২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাকা: জীবন-মৃত্যুর গোধূলিসন্ধির নৃত্য

madal_hasan

Published : 15 Jan 2016, 04:55 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

দু'জনেই যতিচিহ্ন নিয়ে ভেবেছিলেন–সতীনাথ ভাদুড়ী এবং সেলিম আল দীন। কিন্তু দু' জনের ভাবনা দু'ধরনের। প্রথমজন ভেবেছিলেন আবেগের ভিন্ন ভিন্ন দশা অনুযায়ী আরোধিক যতিচিহ্ন থাকা উচিত। অন্যজন ভেবেছেন–পাঠক পরিস্থিতি অনুযায়ী যতিচিহ্ন আরোপ করবে কথায়। তাই 'চাকা' কথানাট্য যতিচিহ্ন 'স্টারচিহ্ন', 'একদাঁড়ি' ও 'দুই দাঁড়ি'-তে সীমাবদ্ধ। যতিচিহ্নের ক্ষেত্রে বিদ্যাসাগরীয় পরজীবিতাকে সেলিম আল দীন ঔপনিবেশিকতার কুফল বলেই মানতেন। আর একই কারণে তিনি ইউরোপীয় উপন্যাসের ঢালাও আঙ্গিকও মানতে পারেন নাই। তাই বার বার ফিরে গেছেন মধ্যযুগের মঙ্গলকাব্য-পালাগান-পুথিসাহিত্যর দরবারে। তবে কি 'চাকা' নভেল নয়? উপন্যাস নয়? এর উত্তর 'গ্রন্থমুখ' অংশে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকই দিয়ে ফেলেছেন–`নাট্যকার এক নতুন সাহিত্য-মাধ্যম আবিষ্কার করে ফেলেন–কথানাট্–যা নাটক, কবিতা, নাচ, গীত, উপন্যাস, উপকথা ও কথকতার সমাহার।' 'কথাপুচ্ছ' অংশে সেলিম আল দীনের আত্মস্বীকৃতবচনে পাই–'বলতে বলতে নাটক, সেজন্যই কথানাট্য। একে কথকতাও বলা যায়। কিন্তু কথকতা অভিনয়রীতির নাম, নাট্যরীতির নাম নয়।' 'আমি কথার শাসনে নাটক করেছি, তাই এর নাম দিয়েছি কথানাট্য।'
'নইলে একজন গায়েন আমার হাতের লেখায় সত্তর বাহাত্তর পৃষ্ঠার নাটক গাইবেন–এ ধারণা ইউরোপীয় ধাঁচের নাটক থেকে পাবার কথা নয়।…'

'চাকাকে কেউ যদি কাব্য বলেন আপত্তি করব না, গল্প বললে অখুশী হব না। আমি সব সময় চেয়েছি আমার লেখা নাটকগুলো নাটকের বন্ধন ভেঙে অন্য সব শিল্পতীর্থগামী হোক। কারণ শিল্পে আমি দ্বৈতাদ্বৈতবাদী।'
প্রথমেই এই দ্বৈতাদ্বৈতবাদী শিল্পের নাট্যগুণের দিকে দৃষ্টি ফেরাতে চাইছি–
ক. গাড়োয়ানের পায়ে স্বস্তি আছে আসনে বসা বলে * বাকি দুজন হাঁটতে হাঁটতে দুলতে দুলতে যায় * পা ভাঙতে ভাঙতে চলে॥'
খ. বুলবে কিয়ামত শেষ হাশর শেষ তও শাপ কাটে নাই বাহের গাড়োয়ানের * লাশের গাড়ীর সঙ্গে তার পাছা সেঁইটে গেছে * সে ঘুরবে তামাম পৃথ্বিমী মুক্তি নাই।'
গ. আজ রাতে পৃথিবীর প্রথম ষাঁড় ধরা হবে * এ দৃশ্য নিশ্চিতই প্রাচীন কালের * তিন শিকারী মূর্তি ও মুদ্রায় অরণ্যের ছাপ * অবশেষে ষাঁড় আত্মসমর্পণ করে॥'
এসব দৃশ্য ছাড়াও বেশ কয়েকটি দৃশ্যে ক্লাইমেক্স সৃষ্টি করার প্রবণতা আছে। যেমন–ধরম রাজের সাথে যুবক ও প্রৌঢ়ের ধ্বস্তাধ্বস্তি এবং অতর্কিতে বাহেরের থলে থেকে ঝকঝকে দা বের করে আনা কিংবা গরু-গাড়ির কেরায়া চলে যাওয়া, নয়ানপুরের মানুষদের লাশ চিনতে চেষ্টা করার দৃশ্য, নবীনপুরের মানুষদের অজ্ঞাত লাশের কবরের জায়গা না দেওয়ার মধ্যে আছে নিপুণ নাট্যগুণ। মানুষের হিংস্রতা, স্বার্থপরতার পাশাপাশি আছে মানুষের প্রতি মানুষের সহমর্মিতা। যে কারণে মানুষের লজ্জা শেষ পর্যন্ত মানুষকেই বহন করতে হয়। বিষয়বুদ্ধিসম্পন্ন মানুষের পাশাপাশি বৈষয়িকতার ঊর্ধ্বে-ওঠা মানুষের দেখা মেলে চাকা কথানাট্য। যেন চলতে চলতে সখ্য গড়ে ওঠে মানুষে মানুষে, মানুষে ও মানুষের লাশে আসে আত্মার অবিনশ্বরতার প্রশ্ন। বিষয়ী মানুষ–'গর্ভবতী নারী পার হলে সে মনে মনে দু'জনের পারাপারের হিসাবও কষে ফেলে।' কিংবা বাহের যখন নিস্পৃহ ভঙ্গিতে বলে–'কিসের ঠেকা, পড়েছে হামার? খেপের মাল ফেলে দিয়ে চলে যামো', তখনও তাঁর সঙ্গে লাশের আত্মীয়তা নিবিড় হয় নাই। এর মধ্যস্থতা করে 'চাকা'–পৃথিবীর আদিম প্রযুক্তি। যা মানুষকে সংযুক্ত করেছে ভারবাহী পশুর সঙ্গে। সংযুক্ত করেছে গতির সঙ্গে। সময়ের সঙ্গে। এইভাবে ক্ষুদ্রের সঙ্গে মহাজীবনের যোগাযোগ ঘটেছে 'চাকা' কথানাট্যে। সীমার ভেতর অসীমের যে বেদনা আমরা লক্ষ করি রবীন্দ্রভুবনে, এ যেন সেই মহাপথের নবন্যাস।
আলংকারিকেরা বলেছেন–রসাত্মক বাক্যই কাব্য। এ কথা বিবেচনায় রাখলে যারা কাব্যরস আস্বাদন করতে চান তাঁরা যে মুহুর্মুহু পুলকিত হবেন–এ ব্যাপারে আমি নিঃসন্দেহ। কিছু নমুনা তুলে দিচ্ছি–
ক. ভোরের বাতাস তবে বাতাসেরও ভোর হয় * তখন সে ন্যাংটো পিচ্চি ভোর * ডোমরের কালো তাগায় দুটি তিনটি ঘুমুর॥ আলতো পায়ে ছুটে আলপথে লুকানো শামুক কুড়াতে টুং টুং॥
খ. গতকালের সেদ্ধ কাপড়ে এখনও সোডার মিহিগন্ধ॥ সব কিছুতেই উজ্জ্বলতা॥ এমনকি গুড়ের আড়ত থেকে তামাকের চালা থেকে নেশা নেশা গন্ধ * গন্ধদেরও ভোর হোল॥
গ. ঘরের ঘন অন্ধকারে কান্নার কেরোসিন ছড়িয়ে পড়ে॥
ঘ. গাড়োয়ান বুঝতে পারে পথের শুরুতে যে ডংশন করেছে গন্তব্যে পোঁছালে সেই তাকে গিলবে॥ সমস্ত পথ রৌদ্রে শ্যামে শঙ্কায় ভরা *
ঙ. হয়ত আকাশের নীলও ওরকম পাখা কাঁপায় কিন্তু নীলের মধ্যে নীল থেকে যায় বলে নীলের আর ওড়া হয় না॥
চ. ঝিঁঝির ডাক চাঁদের আলো ষাঁড় ও কুকুরের লোমে অঙ্কুরিত হয়॥
ছ. উচ্চকণ্ঠ রোদনের পিছে পড়ে থাকে সে * অথচ তার সাধ রোদনের ধাবমান কণ্ঠের আগে চলে যায়॥
জ. সন্ধ্যার অন্ধকারে মাছি উড়ে যায়॥ মুখের উপর এসে পড়ে এই মর্ত জন্মের শেষ আলো * লেখা ঠিকানায় যে পরিচয় কূল পায় না অনিশ্চিত পথের বাঁকে সে পরিচয় নিশিথ নিবিড় হয়॥
সেলিম আল দীনের কবিত্ব আনন্দের দিকে নিয়ে যায়। পথকে 'অজগর' ভাবা, 'কান্নার কেরোসিন', 'বাতাসের ভোর', 'গন্ধদের ভোর', 'চাকায় কান্দে' প্রভৃতি চিত্রকল্প, দৃশ্যকল্প, অনুভব, দার্শনিকতা যেমন নির্দেশ করে কবিত্বকে, তেমনি গাড়ির চাকার গতি এবং বয়ানের গতির নির্দেশক।
দার্শনিকতার প্রশ্ন যখন আসলো তখন স্বাভাবিকভাবেই সেলিম আল দীনের দার্শনিতা কী এবং কেন–এ ভাবনা প্রাসঙ্গিক। সেলিম আল দীনের দার্শনিকতা বলতে আমরা দুটো বিষয় ভাববো–এক. সেলিম আল দীনের ব্যক্তিগত ও নৈর্ব্যক্তিক চিন্তা, দুই. চাকা নাটকের চরিত্রের চিন্তা। এছাড়া আছে এই কথানাট্যের মূল বিষয়–মৃত্যুচিন্তা। 'চাকা' কথানাট্যের 'মৃত্যু' একক মরণ নয়। এ মৃত্যু যৌথমৃত্যু। নব্বই দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ, অজ্ঞাত পরিচয়, গুমখুন কিংবা কোনো এক হোসেন আলি বা হোসেনালি যেই হোক, এটা তার ব্যক্তিগত মৃত্যু নয়; রাষ্ট্রীয় কিলিং, রাষ্ট্রীয় উপদংশের চিহ্ন। 'হোসেনালি' এবং 'হোসেনালির লাশ'–এই দুটি প্রপঞ্চ নিয়ে ভাবতে থাকেন আল দীন।
মৃত্যুবিষয়ক কিছু পঙ্ক্তির নোট নিতে পারি আমরা–
ক. * যদি তার নাম হোসেনালি হয় তবে সে এখন আর হোসেনালি নয় হোসেনালির লাশ॥ এমন সময় গোঁড়া এশীয় রাষ্ট্রের ম্যাপসমেত ঈশ্বর আসেন ক্রুদ্ধ গম্ভীর॥
খ. এই নোটে মসজিদ থাকাতে তার সরল হৃদয় ঈশ্বর মৃত্যু ও মৃতের প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন হয়॥ লেনদেনের ফাঁকে ফাঁকে খিলান গম্বুজ মানুষের হাতে হাতে পৌঁছে দেবার এ ত এক কৌশল বটে॥ কেননা কল্যাণমূলক রাষ্ট্রে সরল হৃদয়কে বাড়তি মূল্য দিতে হয় *

মৃত্যুচিন্তার উদাহরণের ফাঁকে একটু খুৎবা দিতে চাই কয়েকটি বিষয়ে। চাকা-মৃত্যু-গন্তব্য এর সমতুল্য সভ্যতা-রাষ্ট্র-প্রেম। সভ্যতার জায়গায় সময়কেও রাখা যায়। যেহেতু 'চাকা' আর 'সভ্যতা' একার্থক তাই সভ্যতাই বলছি। সভ্যতার প্রধান বৈশিষ্ট্য রাষ্ট্র, যা ধর্মকেও ব্যবহার করতে পারে। তাই পঞ্চাশ টাকার নোটে মসজিদ আঁকা। সরল মন সান্ত্বনা পাবে ভেবে রাষ্ট্রের এই দুরভিসন্ধি লেখক টের পান এবং তাঁর দেখিয়ে দেওয়ার মধ্যে লেখকের রাজনীতি-সচেতেনতা স্পষ্ট হয়ে ওঠে। বোঝা যায় প্রকৃত লেখক-শিল্পী সব সময় অবস্থান নেয় মানুষের পক্ষে। এভাবে সেলিম আল দীন আত্মীকৃত করেন গণচেতনাকে। কিছু মানুষ সব সময় দায়িত্ব এড়িয়ে যায়। এদের লেখক নয়ানপুর নবীনপুর জাতের মানুষ বলে চিহ্নত করেছেন। অন্যপক্ষে আছেন সেই বৃদ্ধা, যে অন্যর সন্তানকেও নিজের সন্তান ভেবে কাঁদতে পারেন। তিনি চিরন্তন মা। এই ধরিত্রী। যে তাঁর সন্তানকে আগলে রাখে সবসময়। আর স্বাভাবিক মানুষ হিসেবে পাই যুবক-প্রৌঢ় এবং গাড়োয়ানকে এবং কিছুটা ধরমরাজ। যাদের বিষয়বুদ্ধি থাকার পরও পরিস্থিতির কারণে তাদের ভেতরে অঙ্কুরিত হয় চিরন্তন মানবসত্তা। 'চাকা' কথানাট্যর ব্যক্তিমৃত্যু সমষ্টিতে গিয়ে মেশে। ব্যষ্টি-সমষ্টির দোলাচল ভেঙে অনিশ্চয়তাকে সাঙ্গীকৃত করেই চিরপথের সন্ধান পায় এই মৃত্যু। মনে করিয়ে দেয় জীবনানন্দের অমর পঙ্ক্তি–'মানুষের মৃত্যু হ'লে তবুও মানব থেকে যায়'।
মৃত্যুচিন্তার আরও কিছু অনুষঙ্গের সাথে সাক্ষাত হয় চাকা কথানাট্য–
ক. হেই ভগবান লাশটিতে ধরম ঠাকুরের॥
খ. …মৃত্যু এমন একটি সংবাদ যা দ্রুতচারী বৈশাখে এলংজানির বটতলার ষাঁড় দৌড় খেলারও আগে ছোটে *
গ. সরকারী লাশ করার কইরেছ * ভুগমান তুমার নাম ঠিকানা নেইখে রেখেছে * পুলিস এইসে বান্ধিনে যাবো হুঁ হুঁ
ঘ. আয় আয় দেখি নাপাকের বাচ্চা মদ খেয়ে নাশ ছুঁবি ?
ঙ. এই শুকুর চান লাশ পৌঁছে দিলে তারা কি কেবলই কানবু? হামাকের দুলা ভাত খাতি বুইলবে না? আহা গরম গরম ভাতের নগে যুদি এট্টু বাইগন ভত্তা দেয়॥
চ. মনিঅর্ডারের টাকাও তার নয় মৃত ব্যক্তিও তার আত্মীয় নয়॥
ছ. নতুন কবরের কাছে গোরু বান্ধিস দেখবু কেমন ছটফট করে॥
জ. মৃত্যুর পর মৃতের সঙ্গে জীবিতের পরিচয় একক ও প্রত্যুত্তরবিহীন *
চাকাতে মৃত্যু ও মিথ একাকার। কখনো ধরমরাজের নৃত্য-গীতে ধরমঠাকুর ও তৎসংশ্লিষ্ট সৃষ্টিতত্ত্ব আবার কখনো কারাবালার কাহিনি। যে-কোনো অন্যায় মৃত্যুই মসুলমানের কাছে একেকটি কারবালা। তাই লাশ বহনকারী মসুলমান মানুষের কাছে সন্ধ্যারাগ ইমাম হোসেনের রক্ত ফিনিক দিয়ে ওঠা রক্তগোধূলি। আবার লাশ করার করা গাড়োয়ান মুশকিলে পড়ে যায় যখন বুঝতে পারে রাষ্ট্রনামক এক মহাক্ষমতাধর ভগবান তার নাম লিখে রেখেছে। অন্যদিকে মানিক পীরের ষাঁড়ও হয়ে ওঠে ভিন্ন এক মিথ কিংবা চাকা কথানাট্যের বাস্তবতায় এক কিংবদন্তি। মৃত্যু নিয়ে মুশকিলে পড়া মানুষের গল্প হিসেবে চাকা অনবদ্য। এ প্রসঙ্গে মনে পড়ছে টলেস্তয়ের 'ইভান ইলিচের মৃত্যু' গল্পটি। দুটোকেই বড় গল্প, নভেলেট বলা যায়। আঙ্গিক নিয়ে আর বলা উচিত নয়। যেহেতু যে-কোনো লেখা শিল্পোত্তীর্ণ হলো কিনা সেটাই বড় প্রশ্ন। 'চাকা'-তে আছে বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা। যেনবা এক আঁটোসাঁটো মহাকাব্য। যেমনটা সুধীন্দ্রনাথ দত্তের 'অকেস্ট্রা'। 'অন্ধকারে শাদা কাগজে কলম ভাঙা রায় পড়বেন জজ সাহেব' এই উক্তি কিংবা অধ্যাপক গার্নার প্রদত্ত রাষ্টের দাঁড়িকমাহীন একটানা সংজ্ঞা মুখস্থকারী গ্রাম্য প্রেমিকা সবকিছু রাষ্ট্রের নিগড়ে বাঁধা। রাষ্টের দীর্ঘহাত প্রত্যন্ত গ্রামের কতদূর পর্যন্ত বিস্তৃত তার কিছুটা নিশানা আঁচ করা যায় 'চাকা' কথানাট্যে। যেহেতু শহর ঢুকে গিয়েছে গ্রামের ভেতর, এক গ্রামের লাশ অন্য গ্রাম গ্রহণ করতে রাজি নয়। তবু লেখক প্রমাণ করে ছাড়েন মানুষের লজ্জা মানুষই বহন করবে শেষ পর্যন্ত। মানুষ পরাজিত হতে প্রস্তুত নয় পিঁপড়ার দাঁড়ার কাছে। যদিও সব চিন্তার কেন্দ্রে মানুষকে রাখাও যেন এখন আর সর্বোচ্চ দর্শন নয়। কিন্তু প্রশ্ন তাহলে কোথায় ফিরবে মানুষ? যে মানুষ রাষ্ট্র তৈরি করে, যে মানুষ নিজেকে হত্যার জন্য নিজেই তৈরি করে ফাঁদ, তাঁর আশ্রয় কোথায়? এখানেই সেলিম আল দীনকে আশ্রয় নিতে হয় 'অপরিচয়', 'অজানা', 'অনির্ণীত' ইত্যাদি রাবীন্দ্রিক প্রপঞ্চের কাছে। সমাজ বদলের কথা বলে 'মহাপথ' বা 'চিরপথ'-এর কুহকে নিক্ষেপ করেন। কেননা পক্ষাবলম্বন না করে তিনি মানব-সভ্যতাকে তুলে দেন সময়ের হাতে। কিন্তু পক্ষপাত থেকেই যায় সমস্ত নৈর্ব্যক্তিকতার আসমানী পর্দার আড়ালে। সমস্ত মাখলুকাতের প্রতিনিধিত্বকারী সেই মানুষ। সেই মানুষ ভজনার দর্শন। সেই সর্বজীবে প্রেম। সেই শাশ্বত প্রাচ্যপথ।