামনের পরিণতিমূলক কোনোকিছু যা আগেই ব্যাখ্যাত হয়। তবে তা নিয়তিসম্ভূত নয়। কার্যকারণগত প্রতিক্রিয়া।
ছয়.
সেলিম আল দীন ছিলেন দ্বৈতাদ্বৈতবাদী শিল্পী। তিনি তাঁর রচনাকে বলতেন 'ননজেনার' ধারার। আক্ষরিক অর্থে তাঁকে নাট্যকার হিসেবেই প্রায় সবাই মেনে নিতে ও গ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু সেলিম আল দীন বলছেন তাঁর রচনা শুধুমাত্র নাটক কিংবা উপন্যাস কিংবা কবিতা নয়। বিষয়টি কেউ কেউ মেনে নিতে কিংবা গ্রহণ করতে পারেন না। তাঁরা সেলিম আল দীনকে একটি নির্দিষ্ট ফ্রেমে ফেলে সেই অনুয়ায়ী বিবেচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
আমরা জানি, কবিতা, গল্প, উপন্যাস, মহাকাব্য এসব সৃজনশীল লেখ্যমাধ্যমের পৃথক পৃথক জেনার। কিন্তু একটি ঐক্য সহজেই বিবেচনা করা সম্ভবপর। তা হচ্ছে উল্লেখিত জেনারগুলোর প্রত্যেকটিই পাঠযোগ্য। এগুলোর কোনোটিই অন্যমাধ্যমে রূপান্তরিত হওয়ার অভিপ্রায়ে নির্মিত হয় না। পরবর্তীকালে অন্যকোনো মাধ্যমের শিল্পী অথবা স্রষ্টা হয়তো এগুলোকে পৃথক কোনো মাধ্যমের সাহায্যে উপস্থাপণ করে থাকেন। যেমন, এ ক্ষেত্রে আমরা মারিও পুজোর বিখ্যাত উপন্যাস 'গড ফাদারের কথা উল্লেখ করতে পারি, যা পরবর্তী সময়ে চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছিল। আর্নেস্ট হেমিংওয়ের 'দ্য ওল্ডম্যান এন্ড দ্য সি' এলফ্রেডিক ইয়েলিনেক এর 'পিয়ানো টিচার' কিংবা 'ডা ভিঞ্চি কোড' উপন্যাস রুপালি ফিতায় বন্দি হয়েছে। এগুলো ছাড়াও বিখ্যাত অনেক উপন্যাস কিংবা গল্প অবলম্বনেও চলচ্চিত্র তৈরি হয়েছে। আরও বলতে পারি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি যা সত্যজিৎ রায়ের হাতে পড়ে সেলুলয়েড এ বন্দি হয়েছিল। সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি কিংবা শরৎচন্দ্রের দেবদাস, সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু, নির্মলেন্দু গুণের কবিতা হুলিয়া ইত্যাদি নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই নিয়ে হয়েছে মঞ্চ নাটক। মহাকাব্য বিষাদসিন্ধু কিংবা মেঘনাধবধকাব্য মঞ্চে নাট্যরূপে উপস্থাপিত হয়েছে। কিন্তু মূলে এগুলোর কোনোটিই নাটক নয়। গল্প, উপন্যাস, কবিতা কিংবা মহাকাব্য। লেখ্যরূপের একটি মাত্র জেনার দৃশ্যধর্মিতার কথা বিবেচনা করে রচিত হয়। তা হচ্ছে নাটক। নাটকের পাঠযোগ্যতার অধিক কিংবা প্রধান হচ্ছে মঞ্চে উপস্থাপণ এবং নাটক রচনার অভিপ্রায়ও ঠিক তাই। দর্শক। পাঠক নন মোটেও। ফলে লেখ্যমাধ্যমের অন্যান্য জেনার থেকে নাটক সম্পূর্ণ পৃথক, একেবারেই স্বতন্ত্র। এমন কী টেলিভিশন মিডিয়া কিংবা চলচ্চিত্র নির্মাণের আগে চিত্রনাট্য তৈরি করতে হয়। এখানেও সেই নাটক কিংবা নাট্য।
আমরা পাশ্চাত্যের শিল্পসাহিত্যের দিকে দৃষ্টি দিলে দিখতে পাবো, সেই প্রাচীনকালে গ্রিসে নাট্যচর্চার ধারাবাহিকতায় ট্র্যাজেডি ও কমেডির উদ্ভব হয়। সেখানে প্রথমে একজনমাত্র অভিনেতা দিয়ে শুরু করে ক্রমে দুই এবং এরপর তিন অভিনেতার সমন্বয়ে নাট্য উপস্থাপনা শুরু হল। সঙ্গে ছিল কোরাস। গ্রিসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাট্য প্রতিযোগিতার প্রচলন ঘটায় আমার সেই সময়েই অনেক নাট্যকারের আবির্ভাব লক্ষ্য করি। সেই সঙ্গে অনেক নাটকও আমরা পাই। পরবর্তী সময়ে ঐসমস্ত নাটকের বৈশিষ্ট্য ও লক্ষণকে সূত্রাবদ্ধ করে অ্যারিস্টটল রচনা করেন তাঁর বিখ্যাত গ্রন্থ 'আর্স পোয়েটিকা' অর্থাৎ 'কাব্যতত্ত্ব'। এখানে লক্ষণীয় অ্যারিস্টটল গ্রিক ট্র্যাজেডি ও কমেডিকে সূত্রায়িত করতে গিয়ে বলছেন 'কাব্যতত্ত্ব'। অর্থাৎ নাটককে তিনি কবিতার সমপর্যায়ভুক্ত বলেই বিবেচনা করেছেন। অবশ্য তা করার যথেষ্ট কারণও রয়েছে। মহান স্কাইলাস, সফোক্লেস, ইউরিপিদিস ও অ্যারিস্টোফেনিস রচিত ট্র্যাজেডি ও কমেডিগুলো নির্দিষ্ট ছন্দে কবিতার বহিরঙ্গকে মান্য করেই রচিত হত। ফলে এগুলোকে কবিতা হিসেবে সনাক্ত করা দূরূহ নয়। পরবর্তী সময়ে রোমানরাও গ্রিক নাটকের অনুকরণে নাট্যচর্চা অব্যাহত রাখে। মার্লো, শেক্সপিয়র প্রমুখের হাতে নাটক নতুন এক মাত্রাগত সমৃদ্ধি অর্জন করে। গ্রিক নাটকের পৌরাণিক নির্দিষ্ট ছক ভেঙ্গে তা মানবীয় জীবনের আবেগ অনুভূতি ধারণ করে নতুন একছকে আবদ্ধ হল। এরও পরে ফ্রান্সের কর্নেই-রাসিন কিংবা মলিয়েরের মধ্যেও আমার একই ধরনের আঙ্গিকগত চর্চার নিদর্শন পাই। তাদের চর্চিত নাটক বাণিজ্যের সূত্রে এদেশে আসা বিভিন্ন জাতির ব্যবসায়ীদের মাধ্যমে ভারতবর্ষে আসে। বাণিজ্যের সঙ্গে সংস্কৃতিও চলে আসবে স্বাভাবিক ভাবেই। ওলন্দাজ, পর্তুগিজ সর্বশেষে ইংরেজরা। মূলত ইংরেজরাই এই উপমহাদেশে দীর্ঘস্থায়ীত্ব লাভ করেছিল। দীর্ঘ ঔপনিবেশিক শাসনের ফলে নানা ধরনের শোষণ-নিপীড়নের পাশাপাশি আমার লাভ (!) করি উপনিবেশিক সংস্কৃতি।
লেবেদফ তৎকালীন কলকাতায় 'দ্য ডিসগাইস' বা 'কাল্পনিক সংবদল' নাটকের মাধ্যমে উপমহাদেশে পাশ্চাত্যের নাট্যধারার সূচনা করেন। যা এ অঞ্চলে আধুনিক থিয়েটার চর্চার সূত্রপাত ঘটায়। যদিও এ অঞ্চলে সংস্কৃত নাটকের সমৃদ্ধ ধারা অস্তিমান ছিল। আমরা ভরত নাট্যশাস্ত্র দৃষ্টে পাই, সংস্কৃত নাটকের শ্রেণীকরণ। স্পষ্টভাবে বিভিন্ন শ্রেণীর নাটক, তার দর্শক, মঞ্চ এবং পাত্রপাত্রী থেকে শুরু করে নাটকের কাহিনী পর্যন্ত নির্দিষ্ট করে দেয়া রয়েছে সেখানে। ভাস, কালিদাস, শূদ্রক প্রমুখ সংস্কৃত নাটকের উল্লেখযোগ্য স্রষ্টার নাম। কিন্তু সে ধারা ইংরেজ উপনিবেশিকতা এবং এ অঞ্চলের শিক্ষিত সমাজের অজ্ঞানতা কিংবা ভ্রান্ত আভিজাত্যের পরাকাষ্ঠা কিংবা পদলেহী মনোবৃত্তির দরুণ রুগ্ন ধারায় পর্যবসিত হয়, রবীন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্যের থিয়েটারকে তাঁর নিজের মতো করে গ্রহণ করলেন। তিনি অঙ্ক-দৃশ্য অক্ষুণœ রেখে বর্ণনার মাত্রা বাড়িয়ে দিলেন। নাটকে গান এবং নাচ সংযোজন করলেন। রবীন্দ্রনাথে এসে বাংলা নাটক মঞ্চায়নের পাশাপাশি পাঠযোগ্যতা অর্জন করতে শুরু করে। যদিও তা সম্পূর্ণ নয়। অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের এ ধরনের কোনো অভিপ্রায়ের কথাও জানা যায় না। তিনি বাংলা নাটকের মঞ্চায়নে নিরাভরণতা পছন্দ করতেন। দর্শকের কল্পনা শক্তির প্রতি আস্থাশীল রবীন্দ্রনাথ বর্ণনার মাধ্যমেই স্থান-কাল-পাত্রের ভেদ ঘুচিয়ে দিতেন। কিন্তু তারপরও সমগ্র রবীন্দ্রনাটক আলাদা লেখ্যমাধ্যম মান্য করেই রচিত এবং স্বীকৃত। তিনি সকল মাধ্যমকে একীভূত করে নতুনতর কোনও মাধ্যমের কথা বলেননি।
অন্যদিকে সেলিম আল দীন লক্ষ্য করলেন বাংলার লোকজীবনের সহজ সরল বিনোদনগুলো নাট্যমূলক। আমাদের কবিগান, জারিগান, সারিগান, তামসাগান, ভাসানযাত্রা ইত্যাদি অজস্র লোকজ পরিবেশনামূলক ফর্ম রয়েছে। এগুলো সংলাপ, বর্ণনা, কথা, গান, কবিতা, নৃত্য প্রভৃতির সমন্বয়ে নির্মিত এবং পরিবেশিত হত। তিনি আবিষ্কার করলেন, বাঙালির নিজস্ব নাট্য ঐতিহ্য রয়েছে এবং তা অত্যন্ত সমৃদ্ধ। সেই নাট্য ঐতিহ্য শুধু কিছুদিনের নয় বরং হাজার বছর ধরে তথাকথিত অন্তজস্রোতে এসব নাট্যমূলক ক্রিয়া প্রবহমান। তিনি আরও লক্ষ্য করলেন, পাশ্চাত্য শিল্প যখন আরও বেশি বিভাজিত, আরও অনুতে অনুতে নতুনত্বের সন্ধানী তখন হাজার বছর ধরে চর্চিত বাঙালির যে নাট্যমূলক ক্রিয়া তার আধুনিক লেখ্যরূপই কেবল সবশিল্পকে একসূত্রে গেঁথে নিতে পারে। কিন্তু তার আগে প্রয়োজন পড়ে লোকজ নাট্যমূলক ক্রিয়াগুলোকে নাট্য অভিধাদানের। সেলিম আল দীন প্রতিষ্ঠা করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং গবেষণা করে রচনা করেন 'মধ্যযুগের বাঙলা নাট্য' শীর্ষক গ্রন্থ। প্রাতিষ্ঠানিক এবং তাত্ত্বিকভাবে স্বীকৃতি লাভ করে বাংলা ঐতিহ্যবাহী নাট্য। আমরা লক্ষ্য করি ইংরেজদের উপনিবেশিক নাট্যচর্চার বিরুদ্ধে দেশজ নাট্য আঙ্গিক নির্মাণের অভিযাত্রা। যদিও শুরুতে পাশ্চাত্যগন্ধী কিন্তু অনতিবিলম্বেই তিনি ফিরে আসেন। বাংলা ঐতিহ্যবাহী নাটকের আধুনিক চিহ্ন হিসেবে তিনি হাজির করেন, কেরামতমঙ্গল, হাতহদাই ও কিত্তনখোলা। আমরা এই তিনটি নাটকেই দেখতে পাই মহাকাব্যিক বিস্তার। এই নাটকগুলোতে নানা ধরনের নীরিক্ষাপ্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। রবীন্দ্রপরবর্তী সময়ে বাংলা নাটকের আধুনিক রূপটি তাঁর হাত দিয়েই নির্মিত হল। এতোবড় আয়োজন, এতোবড় ক্যানভাসে সেলিম আল দীন এর আগে বাংলাভাষার আর কোনো নাট্যকারই নাটক রচনা করেননি।
কিন্তু নাট্যকার অভিধা তাঁকে এঁটে উঠতে পারেনা। তিনি সন্ধান করেন নতুন মার্গ। যে উপনিবেশিকতা আমাদের বিভাজিত করে দিয়েছে, কি জাতীয়তায়, ধর্মে, শ্রেণীতে, গোত্রে উপগোত্রে, সেখান থেকেই তিনি খোঁজ করেন অবিভাজিত মন্ত্র। তিনি সবকিছুকে গ্রহণ করে শিল্প নির্মাণের অভিপ্রায়ী হন। আর শিল্পে তা ঘটে ফিউশন বা একাঙ্গীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। এ প্রসঙ্গে তিনি বলেনÑ
'একাঙ্গীকরণ- শিল্পের এক অবশ্যম্ভাবী শক্তি। একটি পংক্তির প্রারম্ভ মানেই আরেকটি পংক্তিকে একাঙ্গীকৃতকরণ। দ্বিতীয় পংক্তি নিশ্চিতভাবে তৃতীয় ও তৎপরবর্তী বাক্যের ফিউশনগুলোকে অভ্রান্ত করে তোলে। এবং যে কোনো শিল্পসৃষ্টির ক্ষেত্রেই লেখক প্রতিপংক্তিতে বস্তু ও উপকরণগত বিষয়ের সঙ্গে ভাবের ফিউশন ঘটান এবং এসবই করা হয়-মূল লক্ষ্যের দিকে চোখ রেখে। শিল্পে এর কোনো বিকল্প নেই। চিত্রকলা ভাস্কর্যের বিচারও এর বাইরে নয়। বস্তুতপক্ষে একাঙ্গীকরণ/একীকরণ বা ফিউশন শিল্পের অবয়ব কান্তি-ভাব ও সামগ্রিক সৃষ্টিকৌশলের নাভিকেন্দ্র।'
অর্থাৎ বিভাজিত এসব শিল্পমাধ্যমগুলোকে অভিভাজিত একটি আঙ্গিকে প্রকাশ করাও একাঙ্গীকরণ, একীকরণ। তিনি হাজির করে 'কথানাট্য' অভিধায় নতুন এক লেখ্যআঙ্গিকের। যার প্রথম নির্দশন 'চাকা'। চাকা কথানাট্য অভিধাপ্রাপ্ত হলেও ফিউশন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ননজেনরিক শিল্প, সেলিম আল দীনের সমগ্র শিল্প দর্শনের মূলে এই ননজেনার। এখন প্রশ্ন উঠতে পারে, তিনি নাট্যকার এবং নাটকের একটি বিভাগও স্থাপণ করেছেন। এক্ষেত্রে ননজেনরিক যে বিষয়টির কথা বলা হচ্ছে তা তার কর্মের সঙ্গে কনফ্লিক্ট করে কিনা। আমার বক্তব্য হচ্ছে, করে না। তাত্ত্বিক আলোচনায় না গিয়েও ছোট্ট একটি কবিতাংশের মাধ্যমে এ সম্পর্কে ভ্রান্তি কিছুটা হয়তো লাঘব করা যেতে পারেÑ
'এবার আসুন তবে
আবারও অভেদের কথা বলি।
বলি যে, শিল্প হল মূলে অভেদ পারদের বল
বিভক্তিতেও প্রণোদনা রয়ে যায় প্রতি খণ্ডে, অণুতে।
খণ্ডে যেথায় মূলের স্বভাব
মূল-খণ্ডে মাখামাখি, যাই বলে ডাকি অশুদ্ধ নয়।
আসুন আমরা তবে বলি সংকোচহীন,
এই দর্শন প্রাচ্যের,
বলেছেন সেলিম আল দীন।'
পাঠক লক্ষ্য করুন, ঈশ্বরের অসংখ্য গুণবাচক নাম রয়েছে। অর্থাৎ সবগুলো গুণই এক ঈশ্বরে লুপ্ত হয়েছে, কিংবা লীন হয়েছে। এখন সেসব গুণবাচক যেকোনো নামে তাকে যেমন চিহ্নিত করা সম্ভব ঠিক তেমনি শুধুমাত্র ঈশ্বর নামেও তাকে চিহ্নিত করা সম্ভব। গুণের যে ভাগ বা জেনার তা ঈশ্বরে এসে ফিউশন প্রক্রিয়ায় মিশে ননজেনারে রূপান্তির হয়েছে। আরও সহজ করে বলতে গেলে, নারী-পুরুষ, ইংরেজ, পর্তুগিজ,বাঙালি, শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ এ সবকিছুকে একটিমাত্র প্লাটফর্মে দাঁড় করালে তারা শুধুমাত্র মানুষে রূপান্তরিত হয়। পরবর্তীতে সেই বিভাজন স্বীকার করে নিলেও তাদের একটিমাত্র জেনার 'মানুষ' পরিচয়টি লুপ্ত হয় না। অর্থাৎ অন্যান্য বিভাজন যখন একটিমাত্র পরিচয় গ্রহণ করছে তখন তা ফিউশন প্রক্রিয়ার মাধ্যমেই ননজেনরিক অভিধাপ্রাপ্ত হচ্ছে। আপাততঃ এই হচ্ছে সার কথা।
