২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুদীপ সেনের কাব্যকাননে ভ্রমরের গুঞ্জন

বিনয় বর্মন বিনয় বর্মন

Published : 02 Jan 2016, 09:54 AM

Updated : 23 Jun 2022, 04:04 PM

প্রথমেই বলতে হয়, সুদীপ সেনের কবিতা চিত্রসুরময়। তিনি মালি, বাগানের পরিচর্যাকারী। তাঁর বাগানে ফুল ফোটে, শব্দের। ফুলে ফুলে শোনা যায় ভ্রমরের গুঞ্জন। এই গুঞ্জন ধ্বনির, শব্দের সঙ্গে শব্দের ঘর্ষণের। সুদীপ সেনের কবিতার প্রধান বৈশিষ্ট্যই বর্ণসৌন্দর্য ও শ্রুতিমাধুর্য। তিনি শব্দ দিয়ে ছবি আঁকেন, শব্দ দিয়ে সুর তোলেন। তাঁর কবিতা একদিকে যেমন চলচ্চিত্রের আবহ তৈরি করে, অন্যদিকে তৈরি করে সঙ্গীতের দ্যোতনা। তাঁর কবিতা চক্ষু ও কর্ণভেদী। তবে সেখানেই তা থেমে থাকে না। তার বিস্তার আরো গভীরে, হৃদয় অবধি। বৌদ্ধিক স্তর অতিক্রম করে তা পৌঁছে যায় অনুভব-স্তরে, গমন করে দৃশ্যলোক থেকে অদৃশ্যলোকে, অন্ধকার গ্যালারিতে তৈরি করে আলোর ঝর্ণাধারা। আমার বিচারে, সুদীপ সেন চিত্রকল্পবাদী কবিতার এক দক্ষ কারিগর, দৃশ্যধ্বনির উচ্চমার্গীয় কারুশিল্পী।

গত ২৪ নভেম্বর ২০১৫ সুদীপ সেনের সঙ্গে দেখা হয় ঢাকায় ইউল্যাবের একটি অনুষ্ঠানে। তিনি এসেছিলেন ঢাকা লিট ফেস্টে যোগ দিতে। তার সঙ্গে নানা কথাবার্তা হয়। তাঁর অমায়িকতা আমাকে মুগ্ধ করে। কবিতা নিয়ে সারা পৃথিবী চষে বেড়ান, অথচ কোনো অহমিকা নেই। তিনি আদোপান্ত শিল্পের মানুষ, তাঁর চৈতন্য গভীর কবিতামগ্ন। কথায় কথায় জানান, তিনি প্রতিদিন অন্তত দুই ঘন্টা টেবিলে কবিতার সঙ্গে কাটান। সেসময় হয় কবিতা লিখেন, নয়তো কবিতা পড়েন। তার জীবনযাপনের একটা বড় অংশ জুড়ে আছে কাব্যপাঠ, কারণ তিনি মনে করেন, ভালো কবিতা লিখতে হলে ভালো কবিতা পড়তে হয়। শুধু কবিতা নয়, পড়ার পরিধি যতো বেশি ক্ষেত্রে বিস্তৃত হয়, তত ভালো, কারণ তিনি তখন নানা চিন্তাভুবনের মণিমুক্তা আহরণ ও সংশ্লেষণের সুযোগ পান। বিস্তৃত পাঠের আরেকটি গুরুত্ব আছে। কোনো এক মাহেন্দ্রক্ষণের পাঠঅভিজ্ঞতার ভাবনারেণু হয়তো কবির মস্তিষ্কের গহন কোণে দানা বাঁধবে এবং ধীরে ধীরে তার সযত্ন প্রয়াসে পত্রপল্লবে বিকশিত হয়ে তা নতুন কবিতায় রূপ নেবে। এটি কবিতাসৃজনপ্রণালীর একটি গুরুত্বপূর্ণ দিক, যা সাহিত্যপরম্পরাকে সংহত রাখে।

সুদীপ সেন তাঁর বিশ্বকবিতাপাঠের অভিজ্ঞতাকে অন্যভাবেও কাজে লাগান। তিনি চমৎকার সব কবিতার চুম্বকাংশকে জুড়ে দেন তাঁর নিজের কবিতার বা কবিতাগ্রন্থের এপিগ্রাফ হিসেবে। এতে পাঠকদেরও লাভ হয়। তাদের পরিচয় ঘটে পৃথিবীর নানা প্রান্তের নানা সময়ের কবিশ্রেষ্ঠদের সঙ্গে। তবে সুদীপ সেন অন্যের কবিতার প্রভাব সচেতনভাবে এড়িয়ে চলেন। তাঁর কবিতা ইমেজধর্মী হলেও, তিনি দাবি করেন, তাতে এজরা পাউন্ড, উইলিয়াম কার্লোস উইলিয়ামস কিংবা জীবনানন্দ দাশের মতো ইমেজিস্ট গুরুদের বিন্দুমাত্র প্রভাব নেই। আশ্চর্য শোনালেও কথাটা সত্যি। সুদীপ সেন ইমেজারি হাজির করেন তাঁর নিজস্ব রঙে, নিজস্ব ঢঙে। তাঁর ইমেজের সঙ্গে মিশে থাকে ব্যক্তিগত বয়ান ও বীক্ষা। শব্দচয়নে তিনি নতুনত্বের সন্ধানী, যা তাকে অন্যদের থেকে আলাদা করে। তাঁর কবিতা হয়ে ওঠে চনমনে, হীরকের মতো চকচকে, গিরিগাত্রে টুংটাং আওয়াজে উপল-চপল।

বাঙালি হলেও সুদীপ সেন লেখালেখি করেন ইংরেজিতে, যে ভাষাটিকে তিনি মাতৃভাষার মতোই আয়ত্ত করে নিয়েছেন। ইংরেজিতে বচনে ও লিখনে তিনি অতি পারদর্শী, সুসাবলীল। অবিরাম চর্চা ও প্রশিক্ষণহেতু এ ভাষার ছন্দরূপটিও তার নখদর্পণে। ফলে এ ভাষায় কবিতা রচনায় তিনি সহজ-স্বচ্ছন্দ, সিদ্ধহস্ত। তাঁর লেখা কবিতার বইয়ের মধ্যে আছে Aria (২০১১), Rain (২০০৫), Distracted Geographies (২০০৩), Prayer Flag (২০০৪), Lines of Desire (২০০০) এবং The Lunar Visitations (১৯৯০)। ২০১৫-তে প্রকাশিত হয়েছে তাঁর দুটো বই – Fractals এবং World English Poetry, প্রথমটি তার নিজের কবিতার বই এবং দ্বিতীয়টি তার সম্পাদিত বিশ্বকবিতার সংকলন। এছাড়া তিনি সম্পাদনা করেছেন The HarperCollins Book of English Poetry by Indians (২০১১), World Literature Today: Writing from Modern India (২০১০), The Literary Review Indian Poetry (২০০৯) and Midnight's Grandchildren: Post-Independence English Poetry from India (২০০৪)। তাঁর উল্লেখযোগ্য গদ্যগ্রন্থ Postcards from Bangladesh (২০০২), যা বাংলাদেশের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের স্মারক। লেখার পাশাপাশি তিনি অনুবাদ করেছেন বিস্তর। অনুবাদের জন্য পেয়েছেন এ. কে. রামানুজন ট্রান্সলেশন অ্যাওয়ার্ড। তাঁর আগ্রহ ও কর্মপরিধির মধ্যে পড়ে চলচ্চিত্র, আলোকচিত্র, গ্রাফিক ডিজাইন ও স্থাপত্য। তিনি ইডেনবার্গে স্কটিশ পোয়েট্রি লাইব্রেরির ইন্টারন্যাশনাল পোয়েট-ইন-রেসিডেন্স এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার ছিলেন।

কবির দেখার ক্ষমতাটি অসাধারণ। তিনি কেবল দুই চোখ দিয়েই দেখেন না, দেখেন সমস্ত ইন্দ্রিয়যোগে। তার সঙ্গে যোগ হয় অন্তর্বীক্ষণ। এই সামগ্রিক দেখা থেকেই লেখা, যাতে বাস্তবের মুখচ্ছবি প্রতিফলিত তীর্যকভাবে; ভাঙাচোরা রেখায় স্পষ্ট হয়ে ওঠে অন্তর্গত আবেগ ও চিন্তাস্রোত। কবি লীলা বনশালির নৃত্যকলা দেখে তার অভিজ্ঞতা বর্ণনা করেন 'Bharatanatyam Dancer' কবিতায়। নর্তনভঙ্গির সঙ্গে তাল রেখে তা-ধিন-তা-থৈ-থৈ-তা ছন্দে (ইংরেজি abacca রাইম-স্কিম) বেজে ওঠে কবিতার পংক্তিমালা:

সম্মোহিত বাতাসে আজ তা-থৈ-থৈ আগমনি
চক্রাকারে ঘুরে ঘুরে ভেঙে ফেলে আকাশটাকে
মানচিত্রে আঁকিবুকি অপার্থিব সুরের খনি
তোমার পেলব হস্ত এবং নৃত্যরত নূপুর পায়ে
প্রাচীন কোনো মন্দিরেতে রহস্যময় উঠানছায়ে
বিরতিহীন বেজে চলে সুললিত প্রতিধ্বনি।

কবি শীতকে দেখেন লাল আসনে উপবীষ্ট, এর নিঃশ্বাসকে দেখেন গোলাপি রঙে। কুণ্ডলি পাকিয়ে কুকুর শুয়ে থাকে কুয়াশার নিচে। বৃক্ষ দাঁড়িয়ে থাকে উষ্ণতার অপেক্ষায়। তবু এই দিনে কবিতা বেঁচে থাকে। 'বেতের চেয়ার ধারণ করে শান্তির জন্য কবিতা – শব্দবুনট যথাস্থানে আরামে' ('Winter') । কবির দৃষ্টি শূন্যপত্রেও অক্ষর খুঁজে পায়, খুঁজে পায় হৃদয়ের উত্তাপ। ঘোষণা ছাড়াই বিদেশ থেকে আসে খাম / উজ্জ্বল শুভ্র কাগজ / অনুপস্থিতির উপস্থাপনায় নিখুঁত / ওপরে সাহসী লোগো / উৎসের কথা বলে / বাস, আর কিছু নেই' ('A Blank Letter')। 'Yuki' কবিতায় তিনি আঁকেন এক নারীর ছবি, যে চোখে সন্দেহ নিয়ে বসে আছে এক রঙ-ওঠা দরোজার সামনে, চুলে ঢেকে আছে তার নাকমুখ, বাতাসে চুল ওড়ে আর যেনো বরফ গলে পড়ে তার দেহ থেকে।

কবির লেন্সে ধরা পড়ে রোদে পোড়া রক্ত ('Sun-Blanched Blood'), চন্দ্রালোকিত রাতে ঘরের সামনে পড়ে থাকা সিল্কের ওড়না ('One Moonlit December Night'), টুকরাটাকরা স্মৃতিবস্তু ('Offering'), ধূসর আকাশে উড়ন্ত পাখি ('Matrix'), শান্ত পুকুরে ভাসমান পদ্মপত্র ('Lily Pads'), বইয়ে ঠাসা গোয়ার গণগ্রন্থাগার ('New Public Library'), হেরিটেজ হাউজের পুরনো সিন্দুক ('Safe'), রঘু রাইয়ের ছবি ('Raghu Rai Photograph')। এসবের চিত্রকল্পে মুন্সিয়ানার সাক্ষ্য বিদ্যমান। তাঁর কাব্যমানচিত্রের বিশাল জায়গা জুড়ে আছে ভৌগোলিক রূপরেখা। তিনি পৃথিবীর নানা স্থানকে তুলে আনেন তাঁর কবিতার উপজীব্য করে। তিনি তখন শিল্পীর তুলি হাতে কার্টোগ্রাফার। ক্রমাগত এঁকে চলেন ভূপ্রকৃতি, তার মাধ্যমে উন্মোচিত করেন মনোপ্রকৃতি। 'Zoji La Pass', 'Drypoint Plates', 'Zanskar-Indus Valley', 'Kargil', 'Drass', 'Magnetic Hill', 'Lodi Gardens, Delhi', 'Elm Park Lane, London', 'Sahara' ইত্যাদি কবিতায় পরিবেশ ও অনুভূতি বর্ণনা নিখুঁত শিল্পসুষমামণ্ডিত।

কবির ভ্রমণকথার ঝুলি অত্যন্ত সমৃদ্ধ। তিনি তেল আবিবের ডায়াসপোরা মিউজিয়াম দেখে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেন 'Diaspora' কবিতায়: 'আমি ভ্রাম্যমান গ্রন্থের সঙ্গে হেঁটে চলি – ভ্রাম্যমান ইহুদি, ইতিহাসের স্থান সংকেতাবদ্ধ থাকে, ছবির মতো'। ভৌগোলিক ভ্রমণের সঙ্গে চলে নিরন্তর পাঠভ্রমণ। চলতে চলতে একটু থামেন, আবার শুরু করেন। পড়েন, দেখেন আর লেখেন। র‌্যাঁবোর ওফেলিয়া উঠে আসে সুদীপ সেনের কবিতায় উপছায়ার রানিরূপে ('Ophelia: Bacterial Fragments')। 'Chinese Calligraphy'-তে ফুটে ওঠে কালি-আঁচরের জটিল কারুকাজ। 'Prayer Call: Heat' কবিতায় আমরা প্রত্যক্ষ করি এক নির্মল ভোরের চিত্র, যখন আযান পড়ছে এবং প্রকৃতি ধীরে ধীরে আড়মোড়া ভেঙে জেগে উঠছে। কবি ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন:

ঘরের উষ্ণ
নিরাপত্তা থেকে
বাইরে পা রাখি।

দেখি
প্রভাত কিরণ
সচেষ্ট

রাতের ছানি
দূর করে
শক্তি সঞ্চয়ে।

সুদীপ সেনের কবিতা উপমা-উৎপ্রেক্ষায় সালাঙ্কারা। যেমন, ওপরের কবিতাটিতে আমরা আশ্চর্য হয়ে লক্ষ করি, ভোরের আলো, যার ওপর প্রাণসত্ত্বা আরোপিত, রাতের ছানি দূর করার চেষ্টা করে। ভোরের আবছা দৃশ্য যেনো ছানির ভেতর দিয়ে দেখা, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেই ছানি কেটে গেলে দৃশ্য আবার স্পষ্ট হয়ে ওঠে। 'Mediterranean' কবিতায় দেখা যায়:'এক টোকাইয়ের ছোট বাদামি হাত আঁকড়ে থাকে রঙধনু'। তাঁর কবিতার প্রতিটি শব্দের সঙ্গে মিশে থাকে সূক্ষ্ম সংবেদনশীলতা। তাঁর প্রেমোচ্চারণ পেলব, কবোষ্ণ, মৃদুমন্দ বাতাসে কম্পমান পুষ্পগন্ধময়। এখানে শোনা যায় শরীর ও আত্মার গান, অহরহ, পার্থিব ও অপার্থিব সুরে। কবি বিছানাকে দেখেন সমুদ্র হিসেবে, যেখানে প্রেমিক-প্রেমিকা পাল তুলে নৌবিহার করে: 'আমাদের বিছানা বিশাল সমুদ্র / দলাইমলাই বিছানার চাঁদর, ঢেউ / আমরা দু'জন একসঙ্গে পাল তুলি' ('Absences')। চুম্বনে পাওয়া যায় সমুদ্রের ঘ্রাণ: 'একটি অবসন্ন চুম্বন / সাগরের অস্পষ্ট ঘ্রাণ / নোনাওষ্ঠ হাওয়ার আকুতি' ('Kiss')। গোলাপের পাপড়ি হয়ে ওঠে ঠোঁট: 'গোলাপের ঠোঁট – কুঁড়ি মেলে, যাতে শিশির ঝরে পড়ে' ('Climax')। এই কবিতায় অন্তর্লীন ইরোটিসিজম পাঠকের দৃষ্টি এড়ায় না।

সুদীপ সেন কবিতার বিশ্বনাগরিক। তিনি বিশ্বকবিতা পাঠ করেন এবং তাঁর নিজের কবিতা ছড়িয়ে দেন বিশ্বময় কবিকুলের মধ্যে। ভারত তাকে পুরোপুরি দখল করতে পারেনি। তাঁর গৃহ একাধিক, পৃথিবীর নানা প্রান্তে। তিনি এক গৃহ থেকে আরেক গৃহে ভ্রমণ করেন, কোনোরকম পিছুটান কিংবা সম্মুখটান ছাড়া, ক্লান্তিবিহীন। এখানে বাস্তুচ্যূতির বেদনাবোধ নেই। তার গৃহ যেনো স্থিতিস্থাপক, দূরবিস্তৃত, বহুধাবিভক্ত, শরীর ও আত্মার স্পন্দন যেখানে ক্রন্দনহীন। 'Flying Home' কবিতায় তাঁর গভীর উপলব্ধি গোলকায়িত পৃথিবীর নতুন বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ:

সযতনে সময় বুনি নকশি-আকাশে
এখানে-সেখানে খানাখন্দ, আমি
এক গৃহ থেকে অন্য গৃহে যাই
পুনরায়, এক বাস্তব এড়িয়ে আরেক
বাস্তবে, বয়নকৌশল মৃদুস্বরে বলে:
আমার দেহ আমার আত্মার সৎপুত্র।

সুদীপ সেনের কবিতা মগ্ন থাকে অডিটরি-ভিজুয়াল লীলালাস্যে। তিনি শব্দ ও বাক্যে তৈরি করেন নানা প্যাটার্ন। যেমন 'বট' ('Banyan') কবিতায় কবি তৈরি করেন শাখামূলের প্যাটার্ন। পিঠাপিঠি একটা বড় ও একটা ছোট লাইন মনে হয় পাক খেয়ে খেয়ে নিচের দিকে পড়ছে। একইভাবে 'Single Malt' কবিতায় একটি দীর্ঘ বাক্যকে ভেঙে গ্লাসে হুইস্কি ঢালার দৃশ্য ও স্বাদানুভব। খাড়া ফন্টে চলতে চলতে কোথাও কোথাও শব্দ, শব্দবন্ধ বা চরণ ইটালিক হয়ে যায়, কারণ বিষয়বস্তু-চিন্তাও তখন বেঁকে যায়, কামিংসধর্মী নিরীক্ষায়। 'Tongue Diptych' কবিতার প্রথম ভাগে প্রথম তেরোটি কাপলেট নরমাল, কিন্তু তারপরের চারটি কাপলেট ইটালিক; দ্বিতীয় ভাগে প্রথম বারোটি কাপলেট নরমাল, কিন্তু শেষের দুটি কাপলেট ইটালিক। 'Indus' কবিতাটি লেখা মাত্র আটটি শব্দে (আট লাইনে); আদতে চারটি শব্দে (চারটি শব্দ দুইবার করে ব্যবহৃত); আরো সূক্ষ্মভাবে দেখলে মাত্র একটি শব্দে। 'Indus' এখানে বীজশব্দ, যা থেকে আসে অন্যান্য শব্দ – Hindus, Sindus and Indusia। চতুর্শব্দের দুটি স্তবক আবার মাঝখানে দ্বিমুখি উলম্ব তীরচিহ্ন দ্বারা বিভাজিত। তীরচিহ্নটি আয়নার কাজ করে, যার ফলে স্তবকদুটি একে অন্যের প্রতিবিম্বরূপে প্রতিভাত।

কবিতা লিখতে লিখতে কবি মাঝে মাঝে হয়ে ওঠেন গদ্যপ্রবণ, গল্পকথক। Rain-এর অন্তর্ভুক্ত গদ্যকবিতাগুলো বৃষ্টির রিমঝিম শব্দে বেজে ওঠে। কবিমন হয়ে ওঠে নস্টালজিক। 'Bengal Rain' কবিতায় তিনি লিখেন: 'সারা পৃথিবীতে বৃষ্টি উদ্দীপ্ত করেছে কল্পনাকে। কিন্তু ভারতের পশ্চিম বাংলা এবং বাংলাদেশ – এই দুই বাংলার বৃষ্টির মতো কিছু নেই। … বর্ষা এখানে সঙ্গীতময় – সুচারু, ভারী, গম্ভীর, সুবাসিত ও রমনীয়।' Wo/Man পর্বের কবিতাগুলো প্রেমগন্ধময়, মিলনবিরহ ও আশানিরাশার দ্বৈরথে দোদুল্যমান। BodyText-এর অন্তর্ভুক্ত কবিতাগুলো সব গদ্য-আঙ্গিকে লেখা, ব্যক্তিগত অভিজ্ঞতার নানা প্রাসঙ্গিকতায় উৎকীর্ণ। এখানে তিনি শব্দ নিয়ে খেলেন, রসিকতা করেন। Ozone থেকে তিনি তৈরি করেন 'O' zone। কবির মাথায় থাকে বিশ্ব জলবায়ু পরিবর্তন এবং জীবজগতে এর বিরূপ প্রভাব। 'সূর্যের প্রান্ত অন্ধকার, আমার হৃদয়ও। বাতাসের কোনো পরিমাপে তা আর আলোকিত হবে না' ('O' zone)। তিনি শব্দকে ভেঙে নতুন দ্যোতনা তৈরি করেন। যেমন, 'Briefcase'-কে ভেঙে তিনি বানান 'Brief case' যা তার অনুচিন্তাকে ধারণ করে। কখনো আবার গভীরার্থের চমক তৈরি হয় বিরোধাভাসে, যেমনটা দেখি 'Chant' কবিতায়:

শূন্যতা ধারণ করে
সবকিছু
সবকিছু ধারণ করে
অনস্তিত্ব
অনস্তিত্ব ধারণ করে
সমগ্র
সমগ্র এক
এক বহু
বহু সমগ্র।

সুদীপ সেনের কবিতায় এক ধরনের গতি থাকে। এই গতি আসে শব্দের প্রবহমানতা থেকে। তিনি বাক্যকে স্থানে স্থানে ভেঙ্গে দেন যার ফলে পাঠক এক চরণ থেকে আরেক চরণে গমন করেন সহজভাবে, অবধারিতভাবে। তিনি তাঁর কবিতাবিন্যাসে প্রচুর স্পেস ব্যবহার করেন। এতে পাঠকের ব্রিদিং সুবিধা হয় এবং তাদের চোখ সহজে ক্লান্ত হয়ে পড়ে না। এগুলো সবই আধুনিক কবিতার ফর্মাল টেকনিক। সুদীপ সেন ছোট আকারের লিরিক নিয়ে পরীক্ষানিরীক্ষা করেন। তাঁর এক বাক্যের একটি কবিতা এরকম: 'যতো বেশি জানবে, ততো কম চাইবে – কিন্তু তৃষ্ণা, পানি ও বৃষ্টির জন্য তা মোটেও সত্য নয়' ('Knowledge, Need')। তিনি কিছু মজার হাইকু লিখেছেন, হয়তো পাউন্ডীয় প্রবণতায়। এখানে তাঁর লেখা দুটি হাইকুর অনুবাদ দেওয়া হলো:

একটি শিশু শিক্ষা দেয় –
আমাদের ছোট ছোট ভুলের
নিষ্পাপতা গুছিয়ে রাখতে।

('Innocence')

ক্ষুদ্র তারকাখচিত গ্লাস
ছড়ানো-ছিটানো কাচের বাহার
আকাশ প্রতিফলিত করে।

('Star Glass')

সুদীপ সেনের কবিতা নতুন সৃষ্টির নেশায় মাতোয়ারা আধুনিকবাদী মননশীলতায় ভাস্বর। তিনি যখন কোন দৃশ্যে আলো ফেলেন, তখন তাঁর মধ্যে কাজ করে একজন আধুনিক মানুষের কাব্যবোধ। দেখা ভুবনের খণ্ড খণ্ড চিত্র উঠে আসে তাঁর কবিতায়, শব্দাবলি বেজে ওঠে বিমূর্ত রিংটোনে। তাঁর অনেক কবিতার অনুপ্রেরণা এসেছে বিখ্যাত চিত্রকর্ম থেকে। যেমন, তাঁর 'The Cardplayers', 'The Skulls', 'Jacket on a Chair' কবিতার ভিত্তি সেজানের চিত্রকর্ম, 'Head I-III' কবিতার ভিত্তি পাবলো পিকাসোর চিত্রকর্ম এবং 'Woman with Amphora', 'Creation', 'Sati', 'Sine Curve', 'Blue Nude I-IV' ইত্যাদি কবিতার ভিত্তি অঁরি মাতিসের চিত্রকর্ম। অপরাপর অনুপ্রেরক চিত্রকরদের মধ্যে আছেন দালি, মার্ক শাগাল, টম ফিলিং, ইমতিয়াজ ধারকার, রোকেয়া সুলতানা এবং প্রফুল্ল মোহান্তি। তিনি চিত্রকর্মসমূহের কাব্যরূপ দেন অত্যন্ত সংবেদনশীল ভাষায় এবং প্রবেশ করেন অনুভূতির গভীর স্তরে।

যে-সকল উপমহাদেশীয় কবি দাপটের সঙ্গে বিশ্বকবিতাঙ্গন দাবড়ে বেড়ান, সুদীপ সেন তাঁদের অন্যতম। তিনি ইংরেজি কবিতাচর্চার মাধ্যমে নিজেকে ও বাংলাকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছেন। তাঁর কবিতার অবয়বে তাই অহরহ উঁকি দেয় বাংলার মুখ। তিনি বাংলা শব্দ ব্যবহার করেন তাঁর ইংরেজি কবিতায় এবং এর মাধ্যমে বাঙালির চেতনাজগৎকে তুলে ধরেন বিশ্বসভায়। তিনি আপনজনদের নিয়ে কবিতা লিখেন এবং কবিতার নাম দেন 'Dadu', 'Baba', 'Ma' ইত্যাদি। তিনি 'মাছে ভাতে বাঙালি' প্রবচনটি স্মরণ করেন 'Eating Rice and Fish' কবিতার শুরুতে। তিনি কবিতা লিখেন ঢাকা ও কোলকাতা নিয়ে, বনলতা ও শিউলি ফুল নিয়ে। এভাবে বাংলা সংস্কৃতির একটি স্বর্ণরেখা কবিতার মহামানচিত্রে জ্বলজ্বল করে ওঠে, যা যে-কোনো বাঙালিকে গৌরবের ভাগিদার করে তোলে।